শনিবার ,১৩ জুন, ২০২৬
sbacbank
Home Blog Page 323

জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন ইবি ভিসি

জাতীয় ক্রীড়া পুরস্কার- ২০১৫ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। সংগঠক ক্যারাম ক্যাটাগরিতে তিনি এ পুরষ্কার পেয়েছেন। বুধবার ভার্চুয়াল কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার পক্ষ থেকে ওসমানি স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এর আগে তিনি মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন।

সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হয়েছে। ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১৩-২০২০ সাল পর্যন্ত আট বছরে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছেন ৮৫ জন খেলোয়াড় ও সংগঠক। পুরস্কার হিসেবে প্রত্যেককে আঠারো ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, এক লাখ টাকার চেক এবং একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

জানা যায়, ড. সালাম বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের প্রতিষ্ঠাতা এবং ১৯৮০ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ ক্যারাম দল বিভিন্ন সময়ে ভারত, মালদ্বীপ ও শ্রীলংকা প্রভৃতি দেশে অনুষ্ঠিত সার্ক কান্ট্রিজ ক্যারাম টুর্নামেন্ট, এশিয়ান ক্যারাম টুর্নামেন্ট, ওয়াল্ড ক্যারাম কংগ্রেস প্রভৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখে। ১৯৯৫ সালে ঢাকায় অনুষ্ঠিত ৫ম সার্ক ক্যারাম টুর্নামেন্টে মিক্সড ডাবলস-এ বাংলাদেশ দল ভারতকে হারিয়ে স্বর্ণ জয় করেন।

তিনি এশিয়ান ক্যারাম কনফেডারেশনের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি ছিলেন। প্রফেসর ড. সালাম ২০১৪ সাল থেকে অদ্যাবধি বাংলাদেশ ফিজিক্যালী চ্যালেঞ্জড ক্রিকেটের সভাপতির এবং বর্তমানে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি, বাংলাদেশ এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুরস্কার প্রাপ্তির বিষয়ে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, এটি অত্যন্ত সম্মানজনক একটি পুরস্কার। যারা দীর্ঘদিন ধরে ক্রীড়া অঙ্গণে সফলতার সঙ্গে কাজ করছেন, তারাই এটা পেয়ে থাকেন। আমাকে মনোনয়ন দেওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট মহলের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। চেষ্টা করব আমার সর্বোচ্চটুকু দিয়ে ক্রীড়া ক্ষেত্রে আরও ভালো কিছু করার।

প্রশংসিত ফারহান-মাহীর ‘প্রয়োজন’

অল্প সময়েই নাটকে অভিনয় করে আলোচনায় জায়গা করে নিয়েছেন তরুণ প্রজন্মের অভিনয়শিল্পী মুশফিক ফারহান ও সামিরা খান মাহী। গত ঈদেও তাদের একাধিক নাটকে অভিনয়ে দেখা গেছে। তার মধ্যে অন্যতম একটি নাটক হলো ‘প্রয়োজন’।

মেহেদী হাসান হৃদয়ের রচনা ও পরিচালনায় প্রচারের পর তারা দর্শক মহল থেকে বেশ প্রশংসা পাচ্ছেন। তাদের অভিনীত নাটকটি জি-সিরিজ-এর বাংলা নাটক ইউটিউব চ্যানেলে ৯ মে অবমুক্ত হয়েছে। অবমুক্ত হওয়ার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে এর ভিউ।

নাটকের গল্পে তুলে ধরা হয়েছে বিদেশের মাটিতে অমানবিক কষ্টের গল্প, যা আমাদের সমাজের চেনা গল্প। তবুও পরিবার বুঝতে চায় না সেই কষ্টের কথা। তাদের চাহিদা পূরণ না করতে পারায় সুখের ঘরে নেমে আসে কালো আধার। গল্পে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।

প্রবাস জীবনের গল্পের নাটকটিতে শফিকুল চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান এবং শারমিন চরিত্রে সামিরা খান মাহি। এ ছাড়াও আরও অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, রিফাত চৌধুরী, হিমে হাফিজ, সানজিদা মিলা প্রমুখ।

