শনিবার ,২ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 725

অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করলেই লাল তারকা পাবে বিশ্ববিদ্যালয়

পাঁচ কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে লাল তারকা দিয়ে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এগুলো হচ্ছে-অনুমোদিত আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি, অননুমোদিত প্রোগ্রাম ও কোর্স পরিচালনা, অনুমোদনহীন ভবন ও ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা। এছাড়া ছয় মাসের বেশি সময় আচার্য কর্তৃক নিযুক্ত উপাচার্য ও ট্রেজারার না থাকা, ট্রাস্টি বোর্ডের সদস্যদের মালিকানা সংক্রান্ত বিরোধ থাকলেও প্রতিষ্ঠানটি এ তালিকায় পড়বে।

সম্প্রতি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দের সভাপতিত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত হয়। শিগগিরই এসব বিষয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অবহিত করা হবে।

এদিকে লাল তারকা চিহ্নিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি না হতে পরামর্শ দিয়েছে কমিশন। অনুমোদিত প্রোগ্রাম এবং এর আসন সংখ্যা নিশ্চিত হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আহ্বান জানানো হয়েছে। সংস্থাটি আরও বলছে, অন্যান্য সমস্যার কারণেও বিশ্ববিদ্যালয়গুলোকে লাল তারকা দিয়ে চিহ্নিত করা হবে।

এ বিষয়ে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, অনুমোদিত আসনের বাইরে শিক্ষার্থী ভর্তি করার কোনো সুযোগ নেই। কোনো বিশ্ববিদ্যালয় এটি করে থাকলে তা আইনগতভাবে বৈধ হবে না। অতিরিক্ত ভর্তি শিক্ষার্থীদের সনদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট বিক্রির মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জনের উদ্দেশ্যে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করে থাকে।

বর্তমানে যে বিশ্ববিদ্যালয়গুলো অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করে প্রোগ্রাম চালু রেখেছে, ইউরোপিয়ান ইউনিভার্সিটি তার একটি। প্রতিষ্ঠানটি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন প্রোগ্রামে ইউজিসি কর্তৃক অনুমোদিত আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করেছে বলে ইউজিসি জানতে পেরেছে। বিষয়টি খতিয়ে দেখতে ইউজিসির একজনকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রেজারার ও বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যানকে সোমবার কমিশনে তলব করা হলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউজিসি জানায়, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে সেমিস্টারপ্রতি ভর্তির আসন সংখ্যা ৪০। যদিও গত শিক্ষাবর্ষে শুধু এক সেমিস্টারেই বিভাগটিতে নয় শতাধিক শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।

সিভিল ইঞ্জিনিয়ারিং নয়, অধিকাংশ প্রোগ্রামের ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে অনুমোদিত আসনের কয়েক গুণ বেশি। এর মধ্যে গত শিক্ষাবর্ষের স্প্রিংয়ে বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে (ইইই) ৩৫টি আসনের বিপরীতে ৫৮৪ জন, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৩০টি আসনের বিপরীতে ২৩৯, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ৩০টি আসনের বিপরীতে ১৪৩ ও ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (বিবিএ) ৫০টি আসনের বিপরীতে ৯৯ জন শিক্ষার্থী ভর্তি করে বেসরকারি বিশ্ববিদ্যালয়টি।

এ বিষয়ে অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করার ক্ষেত্রে অবশ্যই ইউজিসি থেকে পূর্বানুমোদন নিতে হয়। শিক্ষক সংখ্যা ও ল্যাব সুবিধাসহ প্রয়োজনীয় বিষয়াদি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট প্রোগ্রামের জন্য শিক্ষার্থী ভর্তির সর্বোচ্চ আসন সংখ্যা নির্ধারণ করে দেয় কমিশন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মতো প্রোগ্রামে এক সেমিস্টারে সেশনে ৯০০ জন শিক্ষার্থী ভর্তি ও যথাযথভাবে শিক্ষাদান করার সক্ষমতা বাংলাদেশসহ বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয়েরই নেই বলে অভিমত প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, সংশ্লিষ্ট প্রোগ্রামে অনুমোদিত আসনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করলে তা সম্পূর্ণরূপে বেআইনি ও অবৈধ হিসাবে গণ্য হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে এসব বিশ্ববিদ্যালয়কে লাল তারকা দিয়ে চিহ্নিত করা হবে।

