শনিবার ,১৬ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 550

যদি আমার লোকদের এক ফোঁটা রক্ত ঝরে, ১০ ফোঁটা নিয়ে আসবেন: নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী

‘মাইর খেয়ে আসা যাবে না, মাইর দিয়ে আসতে হবে। তার জন্য যদি ১০টা মার্ডারও করা লাগে, তা-ই করবেন। আমি বাকিটা দেখব ইনশাআল্লাহ।’ কুমিল্লার চান্দিনায় ইউপি নির্বাচনে ১৩ নম্বর জোয়াগ ইউনিয়নে নৌকার চেয়ারম্যান পদপ্রার্থীর উঠান বৈঠকে এভাবেই বক্তব্য দেন তাঁর ছেলে মিজানুর রহমান খান।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় জোয়াগ ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামে এক উঠান বৈঠকে দেওয়া মিজানুরের এমন বক্তব্যের ভিডিও ওই দিন রাত ১০টার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ সময় তাঁর বাবা নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আউয়ালও সেখানে উপস্থিত ছিলেন।

নিজেদের কর্মীবাহিনীকে উসকানি দিয়ে মিজানুর আরো বলেন, ‘আমি ঘোষণা দিয়ে যাচ্ছি, যদি আমার লোকদের এক ফোঁটা রক্ত ঝরে, আপনি ১০ ফোঁটা রক্ত নিয়ে আসবেন, বাকিটা আমি দেখব ইনশাআল্লাহ। ছাড় দেওয়া যাবে না, একচুল পরিমাণও ছাড় দিব না। মিজান কী জিনিস, এখনো জোয়াগের অনেক মানুষ জানে না। জানা উচিত, যখন নমিনেশন নিয়ে আসছি, তখন থেকেই জানা উচিত।’

মিজানের এই হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছেন প্রতিপক্ষ প্রার্থীরা। ওই ইউনিয়নসহ উপজেলার সাধারণ মানুষজনও বিষয়টিতে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওর কমেন্টে ধিক্কার ও নিন্দা জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নেটিজেনরা।

এ ব্যাপারে মিজানের সঙ্গে কথা বলা সম্ভব না হলেও তাঁর বাবা ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল বলেন, ‘এসব কথা কে কখন বলেছে, আমি শুনি নাই। আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’

জোয়াগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সওদাগর বলেন, ‘আমি অসুস্থ, বাড়িতেই আছি। ভিডিওটি আমিও দেখেছি, কিন্তু বিস্তারিত জানি না। আর মিজান আওয়ামী লীগের কেউ না। তার বাবা আওয়ামী লীগের প্রার্থী।’

এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘ভিডিওটি আমি দেখিনি। যদি এমন বক্তব্য কেউ দিয়ে থাকে, তাহলে আইন অমান্য করেছে এবং নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে। বিষয়টি খতিয়ে দেখব।’

দেড় মাস শিকলে বাঁধা অভি, না খেয়ে কঙ্কালসার হয়ে মৃত্যু!

প্রায় দেড় মাস ধরে একটি ঘুপচি ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয় অভি মিয়াকে (২৫)। পরিবারের অভিযোগ, তিনি ছাড়া পেলেই চুরি করেন। এদিকে বেঁধে রাখা হলেও ঠিকমতো খাবার দেওয়া হয়নি তাঁকে। দিনের পর দিন না খেতে পেয়ে কঙ্কালসার হয়ে পড়েন তিনি। গতকাল শুক্রবার দরজা খুলে দেখা যায়, তিনি মরে পড়ে আছেন। এ ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরিষাপুর গ্রামে।

এলাকাবাসীর অভিযোগ, পিতা রেলওয়ে পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য মো. অহিদ মিয়া (৬০) ও সত্মা নারগীস বেগম (২৮) অভিকে ঠিকমতো খাবার দেননি। এভাবে তালাবদ্ধ করে ফেলে রাখলেও অভির চিকিৎসার ব্যবস্থা করেননি তাঁরা।

গতকাল বিকেলে অভির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, আজ শনিবার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। এ খবর পেয়েও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিন পরিদর্শনে না যাওয়ায় এলাকায় সমালোচনার ঝড় বইছে।

বাজিতপুর থানার ওসি মো. মাজহারুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘অভিকে খাবার খেতে না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভি অবহেলা ও তাচ্ছিল্যজনিত মৃত্যুর শিকার হলে এর দায় বর্তাবে পরিবারের ওপর। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’

