বৃহস্পতিবার ,৩০ এপ্রি, ২০২৬
sbacbank
Home Blog Page 27

বিজিবি ১৪৬ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে কেবল জানুয়ারিতে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত জানুয়ারী ২০২৪ এ ১৪৬ কোটি ৫৯ লাখ ৮২ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে ।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজিবি থেকে ।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জব্দ চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৬ কেজি ৬২০ গ্রাম সোনা, ১৪টি ট্রাক, ১টি বাস, ৭টি পিকআপ, ৩টি প্রাইভেট কার, ১৯টি সিএনজিচালিত অটোরিকশা এবং ৫৯টি মোটরসাইকেল। এ ছাড়া প্রসাধনী সামগ্রী, ইমিটেশন গয়না, শাড়ি, বিভিন্ন ধরনের পোশাক, কাঠ, চা–পাতা, কয়লা ও কষ্টিপাথরের মূর্তি জব্দ করা হয়েছে।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ৯টি পিস্তল, ৫টি বিভিন্ন প্রকার বন্দুক, ৮টি ম্যাগাজিন, পৌনে ৩ কেজি গানপাউডার ও ৩৩ রাউন্ড গুলি রয়েছে।

বিজিবি গত মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দ মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১০ লাখ ৪৮ হাজার ১৬৯ পিস ইয়াবা বড়ি, ৮ কেজি ৩১২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩৯ দশমিক ৩৭৪ কেজি হেরোইন, ১১ হাজার ৯৭৬ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য।

অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৫ জন চোরাকারবারি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৫৭ জন বাংলাদেশি নাগরিক, ৬ জন ভারতীয় নাগরিক ও ১৮৭ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এবার বিএনপির নিবন্ধন বাতিলের দাবি সংসদে তুললো আওয়ামীলীগ

সরকারি দল আওয়ামী লীগের সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান রাজনৈতিক দল হিসেবে বিএনপির নিবন্ধন বাতিল করার দাবি জানিয়েছেন । আজ রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

রাজনৈতিক দলের নিবন্ধন দিয়ে থাকে নির্বাচন কমিশন। এইবারই প্রথম নয় , এর আগে গত বছরের আগস্টে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়ে বিএনপির নিবন্ধন বাতিল করার দাবি জানিয়েছিল যুবলীগ।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও বাংলাদেশকে ধ্বংসকারী বলে অভিযোগ করেন মাইনুল হোসেন খান। তিনি সংসদে বলেন, ‘জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিকে কানাডার আদালত সন্ত্রাসী সংগঠন হিসেবে অ্যাখায়িত করেছে। বিএনপি-জামায়াত সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন।’ তিনি প্রশ্ন রাখেন, তারা কীভাবে বাংলাদেশে রাজনীতি করে?

মাইনুল হোসেন বলেন, ‘আমরা একাধিকবার বলেছি জঙ্গি সংগঠন যত দিন রাজনীতিতে বিচরণ করবে, তত দিনই বাংলাদেশের ভোগান্তি হবে। এ সংগঠনের (বিএনপি) নিবন্ধন বাতিল করা হোক, নিষিদ্ধ ঘোষণা করা হোক।’

এই সময় কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ৭ জানুয়ারি তাঁর নির্বাচনী এলাকায় অত্যন্ত প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন, প্রশাসন পরিশ্রম করে নির্বাচনের মাঠ যথাসম্ভব নিরপেক্ষ রেখেছিল। সরকারি দলের সাইফুজ্জামান চৌধুরী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল কঠিনতম, চ্যালেঞ্জিং নির্বাচন। বিএনপি–জামায়াত এই নির্বাচন বানচাল করার জন্য নানা ষড়যন্ত্র করেছিল।

স্বতন্ত্র সংসদ সদস্য মঈন উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হবে। এর মধ্য দিয়ে যাঁরা নির্বাচিত হয়ে আসবেন, তিনি তাঁদের স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী তাঁর কথা রেখেছেন।
সরকারি দলের সংসদ সদস্য শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের মডেল এখন সারা বিশ্বে রোল মডেল।

