শুক্রবার ,১৫ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 199

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার কে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার ( ১ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন তারা।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার কে অব্যাহতি দেওয়া হল।

এছাড়া এখন থেকে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে বর্তমান রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানজির আহমেদ খান রিয়াজ।

এদিকে তানজির আহমেদ খান রিয়াজকে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব দেওয়ায় তার অনুসারীরা মিষ্টি বিতরণ করেছেন এবং ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

 

মিরসরাইয়ে ড্রেজারডুবির ঘটনায় আরও তিনজনের লাশ উদ্ধার

ইউএনও মিনহাজুর রহমান বলেন, গতকাল রাত ১২টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছিল। তবে আজ সকাল সাতটা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও মিরসরাই থানা–পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তীব্র জোয়ারের কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। তবে আজ সকালে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশ তিনটি পুলিশি হেফাজতে আছে।

sheershabarta24-bangla_2022-10_fff9f102-72d3-45e0-bd33-1f2cc831369d_Chattogram_DH0732

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গত সোমবার রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের ৩ নম্বর জেটি এলাকার পশ্চিমে এ ড্রেজারডুবির ঘটনা ঘটে। এতে আট শ্রমিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। এর মধ্যে আজ সকাল পর্যন্ত চার শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ড্রেজারটি থেকে এক শ্রমিক তীরে আসতে সক্ষম হয়েছেন। ওই শ্রমিকদের সবার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি এলাকায়।

ড্রেজারটি থেকে বেঁচে ফেরা শ্রমিক মো. সালাম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে তীব্র বাতাস ও ঢেউ ওঠায় সৈকত-২ নামে তাঁদের ড্রেজারটি মিরসরাই উপকূলের সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায়। ড্রেজারটির মালিক সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই ঠিকাদারি প্রতিষ্ঠানকে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে নিয়োগ দিয়েছে বেপজা। ড্রেজারটিতে থাকা ৯ শ্রমিকের মধ্যে তিনি কিনারে আসতে পারলেও বাকি ৮ শ্রমিক আটকা পড়েন।

জি কে শামীমসহ তার ৭ দেহরক্ষীর যাবজ্জীবন

ক্যাসিনোকাণ্ডে জড়িত আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) ও তার সাত দেহরক্ষীকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর সালাহউদ্দিন হাওলাদার এ তথ্য জানিয়েছেন। দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন— মো. জাহিদুল ইসালাম, মো. শহিদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন ও মো. মুরাদ হোসেন।

এদিন সকাল সাড়ে ৯টায় তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের আদালতের হাজত খানায় রাখা হয়। দুপুর ১২টা ৫০ মিনিটে তাদের আদালতে কাঠগড়ায় হাজির করা হয়। এর কিছুক্ষণ পরেই রায় পড়া শুরু করেন বিচারক। এর আগে, গত ২৮ আগস্ট রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) দিন ধার্য করেন।

আদালতে-জি-কে-শামীম

২০১৯ সালের ২৭ অক্টোবর অস্ত্র মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে র‌্যাব। ২০২০ সালের ২৮ জানুয়ারি একই আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে রাজধানীর নিকেতনে শামীমের বাসা ও অফিসে র‌্যাব অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর এবং নগদ প্রায় ১ কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানিলন্ডারিং আইনে তিনটি মামলা করা হয়।

 

পূজার সমালোচিত দৃশ্যটি সিনেমা থেকে বাদ দেবেন না নির্মাতা

সমালোচনার মুখে পড়েছেন এ সময়ের চিত্রনায়িকা পূজা চেরি। ‘হৃদিতা’ সিনেমার ট্রেইলার প্রকাশের পর এই অভিনেত্রীর একটি দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে। তোপের মুখে পড়ে পূজার সেই দৃশ্যটি কর্তন করে ট্রেইলার প্রকাশ করেন নির্মাতা।

এরই মধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘হৃদিতা’। ট্রেইলার থেকে পূজার ‘বিতর্কিত’ যে দৃশ্য বাদ দেওয়া হয়েছে, সেই অংশটুকু কি সিনেমা থেকেই বাদ দেওয়া হবে? একটি চলচ্চিত্র নিয়ে একজন নির্মাতার দীর্ঘদিনের স্বপ্ন-পরিকল্পনা থাকে। আর তা বাস্তবে রূপ দিতে অনেক কাঠ-খড় পোড়াতে হয় নির্মাতাকে। তিলে তিলে গড়া এমন একটি স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার পর তার বুকে কাচি চালাতে চান না কোনো নির্মাতা এটাই হয়তো স্বাভাবিক! যে কারণে নির্মাতা এক বাক্যে বলছেন—বিবস্ত্রর ওই দৃশ্য কর্তন করা হবে না।

