শুক্রবার ,১২ জুন, ২০২৬
sbacbank
Home Blog Page 472

প্যারাসিটামলে ক্ষতির নতুন তথ্য

উচ্চ রক্তচাপে ভুগছেন এমন কেউ দীর্ঘদিন প্যারাসিটামল সেবন করলে তা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়িযে দিতে পারে বলে একটি গবেষণায় উঠে এসেছে।

ইউনিভার্সিটি অব এডিনবরার গবেষকরা বলছেন, রোগীদের টানা প্যারাসিটামল সেবনের পরামর্শ দেওয়ার আগে চিকিৎসকদের উচিত রোগীর স্বাস্থ্য ঝুঁকি ও সুবিধার বিষয়গুলো বিবেচনা করা।

ওই গবেষণায় পাওয়া ফলাফল নিয়ে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) প্রতিবেদন করেছে বিবিসি। এতে বলা হয়েছে, মাথাব্যথা প্রশমন কিংবা জ্বরের সময় প্যারাসিটামল সেবন নিরাপদ। সতর্ক করা হচ্ছে উচ্চ রক্তচাপের রোগীদের দীর্ঘমেয়াদি প্যারাসিটামল সেবনের বিষয়ে।

অবশ্য অন্য বিশেষজ্ঞরা বিষয়গুলো নিয়ে নিশ্চিত হতে আরও বেশি মানুষের ওপর দীর্ঘ সময় ধরে গবেষণা চালানোর পরামর্শ দিয়েছেন।

ব্যথা, কাটা-ছেঁড়া ও জ্বরের ক্ষেত্রে স্বল্পমেয়াদি উপশমের জন্য বিশ্বজুড়ে প্যারাসিটামল বহুল ব্যবহৃত ওষুধ।

বিবিসি বলছে, ২০১৮ সালে স্কটল্যান্ডের প্রায় ৫ লাখ মানুষকে ব্যথানাশক হিসেবে প্যারাসিটামল সেবনের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। অর্থাৎ, সেখানে প্রতি ১০ জনে একজন ওই বছর প্যারাসিটামল খেয়েছেন। আর যুক্তরাজ্যে প্রতি তিনজনে একজন উচ্চ রক্তচাপে ভোগেন।

এ গবেষণায় ১১০ স্বেচ্ছাসেবী অংশ নেন, যাদের দুই-তৃতীয়াংশই উচ্চ রক্তচাপ অথবা হাইপারটেনশনের জন্য ওষুধ সেবন করেন। পরীক্ষা করার জন্য তাদের দুই সপ্তাহ ধরে দৈনিক চারবার এক গ্রাম প্যারাসিটামল সেবন করতে বলা হয়। যারা দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছেন, তাদের ওই মাত্রাতেই প্যারাসিটামল দেওয়া হয়।

পরের দুই সপ্তাহ এই স্বেচ্ছাসেবীদের দেওয়া হয় ডামি পিল বা প্লাসিবো সেবন করতে বলা হয় (ডামি পিলে কোনো ওষুধ থাকে না, কিন্তু স্বেচ্ছাসেবীরা প্যারাসিটামল মনে করেই সেটা খেয়েছেন)।

ইউনিভার্সিটি অব এডিনবরার ক্লিনিক্যাল ফারমাকোলজিস্ট অধ্যাপক জেমস ডিয়ার বলেন, ‘পরীক্ষার ফল থেকে দেখা যায়, প্যারাসিটামল তাদের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে, যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকির অন্যতম কারণ।’

গবেষকরা চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন, দীর্ঘমেয়াদি ব্যথার রোগীদের ক্ষেত্রে যতটা পারা যায় প্যারাসিটামলের ডোজ কমিয়ে দিতে এবং যে রোগীদের উচ্চ রক্তচাপ বা হৃদরোগের ঝুঁকি আছে, তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে।

গবেষক দলের প্রধান ও এনএইচএস লোদিয়ানের ক্লিনিক্যাল ফার্মাকোলজি কনসালট্যান্ট ড. ইয়াইন ম্যাকইনটাইর বলেন, ‘এটা মাথাব্যথা ও জ্বরের জন্য দেওয়া প্যারাসিটামলের বিষয়ে বলা হচ্ছে না। এসব ক্ষেত্রে ওষুধটির ব্যবহার পুরোপুরি ঠিক আছে।’