স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষনের অভিযোগে জাহাঙ্গীরনগ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রলীগের নেতাসহ ছয় শিক্ষার্থীর সনদ স্থগিত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছয় শিক্ষার্থীর সনদ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে তিনজনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা। এ ছাড়া তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দুজনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ঘটনা তদন্তে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোস্তাফিজুর রহমানের সনদ স্থগিদ এবং ক্যাম্পাসে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে মোস্তাফিজুরকে পালাতে সহায়তাকারী ৪৫তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো. হাসানুজ্জামানকে। একই ভূমিকায় আরেক প্রাক্তন শিক্ষার্থী ৪৪তম ব্যাচের শাহ পরানের সনদও স্থগিত করা হয়েছে।

এ ছাড়া ভুক্তভোগী নারীর স্বামীকে আবাসিক হলে আটকে রাখায় সহায়তাকারী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৬তম ব্যাচের মুরাদ হোসেন, অভিযুক্ত মোস্তাফিজুরকে পালাতে সহায়তাকারী ৪৬তম ব্যাচের এ এস এম মোস্তফা মনোয়ার সিদ্দিকী এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের মো. সাব্বির হাসানের (সাগর) সনদ স্থগিতের পাশাপাশি তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উপাচার্য সাংবাদিকদের জানান, গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল ও হলসংলগ্ন এলাকায় বহিরাগত দম্পতির সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রক্টরিয়াল বডি প্রাথমিক প্রতিবেদন দিয়েছে। ওই প্রতিবেদন পর্যালোচনা করে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের ছয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর পাশাপাশি বহিরাগত মামুনুর রশিদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ওই শিক্ষার্থীদের সনদ স্থগিত করাসহ ক্যাম্পাসে তাঁদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। দোষীদের চিহ্নিত করে শাস্তির সুপারিশের জন্য চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উপাচার্য আরও বলেন, সিন্ডিকেট সভায় আবাসিক হলে অবস্থানরত অবৈধ শিক্ষার্থীদের পাঁচ কর্মদিবসের মধ্যে হল ছাড়ার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশসহ ওই সময়ের মধ্যে হল না ছাড়লে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ক্যাম্পাসে বহিরাগত ব্যক্তিদের প্রবেশ নিষেধ, ভাসমান দোকানপাট সরিয়ে দেওয়া ও ক্যাম্পাসে অনুমোদনহীন অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।

আবার সেঞ্চুরি হলো- তবে খেলায়না , পেঁয়াজ এর দামে

আবার সেঞ্চুরি হলো তবে খেলায়না , পেঁয়াজ এর দামে।
এক দিন আগেও বাজারে প্রতি কেজি পেঁয়াজ সর্বোচ্চ ৯০ টাকায় বিক্রি হয়েছে। তবে গতকাল সোমবার এই পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে গেছে আর ফলে পেঁয়াজ এর দাম আবারো সেঞ্চুরি করেছে।

এই ব্যাপারে সাধারণ ভোক্তারা অধর্য হয়ে গিয়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় প্রতিটা দ্রব্যের মূল্য বেড়েই চলেছে।

দেশেই তৈরী হচ্ছে ক্যানসারের ৮০% ওষুধ

দেশে প্রতিবছর আনুমানিক ১ লাখ ৫০ হাজার মানুষ কোনো না কোনো ক্যানসারে আক্রান্ত হন। বর্তমানে ৬০ হাজার ক্যানসার রোগী চিকিৎসার আওতায় আছেন। চাহিদার ৮০ শতাংশ ক্যানসারের ওষুধ দেশে তৈরি হয়। তবে ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে এখনো বৈষম্য আছে।

বাংলাদেশ ক্যানসার সোসাইটির পরিচালক অধ্যাপক এম এ হাই বলেন, গ্রাম-শহর, নারী-পুরুষ, ধনী-দরিদ্র, সরকারি-বেসরকারি হাসপাতাল—সব ক্ষেত্রে ক্যানসার চিকিৎসায় বৈষম্য আছে। বৈষম্য দূরীকরণে বিশেষ অগ্রগতি দেখা যাচ্ছে না। ন্যাশনাল ক্যানসার কন্ট্রোল কাউন্সিলের অস্তিত্ব আছে শুধু কাগজ-কলমে।

