শুক্রবার ,১৫ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 203

যুবলীগ সমাজের প্রতিটি কাজে এগিয়ে আসে: খালেদ মাহমুদ 

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও এন‌এনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ বলেছেন, যুবলীগ হলো মানবিক যুবলীগ। সমাজের প্রতিটি কাজে তারা এগিয়ে আসে।
বৃহস্পতিবার বিকালে রাঙ্গুনিয়া উপজেলা পারুয়া ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক হলো একটি আদর্শ এবং মানবিকতা। রাজনীতি করতে হলে শিক্ষা অর্জন করতে হবে। আমি যে রাজনীতি করতে যাচ্ছি সেটার ভিতরের কথা জানতে হবে আরো অনেক চর্চা করতে হবে বলেও জানান তিনি।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কবুতর উড়িয়ে উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু।

সম্মেলন ঘিরে ছিল উৎসব মুখর পরিবেশ এবং বিশাল মিছিল নিয়ে যুবলীগের সভাপতি পদ প্রার্থী মোঃ আব্দুল্লাহ সহ অন্যান্য পদ প্রার্থীরাও যোগদান করেন সম্মেলনে।

ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লোকমান হোসেন তালুকদার, পারুয়া ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জাহেদুর রহমান তালুকদার, সদস্য কাজী জহুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদজ মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, সহ সভাপতি পারভেজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, মাহমুদুল হাসান, শুভ শীল, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন আহমেদ, মোহাম্মদ আজিজ হোসেন, আবু রাশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মুরাদ, আবু তালেব সানি, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি সাঈদ মাহমুদ রণি, আওয়ামী লীগ নেতা বিজয় কুমার সেন, কাজী মামুনুল হক, কাঞ্চন চৌধুরী সানি, আবদুল্লাহ আল মামুন, জয়শ্রী মল্লীক, গিতা সেন, আবু তৈয়ব, ছাত্রলীগের সভাপতি মো. সোহেল প্রমুখ।

যুবলীগের সভাপতি পদ প্রার্থী মোঃ আব্দুল্লাহ বলেন, আমি আশাবাদী নির্বাচিত হবো। নতুন মুখের আগমন হবে। সংগঠনে প্রানচাঞ্চল ফিরে পাবে এবং প্রসার পাবে। আগামী নির্বাচনে ডা. হাছান মাহমুদ মহোদয়ের হাত কে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবো।

সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি ছাড়াও মো. আবদুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সম্পাদক ছাড়াও প্রতিদ্বন্ধিতা করছেন লুৎফর রহমান রিজভী এবং শিক্ষক অসীম বড়ুয়া।

বেড়েছে ডিমের দাম

আবারো বেড়েছে ডিমের দাম। পাড়া-মহল্লার দোকানে লাল ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকা। একটি ডিমের জন্য ক্রেতাদের সর্বনিম্ন গুনতে হচ্ছে ১১ টাকা ২৫ পয়সা।
ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, ডিমের দাম আরও বাড়তে পারে। কবে কমবে দাম নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল থেকে রাজধানীর পল্লবী, কালশী বাজার ও মিরপুর ১১ নম্বর বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

জানা যায়, ৩ দিনের ব্যবধানে লাল ডিমের ডজনে দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা। বর্তমানে বাজারে লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা, হাঁসের ডিমের ডজন ২২০ টাকা। এছাড়া দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়। গত শুক্রবার রাজধানীর বাজার গুলোতে লাল ডিমের ডজন বিক্রি হয়েছিল ১৪০ টাকা। অন্যদিকে হাঁসের ডিমের ডজন বিক্রি হয়েছিল ২০০ টাকায়। দেশি মুরগির ডিমের ডজন ছিল ২০০ টাকায়।

পল্লী এলাকার বাসিন্দা মো. রানা ডিমের দাম বাড়ায় ক্ষুব্ধ হয়ে বলেন, সব কিছুর দাম এখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। মানুষ এখন ডিম কেনা কমিয়ে দিয়েছে। এমন অবস্থায় গরিব মানুষ অনেকে ডিম খাওয়া ছেড়ে দিবেন। মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যাচ্ছে।

পল্লবী এলাকার পাটোয়ারী জেনারেল স্টোরের মালিক আবু বক্কর সিদ্দিক পিন্টু পাটোয়ারী বলেন, গত ৩ দিনের ব্যবধানে ফার্মের মুরগির হালিতে দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা। লাল ডিমের হালি বিক্রি করছি ৪৮ টাকা। আগামীকালকে আবারও ডিমের দাম বাড়ার সম্ভাবনা আছে। কত বাড়বে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

