সোমবার ,৪ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 698

কন্যা দিবসে সুইডিশ রাষ্ট্রদূত হলেন বাংলাদেশি শিক্ষার্থী রুনা

বাংলাদেশি শিক্ষার্থী রুনা একদিনের জন্য সুইডিশ দূতাবাসের রাষ্ট্রদূত হলেন।

সোমবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষ্যে কন্যাশিশুদের সমান সুযোগ ও অধিকারের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে রুনাকে একদিনের প্রতীকী রাষ্ট্রদূত নিযুক্ত করে সুইডেনের দূতাবাস।

নারী ও শিশু অধিকার নিশ্চিতের পাশাপাশি কমিউনিটি স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে বাল্যবিবাহ প্রতিরোধেও কাজ করেন তিনি।

প্ল্যান ইন্টারন্যাশনালের বিশ্বব্যাপী পরিচালিত ‘গার্লস টেকওভার’ কার্যক্রমের অংশ হিসেবে তাকে একদিনের জন্য প্রতীকী রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়।

প্রতি বছর ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষ্যে এ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাটি বাংলাদেশসহ সারা বিশ্বের কন্যা শিশুদের কর্মকাণ্ড, নেতৃত্ব ও ক্ষমতায়নের বিষয়ে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে এ কার্যক্রম পরিচালনা করে থাকে।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ চলতি বছরের অক্টোবর মাসে দেশজুড়ে রাজনীতি, প্রশাসন, কূটনীতি ও ব্যবসার মতো প্রায় ৭০টি ক্ষেত্রে কন্যাশিশু ও নারীদের ন্যায্যতা, স্বাধীনতা ও প্রতিনিধিত্ব তুলে ধরতে এই ধরনের প্রতীকী ক্ষমতায়ন করবে।

একদিনের রাষ্ট্রদূত হতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশি রুনা। তিনি বলেন, আমাদের সমাজে অধিকাংশ মেয়েই জানে না যে তাদের উচ্চপদে যাওয়ার, নেতৃত্ব দেওয়ার ও সমাজ পরিবর্তনের ক্ষমতা আছে।

রুনা বলেন, নিজের ভেতর আত্মবিশ্বাস পাচ্ছি যে, আমি নেতৃত্ব দিতে পারব। আমার নেতৃত্বের মাধ্যমে অনেক মেয়েকে উন্নত সুযোগ সম্পর্কে প্রভাবিত করতে পারব।

রুনা একটি তরুণ দলের সদস্য। যেখানে তিনি কিশোর-কিশোরীদের সঙ্গে শিশুদের শিক্ষা এবং নারীদের অধিকার ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে কাজ করেন।

ইরাকে শীর্ষ আইএস নেতা সামি গ্রেফতার

ইরাকে শীর্ষ আইএস নেতা সামি জসিম আল-জাবুরিকে গ্রেফতার করা হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী সোমবার গণমাধ্যমকে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি এক টুইটবার্তায় বলেন, আইএস নেতা আবু বকর আল-বাগদাদির সেকেন্ড ইন কমান্ড এবং জঙ্গি সংগঠনটির অর্থ বিভাগের প্রধান এই গ্রেফতারকৃত জসিম। খবর আনাদোলুর।

ইরাকের গোয়েন্দা সংস্থা অভিযান চালিয়ে দেশটির জাতীয় নির্বাচনের সময় তাকে গোপন আস্তানা থেকে গ্রেফতার করে।

তাকে দীর্ঘদিন ধরে ইরাকের নিরাপত্তা বাহিনীর সদস্যরা খুঁজছিলেন বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

২০১৯ সালে তার সন্ধানদাতাকে ৫০ লাখ ডলার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে ইরাকে অবস্থানকারী মার্কিন বাহিনী।

দামে পিষ্ট মধ্য ও নিম্নবিত্ত

পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের বাজার এই মুহূর্তে একরকম অস্থিতিশীল হয়ে উঠেছে। এগুলোর দাম বেঁধে দেওয়ার পরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এমনকি মনিটরিং ব্যবস্থাসহ নানা উদ্যোগেও আসছে না তেমন কোনো ইতিবাচক ফল। অসাধু ব্যবসায়ীরা নানা কারসাজির মাধ্যমে নিজেদের মতো করে বাড়াচ্ছে পণ্যের মূল্য। হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের অর্থ। এতে রীতিমতো পিষ্ট মধ্য ও নিম্নবিত্তের মানুষ। সরকারের বিভিন্ন সংস্থার প্রতিবেদনে এসব নিত্যপণ্যের অস্বাভাবিক দামের বিষয়টি উঠে এসেছে।

