শুক্রবার ,১৫ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 208

বিএনপিকে সহিংসতার দিকে নিতে চাচ্ছে আ. লীগ: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, গুলি করে বিএনপিকে সহিংসতার দিকে নিতে চাচ্ছে। সন্ত্রাস দিয়ে আওয়ামী লীগের জন্ম, সন্ত্রাস দিয়ে দলটি রাজনীতি করে, আর সন্ত্রাস দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনে যেন বিরোধী দল কোনোভাবে অংশ নিতে না পারে, সে কারণে এখন থেকেই ভয়াবহ তাণ্ডব শুরু করেছে সরকার। পুলিশ কোনো আইন না মেনে কথায় কথায় গুলি চালাচ্ছে।

সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলনের কর্মসূচি চলবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারকে অবশ্যই সরে যেতে হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সংসদ বিলুপ্ত করতে হবে। একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই দাবি আদায়ে আন্দোলনের কর্মসূচি চলতেই থাকবে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে কর্মসূচি আছে। এরপর আবার নতুন কর্মসূচি দেওয়া হবে। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ১৪ দিনে সারা দেশে দলের নেতাকর্মীদের ওপর সরকারের দমনপীড়নের চিত্র তুলে ধরেন তিনি।

বৃহত্তর প্ল্যাটফর্ম গঠন করে আন্দোলনকে বেগবান করার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আশা করছি, অল্প সময়ের মধ্যে এটাকে চূড়ান্ত করে জাতির সামনে উপস্থাপন করতে পারব।

বিএনপির কর্মসূচিতে ক্ষমতাসীন দল ও পুলিশি হামলার চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ২২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশ বিশেষ করে নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, খুলনা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ছাড়াও আরও বেশ কয়েকটি স্থানে মামলায় প্রায় ৪ হাজার ৮১ জনের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি প্রায় ২০ হাজার। ২০-২৫টি স্থানে বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এতে নিহত হয়েছে তিনজন, আহত হয়েছে ২ হাজারের অধিক নেতাকর্মী। গ্রেফতারের সংখ্যা ২শ জনের অধিক।

তিনি বলেন, কর্তৃত্ববাদী গণবিরোধী ফ্যাসিস্ট সরকারবিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষদের হত্যা, গ্রেফতারের যে অপতৎপরতা অব্যাহত রেখেছে তা বন্ধের আহবান জানাচ্ছি। নিরপেক্ষ তদন্ত করে হত্যাকারী ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গ্রেফতারকৃতদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এছাড়া হতাহতদের ক্ষতিপূরণ দিতে হবে। সরকার যদি অশুভ তৎপরতা বন্ধ না করে তাহলে জনগণের ঐক্যের যে আন্দোলন শুরু হয়েছে তা ক্রমান্বয়ে গণবিস্ফোরণে পরিণত হবে।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের ছলের অভাব নেই। ওরা প্রতিমুহূর্তে ছল তৈরি করে এবং ছল তৈরি করে আন্দোলনকে বিপথে পরিচালিত করে, গণতন্ত্রকে ধ্বংস করে। তারা আমাদের কর্মসূচিকে আগুন সন্ত্রাস নাম দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে।

নারায়ণগঞ্জে মামলা দায়ের বিষয়ে মির্জা ফখরুল বলেন, শাওন হত্যা মামলা দায়ের করেছি। আমরা প্রত্যেক খুন-জখম-হত্যার বিরুদ্ধে অবশ্যই আইনি লড়াই চালিয়ে যাব।

মিয়ানমার সীমান্তে মর্টারশেল প্রসঙ্গে তিনি বলেন, এই সরকারের তো জনগণের শক্তি নেই। তারা টিকে আছে অন্যদের শক্তিতে। যে কারণে তারা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যে ভূমিকা নেওয়া প্রয়োজন সেই ভূমিকা নিতে পারে না।