অকালমৃত্যুর শিকার অভি মো. অহিদ মিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান। অভির মায়ের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তিনি লাপাত্তা। নারগীস বেগম মো. অহিদ মিয়ার তৃতীয় স্ত্রী।

অমানবিক এ মৃত্যুর ঘটনার খবর পেয়ে শত শত নারী-পুরুষ অভির লাশ দেখতে ওই বাড়িতে ভিড় করে। ঘুপচি ঘরটায় থাকা চৌকিতে যেন অভির মৃতদেহ মিশে আছে। গ্রামবাসীরা জানায়, অভি চুরিচামারি করতেন। কোনো একটা অপরাধ ঘটিয়েই তিনি গ্রাম ছেড়ে চলে যেতেন। আবার কিছুদিন পর এসে হাজির হতেন।

প্রায় দেড় মাস আগে ‘নিখোঁজ’ অভি আহত অবস্থায় বাড়ি এসে হাজির হলে তাঁর বাবা ঘরের বারান্দার একচালা কোঠায় অভিকে শিকলবন্দি করে তালা লাগিয়ে রাখেন। গ্রামবাসী অভিযোগ করে, এরপর নিয়মিত তাঁকে খাবার দেননি সত্মা।

প্রত্যক্ষদর্শী এক নারী জানান, দিনের পর দিন অভির কোঠার দরজাটাও খোলা হয়নি। এক বৃদ্ধা বলেন, ‘বাইন্ধা রাখছিন, দুষ আছিন না, খাওন দিত! না খাওয়াইয়া ছেরাডারে হেরা মাইরা লাইল।’

অভির পিতা মো. অহিদ মিয়া জানান, অতিষ্ঠ হয়েই তিনি ছেলেকে তালাবদ্ধ করে রেখেছিলেন। ঠিকমতো খাবার না দেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘অভি খেতে পারত না।’ অভির সত্মা নারগীস বেগমও একই কথা বলেন।

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৩১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ১৩ হাজার ৭১৭ পিস ইয়াবা, ৩৮ কেজি ১৯০ গ্রাম গাঁজা, ৭০ গ্রাম ১৩৫ পুরিয়া হেরোইন, ৫ বোতল ৭৫০ মিলি দেশি মদ, ৯ ক্যান বিয়ার ও ২০০ গ্রাম আইস জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

কোন্দল মিটিয়ে নির্বাচনে মন দেবে আ. লীগ

দলকে সংগঠিত করা এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়াই নতুন বছরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সামনে বড় চ্যালেঞ্জ। তাই দলের তৃণমূলের কোন্দল নিরসন ও সরকারের জনপ্রিয়তা বাড়ানোর দিকে আওয়ামী লীগ বেশি গুরুত্ব দেবে এ বছর। আওয়ামী লীগের নীতিনির্ধারণী নেতারা এমনটিই বলেছেন কালের কণ্ঠকে।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দেশে গণতান্ত্রিক পরিবেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা আওয়ামী লীগের সামনে বড় চ্যালেঞ্জ। নির্বাচন ব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে, তা দূর করতে তাদের উদ্যোগী হতে হবে। আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতির উন্নয়নেও কাজ করতে হবে সরকারকে।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক কালের কণ্ঠকে বলেন, ‘বিদায়ি বছরে দল গোছাতে একাধিকবার কাজ শুরু করেও করোনার কারণে বন্ধ করতে হয়েছে। নতুন বছরে সাংগঠনিক কর্মকাণ্ড জোরালো করার ব্যাপারে আলাপ চলছে। নতুন বছরে নব উদ্যমে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু হবে।’

আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পর পর সম্মেলন করার কথা। সে হিসাবে এ বছরে আওয়ামী লীগের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন হওয়ার কথা। ২০১৯ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এরই মধ্যে ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ৩৭টির সম্মেলন হয়েছে। তবে দলের ২২তম জাতীয় সম্মেলনের আগে মেয়াদ উত্তীর্ণ জেলা, মহানগর কমিটির সম্মেলন আয়োজন করতে হবে।