বিদ্যমান পরিস্থিতিতে সোমবার মিলার, আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সেখানে সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে সতর্ক করা হয়। সরকরের মনিটরিং কার্যক্রম আরও জোরদার করতে সব জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ভোজ্যতেল, চিনি ও পেঁয়াজের ওপর শুল্ক স্থগিত করার চিঠি দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেন, আমরা চারদিক থেকে চেষ্টা করছি যতটা নিয়ন্ত্রণে রাখা যায়। এক মাস ধরে পেঁয়াজের বাড়তি দাম থাকার কথা বলা হচ্ছে। কিন্তু আমাদের দেশে ৫ লাখ টন পেঁয়াজ মজুত আছে, যা দিয়ে আগামী আড়াই থেকে তিন মাস চলতে পারে। তারপরও আমরা বিভিন্ন রকম শুল্ক প্রত্যাহার করার জন্য এনবিআরকে চিঠি দিয়েছি। আশা করছি বাজার পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে। একই দিন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গণমাধ্যমকে বলেছেন, উৎপাদনের সঠিক তথ্য না থাকলে বাজার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সম্ভব নয়। সঠিক তথ্যের ওপর নির্ভর করে চাহিদা ও সরবরাহ ঠিক রাখা যাবে।

এছাড়া পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, দেশে ধানসহ খাদ্যপণ্যের সঠিক চাহিদা কত, সেই হিসাব যেমন নেই, তেমনই উৎপাদনের সঠিক পরিসংখ্যান নেই-যা পরিকল্পনা গ্রহণে বড় সমস্যা। তথ্যবিভ্রান্তি হলে পরিকল্পনা ঠিক হয় না। পরিকল্পনা প্রক্ষাপণ ঠিক হবে না। কোনো মন্ত্রণালয়ের কার্যক্রম নেওয়া, আমদানি সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে। কাজেই তথ্যের সঠিকতা গুরুত্বপূর্ণ বিষয়। এটি নিশ্চিত হতে বিবিএসকে তার দায়িত্ব পালন করতে দিতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে ব্যবসায়ীদের উদ্দেশে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় আপনাদের সঙ্গে আলোচনা করে একটি দাম ঠিক করে দেয়। ওই মূল্য বাজারে কার্যকর হয় খুব ধীরগতিতে। অপরদিকে মূল্য বাড়ানোর ক্ষেত্রে দ্রুত কার্যকর করা হয়। এ প্রবণতা থেকে ব্যবসায়ীদের বের হয়ে আসতে হবে।

জানা যায়, পেঁয়াজের ওপর বর্তমান ৫ শতাংশ হারে এসডি আরোপ আছে। আগামী চার মাসের জন্য এই আমদানি শুল্ক প্রত্যাহার করতে এনবিআরকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া চিনির ওপর আমদানি শুল্ক আছে ৩ হাজার টাকা। এনবিআরের কাছে চিনি ও ভোজ্যতেলের আমদানি শুল্ক প্রত্যাহারেরও চিঠি দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে।

দেশি পেঁয়াজের দাম বাড়তে বাড়তে গত এক সপ্তাহের মধ্যে প্রতি কেজি ৭৫ টাকা পর্যন্ত উঠেছে। সরকার দাম বেঁধে দিলেও বেসরকারি জোগান থেকে আসা ভোজ্যতেল ও চিনির দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এ প্রসঙ্গে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের বলেন, পেঁয়াজের আংশিক দাম বেড়েছে ভারতের বেঙ্গালুরুতে অতিবৃষ্টির কারণে। আংশিক বেড়েছে আতঙ্কে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে চিঠি দিয়েছি। এনবিআরকে শুল্ক প্রত্যাহারের জন্য বলা হয়েছে। মিয়ানমার থেকে পেঁয়াজ আনার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যে আরও দুটি দরপত্র আহ্বান করা হচ্ছে। নতুন পেঁয়াজ উঠতে আরও এক মাসের প্রয়োজন হবে। আশা করছি, এসব উদ্যোগের ফলে দাম যৌক্তিক পর্যায়ে থাকবে। তিনি আরও বলেন, আমি ব্যবসায়ীদের বলেছি, বিশ্ববাজারের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে যাতে বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে। কারণ মন্ত্রণালয় থেকে প্রতিটি পণ্যের মনিটরিং করা হচ্ছে।