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক মোয়াররফ হোসেন বলেন, একসময় চিকিৎসকেরা নিজেদের চেম্বারে ক্যানসার রোগীকে কেমোথেরাপি দিতেন। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় অনেক রোগী বমি করতেন। এ অবস্থা দেখে অপেক্ষমাণ অনেক রোগী ভয়ে পালাতেন। পরিস্থিতি পাল্টেছে।

অধ্যাপক মোয়াররফ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড অনুযায়ী প্রতি ১০ লাখ মানুষের জন্য একটি সমন্বিত ক্যানসার চিকিৎসাকেন্দ্র দরকার। জনসংখ্যা ১৬ কোটি ধরলে এমন ১৬০টি কেন্দ্র লাগে। কিন্তু দেশে এমন কেন্দ্র আছে মাত্র ২২টি।

দেশে স্তন ক্যানসার হু হু করে বাড়ছে উল্লেখ করে মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক পারভীন শাহিদা আখতার বলেন, ৬০-৭০ শতাংশ ক্যানসার রোগীর রেডিও থেরাপির দরকার হয়। কিন্তু যৎসামান্য রোগী এই চিকিৎসার সুযোগ পান। তিনি বলেন, ‘ক্যানসার চিকিৎসার প্রতিষ্ঠান বাড়িয়ে আমরা পরিস্থিতি সামাল দিতে পারব না। ক্যানসার প্রতিরোধে আমাদের জোর দিতে হবে।’

দ্বাদশ সংসদ এর যাত্রা শুরু, ভোট বর্জনের সমালোচনায় রাষ্ট্রপতি

যাত্রা শুরু করেছে দ্বাদশ জাতীয় সংসদ। নতুন সংসদের প্রথম অধিবেশনের শুরুতে টানা চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হয়েছেন শিরীন শারমিন চৌধুরী। আর এবারও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন শামসুল হক।

বিগত একাদশ জাতীয় সংসদের মেয়াদ ছিল ২৯ জানুয়ারি পর্যন্ত। এর পরদিন গতকাল ৩০ জানুয়ারি বসে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই সংসদের সদস্যরা একাদশ সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে গত ১০ জানুয়ারি শপথ নিয়েছেন। এ নিয়ে বিতর্কও সৃষ্টি হয়েছিল।

মঙ্গলবার বেলা তিনটায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সংসদ অধিবেশন শুরু হওয়ার কিছু সময় আগে সংসদ কক্ষে আসেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় আওয়ামী লীগ ও স্বতন্ত্র সংসদ সদস্যদের অনেককে সংসদ নেতার পা ছুঁয়ে সালাম করতে দেখা যায়। অধিবেশন শুরু হলে স্পিকার–ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়।

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের শুরুর দিনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণে এসেছে ৭ জানুয়ারির নির্বাচন বর্জনকারী দলগুলোর সমালোচনা। রাষ্ট্রপতি মন্তব্য করেন, নির্বাচন ঘিরে একটি মহল সহিংসতা ও সংঘাতের সৃষ্টি করে গণতন্ত্রের যাত্রাপথে বাধা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল। প্রসঙ্গত, বিএনপিসহ বিভিন্ন দল ও জোট নির্বাচন বর্জন করে সরকারবিরোধী আন্দোলনে ছিল।

বিএনপি মানেই ভুয়া: ওবায়দুল কাদের

কোনো বিদেশি শক্তি বর্তমান সরকারকে ক্ষমতায় বসায়নি, দেশের মানুষ অনেক আগ্রহ নিয়ে বিপুল ভোটে আওয়ামী লীগ নির্বাচিত করেছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন সরকারকে যারা বিদেশিদের ভয় দেখায় তাদের দেশপ্রেম নিয়ে সন্দেহ প্রকাশ করে, ‘চীন-ভারত-রাশিয়া আমাদের বন্ধু হতে পারে, কিন্তু আমাদের সরকারকে কোনো বিদেশি শক্তি ক্ষমতায় বসায়নি, দেশের মানুষ বিপুল ভোটে নির্বাচিত করেছে। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।’

বিএনপিকে ‘ভুয়া দল’ অভিহিত করে আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, ‘বিএনপি আবার মাঠে নেমেছে। আন্দোলন করে তারা ভুয়া হয়ে গেছে। এই আন্দোলনে পাবলিক সাড়া দেয় না। হরতালে রাস্তায় যানজট। বিএনপির অবরোধ, হরতাল ভুয়া। বিএনপি মানেই ভুয়া।’