এ বিষয়ে পরিচালক ইস্পাহানি রাইজিংবিডিকে বলেন, ‘আমার সিনেমাটি সেন্সর করা। ওই দৃশ্য নিয়ে কথা বলতে চাই না। কয়েকটি ফ্রেমের একটি শট নিয়ে মানুষ সমালোচনা করবে এটা আমি চাইনি। যে কারণে ট্রেইলার থেকে দৃশ্যটি মুছে দিয়েছি।’

সিনেমাটি দেখে অনেকে প্রশংসা করেছেন বলে জানান নির্মাতা ইস্পাহানি। তিনি বলেন, ‘সিনেমাটি অনেকেই দেখেছেন কেউ খারাপ বলেনি। পুরো সিনেমা না দেখে হঠাৎ করে ট্রেইলার দেখে কেউ কেউ নিতে পারেনি বা বুঝেনি! তাই সমালোচনা করছেন। সিনেমাটি যখন মুক্তি পাবে তখন দর্শক দেখে সমালোচনা তো করবেই না বরং প্রশংসা করবে। পরিপূর্ণ সামাজিক একটি সিনেমা; এতে অনেক কিছুই আছে যেগুলো নান্দনিকভাবে তুলে ধরা হয়েছে। আনিস ভাই (আনিসুল হক) সিনেমাটি দেখেছেন। উনার কাছে ভালো লেগেছে, তিনি নিজেও তার ফেসবুক আইডি থেকে সিনেমার প্রমোশন করছেন। নিয়মিত পোস্ট করছেন। খারাপ কিছু হলে উনাকেও আমরা পেতাম না।’

গত ২০ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছে পূজা চেরি অভিনীত ‘হৃদিতা’ সিনেমার ট্রেইলার। আনিসুল হকের গল্পে সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন ইস্পাহানি আরিফ জাহান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন পূজা।

ট্রেইলারে একটি দৃশ্যে বিবস্ত্র অবস্থায় দেখা যায় পূজাকে। ক্যানভাসে তুলির আঁচড়ে পূজার নগ্ন শরীরের ছবি আঁকতে দেখা যায় তার প্রেমিক চরিত্র রূপদানকারী এবিএম সুমনকে। ক্যামেরায় পূজা সাবলীল থাকলেও এ দৃশ্য মেনে নিতে পারেননি নেটিজেনরা। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা। ২০১৯-২০ অর্থ বছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া সিনেমাটিতে পূজার নায়ক এবিএম সুমন। এ ছাড়া আরো অভিনয় করেছেন—মানস বন্দ্যোপাধ্যায়, সাবেরী আলম, আরজুমান আরা প্রমুখ।

 

ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি থেকে গণপদত্যাগের হুমকি

রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন ওরফে রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা কলেজ প্রশাসনের থেকেও অনেক বেশি শক্তিশালী। বারবার নানা অপরাধ করার পরও কেন্দ্রীয় ছাত্রলীগ তামান্না ও রাজিয়ার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি। এমন নানা অভিযোগ তুলে তাঁদের দুজনকে কলেজ ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন কলেজ শাখা ছাত্রলীগের ২৫ জন নেত্রী। শিগগিরই তামান্না ও রাজিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া হলে ছাত্রলীগের কমিটি থেকে গণপদত্যাগের হুমকি দিয়েছেন তাঁরা।

আজ রোববার দুপুরে ইডেন কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাসের সামনে সংবাদ সম্মেলনে এই হুমকি দেন ছাত্রলীগের কলেজ কমিটির ২৫ জন নেত্রী।

সিটবাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় গতকাল শনিবার রাতে সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে আটকে রেখে হেনস্তা ও মারধরের অভিযোগ ওঠে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মধ্যরাত থেকেই ছাত্রলীগের দুই পক্ষের অবস্থানে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনা তদন্তে আজ সকালে ছাত্রলীগ একটি কমিটি করেছে। এ ছাড়া জান্নাতুল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