বাণিজ্য সচিব আরও বলেন, দেশের পেঁয়াজের চাহিদার ৮০ শতাংশ এখন দেশেই উৎপাদিত হয়, বাকি ২০ শতাংশ আমদানি করতে হয়। এর বেশির ভাগ আসে ভারত থেকে, মিয়ানমার থেকেও কিছু আসে। ইতোমধ্যে তুরস্ক থেকে ১৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ আনা হয়েছে।

নভেম্বরের শেষে বাজারে নতুন পেঁয়াজ আসতে শুরু করবে। বর্তমান ৫ লাখ টন পেঁয়াজের মজুত আছে। এই পেঁয়াজ দিয়ে আগামী তিন মাস চলে যাওয়ার কথা। এর বাইরে নভেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে নতুন পেঁয়াজ আসবে। এর আগের একটি মাস হয়তো পেঁয়াজের দাম বেশি থাকার আশঙ্কা রয়েছে। এর মধ্যে আমাদের চেষ্টা থাকবে যৌক্তিক মূল্য যতটুকু বাড়া দরকার ততটুকুই যেন বাড়ে, এর মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে। আমরা আশা করছি, পরিস্থিতি এখন যেমন আছে এর চেয়ে আর খারাপ হবে না।

চিনি ও ভোজ্যতেলের দাম বেঁধে দেওয়ার বিষয়টি মনে করিয়ে দিয়ে সচিব বলেন, তেলের বাজার স্বাভাবিক আছে। তবে চিনির দাম যেহেতু ৪/৫ টাকা কমিয়ে আনা হয়েছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। প্রশাসনের কর্মকর্তারা মাঠে নিয়মিত অভিযান চালাচ্ছেন। ডাল আমদানিতে বর্তমানে কোনো শুল্ক নেই বলে অনুষ্ঠানে জানানো হয়।

দাম বেঁধে দেওয়ার পরও সেটি কার্যকর হয় না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজারে মনিটরিং আছে। প্রতিটি জেলা প্রশাসককে বাজার মনিটরিং করতে চিঠি দেওয়া হয়েছে। তারা মনিটরিং করছে। এছাড়া ব্যবসায়ীদের কঠোর সতর্ক করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশে বছরে পেঁয়াজের চাহিদা ২৫ লাখ মেট্রিক টন। উৎপাদন হয়েছে ২৯ লাখ ৫৫ হাজার টন। পাশাপাশি আমদানি করতে হয় ৬ থেকে ৭ লাখ টন। ইতোমধ্যে জুলাই-সেপ্টেম্বরে ১.৮৪ হাজার টন আমদানি করা হয়েছে। এছাড়া বছরে ভোজ্যতেলের চাহিদা ২০ লাখ টন। এরমধ্যে দেশে উৎপাদন হয় ২ লাখ টন। পাশাপাশি আমদানি করতে হয় ১৮ লাখ টন। তবে জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত আমদানি হয়েছে ১.৪৮ লাখ টন। এছাড়া দেশে বছরে চিনির চাহিদা ১৮ লাখ টন। উৎপাদন হয় ৩০ হাজার টন। চাহিদা মেটাতে ১৮ লাখ টন চিনি আমদানি করতে হয়। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত আমদানি হয়েছে ১৪ হাজার ২১৩ টন। দেশে মসুর ডালের চাহিদা ৫ লাখ টন। স্থানীয়ভাবে উৎপাদন হয় ২.৫৮ লাখ টন। আমদানি করতে হয় ৩.৭ লাখ টন। তিন মসে (জুলাই-সেপ্টেম্বর) আমদানি হয়েছে ৬২ হাজার ১১৫ টন।