রোববার ফরিদপুরসহ কয়েকটি স্থানে বিএনপির কর্মসূচিতে হামলার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার আরও বেশি দানবীয় রূপ ধারণ করেছে। ফরিদপুরে হামলায় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ নেতাকর্মীদের আহত করার তীব্র নিন্দা জানান তিনি।

সড়ক-মহাসড়ক যেন মরণ ফাঁদ: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, সড়ক-মহাসড়ক যেন মরণ ফাঁদ। পথে বের হলেই আর জীবনের নিরাপত্তা নেই। প্রতিদিনের দুর্ঘটনায় অসংখ্য জীবন ঝরে যাচ্ছে। মনে হচ্ছে সড়কের নিরাপত্তা নিশ্চিতে কারও দায়িত্ব নেই। প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যু হবে, এটাই যেন স্বাভাবিক ব্যাপার। আজও রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।

সোমবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রোড সেফটি ফাউন্ডেশনের দেওয়া তথ্যমতে, গেল আগস্ট মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৫১৯ জনের করুণ মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭২ জনের প্রাণ গেছে। মোট দুর্ঘটনার ৩৯ দশমিক ৯৫ শতাংশই মোটরসাইকেলে ঘটেছে। এমন তথ্যে, সমাজের অভিভাবক মহলের মাঝে শঙ্কা সৃষ্টি হয়। কিন্তু টনক নড়ে না সংশ্লিষ্টদের।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, শুধু অব্যবস্থাপনা আর দুর্নীতির জন্যই দুর্ঘটনা বেড়ে চলছে। অব্যবস্থাপনায় বাংলাদেশ যেন বিশ্বচ্যাম্পিয়ন। প্রতিদিন সড়কে হাজার কোটি টাকার চাঁদা আদায় হয়। সেই চাঁদা ভাগ হয় বিভিন্ন সেক্টরে। পরিবহণ সংশ্লিষ্টদের ভাগ্য ফেরে কিন্তু অনিরাপদ থেকে যায় সাধারণ মানুষের জীবন। পরিবহণ সেক্টর নিরাপদ করতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।
সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারে সৃষ্টি হয় ভয়াবহ অনিশ্চয়তা। প্রতিবছর হাজার হাজার মানুষ সড়কে পঙ্গু হয়ে অসহায় জীবনযাপন করে। সরকার সড়ক-মহাসড়ক নিরাপদ করতে কার্যকর উদ্যোগ নেবে, দেশের মানুষ এমনটাই প্রত্যাশা করে।

একের পর এক মামলা বাড়িছাড়া নেতাকর্মীরা

পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় চার জেলায় বিএনপির সাত হাজার নেতাকর্মীকে আসামি করে ১৬টি মামলা করা হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নোয়াখালীর পাঁচ উপজেলায় ১৩টি মামলা হয়েছে। এসব মামলায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ-সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকনসহ ৪ হাজার ৬২০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এছাড়া পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিনসহ দেড় হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় বরগুনার পাথরঘাটায় সাবেক সংসদ-সদস্য নুরুল ইসলাম মনিসহ ৪০০ জনকে এবং ফরিদপুরে ৫০০ জনকে আসামি করে হামলা হয়েছে। এসব মামলার পর বিএনপির হাজার হাজার নেতাকর্মী বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ সম্পর্কে ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খবর-

