শনিবার ,১৬ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 565

চলন্ত এসি বাসে আগুন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শীতল পরিবহনের একটি চলন্ত এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই সময়ে বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ফতুল্লার চাঁনমারী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখী চলন্ত অবস্থায় হঠাৎ (ঢাকা মেট্রো-ব ১১-৯৭১৩) বাসটিতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি। আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা বাস থেকে নেমে যান। পথচারীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সাভিসের একটি ইউনিট এসে পরিদর্শন করেছে।

শীতল বাসের চালক মো. আনোয়ার বলেন, হঠাৎ বাসের ড্যাশবোর্ডে শর্টসার্কিটে আগুন লেগে যায়। আগুন লেগে ধোঁয়া উঠতে থাকলে আমি গাড়ি থামিয়ে সব যাত্রীদের নামিয়ে দেই। এ সময় আগুনে গাড়ির টুকটাক ক্ষতি হলেও যাত্রীরা সবাই অক্ষত ছিল বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

রাস্তায় পাওয়া ব্যাগভর্তি টাকা ফেরত দিলেন যুবক

ব্যাগভর্তি টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন এক ব্যবসায়ী যুবক। তার নাম আতিক হাসান। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আতিক টেলিকমের স্বত্বাধিকারী। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

হারিয়ে যাওয়া টাকার মালিক আহমদ আলী বলেন, সিলেটের আম্বরখানা থেকে কোম্পানীগঞ্জে সিএনজিতে করে যাওয়ার সময় ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে জেগে দেখি আমার টাকার ব্যাগটি নেই। ব্যাগে জমি বিক্রয় ও আত্মীয়দের কাছ থেকে ধার করে আনা মোট সাড়ে ৩ লাখ টাকা ছিল। টাকার ব্যাগ হারানোর পর দিশেহারা হয়ে পড়েছিলাম।

প্রকৃত মালিকের হাতে ব্যাগ তুলে দিয়ে আতিক হাসান বলেন, রাস্তায় টাকাগুলো পেয়েই বুঝতে পারি কারও অসাবধানতায় ব্যাগটি পড়ে গেছে। টাকার মালিক নিশ্চয়ই টাকা খুঁজতে এ জায়গায় আবার আসবেন। এজন্য আমি ঘটনাস্থলেই অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর ব্যাগে থাকা মোবাইলে ফোন আসলে আমি ফোন রিসিভ করি এবং সবকিছু খুলে বলি। একপর্যায়ে টাকার প্রকৃত মালিক এসে উপযুক্ত প্রমাণ দিলে টাকাগুলো ফেরত দেই।

ট্রাম্প মনোনয়ন পেলে ২০২৪ সালেও নির্বাচন করবেন বাইডেন

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি রিপাবলিকান দলের মনোনয়ন পান তাহলে ২০২৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জো বাইডেন। তবে এজন্য অবশ্য তাকে ভাগ্যের (সুস্থতা) ওপর নির্ভর করতে হবে।

বুধবার রাতে এবিসি নিউজে এক সাক্ষাৎকারে ‘আগামীতে ফের নির্বাচন করবেন কিনা’ এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, যদি ভাগ্য এবং স্বাস্থ্য পক্ষে থাকে, তাহলে তিনি নির্বাচন করবেন।

বাইডেন বলেন, আমি ভাগ্যকে সম্মান করি। আমার জীবনে বহুবার ভাগ্য হস্তক্ষেপ করেছে। এখন যেমন সুস্থ আছি, যদি এমন থাকি, তাহলে আবার নির্বাচন করবো। এক্ষেত্রে যদি ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন পান তাহলে তাতে উদ্বুদ্ধ হবো।

জো বাইডেনের বর্তমান বয়স ৭৯ বছর। তিনি ২০২৪ সালে নির্বাচন করবেন কিনা তা নিয়ে নানা আলোচনা রয়েছে আমেরিকায়। তবে তার টিম দাবি করেছে, তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করবেন।

অন্যদিকে, ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেননি। তবে এর আগে বিভিন্ন র্যা লি এবং সাক্ষাৎকারে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন। আমেরিকায় এ যাবত যত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার মধ্যে জো বাইডেনই সবচেয়ে বেশি বয়সের।

২০২০ সালে আমেরিকার নির্বাচনে বাইডেনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য দরকার হয় ২৭০ ইলেকটোরাল ভোট। নির্বাচনে বাইডেন ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বাইডেনের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তোলেন। এই অভিযোগ তুলে ট্রাম্প সমর্থকরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ব্যাপক হামলা ও ভাঙচুর করেন।