খুচরা বাজার পরিস্থিতি : সোমবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বর্ধিত দামেই ভোজ্যতেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে অভ্যন্তরীণ বাজারে ভোজ্যতেলের দাম আরেক দফা বাড়ানো হয়েছে। দুইদিনের ব্যবধানে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম প্রতি লিটারে ২ থেকে ৫ টাকা বেড়েছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক খুচরা বাজারে পণ্যমূল্য তালিকা পর্যালোচনা করে দেখা যায়, দুইদিনের ব্যবধানে প্রতি লিটার খোলা সয়াবিনের দাম ৩ দশমিক ৭৭ শতাংশ, পাঁচ লিটার বোতলজাত সয়াবিনের দাম শূন্য দশমিক ৭২ শতাংশ, পাম অয়েল লিটারে শূন্য দশমিক ৭৯ শতাংশ ও পাম অয়েল সুপারের লিটারে ২ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। তিন দিনের ব্যবধানে কেজিতে চিনির মূল্য ২ দশমিক ৫৮ শতাংশ, দুই দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের মূল্য বেড়েছে ১৬ শতাংশ।

রাজধানীর কাওরান বাজার, নয়াবাজার ও মালিবাগ কাঁচাবাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার প্রতি লিটার খোলা সয়াবিন ১৪০ টাকায় বিক্রি হয়েছে, যা দুই দিন আগে শনিবার ১৩৫ টাকায় বিক্রি হয়। দুই দিনের ব্যবধানে লিটারে ৫ টাকা বেড়েছে।

এদিন প্রতি লিটার খোলা পাম অয়েল ১৩০ টাকায় বিক্রি হয়েছে, যা একদিন আগে ১২৮ টাকায় বিক্রি হয়েছে। এক মাস আগে ১২৫ টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি পাম অয়েল সুপার প্রতি লিটার ১৩৫ টাকায় বিক্রি হয়েছে, যা একদিন আগে ১৩০ টাকায় বিক্রি হয়েছে। এক মাস আগেও একই টাকায় বিক্রি হয়েছে।

কাওরান বাজারে নিত্যপণ্য কিনতে আসা মো. সালাউদ্দিন যুগান্তরকে বলেন, এমনিতেই বাজারে সব ধরনের পণ্যের দাম বাড়তি। এর মধ্যে আবারও ভোজ্যতেলের দাম লিটারে ৫ টাকা বেড়েছে। এতে সাধারণ মানুষ বিপাকে পড়ছে। কাওরান বাজারের মুদি বিক্রেতা মো. মকবুল বলেন, আমরা বিক্রেতারা কী করব, সেটাই বুঝে উঠতে পারছি না। ক্রেতারা দাম বাড়ার কারণে আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। যারা আমদানি করেন, তারাই দাম বাড়াচ্ছেন। আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। আর বেশি দরে বিক্রি করতে হচ্ছে। তদারকি ওইখানেও করা উচিত।

ক্যাবের সভাপতি গোলাম রহমান যুগান্তরকে বলেন, সব ধরনের পণ্য বাড়তি দরে বিক্রি হচ্ছে। এতে সব শ্রেণির ক্রেতাকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি কষ্টে আছে মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষ। তিনি জানান, কখনো মজুত ও সরবরাহ থাকার পরও অসাধুরা পণ্যের দাম বাড়িয়ে ভোক্তার পকেট কাটছে। আবার অনেক সময় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে দাম বাড়াচ্ছে। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়লে সব জায়গাতেই দাম বাড়বে-এটাই স্বাভাবিক।

কিন্তু আন্তর্জাতিক বাজারে যেদিন দাম বাড়ে, ঠিক সেদিনই অভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম সমন্বয় করা হচ্ছে। তবে দেখার বিষয়, যেদিন আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়ে সেই পণ্য দেশে আসতে কমপক্ষে কয়েকদিন সময় লেগে যায়। কিন্তু দেশের বাজারে দাম বাড়ানো হয় এক থেকে দুই মিনিটের মধ্যে। এক্ষেত্রে তদারকি সংস্থার নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি যেসব পণ্য আমদানি করা দরকার, সেসব পণ্য আমদানি করে পর্যাপ্ত মজুত গড়ে তুলতে হবে। সেজন্য শুল্ক পরিহার ব্যবস্থা করা যেতে পারে।

