শনিবার ,২ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 718

স্বাস্থ্যঝুঁকি এড়াতে যে ৭ খাবার পুনরায় গরম করবেন না

আমাদের মধ্যে অনেকেই একসঙ্গে বেশি করে খাবার রান্না করে নিয়ে বেশ কয়েক দিন ধরে গরম করে খেয়ে থাকি। বর্তমান সময়ে ফ্রিজ, ওভেনের মতো আধুনিক যন্ত্রের সুবাদে এই প্রবণতা বেড়েছে আরও বেশি।

কিন্তু কিছু খাবার আছে যেগুলো পুনরায় গরম করে খেলে তা বয়ে নিয়ে আসতে পারে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি। কারণ এ ধরনের খাবার পুনরায় গরম করলে তা বিষাক্ত হয়ে উঠতে পারে এবং এতে আমাদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যেতে পারে অনেকগুণ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে পুষ্টিবিদ লোকেন্দ্র তোমার এমন কয়েকটি খাবারের কথা বলেছেন, যেগুলো পুনরায় গরম করলে তাতে স্বাস্থ্যঝুঁকি থাকে। তাই জানুন স্বাস্থ্যঝুঁকি এড়াতে যে সাত খাবার পুনরায় গরম করা এড়াবেন—

১. পালংশাক
পালংশাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাই পালংশাক পুনরায় গরম করলে এতে থাকা আয়রন জারণ হয়ে এক ধরনের র‌্যাডিকেল তৈরি করে, যা ক্যান্সার ও বন্ধ্যত্ব পর্যন্ত বয়ে আনতে পারে।

২. ভাত
আপনি হয়তো এ নামটি দেখে অবাক হচ্ছেন। কিন্তু এটি বাস্তব যে ভাত একবার ঠাণ্ডা হয়ে গেলে তাতে ব্যাক্টেরিয়ার উপস্থিতি দেখা দিতে পারে। আর পুনরায় তা গরম করা হলে সেই ব্যাক্টেরিয়া মরে গিয়ে এক ধরনের স্পোর তৈরি করতে পারে। আর এ স্পোর আপনার খাদ্যে বিষক্রিয়া ঘটিয়ে ডায়রিয়া ও বমি সমস্যা সৃষ্টি করতে পারে।

৩. ডিম
রান্না করা বা সিদ্ধ ডিম বারবার উচ্চ তাপের সংস্পর্শে এলে তা বিষাক্ত হয়ে উঠতে পারে। ডিমে বেশি পরিমাণে প্রোটিন থাকে আর প্রোটিনযুক্ত খাবারে প্রচুর নাইট্রোজেন থাকে। আর এ কারণে এটি বারবার গরম করা হলে তা অক্সিডাইজড হয়ে ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে।

৪. মুরগির মাংস
মাংস বেশি করে রান্না করে নিয়ে তা বারবার গরম করে খেতে দেখা যায় অনেককেই। কিন্তু ডিমের মতো মুরগির মাংসতেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তাই এটিও ডিমের মতো একইভাবে আপনার ক্ষতি করতে পারে।

৫. আলু
আলু পুনরায় গরম করে খেলে তা আপনার ওপরে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। কারণ আলু রান্না বা সিদ্ধ করার পর তা ঠাণ্ডা হওয়ার সময় বোটুলিজম সৃষ্টিকারী ব্যাক্টেরিয়া তৈরি করতে পারে। এ কারণে এটি পুনরায় গরম করে খেলে তা থেকে আপনার ফুড পয়োজনিং হতে পারে।

৬. মাশরুম
মাশরুম বা মাশরুম দিয়ে রান্না করা খাবার পুনরায় গরম করে খেলে এতে থাকা প্রোটিনের কার্যকারিতা কমে যায়। এ কারণে সেটি হজমের সমস্যা সৃষ্টি করতে পারে।

৭. অলিভ ওয়েল বা জলপাই তেল
জলপাই তেল হচ্ছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যুক্ত। আর ফ্যাট তাপে ভেঙে যায় এবং ৪০ ডিগ্র তাপমাত্রার বেশিতে এটি পুনরায় গরম করা হলে তা ক্ষতিকারক হয়ে উঠতে পারে। তাই জলপাই তেল দিয়ে রান্ন করা কিছু পুনরায় গরম করে খাওয়া যাবে না।

তথ্যসূত্র: এনডিটিভি ডটকম

যশোর ও সৈয়দপুর থেকে চট্টগ্রামে ইউএস-বাংলার ফ্লাইট শুরু ৩০ সেপ্টেম্বর

বাংলাদেশের আকাশ পথের যাত্রীদের অধিক সেবা দেওয়ার লক্ষ্যে অভ্যন্তরীণ রুটের বিস্তৃতি ঘটাতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