অবশেষে কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিচ্ছে কাতার-তুরস্ক

নানা নাটকীয়তার পর অবশেষে যৌথভাবে কাবুল বিমানবন্দর পরিচালনার জন্য তুরস্ক ও কাতার সম্মত হয়েছে। তুরস্কের আনাদোলু এজেন্সি এই খবর প্রকাশ করেছে।

কূটনৈতিক সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কাবুল বিমানবন্দর পরিচালনার বিষয়ে তুরস্ক এবং কাতারের প্রতিনিধিদের মধ্যে বিভিন্ন ধরনের সমঝোতা হয়।

এ লক্ষ্যে গত ৭ ডিসেম্বর তুরস্ক ও কাতারের কোম্পানিগুলো সম-অংশীদারিত্বের ভিত্তিতে একটি স্মারকে স্বাক্ষর করে।

সূত্র জানিয়েছে, গত ৭ ডিসেম্বর তুরস্ক-কাতার ‘সুপ্রিম স্ট্রাটেজিক কমিটি’র সপ্তম বৈঠকে মিলিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু। তিনি উপস্থিত থেকে এই চুক্তি করেন।

চুক্তির পর কাতারের টেকনিক্যাল ডেলিগেশন টিমের সঙ্গে আলোচনা করতে তুরস্কের একটি টিম দোহায় যায়।

তুরস্কের ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে, তুরস্ক ও কাতারের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত যৌথ প্রতিনিধি দল এখন কাবুলে ভ্রমণ করবেন। সেখানে তারা বিমানবন্দর পরিচালনার বিষয়ে তালেবান সরকারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। এই প্রতিনিধিরা তালেবান কর্মকর্তাদের কাছ থেকে বিমানবন্দর পরিচালনা করতে প্রয়োজনীয় বিষয়ের দাবি পূরণের আশা করছেন। আলোচনার পর তারা পরিস্থিতি পরিমাপ করবেন।

সোমবার তুস্কের পররাষ্ট্রমন্ত্রী কাভুসগলু বলেন, দোহা এবং কাবুলে আলোচনার পর কাতারের সঙ্গে মিলে তার দেশ আফগানিস্তানের পাঁচটি বিমানবন্দর পরিচালনা করবে।

কাবুলে আন্তর্জাতিক ভ্রমণ চালু করতে তুরস্ক ও কাতার যৌথভাবে আফগানিস্তানে কাজ করছে। তবে কাবুল বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট চালুর আগে বিমানবন্দর সংস্কার করা প্রয়োজন।

গত আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সৈন্য প্রত্যাহারের পর কাবুল বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় পড়ে। বর্তমান তুরস্ক, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বিমানবন্দরটি চালুর জন্য কাজ করছে। বিমানবন্দর ব্যবহার করে স্বল্প সংখ্যক ফ্লাইট ওঠানামা করছে।

যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর তুরস্ককে কাবুল বিমানবন্দর রক্ষার দায়িত্ব দিতে চেয়েছিল। কিন্তু তালেবান তখন রাজি হয়নি। পরে তালেবান সরকার নিজেরাই তুরস্ককে বিমানবন্দরে টেকনিক্যাল সহায়তা দিতে আহ্বান জানাই। তবে তুরস্ক বিভিন্ন বিষয় পরিমাপ করে অবশেষে কাতারের সঙ্গে মিলে বিমানবন্দর পরিচালনায় রাজি হয়েছে।

সুইজারল্যান্ড থেকে ১১০০ কোটি টাকা অনুদান পাবে বাংলাদেশ

আগামী ৪ বছরে বাংলাদেশকে ১১ বিলিয়ন টাকা বা প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা অনুদান দেবে সুইজারল্যান্ড। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশনের (এসডিসি) মাধ্যমে এই অর্থ সহায়তা দেবে দেশটি। বাংলাদের জন্য ‘উন্নয়ন সহায়তা কর্মসূচি’ প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ২০২২-২৫ সালের মধ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

রাজধানীর একটি হোটেলে বুধবার প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব উত্তম কুমার কর্মকার। এ সময় বাংলাদেশ সফররত এসডিসির মহাপরিচালক প্যাট্রিসিয়া ড্যানজি সহযোগিতা কর্মসূচি উপস্থাপন করেন। বক্তব্য দেন- সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথিল চুয়ার্ড, ডেপুটি হেড অব মিশন সুজানি মুইলার প্রমুখ।