আইসিউউতে মা, দোয়া চাইলেন গায়ক তরিক মৃধা

এই প্রজন্মের ভিন্ন ঘরানার গায়ক তরিক মৃধা’র মা গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর উত্তরার আধুনিক মেডিক্যাল কলেজ হাসাপাতালে (আইসিইউতে) চিকিৎসাধীন আছেন। তরিক মৃধা তার বাবাকে হারিয়েছেন আগেই। মা’কে নিয়েই তার পুরো পৃথিবী। তাই তার মা আলেয়া বেগম যেন তাকে ছেড়ে চলে না যান এবং দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন, এ জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তরিক মৃধা তার বাবা সিরাজুল ইসলাম মৃধাকে হারিয়েছেন গেল বছরের ১৩ আগস্ট। এক বছর যেতে না যেতেই মা’কে নিয়ে এমন অবস্থার মুখোমুখি হবেন তা ভাবতেও পারেননি তিনি।

তরিক মৃধা বলেন, ‘ কদিন আগেই আমি মাদারীপুরে একটি শো’তে ছিলাম। তখনই শুনি আম্মা অসুস্থ। যেহেতু আমার সেখানে স্টেজ এ গান গাইবার কথা, তাই ইচ্ছে করলেও মায়ের কাছে ছুটে আসা সম্ভব ছিলনা। শিল্পীদের জীবনে এমন পরিস্থিতিগুলোতে কতটা যে অসহায় হয়ে যেতে হয় তা একমাত্র আল্লাহ জানেন। যাই হোক শো শেষে আম্মার কাছে ছুটে আসি। আম্মা হাসপাতালে সিসিইউতে ভর্তি ছিলেন। ৭ মে আম্মাকে নিয়ে বাসায় যাই। পরে আবার আম্মা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করাই। এখন আম্মা আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। আমি আমার আম্মার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই। আম্মাইতো আসলে আমার পৃথিবী। আম্মা ছাড়া পৃথিবী কল্পনাও করতে চাইনা।’

তরিক মৃধাা নতুন মৌলিক গান গত ঈদে প্রকাশ হয়েছে ইউটিউবে। গানের নাম ‘মন পাগল তোর জন্য’। গানটি লিখেছেন জসীম উদ্দিন এবং সুর সঙ্গীত করেছেন শাহরিয়ার আলম মার্সেল। গানটির জন্য বেশ সাড়া পাচ্ছেন তরিক মৃধা।

শেখ কামালের স্মৃতিচারণে যা বললেন প্রধানমন্ত্রী

‘১৯৭৫ সালের জুলাই মাসে আমি ও রেহানা যখন জার্মানিতে যাই, তখন নববিবাহিত শেখ কামালকে জিজ্ঞেস করেছিলাম, তোর জন্য কী আনব? সে বলেছিল, আবাহনীর জন্য বিখ্যাত অ্যাডিডাস বুট এনো।’

জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছোট ভাই শহিদ শেখ কামালের স্মৃতিচারণ করতে গিয়ে কথাগুলো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ৮৫ জন ক্রীড়াবিদ ও সংগঠককে আট বছরের পুরস্কার একসঙ্গে দেওয়া হয়। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগ দিয়ে পুরস্কার তুলে দেন।

তিনি আরও বলেন, ‘কামাল নিজের কিংবা তার স্ত্রী সুলতানার জন্য কিছুই চায়নি। কেবল বলেছিল আবাহনীর খেলোয়াড়দের জন্য অ্যাডিডাসের বুট আনতে। কতটা ভালোবাসত সে খেলাধুলাকে।’

প্রধানমন্ত্রী অশ্রুসজল নয়নে বলেন, ‘সেই সুযোগ আমি আর পাইনি। অ্যাডিডাসের বুট কামালের হাতে তুলে দিতে পারিনি।’

‘খেলতে না পারা দুর্ভাগ্যজনক’

ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টে খেলা হচ্ছে না মেহেদি হাসান মিরাজের। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

ঢাকা লিগে দুর্দান্ত পারফরম্যান্স করা সৈকতকে শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাকে দেখে নিতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় সেটা সম্ভব হয়নি।

করোনা টেস্টে পজেটিভ হওয়া প্রথম টেস্টে খেলা হচ্ছে না সাকিবের। সাকিব না থাকায় মোসাদ্দেকের খেলার সম্ভবনা বেড়েছে।