আজ দুপুরে ডাকা সংবাদ সম্মেলনে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের ৪৮ সদস্যের কমিটির সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পর্যায়ের ২৫ জন নেত্রী উপস্থিত ছিলেন। তাঁদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়ে শোনান সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার ওরফে বৈশাখী। তিনি বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার উপস্থিতিতে তাঁদের অনুসারীরা হজরত আয়েশা সিদ্দিকা (রা.) ছাত্রীনিবাসের সামনে সহসভাপতি জান্নাতুল ফেরদৌসের ওপর অতর্কিত হামলা চালান। এ হামলায় জড়িত ব্যক্তিরা হলেন—সহসভাপতি নুজহাত ফারিয়া ওরফে রোকসানা, আয়েশা সিদ্দিকা ওরফে মীম, আর্নিকা তাবাসসুম ওরফে স্বর্ণা, শিরীণা আক্তার, সোমা মল্লিক ওরফে পপি, জিনাত হাসনাইন, লিমা ফেরদৌস আশরাফ লুবনা, বিজলী আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ঋতু আক্তার, সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার ওরফে জ্যোতি ও ফারজানা ইয়াসমীন ওরফে নীলা। এই হামলার ঘণ্টাখানেক আগে জান্নাতুল ফেরদৌসের হলের কক্ষে তামান্না ও রাজিয়ার অনুসারীরা হামলা চালান। তখন তাঁর কক্ষে থাকা ল্যাপটপ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আত্মসাৎ করা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, জান্নাতুল ফেরদৌসের ওপর হামলার সময় আয়েশা সিদ্দিকা ওরফে মীম ও নুজহাত ফারিয়া ওরফে রোকসানা জান্নাতুল ও তাঁর বোনের মুঠোফোন ছিনিয়ে নিয়ে তামান্না ও রাজিয়ার হাতে তুলে দেন। জান্নাতুল ফেরদৌসের গলায় থাকা স্বর্ণালঙ্কার, হাতব্যাগে থাকা ১৫ হাজার টাকা ও তাঁর ছোট বোনের হাতে থাকা আংটিও আত্মসাৎ করা হয়। এসব জিনিস জান্নাতুল এখনো বুঝে পাননি। সর্বোপরি সভাপতি ও সাধারণ সম্পাদকের একচেটিয়া রাজনৈতিক আচরণে অতীষ্ট হয়ে আমরা বাকি নেতারা এর প্রতিবাদ করতে বাধ্য হই। আমাদের অনেক নেতা তাঁদের প্রতিহিংসার শিকার। তাঁদের অনুসারীদের নির্যাতনের শিকার ভুক্তভোগীরা এ বিষয়ে বারবার প্রশাসনকে জানালেও কোনো স্পষ্ট প্রতিকার পাওয়া যায়নি। ক্যানটিনের চাঁদাবাজি, ইন্টারনেট সার্ভিস থেকে চাঁদাবাজি, কলেজের মুদিদোকানে চাঁদাবাজি, অবৈধভাবে শতাধিক কক্ষ দখল করে রাখা, বিভিন্নভাবে ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়াসহ নানা অভিযোগ আছে তাঁদের (সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারী) বিরুদ্ধে। দায়িত্বপ্রাপ্ত নেতাদের এসব জানানো হলেও তাঁদের কাছ থেকে নিরপেক্ষ কোনো ফলাফল পাওয়া যায়নি। আমরা অনিরাপদ বোধ করছি। (হামলা-মারধর-হেনস্তার) ঘটনা বারবার ঘটছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এসবের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

২৫ জন নেত্রীর পক্ষে ৮ দফা দাবি তুলে ধরেন ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি মার্জানা আক্তার ওরফে ঊর্মি। দাবিগুলো হলো—ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সহসভাপতি জান্নাতুল ফেরদৌসের ওপর অতর্কিত হামলার ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া; সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিয়ত হেনস্তার সুষ্ঠু বিচার; ক্যাম্পাসের যেকোনো সিসিটিভি ফুটেজ লোকানোর চেষ্টা বন্ধ করা; ‘মাতৃতুল্য অভিভাবক’ ইডেন কলেজের অধ্যক্ষকে (সুপ্রিয়া ভট্টাচার্য) নিয়ে অকাট্য করে (অপমানজনক বক্তব্য) কথা বলার জবাব দেওয়া; একচেটিয়া রাজনীতি ও চাঁদাবাজি বন্ধ করা; প্রত্যেক ছাত্রী যেন নিরাপদে থাকতে পারেন, সেই ব্যবস্থা করা; (তামান্না-রাজিয়ার অনুসারীদের) গণহারে শতাধিক কক্ষ দখলের হিসাব দেওয়া এবং জান্নাতুল ফেরদৌসের যেসব অশ্লীল ছবি তোলা হয়েছে, সব নেতার সামনে সব জায়গা থেকে তা ডিলিট করা (মুছে দেওয়া) ও ছিনিয়ে নেওয়া সব জিনিসপত্র তাঁকে বুঝিয়ে দেওয়া।

ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল না মিটলে আমরা ছাত্রলীগ থেকে গণপদত্যাগ করব কি না, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে উপস্থিত সবার উত্তর ছিল, ‘ইয়েস, ইয়েস ইয়েস।’ এ সময় সহসভাপতি মার্জানা আক্তার বলেন, ‘সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মিলিয়ে এখানে আমরা ২৫ জন আছি। আমরা একসঙ্গে পদত্যাগ করব, যদি বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক (তামান্না ও রাজিয়া) স্বেচ্ছায় পদত্যাগ না করেন।’ আরেক নেত্রী বলেন, ‘এমন নোংরা রাজনীতি আমরা করতে চাই না।’ সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বলেন, ‘প্রতিকার না পেলে আমরা সবাই গণহারে পদত্যাগ করব এবং ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাধারণ শিক্ষার্থীদের আমরা আমাদের মতো করে সাহায্য করব।’

জান্নাতুল ফেরদৌস নামের নেত্রীকে হেনস্তা ও মারধরের অভিযোগে তামান্না ও রাজিয়ার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন কলেজ শাখা ছাত্রলীগের অন্য পক্ষের নেতা-কর্মীরা।
একপর্যায়ে সহসভাপতি মার্জানা আক্তার বলেন, ‘(কলেজ) প্রশাসন থেকে আমরা কোনো ধরনের সহযোগিতা পাইনি।’ তখন সহসভাপতি সুস্মিতা বাড়ৈ বলেন, ‘ইডেন কলেজে তামান্না ও রাজিয়া প্রশাসনের থেকেও অনেক বেশি স্ট্রং (শক্তিশালী)। তা নাহলে প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত। ইডেন কলেজে আমরা তামান্না ও রাজিয়াকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। বারবার অপরাধ করার পরও কেন্দ্রীয় ছাত্রলীগ তামান্না ও রাজিয়ার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি। এখন যদি সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা গণহারে পদত্যাগ করব। মেয়েদের কুপ্রস্তাব দেওয়া, চাঁদাবাজি এসব নোংরামি ইডেন কলেজে চলবে না। অন্য নেত্রীরা এ সময় সুস্মিতাকে সমর্থন করেন।’

এই সংবাদ সম্মেলন থেকে ইডেন কলেজের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের করা তদন্ত কমিটির প্রতিও অনাস্থা জানান ওই ২৫ নেত্রী। এই তদন্ত কমিটিকেও অবাঞ্ছিত ঘোষণা করেছেন তাঁরা।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে কল করা হলে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন কল কেটে দেন। সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা কল ধরেননি। চলতি মাসে তাঁদের বিরুদ্ধে কলেজের ছাত্রীনিবাসে সিটবাণিজ্য ও ছাত্রী নির্যাতনের একাধিক অভিযোগের খবর গণমাধ্যমে এসেছে৷

 

বীজন নাট্য সন্মাাননা পেলেন কবি গোলাম জসিম

বীজন নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বীজন নাট্য সন্মাননা-২০২২ প্রদান অনুষ্ঠান চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারীতে অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এর প্রতিষ্ঠাতা ও কবিতা ঘরের পরিচালক কবি গোলাম মাওলা জসিম বই পড়ায় আগ্রহ তৈরি করতে বিভিন্ন এলাকায় ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এর স্থাপন ও সিআরবি রক্ষার আন্দোলনে কবির কাব্যগ্রন্থ ‘বৃক্ষ সোনা’ বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননায় দেয়া হয়।