নোয়াখালী : পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নোয়াখালীর পাঁচ জেলায় ১৩টি মামলা হয়েছে। সুধারাম থানায় তিনটি, বেগমগঞ্জ থানায় দুটি, সোনাইমুড়ী থানায় চারটি, সেনবাগ থানায় দুটি এবং চাটখিল থানায় দুটি মামলা করেছে পুলিশ। এতে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ-সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, জেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া, অ্যাডভোকেট আবদুর রহমানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১ হাজার ২২০ জনের নামসহ ৪ হাজার ৬২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসব মামলা হওয়ার পর হাজার হাজার নেতাকর্মী ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আবার যেসব নেতাকর্মী কোনো মামলার আসামি নন, তারাও গ্রেফতার আতঙ্কে বাড়ি ছেড়ে লুকিয়ে থাকছেন। এরই মধ্যে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ১৩৮ নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান জানান, আদালত থেকে জামিন নেওয়ার পরও বিএনপি নেতাদের পুলিশ গ্রেফতার করছে। তিনি বলেন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। অথচ শনিবার নোয়াখালী সুপার মার্কেটের দোকান থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। এছাড়া রোববার রাতে সুধারাম, বেগমগঞ্জ, সেনবাগ ও চাটখিল, সোনাইমুড়ির ৩০-৪০ জন নেতাকর্মীর বাড়িতে পুলিশ, আওয়ামী লীগ ও যুবলীগ হানা দিয়েছে। বাড়িতে নেতাকর্মীদের না পেলে তাদের বৃদ্ধ বাবা-মাকে অপমান ও তুচ্ছ-তাচ্ছিল্য করে অপমান করা হচ্ছে।

এদিকে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযান চালানোর অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, এটা বিএনপির জুজুর ভয়। জামিনপ্রাপ্ত কাউকে গ্রেফতার করা হয়নি জানিয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতার জিয়াউর একটি মামলায় জামিন নিয়েছেন। কিন্তু একই দিন করা আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ : পাকুন্দিয়ায় বিএনপির সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিনসহ দেড় হাজার নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ। শনিবার বিএনপির সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে পাকুন্দিয়া উপজেলা সদর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ১০০ নেতাকর্মী পুলিশের গুলিতে অথবা লাঠিচার্জে গুরুতর আহত হয়। শনিবার রাতে পাকুন্দিয়া থানার উপপরিদর্শক শাহ কামাল মামলাটি করেন। এরই মধ্যে ২৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়ায় ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ মজিবুরকে দেখতে এসেছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। শনিবার পাকুন্দিয়া উপজেলায় পুলিশ ও আওয়ামী লীগের হামলায় মাইজহাটি গ্রামের মজিবুর আহত হন। তাকে দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

এদিকে সোমবার বাজিতপুর উপজেলার সরারচর শিবনাথ উচ্চবিদ্যালয় এলাকায় জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করেছে বিএনপি। তবে পথে পথে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে ও বাধা দেয়। বাজিতপুর উপজেলা বিএনপি সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, আওয়ামী লীগের হামলায় পৌর ও ইউনিয়ন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। অনেক গাড়িও ভাঙচুর করা হয়েছে। তিনি বলেন, গুলি করে এবং হত্যার ভয় দেখিয়ে রাজপথ থেকে বিএনপিকে আর সরানো যাবে না। পথে পথে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বরগুনা : পাথরঘাটায় রোববার আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় বরগুনা-২ আসনের সাবেক সংসদ-সদস্য ও বিএনপি নেতা নুরুল ইসলাম মনি ও তার ভাই সাইফুল ইসলাম জামাল, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, বিএনপি নেতা সেলিম পহলান, আবুল হোসেনসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন পল্টুর করা মামলায় ৯৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজিব, পাথরঘাটা পৌর ছাত্রদলের সদস্যসচিব খায়রুল ইসলাম শরীফ, রায়হানপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন, ছাত্রদলকর্মী হাসিব ও শাওনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার পাথরঘাটার রায়হানপুরে বিএনপি নেতা নুরুল ইসলাম মনির গাড়িবহর ও নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে বিএনপির অভিযোগ। সোমবার ডাকা সমাবেশে যোগ দিতে মনি পাথরঘাটায় আসার পথে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫০টি মোটরসাইকেল ভাঙচুরসহ দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হন। রোববার রাতে এক সংবাদ সম্মেলনে সমাবেশ স্থগিত করা হয়। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা জানান, নুরুল ইসলাম মনি বরগুনা-২ আসনে তিনবার জিতেছেন। সোমবার দলীয় কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা ছিল।

পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন বলেন, বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সোমবার উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ ডেকেছিল। রোববার বিকলে ছাত্রলীগ নেতারা উপজেলার রায়হানপুর এলাকায় নেতাকর্মীদের দাওয়াত দিতে গেলে বিএনপি তাদের ওপর হামলা চালায়। এতে আটজন কর্মী আহত হয়েছেন। এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান জানান, পাথরঘাটায় হামলা-সংঘর্ষের ঘটনায় ৯৯ জনকে এজাহারভুক্ত এবং আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ফরিদপুর : বিএনপির সমাবেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হামলার ঘটনায় কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ ৩১ জনের নামসহ ৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে। সোমবার ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ ফকির মামলাটি করেন। মামলার এজাহারে পাঁচ পুলিশ সদস্যের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল যুগান্তরকে বলেন, বিএনপির সমাবেশ উপলক্ষ্যে হামলার ঘটনায় মামলা হয়েছে।

সেই হামলায় রুশ দূতাবাসের দুই কর্মীও প্রাণ হারিয়েছেন

আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত রুশ দূতাবাসের আত্মঘাতী বোমা হামলায় নিহতের মধ্যে রুশ দূতাবাসের দুজন কর্মীও রয়েছেন বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সোমবার কাবুলে রাশিয়ান দূতাবাসের প্রবেশপথের কাছে এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়।

একটি সূত্র আরআইএ-নভোস্তি সংবাদ সংস্থাকে জানিয়েছে, দূতাবাসের একজন কর্মচারী লাইনে দাঁড়িয়ে থাকা লোকদের কাছে যাওয়ার সময়  বিস্ফোরণ ঘটে।

রয়টার্স এর আগে জানিয়েছে , কম্পাউন্ড গার্ডরা আত্মঘাতী বোমা হামলাকারীকে শনাক্ত করে তাকে লক্ষ্য করে গুলি চালায়।

স্থানীয় কয়েকটি সূত্র অবশ্য দাবি করছে, নিহতের সংখ্যা ২০ জন ছাড়িয়ে যাবে।  খবর রয়টার্সের।

আফগানিস্তানের রাজধানী কাবুলের সপ্তম জেলার দার-উল-আমান রোডে অবস্থিত রাশিয়ান দূতাবাসের পাশে আত্মাঘাতী বোমাটির বিস্ফোরণ ঘটেছে।

একজন কূটনীতিক রাশিয়ান ভিসার জন্য আবেদনকারী শিক্ষার্থীদের তালিকা ঘোষণা করতে বাইরে এলে বিস্ফোরণটি ঘটে।

ক্ষমতাসীন তালেবান কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্ফোরণের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৬

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে সোমবার আঘাত হানা ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্টের ১০ কিলোমিটার গভীরে স্থানীয় সময় দুপুর১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে,  প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে যে সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে ‘পাহাড়ের ভূমিধসের কারণে আবাসনের গুরুতর ক্ষতি হয়েছে। এতে কিছু এলাকায় টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগও।

প্রাদেশিক রাজধানী চেংডুতেও ভূকম্পন অনুভূত হয়েছে। ওই শহরে যেখানে লাখ লাখ মানুষ কঠোর কোভিড লকডাউনের কারণে তাদের বাড়িতেই বন্দি রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন।

পাবঁচ শতাধিক উদ্ধারকর্মীকে কেন্দ্রস্থলে পাঠানো হয়েছে বলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে। এছাড়া আশেপাশের এলাকায় বেশ কিছু আফটারশক রেকর্ড করা হয়েছে।

ইমরান খানের জামিনের মেয়াদ আবারও বাড়াল আদালত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশটির একটি আদালত তার আগাম জামিনের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়েছে।

আগে নেওয়া জামিনের মেয়াদ ১ সেপ্টেম্বর শেষ হলে বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় ওই আদালতে হাজির হন ইমরান খান। খবর ডন ও আরব নিউজের।

ইমরার খানের আইনজীবী গণমাধ্যমকে জানান, আদালত সাবেক এই প্রধানমন্ত্রীর জামিনের মেয়াদ আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে।