বুধবার বিকেএসপিতে মোসাদ্দেক বলেন, খেলতে না পারাটা দুর্ভাগ্যজনক। বৃষ্টির ওপর কারও হাত নেই। খেলতে পারলে খুব ভালো হতো, লাল বলে অনুশীলন হতো।

তিনি আরও বলেন, যেখানে খেলেছি সেখানেই ভালো করার চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনকভাবে টিম কম্বিনেশনের কারণে হয়তো আমার জায়গা হয়নি। আবার সুযোগ আসছে, আমি চেষ্টা করব এটা ধরে রাখতে।

শ্রীলংকার বিপক্ষে ২০১৭ সালে টেস্টে অভিষেক হয় মোসাদ্দেকের। তিন টেস্টে তার রান ১৬৪।

সরকারি হজ প্যাকেজের ব্যয় নজিরবিহীন

সরকারি ব্যবস্থাপনায় হজ করতে গত বছরের তুলনায় এক থেকে দেড় লাখ টাকা বেশি খরচ করতে হবে হজ গমনেচ্ছুদের। সর্বশেষ ২০২০ সালে হজ প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ ছিল ৩ লাখ ১৫ হাজার টাকা। এবার সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের খরচ ঘোষণা করা হয়েছে ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা।

এতে ১ লাখ ৪৭ হাজার টাকা বেশি ব্যয় করতে হবে। যা হজের খরচ বৃদ্ধির ক্ষেত্রে নজিরবিহীন ঘটনা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগের বছরগুলোতে প্রতি বছর ১৫ থেকে ৪০ হাজার টাকার মতো প্যাকেজের দাম বাড়লেও এবার সেটা এক লাফে দেড় লাখে উঠেছে।

চলতি বছর হজে যেতে সরকারিভাবে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বুধবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনাসংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠকে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সাংবাদিকের হজ প্যাকেজ সম্পর্কে ব্রিফ করেন। আজ বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্যাকেজ ঘোষণা করবে হজ এজেন্সির মালিকদের সংগঠন ‘হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)’।

সরকারের নতুন হজ প্যাকেজ সম্পর্কে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২ এ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা খরচ ধরা হয়েছে। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে একটি প্যাকেজে খরচ ধরা হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৬৩০ টাকা।

২০২০ সালে প্যাকেজ ঘোষণা হলেও করোনার কারণে বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি। তখন হজ পালনে প্যাকেজ-১ এ ৪ লাখ ২৫ হাজার টাকা এবং প্যাকেজ-২ এ খরচ ধরা হয়েছিল ৩ লাখ ৬০ হাজার টাকা। প্যাকেজ-৩ এর খরচ ধরা হয়েছিল ৩ লাখ ১৫ হাজার টাকা।

প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর জন্য ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকার প্যাকেজ প্রস্তাব করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনার হজ এজেন্সিরা সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ ও প্যাকেজ-২ এর সঙ্গে সামঞ্জস্য রেখে একাধিক প্যাকেজ ঘোষণা করতে পারবে।

চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক হজচুক্তি মোতাবেক বাংলাদেশ থেকে এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।

খরচের যে যুক্তি দিল মন্ত্রণালয় : এবার হজের খরচ বাড়ার কারণগুলো উল্লেখ করে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সাংবাদিকদের বলেন, ২০২০ সালে সৌদি রিয়ালের বিনিময় হার ছিল ২৩ টাকা। আজ এই হারের পরিমাণ ২৪ টাকা ৩০ পয়সা। এটিও প্যাকেজ মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। এছাড়া সৌদি আরব পর্বে সব খাতের ওপর ১৫ শতাংশ ভ্যাট, সার্ভিস চার্জ, কর যোগ হয়েছে।

