বৃহস্পতিবার ,১১ জুন, ২০২৬
sbacbank
Home Blog Page 492

যে কারণে ইভিএমে হয়নি শিল্পী সমিতির নির্বাচন

বহুল আলোচিত শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন ঘিরে গত কয়েক দিন ধরে নানা ধরনের খবরে সরগরম ছিল ঢালিউডপাড়া।

নির্বাচন শেষে এবার ভোট গণনায় দীর্ঘ সময় ব্যয় করা নিয়ে নতুন বিতর্কে মেতেছে সিনেমহলসহ অনেকে। মাত্র ৩৬৫ ভোট গুনতে সারারাত কী করে অতিবাহিত হয়ে যায়! সে প্রশ্ন অনেকের।

সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা অভিনেতা ডিএ তায়েবের ভোটবর্জন এবং সাধারণ সম্পাদক পদে নিপুণের ফের ভোট গণার আপিলের বিষয়টিকে আরও তাঁতিয়ে তুলেছে।

অনেকের মন্তব্য— সম্প্রতি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করলেই তো ফল পেতে দীর্ঘ রাত অর্ঘুম থাকতে হতো না। শিল্পী সমিতির নির্বাচনে কেন এই ডিজিটাল পদ্ধতির সুবিধা নেওয়া হয়নি?

এমন সব প্রশ্ন ও সমালোচনার পর এ নিয়ে মুখ খুললেন শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন। জানালেন, ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ইভিএমের ওপর আস্থা রাখতে পারেনি মিশা-জায়েদ ও ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ। পরে বাধ্য হয়েই চাপের মুখে নির্বাচন কমিশনারদের ব্যালট পেপারকেই বেছে নেওয়া হয়।

শহীদুল হারুন বলেন, ‘ইভিএমে ভোটগ্রহণ চললে বড়জোর এক ঘণ্টা লাগত ভোটের ফল জানাতে। বাড়তি কোনো ঝামেলাও থাকত না। এ জন্য এক লাখ টাকা বাড়তি খরচ হতো। টাকাও হাতে ছিল। কিন্তু মিশা-জায়েদ ও ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সদস্যরা ইভিএমে বিশ্বাসী নন। এটিতে নাকি ভোট চুরি হয়। তারা ব্যালট পেপারেই ভোটগ্রহণে একমত হন। তাই বাধ্য হয়েই ব্যালট পেপার বেছে নিতে হয়েছে আমাদের। ভোট গণনায়ও দেরি হয়েছে।’

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আমরা আসলে গুরুত্ব দিয়েছি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার দিকে। বাইরে থেকে সরাসরি মনিটরে দেখেছেন যে, ভেতরে কী হচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সব কাজ শেষ করেছি। আমরা কোনো বিতর্ক তৈরি করতে চাইনি। নির্বাচন সুষ্ঠু করতে আমাদের দেরি হয়েছে। ফলাফল দেরিতে প্রকাশ হলেও সবাই সন্তুষ্ট।’

এরপরও একই প্রশ্ন থেকেই যায় – শুক্রবার বিকাল ৫টায় শেষ হওয়া ৩৬৫ ভোটের ফলাফল দিতে শনিবার ভোর ৪টা লেগে গেল?

এত সময় লাগার ব্যাপারে পীরজাদা শহীদুল হারুণ ব্যাখ্যা দেন, হাতে গণনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ লোককে দায়িত্ব দেওয়া হলেও এর চেয়ে কম সময়ে ভোট গণনা সম্ভব না। আমরা ভোট দান শেষে নিজেদের জন্য অল্প কিছু সময় নিয়েছি। খেতে হয়েছে। ভোট গণনায় যেন তাড়াহুড়া না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হয়েছে। আপিল বিভাগে যেন কোনো বিতর্কের সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখত হয়েছে। ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদের দুই প্যানেল ভোট গণনা নিয়ে সন্তুষ্ট হয়েছেন, তার পর আমরা ঘোষণা করেছি।

প্রসঙ্গত এবার শিল্পী সমিতির মোট ভোটার ছিলেন ৪২৮ জন। তবে ব্যালটবাক্সে ভোট জমা পড়েছে ৩৬৫টি। মোট ভোট পড়েছে ৮৫ দশমিক ২৮ শতাংশ।

এর মধ্যে কার্যকরী পরিষদের সদস্যপদে বাতিল হয়েছে ১০টি ভোট৷ আর সম্পাদকীয়তে বাতিল হয়েছে ২৬টি ভোট৷ ভোট দেওয়ার জন্য দুটি করে ব্যালট পেপার ছিল। ভোট গণনার সময় উপস্থিত ছিলেন দুপক্ষের আটজন অভিনয়শিল্পী।

এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করেন। প্রতিদ্বন্দ্বী প্যানেলে সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার নির্বাচন করেন। সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান জয়ী হয়েছেন। সহসভাপতি পদে জয়ী হয়েছেন ডিপজল ও রুবেল।

পাঞ্জাবি অভিনেত্রীকে দেখে কাঁদলেন সালমান

সিনেমায় ভিলেনদের কাঁদিয়ে নাকানিচুবানি খাওয়ানো সালমান খানের মন গলে গেল বাস্তবে। পাঞ্জাবি অভিনেত্রী শেহনাজ গিলকে দেখে কাঁদলেন সালমান।

সম্প্রতি রিয়্যালিটি শো ‘বিগ বস ১৫’-এর চূড়ান্ত পর্বে অতিথি হয়ে এসেছিলেন শেহনাজ। মঞ্চে সঞ্চালক সালমানকে তিনি বলেন, ‘আপনাকে দেখে আমি আবেগপ্রবণ হয়ে যাই। অনেক কিছু মনে পড়ে গেল।’

এর পরই কাঁদতে শুরু করেন এ অভিনেত্রী। শেহনাজের কান্না দেখে নিজেকে সামলাতে পারেননি সালমানও। চোখ ছলছল করে ওঠে তার। চোখের জল গড়িয়ে পড়ে বলি ভাইজানের। শোকের আবহ বইতে থাকে গোটা পরিবেশে।
অভিনেতা সিদ্ধার্থ শুক্লার কথা স্মরণ করেই এমন শোকের মাতম বয়ে যায় ‘বিগ বস ১৫’-এর মঞ্চে। গত বছরের সেপ্টেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা পৃথিবীর মায়া ত্যাগ করেন সিদ্ধার্থ শুক্লা।

সিদ্ধার্থ ছিলেন শেহনাজের প্রেমিক। ‘বিগ বস’-এর মাধ্যমেই সিদ্ধার্থের সঙ্গে শেহনাজের পরিচয় হয়। শোয়ের ১৩তম সিজনে দুজনের বন্ধুত্ব প্রেমের দিকে গড়ায়।

প্রেমিকের হঠাৎ মৃত্যুতে মুষড়ে পড়েন শেহনাজ। বেশ কিছু দিন পর্দার বাইরে ছিলেন তিনি। ধীরে ধীরে ফিরেছেন সাধারণ জীবনে। এবার বিগ বস’—এর মঞ্চে ফিরে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি। এই মঞ্চেই সিদ্ধার্থকে পেয়েছিলেন, আবার এই মঞ্চেই হারালেন।

কান্নায় ভেঙে পড়তে থাকা শেহনাজকে সান্ত্বনা দিতে তাকে আলিঙ্গন করেন সালমান খান। নিজেকে আটকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত কেঁদে ফেলেন সালমানও। রুমাল দিয়ে চোখের জল মোছার চেষ্টা করেন।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সম্ভাব্য তারিখ

এ মুহূর্তে দেশের ফ্রাঞ্চাইজি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা। বিপিএল শেষ হতেই ঘরের মাঠে শুরু হবে আফগানিস্তান সিরিজ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর পর ঢাকায় শেরেবাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজে রশিদ খানদের মোকাবিলা করবে মাহমুদউল্লাহ বাহিনী।

ভেন্যু মোটামুটি নির্ধারিত হয়ে গেলেও সিরিজ শুরুর তারিখ, সময় এখনও চূড়ান্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সম্ভাব্য তারিখ জানা গেছে।

শনিবার সন্ধ্যায় বিসিবির উচ্চপর্যায়ের নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য বলছে, বিপিএল ফাইনাল মাঠে গড়ানোর পর পরই বাংলাদেশে চলে আসবে আফগানিস্তান। আর বিপিএল ফাইনাল হবে ১৮ ফেব্রুয়ারি। সে হিসেবে ১৯ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে যে কোনো একসময় বাংলাদেশের মাটিতে পা রাখবেন রশিদ-নবীর দল।

বাংলাদেশে আসার পর সাত দিন কোয়ারেন্টিন করতে হবে না আফগানিস্তান দলকে। আসার পর তাদের সবার করোনা টেস্ট হবে। নেগেটিভ ফল হাতে আসার একদিন পরই মাঠে যেতে পারবেন আফগানরা।