দলীয় সূত্র জানায়, বিগত দুই বছরে অল্পসংখ্যক উপজেলা কমিটির সম্মেলন হয়েছে। সারা দেশে আওয়ামী লীগের প্রায় ৬৫০টি উপজেলা, থানা ও পৌরসভা কমিটি রয়েছে। এর মধ্যে ২০১৯ সালে জাতীয় সম্মেলনের আগে ১৩৮টির সম্মেলন হয়। গত দুই বছরে ৫০টি কমিটির সম্মেলন হয়েছে। এখনো ৪৫০টি কমিটি মেয়াদ উত্তীর্ণ। এর মধ্যে অন্তত ৬২টির সম্মেলন হয়েছে ১৫ থেকে ২৫ বছর আগে। ছয় থেকে ১৪ বছর আগে সম্মেলন হয়েছিল অন্তত ১৬৫টি উপজেলা, থানা ও পৌরসভার।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এ বছরে তৃণমূল থেকে সংগঠন গুছিয়ে আনা আমাদের গুরুত্বপূর্ণ কাজ হবে। জনপ্রিয়তা বাড়াতে আরো বেশি যত্নশীল নেতৃত্বকে সামনে আনতে হবে।’ তিনি বলেন, ‘এ বছর আমাদের নির্বাচনী প্রস্তুতির কাজও করতে হবে। নেতাকর্মীদের আরো বেশি গণমুখী হতে হবে।’

২০২৩ সালের শেষে বা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে। টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিচ্ছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, নতুন বছরে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, বিদ্যমান বিরোধ নিরসন, মেয়াদ উত্তীর্ণ ইউনিটগুলোর কাউন্সিল ও পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং দলকে আরো জনসম্পৃক্ত করার কাজ করতে হবে। প্রায় একই কথা বললেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমও।

তবে একাধিক রাজনৈতিক বিশ্লেষক বলেন, সংসদ নির্বাচনের আগে জাতীয় ও আন্তর্জাতিক নানা চাপ সামাল দেওয়া সরকারের জন্য বরাবরই বড় চ্যালেঞ্জ। এ বছর সরকার ও আওয়ামী লীগকে জনগণের মন জয়ে মনোযোগী হতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও লেখক আবুল কাশেম ফজলুল হক বলেন, ‘অনেক দিন ধরেই দেশে অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। ক্ষমতাসীনদের জন্য বড় চ্যালেঞ্জ হলো মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে ন্যায়বিচার ও সুশাসনও প্রতিষ্ঠা করতে হবে।

শতাধিক বাড়িতে অগ্নিকাণ্ডের জন্য দায়ী বিড়াল!

পোষা প্রাণী হিসেবে বিড়ালের কদর আলাদা। তবে বাড়িতে যারা বিড়াল পালছেন তাদের নিজেদের আদরের বিড়ালকে ‘দেখেশুনে’ রাখতে বলেছে দমকল বিভাগ। না, প্রাণীটি হারিয়ে যাবে সেই ভয়ে নয়, বরং অবলা এই প্রাণীটি শতাধিক বাড়িতে আক্ষরিক অর্থেই আগুন লাগানোর পর এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় গত তিন বছরে শতাধিক বাড়িতে অগ্নিকাণ্ডের পেছনে রয়েছে বিড়ালের ‘অবদান’।

সিউল মেট্রোপলিটন দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত ১০৭টি বাড়িতে বিড়ালের কারণে আগুন লেগেছে।

দমকল বিভাগ জানায়, অধিকাংশ ক্ষেত্রে বিড়াল ইলেক্ট্রিক চুলা জ্বালিয়ে দেওয়ার ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। ইলেক্ট্রিক চুলার টাচ বাটনে লাফালাফি করে বিড়াল সেগুলো চালু করে ফেলে। চালু হওয়ার পর খুব বেশি উত্তপ্ত হয়ে যন্ত্রটিতে আগুন ধরে যায়। সেই আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে বলে দমকল বিভাগ জানিয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই মালিক বাইরে থাকার সময় আগুন লাগার ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে চারজন আহত হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

এ ব্যাপারে দমকল বিভাগের এক কর্মী জানান, বিড়াল সংক্রান্ত অগ্নিকাণ্ডের ঘটনা সম্প্রতি বেড়ে গেছে। আমরা পোষা বিড়ালের প্রতি বাড়তি মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছি। কারণ বাড়িতে কেউ না থাকলে আগুন ভয়াবহ রূপ নিতে পারে।

বছরের প্রথম প্রহরে ভারতে মন্দিরে পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু

নতুন বছরের প্রথম প্রহরেই কান্নার রোল পড়ল ভারতের কাটরায়।

সেখানে বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু ঘটেছে। দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তা সংঘষে রূপ নেয়।

এর পরই পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটে।

ভারতের সংবাদসংস্থা এএনআইয়ের বরাতে এ খবর জানিয়েছে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

সংবাদমাধ্যমটি আরও জানায়, এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যা অনেক। আহতদের স্থানীয় নারায়ণী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মন্দির চত্বরে পুলিশ মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন।