দেশের প্রাচীনতম জেলা যশোর থেকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ও পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার এবং দেশের উত্তরাঞ্চলের অন্যতম গন্তব্য সৈয়দপুর থেকে চট্টগ্রামে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা।

আগামী ৩০ সেপ্টেম্বর যশোর ও সৈয়দপুর থেকে চট্টগ্রাম এবং ১ অক্টোবর যশোর থেকে কক্সবাজার রুটে উদ্বোধনী ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা।

যাত্রীদের সময় ও খরচকে প্রাধান্য দিয়ে দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন যশোর থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা করবে।

রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার যশোর থেকে সকাল পৌনে ৯টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। একই দিন বিকাল ৫টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে যশোরের উদ্দেশ্যে যাত্রা করবে।

উত্তরের একমাত্র বিমানবন্দর সৈয়দপুর থেকে প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন চট্টগ্রামে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সৈয়দপুর থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করবে। একই দিন দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করবে।

এ ছাড়া ভ্রমণপিপাসুদের জন্য যশোর থেকে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কক্সবাজারে সপ্তাহে চার দিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রাথমিকভাবে শনি, সোম, বুধ ও শুক্রবার যশোর থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। অপরদিকে কক্সবাজার থেকে বিকাল ৩টা ২৫ মিনিটে যশোরের উদ্দেশে ছেড়ে যাবে।

সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ যশোর থেকে চট্টগ্রামে ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া ছয় হাজার টাকা ও রিটার্ন ভাড়া ১২ হাজার টাকা। এ ছাড়া যশোর থেকে কক্সবাজারে ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া ছয় হাজার ৫০০ এবং রিটার্ন ভাড়া ১৩ হাজার টাকা।

অন্যদিকে সৈয়দপুর থেকে চট্টগ্রামের ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া ছয় হাজার ২০০ টাকা এবং রিটার্ন ভাড়া ১২ হাজার ৪০০ টাকা।

খুব শিগগির ইউএস-বাংলা এয়ারলাইন্স সৈয়দপুর থেকে কক্সবাজার, সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

ইউএস-বাংলা এয়ালাইন্সের বিমান বহরে ১৪টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ ও ৩টি ড্যাশ ৮-কিউ৪০০।

যশোর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার এবং সৈয়দপুর থেকে চট্টগ্রাম রুটের টিকিট রিজার্ভেশনের জন্য আপনার নিকটস্থ ট্রাভেল এজেন্সি কিংবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব সেলস সেন্টার ছাড়াও বিস্তারিত জানতে ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা

রসায়নের ধারণা

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৯১। প্রিজারভেটিভস কী?

উত্তর : যেসব রাসায়নিক পদার্থ পরিমিত পরিমাণে ব্যবহার করে বিভিন্ন খাদ্যসামগ্রী বিশেষ করে জুস, সস, কেক, বিস্কুট প্রভৃতি প্রক্রিয়াজাত করে দীর্ঘসময় সংরক্ষণ করা হয় তাদেরকে প্রিজারভেটিভস বলে।

৯২। তেজস্ক্রিয় রশ্মি কী?

উত্তর : তেজস্ক্রিয় পদার্থ থেকে অনবরত যেসব রশ্মি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় রশ্মি বলে।

৯৩। ফল পাকার সময় কোন প্রক্রিয়া ঘটে?

উত্তর : জৈব রাসায়নিক প্রক্রিয়া

৯৪। ট্রিফয়েল কী?

উত্তর : অতিরিক্ত ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মি চিহ্নটিকে ট্রিফয়েল বলে।

৯৫। খাদ্যের প্রয়োজনীয় উপকরণ আমিষ কোন ধরনের যৌগ? উত্তর : জৈব যৌগ

পদার্থের অবস্থা

০১। পদার্থ কয় অবস্থায় থাকতে পারে?

উত্তর : ৩ অবস্থায়

০২। পদার্থের কোন অবস্থায় অণুগুলো সবচেয়ে কাছাকাছি থাকে? উত্তর : কঠিন

০৩। কোন পদার্থের আকৃতি নির্দিষ্ট?

উত্তর : কঠিন

০৪। কাপে গরম চা রাখলে কোন প্রক্রিয়া ঘটে?

উত্তর : বাষ্পীভবন

০৫। সাধারণ চাপ ও তাপমাত্রায় কোন পদার্থের আকার এবং আয়তন দুটোই নির্দিষ্ট থাকে?