সেন্ট জর্জেস ইউনিভার্সিটি অব লন্ডনের ক্লিনিক্যাল ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিকস বিভাগের লেকচারার ড. দিপেন্দর গিল বলেন, সার্কুলেশন সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণাপত্রে স্কটিশদের মধ্যে প্যারাসিটামল ব্যবহারে রক্তচাপের ‘একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ বৃদ্ধি’ ধরা পড়েছে। কিন্তু ‘অনেক কিছুই’ অজানা থেকে গেছে।

তিনি বলেন, ‘প্রথমত, এটা স্পষ্ট নয় যে রক্তচাপ দীর্ঘ সময় ধরে প্যারাসিটামল সেবনের সঙ্গে রয়ে যাবে কিনা। দ্বিতীয়ত, এটাও সুনির্দিষ্ট করে জানা যায়নি যে প্যারাসিটামল সেবনে যে রক্তচাপ সৃষ্টি হচ্ছে সেটাই হৃদ রোগের ঝুঁকি বাড়াচ্ছে কি না।’

এ গবেষণার অর্থায়নকারী প্রতিষ্ঠান দ্য ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন বলেছে, চিকিৎসক ও রোগীদের নিয়মিত পর্যালোচনা করা উচিত যে, কোনো ওষুধ, এমনকি প্যারাসিটামলের মতো তুলনামূলক কম ক্ষতিকর ওষুধও সেবন করা আদৌ দরকার কি না।

স্ট্রোক অ্যাসোসিয়েশনের ড. রিচার্ড ফ্রান্সিস বলেন, বিস্তৃত পরিসরে প্যারাসিটামল ব্যবহার করার ঝুঁকি ও সুবিধা নিশ্চিত করতে স্বাভাবিক ও সুস্থ রক্তচাপের মানুষের ওপর আরও বেশি সময় ধরে গবেষণা চালানো দরকার।

কানের পর্দা ফাটলে কী করবেন?

কানের পর্দা ফাটা একটা জটিল স্বাস্থ্যগত সমস্যা। দীর্ঘ শর্দি কাশি থেকেও অনেকের কানের পর্দা ফুটো হয়ে যেতে পারে। আবার আঘাত থেকেও পর্দা ফেটে যেতে পারে। এমন হলে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। সঠিক চিকিৎসা না পেলে বড় বিপদ হতে পারে।

কানের পর্দা ছিদ্র হওয়ার প্রধান কারণ কানের ইনফেকশন। পানি জমে এই ইনফেকশন হতে পারে। আবার আঘাতজনিত কারণে পর্দা ফাটা অনেক কারণে গুরুত্বপূর্ণ। যদি এ সমস্যার ঠিকমতো চিকিৎসা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এ ছিদ্র এমনিতে সেরে যায়।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ইমপালস হসপিটালের নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডা. জাহীর আল-আমিন।

কেন পর্দা ফাটে

* বাতাসের ধাক্কা- কানের ওপর চড় মারলে যে বাতাসের চাপ হয় তাতে কানের পর্দা ফেটে যায়। কানের পাশে বোম ফাটলেও একই ক্ষতি হতে পারে।

* পানির ধাক্কা- পানির মধ্যে ঝাঁপিয়ে পড়লে।

* শব্দের ধাক্কা- দেখা যায় কানের পাশে প্রচণ্ড শব্দ হলে কানের পর্দায় প্রদাহ হয়, কানের ভেতরে ছোট ছোট হাড় ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি কানে শোনার স্নায়ুও ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে কানের পর্দা ফেটে যেতে পারে।

* কানে সরাসরি আঘাত-দুর্ঘটনার সময় বা শক্ত কিছুর সঙ্গে কানে আঘাত লাগলে কানের আশপাশের হাড়, অথবা কান ও মস্তিষ্কের মধ্যে টেম্পোরাল নামক যে হাড় থাকে তা ভেঙে যেতে পারে। এতে কানের পর্দা ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কানের অন্যান্য সূক্ষ্ম যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি কানের ভেতর দিয়ে মস্তিষ্কের তরল পদার্থ সিসএফ লিক করতে পারে। বিশেষজ্ঞের পরামর্শমতো চিকিৎসা দেওয়া হয়ে থাকে এ রোগীদের।