অনুষ্ঠানে কর্মসূচি উপস্থাপনের সময় বলা হয়, সুইজারল্যান্ডের বৈদেশিক অগ্রাধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতা কৌশলের আঙ্গিকে নতুন এই সহযোগিতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে বৈশ্বিক এজেন্ডা এসডিজি-২০৩০, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ। এই কর্মসূচিতে প্রধান তিনটি লক্ষ্য সামনে রাখা হয়েছে। এগুলো হলো- বাংলাদেশের স্থিতিশীল এলডিসি উত্তরণে সহায়তা করা। এছাড়া সমৃদ্ধ, ন্যয়সঙ্গত ও সহনশীল একটি সমাজ গঠনে উৎসাহিত করা এবং শান্তিপূর্ণ সহাবস্থানে ভূমিকা রাখা।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বন্ধুত্বের ৫০ বছরের বন্ধন আরও শক্ত হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। স্বাধীনতার পর বাংলাদেশের শুরু থেকেই সুইজারল্যান্ড আমাদের অন্যতম সহযোগী। বাংলাদেশ সরকার দেশের জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে করে যাচ্ছে। দরিদ্রদের সীমারেখা থেকে টেনে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার। তবে দেশের বৈষম্য যে নেই সেটি বলা যাবে না। কিন্তু সেটি দূর করতে কাজ হচ্ছে।

তিনি বলেন, সরকার গ্রামীণ উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করছে। কেননা গ্রামেই বেশিরভাগ গরিব মানুষের বাস। সারা দেশে বিশুদ্ধ পানি, স্যানিটেশন দেওয়া হয়েছে। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক কাজ করছে। সেখান থেকে বিভিন্ন ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে। প্রাথমিক স্বাস্থ্য সেবা পাচ্ছেন গ্রামের মানুষ। বর্তমানে স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র্যনিরসন, নারী ও শিশু উন্নয়ন সংক্রান্ত প্রকল্পগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, দুর্নীতি যে নেই তা বলব না। কিন্তু দুর্নীতি নিরসনের প্রচেষ্টা আছে। নানা উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণকে সচেতন করা হচ্ছে। আশা করছি পরিবর্তন আসবে।

উত্তম কুমার কর্র্মকার বলেন, বাংলাদেশের কারিগরি শিক্ষায় ব্যাপক সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ঘটছে। এমন অবস্থায় সুইজারল্যান্ডের সহায়তা ব্যাপক ভূমিকা রাখবে। এ কর্মসূচিতে রোহিঙ্গা ও কক্সবাজারের স্থায়ীয় জনগণের জন্য সহায়তা দেওয়া হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ।

প্যাট্রিসিয়া ড্যানজি বলেন, বাংলাদেশ কোভিড-১৯ মহামারির চ্যালেঞ্জিং সময় পার করছে। কক্সবাজারে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেখানে স্থানীয় জনগণও সুবিধা পাচ্ছেন। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, শোভন কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৈষম্য কমানো-সুশাসন এবং জেন্ডার সমতাসহ বিভিন্ন ইস্যুতে কাজ করছে সুইজারল্যান্ড। এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

গভর্নরের সঙ্গে দেখা করলেন সাকিব আল হাসান

বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। মঙ্গলবার গভর্নর কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন। এ সময় ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের উপস্থিত ছিলেন। ব্যাংকটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সূত্র জানায়, সাকিব আল হাসানের সঙ্গে ছিলেন নতুন ব্যাংক খোলার জন্য কেন্দ্রীয় ব্যাংকের সম্মতিপত্র (এলওআই) পাওয়া পিপলস ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান আবুল কাশেম। বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পাওয়ার অপেক্ষায় থাকা এ ব্যাংকের শেয়ারহোল্ডার হতে যাচ্ছেন সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তার। এ বিষয়ে অনাপত্তির আবেদন বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় রয়েছে।

২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি বেঙ্গল কমার্শিয়াল, সিটিজেনস ও পিপলস নামে নতুন তিনটি ব্যাংকের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক চলতি বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। আর চূড়ান্ত লাইসেন্স পাওয়ার পর কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে সিটিজেনস ব্যাংক। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অনিশ্চয়তায় রয়েছে পিপলস ব্যাংক।