উত্তর : কঠিন পদার্থের

০৬। তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে বস্তুর কিসের পরিবর্তন হয়? উত্তর : অবস্থার

০৭। আন্তঃআণবিক শক্তি কাকে বলে?

উত্তর : যে আকর্ষণশক্তির বলে অণুগুলোর পরমাণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাকে আন্তঃআণবিক শক্তি বলে।

০৮। কোন ধরনের পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? উত্তর : কঠিন পদার্থের

০৯। কোন ধরনের পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? উত্তর : গ্যাসীয় পদার্থের

১০। কোন ধরনের পদার্থের আন্তঃআণবিক শক্তি মধ্যম মানের? উত্তর : তরল পদার্থের

১১। বায়ুপূর্ণ ফুটবলের ভিতরে গ্যাসের চাপ সৃষ্টির কারণ কী?

উত্তর : কারণ দেওয়ালে গ্যাসের কণাগুলো ধাক্কা খেতে থাকে

১২। কোন ধরনের পদার্থের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম? উত্তর : কঠিন পদার্থের

১৩। কোন ধরনের পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ নেই বললেই চলে? উত্তর : গ্যাসীয় পদার্থের

১৪। ঊর্ধ্বপাতন পদার্থ কাকে বলে?

উত্তর : কিছু কিছু কঠিন পদার্থ আছে যাদের তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় তাদেরকে ঊর্ধ্বপাতন পদার্থ বলে।

১৫। কখন গ্যাসীয় কণাগুলো তরলের উপরিতল থেকে বাইরে বেরিয়ে যায়?

উত্তর : স্ফুটনে

১৬। কোন শক্তির দ্বারা পদার্থকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা সম্ভব?

উত্তর : তাপশক্তি

১৭। অণুগুলো কখন নির্দিষ্ট অবস্থানে বিরাজ করে?

উত্তর : অণুগুলোর গতিশক্তি অপেক্ষা আন্তঃআণবিক শক্তি বেশি হলে

১৮। তাপ প্রয়োগে তরল পদার্থের অণুগুলোর ক্ষেত্রে কী ঘটে? উত্তর : অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়

১৯। কোন দ্রবণের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তি কম হলে কোন অবস্থার সৃষ্টি হবে?

উত্তর : বায়বীয়

২০। কঠিন থেকে তরলে পরিণত করতে তাপমাত্রা কোথায় পৌঁছাতে হয়?

উত্তর : গলনাঙ্কে

২১। গ্যাসের চাপ কাকে বলে?

উত্তর : বেলুন বা পাত্রের ভিতরের গ্যাসের কণাগুলো পাত্রের পৃষ্ঠে যে ধাক্কা দেয় তাকে গ্যাসের চাপ বলে।

২২। তরলকে তাপ দিয়ে স্ফুটনাঙ্কে পৌঁছালে তা কোন অবস্থায় পরিণত হয়?

উত্তর : গ্যাসীয়

পৌরনীতি ও নাগরিকতা

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল

সোনারগাঁ

অধ্যায় : পৌরনীতি ও নাগরিকতা

সৃজনশীল নৈর্ব্যক্তিক

১। কোনটিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়?

ক) পৌরনীতিকে খ) অর্থনীতিকে

গ) সমাজনীতিকে ঘ) ধর্মনীতিকে

২। পৌরনীতিতে কোনসব বিষয় আলোচনা করা হয়?

ক) অর্থনীতির সঙ্গে জড়িত সব বিষয়

খ) ধর্মের সঙ্গে জড়িত সব বিষয়

গ) নাগরিকতার সঙ্গে জড়িত সব বিষয়

ঘ) সমাজের সঙ্গে জড়িত সব বিষয়

৩। সিভিক্স শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে?

ক) ইংরেজি খ) ল্যাটিন

গ) বাংলা ঘ) ফার্সি

৪। সিভিস শব্দের অর্থ কী?

ক) নগর খ) পৌরনীতি

গ) নাগরিকতা ঘ) নাগরিক

৫। কোনটির অর্থ নগররাষ্ট্র?

ক) সিভিক্স খ) সিভিস গ) সিভিটাস ঘ) মিলিটাস

৬। প্রাচীন কোন অঞ্চলে নাগরিক ও নগর-রাষ্ট্র অবিচ্ছেদ্য ছিল?

ক) মিশর খ) গ্রিস গ) চীন ঘ) ভারত

৭। বাংলাদেশের লোকসংখ্যা কত?