মোয়াচ্ছাছার খরচ দ্বিগুণ হয়েছে। বাড়ি ভাড়া বেড়েছে। প্যাকেজ মূল্যবৃদ্ধির জন্য এ কারণগুলো দায়ী। এ বছর তৃতীয় প্যাকেজ রাখা হয়নি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ এর হজযাত্রীরা পবিত্র মসজিদুল হারাম চত্বরের সীমানা থেকে সর্বোচ্চ ১০০০ মিটারের মধ্যে এবং প্যাকেজ-২ এর হজযাত্রীরা সর্বোচ্চ ১৫০০ মিটারের মধ্যে অবস্থান করবেন। বিমানের টিকিট বাবদ নেওয়া অর্থ এজেন্সি ব্যাংক থেকে উত্তোলন করতে পারবে না। হজযাত্রীর সংখ্যা অনুযায়ী সরাসরি পে-অর্ডারে মাধ্যমে এয়ারলাইন্সকে ওই অর্থ পরিশোধ করতে হবে এবং সৌদি আরবের বিভিন্ন সার্ভিস চার্জ ও পরিবহণ বাবদ গৃহীত অর্থ আইবিএসএনের (ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার) মাধ্যমে সৌদি আরবে পাঠানো ছাড়া এজেন্সি উত্তোলন করতে পারবে না।

প্রতি ৪৪ জন হজযাত্রীর জন্য একজন করে গাইড নিয়োগ করা হবে জানিয়ে ফরিদুল হক খান বলেন, হজযাত্রীদের কুরবানি বাবদ ব্যয়ের অর্থ সৌদি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা সৌদি সরকার অনুমোদিত এ ধরনের অন্য ব্যাংকের মাধ্যমে পরিশোধ করার জন্য সৌদি সরকারের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য হজযাত্রীকে প্যাকেজ মূল্যের অতিরিক্ত ৮১০ রিয়াল সমপরিমাণ ১৯ হাজার ৬৮৩ টাকা সঙ্গে নিতে হবে।

এদিকে হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেছেন, বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে অবস্থিত হোটেল ভিক্টরিতে হাবের কার্যালয়ে বেলা ১১টায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হবে।

গলায় ফাঁস দিয়ে ২ গৃহবধূর আত্মহত্যা

ঢাকার ধামরাইয়ে পৃথক ঘটনায় দুই গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বুধবার উপজেলার কুশুরা ইউনিয়নের ডালিপাড়া ও বালিয়া ইউনিয়নের রামরাবন উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মঘাতী দুজন হলেন- কুশুরা ইউনিয়নের ডালিপাড়া গ্রামের বাসিন্দা ও কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাবু নিরোধ চন্দ্র খার স্ত্রী কামনা রানী খাঁ (৩৫) ও বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামের উত্তরপাড়া এলাকার দিপুল চন্দ্র মনিদাসের স্ত্রী শিফরা রানী (২২)।

কামনা রানীর স্বামী নিরোধ খাঁ বলেন, আমি বিদ্যালয়ে দায়িত্ব পালনের সময় শুনতে পাই- স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। থানায় খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

কুশুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুজ্জামান বলেন, ওই গৃহবধূর আত্মহত্যার কারণ জানা যায়নি।

অপরদিকে বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামের উত্তরপাড়া এলাকা থেকে শিফরা রানীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আত্মহত্যার কারণও জানা যায়নি।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মজিবর রহমান বলেন, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

ফুটবল খেলার সময় যুবকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাটে ফুটবল খেলার সময় বুকে ব্যথা উঠে মো. ফয়সাল হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নুর সোনাপুর গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, ফুটবল খেলার সময় স্ট্রোক করে মারা গেছেন ওই যুবক।

ফয়সাল হোসেন ওই গ্রামের ননা মিয়া বেপারি বাড়ির আবুল কালাম কালা মিয়ার ছেলে।

বুধবার সন্ধ্যায় অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন শাহাদাত হোসেন মাসুদ জানান, বিকালে স্থানীয়দের উদ্যোগে বিবাহিত বনাম অবিবাহিত একাদশের মধ্যে ফুটবল খেলার আয়োজন করা হয়। ফয়সাল অবিবাহিত একাদশের হয়ে মাঠে নামে। খেলার শেষ পর্যায়ে মাঠে হঠাৎ বুকে হাত দিয়ে বসে পড়ে সে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আগে থেকে ফয়সালের হার্টের সমস্যা ছিল। খেলার সময় সে স্ট্রোক করে মারা গেছে বলে স্থানীয়রা বলছেন।

কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি আমাদের কেউ জানায়নি। খবর নিচ্ছি।