সে হিসাবে ২৪ অথবা ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের মাঠে গড়াতে পারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশ যুবাদের

প্রথমে ব্যাট করে ১১১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ যুবারা। শিরোপা ধরে রাখার সম্ভাবনা মুছে গেল বাংলাদেশের। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ছিল টাইগার যুবারা।

এবারও আশা ছিল তেমন কিছুর। কিন্তু কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে হয়েছে স্বপ্নভঙ্গ। বিশ্ব চ্যাম্পিয়ন তকমা আর থাকছে না বাংলাদেশের যুবাদের।

শনিবার রাতে অ্যান্টিগায় রাকিবুল হাসানের দল ভারতের কাছে হেরেছে ৫ উইকেটের ব্যবধানে।

আগে ব্যাট করে ১১১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ১১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত অনূর্ধ্ব-১৯ দল।

এদিন ভারতের বিপক্ষে শুরু থেকেই ধুঁকতে থাকে জুনিয়র টাইগাররা। দলীয় মাত্র ১২ রানের মধ্যে দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও ইফতেখার হোসেনের উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। মাহফিজ ২ ও ইফতেখার ১ রান করে রবি কুমারের বলে আউট হন।

সেই যে শুরুতে ব্যাটিং বিপর্যয় পড়ে টাইগাররা। এরপর আর সেখান থেকে ওঠে দাঁড়াতে পারেনি তারা।

পরে ব্যাট করতে আসা প্রান্তিক নাবিল ৭, আইচ মোল্লা ১৭, আরিফুল ইসলাম ৯, ফাহিম ০ ও অধিনায়ক রকিবুল হাসান ৭ রান করে ফেরেন।

এরপর দলের কিছুটা হাল ধরেন মেহরাব। তিনি ৪৮ বল খেলে ৩০ রান করেন। দলের সর্বোচ্চ রান আসে তার ব্যাট থেকেই। এছাড়া আশিকুর জামান ১৬ ও তানজিম হাসান ২ রান করে আউট হন। ২ রান করে অপরাজিত থাকেন রিপন মণ্ডল।

ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন রবি কুমার। তিনি মাত্র ১৪ রান দিয়ে উইকেটগুলো নিজের ঝুলিতে পুড়েন। ২৫ রান খরচায় দ্বিতীয় সর্বোচ্চ দুটি উইকেট তুলে নেন ভিকি ওসওয়াল।

চুয়াডাঙ্গায় একদিনে ৫১ জনের করোনা শনাক্ত

চুয়াডাঙ্গায় আবার বাড়ছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২৩৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল সাত হাজার ৩০৬ জনে।

রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৩৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে নতুন ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা সাত হাজার ৩০৬ জনে দাঁড়াল। গেল ২৪ ঘণ্টায় কেউ সুস্থতার সনদ পাননি। বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ১৩ জন। নতুন যে ৫১ জন শনাক্ত হয়েছেন তার মধ্যে সদর উপজেলার ৩০, দামুড়হুদা উপজেলার সাত এবং জীবননগরের ১৪ জন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ আকরাম বলেন, চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যু নেই বললেই চলে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ১৩ রোগী ভর্তি আছেন।

জানা যায়, জেলায় এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২০৯ জন। এর মধ্যে চুয়াডাঙ্গায় মারা গেছেন ১৮৯ জন এবং জেলার বাইরে ২০ জন। সংক্রমণ বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা তেমন চোখে পড়ছে না।

কনকনে শীতে ব্যাহত জীবনযাত্রা, দিনাজপুরে তাপমাত্রা ৮.৪

দিনাজপুরে জেঁকে বসেছে শীতের তীব্রতা। ফলে মাঝারিভাবে বইছে শৈত্যপ্রবাহ। তবে অব্যাহত কুয়াশা আর ঠাণ্ডার কারণে কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না।

রোববার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে কুয়াশায় ঢাকা ছিল জেলার বেশিরভাগ এলাকা। হাড় কাঁপানো ও কনকনে শীতে ব্যাহত হয়েছে ছিন্নমূল মানুষের জীবনযাত্রা।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাটে ৭ দশমিক ৫, তেঁতুলিয়া ৬ দশমিক ৮, সৈয়দপুরে ৮ দশমিক ২, রংপুর ৯ দশমিক ৫, ডিমলা ৮ দশমিক ৯, নওগাঁ ৮ দশমিক ৫, রাজশাহী ৮ দশমিক ৬, চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৬ এবং শ্রীমঙ্গলে ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পর্যন্ত তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে চলমান শৈত্যপ্রবাহটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের ওই ইনচার্জ।