ক) প্রায় ১৫ কোটি খ) প্রায় ১৩ কোটি

গ) প্রায় ১৮ কোটি ঘ) প্রায় ১৪ কোটি

৮। বিষয়বস্তুর দৃষ্টিতে পৌরনীতিকে কয়টি অর্থে আলোচনা করা যায়?

ক) একটি খ) দু’টি গ) তিনটি ঘ) চারটি

৯। নাগরিকরা রাষ্ট্রপ্রদত্ত কী ধরনের অধিকার ভোগ করে?

i) সামাজিক ii) রাজনৈতিক iii) অর্থনৈতিক

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১০। কমনওয়েলথ কী ধরনের প্রতিষ্ঠান?

ক) স্থানীয় খ) জাতীয়

গ) আন্তর্জাতিক ঘ) সামাজিক

১১। পৌরনীতি ও নাগরিকতার আলোচ্য বিষয় হলো-

i) সামাজিক মূল্যবোধ ii) স্বাধীনতা ও সাম্য iii) সংবিধান

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i ও ii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১২। সন্তান জন্মদান ও লালন-পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে – কার সংজ্ঞা?

ক) ম্যাকাইভার খ) টমাসহবস্ গ) জনলক ঘ) জ্যাকরুশো

১৩। বংশগণনা ও নেতৃত্বের নীতির ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়?

ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ

১৪। মাতৃতান্ত্রিক পরিবার কার নেতৃত্বে পরিচালিত হয়?

ক) বাবার খ) মায়ের

গ) ভাইয়ের ঘ) বোনের

১৫। আমাদের দেশে কাদের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়?

ক) চাকমা খ) মুরং গ) গারো ঘ) সাওতাল

১৬। কোন পরিবারগুলো সাধারণত বড় পরিবার?

ক) মাতৃতান্ত্রিক পরিবার খ) যৌথ পরিবার

গ) একক পরিবার ঘ) পিতৃতান্ত্রিক পরিবার

১৭। পারিবারিক গঠন কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়?

ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ

১৮। বাংলাদেশে কোন ধরনের পরিবার রয়েছে?

ক) একক পরিবার খ) যৌথ পরিবার

গ) একক ও যৌথ পরিবার ঘ) মাতৃতান্ত্রিক পরিবার

১৯। বৈবাহিক সূত্রের ভিত্তিতে কয় ধরনের পরিবার দেখা যায়?

ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ

২০। একপত্নীক পরিবারে একজন স্বামীর কয়জন স্ত্রী থাকে?

ক) ১ জন খ) ২ জন গ) ৩ জন ঘ) ৪ জন

২১। একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে কোন ধরনের পরিবারে?

ক) একপত্নীক খ) দ্বিপত্নীক

গ) বহুপতি ঘ) বহুপত্নীক

উত্তর : ১.ক ২.গ ৩.খ ৪.ঘ ৫.গ ৬.খ ৭.ক ৮.খ ৯.ঘ ১০.গ ১১.ঘ ১২.ক ১৩.ক ১৪.খ ১৫.গ ১৬.খ ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.ক ২১.ঘ।

২৪ সেপ্টেম্বর খুলছে বাকৃবির হল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হল খুলে দেওয়া হবে আগামী ২৪ সেপ্টেম্বর। মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিন কাউন্সিলের আহ্বায়ক ড. একে ফজলুল হক ভূঁইয়া।

ড. একে ফজলুল হক ভূঁইয়া বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ফাইনাল পরীক্ষা শুরু হবে। এ কারণে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ২৪ সেপ্টেম্বর হল খুলে দেওয়া হবে। তবে ১ম থেকে ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খোলা হবে ৩ অক্টোবর। তাদের সেমিস্টার ফাইনাল শুরু হবে ১৭ অক্টোবর।

এ ছাড়া যেসব বর্ষের ব্যবহারিক ক্লাস এবং ক্লাস টেস্ট এখনও শেষ হয়নি, তাদের ৪-১০ অক্টোবরের মধ্যে ক্লাস ও পরীক্ষা শেষ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. একেএম জাকির হোসেন বলেন, অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে চতুর্থ বর্ষের জন্য ২৪ সেপ্টেম্বর ও অন্য বর্ষের শিক্ষার্থীদের জন্য ৩ অক্টোবর হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সিন্ডিকেটের মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, গত ৬ জুন শিক্ষার্থীদের দাবির মুখে বাকৃবি প্রশাসন অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে সশরীরে পরীক্ষা গ্রহণে বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সব ধরনের পরীক্ষা স্থগিত রাখার সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ের করোনা মোকাবিলায় গঠিত টাস্কফোর্স। ফলে সব পরীক্ষা স্থগিত রাখা হয়।