কালশী বাজারের ডিম বিক্রেতা রমজান আলী বলেন, লাল ডিমের খালি বিক্রি করছি ৪৫ টাকা। ডজন বিক্রি করছি ১৪৫ টাকা। পাইকাররা সুযোগ পেলেই ডিমের দাম বাড়িয়ে দিচ্ছেন।

দাম বাড়ার কারণ জানতে চাইলে রমজান বলেন, পাইকারদের অজুহাতের শেষ নেই। গত মাসে জ্বালানি তেল ও উৎপাদনের কথা বলে ডিমের দাম বাড়িয়ে ছিল। এবার বলছে সাপ্লাই আর বৃষ্টির কারণে ডিমের দাম বেড়েছে। এছাড়াও রয়েছে জ্যামের অজুহাত। পাইকাররা বলছে গাজীপুর ও ময়মনসিংহ থেকে ডিম সময়মতো বাজারে আসছে না। সরকার যদি কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করে আবার ডিমের দাম কমে আসবে।

১১ নম্বর বাজারের ডিম বিক্রেতা মো আশিক বলেন, বৃষ্টি আর উৎপাদন কমের অজুহাতে বেড়েছে ডিমের দাম। সিন্ডিকেট বাড়াচ্ছে ডিমের দাম। সরকার আবার ব্যবস্থা নিলে ডিমের দাম কমে যাবে।

 

৯ মাসে ৪২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এ নিয়ে ৯ মাসে ডেঙ্গুতে ৪২ জন মারা গেলেন। একই সময়ের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৯৬ জনে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে এক হাজার ৩৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৩৫৩ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ পর্যন্ত মোট ৯ হাজার ১৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে। যদিও দুই সিটি মেয়র জানিয়েছেন ডেঙ্গু মোকাবিলায় তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। এরমধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।

 

৮৬২ টাকা বিদ্যুৎ বিল ভুলে ১০ লাখ ৮২ হাজার টাকা!

বাড়িটি জনশূন্য। মালিক মাঝেমধ্যে বেড়াতে আসেন। মাসে দুই-চার দিন থাকেন। তখনই ব্যবহার করা হয় বিদ্যুৎ। এরপরও গত আগস্ট মাসে ওই বাড়ির বিদ্যুৎ বিল এসেছে ১০ লাখ ৮২ হাজার ৬১ টাকা। বিলের কাগজ হাতে পেয়ে চোখ ছানাবড়া হয়েছে বাড়ির মালিকের।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন চাটমোহর উপজেলা সদরের একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে। ওই বাড়ির মালিক ও স্থানীয় ব্যক্তিরা পল্লী বিদ্যুৎ সমিতির দেওয়া এমন ভুতুড়ে বিলের তীব্র সমালোচনা করেছেন। তবে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের দাবি, বিলটি ভুলবশত তৈরি করা হয়েছে।

বিদ্যুৎ বিলে দেখা যায়, বাড়ির মালিকের নাম শ্রী অধির কুমার সরকার। তাঁর নামেই বিদ্যুৎ বিলটি তৈরি হয়েছে। আগস্ট মাসে তিনি বিদ্যুৎ ব্যবহার করেছেন ৯০ হাজার ১৫০ ইউনিট। এ জন্য মোট বিল দাঁড়িয়েছে ১০ লাখ ৮২ হাজার ৬১ টাকা। বিলটি প্রস্তুত করেছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিল প্রস্তুতকারী আসমা খাতুন। আর এতে কর্তৃপক্ষের স্বাক্ষর দিয়েছেন সহকারী মহাব্যবস্থাপক (অর্থ)।

অধির কুমার সরকারের ছেলে অর্ণব কুমার সরকার বলেন, তাঁরা ছয় পরিবারের সদস্যসহ সবাই ঢাকায় থাকেন। তাঁরা মাসে দুই-তিন দিনের জন্য পাবনার বাড়িতে আসেন। গত কয়েক মাসে গড়ে এক হাজার টাকার বেশি বিদ্যুৎ বিল আসেনি। হঠাৎ করে এই বিল দেখে সবাই ঘাবড়ে গেছেন। পরে পল্লী বিদ্যুৎ অফিসে বিষয়টি জানানো হয়েছে।