 

করোনার মধ্যেই সীমাহীন ভোগান্তি নিয়ে নাড়ির টানে বাড়ি ফেরা

স্বজনদের সঙ্গে ঈদের দিনটি উদযাপনের আকাঙ্ক্ষা ইট-পাথরের হৃদয়হীন শহরে আটকে থাকা মানুষগুলোর। এর সঙ্গে যোগ হয়েছে, ঈদের পর টানা লকডাউনের আতঙ্ক। ফলে করোনার বাধাও এখানে তুচ্ছ।

সবমিলিয়ে রাজধানী ঢাকা ছাড়ছে মানুষ। তবে ঝুঁকিপূর্ণ এই যাত্রায় ভোগান্তি সীমাহীন। যানবাহনের চরম সংকট, অসহ্য গরম, আবার হঠাৎ বৃষ্টি এবং তীব্র যানজট। এক্ষেত্রে ঢাকা থেকেই শুরু হয় যানজট। এছাড়া পথে পথে বাড়তি ভাড়া আদায়ের বিষয়টি মোটামুটি প্রতিষ্ঠিত। কোথাও সামাজিক দূরত্ব নেই। জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন ছাদে কিংবা ইঞ্জিন কভারে।

আবার টার্মিনালে পড়তে হচ্ছে নানা ঝামেলায়। কোথাও কোথাও হেঁটে পাড়ি দিচ্ছে দীর্ঘপথ। তবে নানা বিড়ম্বনার মধ্যেও যেন আলাদা আনন্দ খুঁজে পাচ্ছেন যাত্রীরা। শেকড়ের টানে আপন ঠিকানায় বাঁধভাঙা স্রোতের মতো ছুটছে অবিরাম।

রাজধানীর কমলাপুরের রেলস্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ফেরিঘাট এবং মহাসড়ক ঘুরে এসব চিত্র পাওয়া গেছে। তবে সরকার বলছে, যাত্রীদের দুর্ভোগ আগের চেয়ে কম। তারা যানজট ও যাত্রীদের দুর্ভোগ নিসরনে কাজ করছে।

আগামীকাল বুধবার পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ। তবে করোনার কারণে গত বছরের মতো এবারের কুরবানির প্রেক্ষাপটও একটু ভিন্ন। টানা লকডাউনের পর গত ১৫ জুলাই থেকে লকডাউন শিথিল করে সরকার।

২৩ জুলাই থেকে সরকারের পক্ষ থেকে আবারও কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। তবে সীমিত সময়ের মধ্যে নিজ নিজ কাজে নেমে পড়ে মানুষ। কুরবানির পশু, পোশাক ও নিত্যপণ্যের বেচাকেনাসহ অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়।

গণপরিবহণ ছেড়ে দেওয়ায় শুরু বাড়ি ফেরার কার্যক্রম। আর ঈদের আগে ২ দিনে ছিল ব্যাপক ভিড়।

সায়েদাবাদ ও যাত্রাবাড়ী: সোমবার সকাল থেকেই সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে নিয়মিত অতিরিক্ত যানবাহন ছাড়া শুরু করেছেন বাস মালিকরা। যাত্রীদের চাপ বেশি থাকলে ঈদের আগের দিন দুপুর পর্যন্ত একইভাবে অতিরিক্ত পরিবহণ চলবে। পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছেন।

গাবতলী: রাজধানীর অন্যতম এই বাসস্ট্যান্ডে গাড়ির জন্য যাত্রীদের ৪ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। দুর্বলতার সুযোগ নিয়ে যাত্রীদের কাছ থেকে ১ হাজার থেকে ১৫শ পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হয়েছে। বাসের কাউন্টারগুলোতে ব্যাপক ভিড় ছিল। যাত্রীদের জন্য টিকিটের ছিল ব্যাপক কাড়াকাড়ি। দূরপাল্লার যাত্রার জন্য আগে যারা টিকিট নিয়েছেন তারাও নির্ধারিত সময়ে এসে গাড়ি পাননি।