এর আগে গত ২০ আগস্ট এফ-৯ পার্কে পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) সভায় ইমরান খান এক নারী বিচারক ও পুলিশ কর্মকর্তাদের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ।

উসকানিমূলক ওই ভাষণ দেওয়ার অভিযোগে ২২ আগস্ট ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

এ ঘটনায় ইমরান খানের আইনজীবী জামিন চাইলে তাকে ২৫ আগস্ট পর্যন্ত জামিন দেন ইসলামাবাদের হাইকোর্ট। সঙ্গে নির্দেশ দেওয়া হয় ২৫ আগস্ট একটি সন্ত্রাসবিরোধী আদালতে উপস্থিত হতে হবে।

এদিন ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালতে গেলে বিচারক রাজা জাওয়াদ আব্বাস ইমরান খানকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন।

১ সেপ্টেম্বর পর্যন্ত যেন আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার না করে সেই নির্দেশনাও দেওয়া হয়।

নিজামউদ্দিন আউলিয়ার মাজারে প্রধানমন্ত্রী

ভারত সফরের প্রথম দিন দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাহ পরিদর্শন ও মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকালে তিনি হযরত নিজামউদ্দিন আউলিয়ার মাজার পরিদর্শনে যান।

এসময় সেখানে দোয়া-মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। জিয়ারতের পাশাপাশি মাজারের বিভিন্ন কার্যক্রমও পরিদর্শন করেন তিনি।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১২টায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দরে পৌঁছানোর পর শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এসময় ছয় থেকে সাত সদস্যের একটি সাংস্কৃতিক দল নৃত্য ও বাদ্যযন্ত্র বাজিয়ে বঙ্গবন্ধুকন্যাকে স্বাগত জানান।

প্রথম দিনই দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে বাংলাদেশ সরকারের দূতাবাস কার্যালয়ে হচ্ছে এ বৈঠক।

প্রধানমন্ত্রীর চারদিনের এই রাষ্ট্রীয় সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সঙ্কট সমাধানে সহযোগিতা আলোচ্যসূচিতে  থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সফরের এজেন্ডার শীর্ষে উভয় দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও উন্নত করা, আঞ্চলিক সংযোগের উদ্যোগ সম্প্রসারণ এবং দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার বিষয়টিও রয়েছে বলে জানিয়েছে এএনআই।

রাখাইনের অস্থিরতার দিকে নজর রাখছে ভারত

মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক অস্থিরতার দিকে ভারত নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সোমবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নয়াদিল্লিতে হোটেল আইটিসি মাওরায় সৌজন্য সাক্ষাৎকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেছেন।

বৈঠক শেষে ভারতীয় মন্ত্রীর বরাত দিয়ে বাংলাদেশের সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এক সংবাদ ব্রিফিংয়ে জানান, ‘তারা আমাদের বলেছে যে, ভারত সেখানে (রাখাইন রাজ্য) সৃষ্ট অস্থিরতার দিকে নজর রাখছে।’

বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন যে, রাখাইন রাজ্যে সাম্প্রতিক অস্থিরতার ইস্যুতে রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যাহত হবে কিনা। প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘প্রত্যেকেরই সেই আশঙ্কা রয়েছে।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার প্রেরণা হিসেবে কাজ করবে। তিনি মনে করেন, এই সফরের ফলে এক বছরে (২০২১) ভারতীয় রাষ্ট্রপতি এবং ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের মাধ্যমে শুরু হওয়া চক্রটি শেষ হয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে বাংলাদেশ ও ভারত উভয়ই প্রতিবেশী দেশগুলোর মধ্যে সংযোগ বাড়াতে তাদের প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করবে এমন প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিতে হবে।

পররাষ্ট্র সচিব বলেন, এ লক্ষ্যে এই অঞ্চলে আরও ভালো যোগাযোগের জন্য বিবিআইএন-এর মতো উদ্যোগকে বেগবান করতে হবে।

হোটেলে ফেরার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গৌতম আদানী। এরপর সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ভবনে যান। সেখানে প্রধানমন্ত্রীর সম্মানে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরানের দেওয়া নৈশভোজে যোগ দেন। এই নৈশভোজে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক শিরিনকে গুলি করার কথা ‘স্বীকার’ ইসরাইলের!