স্থানীয় লোকজনের দাবি, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি বহুবার গ্রাহকদের ভৌতিক বিল দিয়েছে। মূলত অদক্ষ লোকজন দিয়ে বিল প্রস্তুত করার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। তবে পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি জানানো হলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে বিলটির প্রস্তুতকারী আসমা খাতুন বলেন, ভুলবশত বিলটি তৈরি হয়ে গেছে। মানুষই ভুল করে। কাজ করতে গেলে একটু ভুল হয়ই।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) মো. আকমল হোসেন বলেন, বিষয়টি জানার পরই বিল প্রস্তুতকারককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিলটি সংশোধন করে দেওয়ার জন্য গ্রাহকের বাড়িতেও কর্মকর্তা পাঠানো হয়েছে। তবে মালিক এতে সাড়া দেননি। মূলত ওই মিটারে ৮৬২ টাকা বিল এসেছে। মানুষই তো ভুল করে। এটাকে বড় করার কিছু নেই।

পদ্মায় ফারুকের ৫ ঘণ্টা

 

বৃষ্টিভেজা নৌকার ছইয়ের নিচে ঝুলছে পুরোনো একটি রেডিও। সেখানে হাঁটুমুড়ে বসে আছেন অভিনেতা ফারুক আহমেদ। তার পরনে ভেজা গেঞ্জি, লুঙ্গি; চোখের চাহনিতে মিশে আছে ভয়। তার পাশে একইভাবে বসে আছেন তরুণ অভিনেতা রাহুল। একটি স্থিরচিত্রে এমন লুকে ধরা দিয়েছেন ফারুক আহমেদ।

কিন্তু এমন সাজে কেন সেজেছেন ফারুক আহমেদ? খোঁজ নিয়ে জানা যায়, কোনো নাটক-টেলিফিল্ম নয়, বরং একটি বিজ্ঞাপনে এমন লুকে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করছেন অনন্য মামুন।

মানিকগঞ্জে পদ্মা নদীতে বিজ্ঞাপনটির শুটিং করেছেন ফারুক। আর এই জার্নিটা মোটেও সহজ ছিল না। কারণ গত কয়েক দিন টানা বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টিতে দৃশ্যধারণের কাজ হয়েছে। অভিজ্ঞতা জানিয়ে ফারুক আহমেদ বলেন, ‘গত ১৩ সেপ্টেম্বর সারাদেশে সারাদিন বৃষ্টি ছিলো। উত্তাল পদ্মা নদীতে ৫ ঘণ্টা বৃষ্টিতে ভিজে শুটিং করেছি। কষ্টকর ছিলো। কিন্তু তার চেয়ে বেশি আনন্দ ছিলো।’

এ বিজ্ঞাপনে ফারুক আহমেদের সহশিল্পী হিসেবে কাজ করেছেন রাহুল, শাহীন মৃধা। রাহুল বলেন, ‘উত্তাল পদ্মার বুকে জীবনের ঝুঁকি নিয়ে ঝড়-তুফানের মাঝে টিভিসিটির কাজ শেষ করেছি। আশা করছি, কাজটি সবার ভালো লাগবে।’

সরাইলে ফেনসিডিলসহ ২ নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর ) দুপুর ০২.১৫ ঘটিকার সময় উপজেলার সদর ইউনিয়ন কুট্টাপাড়া মোড় ঢাকা সিলেট মহাসড়ক থেকে অভিযান চালিয়ে দুই নারীসহ মাদকের এ চালানটি আটক করা হয়। 

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, রোজিনা আক্তার (২৫) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি গ্রামের মৃত খোরশেদ মিয়া মেয়ে ও একই উপজেলার পঞ্চবটি গ্রামের ৩ নং ওয়ার্ডের জাকির হোসেনের স্ত্রী হাছিনা বেগম (৪০)।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানাধীন ঢাকা সিলেট মহাসড়কের কুট্টপাড়া মোড় হইতে রোজিনা আক্তার (২৫) নিকট হইতে বডিতে বিশেষ ভাবে রক্ষিত ২৫ টা মাদকদ্রব্য ফেনসিডিল এবং হাছিনা  (৪০) এর হেফাজত হইতে ২২ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল সর্বমোট ৪৭ বোতল ফেনসিডিল পাইয়া যথাযত নিয়ম মোতাবেক উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানান ওসি সুখেন্দু বসু।

 

ব্যক্তিগত খরচে পুনর্বাসন করছেন আফ্রিদি!