সম্মাননা প্রাপ্ত কবি গোলাম মাওলা জসিম বলেন, ‘প্রতিটি সম্মাননাই আনন্দের। আমি চেষ্টা করেছি, পাঠকদের পাঠ বিমুখতা দূর করে সেলুনে বই পড়ায় উদ্বুদ্ধ করতে আমার ব্যক্তিগত প্রচেষ্টা ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে। এ কার্যক্রম যে সবার মাঝে এভাবে আলোড়ন সৃষ্টি করবে, তা বুঝতেই পারি নি। যারা আমাকে এ সম্মাননা প্রদানে নির্বাচিত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন দৈনিক আজাদীর ফিচার সম্পাদক প্রদীপ দেওয়ানজী। প্রধান আলোচক ছিলেন নাট্যকার আহমেদ কবির ও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯, ১০ ও ১৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক হাসান জাহাঙ্গীর, কার্যকরী সদস্য মোস্তাফা কামাল যাত্রা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীজন নাট্য গোষ্ঠীর উপদেষ্টা গিয়াস উদ্দিন জুয়েল। সায়েমা জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দিলরুবা খানম ছুটি, রুপায়ন বড়ুয়া, শামছুল আরেফিন শাকিল, আশরাফুল করিম সৌরভ, আশিক আরেফিন, সাজ্জাদ ভূইয়া, আহমেদ কামাল আফতাব, উম্মে কুলসুম কেয়া, বাপ্পী হায়দার।

সব শেষে আহাম্মদ কবীর রচিত ও মোশারফ ভূঁইয়া পলাশের নিদের্শনায় নাটক ‘ছোলেমান বাদশার প্রার্থনা’ পরিবেশন করে বীজন নাট্য গোষ্ঠী। এতে অভিনয় করেন সায়েম উদ্দিন, আব্দুল মান্নান, সৌরভ পাল, জয়নাল আবেদিন প্রমুখ।

৬ কোটি টাকায় নির্মিত রিসোর্টের উদ্বোধন

বান্দরবানের থানচিতে পর্যটনের বিকাশের জন্য পুলিশের অর্থায়নে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত হাইল‌্যান্ডার্স পা‌র্ক অ্যান্ড রি‌সোর্টের উদ্বোধন করেছেন পুলিশ প্রধান আইজিপি ড. বেনজীর আহমেদ। রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে থান‌চি থানা ভবনের পাশে প্রায় পাঁচ একর পাহাড়ি জমির ওপর নির্মিত এই পা‌র্ক ও রি‌সো‌র্টের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে রি‌সোর্ট পরিদর্শন করেন আইজিপি। তিনি বলেন, ‘বান্দরবা‌নের সব জায়গা‌তেই রাস্তাঘাট ও যোগা‌যো‌গের ব্যাপক উন্নতি হ‌য়ে‌ছে। এখানে বর্তমানে এমন কোনও জায়গা নেই যেখানে উন্নতি হয়নি। এই মুহূর্তে পর্যটন ব্যবস্থার উন্নয়নের জন্য এখানে এক‌টি রি‌সোর্ট করা হ‌য়ে‌ছে। এটি সর্বাধুনিক সুবিধা সংবলিত এবং নাগরিকের যে সুবিধা দরকার এতে সব ধরনের সুবিধা নিশ্চিত করা হ‌য়ে‌ছে। এটির মাধ্যমে পাহাড়ের যে সৌন্দর্য আছে সে‌টিও সবাই উপ‌ভোগ কর‌তে পারবেন।’

এই সময় চট্টগ্রাম বিভাগের ডিআইজি মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি কবির আহমেদ, বান্দরবানের পুলিশ সুপার ‌মো. তারিকুল ইসলাম, থানচি থানার ওসি সুদীপ রায়সহ কর্মরত সাংবাদিক ও বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রিসোর্টটির কাজ শুরু হয় ২০২১ সালের সেপ্টেম্বর মাসে। দৃষ্টিনন্দন এই রিসোর্টে রয়েছে দু‌টি সুইমিং পুল, পাহাড়িদের ঐতিহ্যবাহী মাচাংঘরের সদৃশ আট‌টি কটেজ, ডরমিটরি, ক্যাফে রেস্টুরেন্ট, পিকনিক ঝর্ণা ও থিয়েটার।