* কটন বাড বা ধারাল অন্যকিছু দিয়ে কান খোঁচানোর সময় হঠাৎ করে কেউ ধাক্কা দিলে পর্দা ছিদ্র হয়ে যায়। যদিও এটা অনাকাঙ্ক্ষিত, তবুও সমস্যাটি আমরা প্রায়ই দেখে থাকি।

কী সমস্যা হতে পারে

আঘাত পাওয়ার পর কানটি বন্ধ হয়ে যায় বা রোগী কানে কম শুনে। কানে শোঁ শোঁ শব্দ হতে পারে, অনেক সময় কান দিয়ে রক্তও বের হতে পারে। এক্ষেত্রে কানের সঠিক চিকিৎসা না হলে দু-এক দিন পর দেখা যায় কান দিয়ে পুঁজ বা পানি বের হতে পারে।

কাদের এ সমস্যা হতে পারে

কানে সরাসরি আঘাতজনিত কারণে আঘাতের মাত্রা বেশি হলে যে কোনো কারণে পর্দা ফেটে যেতে পারে। বাতাস বা পানি বা শব্দের ধাক্কায় যখন কানের পর্দা ফাটে সেখানে অনেক ক্ষেত্রেই দেখা যায় কানের পর্দা আগে থেকেই দুর্বল ছিল যেমন- ছোটবেলায় বারবার কান পাকা রোগ থেকে কানের পর্দা দুর্বল হয়ে যায়, দীর্ঘদিনের টনসিল ও এডেনয়েড প্রদাহে ভোগা, নাকের হাড় বাঁকা, অনেক দিনের নাক ও সাইনাসে প্রদাহ ইত্যাদি। ইউস্টেসিয়ান টিউবের কাজ ঠিকমতো না হওয়ার কারণে কানের পর্দা দুর্বল হয়ে যায়। এ দুর্বল পর্দা অল্প আঘাতেই ফেটে যায়।

কী করবেন

* কান শুকনা রাখতে হবে।

* কানের ভেতরে তুলা, কটনবাড, পানি কোনো কিছুই ঢুকানো যাবে না।

* কান ভেজা অবস্থায় মাথায় পানি ঢালা যাবে না।

* তুলায় তেলে ভিজিয়ে চিপে তেল ফেলে দিয়ে তা কানে দিয়ে গোসল করতে হবে।

* ভালো হয় মাথা ও শরীর আলাদাভাবে ধুয়ে-মুছে নিলে।

কান পরিষ্কার করা যাবে না

ডাক্তারদের উচিত এ রোগীদের সাক্শন না দেওয়া কান পর্যবেক্ষণের উদ্দেশ্যে দেখা যেতে পারে, এটা ছাড়া কানের ভেতরে কোনো ইন্টারভেশন পরিহার করে চলা উচিত। কান দিয়ে পুঁজ বের না হলে কানে ড্রপ দেওয়া নিষিদ্ধ। অনেক সময় আমরা ব্যথার জন্য, ব্যথানাশক ওষুধ দেই বা ইনফেকশন রোধে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি।

এই রোগীর প্রধান চিকিৎসা হল কানের ভেতর যাতে কিছু না ঢুকে এটা নিশ্চিত করা। এভাবে কানের পর্দাকে কিছু সময় দিলে বেশিরভাগ ক্ষেত্রে যদি কানের পর্দায় ফুটা ছোট হয় তা এমনিতেই সেরে যায়। এ অবস্থায় কানের পর্দা কেমন থাকছে, সেজন্য সপ্তাহে নাক, কান, গলা বিশেষজ্ঞের কাছে পরীক্ষা করে দেখা উচিত।

কানে কখনও ইনফেকশন হয়ে গেলে আমার অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করার পরামর্শ দেই, অনেকে আবার কানের পর্দা ঠিক আছে কিনা দেখার জন্য নাক চাপ দিয়ে মুখ ফুলিয়ে কান দিয়ে বাতাস ছাড়ার চেষ্টা করে, এতে কোনো উপকার তো হয়ই না বরং দেখা গেছে, কানের পর্দা জোড়া লেগে গেলে নতুন পর্দা এ কারণে আবার ফেটে যায়। যদি আমরা নিয়মমাফিক চলি তাহলে ইনফেকশন ঠেকাতে পারি।