বিয়ের কথাটা স্বীকার করার মতো তখন পরিস্থিতি ছিল না: অভিনেত্রী ঋতাভরী

টলিউডে নিজের অভিনয় দিয়ে যেমন প্রথম সারির নায়িকা হয়ে উঠেছেন। ঠিক একইভাবে গায়িকা হিসেবেও সুনাম কুড়িয়েছেন তিনি। তিনি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।ছোট পর্দার জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’ দিয়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। বুধবার তার সাক্ষাৎকার প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। আলোচিত সেই সাক্ষাৎকারটি হুবহু দেওয়া হলো-

প্রশ্ন: আপনার শরীর কেমন আছে?

ঋতাভরী: অ্যাবসেস হয়েছিল আমার। গত বছর আগস্টে তার অপারেশন হয়। সেপ্টেম্বরে ‘এফআইআর’ ছবিটার শুটিং শুরু করলাম অল্প যন্ত্রণা আর অস্বস্তি নিয়েই। তত দিনে ইউসিএলএ (ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া)-এর কোর্সটা শুরু হয়ে গিয়েছিল। ক্লাস, শুটিং সব চলতে থাকায় ব্যথাও বাড়তে থাকল। তার পর ফিশ্চুলা ধরা পড়ল। এ বছর মার্চ মাসে দ্বিতীয় অপারেশনটা হল। ডাক্তার বলেছিলেন, ছ’মাসের জন্য কাজ থেকে বিরতি নিতে হবে, না হলে রোগটা ফিরে আসবে। বিশ্রাম নেওয়ায় এখন আমি অনেকটা সুস্থ।

প্রশ্ন: এতদিন কাজ থেকে দূরে থাকা কতটা কঠিন ছিল?

ঋতাভরী: আমার রেকারেন্ট ডিপ্রেশন আছে, সেটা জিনগত। স্কুলে পড়ার সময় থেকে এই রোগ আমার সঙ্গী। এই রোগে রোগী কিছু দিন ভাল থাকে, কিছু দিন খারাপ। ওয়ার্কআউট করে আমি এত দিন সুস্থ থেকেছি, যাতে শরীরে যথোপযুক্ত সেরাটোনিন তৈরি হয়। কিন্তু এই অসুস্থতার সময়ে আমার শরীরচর্চা পুরোপুরি বন্ধ হয়ে গেল। তখন শুধু শরীরের কষ্ট নয়, মানসিকভাবে তার চেয়েও খারাপ থাকতাম। আমাকে ঝলমলে সুন্দর তো সবাই দ্যাখে, কিন্তু সবচেয়ে অন্ধকার এবং খারাপ দিনগুলোয় যারা আমার পাশে থেকেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ, যাদের মধ্যে একজন আমার ‘ডাক্তার বন্ধু’। যে শুধুই বাইরের সৌন্দর্যটাকে দেখেনি, বরং সেই মেয়েটাকে ভালবেসে ওষুধ খাইয়ে দিয়েছে, যে প্যানিক অ্যাটাকের কারণে মাটিতে বসে কাঁদছে, কাউকে চিনতে পারছে না।

প্রশ্ন: নায়িকার এই অসুস্থতার সময়ে মন ভাল করতে নায়কের (পড়ুন হবু বরের) প্রবেশ, তাই তো?

ঋতাভরী: (প্রবল হেসে) হ্যাঁ সে রকমই। ওই পরিস্থিতিতে আমার পাশে কাউকে খুব দরকার ছিল। আমার আগের বয়ফ্রেন্ড মুম্বাইয়ে থাকত। ও পাশে থাকলেও শারীরিকভাবে উপস্থিত ছিল না, যেটা সে সময়ে আমার খুব প্রয়োজন ছিল।

প্রশ্ন: আপনাদের আলাপ হল কীভাবে?

ঋতাভরী: এ বছরই গোড়ার দিকে ওর ক্লিনিক উদ্বোধনে গিয়েছিলাম। ও পেশায় একজন মনোবিদ। সে সময়ে ওরও অন্য বান্ধবী ছিল। আমরা প্রথমেই খুব ভাল বন্ধু হয়ে গিয়েছিলাম। আই মাস্ট সে, বাঙালি ছেলেকে ডেট করার অন্য আরাম আছে। বাংলায় কথা বলা যায়। সেই সঙ্গে রুচি, শিল্পবোধ এ সবের মিল তো রয়েছেই। তবে সে অর্থে ডেট করা অর্থাৎ দেখা করা, কফি খেতে যাওয়া… এ সব আমাদের হয়নি বললেই চলে। যখন ওকে ভাল করে চিনতে শুরু করেছি, তখন আমি শয্যাশায়ী। দ্বিতীয় সার্জারির পরে ও আমার বাড়িতেই আসত দেখা করতে। ফলে খুব তাড়াতাড়ি আমরা কাছাকাছি এসেছিলাম। ধীরে ধীরে অনুভব করতে শুরু করলাম, আমিও কারও ওপর নির্ভর করতে পারি।

প্রশ্ন: বিয়ের সিদ্ধান্ত কবে নিলেন?