চাকরির আবেদন ফি বাড়িয়েছে সরকার

চাকরির আবেদন ফি বাড়িয়েছে সরকার। সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির আবেদনের ফি বাড়ানো হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব নারগিস মুরশিদা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জনবল নিয়োগের ক্ষেত্রে ‘পরীক্ষা ফি’ পুনর্নির্ধারণ করা হয়েছে।
তবে প্রজ্ঞাপনে আগের ‘ফি’ উল্লেখ করা হয়নি। এ ছাড়া ক্যাডার সার্ভিসের ক্ষেত্রে ‘পরীক্ষা ফি’ পুনর্নির্ধারণ করা হয়নি।
প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে নবম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের আবেদন ফি হবে ৬০০ টাকা, যা আগে ছিল ৫০০ টাকা। দশম গ্রেডে আবেদন ফি আগের মতো ৫০০ টাকা রাখা হয়েছে। ১১তম এবং ১২তম গ্রেডেও পরীক্ষা ফি ৩০০ টাকা অপরিবর্তিত রয়েছে। তবে ১৩তম থেকে ১৬তম গ্রেডে ১০০ টাকা থেকে দ্বিগুণ অর্থাৎ ২০০ টাকা করা হয়েছে। ১৭তম থেকে ২০তম গ্রেডেও ফি দ্বিগুণ হয়েছে। এই তিন গ্রেডে ৫০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা হয়েছে।

 

অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’

অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘হাওয়া’। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫ তম আসরে বিদেশি ভাষার সিনেমা বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে এটি।
অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ এসব তথ্য নিশ্চিত করে জানান, এবার দুটি সিনেমা জমা পড়েছিল। সেখান থেকে ‘হাওয়া’ নির্বাচিত হয়েছে।

‘হাওয়া’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার প্রমুখ। সমুদ্রে মাছ ধরার একটি ট্রলারকে কেন্দ্র করে সিনেমাটির গল্প এগিয়েছে। যেখানে লোকজ ভাষা-সংস্কৃতি ও রহস্যের উপস্থিতি থাকবে।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৩ সালের ১২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।

 

জেলা পরিষদে ২৭ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা ভোটে সংরক্ষিত সদস্য পদে ১৯ জন ও সাধারণ সদস্য পদে ৬৮ জন নির্বাচিত হয়েছেন।

জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রবিবার (২৫ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব ব্যক্তিকে নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে সমন্বয়কৃত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় চেয়ারম্যান পদে ১৯টি জেলা পরিষদে একক প্রার্থী ছিলেন। মনোনয়নপত্র বাছাইয়ের সময় সেটা বেড়ে ২২টি পরিষদে একক প্রার্থী দাঁড়ায়। সর্বশেষ মনোনয়নপত্র প্রত্যাহার শেষে এই সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়ালো।

তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদে আগামী ১৭ অক্টোবর ভোটগ্রহণ করা হবে।

জেলা পরিষদগুলোতে ২৭ জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতার পর এখন ৩৪টি জেলা পরিষদে মোট ৯০ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপরদিকে সংরক্ষিত সদস্য পদে মোট প্রার্থী ৬২০ জন, আর সাধারণ পদে মোট এক হাজার ৫০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলে তিন পদে মোট দুই হাজার ১২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দেশে প্রথমবারের মতো ২০১৬ সালে অনুষ্ঠিত  নির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান পদে ২১ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য ১৬৬ জন ও সংরক্ষিত সদস্য ৬৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। ওই বছর তিনটি পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৩ হাজার ৯৩৮ জন। অবশ্য জেলা পরিষদ আইন অনুযায়ী, ওই সময় প্রতিটি জেলাকে ১৫টি সাধারণ ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত ওয়ার্ডে বিভক্ত করার কারণে সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের সংখ্যা বেশি ছিল। কিন্তু আইন সংশোধন করে বর্তমানে জেলার প্রতিটি উপজেলাকে একটি করে সাধারণ ওয়ার্ড ও তার এক-তৃতীয় অংশকে সংরক্ষিত ওয়ার্ডে বিভক্ত করার কারণে এর সংখ্যা অনেক কমেছে।

ইসি জানায়, যে জেলা পরিষদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেগুলো হলো—কুমিল্লা, কুড়িগ্রাম, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, ঝালকাঠী, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, ঢাকা,  নওগাঁ,  নারায়ণগঞ্জ, নোয়াখালী, পাবনা, পিরোজপুর, ফেনী, বরগুনা, বরিশাল, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরীয়তপুর, সিরাজগঞ্জ ও সিলেট। জানা গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সবাই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।