দেশের মানুষ সংকটে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়ে আঘাত লাগে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অচিরেই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারব। আস্থা হারাবেন না। বিএনপির কথায় কান দেবেন না।’

বিএনপির আন্দোলন কবে হবে প্রশ্ন রেখে কাদের বলেন, ‘১৫ বছর তো গেল, সামনে আরও ৫ বছর যাবে। মানুষ বাঁচবে তো? লন্ডনের তারেকে আর কারো আস্থা নেই। নেতাকর্মীরা এখন আর তারেকের ফরমায়েশে কান দেয় না।’

তিনি বলেন, কালো পতাকা মানে শোকের মিছিল। এ আরেক ভুয়া কর্মসূচি। ৩০ তারিখে আবার ডেকেছে, সেটাও ভুয়া।

পদত্যাগ করলো জাতীয় পার্টির ছয় শতাধিক নেতা–কর্মী

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হকের (চুন্নু) বিরুদ্ধে দলে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে জাতীয় পার্টির (জাপা) ৬৬৮ জন নেতা-কর্মী পদত্যাগ করেছেন। দলটির ঢাকা মহানগর উত্তরের পদত্যাগকারী এই নেতারা জাপার বর্তমান নেতৃত্বকে বাদ দিয়ে নতুন করে দল গঠনের ঘোষণা দিয়েছেন।

জাপা থেকে পদত্যাগকারী এই নেতারা ঢাকা মহানগর উত্তরের ৯টি থানা ও এর আওতাধীন বিভিন্ন ওয়ার্ড কমিটিতে রয়েছেন। থানাগুলো হচ্ছে হাতিরঝিল, মোহাম্মদপুর, শেরেবাংলা, আদাবর, তেজগাঁও, পল্লবী, মিরপুর, বাড্ডা ও রূপনগর।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মিলনায়তন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাপার এই নেতা–কর্মীরা তাঁদের গণপদত্যাগপত্রে স্বাক্ষর করেন। জাপার এই নেতা–কর্মীদের পদত্যাগের নেতৃত্ব দেন জাপার সভাপতিমণ্ডলীর সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম। তবে জাপার শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে সম্প্রতি তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

‘জি এম কাদের মনে করেন জাতীয় পার্টি একটি মুদিদোকান। তিনি সকালে কার্যালয়ে আসেন, সন্ধ্যায় ফিরে যান। তাঁর একটি ফোরাম আছে, ফাঁদ আছে, তাঁর নির্ধারিত কিছু লোক সারা দিন দোকানদারি করে তাঁকে হিসাব দেন। হিসাব নিয়ে তিনি বাসায় ফিরে যান। সারা দেশে তিনি একটি সভা-সমাবেশও করেননি- ” সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম এসব কোঠা বলেন। তিনি আরো বলেন – ‘দল হচ্ছে এরশাদের। আমরা এরশাদের আদর্শের সঙ্গে আছি। এই আদর্শ নিয়ে আমরা এগিয়ে যাব। যদি কোনো বাধা দিতে আসেন, বাধা দিয়ে পারবেন না। এই দল করার যোগ্যতা আপনার নাই। আমরা তাঁর নেতৃত্বে দল করব না।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাপার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপা থেকে অব্যাহতি পাওয়া আরেক সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভরায়সহ জাপা কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর উত্তর জাপার বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা।

জানেন কি,কেন অন্যের সুখ দেখলে খারাপ লাগে?

অন্যের সুখ সবাই সইতে পারে না। অন্যের সুখ আপনার কোনো ক্ষতির কারণ নয়, তবু হয়তো আপনি তা মেনে নিতে পারেন না। আপনি যদি এমন প্রকৃতির হয়ে থাকেন, তাহলে জেনে রাখুন, এই দলে আপনি একা নন; আরও অনেকেই আছেন। এই খারাপ লাগাই হলো মানবমনের এক অদ্ভুত বৈশিষ্ট্য।

রাজধানীর স্কয়ার হাসপাতাল লিমিটেডের চিকিৎসা মনোবিজ্ঞানী শারমিন হক বলেন, ‘মানবমনের একটা অংশের তাড়না থাকে—যা আমি চাই, তা আমাকে পেতেই হবে। অন্যের সঙ্গে যখন এমন কোনো দারুণ ঘটনা ঘটে, যা আপনি নিজের জন্য চাইছেন কিন্তু পাচ্ছেন না, তখন আপনার মনে নেতিবাচকতা সৃষ্টি হতে পারে। এটি একেবারেই অস্বাভাবিক কিছু নয়। এমনকি ওই ব্যক্তি যদি আপনার বন্ধুও হন, তবু সাময়িক ঈর্ষায় ছেয়ে যেতে পারে আপনার মন।’

সবাই স্বাভাবিকভাবে সবকিছুকে গ্রহণ করতে পারেন না। তবে কেউ তা প্রকাশ করেন, কেউ করেন না। যে কারও সুখের সংবাদে এই নেতিবাচক অনুভূতি থেকে নিজেকে আপনি বের করে আনার চেষ্টা করছেন কি না, সেটি গুরুত্বপূর্ণ। হিংসার বশবর্তী হয়ে অন্যের ক্ষতি করে ফেলারও বহু নজির সমাজে রয়েছে। ঈর্ষান্বিত বোধ করলে তা থেকে বের হয়ে আসার কৌশলও রয়েছে। যে যা পেয়েছে, তা তো পেয়েছেই। আপনি বরং উদ্যমী হয়ে নিজেকে আরও ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করুন।

বন্ধু এক সেমিস্টারে ভালো ফল করেছেন, আপনি নাহয় পরেরবার দ্বিগুণ পরিশ্রম করুন। অবশ্যই মনে রাখবেন, সবার মেধা ও স্মৃতিশক্তি এক রকম নয়। তাই নিজের সাধ্যের সবটা দিয়ে চেষ্টা চালিয়ে যান। কেউ পারিবারিক জীবনে সুখী, আপনি হয়তো তেমন সুখী নন। নিজের পারিবারিক সম্পর্কের উন্নতির জন্য কী করা যায়, সেটা ভাবুন। নিজের ভুলত্রুটিগুলো শুধরে নিন। অন্যের খবরটি শোনার পর নিজের মধ্যে কী কী ঘাটতি আছে, খুঁজে বের করার চেষ্টা করুন। অনেক সময় এই তুলনা থেকে নিজেকে হয়তো খানিকটা এগিয়েই রাখলেন, অন্যদের মতামত থেকেও নিজেকে মূল্যায়নের চেষ্টা করুন।

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় সমগ্র বিশ্ব : পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, সমগ্র বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে, কাজের আগ্রহ প্রকাশ করেছে—এসব দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।

বিএনপির সাম্প্রতিক মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নে হাছান মাহমুদ বলেন, এসব দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, তারা আরও আবোলতাবোল বলা শুরু করেছে।

দুই শীর্ষ সম্মেলনে বাংলাদেশের পক্ষে বক্তৃতা দেওয়ার ফাঁকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকসহ দুই দিনে ১৭টি দ্বিপক্ষীয় বৈঠকের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

প্রথম দিনেই ১২টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, বহু দেশের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়েছে। সবাই আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারকে স্বাগত জানিয়েছেন। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এবং একসঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছেন।

হাছান মাহমুদ বলেন, শীর্ষ সম্মেলনের ফাঁকে যেসব দেশের সঙ্গে বৈঠক হয়েছে, সেখানে অর্থনৈতিক, কূটনীতি, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা শরণার্থী ইস্যুকে প্রাধান্য দেওয়া হয়েছে।

গাজা সমস্যা সমাধানে জাতিসংঘ মহাসচিবকে অনুরোধের পাশাপাশি রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী যিনি একই সঙ্গে উপপ্রধানমন্ত্রীও তাঁর সঙ্গে বৈঠকের বিষয়ে হাছান মাহমুদ বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনপ্রক্রিয়াটি শুরু করতে তাঁকে অনুরোধ জানানো হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠী আসার পর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য অনেকটাই কমেছে। তাই বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। মিয়ানমার থেকে মাচক পাচার কীভাবে ঠেকানো যায়, তা নিয়ে তিনি কথা কথা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গেও আলোচনা হয়েছে। এ বিষয়ে ভারতকেও বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।