ঋতাভরী: বিয়ে ব্যাপারটাকেই আমি ভয় পাই, যেহেতু একটা ভাঙা পরিবার থেকে এসেছি। আশপাশে বহু সম্পর্ক ভেঙে যেতে দেখেছি। বিয়ের পর কেউ যদি বলে এটা করো না, বোল্ড ছবি দিও না… সে সব মেনে নিতে পারব না। সত্যি বলতে, এর আগে কাউকে দেখে মনে হয়নি, তার সঙ্গে সংসার করতে পারব। তবে আমার কিছু বলার আগেই হঠাৎ একদিন ওই বলল, ‘তুমি পাশে থাকলে তোমার প্রতি কেমন যেন বৌ বৌ ফিলিং আসে।’

আমার একটাই শর্ত ছিল, যাকে বিয়ে করব, বিয়ের আগে তার সঙ্গে কিছুদিন থাকতে চাই। কিন্তু দুই বাঙালি পরিবার ব্যাপারটাকে কীভাবে নেবে জানি না। তাই ঠিক হল, এ বছর ডিসেম্বরে এনগেজমেন্ট করে আমরা একসঙ্গে থাকব আমার বাড়িতে।

কোভিড পরিস্থিতি ঠিক হলে পরের বছর বা তারপরের বছর জাঁকজমক করে বিয়ে করব। বিয়ের পরে অবশ্য সল্টলেকেই নতুন একটা বাড়িতে থাকব, যেটা আমাদের দু’জনের বাড়ি থেকেই কাছে হবে। আপনারা আমার বিয়ের যে খবরটা পেয়েছিলেন, সেটা ভুল ছিল না। আমি সত্যিই জীবনের পরের পদক্ষেপটা খুব তাড়াতাড়ি নিতে চাই। ওর পরিবারে সবাই ডাক্তার। আশা করব, আমার কাজের ধারার সঙ্গে ও যেন মানিয়ে নিতে পারে।

প্রশ্ন: এনগেজমেন্ট নিয়ে কোনও পরিকল্পনা রয়েছে?

ঋতাভরী: ওকে বলেছি, (হাতের হিরের আংটি দেখিয়ে) প্রোডাকশনের কাজ শুরু করার পরে বাইশ বছর বয়সে নিজেকে এই আংটিটা উপহার দিয়েছিলাম, তাই তোমার দেওয়া আংটিটা যেন চাঁদ থেকে দেখা যায় (হেসে)। ইচ্ছে আছে, ওকে যে আংটিটা দেব, তার ভিতরে একটা মেসেজ লেখা থাকবে। এর পরে যখন বিদেশে যাব, তখন আংটিটা তৈরি করিয়ে আনব। এনগেজমেন্টের দিন বড় অনুষ্ঠান করব না, শুধু কাছের লোকেরা থাকবে।

প্রশ্ন: এত কিছু যেখানে ঠিক হয়ে গিয়েছে, সেখানে বিয়ের খবরটা অস্বীকার করে সোশ্যাল মিডিয়ায় স্টেটমেন্ট দিয়েছিলেন কেন?

ঋতাভরী: আমাদের সম্পর্কটা নতুন। তাই মনে একটা সংশয় ছিল। যেহেতু প্রচণ্ড শারীরিক ও মানসিক চাপের মধ্য দিয়ে আমি গিয়েছি, তাই প্রথমে সম্পূর্ণ সুস্থ হতে চেয়েছিলাম। এখন আমি আবার কাজ শুরু করেছি, ভাল আছি। কিন্তু তখন সেই অবস্থায় ছিলাম না যে, বিষয়টা নিয়ে কথা বলব। আপনারা যা লিখেছিলেন তা ঠিকই ছিল এবং সোশ্যাল মিডিয়ায় আমাকেও কিছু লিখতে হত না, যদি না বিভিন্ন মিডিয়া আমাকে মিসকোট করতে শুরু করত। তখন ‘বিয়ে করছি না’ স্টেটমেন্ট দিয়ে এই আলোচনাটা বন্ধ করতে চেয়েছিলাম। বিয়ের কথাটা স্বীকার করার মতো তখন পরিস্থিতি ছিল না। সত্যিটাকে স্বীকার করার মতো জোর তখন আমার ছিল না।

প্রশ্ন: পাত্রের নামটা আমরা ঠিক লিখেছিলাম তো?

ঋতাভরী: (খুব হেসে) পাত্র খুবই লাজুক। সে চায় না তার নাম বলা হোক। আনন্দবাজার তার পেশা আগেই লিখেছিল, এবার নামটা ঠিক ছিল কি না, সেটা এনগেজমেন্টের ছবি থেকে বোঝা যাবে।

প্রশ্ন: কাজ কেমন এগোচ্ছে?

ঋতাভরী: ‘এফআইআর’ মুক্তি পাচ্ছে পুজোয়। এ ছাড়াও অনুরাগ কাশ্যপের প্রযোজনায় একটি হিন্দি ছবি রয়েছে। ‘মায়া মৃগয়া’ নামে আর একটা ছবির শুটিং শুরু করব। অংশুমান প্রত্যুষের একটি ছবি করছি, মিষ্টি প্রেমের গল্প।

সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী ও তার প্রেমিক নিহত

সড়ক দুর্ঘটনায় মারাঠি অভিনেত্রী ঈশ্বরী দেশপাণ্ডে ও তার প্রেমিক নিহত হয়েছেন।সোমবার ভারতের গোয়ায় এ দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া।

আগামী মাসে প্রেমিক শুভম দাদগেরের সঙ্গে বাগদান হওয়ার কথা ছিল ঈশ্বরী দেশপাণ্ডের। গত বুধবার দুজন ছুটি কাটাতে গিয়েছিলেন গোয়ায়।

সেখান থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় শিকার হয়ে তারা প্রাণ হারান।

সোমবার ভোরে আরপোড়া ও হাদফাদে গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারায় তাদের গাড়ি। এর পর ওই গাড়িটি বগা ক্রিকের মোহনায় গিয়ে পড়ে। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

নেপালে খেলার ছাড়পত্র পেলেন তামিম ইকবাল

টি ২০ বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়া তামিম ইকবাল আসন্ন এভারেস্ট প্রিমিয়ার টি ২০ লিগে খেলার ছাড়পত্র পেয়েছেন।

নেপালের এই টি ২০ টুর্নামেন্টে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র দিয়েছে এই বাঁ-হাতি ওপেনারকে।

হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠতে দুই মাস পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার পর এই টুর্নামেন্টে খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তামিম।

ইনজুরির দরুন জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিনটি টি ২০ সিরিজ মিস করা তামিম নেপালের টুর্নামেন্টের জন্য গত রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেছেন, টুর্নামেন্ট শুরুর আগে তামিম পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে তিনি আশা করছেনে। ২৫ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা এভারেস্ট প্রিমিয়ার টি ২০ লিগ।

আফগান ক্রিকেট বোর্ডের সিইওকে সরিয়ে দিল তালেবান

আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হামিদ সিনওয়ারিকে সরিয়ে দিয়েছে তালেবান। তার স্থানে বসানো হয়েছে হাক্কানি নেটওয়ার্কের এক সদস্যকে যিনি বিভিন্ন সময় ভয়ংকর সব হামলার সঙ্গে জড়িত ছিলেন। খবর ডেইলি সাবাহর।

সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে হামিদ সিনওয়ারি এ তথ্য জানান।

হামিদ জানান, হাক্কানি নেটওয়ার্কের সদস্যদের নির্দেশে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

ফেসবুকে হামিদ লেখেন, আনাস হাক্কানি ক্রিকেট বোর্ডে এসে আমাকে বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আমার চাকরি আর নেই।

আনাস হাক্কানি হলেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির ছোট ভাই এবং হাক্কানি নেটওয়ার্কের প্রধান।

হামিদ তাকে সরিয়ে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক আদেশ চাইলেও তাকে তা দেওয়া হয়নি।

আফগান ক্রিকেট বোর্ডের সাবেক এ প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আমি একটি স্বচ্ছ প্রক্রিয়ার পর ক্রিকেট বোর্ডের নির্বাহী বিভাগে নির্বাচিত হয়েছিলাম, কিন্তু আমি আমার বরখাস্ত হওয়ার কারণ বুঝতে পারিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে জড়িত নাসিবুল্লাহ হাক্কানিকে দেওয়া হয়েছে প্রধান নির্বাহীর পদ।

ভূঞাপুরে বালুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনকে কারাদণ্ড

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নদীরক্ষা গাইড বাঁধের ওপরে বিক্রির অভিযোগ। এতে তিন ব্যবসায়ীকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত ২০ সেপ্টেম্বর যুগান্তরের অনলাইনে ‘অবৈধভাবে চলছে বালু উত্তোলন, হুমকিতে বাঁধ ও আশ্রয়ণ প্রকল্প’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর মঙ্গলবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রনি। এ সময় অর্জুনা ইউনিয়নের কুঠিবয়রা বাজার এলাকায় গড়ে ওঠা অবৈধ বালুরঘাট থেকে তিন বালু ব্যবসায়ীকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এতে দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার ফসলান্দি গ্রামের লিয়াকত আলী তালুকদারের ছেলে জাহিদুল (২৭), কুঠিবয়ড়া গ্রামের মাদারী জমাদ্দারের ছেলে শাহাদত জমাদ্দার (২১) ও একই গ্রামের জামাল সরকারের ছেলে ইয়াকুব সরকার (২৫)।

ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রনি জানান, যুগান্তরে সংবাদ প্রকাশের পর উপজেলার কুঠিবয়ড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার দায়ে তিন অসাধু বালু ব্যবসায়ীকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নতুন সরকারের উদ্বোধনী অনুষ্ঠান করবে না তালেবান

আফগানিস্তানে নতুন মন্ত্রিসভার বাকি পদগুলোয় নিয়োগ দিয়েছে তালেবান। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও উপমন্ত্রীদের নাম ঘোষণা করেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

এর আগে কাবুলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর নতুন সরকারের প্রধান ও কয়েকজন প্রভাবশালী মন্ত্রীর নাম জানিয়েছিল তালেবান। এখন সরকারের বাকি পদগুলোয় নিয়োগ দেওয়া হলো। সংবাদ সম্মেলনে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ঘোষিত পদগুলো আফগানিস্তানের নতুন সরকারকে সচল রাখার জন্য প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে।

তবে তালেবানের এই মুখপাত্র জানিয়েছেন, দেশের সঙ্কটময় মুহূর্তে উদ্বোধনী অনুষ্ঠান করে তারা সময় নষ্ট করবেন না। জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা কোনো ধরনের উদ্বোধনী অনুষ্ঠান করব না। এই সময়টা তারা জনগণের সেবায় মনোযোগ দেবেন বলেও জানান তিনি।

নতুন মন্ত্রিসভার মর্যাদার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাবিউল্লাহ মুজাহিদ আশা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় নিকট ভবিষ্যতে তাদের স্বীকৃতি দেবে।

আফগানিস্তানের বর্তমান অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তালেবান মুখপাত্র বলেন, মৌলিক প্রয়োজন পূরণের জন্য দেশীয় যে রাজস্ব সংগ্রহ হচ্ছে তা যথেষ্ট। এ সময় তিনি জানান, আফগানিস্তানের জমাকৃত অর্থ ছাড় করার জন্য সকল কূটনৈতিক চ্যানেল ব্যবহার করা হচ্ছে।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের দুই সপ্তাহ পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তালেবান। তালেবান ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক গোষ্ঠী দেশটিতে সহায়তা বন্ধ করে দিয়েছে।

আন্তর্জাতিক তহবিলে আফগানিস্তানের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড এবং ইউএস সেন্ট্রাল ব্যাংক। ফলে চরম সংকটে পড়েছেন আফগানরা।

জাতিসংঘ এ বিষয়ে সতর্কতা জারি করেছে। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, শীত আসার আগেই আফগানিস্তানের লাখ লাখ মানুষের খাবার ফুরিয়ে যেতে পারে। তাৎক্ষণিক প্রয়োজন মেটানো না গেলে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রায় ১০ লাখ শিশু মারাও পড়তে পারে।

জেনেভায় জাতিসংঘের সম্মেলনে গুতেরেস বলেন, কয়েক দশক ধরে যুদ্ধ, ভোগান্তি ও নিরাপত্তাহীনতার পরেও আফগানরা ‘সবচেয়ে বিপজ্জনক সময়ের’ মুখোমুখি। তাই বেঁচে থাকার জন্য আফগানিস্তানের জনগণের সহায়তার প্রয়োজন। দেশটিতে মানবিক বিপর্যয় মোকাবিলায় ৬০ কোটি মার্কিন ডলারের তহবিল প্রয়োজন বলে জানান তিনি।

এর পর আফগানিস্তানকে ১০০ কোটি ডলারের বেশি আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেয় বিভিন্ন দেশ।