সদরঘাটে: লঞ্চে ডেকে যাত্রীদের তুলনামূলকভাবে ভিড় ছিল বেশি। সেখানে সরকারি স্বাস্থ্যবিধি একেবারেই তেমন গুরুত্ব ছিল না। তবে সামাজিক দূরত্ব না থাকলেও যাত্রীদের কাছ থেকে ৬০ শতাংশ বাড়তি ভাড়া আদায় করা হয়েছে।

লঞ্চগুলোতে কেবিনের সংকট চরমে। লঞ্চে তিন ধরনের টিকিট থাকে। ডেক, সোফা এবং কেবিন। ডেকের জন্য আগে কোনো টিকিট কাটতে হয় না। এরা লঞ্চের ফ্লোরে চাদর বিছিয়ে যায়। আর সোফার জন্য এবং কেবিনের জন্য আগে বুকিং দিতে হয়। আবার কেবিনও দুই ধরনের। নরমাল এবং ভিআইপি।

বিভিন্ন কাউন্টার ঘুরে জানা যায়, এক সপ্তাহ আগেই সব লঞ্চের ভিআইপি টিকিট শেষ হয়ে গেছে। রাজনৈতিক, প্রশাসনিক ও প্রভাবশালী মহল এসব টিকিট বুকিং দিয়ে রেখেছেন। কোনো তদবির ছাড়া সহজে নরমাল কেবিনও মিলছে না।

তবে সোফার টিকিট লঞ্চঘাটেও বিক্রি হচ্ছে। সোমবার সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে, দুপুর থেকেই যাত্রীদের চাপ বাড়তে থাকে। এদিকে ঈদযাত্রায় নৌপথে যাত্রী ভোগান্তি এড়াতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকারি সংস্থা বিআইডব্লিউটিএ।

কমলাপুর স্টেশন: স্বাভাবিক সময়ে প্রতি ঈদে কমলাপুর থেকে প্রতিদিন ১৭৭টি যাত্রীবাহী ট্রেন চলাচল করত। এখন ৫৭টি ট্রেন চলছে অর্ধেক যাত্রী নিয়ে। ফলে এখানে ভিড় কম। তবে ট্রেনের টিকিটধারী যাত্রী ছাড়াও সাধারণ লোকজন স্টেশনে আসছে।

মেইল ও কমিউটার ট্রেনের টিকিট কাটছে অনেকে, কিন্তু সীমিত টিকিট থাকায় অনেকে টিকিট কাটতে পারছে না। অনেকে বিনা টিকিটে স্টেশনে প্রবেশ করতে চাইলেও মূল প্রবেশপথে আটকে দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে বিভাগীয় বাণিজিক কর্মকর্তা শওকত জামান মোহসী জানান, মঙ্গলবার অগ্রিম টিকিট কাটা যাত্রীরা ট্রেনে করে গ্রামে ছুটবে। ২২ জুলাই ট্রেন চলবে। স্টেশনে নেই যাত্রীদের ভিড়, নেই কোনো ছোটাছুটি। অনেক লোকজন আসছে বিনা টিকিটে ট্রেনে চড়তে, তাদের আটকে দেওয়া হচ্ছে।

মানুষের স্রোত: সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হয় দুপুর থেকে। এতে সড়কের বিভিন্ন স্থানে ঘরমুখো মানুষের জটলা দেখা দিয়েছে। এর সঙ্গে বৃষ্টিতে সীমাহীন দুর্ভোগে পড়েছে মানুষ।

সোমবার দুপুরে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের ম্যাকপাই ও জিরাবো বাসস্ট্যান্ডে দেখা গেছে, কারখানাগুলো ছুটি হওয়ার পরপরই মানুষের স্রোত নামে সড়কে। কেউ কোলে বাচ্চা, আবার কেউ কাঁধে ব্যাগ নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে আছেন পরিবহণের জন্য। গণপরিবহণ না পেয়ে আবার রিকশায় দীর্ঘপথ পাড়ি দিচ্ছেন কেউ কেউ। আশুলিয়ার বাইপাইল ত্রিমোড়, নরশিংহপুর, নবীনগর, শ্রীপুর, আশুলিয়া বাজার এলাকায় ঘরমুখো মানুষ পরিবহণের অপেক্ষায়।