সূচকের মিশ্র প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন।

মঙ্গলবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইয়ের সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ১ পয়েন্ট কমে অবস্থান করে ৭ হাজার ৩৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৭৬০ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৭টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১৮৮টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৫ পয়েন্ট কমে ২১ হাজার ৪৭৩ পয়েন্টে অবস্থান করছে।

আ.লীগের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে মনোনয়ন বাতিল

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী ও বিতর্কিতদের দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে আওয়ামী লীগ। পাশাপাশি দলীয় মনোনয়ন পাওয়া কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া গেলে তার মনোনয়ন পরিবর্তন করবে দলটি।

সোমবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। ইতোমধ্যে কয়েকটি ইউনিয়নে মনোনীত প্রার্থী সংশোধনও করা হয়েছে। বৃহস্পতিবার থেকে টানা সভা চলছে।

সোমবার পঞ্চম দিনের সভায় ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। পাশাপাশি এদিন খুলনা বিভাগের নড়াইল জেলা সদরের বিছালী ইউনিয়ন পরিষদে প্রার্থী পরিবর্তন করে এস এম আনিসুল ইসলামকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে আমির হোসেন আমু, শেখ আবুল হাসানাত আবদুল্লাহ, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, রশিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা লম্বা সময় ধরে খুব পুঙ্খানুপুঙ্খভাবে মনোনয়ন চূড়ান্ত করছেন। অনেক সময় বিভিন্ন রিপোর্টে একেক রকম নাম থাকে। তা আবার খুঁজে বের করতে হয়। সেক্ষেত্রে দলীয় রিপোর্টসহ আরও দুটি রিপোর্টের সঙ্গে মিলিয়ে যাচাই-বাছাই করে প্রার্থী চূড়ান্ত করছেন। কিছু অভিযোগের সত্যতা থাকলেও জমা পড়া বেশিরভাগ অভিযোগের পক্ষেই তেমন কোনো প্রমাণ নেই বলে জানায় বৈঠকে উপস্থিত একটি সূত্র।

সভার অপর একটি সূত্র জানায়, যারা অন্তত দশ-বারো বছর আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন এমন যোগ্য প্রার্থীদের ইউনিয়ন পরিষদে মনোনয়নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এছাড়া অনেক যোগ্য প্রার্থী থাকায় গোপালগঞ্জ ও মাদারীপুরের শিবচরের কিছু ইউনিয়নে নির্বাচন উন্মুক্ত রাখা হয়েছে।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, অভিযোগ করলেই হবে না। অভিযোগের সত্যতাও থাকতে হবে। অভিযোগের সত্যতা পেলে মনোনয়ন বাতিল করা হবে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্যোগ সহনশীল রাষ্ট্রে পরিণত হচ্ছে বাংলাদেশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বাংলাদেশকে দুর্যোগসহনশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব মন্ত্রণালয় ও বিভাগ সে লক্ষ্যে সমন্বিত উদ্যোগে কাজ করছে। এতে সমন্বয়ের দায়িত্ব পালন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

সোমবার বিকালে যুগান্তর সভাকক্ষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ এবং সিপিপির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গোলটেবিল বৈঠকটি যৌথভাবে আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গণ উন্নয়ন কেন্দ্র এবং যুগান্তর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গোলটেবিলে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব। এবারের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মূল প্রতিপাদ্য হলো-‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে, কাজ করি একসাথে।’

ডা. এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন-২০২১ এবং ডেল্টা প্ল্যান ২১০০ ঘোষণা করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এক সময় দুর্যোগের দুর্নামমুক্ত হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক পরিসরেও শক্তিশালী ভূমিকা রাখছেন। জোরালোভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্বন-নিঃসরণ কমানোর দাবি জানাচ্ছেন। প্রতিমন্ত্রী বলেন, একজন বিশ্বনেতা, একজন বলিষ্ঠ নেতা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। তার চারপাশে অনেক দক্ষ লোক তৈরি হয়েছে। এখন প্রয়োজন কার্যকর সমন্বয়। সে কাজটি আমরা অত্যন্ত সফলতার সঙ্গে করার চেষ্টা করছি। গৃহীত প্রকল্পগুলো সবাইকে নিয়ে বাস্তবায়ন করা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, ডেল্টা প্ল্যান ২১০০-তে উপকূল এবং বন্যাপ্রবণ কয়েকটি এলাকাকে হট স্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি হট স্পটের বাজেট ধরা হয়েছে ৩৭ বিলিয়ন ডলার। প্রতি বছর বন্যা ব্যবস্থাপনা ও বাঁধ ব্যবস্থাপনায় ৩.৭ বিলিয়ন ডলার করে খরচ করা হবে। এখন অর্থ সংস্থানের চেষ্টা চলছে। সেটা হলে এতদিনের দুঃখের নিরসন করা সম্ভব হবে। চীনের হোয়াংহো নদীর মডেলে নদীগুলোর উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। ২০৩১ সালের মধ্যে এ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