চোট থেকে সেরে উঠতে লন্ডনে পুনর্বাসন করছেন শাহীন শাহ আফ্রিদি। এই লড়াইয়ে পাকিস্তানের বাঁহাতি পেসারের অগ্রগতিও হচ্ছে ভালোভাবে। তাই তাকে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। সবকিছু স্বাভাবিকভাবে চললেও মেয়ের হবু জামাইকে নিয়ে শহীদ আফ্রিদি জানালেন, পুনর্বাসন করতে গিয়ে কতটা সমস্যার মধ্যে পড়েছেন এই পেসার।

গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চোট পান শাহীন আফ্রিদি। বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে তিনি লন্ডনে পুনর্বাসন করছেন। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে নিজের অগ্রগতির জানান দেন।

কিন্তু পুনর্বাসন যে কোনও ধরনের ঝামেলা ছাড়াই হচ্ছে, তা নয়। পাকিস্তানের সামা টিভিকে শহীদ আফ্রিদি জানান, নিজ খরচে ইংল্যান্ডে গেছেন এই পেসার।

থাকা-খাওয়া থেকে শুরু করে সবকিছুই নিজের পকেট থেকে দিতে হচ্ছে শাহীন আফ্রিদিকে। পিসিবি কিছুই করছেন না বলে অভিযোগ শহীদ আফ্রিদির, ‘নিজে টিকিট কিনে সে যুক্তরাজ্যে গেছে। নিজ খরচে সেখানে থাকছে সে, আমি ওখানে তার জন্য একটা ডাক্তারের ব্যবস্থা করেছিলাম। তার সঙ্গে যোগাযোগ করেছিল সে। এসবের কোনও কিছুই করছে না পিসিবি।’

সাবেক অধিনায়ক আরও বলেন, ‘সমন্বয় থেকে শুরু করে থাকার জায়গা, সবকিছু নিজে থেকে করছে সে। জাকির খান (পিসিবির ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল ক্রিকেট) একবার কি দুইবার তার সঙ্গে কথা বলেছে।’ শহীদ আফ্রিদির এই মন্তব্যের পর পিসিবি শাহীন আফ্রিদির সঙ্গে যোগাযোগ করেছে এবং আশ্বাস দিয়েছে সব খরচ পরিশোধ করা হবে। সাবেক অলরাউন্ডারের বক্তব্যের কারণে পরে পিসিবি রাতেই এক বিবৃতি দেয়, ‘না বললেও চলে যে পিসিবি তার খেলোয়াড়দের যে কোনও চিকিৎসার প্রয়োজনে স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের দায়িত্ব সবসময় নিয়েছে এবং সেটা অব্যাহত রাখবে।

 

সোনাদানা নয়, বিয়ের দেনমোহর ১০১টি প্রিয় বই

‘কেউ কথা রাখেনি’ কবিতায় ভালোবাসার জন্য ‘বিশ্ব সংসার তন্ন তন্ন করে’ ১০৮টি নীলপদ্ম খুঁজে আনার কথা বলেছিলেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়। বগুড়ার তরুণ কবি নিখিল নওশাদকে নীলপদ্ম খুঁজতে হচ্ছে না, তবে ভালোবাসার মানুষের জন্য তিনি খুঁজছেন ১০১টি বই।

আজ শুক্রবার ভালোবাসার মানুষকে বিয়ে করতে যাচ্ছেন নিখিল নওশাদ। বিয়ের দেনমোহর হিসেবে টাকা বা সোনাদানা নয়; দিতে হবে ১০১টি বই। হবু স্ত্রী এই ‘প্রিয় বই’–এর একটি তালিকাও ধরিয়ে দিয়েছেন তাঁকে। সেই তালিকা অনুযায়ী এক সপ্তাহ ধরে ঢাকা ও বগুড়ার বিভিন্ন বইয়ের দোকান তন্ন তন্ন করে খুঁজে ৭০টি বই সংগ্রহ করতে পেরেছেন নিখিল।

আজ বিয়ের দিনক্ষণ আগে থেকে ঠিক থাকায় দেনমোহরের কিছু বই বাকি রাখতে হচ্ছে। তবে নিখিল বলেছেন, বিয়ের পর দুই বাংলার জনপ্রিয় লেখকদের আরও ৩১টি বই কিনে স্ত্রীর হাতে তুলে দিয়ে মোহরানা শোধ করার ইচ্ছা আছে।