ছোটখাটো পর্দার ছিদ্র বেশিরভাগ ক্ষেত্রে ছোট হয়ে যায়। যাদের নাক, সাইনাস, টনসিল ও এডেনয়েডের প্রদাহের কারণে কানের পর্দা দুর্বল হয়ে গেছে, কানের পর্দা ফেটে গেছে, তাদের কানের পর্দার সমস্যার সঙ্গে এসব সমস্যার চিকিৎসা করা জরুরি। এক মাসের মধ্যে যদি এ সমস্যার সমাধান না হয় তবে অপারেশনের প্রয়োজন হতে পারে।

একে টিমপেনোপ্লাস্টি অপারেশন বলা হয় এবং এটা একটা মাইক্রোসার্জারি যা মাইক্রোসকোপের সাহায্যে অতি সূক্ষ্মভাবে করা হয়ে থাকে। কানের ভেতরে যত ইনফেকশন হবে এবং ইনফেকশনের জন্য কানের পর্দায় যে পরিবর্তন হবে তাতে অপারেশন জটিল হতে পারে এবং কানের কার্যক্ষমতা কমে যায়।

হলের সিট নিয়ে বিদেশি শিক্ষার্থীর ওপর চড়াও ছাত্রলীগ নেতাকর্মী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীর ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে আবাসিক শাহজালাল হল শাখা ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে।

মঙ্গলবার রাত ১০টার দিকে শাহজালাল হলে নেপালি শিক্ষার্থীদের রুমে শিক্ষার্থী উঠানোকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতারা তাদের গালিগালাজসহ মারধর করতে চায় বলে অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীরা।

এছাড়া বিভিন্ন সময় ছাত্রলীগের দ্বারা তাদের হয়রানির শিকার হতে হয় বলেও অভিযোগ করেছেন। কিন্তু এক্ষেত্রে এখন পর্যন্ত প্রশাসনের কোনো সাহায্য পাননি বলেও জানান তারা।

লিখিত অভিযোগ পত্রে তারা জানান, হলের সি-ব্লকের ২১২নং রুমে তিনজন নেপালি শিক্ষার্থী থাকেন। ওই তিনজনের রুমে অতিরিক্ত একজন তোলার জন্যে সদ্য বিলুপ্ত হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান শাকিল এবং বাকৃবি শাখা ছাত্রলীগের সাবেক সদস্য এনায়েত শাকিলসহ প্রায় ২০ জন নেতাকর্মী ওই নেপালি শিক্ষার্থীদেরকে চাপ প্রয়োগ করে।

ওই সময় রুমে উপস্থিত ছিলেন রবি যাদব নামের ভেটেরিনারি অনুষদের ৩য় বর্ষের একজন নেপালি শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের প্রস্তাবে রাজি না হওয়ায় এক পর্যায়ে বাকবিতণ্ডায় জড়ায় তারা। এরপর নেতাকর্মীরা অশ্রাব্য গালিগালাজ করতে থাকে এবং এক পর্যায়ে নাজমুল হাসান শাকিল জুতো দিয়ে রবি যাদবকে মারধর করতে উদ্যত হন।

জানা যায়, এর আগেও নাজমুল হাসান শাকিলের বিরুদ্ধে আরেক শিক্ষার্থীকে হলের কক্ষ থেকে বের করে দেয়ার অভিযোগ রয়েছে। ১৯ জানুয়ারি ২০২১ সালে শাহাজালাল হলের রাসেল হোসেন নামের এক শিক্ষার্থীকে হলের ১০৯ নম্বর রুম থেকে বের করে দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগকারী শিক্ষার্থীরা আরও জানান, ওই রাতেই পরে আমরা প্রভোস্টকে বিষয়টি জানালেও প্রভোস্ট এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এছাড়া আমরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো সহযোগিতা পাইনি। এর আগেও বিভিন্ন সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের সঙ্গে খারাপ আচরণ করে আসছিল। আমরা এখানে পড়াশোনা করার জন্যে এসেছি। কারো সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। কিন্তু মাঝে মাঝে ছাত্রলীগের দ্বারা হয়রানির শিকার হতে হয়। এমতাবস্থায় আমাদের নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।