শিমুলিয়া ফেরিঘাট: সোমবার সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন যানবাহনে যাত্রীরা মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাটে। ঘাটের যানবাহন দীর্ঘ সারি আর লঞ্চঘাটে যাত্রীদের ভিড় রয়েছে। সকাল থেকেই মোটরসাইকেল এবং সাধারণ যাত্রী দখলে নেয় ফেরিগুলো। যাত্রী নিয়েই পারাচ্ছে ফেরি।

বিশেষ করে লঞ্চঘাটে সকাল থেকেই যাত্রীদের গাদাগাদি। লঞ্চে মানা হচ্ছে না নির্দেশিত স্বাস্থ্যবিধি। অর্ধেক যাত্রী ধারণের কথা থাকলেও সোমবারও অধিক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করছে। ঈদযাত্রায় যাত্রীদের হুড়োহুড়িতে লঞ্চঘাটে উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব।

পাটুরিয়া: আরেকটি ফেরিঘাট পাটুরিয়া। সোমবার বেলা ১২টার পর থেকেই এখানে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে। বিকালে তীব্র আকারে রূপ নেয়। ঘাট এলাকায় দীর্ঘ সময় আটকে না থাকলেও বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শিশু ও বৃদ্ধ যাত্রীদেরও বৃষ্টিতে ভিজে ফেরিতে উঠতে দেখা যায়।

সরেজমিন ঘাট এলাকায় দেখা গেছে, রাজধানী ছেড়ে আসা মানুষ দূরপাল্লার বিভিন্ন পরিবহণের বাসে পাটুরিয়া ঘাট এলাকায় আসছেন। এসব বাসকে ফেরির টিকিটের জন্য আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া লোকাল বাসে করেও পাটুরিয়া ঘাটে আসছেন যাত্রীরা। এসব যাত্রীকে বৃষ্টিতে ভিজে কিছুটা পথ হেঁটে ফেরি ও লঞ্চঘাটে আসতে হয়।

জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জামিউল হক বলেন, রোববারের চেয়ে সোমবার যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেশি। বেলা বাড়ার সঙ্গে এটি আরও বেড়েছে। ১২টা পর্যন্ত পাটুরিয়া প্রান্তে অর্ধশত যাত্রীবাহী বাস ও শতাধিক ব্যক্তিগত গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। এছাড়া দুই শতাধিক পণ্যবাহী গাড়ি ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে নদী পারাপারের বাসের চাপ কম থাকলেও যাত্রীর চাপ রয়েছে।

মহাসড়কে যানবাহনের তীব্র সংকট: মহাসড়কে অতিরিক্ত ভাড়ায়ও মিলছে না গণপরিবহণ। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন ও ঘরমুখো মানুষের চাপ বেড়েছে কয়েকগুণ। গণপরিবহণ ছাড়াও মহাসড়ক দিয়ে ট্রাক, পিকআপে ঝুঁকি নিয়েও উত্তরবঙ্গের দিকে ফিরছে মানুষ।

সোমবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে করটিয়া হাট বাইপাস, আশেকপুর, রাবনা, এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূব প্রান্তসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে কয়েক হাজার যাত্রীকে গণপরিবহণের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। কয়েক ঘণ্টা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থেকেও যানবাহন না পেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে।

গণপরিবহণে চলাচলকারী কাউকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। এছাড়া ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে। মহাসড়কের রাবনা বাইপাসে সিরাজগঞ্জগামী যাত্রী ইব্রাহিম সিকদার জানান, প্রায় আড়াই ঘণ্টা দাঁড়িয়ে থেকেও যানবাহন পাচ্ছেন না।

এলেঙ্গা বাসস্ট্যান্ডে রাজশাহীগামী হামেদ আলী জানান, সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করেও গাড়ির দেখা মিলছে না। মহাসড়ক থেকে ধুলাবালু উড়ে আসায় স্ত্রী-সন্তান নিয়ে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে।