সোনাদানা, টাকাকড়ি আমার কাছে মূল্যহীন। বই আমার কাছে অমূল্য সম্পদ। এ কারণে বিয়ের দেনমোহরানা হিসেবে ১০১টি বই চেয়েছি।

নিখিল নওশাদ ‘বিরোধ’ নামের একটি ছোট কাগজের সম্পাদক। এক দশক ধরে কবিতা লেখালেখি করছেন। পাশাপাশি বেসরকারি একটি কোম্পানির বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি বিয়ে করতে যাচ্ছেন শহরের উত্তর চেলোপাড়া দাখিল মাদ্রাসার ইংরেজির শিক্ষক সান্ত্বনা খাতুনকে। দুজনেই পড়াশোনা করেছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে। সান্ত্বনা সোনাতলা উপজেলার কামালেরপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে। নিখিলের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের সাতরাস্তা গ্রামে।

বগুড়ার কবি-সাহিত্যিকদের আড্ডার স্থল শহরের টেম্পল সড়কের বইয়ের দোকান ‘পড়ুয়া’। সেখানেই সম্প্রতি হবু স্ত্রী সান্ত্বনা খাতুনকে নিয়ে দেনমোহরের বই কিনতে আসেন নিখিল নওশাদ। তালিকা ধরে খুঁজে খুঁজে দুই বাংলার বিখ্যাত লেখকদের বেশ কিছু বই কেনেন। হবু দম্পতির এমন বই কেনার ছবি ফেসবুকে দেয় ‘পড়ুয়া’ কর্তৃপক্ষ। আর তাতেই সাড়া পড়ে যায় ভার্চ্যুয়াল অঙ্গণে। অনেকেই বিয়েতে মোহরানা হিসেবে বই উপহার দেওয়া–নেওয়ার এ উদ্যোগকে সাধুবাদ জানান।

কবি নিখিল নওশাদ বলেন, ‘কবিতার সূত্র ধরেই ইংরেজি সাহিত্যের ছাত্রী সান্ত্বনা খাতুনের সঙ্গে পরিচয়। পরিচয় থেকে ভালোলাগা, ভালোবাসা। শেষে দুজনই বিয়ের সিদ্ধান্ত নিই। সান্ত্বনা শর্ত দেন, সোনাদানা নয়, বিয়ের দেনমোহর হিসেবে উপহার দিতে হবে ১০১টি প্রিয় বই। প্রিয় বইয়ের তালিকাও দিয়েছেন।’

নিখিল জানান, এক সপ্তাহ ধরে ঢাকা ও বগুড়ার বিভিন্ন দোকান ঘুরে তালিকার ৭০টি বই কেনা সম্ভব হয়েছে। বাকি ৩১টি বই এখনো মেলাতে পারেননি তিনি। এর মধ্যে কিছু বিদেশি লেখকের বইও আছে। আজ বাদ জুমা বগুড়া শহরের চেলোপাড়ায় বিয়ের আনুষ্ঠানিকতা। কাবিননামায় দেনমোহরের ৩১টি বই বাকি লিখতে হবে।

সান্ত্বনা খাতুন বলেন, ‘নিখিলের কবিতা পড়ে ওর প্রেমে পড়েছি। ওর কবিতা খুব ভালো লাগে। সোনাদানা, টাকাকড়ি আমার কাছে মূল্যহীন। বই আমার কাছে অমূল্য সম্পদ। এ কারণে বিয়ের দেনমোহরানা হিসেবে ১০১টি বই চেয়েছি।’

বিয়ের পর পারিবারিক একটা গ্রন্থাগার গড়ার স্বপ্নের কথাও জানান সান্ত্বনা খাতুন। তিনি বলেন, সেখানে দেনমোহরের প্রিয় ১০১টি বই সাজিয়ে রাখবেন। প্রিয় বইয়ের তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুনীল গঙ্গোপাধ্যায়, হাসান আজিজুল হক, সৈয়দ মুজতবা আলী ছাড়াও দুই বাংলার জনপ্রিয় ও বিদেশি লেখকের বই আছে।

প্রধানমন্ত্রী লন্ডনে পৌঁছেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন পৌঁছেছেন। তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সরকারি সফরে রয়েছেন।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট স্থানীয় সময় বিকেল পাঁচটায় লন্ডন স্টানস্টেড আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।

এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সফরের দ্বিতীয় দিন ১৬ সেপ্টেম্বর কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে তার অবস্থানকালীন হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসে (এফসিডিও) দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা, জাতিসংঘ ও কমনওয়েলথবিষয়ক মন্ত্রী লর্ড আহমদ সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

১৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যের বিরোধীদলীয় এবং লেবার পার্টির নেতা স্যার কিয়ের স্টারমার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া প্রধানমন্ত্রী ১৮ সেপ্টেম্বর বাকিংহাম প্যালেসে রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে যুক্তরাজ্যের রাজার এক সংবর্ধনায় যোগ দেবেন।

১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন। একই দিন সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রী লন্ডন ত্যাগ করবেন। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত।

২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনা এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া তিনি ইউএনএইচসিআরের ফিলিপো গ্রান্ডি এবং স্লোভেনিয়ার প্রেসিডেন্ট বরুত পাহোরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একই দিন তিনি নারীনেত্রীদের ইউএনজিএ প্ল্যাটফর্মেও যোগ দেবেন। দিনের শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত সংবর্ধনায়ও যোগ দেবেন প্রধানমন্ত্রী।

২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ, বতসোয়ানা, স্লোভাক প্রজাতন্ত্র ও ইউএন হ্যাবিট্যাটের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় ‘উচ্চপর্যায়ের টেকসই আবাসন’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন। একই দিন তিনি ডব্লিউইএফের নির্বাহী পরিচালক অধ্যাপক শোয়াব ক্লাউসের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ (জিসিআরসি) চ্যাম্পিয়নস মিটিংয়ে যোগ দেবেন। বিকেলে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে পদ্মা সেতুর আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করবেন। এরপর তিনি কসোভোর প্রেসিডেন্ট ভজোসা ওসমানি-সাদ্রিউ, ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো মেন্ডোজা এবং রাবাব ফাতিমার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী ২২ সেপ্টেম্বর দিনটি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সে (এএমআর) ওপর একটি প্রাতঃরাশ বৈঠকের মাধ্যমে শুরু করবেন এবং আইওএম মহাপরিচালক আন্তোনিও ভিটোরিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে যোগ দেবেন।

পরে তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেচ আক্কা মোহা সেনা প্যাদেই তেকো হুন সেন এবং আইসিসির প্রসিকিউটর নিক ক্লেগ ও করিম খানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেবেন। এ ছাড়া ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে একটি নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

 

পটুয়াখালীতে চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়ন দাখিল

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষদিন ৪ চেয়ারম্যানসহ বিভিন্ন পদে মোট ৪০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) বিকেল ৩টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় ছিল।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, বর্তমান প্রশাসক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া রাজনৈতিক দল সমর্থিত আর কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি।

এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা যুবলীগের সাবেক নেতা ও বিশিস্ট ব্যবসায়ী অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান হাফিজ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিশিস্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ (কালাম মৃধা) ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট মো. মাকসুদুর রহমান মনোনয়ন জমা দিয়েছেন।

সংরক্ষিত ৩টি ওয়ার্ডের মধ্যে পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা নিয়ে সংরক্ষিত নারী সদস্য ১ নং ওয়ার্ডে মনোনয়ন জমা দিয়েছেন রাহিমা আক্তার নিপা, নুরুন্নাহার শেলী ও মোসা. লামিয়া আক্তার।

বাউফল ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত নারী সদস্য ২ নং ওয়ার্ডে মনোনয়ন জমা দিয়েছেন পশারী রানী, মোসা. রুবিনা আক্তার, কামরুন্নার ও মিসেস ফাতিমা আলম।

সংরক্ষিত নারী সদস্য  ৩নং ওয়ার্ডে মনোনয়ন জমা দিয়েছেন ইশরাত জাহান আসমা, হোসনেয়ারা বেগম ইভা ও মোসা. বিলকিস জাহান।

এছাড়া আটটি উপজেলা নিয়ে গঠিত সাধারণ ৮টি ওয়ার্ডে ২৫ জন মনোনয়ন জমা দিয়েছেন।

আগামী ১৮ সেপ্টম্বর প্রার্থী বাছাই হবে। এ জেলায় ৮টি উপজেলা পরিষদ, ৫টি পৌরসভা ও ৭৭টি ইউনিয়ন পরিষদে ১০৮৫ জন জনপ্রতিনিধি ভোটার রয়েছে বলে জানিয়েছেন জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খাব আবি শাহানুর খান।