আঘাত হানল ‘অশনি’, ভারি বৃষ্টিপাতের শঙ্কা

ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অশনি। বুধবার মধ্যরাতে রাজ্যটির উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।

বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ের প্রভাবে ঊড়িষ্যা ও পশ্চিমবঙ্গে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চল মাছিলিপটনম ও নার্সাপুরাম এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় ‘অশনি’। আগেই দুর্বল হয়ে গভীর নিম্নচাপে রূপ নেওয়ায় খুব একটি ক্ষতি হয়নি উপকূলীয় অঞ্চলগুলোতে।

অন্ধ্রপ্রদেশের জাতীয় দুর্যোগ সংস্থা জানায়, ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বাতাসের গতিবেগে উপকূলে আছড়ে পড়ে অশনি। এর পর শুরু হয় ভারি বৃষ্টিপাত। উপকূলীয় অঞ্চলগুলোতে বৃহস্পতিবারও মানুষজনকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলেদেরও সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর জানায়, অশনির প্রভাবে ঊড়িষ্যা ও পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরই মধ্যে পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। বড় ধরনের ক্ষতির আশঙ্কা না থাকলেও অনেক অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা।

এদিকে অশনির কারণে পশ্চিবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া দিল্লি থেকে বেঙ্গালুরুর ফ্লাইটেও দেখা দেয় বিপর্যয়। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় অশনি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের এত পরিমাণ জলীয়বাষ্প প্রবেশ করেছে যে আগামী রবিবার পর্যন্ত ভেসে যাবে উত্তরবঙ্গের পাঁচ জেলা। কবে, কোথায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

ইউক্রেনের হামলায় রাশিয়ার ৪ নাগরিক হতাহত

ইউক্রেনের হামলায় রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার বেলগোরোদের গভর্নর ভায়াচেসলাভ গ্লাদোকভ এ হতাহতের অভিযোগ করেছেন।-খবর এএফপির।

বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, এ পর্যন্ত এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথে তিনি নিহত হন। আহত হয়েছেন আরও তিনজন।

তিনি আরও জানান, চলতি বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর তার অঞ্চলটি এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সোলোখি গ্রামকে হামলার লক্ষ্য বস্তু বানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে একটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন একসময়ে এ খবর এসেছে, যখন ইউক্রেনে রুশ অভিযানের ৭৭তম দিন চলছে। রাশিয়ার সীমান্ত অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনী হামলা চালাচ্ছে বলে বারবার অভিযোগ করছে স্থানীয় কর্তৃপক্ষ।

এর আগে বেলগোরোদের একটি তেল স্থাপনায় ইউক্রেনের হামলা চালানোর অভিযোগ করেছে গভর্নর ভায়াচেসলাভ গ্লাদোকভ।

বার্তা সংস্থা রয়টার্সের খবর বলছে, রাশিয়ার সঙ্গে যুক্ত হতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে অনুরোধ করার পরিকল্পনা রয়েছে শহরটির কর্তৃপক্ষের।

বর্তমানে শহরটি পরিচালনা করছে একটি সামরিক ও বেসামরিক প্রশাসন। গেল ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নতুন নাৎসিমুক্ত করতে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পর মস্কোর সঙ্গে একীভূত হতে যাওয়া প্রথম কোনো অঞ্চল হতে যাচ্ছে খেরসন।

রাশিয়া বলছে, অঞ্চলটি রাশিয়ার মূল ভূখণ্ডে যুক্ত হবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার স্থানীয় বাসিন্দাদের। যদিও অঞ্চলটি থেকে বিতাড়িত মেয়র হেন্নাদি লাহুতা বলেন, স্থানীয় বাসিন্দারা দখলদারিত্ব থেকে মুক্ত হয়ে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে চান।

গেল এপ্রিলে খেরসনের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করে রাশিয়া। অঞ্চলটিতে এখনও বিচ্ছিন্ন রুশবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হতে দেখা যাচ্ছে। খেরসনে একই নামে একটি সমুদ্রবন্দর রয়েছে। ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে এটি সংযোগ রয়েছে। ২০১৪ সালে ক্রিমিয়া ও পূর্ব ইউক্রেনের রুশ-সমর্থিত বিদ্রোহীদের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় রাশিয়া।