তীব্র যানজট: ঘরমুখো মানুষ ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সকালে ১৭ কিলোমিটার এলাকায় উত্তরবঙ্গমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। সোমবার ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

তবে বিকাল থেকে এই মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে। গণপরিবহণের চেয়ে পণ্যবাহী ট্রাক এই মহাসড়কে বেশি চলাচল করছে। মহাসড়কের রসুলপুর, পৌলি, এলেঙ্গা, আনালিয়াবাড়ী ও জোকারচর এলাকায় এমন চিত্র দেখা যায়।

কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় সোমবার ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে। সড়কে এবং বাস কাউন্টারগুলোতে রয়েছে মানুষের উপচে পড়া ভিড়। মানুষের ভিড় বেড়ে যাওয়ায় ট্রাফিক পুলিশের নির্দেশও মানছে না অনেকে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার যে নির্দেশনা সে উদ্দেশ্যই নষ্ট হচ্ছে।

অন্যদিকে সামাজিক দূরত্ব বজায় না রেখে মানুষে মানুষে ভিড় তৈরি করে গাদাগাদি করে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার কারণে দেশব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন কেউ কেউ।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সকাল থেকে উপজেলার চন্দ্রাত্রিমোড় এলাকায় ঘরমুখো মানুষের তেমন ভিড় লক্ষ করা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপ বাড়তে থাকে। বিকালের দিকে পুরো চন্দ্রা এলাকা জনসমুদ্রে পরিণত হয়। একসঙ্গে এত মানুষ বাড়ি যাওয়ার উদ্দেশে বের হলে যাত্রীবাহী পরিবহণের সংকট দেখা দেয়।

 

বৃষ্টি হতে পারে ঈদুল আজহার দিন

বৃষ্টি হতে পারে ঈদুল আজহার দিন- এমনই আভাস মিলেছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে।

সোমবার আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে এমন তথ্য দেয়।

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর,রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বা ভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ঈদুল আজহার দিন থাকতে পারে বৃষ্টি।

বর্ষার মাঝামাঝিতে বুধবার পালিত হবে ঈদুল আজহা।

আবহাওয়ার পূর্বাভাসের বিষয়ে জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, শ্রাবণের শুরুতে বর্ষার এ সময়ে সাধারণত বৃষ্টি থাকে। মঙ্গলবার দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে। বুধবার ঈদের দিন ঢাকা, খুলনা ও বরিশালে কম বৃষ্টি হতে পারে এবং সিলেট, রাজশাহী, রংপুরসহ অন্যত্র মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাবির ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে উপউপাচার্য প্রফেসর সুলতান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরবর্তী উপাচার্য নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে উপউপাচার্য প্রফেসর ড. সুলতান-উল-ইসলামকে ভারপ্রাপ্ত উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেয়া হয়।

প্রফেসর ড. সুলতান-উল-ইসলাম তাকে তার মূল দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদান করায় সরকারের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অপর এক আদেশে রুটিন দায়িত্বে নিয়োজিত উপাচার্যের কার্যপরিধি উল্লেখ করে বলা হয়েছে- ড. সুলতান বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, ফাইন্যান্স কমিটি, একাডেমিক কাউন্সিল এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভা আহবান এবং শিক্ষার্থীদের মূল সনদপত্রে স্বাক্ষর করতে পারবেন।

প্রসঙ্গত, এর আগে গত ১৭ জুলাই উপউপাচার্য পদে যোগদান করেন প্রফেসর ড. সুলতান-উল-ইসলাম।

কাবিননামা নিয়ে জটিলতায় তৌসিফ-পায়েল

নাটকে এ সময়ের ব্যস্ত ও জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। মাঝে মধ্যে তারা একসঙ্গে নাটকে অভিনয় করেন। তেমনই একটি নাটকে অভিনয় করেছেন তারা।

‘কাবিননামা’ নামের নাটকটি ঈদের পঞ্চম দিন দীপ্ত টিভিতে প্রচার হবে। এটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।