শুভেচ্ছা বক্তৃতায় যুগান্তরের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম বলেন, দুর্যোগপ্রবণ বাংলাদেশে দুর্যোগ প্রতিরোধ সক্ষমতা অর্জন করা জরুরি। বাংলাদেশ দুর্যোগসহনশীলতায় ইতোমধ্যে অনেক উন্নতি করেছে। এটা চলমান প্রক্রিয়া। সব সময় দুর্যোগ প্রতিরোধের বিষয়ে প্রস্তুত থাকতে হবে। দুর্যোগবিষয়ক আলোচনায় পাঠকরা উপকৃত হন। এজন্য এ ধরনের আলোচনা অনুষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বলেন, বঙ্গবন্ধুর দুর্যোগ ঝুঁকি হ্রাসের বিষয়ে টেকসই চিন্তা করেছেন। উত্তরসূরি হিসাবে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দর্শন অত্যন্ত সুনিপুণভাবে বাস্তবায়ন করে চলেছেন। জাতিসংঘে বঙ্গবন্ধুর মতো দুর্যোগ ঝুঁকি হ্রাস করতে বলিষ্ঠভাবে বিশ্ব সম্প্রদায়ের কাছে সমস্যা তুলে ধরে সমাধানের পরামর্শ দিচ্ছেন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুখপাত্র হিসেবে গ্রহণ করেছে।

অর্থনীতিবিদ অধ্যাপক ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাস করতে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। দায়িত্বপ্রাপ্তরা দাবি করছেন, তারা একসঙ্গে কাজ করছেন। বাস্তবে সেটা লক্ষ করা যাচ্ছে না। দুর্যোগসহনশীল দেশ গড়তে কার্যকর সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। তাহলে বাংলাদেশকে দুর্যোগসহনশীল দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এখন অল্প সময়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে। যখন বৃষ্টির প্রয়োজন তখন হচ্ছে না, অন্য সময় বৃষ্টি হচ্ছে। এ কারণে ফসল উৎপাদন কম হচ্ছে। দেশের বরিশাল অঞ্চলে গত দুই বছর ধরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যেটা ইতোপূর্বে কখনো হয়নি। রংপুরে গত বছর অল্প সময়ে ৪৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজধানী ঢাকায় এমন হলে একতলা পর্যন্ত পানিতে তলিয়ে যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূরুল ইসলাম নাজেম বলেন, আমরা গবেষণায় দেখেছি ঢাকায় আগত ২১ ভাগ মানুষ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে এসেছে। নদীভাঙন নীরব ঘাতকের ভূমিকা পালন করছে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ স্বাভাবিক হতে ৩০ থেকে ৪০ বছর সময় লেগে যায়। এভাবে ক্ষতিগ্রস্তরা গ্রামে কিছুটা সুবিধা পেলেও শহরাঞ্চলে কোনো সুবিধা পান না।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বলেন, দুর্যোগসহনশীল দেশ গড়তে হলে দুর্যোগ সহনশীল অবকাঠামো গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এক্ষেত্রে বিস্তর ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। নিয়মনীতির তোয়াক্কা না করেই অবকাঠামো গড়ে উঠছে। মানহীন অবকাঠামো উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।

গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান আবদুস সালাম বলেন, দুর্যোগ আঘাত হানার পর ত্রাণ কার্যক্রম না চালিয়ে দুর্যোগের আগেই ভুক্তভোগীদের কাছে সাহায্য পৌঁছানো যায় কিনা সেটা ভেবে দেখতে পারে সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগান্তরের উপসম্পাদক এহসানুল হক, প্রধান প্রতিবেদক মাসুদ করিম, সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল খায়ের চৌধুরী, সিপিপি পরিচালক আহমেদুল হক, অক্সফামের কান্ট্রি ডিরেক্টর এনামুল মাজিদ খান, ডব্লিউএফপির প্রতিনিধি মো. ইকবাল, গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়ক আফতাব হোসেন ও মিজানুর রহমান, গণ উন্নয়ন কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার (মানবসম্পদ) অভিজিৎ রায়, অক্সফামের প্রতিনিধি ফ্রেডরিক শুভ্র নাথ, গণ উন্নয়ন কেন্দ্রের অফিসার ইরফান মণ্ডল প্রমুখ।

অনলাইনে কিডনি কেনাবেচা চক্রের মূলহোতা গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধভাবে কিডনি কেনাবেচার সংঘবদ্ধ চক্রের অন্যতম মূলহোতা ও সংশ্লিষ্ট ফেসবুক পেইজ অ্যাডমিন মো. শাহরিয়ার ইমরানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

জয়পুরহাট ও ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

এ বিষয়ে আজ দুপুর পৌনে ১২টায় র‌্যাব মিডিয়া সেন্টারে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মিডিয়া ব্রিফ করবেন বলে জানানো হয়।

 

রেইনট্রি হোটেলে দুই ছাত্রী ধর্ষণ মামলার রায় পেছাল

বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার রায় পেছানো হয়েছে।

বিচারক অসুস্থ থাকায় মামলার রায় পেছানো হয়েছে। তবে রায় ঘোষণার জন্য নতুন কোনো তারিখ ধার্য করেননি আদালত।

মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এর ভারপ্রাপ্ত বিচারক এ আদেশ দেন।

৩ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এদিন ধার্য করেছিলেন আদালত। একই সঙ্গে ওই দিন আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মামলার অপর আসামিরা হলেন— সাফাতের দুই বন্ধু নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম ও সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।

আসামিদের মধ্যে শুধু রহমত আলী ছাড়া বাকি সবাই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

২০১৭ সালের ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ওই দুই তরুণীকে নিয়ে আসা হয়। উপর্যুপরি মদ খাওয়ানোর পর ওই দুই তরুণীকে একাধিকবার ধর্ষণ করা হয়।

আসামিরা প্রভাবশালী হওয়ায় প্রথম দিকে মামলা নেয়নি পুলিশ। পরে ওই বছরের ৬ মে সন্ধ্যায় রাজধানীর বনানী থানায় ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী এক ছাত্রী বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় ওই পাঁচজনকে আসামি করা হয়। তদন্ত শেষে ওই বছরের ৮ জুন ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

একই বছরের ১৩ জুলাই পাঁচ আসামির বিরুদ্ধে মামলায় চার্জগঠন করেন আদালত। এর পর সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে তা শেষ হয় ২২ আগস্ট।

আখাউড়া স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে মঙ্গলবার থেকে ভারত-বাংলাদেশের মধ্যে টানা পাঁচ দিন পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

অপরদিকে পূজা উপলক্ষ্যে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সফিকুল ইসলাম যুগান্তরকে জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মঙ্গলবার থেকে ১৬ অক্টোবর শনিবার পর্যন্ত এ পাঁচ দিন আখাউড়া-আগরতলা বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পূর্ণ বন্ধ থাকবে।

তবে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম স্বাভাবিক আছে বলে স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।

দুই দেশের বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ যুগান্তরকে জানিয়েছেন।

গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলায় একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় চালকও গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর ৫টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকের হেলপার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মোহাম্মদ তৈয়ব (২০) এবং আহত ট্রাকচালকের নাম মোহাম্মদ হাসান (৩০) বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হিজলিয়া স্টেশনের বাম পাশে অবস্থিত একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে-মুচড়ে যায় কক্সবাজারমুখী পণ্যবাহী ট্রাকটি (চট্টমেট্রো-ট-১১-৩৮৮৮)। এ সময় গাছটি উপড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকের সহকারীর মৃত্যু হয়।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমদাদুল হক বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। গুরুতর আহতাবস্থায় ট্রাকচালককে জীবিত উদ্ধার করতে পারলেও দীর্ঘক্ষণ চেষ্টার পর হেলপারের মৃতদেহ উদ্ধার করা হয়।

আহত ট্রাকচালককে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।