১৩ জন আহত হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং।

এএনআইকে তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, রাত পৌনে ৩টায় ওই ঘটনা ঘটে। দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরই পরস্পরের দিকে তারা তেড়ে যান। যার ফলে পদপৃষ্ট হওয়ার এই ঘটনা। এতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩ জন।’

প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ইতিহাস গড়লেন কোহলি

শেষ দিনে ভারতের প্রয়োজন ছিল ৬ উইকেট আর দক্ষিণ আফ্রিকার ২১১ রান।

সেই লক্ষ্যে এগিয়েও যাচ্ছিলেন প্রোটিয়া টেলএন্ডার ব্যাটাররা।

কিন্তু অবশেষে প্রোটিয়াদের হার মানতে হলো ভারতীয় বোলিংয়ের সামনে।

১৯১ রানে অলআউট হয়ে গেলেন স্বাগতিকরা। অর্থাৎ সেঞ্চুরিয়ন টেস্টে ১১৩ রানে জয় পেল বিরাট কোহলির ভারত।

আর এই জয়ের সঙ্গে সঙ্গেই একটি রেকর্ড নিজের দখলে নিলেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। যে রেকর্ড গড়তে পারেননি ভারতের আর কোনো অধিনায়ক।

রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনি সবার অধরা এক নজির গড়া হয়ে গেল অধিনায়ক কোহলির।

রেকর্ডটি হলো – কোহলিই প্রথম ভারতীয় অধিনায়ক যিনি একাধিক বক্সিং ডে (২৬ ডিসেম্বর) টেস্ট ম্যাচ জিতলেন।

সে অর্থে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ইতিহাস গড়লেন কোহলি।

এর আগে ২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরে মেলবোর্নে গিয়ে পর দক্ষিণ বক্সিং ডে টেস্ট জেতেন কোহলি।

পাকিস্তানের বিপক্ষে হারসহ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ভারতীয় বোর্ডের সঙ্গে কোহলির দূরত্ব দিন দিন বাড়ছে।

টি-টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে কোহলিকে, যা নিয়ে বির্তক চলমান।

হঠাৎ টেস্ট থেকে অবসরে গেলেন ডি কক

সব ভালো যার শেষ ভালো তার’। আর শেষটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। বছরের শেষটায় সেঞ্চুরিয়নে ভারতের কাছে ১১৩ রানে হারল ডিন এলগারের দল।

এমন হারের মধ্যে এর চেয়েও হঠাৎ এক ধাক্কা খেল প্রোটিয়ারা।

আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দলটির তারকা উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি কক।

তবে ব্যাট-গ্লোভস তুলে রাখছেন একেবারেই। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে খেলে যাবেন বলে জানিয়েছেন তিনি।

সাদা জার্সির দল থেকে নিজেকে সরিয়ে নেওয়া কথা জানিয়ে বড় এক বিবৃতি দিয়েছেন ডি কক।

সেখানে তিনি লিখেছেন, ‘এটি খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। আমি অনেক সময় নিয়ে চিন্তা করেছি আমার জীবনে এখন কিসের প্রাধান্য কেমন হওয়া উচিত। আমি ও আমার স্ত্রী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আমার পরিবারই আমার কাছে সবকিছু। তাদের সঙ্গে থাকার যথেষ্ট সময় হাতে রাখতে চাই।’

‘আমি টেস্ট ক্রিকেটকে ভালোবাসি এবং যেকোনো উপায়ে দেশের প্রতিনিধিত্ব করতে গর্ববোধ করি। আমি উত্থান-পতন উপভোগ করেছি। সাফল্য উদযাপন করেছি, হতাশায় নিমজ্জিত হয়েছি। তবে আমি এখন আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জিনিস খুঁজে পেয়েছি।’

‘আপনার জীবনে আপনি প্রায় সবকিছুই কিনতে পারবেন, শুধু সময় ছাড়া। আর এখন আমার সেই সময়টা সেসব মানুষকেই দেওয়া উচিত, যারা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার টেস্ট ক্যারিয়ারে শুরু থেকে সমর্থন দেওয়া সবাইকে ধন্যবাদ জানাই।’

সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে অংশ নিয়েছেন ডি কক। দুই ইনিংসে যথাক্রমে ৩৪ ও ২১ রান করেন।

টেস্ট ক্যারিয়ার অতোটা দীর্ঘ করেননি ডি কক। ৫৪ টেস্ট খেলে ৩৩০০ রান করেছেন। যেখানে ২২টি অর্ধশত ও ৬টি শতক রয়েছে।

২০২১ সালের শুরুতে দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক হয়েছিলেন ডি কক। তার অধীনে চারটি টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে জয়-পরাজয়ের সংখ্যা সমান দুইটি করে।

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আটক ২

কক্সবাজারের টেকনাফের হ্নীলা আলিখালী ২৫নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় অস্ত্র ও দুটি তাজা কার্তুজ।

আটককৃতরা হলেন— আব্দুল আমিন (২৬) ও মোহাম্মদ আয়াস (২৯)। তারা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন আলিখালী ১৬ এপিবিএন পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার সুখেন্দ্র সরকার।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ক্যাম্প-২৫ ব্লক ডি/২৪ জামাই বাজারের উত্তর পাশে দুদু মিয়ার বাড়ির সামনে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে একটি অস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

পরিচ্ছন্ন-সবুজ নগরীর অঙ্গীকার তৈমুরের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার গতকাল দ্বিতীয় দিনের মতো মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভোট চেয়েছেন।

আমি নারায়ণগঞ্জের সাধারণ মানুষের প্রার্থী। তিনি বলেন, নারায়ণগঞ্জবাসীর সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে তারা তাদের মেয়র প্রার্থীর খোঁজ পেয়ে গেছেন।

রাজধানীসংলগ্ন নারায়ণগঞ্জ মহানগরীকে ক্লিন ও গ্রিন সিটি (পরিচ্ছন্ন ও সবুজ নগরী) উপহার দেওয়ার অঙ্গীকার করে বলেছেন, আপনাদের ভোটে নির্বাচিত হলে কথা দিচ্ছি এই নগরীকে আমি বোসযোগ্য হিসাবে গড়ে তুলব।

এই নগরীকে আমি সবুজ ও পরিচ্ছন্ন শহরে রূপান্তিত করব। নারায়ণগঞ্জের প্রতিটি খালি জায়গায় রোপণ করা হবে সারিবদ্ধ গাছ। ভবনের ছাদে বাগান করাকেও উৎসাহিত করব। গণসংযোগ করার সময় তিনি বলেন, যারা ছাদবাগান করবেন তাদের হোল্ডিং ট্যাক্স কমিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতি মার্কার এই প্রার্থী নগরীর ১৭ ও ১৮নং ওয়ার্ডে প্রচার চালান। দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট ও দোয়া চান। এ সময় তার সঙ্গে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

শাসক দল আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর করা বিভিন্ন অভিযোগের জবাব দেন তৈমুর আলম খন্দকার। ট্যাক্স বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি যা বলি কাগজে-কলমে বলি। তথ্য ছাড়া কোনো কিছু বলি না। সিটি করপোরেশনের অনেক তথ্য আমার হাতে। এখানে যারা ট্যাক্স দেন তারা জানেন ট্যাক্স কতটা বেড়েছে, করোনাকালে সবকিছু কমলেও নাসিকে ট্যাক্স বাড়ানো হয়েছে। আমি জনগণের প্রার্থী। এখানে গণবিপ্লব হতে যাচ্ছে।

জনগণেরই জয় হবে। বিএনপির কেন্দ্রীয় নেতারা নির্বাচনি প্রচারে আসবেন কিনা এমন প্রশ্নের জবাবে তৈমুর বলেন, কেন্দ্রীয় নেতারা এলে অবশ্যই নারায়ণগঞ্জবাসী তাদের স্বাগত জানাবে। দলের মহাসচিব সবাইকে নির্দেশ দিয়েছেন আমার জন্য কাজ করতে, এর চেয়ে বড় মেসেজ আর কী হতে পারে। তাছাড়া নারায়ণগঞ্জেই যথেষ্ট নেতা আছে। আর আমিই তো আল্লাহর রহমতে জাতীয় পর্যায়ের নেতা।

স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপির আশীর্বাদপুষ্ট তৈমুর আলম বলেন, নারায়ণগঞ্জের জনগণ আমার পাশে থাকলেই চলবে। এই নগরীর নেতাদেরই আমি যথেষ্ট মনে করি।

নির্বাচন কমিশন সম্পর্কে তৈমুর বলেন, নির্বাচন কমিশনকে বোবা এবং অন্ধ হলে চলবে না। তাদের চোখ-কান খোলা রেখে নির্বাচন পরিচালনা করতে হবে।

তবেই নির্বাচন সুষ্ঠু হবে। যেখানেই আচরণবিধি লঙ্ঘন হবে নির্বাচন কমিশনের দায়িত্ব সেটা প্রতিহত করা। নয়তো আচরণবিধি লঙ্ঘন হতেই থাকবে।

সরকারি দল তো আমলাদের একটা সুবিধা পায়।