মেক্সিকোতে গাড়ি খাদে পড়ে শিশুসহ নিহত ১৩

মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৩ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির কর্তৃপক্ষ স্থানীয় সময় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।খবর এনবিসি নিউজের।

জেলিস্কো রাজ্যের জরুরি সহায়তা বিভাগ এক টুইটবার্তায় জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান দুই শিশুসহ ১২ জন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। দুর্ঘটনার সময় গাড়ির ভিতরে আটকা পড়েন ৭ জন।

দুর্ঘটনাটি ঘটে লাগোস দে মোরেনো শহরের কাছের একটি হাইওয়েতে। এমন একটি সময় এ দুর্ঘটনা ঘটল যখন ক্যাথলিক তীর্থযাত্রীরা প্রায়শই নিকটবর্তী শহর সান জুয়ান দে লস লাগোসের একটি মন্দির দর্শনে যান।

দ্বি-জাতি সমাধান ছাড়া ইসরাইলে শান্তি আসবে না: জাতিসংঘ

ইসরাইল ও ফিলিস্তিন পূর্ণাঙ্গ স্বাধীন দেশ না হওয়া পর্যন্ত এ অঞ্চলে শান্তি ফিরে আসবে না বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা ফারহান হক শনিবার এ কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

ফারহান হক বলেন, জাতিসংঘ দ্বি-জাতি সামাধানের লক্ষ্যে কাজ করে আসছে এবং এখনও কাজ করে যাচ্ছে।

জাতিসংঘের সহকারী মুখপাত্র ফারহান হক বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা ইসরাইল এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে পৃথকভাবে আলোচনা অব্যাহত রেখেছি।

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের একটি কথার জবাব দিতে গিয়ে জাতিসংঘের এ কর্মকর্তা এসব কথা বলেন।

ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, আমার আমলে কোনো ভাবেই ফিলিস্তিন নামে স্বাধীন কোনো রাষ্ট্র হতে দেবো না।

নাফতালি বেনেটের এ কথার জবাবেই ফারহান হক বলেছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা না হলে ইসরাইলেও শান্তি প্রতিষ্ঠিত হবে না।

গত বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বলেছেন, আমি যতদিন প্রধানমন্ত্রী আছি, অন্তত ততদিন অসলো চুক্তি অনুসারে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেকে ঘোষণা দিতে দেবো না।

১৯৯৩ সালে নরওয়ের রাজধানী অসলোতে তৎকালীন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সঙ্গে ইসরাইলের একটি শান্তি চুক্তি হয়। তাতে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেওয়ার কথা ছিল ইসরাইলের।

কিন্তু পরে ইহুদিবাদী দেশটি পরে তাদের প্রতিশ্রুতি থেকে ফিরে আসে।

গ্রাহকভেদেও নীতি সহায়তায় বড় ছাড়

করোনাকালীন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম সচল রাখতে নীতি সহায়তায় বিশেষ ছাড়ের পাশাপাশি গ্রাহকভেদেও বড় ছাড় দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এর আওতায় ঋণের কিস্তি পরিশোধে বাড়তি সময়, প্রয়োজনের চেয়ে কম কিস্তি নিয়ে ঋণ নিয়মিত রাখা, বিভিন্ন নীতি সহায়তা একাধিকবার পাওয়া, এলসির পণ্য ও রপ্তানি আয় দেশে আনার বাড়তি সময় দেওয়া হচ্ছে। এছাড়া ঋণের শর্ত পুরোপুরি পরিপালনে ব্যর্থ হলেও বিশেষ ক্ষেত্রে ঋণ ছাড় করছে।

এ প্রসঙ্গে বিশিষ্ট অর্থনীতিবিদ ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত বলেন, করোনার কারণে বিশ্বব্যাপী স্বাভাবিক কর্মকাণ্ডে ছন্দপতন ঘটেছে। এ কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে ব্যাংক নীতিমালার আওতায় থেকে ব্যাংক অনেক ছাড় দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান সচল রাখার সুযোগ দিচ্ছে। কেননা এই সময়ে সুযোগ না দিলে তারা প্রতিষ্ঠান চালু রাখতে পারবে না। সব দেশেই এটি দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার সেগুলো আদায় করে নেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, করোনাকালীন অর্থনৈতিক ক্ষতি যথাসম্ভব ক্ষতি কমিয়ে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক এ কৌশল নিয়েছে। সব শিল্প প্রতিষ্ঠান সচল থাকলে এবং যেসব প্রতিষ্ঠান চালুর অপেক্ষায় রয়েছে সেগুলোকে দ্রুত চালু করা সম্ভব হলে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি বাড়বে উৎপাদন। কর্মচ্যুত হওয়ার প্রবণতা কমবে।