এ প্রসঙ্গে তিনি বলেন , আমাদের সমাজ দুজন মানুষের সম্পর্কের চেয়ে একটা কাগজের বেশি মূল্য দিয়ে থাকে। তেমনি একটি গল্প নিয়ে নাটক এগিয়ে যাবে।

এতে অভিনয় প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, সমাজে ঘটে যাওয়া বিষয়কেই নাটকের গল্পে তুলে আনা হয়েছে। এতে অভিনয় করে বেশ তৃপ্তি পেয়েছি। আশা করছি দর্শকেরও ভালো লাগবে নাটকটি।

তৌসিফ বলেন, আমি এখন গতানুগতিক কোনো নাটকেই অভিনয় করি না। এ নাটকটিতে অভিনয়ের প্রস্তাবের সঙ্গে যখন গল্পটি দেয়া হয়, তখন থেকেই এতে অভিনয়ে আগ্রহ প্রকাশ করি। নির্মাতাও বেশ আন্তরিকভাবে নাটকটি নির্মাণ করেছেন। আশা করছি এটি দর্শকের

বাবা-মায়ের বিচ্ছেদের পর যেভাবে কেটেছে ক্যাটরিনার ছোটবেলা

গেল শুক্রবার বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিন ছিল। ৩৯ বছরে পা রেখেছেন এই অভিনেত্রী।জন্মদিন উপলক্ষ্যে তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম জিনিউজ।

ক্যাটরিনার বাবা কাশ্মীরি। আর মা সুজান টার্কুট ব্রিটিশ নাগরিক। জন্মের পর অভিনেত্রীর নাম রাখা হয় ক্যাটরিনা টার্কুট। তিনি প্রকৃতপক্ষে ব্রিটিশ নাগরিক। ভিসা নিয়ে ভারতে রয়েছেন তিনি।

ক্যাটরিনা ব্রিটিশ নাগরিক হলেও ক্যাটরিনার জন্ম হংকংয়ে, তার শৈশব কেটেছে যুক্তরাষ্ট্রে। কৈশোরে অবশ্য ক্যাটরিনা ফের ব্রিটেনে চলে আসেন, সেখানেই তার স্কুল ও কলেজ জীবন কাটে।

ক্যাটরিনা কাইফরা মোট ছয় বোন ও এক ভাই। অভিনেত্রী যখন ছোট, তখনই তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। ক্যাটের বেড়ে ওঠা মায়ের কাছেই।

ক্যাটরিনার মা একটি এনজিওর কর্মী ছিলেন। ছোট থেকেই মায়ের সঙ্গে চীন, জাপান, ফ্রান্স, সুইজারল্যান্ড, পোল্যান্ড, জার্মানি, বেলজিয়ামসহ বিভিন্ন দেশ ঘুরেছেন অভিনেত্রী।

১৪ বছর বয়সে প্রথম ‘লন্ডন ফ্যাশন উইক’-এ র্যা ম্পে হাঁটেন ক্যাট। মাত্র ১৪ বছর বয়সে একটি বিজ্ঞাপনের মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন ক্যাটরিনা।

২০০৫ সালে ‘বুম’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন ক্যাটরিনা। পরবর্তী সময় ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’, ‘ওয়েলকাম’, ‘নমস্তে লন্ডন’সহ বলিউডের একাধিক ছবিতে সাফল্য পান ক্যাট।

ইসরাইলি সেনাদের পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল ৪০০ ইহুদি

জেরুজালেমে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসায় আবারও আগ্রাসন চালিয়েছে দখলদার ইহুদিবাদীরা।

স্থানীয় সময় রোববার সকালে চারশর বেশি কট্টর ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সহযোগিতায় মসজিদুল আকসায় প্রবেশ করে। খবর আলজাজিরা ও ফিলিস্তিন বার্তা সংস্থা ওয়াফার।

এ সময় উত্তেজনা দেখা দিলে ইসরাইলি বাহিনী এক ফিলিস্তিনিকে ব্যাপক মারধরের পর তাকে আটক করে।