ফিলিস্তিনি-মার্কিন  সাংবাদিক শিরিন আবু আকলেহের ‘দুর্ঘটনাবশত’ ইসরাইলি সেনাবাহিনীর ছোড়া গুলিতে নিহত হওয়ার ‘উচ্চ সম্ভাবনা’ রয়েছে বলে জানিয়েছে তেল আবিব।  বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে এই হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো অপরাধ বিষয়ক তদন্ত শুরু করবে না বলেও জানিয়েছে ইসরাইল।

ইসরাইলি কর্তৃপক্ষ স্থানীয় সময় সোমবার বিকেলে হত্যাকাণ্ডের বিষয়ে তাদের নিজস্ব তদন্তের ফলাফল প্রকাশ করেছে। সেখানেই এই বিষয়গুলো উঠে এসেছে।

চলতি বছরের ১১ মে জেনিনে ইসরাইলি বাহিনীর একটি অভিযানের সংবাদ সংগ্রহ করতে যান শিরিন আবু আকলেহ ও অন্যান্য সাংবাদিকরা।

এ সময় শিরিনের মুখে এসে আঘাত করে একটি বুলেট। সেই একটি বুলেটের আঘাতেই মৃত্যু হয় তার।

শিরিন ১৯৯৭ সাল থেকে আল জাজিরার হয়ে কাজ করেছিলেন। তিনি তার রিপোর্টে তুলে আনার চেষ্টা করেছেন ফিলিস্তিনের ওপর ইসরাইলের নিগ্রহের বিষয়টি।  শিরিনের মুখে যখন গুলি লাগে তখন তিনি হেলমেট ও প্রেস লেখা জ্যাকেট পরে ছিলেন।

প্রত্যক্ষদর্শী, আল জাজিরা, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের অসংখ্য তদন্তে বলা হয়েছে যে একজন ইসরাইলি সেনা আবু আকলেহকে হত্যা করেছে।

লিজ ট্রাস প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর যা বলল ইসরাইল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে লিজ ট্রাস। সোমবার তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ইসরাইলের প্রেসিডেন্ট ইয়ার লাপিড তাকে ইসরাইলের সত্যিকারের বন্ধু হিসেবে অভিহিত করেছেন। জেরুজালেম পোস্ট সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লিজ ট্রাস ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ইয়ার লাপিড বলেন, আমার নতুন বন্ধু, ইসরাইলের সত্যিকারের বন্ধু লিজ ট্রাসকে আমি অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ‘একটি উন্নত ভবিষ্যতের জন্য যৌথভাবে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আমাদের দেশের জন্য এবং আমাদের নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশা করছি।

প্রসঙ্গত, মঙ্গলবার রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন লিজ ট্রাস।

গত ৭ জুলাই কনজারভেটিভ পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করার ঘোষণা শুরু করেন।

এরপরই শুরু হয় কনজারভেটিভ পার্টির নতুন নেতা ও নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া। সর্বশেষ প্রক্রিয়ায় টিকে ছিলেন ঋষি সুনাক এবং লিজ ট্রাস। এই প্রক্রিয়ায় কনজারভেটিভ পার্টির সদস্যরা ঋষি সুনাক এবং লিজ ট্রাজকে ভোট দেন।

সব প্রক্রিয়া শেষ করে অবশেষে লিজ ট্রাস কনজারভেটিভ পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান স্যার গ্রাহাব ব্রাডি জানিয়েছেন, লিজ ট্রাস পেয়েছেন ৮১, ৩২৬ ভোট। অন্যদিকে সুনাক পেয়েছেন ৬০,৩৯৯ ভোট। সব সদস্যের মধ্যে  ৮২.৬ ভাগ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।