করোনার ক্ষতি মোকাবিলায় দ্বিতীয় দফায় প্রণোদনা প্যাকেজগুলোতে অর্থ বরাদ্দ করে চালু রাখা হয়েছে। বৈদেশিক খাতের চারটি প্যাকেজের মেয়াদ আগামী জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর বাইরে গিয়ে গ্রাহকভেদে প্রয়োজন অনুসারে আরও ছাড় দেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী কোনো শিল্প প্রতিষ্ঠানের ঋণ নেওয়ার ক্ষেত্রে জাল-জালিয়াতি বা মানি লন্ডারিংয়ের মতো অপরাধ করলে ওই প্রতিষ্ঠানের অনুকূলে সাধারণত ঋণ ছাড়সহ অন্য কোনো সুবিধা দেওয়া হয় না। কিন্তু করোনার কারণে এই নীতিমালাটিও কেন্দ্রীয় ব্যাংক শিথিলভাবে প্রয়োগ করছে।

বেসরকারি খাতের স্টাইল ক্রাফট শর্ত পরিপালনে ব্যর্থ হলেও তাদের ঋণ ছাড়ের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অ্যাসোল ফেব্রিক্সের নির্ধারিত কিস্তির চেয়ে কম ঋণ নিয়েও তা নিয়মিত রাখার সুযোগ দিয়েছে। অ্যানন টেক্সের ঋণের ক্ষেত্রে জাল-জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে প্রমাণিত হলেও ঋণ নবায়নের বিশেষ ছাড় দেওয়া হয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটি এখনো শর্ত পালন করতে পারেনি। তবে কিছু ঋণ নবায়ন করে প্রতিষ্ঠানটি ব্যবসা চালিয়ে যাচ্ছে।

ঋণ জালিয়াতির দায়ে অভিযুক্ত ক্রিসেন্ট গ্রুপ অন্য কোম্পানির নামে সুবিধা নিয়ে সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম চালু রেখেছে। ঋণ জালিয়াতির দায়ে অভিযুক্ত বিসমিল্লাহ গ্রুপ খেলাপি ঋণ নবায়নের শর্তে নতুন ঋণ চেয়েছে। কিন্তু শর্ত পালন করতে না পারায় তাদের ঋণ নবায়ন হয়নি এখনো। তবে অন্য ব্যবস্থাপনায় তাদের শিল্প প্রতিষ্ঠানগুলো সচল রয়েছে। জেকে এক্সেসরিজ নামের একটি নতুন প্রতিষ্ঠান ব্যাংকের শর্ত বাস্তবায়ন করতে পারেনি বলে নতুন ঋণ ছাড় বন্ধ রাখা হয়েছিল।

সম্প্রতি শর্ত সাপেক্ষে প্রতিষ্ঠানটি চালু করতে ছাড় দেওয়া হয়েছে। কয়েকটি গার্মেন্ট প্রতিষ্ঠান রপ্তানির মূল্য দেশে আনতে না পারলেও তাদের নতুন ঋণ দিয়ে রপ্তানির সুযোগ দেওয়া হয়েছে।

ছোট আকারের শতাধিক গার্মেন্টের ক্ষেত্রে নতুন ঋণে ছাড় দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণেও বড় ছাড় এখনো দেওয়া হচ্ছে। বিশেষ ছাড়ের পরও গ্রাহক ঋণ পরিশোধে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক তা বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে আদায় করে নিচ্ছে। কিন্তু গ্রাহককে খেলাপি না করে নতুন ঋণের সুযোগ দিচ্ছে।

প্রচলিত নিয়মে প্রণোদনার ঋণ ও অন্যান্য ছাড় এক দফা ভোগ করছে দ্বিতীয় দফায় আর করা যাবে না। এ ক্ষেত্রেও ছাড় দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে এলসির দেনা পরিশোধ করার পরও যেসব পণ্য দেশে আনা সম্ভব হয়নি সেগুলো দেশের মেয়াদ বাড়ানো হচ্ছে।

এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের প্রণোদনার আওতায় একাধিকবার ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। প্রণোদনার অর্থ যারা অপব্যবহার করেছেন সেগুলোর বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা না নিয়ে ঋণকে শিল্পের কাজে ব্যবহারে বাধ্য করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের পর পরিদর্শনের সময়ও যদি কোনো গ্রাহকের ঋণ পরিশোধের তথ্য পাওয়া যায় তাকেও বিশেষ বিবেচনায় নেওয়ার জন্য নির্দেশনা রয়েছে। কারণ এখন কিস্তি দিতে না পারলে খেলাপি করা হলে প্রতিষ্ঠানটি সচল রাখা কঠিন হবে। এজন্য যথাসম্ভব খেলাপি না করার দিকেই কেন্দ্রীয় ব্যাংকের নজর থাকবে।

সূত্র জানায়, এসব ছাড় দেওয়ার ক্ষেত্রে গ্রাহকভেদে বা ‘কেস টু কেস’ ভিত্তিতে অনুমোদন দেওয়া হচ্ছে। গড়ে এসব সুবিধা সবাইকে দেওয়া হচ্ছে না। কেবল যেসব প্রতিষ্ঠান আর্থিকভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে না তাদেরই এসব সুবিধা দেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ব্যবসায়ীরা এখন বড় দুর্যোগের মধ্যে আছে। এ সময়ে সহায়তা না পেলে দাঁড়াতে পারবে না অনেকে। যে কারণে যারা ভালো ব্যবসা করে, অতীত রেকর্ড ভালো তাদের সব রকম সুবিধা দেওয়া উচিত। তাহলে করোনার নেতিবাচক প্রভাব কম পড়বে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী গত ডিসেম্বরের মধ্যে কিস্তির ২৫ শতাংশ পরিশোধ করলে খেলাপি করা হবে-এ মর্মে নির্দেশনা দেওয়া হয়েছিল। সেটি মৌলিকভাবে ২০ জানুয়ারি পর্যন্ত শিথিল করেছে। ওই সময়ে যারা ঋণ পরিশোধ করেছে তাদের লেনদেন গত ৩১ ডিসেম্বরের লেনদেন হিসাবে গণ্য করে খেলাপি করা হবে না। এরপরও যারা ঋণের কিস্তি জমা দিয়েছে তাদেরও শিথিলভাবে বিবেচনা করছে। বাণিজ্যিক ব্যাংকগুলোকেও এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে প্রান্তিক কৃষক, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষেত্রে এ নীতিমালায় আরও ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ ছোট উদ্যোক্তা ও কৃষকদের ঋণ পরিশোধে ব্যর্থতার কারণে খেলাপি না করে তাদের ছোট ছোট ঋণ দেওয়া হবে। কেননা করোনার এবারের সংক্রমণে এ খাতে যাতে কোনো বড় ক্ষতি না হয় সেদিকে দৃষ্টি রাখছে কেন্দ্রীয় ব্যাংক।

বিশ্ববাজারে স্বর্ণের দামে ‘বড়’ পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামের বড় ধরনের ধরপতন হয়েছে। গত সপ্তাহে স্বর্ণের বেড়ে যাওয়ার পরও হঠাৎ করে এই অবস্থা বদলে যায়। গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনা ১৯৩৫ মার্কিন ডলারে বিক্রি হলেও এ সপ্তাহের শুরুতে তা কমে ১৮৫২ মার্কিন ডলারে এসে দাঁড়ায়। তবে শুক্রবার সেই দাম কমে ১৭৯১ মার্কিন ডলারে প্রতি আউন্স সোনা বিক্রি হয়েছে। ভারতের অর্থনীতি বিষয়ক সংবাদপত্র মিন্ট শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পণ্য বাজার বিশেষজ্ঞদের মতে, গত সপ্তাহে সোনার দামের এই দরতন প্রধানত ইউএস ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির ব্যাপারে কঠোর অবস্থানের কারণে হয়েছে।

তবে স্বর্ণের এই দরপতন সাময়িক উল্লেখ করে কমোডিটি অ্যান্ড কারেন্সি ট্রেডের ভাইস প্রেসিডেন্ট অনুজ গুপ্ত বলেন, ইউএস ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির ব্যাপারে কঠোর অবস্থানের পর সোনার দাম কমে গেছে। এছাড়া এখনো বিশ্বের মূল্যস্ফীতি একটি বড় সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি আরও বলেন, সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সৃষ্টি সংঘাত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই সংঘাতের মেয়াদ অল্প একটু বাড়লেও ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১২০ মার্কিন ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে, যা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে। এই কারণে বাড়তে পারে স্বর্ণের দামও।