নাজমুল হাসান শাকিল তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কথা। আমাদের হলে তিনটি ব্লকে সংস্কার কাজ চলছে। রবি যাদব গত তিনমাস ধরে তার রুমে একা থাকতেন। আমি বলেছিলাম তাকে যে, সংস্কার কাজ চলা পর্যন্ত তুমি তোমার রুমে আরও একজনকে নিয়ে থাকো। কিন্তু সে এখানে অপারগতা প্রকাশ করে। পরবর্তীতে সে গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) থেকে ২ জন বিদেশি (নেপালি) শিক্ষার্থীকে রুমে তুলে নেয়। সে যদি আগেই বলতো যে তার রুমে বিদেশী শিক্ষার্থী তুলবে তাহলে আমি জোর করতাম না। পরবর্তীতে বিষয়টি হলের প্রভোস্ট মীমাংসা করে দেয়।

এনায়েত শাকিলও চড়াও হওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আমাদের হলে সিট সংকট চলছে। হলে বিদেশি এবং দেশি ছাত্র সবাই সমান। বিদেশি শিক্ষার্থীর রুমে একজন ছিল তাই তার রুমে অন্যজনকে তুলার কথা বলা হয়েছিল। কিন্তু সে তুলতে চায়নি।

শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক কামরুল হাছান বলেন, ঘটনাটি জানার পর আমি সকালে হলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিষয়টির মীমাংসা করে দিয়েছি।

প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, বিষয়টি মূলত প্রভোস্টের দেখার দায়িত্ব। প্রভোস্ট যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে প্রক্টরিয়াল বডি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। তবে আমি যতদূর জানি, প্রভোস্ট বিষয়টি মীমাংসা করে দিয়েছেন।

কর্ণাটকে হিজাব বিতর্কে ঢাকায় বিক্ষোভ মিছিল (ভিডিও)

ভারতের কর্ণাটক রাজ্যে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সঙ্গে সংহতি ও হিজাব নিষিদ্ধের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে।

বুধবার রাত ৮টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ কর্মসূচি পালিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেন, ভারতের সেক্যুলার সংবিধান অনুযায়ী ধর্মীয় বিধান পালন ও পোশাক পছন্দের বিষয়টি একজন মানুষের সাংবিধানিক অধিকার। কিন্তু কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ও মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার জন্য কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের মতো সংবিধান বিরোধী নির্লজ্জ সিদ্ধান্ত নিয়েছে। এর জেরে ভারতে মুসলিম বিদ্বেষের ঘটনা ঘটেছে। কোথাও বাসে পাথরবৃষ্টি, কোথাও পুলিশের লাঠিচার্জের মতো ঘটনা ঘটেছে।

কেন্দ্রীয় সহসভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে এর প্রভাব বাংলাদেশেও পড়ার সম্ভাবনা আছে। তাই সরকারের উচিৎ এই ইস্যুতে কূটনীতিক তৎপরতা জোরদার করে দেশের সম্প্রীতি রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা, প্রশিক্ষণ সম্পাদক নূরুল বশর আজিজী, ঢাবি সহসভাপতি ইয়াসিন আরাফাতসহ কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতৃবৃন্দ।

গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজেহিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছেন মুসলিম ছাত্রীরা।

অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন শুরু করেছে।

সম্প্রতি ভারতের কর্ণাটকের একটি কলেজে হিজাব পরার কারণে কয়েকজন ছাত্রীকে কলেজ গেটে আটকে দেওয়ার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়।

এতে কর্ণাটকের কুন্দাপুর উপকূল এলাকার উদুপুর জেলায় অধ্যক্ষের কাছে কলেজছাত্রীদের অনুনয় করতে দেখা যায়। তারা অধ্যক্ষকে হিজাব পরে ক্লাসে অংশ নেওয়ার অনুমতির জন্য আহ্বান জানান।

এই ঘটনার এক মাস আগে উদুপুরের পিইউ গার্লস কলেজে প্রথম হিজাব পরা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয়। একজন ছাত্র হিজাব, হেডস্কার্ফ পরে শ্রেণিকক্ষে অংশ নিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

কর্ণাটকের রাজ্য সরকার জানিয়েছে, রাজ্যের শিক্ষানীতি অনুযায়ী সকল শিক্ষার্থীকে (ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল কর্তৃক নির্ধারিত) একই পোশাক পরে শ্রেণিকক্ষে আসতে হবে। কারণ তারা সবাই একই পরিবারের সদস্য।

তবে সরকারের পক্ষ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঠিক করবে ছাত্র-ছাত্রীরা কেমন পোশাক পরবে।

এমন পরিস্থিতিতে ক্লাসে ছাত্রীরা হিজাব পরতে পারবে কিনা, তার সমাধানে কর্ণাটক হাইকোর্টে পিটিশন দাখিল করেন কর্ণাটক সরকারি কলেজের পাঁচ ছাত্রী। কিন্তু হাইকোর্টও এ ব্যাপারে কোনো সমাধানে আসতে পারেননি। বিষয়টি সমাধানের ভার প্রধান বিচারপতির হাতেই ছেড়ে দিয়েছে কর্ণাটক হাইকোর্ট।

এবার ‘পুষ্পা’ গানে নাচলেন দীঘি, ভিডিও ভাইরাল

করোনার ঊর্ধ্বগতির মধ্যেও ভারতের দক্ষিণী সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ বক্স অফিসে বাজিমাত করেছে। বিশেষ করে বলিউডে রেকর্ড গড়েছে সিনেমাটি। ইতিমধ্যে বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটির ব্যবসা করেছে।

এদিকে সিনেমার সংলাপ, নাচ যেন ভাইরাসের মতো ছড়িয়ে গেছে সবখানে। পুষ্পার ‘শ্রীভল্লি’, ‘সামে’, ‘চাকা চাকা’ গানে মেতেছেন নেটিজেনরা।

এবার আল্লুর ‘পুষ্পা’ জ্বরে আক্রান্ত হলেন বাংলাদেশি নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমার ‘সামে’ গানে অভিনেত্রী রাশমিকার মতো করে কোমর দুলিয়ে নাচলেন তিনি। দীঘির সেই নাচ সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই মূহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

এ নাচে দীঘিকে সঙ্গ দিয়েছেন কোরিওগ্রাফার তানজিল জনি। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেন জনি। পোস্টের পর একদিন পার করতেই ভিডিওর ভিউ দেড় লাখ ছাড়িয়ে গেছে।

জানা গেছে, একটি পণ্যের ফটোশুটে গিয়ে তিনি ফ্যাশন কোরিওগ্রাফার তানজিল জনির সঙ্গে ‘সামে’ গানের তালে নাচেন।

কিছু মানুষ জায়েদ খানকে নিয়ে গুজব ছড়াচ্ছে: সোহান

এ মুহূর্তে সিনেপাড়ার গুঞ্জন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে বিতর্কের জেরে জায়েদ খানকে বয়কট করা হয়েছে।

১৮টি সংগঠনের কয়েকজনের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, বুধবার রাতে নাকি এ নায়ককে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিষয়টি গোপন রয়েছে এখন।

কিন্তু খবরটি গুজব বলে উল্লেখ করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচনের আপিল বিভাগের প্রধান সোহানুর রহমান সোহান।

এমন মিথ্যা খবর ছড়ানোতে ক্ষোভ জানিয়ে বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন এ পরিচালক। কিছু মানুষ ঝামেলা বাধাতে জায়েদ খানকে নিয়ে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ‌‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত পরিচালক।

সোহানুর রহমান সোহান বলেছেন, ‘জায়েদ খানকে বয়কটসংক্রান্ত কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের। বিভিন্ন মহল থেকে এ নিয়ে নানা বক্তব্য ভেসে আসছে, যার ভিত্তি নেই। আমাদের ১৮ সংগঠনের মুখপাত্র আলমগীর ভাই এ বিষয়ে আগামী ১৪ তারিখে ব্রিফ করবেন। এর মধ্যে জায়েদ খানকে কেন্দ্র করে আমাদের নামে কোনো গুজব ছড়ানো যাবে না। আমরা সেদিন বুঝেশুনেই সিদ্ধান্ত নিব। আপনারা কেউ অন্যের কথায় কান দেবেন না।’

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে সোহানুর রহমান সোহান বলেন, ‘কে কি কী লিখছে এগুলো আমাদের জানার বিষয় না। আমার নামে কিছু লিখলেও ভুল লিখছেন। কারণ, আমি এমন কিছু বলিনি। কিছু মানুষ ঝামেলা বাধানোর জন্য জায়েদ খানকে কেন্দ্র করে গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে আমি সবাইকে সতর্ক করছি, আমাদের মুখপাত্র আলমগীর ভাই যা বলবেন, সেটাকেই সত্য মানতে হবে। তিনি যদি বলেন, বয়কট তাহলে বয়কট। তবে জায়েদকে বয়কট করা হবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি।’

উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার আদালত। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কেউ বসবেন না শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

আইপিএলের জন্য টেস্ট খেলবেন না সাকিব

দক্ষিণ আফ্রিকার সঙ্গে আগামী ৩১ মার্চ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে। এদিকে ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসর। নিলামে দল পেলে দক্ষিণ আফ্রিকা সময়ের দুই টেস্ট খেলবেন না সাকিব আল হাসান।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়, টেস্ট না খেললেও সফরের ৩টি ওয়ানডে খেলবেন সাকিব। মূলত আইপিএলের জন্যই টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, দক্ষিণ আফ্রিকা সফরে নিশ্চিতভাবেই ওয়ানডে খেলবে সাকিব। তবে টেস্ট খেলার ব্যাপারে এখনো বোর্ডকে কোনোকিছুই জানাননি তিনি। তবে এরপর শ্রীলঙ্কার সফরে দুই টেস্টের যে সম্ভাব্য সূচি আছে আগামী ৩ মে থেকে ২৫ মে। এই সময় জাতীয় দলের সঙ্গে থাকবেন টাইগার অলরাউন্ডার।

এদিকে, গত ২২ ডিসেম্বর সাকিব জানিয়েছিলেন, একই সঙ্গে তিন ফরম্যাটে খেলা অসম্ভব। যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার আগে বেসরকারি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। তার স্ত্রী-সন্তানরা রয়েছেন যুক্তরাষ্ট্রে। সাকিব বলেন, ‘একসঙ্গে তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া অসম্ভব। আপনি যখন ৪০-৪২ দিনের মধ্যে দুইটা টেস্ট খেলেন এটা কোনোভাবেই ফলপ্রসূ হওয়ার মতো বিষয় না।’

তিনি আরও বলেছেন, আমার কাছে কোনটা গুরুত্বপূর্ণ আমি জানি, কোনটার অগ্রাধিকার দিতে হবে সেটাও জানি। এখন আসলেই এমন সময় এসেছে যে আমি টেস্ট নিয়ে চিন্তা করছি। এটাই হচ্ছে বিষয়। আমি আদৌ আর টেস্ট খেলব কি না, খেললেও কীভাবে খেলব।’

ভারতের মাঠের নামে মেয়ের নাম রাখলেন ক্যারিবীয় অলরাউন্ডার

প্রথমবারের মতো বাবা হলেন ক্যারিবীয় অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট। মঙ্গলবার কন্যাসন্তানের জন্ম দেওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি।

আর সেদিনই ভারতের এক ক্রিকেট মাঠের নামে মেয়ের নাম রাখেন ব্রাথওয়েট। এ উইন্ডিজ তারকার মেয়ের নাম – ইডেন রোজ ব্রাথওয়েট।

অর্থাৎ কলকাতার ইডেন গার্ডেন্সের নামে মেয়ের নাম রাখলেন উইন্ডিজ অলরাউন্ডার।

এ নাম রাখার অন্যতম কারণ – আর সব মাঠ থেকে ইডেন গার্ডেন্সকে আলাদা চোখেই দেখেন কার্লোস ব্রাথওয়েট। মাঠটি এই অলরাউন্ডারের কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংলিশ বোলার বেন স্টোকসকে টানা চারটি ছক্কা হাঁকিয়ে নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বচ্যাম্পিয়ন বানিয়েছিলেন তিনি।

মেয়ের নাম রেখে ইডেনের সেই স্মৃতিকে এভাবেই ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে নিলেন এই ক্যারিবীয় অলরাউন্ডার।

ব্রাথওয়েট নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও কন্যাসন্তানের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লেখেন, ‘রিমেমবার দ্য নেম, ইডেন রোজ ব্রাথওয়েট।’

এমন ক্যাপশন দিয়ে মূলত ইডেনে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দিনে ধারাভাষ্যকার ইয়ান বিশপের মন্তব্যকে স্মরণ করিয়ে দিলেন ব্রাথওয়েট।

সেদিন এ অলরাউন্ডারের অতিমানবীয় পারফরম্যান্স দেখে বিশপ বলেছিলেন, ‘রিমেমবার দ্য নেম, কার্লোস ব্রাথওয়েট।’

মেম্বারের বাড়িতে অগ্নিসংযোগ মামলার আসামি শতাধিক, আটক ৯

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নির্বাচিত মেম্বারের বাড়িতে ভাঙচুর আগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে।

বুধবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় উচাখিলা ইউনিয়নের মরিচার চর মাইজপাড়া গ্রামের নির্বাচিত মেম্বার আবুল বাশার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এদিকে এ ঘটনায় বিকালে উপজেলা পরিষদের সামনে থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলামসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে উচাখিলা ইউনিয়নের মরিচার চর মাইজপাড়া গ্রামের নির্বাচিত মেম্বার আবুল বাশারের বাড়িঘরসহ আশপাশের কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে অগ্নিসংযোগ, একটি গরু হত্যা করে মালামাল লুট করা হয়।

এ ঘটনায় আবুল বাশার বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম, মমতার উদ্দিন, নোমান মিয়া, ফাখরুল ইসলাম, আনিছুর রহমান গোলাম, ইউছুফ আলী, মো. ইসলাম, সাইফুল ইসলাম, রিপন মিয়াকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া জানান, এ মামলায় ৯ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

সাফারি পার্কে প্রাণি মৃত্যুর ঘটনায় এবার ৮ সদস্যের তদন্ত কমিটি

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রাণীর মৃত্যুর ঘটনা তদন্তে এবার আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার তদন্ত কমিটির প্রধান প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও ১০ কার্যদিবস বৃদ্ধির আবেদন করেছেন। তবে আগামী শনিবার আবার তদন্তে পার্কে আসবেন কমিটির সদস্যরা।

তদন্ত দলের সদস্য সচিব আব্দুল ওয়াদুদ জানান, তদন্ত কমিটিকে ২৭ জানুয়ারি থেকে ১০ কার্য দিবসের মধ্যে জেব্রাগুলির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, জেব্রাগুলির মৃত্যুর ঘটনায় সাফারি পার্কে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদের গাফিলতি পরিলক্ষিত হলে তা চিহ্নিতকরণ এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ সংবলিত তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করার জন্য বলা হয়েছে।

পরে কমিটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সদস্যকে কো-অপ্ট করা হয়েছে এবং নির্ধারিত সময়ে তদন্ত সম্পন্ন না হওয়ায় বুধবার মন্ত্রণালয়ে ওই তদন্তের জন্য আরও ১০ দিন সময় বৃদ্ধির আবেদন করা হয়েছে বলে তিনি জানান।

কমিটির সদস্য অঞ্জন কুমার সরকার জানান, আগামী শনিবার তারা আবার তদন্তে পার্কে আসবেন।

তদন্ত কমিটির সদস্য-সচিব পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখার উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সম্প্রতি জেব্রাগুলোর মৃত্যুর কারণ উদঘাটনে ২৬ জানুয়ারি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

পরে এই কমিটিতে কেন্দ্রীয় রোগ নির্ণয় ল্যাব (সিডিআইএল)-এ কর্মরত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আজম চৌধুরী, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি ল্যাব প্রধান অধ্যাপক মো. নুর আলী হাদী খান এবং জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) অঞ্জন কুমার সরকারকে কো-অপ্ট করা হয়।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ কমিটির সদস্যরা সাফারি পার্কে ঠিকাদারসহ কয়েকজন কর্মকর্তা/কর্মচারীর বক্তব্য নিয়েছেন। পরে বিকালে তারা গাজীপুর সার্কিট হাউজে মতবিনিময় করেন।

উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত পার্কের আফ্রিকান সাফারিতে ১১টি জেব্রা মারা যায়। পরে সপ্তাহের ব্যবধানে একটি সিংহী মারা যায়। তবে জেব্রার মৃত্যু নিয়ে আলোচনা চলাকালেই একটি বাঘ মারা যাওয়ার খবর চেপে রেখেছিলেন পার্ক কর্তৃপক্ষ, পরে সেটিও ফাঁস হয়ে যায়। চলতি সপ্তাহে আরও একটি বাঘ ও একটি সিংহ অসুস্থ হয়ে পড়েছে।