ফখরুল-আলালসহ ১৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ১৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আকরাম হোসেন বাদল বাদী হয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে এ মামলার আবেদন করেন।

বুধবার মামলাটির আবেদন করা হলেও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আদেশ প্রদান করেননি আদালত।

আবেদনে অপর বিবাদীরা হলেন- ইশরাক হোসেন, চাকরিচ্যুত মেজর দেলোয়ার হোসেন, নুরুল হক নুরু, মেজর (অব.) শহীদুল ইসলাম খান, মো. নুরে ইলিয়াস রিপন, এম রহমান মাসুম, আতিকুর রহমান সবুজ, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, ইলিয়াস মোল্লা, জাকির হোসেন, শেখ মো. তিতুমীর আকাশ ও সাংবাদিক ইলিয়াস হোসেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল হুদা জানান, মোয়াজ্জেম হোসেন আলাল বেআইনিভাবে যুক্তরাজ্য অবস্থান করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মর্যাদাহানির লক্ষ্যে ক্রমাগতভাবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত নাগরিকদের মাঝে কুরুচিপূর্ণ অসত্য বিকৃত ইতিহাস গালগল্পের প্রচারণা চালিয়ে আসছেন। আলালের প্রচারণায় ও আদেশে অন্যান্য বিবাদীরা দেশের বিভিন্ন স্থানে জাতির পিতা ও প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং রাষ্ট্রবিরোধী অপপ্রচার কটূক্তি এবং মানহানিকর বক্তব্য প্রদান করে আসছেন।

তিনি আরও জানান, মামলার আবেদনকারী ৭ নভেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকায় মোবাইলে বিবাদীদের এসব প্রচারণা দেখে হতভম্ব হয়ে পড়েন। এ বিষয়ে আদালতে ন্যায়বিচারে মামলার আবেদন করেছি। আশা করি আদালত মামলাটি আমলে নেবেন।

আদালত সূত্র জানান, আবেদনটি পর্যালোচনায় রয়েছে। পরে আদেশ দেওয়া হবে।

বিএনপির মহাসমাবেশের অনুমতি, প্রধান অতিথি মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গাজীপুরে শুক্রবারের মহাসমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। শেষ পর্যন্ত স্থান পরিবর্তনসাপেক্ষে শহরের শহিদ বরকত স্টেডিয়ামে সমাবেশ করার অনুমতি দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গাজীপুর মহানগর ও জেলা বিএনপির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি একেএম ফজলুল হক মিলন।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, জেলাভিত্তিক এ মহাসমাবেশটি হওয়ার কথা ছিল গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য স্থানীয় নেতারা গত কয়েক দিন যাবত ব্যাপক প্রস্তুতির পাশাপাশি লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসনের অনুমতির অপেক্ষায় ছিলেন।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অনুমতি না পাওয়ায় দলের শীর্ষপর্যায়ের নেতারা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে অনুমতির জন্য অনুরোধ জানান। পরে অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রশাসনের শীর্ষ তিন কর্মকর্তা পারস্পরিক আলোচনা করে শ্রীপুরের স্থান পরিবর্তন করে মহানগরের শহিদ বরকত স্টেডিয়ামে মহাসমাবেশের অনুমতি প্রদান করেন।

এজন্য বিএনপির পক্ষ থেকে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দলের পক্ষ থেকেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মহাসমাবেশ আয়োজনের নিশ্চয়তা দেওয়া হয় বলে একেএম ফজলুল হক মিলন জানান।

এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর বিএনপির সদস্য-সচিব মো. সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, হুমায়ূন কবির রাজু, আব্দুস সালাম শামীম, জয়নাল আবেদীন তালুকদার, বিএনপি নেতা শাহজাহান ফকির, আহাম্মদ আলী রুশদি, সাখাওয়াত হোসেন সবুজ, আকম মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন রিজভী, মনিরুল ইসলাম মনির প্রমুখ।

প্রকাশিত হলো গবেষণাগ্রন্থ ‘মহাত্মা গান্ধী ও চাঁদপুর’

চাঁদপুর পৌরসভার প্রকাশনায় গত রোববার প্রকাশিত হয়েছে গবেষণাগ্রন্থ ‘মহাত্মা গান্ধী ও চাঁদপুর’। বইটি সম্পাদনা করেছেন লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান।