এদিকে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো মসজিদুল আকসায় হামলার পরিণতির বিষয়ে হুশিয়ারি দিয়েছে। একই সঙ্গে হামলা ঠেকাতে ফিলিস্তিনিদের প্রস্তুত থাকতে বলেছে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে পশ্চিমতীর ও দখলদার ইসরাইলের ভেতরে বসবাসকারী সব ফিলিস্তিনিকে সোমবার আরাফা দিবস পর্যন্ত মসজিদুল আকসার দিকে যাত্রা অব্যাহত রাখতে বলা হয়েছে।

একই সঙ্গে হামাস গাজার প্রতিরোধ সংগ্রামীদের তাদের আঙুল অস্ত্রের ট্রিগারে রাখতে বলেছে, যাতে দখলদার ইসরাইল বুঝতে পারে মসজিদুল আকসা রক্ষায় ফিলিস্তিনিরা সদাপ্রস্তুত রয়েছে এবং এ ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ধৈর্যের পরীক্ষা না নিতেও দখলদার ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। ইসরাইলের চরমপন্থি কয়েকটি গোষ্ঠী রোববার মসজিদুল আকসায় ঢুকতে জেরুজালেমে অবৈধ বসবাসকারী কট্টর ইহুদিদের প্রতি আহ্বান জানিয়েছিল।

এ ছাড়া বায়তুল মুকাদ্দাসের পুরনো দেয়ালের চারপাশে মিছিল করতেও ইহুদিবাদীদের প্রতি আহ্বান জানিয়েছে উগ্রবাদী ইহুদি দখলদার সংগঠন।

প্রশান্ত মহাসাগরে এফ-২২ বিমান বহর পাঠাচ্ছে আমেরিকা

চীনকে বার্তা দিতে এবার মার্কিন বিমানবাহিনী পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তত দুই ডজন এফ-২২ জঙ্গিবিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

দক্ষিণ চীন সাগর ও চাইনিজ তাইপে (তাইওয়ান) নিয়ে যখন ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের উত্তেজনা চলছে, তখন পূর্ব এশিয়ায় রাডার ফাঁকি দিতে সক্ষম এসব জঙ্গিবিমান পাঠাচ্ছে আমেরিকা। খবর সিএনএন ও দ্যা সানের।

হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত আমেরিকার প্যাসিফিক এয়ারফোর্স বলেছে, হাওয়াই ও আলাস্কা থেকে চলতি মাসে আনুমানিক ২৫টি এফ-২২ যুদ্ধবিমান গুয়াম ও তিনিয়ান দ্বীপে মোতায়েন করা হবে।

সিএনএন জানিয়েছে, এসব যুদ্ধবিমান আসন্ন ‘অপারেশন প্যাসিফিক আয়রন-২০২১’ মহড়ায় অংশ নেবে।

প্যাসিফিক এয়ারফোর্সের কমান্ডার, জেনারেল কেন উইলসবাখ বলেছেন, আমরা আমাদের বাহিনীর আওতাভুক্ত অঞ্চলে একসঙ্গে এত বেশিসংখ্যক যুদ্ধবিমান কখনও মোতায়েন করিনি।

প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, আমেরিকার পক্ষ থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিপুলসংখ্যক এফ-২২ মোতায়েন করে মূলত চীনকে সতর্ক করতে চায় ওয়াশিংটন।

বিশেষ করে দুই দেশের মধ্যে যখন বিতর্কিত দক্ষিণ চীন সাগরের মালিকানা ও চাইনিজ তাইপে (তাইওয়ান) নিয়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে, তখন আমেরিকা এসব যুদ্ধবিমান পাঠিয়ে চীনকে সুস্পষ্ট বার্তা দিতে চায়।

আমেরিকার প্যাসিফিক কমান্ডের জয়েন্ট ইন্টেলিজেন্স সেন্টারের সাবেক পরিচালক কার্ল শুস্টার বলেছেন, প্যাসিফিক এয়ারফোর্স বেইজিংকে এ বিষয়টি দেখাতে চায় যে, আমেরিকার পক্ষে স্বল্প সময়ের প্রস্তুতিতে পঞ্চম-প্রজন্মের বিপুল সংখ্যা যুদ্ধবিমান মোতায়েন করা সম্ভব।

অথচ চীনের পঞ্চম-প্রজন্মের মোট যুদ্ধবিমানের সংখ্যাও এতগুলো নয়। তিনি আরও বলেন, সাধারণত মার্কিন বিমানবাহিনী যে কোনো অঞ্চলে ছয় থেকে ১২টি এফ-২২ মোতায়েন করে।

সুইজারল্যান্ড মঙ্গোলিয়া তাজিকিস্তানকে সুখবর দিল আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সুখবর পেল সুইজারল্যান্ড, মঙ্গোলিয়া ও তাজিকিস্তান ক্রিকেট বোর্ড।

আইসিসির নতুন সদস্য দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে এই তিন দেশ। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার ৭৮তম বাৎসরিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়।

রোববার এক বিবৃতিতে আইসিসি জানায়, মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও সুইজারল্যান্ডকে নতুন সদস্য হিসেবে স্বাগত।

এশিয়ায় আইসিসির ২২ ও ২৩তম সদস্য মঙ্গোলিয়া ও তাজিকিস্তান। আর ইউরোপের ৩৫তম সদস্য সুইজারল্যান্ড।

এই তিন দেশের অন্তর্ভুক্তিতে আইসিসির সদস্য এখন মোট ১০৬টি। সেখানে সহযোগী সদস্য ৯৪টি।

নতুন তিন সদস্যকে স্বাগত জানানোর পাশাপাশি সদস্যপদের ধারা লঙ্ঘন করায় জাম্বিয়া ও রাশিয়ার সদস্যপদ বাতিল করা হয়েছে। আইসিসির পরবর্তী সাধারণ সভা পর্যন্ত বহাল থাকবে এই সিদ্ধান্ত।

টোকিও অলিম্পিকে অ্যাথলেটদের জন্য বিশেষ বিছানা

আসন্ন টোকিও অলিম্পিক গেমসে অংশ নিতে আগ্রহী অ্যাথলেটদের জন্য বিশেষ ধরনের বিছানা তৈরি করেছে আয়োজক দেশ জাপান।

মহামারি করোনাভাইরাসের এই কঠিন সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতেই আয়োজক কমিটি এমন বিছানার ব্যবস্থা করেছে।

গত বছরের জানুয়ারিতে প্রথমবার জনসম্মুখে আনা হয় যৌনতাবিরোধী এ বিছানাগুলো। এ বিছানা ২০০ কেজি পর্যন্ত ওজন ধরে রাখতে সক্ষম।

এ বিছানার ছবি আপলোড করে রিও অলিম্পিকে ৫ হাজার মিটার দৌড়ে রৌপ্যজয়ী অ্যাথলেট পল চিলেমো টুইটারে লেখেন— টোকিও অলিম্পিকে অ্যাথলেটদের মধ্যে পারস্পরিক দূরত্ব বজায় রাখার জন্য কার্ড বোর্ডের তৈরি বিছানা দেওয়া হচ্ছে। এই বিছানা মাত্র একজনের ভার বহন করতে পারবে। তবে আমার মতো লং ডিস্টেন্স চারজন রানার এই বিছানা শেয়ার করতে পারবেন।

তিনি মজা করে আরও লেখেন— যারা ঘুমের মধ্যে প্রসাব করেন, তারা সমস্যায় পড়বেন। কারণ কার্টনের এই বিছানা যদি ভিজে যায় তা হলে ভেঙে পড়তে পারে। আর ফাইনালের আগে এমন ঘটনা হলে তো কথাই নেই! এখন থেকেই মেঝেতে শোবার অনুশীলন করছি। কারণ মাঝরাতে যদি আমার বিছানা ভেঙে যায়, আর মেঝেতে শোবার অভ্যাস না থাকে, তা হলে তো সমস্যায় পড়ব!

জানা যায়, অলিম্পিক গেমস শেষে কার্ড বোর্ড দিয়ে তৈরি এই বিছানাগুলো রিসাইকেল করে পুনরায় কাগজের দ্রব্য পরিণত করা সম্ভব।