পৌরসভার পক্ষে বইটি প্রকাশ করেছে পরিবার পাবলিকেশন্স।

লেখক মুহাম্মদ ফরিদ হাসান বলেন, প্রায় তিন বছর ধরে ‘মহাত্মা গান্ধী ও চাঁদপুর’বিষয়ক গবেষণা কাজটি করেছি।

মহাত্মা গান্ধী একাধিকবার চাঁদপুরে এসেছেন, বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। তার চাঁদপুরে আগমন, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, চাঁদপুরে দেওয়া সাক্ষাৎকার, বক্তৃতা-বিবৃতি, চিঠিপত্র, চাঁদপুরের মানুষের সঙ্গে তার সম্পর্ক, চাঁদপুরে দাঙ্গার স্বরূপ ইত্যাদি বিষয়কে ধারণ করে প্রকাশিত হয়েছে ‘মহাত্মা গান্ধী ও চাঁদপুর’ গ্রন্থটি।

তিনি বলেন, বইটি প্রকাশের জন্য চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলকে আন্তরিক ধন্যবাদ জানাই। বইটি চাঁদপুরের মানুষদের নিজস্ব ইতিহাস সম্পর্কে জানাতে ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

পৌরমেয়র জিল্লুর রহমান জুয়েল বলেন, চাঁদপুরের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে গবেষণার জন্য আমরা কাজ করছি। ইতোমধ্যে গবেষণাগ্রন্থ ‘রবীন্দ্রনাথ ও চাঁদপুরের মানুষেরা’ প্রকাশিত হয়েছে। এখন প্রকাশিত হলো ‘মহাত্মা গান্ধী ও চাঁদপুর’।

বইটির মোড়ক উন্মোচন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। পৌরসভা থেকে প্রকাশের অপেক্ষায় রয়েছে ‘কাজী নজরুল ইসলাম ও চাঁদপুর’ বইটি। এটিও শিগগিরই প্রকাশ হবে।

আশা করি এ বইগুলো চাঁদপুরের ইতিহাস চর্চায় সহায়ক হবে। বইটির প্রচ্ছদ করেছেন ইউনুস নাজিম। ১৬০ পৃষ্ঠার এ বইটির মূল্য ৪০০ টাকা।

বইমেলা ১ ফেব্রুয়ারি থেকে, মানতে হবে স্বাস্থ্যবিধি

মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিবছরের মতো গ্রন্থমেলা উপলক্ষে নানা কর্মসূচির পরিকল্পনা নিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে যাতে বইমেলায় ক্রেতা ও পাঠকরা আসতে পারেন সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে এবারের মেলায়।

২০২২ সালের গ্রন্থমেলার মূল প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধু জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তী।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে এবারের অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনের কথা রয়েছে।

বই মেলার সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল উদ্দিন আহমদ বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস অতিমারির পাশাপাশি ওমিক্রনের আক্রমণের কারণে যাতে বইমেলা বন্ধ ঘোষণা না করতে হয় সেজন্য সবধরনের আগাম প্রস্তুতি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একাডেমির পরিচালক বলেন, গ্রন্থমেলা নিয়ে গ্রন্থপ্রেমী মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। এছাড়া কোভিড-১৯ এর কারণে মানুষ বাসায় ঘরবন্দি থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে। তারা সুযোগ পেলেই বাইরে আসছে। সুতরাং বইমেলা, শুরু হলে জনসাধারণের প্রাণের স্পন্দন ও পদচারণায় মুখর হবে বইমেলা প্রাঙ্গণ। বাংলা একাডেমিও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে যাতে বইমেলায় ক্রেতা ও পাঠকরা আসতে পারেন সেই প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশকরা কিস্তিতে স্টলের ভাড়া পরিশোধ করতে পারবেন। এবারই প্রথমবারের মতো তাদের এই সুযোগ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রধান উপদেষ্টা এবং আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ও বাংলা একাডেমির বইমেলা উদযাপন কমিটির সদস্য ওসমান গণি বলেন, করোনার কারণে গতবছর বইমেলা সুষ্ঠুভাবে শেষ হয়নি। প্রকাশকরা সারা বছর নানা ধরনের বই প্রকাশ করে থাকেন। কিন্তু আশানুরূপ বই বিক্রি হয় না। ফলে বিক্রেতাদের মধ্যেও হতাশা কাজ করছে। এবারে প্রকাশকদের জন্য সরকারিভাবে কোনো প্রণোদনার ব্যবস্থা রাখা হয়নি। কয়েক দফা বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে।