রবিবার ,৩ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 701

‘যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বার্ডের ভূমিকা প্রশংসনীয়’

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) প্রশংসনীয় ভূমিকা রয়েছে। বার্ড স্থায়ীভাবে দেশের দারিদ্র্য বিমোচনের জন্য প্রধানমন্ত্রীর স্বপ্ন প্রসূত ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের আওতায় লালমাই-ময়নামতি প্রকল্পের মাধ্যমে কুমিল্লার লালমাই অঞ্চলের পাহাড়ি এলাকার জনগণের জীবন-জীবিকার মান উন্নয়নে বিভিন্ন কম্পোনেন্ট বাস্তবায়ন করছে। মন্ত্রী সরকারের অগ্রাধিকার ভুক্ত এজেন্ডা ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে বার্ডকে অগ্রণী ভূমিকা গ্রহণের জন্য আহবান জানান।

তিনি বলেন, বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সারা বাংলাদেশের জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে। বর্তমানে এলজিইডি, উপজেলা কমপ্লেক্স, বিআরডিবিসহ নানা মডেল কর্মসূচি বার্ডের ফসল।

শনিবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে দুই দিনব্যাপী একাডেমির ৫৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ পিপিএম (বার)। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চ ও মধ্যপর্যায়ের ১০০ জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে চুল্লি স্থাপন করলেন প্রধানমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি স্থাপন করা হয়েছে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেন।

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর বা কমিশনিং প্রক্রিয়ায় এ চুল্লি স্থাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে বিবেচনা করা হয়। পরমাণু বিজ্ঞানীরা এ চুল্লিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হার্ট বা হৃৎপিণ্ড বলে থাকেন।

এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা বলেন, এর মাধ্যমে দেশে পারমাণবিক শক্তি উৎপাদনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে।

রূপপুর পরমাণু কেন্দ্র চত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রধান নির্বাহী আলেক্সি লিখাচেভ ও এটমস্ট্রয় এক্সপোর্ট গ্রুপ অব কোম্পানিজের প্রেসিডেন্ট আলেকজান্ডার লকসিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, রূপপুর প্রকল্পের পরিচালক ড. শওকত আকবর ও স্থানীয় জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক ড. শওকত আকবর বলেন, রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপনের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যাবে রূপপুর প্রকল্পের নির্মাণকাজ। শিডিউল অনুযায়ী নির্ধারিত সময়েই কাজ শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

রূপপুর প্রকল্পে এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ভিভিআর-প্রযুক্তির রিঅ্যাক্টরের দুটি ইউনিট তৈরি হবে। শিডিউল অনুযায়ী, ২০২৩ সালে ইউনিট-১ এবং ২০২৪ সালে ইউনিট-২ চালু হওয়ার কথা রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে রাশিয়ার সেরা কর্ম কৌশল চর্চা, বহু বছরের অভিজ্ঞতা এবং বৈজ্ঞানিক চিন্তাকে কাজে লাগানো হয়েছে।

রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ বলেন, বিদ্যুৎ ইউনিটের অ্যাকটিভ ও প্যাসিভ ব্যবস্থার অনন্য সংমিশ্রণ কেন্দ্রের নিরাপদ পরিচালনা নিশ্চিত করবে এবং বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পিত মাত্রার নিশ্চয়তা দেবে।

হাইতিতে মুসলিম সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ছে

পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের স্বাধীন দ্বীপরাষ্ট্র হাইতিতে ইসলামের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে বলে মন্তব্য করেছেন একাডেমিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইভান আর্নেস্তো গাতান। তার প্রভাব ডোমিনিকান প্রজাতন্ত্রেও দেখা দিতে শুরু করেছে বলে জানিয়েছেন তিনি। দেশটির স্থানীয় এক পত্রিকা এ তথ্য জানিয়েছে।

বর্তমানে হাইতিতে প্রায় ৪০টি মসজিদ রয়েছে। দেশটিতে গত ২০ বছরে ইসলাম গ্রহণ করেছে কমপক্ষে ৫০০০ হাইতিয়ান। ২০১৬ সালে হাইতির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উপাসনা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ৩৬টি মসজিদ এবং প্রায় ৫০টি কুরআনিক স্কুল তালিকাভুক্ত করেছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ডোমিনিকান ইউনিভার্সিটিগুলোতেও মসজিদের দেখা পাওয়া যায়। ক্যারিবীয় এ দেশটি ছাড়াও ল্যাটিন আমেরিকায়, ব্রাজিল, আর্জেন্টিনা এবং চিলিতে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

মায়ের দেয়া কাটা চামচ দিয়ে ট্রেনে ভোজনবিলাস

জার্মানিরা হাত দিয়ে ভাত খাওয়াকে বলে- এসেন মিত মুটার গাবেল। মানে আঙুল বা হাত দিয়ে খাওয়া। মুটার গাবেল মানে মায়ের কাটা চামচ। চেক রিপাবলিক থেকে জার্মানি আসার পথে ট্রেনে এ কাজটি করেছি। হাত দিয়ে চিকেন বিরিয়ানি খেয়েছি।

১ অক্টোবর ইন্টারসিটি এক্সপ্রেস (ICE) ডিবি মানে ডয়েসে বান বা জার্মান ট্রেনে চেপে বসলাম ফ্রাঙ্কফুর্ট মেইন স্টেশনের চার নম্বর প্লাটফর্ম থেকে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের উদ্যেশে। ৬০৮ কিলোমিটার দূরত্ব। আমি যে ট্রেনে যাচ্ছিলাম, এটা দ্রুতগতির ট্রেন, ঘণ্টায় তিনশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

বিকেল ১৬:২৭ মিনিটে পৌঁছলাম নুরেনবার্গ স্টেশনে ৮ নম্বর প্লাটফর্মে। সেখান থেকে ১৭ নম্বর প্লাটফর্ম থেকে ১৬:৩৭ মিনিটে ৫২৯১ নম্বর RE মানে রিজিওনাল এক্সপ্রেস বা আন্তজেলা ট্রেনে উঠলাম। নুরেনবার্গের এই ট্রেনে চেক রিপাবলিকের সীমান্ত শহর Cheb-এ পৌঁছলাম সন্ধ্যা ১৮:২২ মিনিটে। চেকের সীমান্তরক্ষী পুলিশ ট্রেনে ঘুরে ফিরে চলে গেল। পরে যাত্রীরা নামলাম। নেমে পাশের প্লাটফর্মে প্রাগগামী ৫৪৫ নম্বর এক্সপ্রেস ট্রেনে উঠলাম। এই ট্রেন বাংলাদেশের মতো হুইসেল বাজিয়ে ১৮:৩৩ মিনিটে ছুটলো প্রাগের পথে। আমার সামনে যাত্রীর মুখে মাক্স না থাকায়, বললাম প্লিজ মাক্স পড়ুন! সে বললো সে মাদকসেবী, তাই তার মাক্স দরকার পড়ে না। এই বলে বিয়ারের ক্যানে চুমুক দিলো। ২১:২১ মিনিটে প্রাগে পৌঁছলাম। ইউরোপে কোনো সমস্যা না হলে সঠিক সময়ে ট্রেন বা বাস চলাচল করে। প্রায় ৭ ঘণ্টায় প্রাগে পৌঁছা। প্রাগকে জার্মানরা প্রাহা বলে। সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্য ইউরোপের দেশ চেক রিপাবলিকের বর্তমান রাজধানী শহর।

চেক প্রজাতন্ত্র, সংক্ষিপ্ত নাম দ্বারাও পরিচিত চেকিয়া। আরো আগে বোহেমিয়া নামে পরিচিত ছিল। মধ্য ইউরোপের এই দেশটির দক্ষিণে অস্ট্রিয়া, পশ্চিমে জার্মানি, উত্তর-পূর্বে পোল্যান্ড এবং পূর্বে স্লোভাকিয়া অবস্থিত। জনসংখ্যা ১০৭ মিলিয়ন (২০২০)। এখানের প্রেসিডন্ট মিলো জেমান।

মুদ্রার নাম চেক কোরুনা। বন্ধু মামুন হাসান স্টেশনের বুর্গাকিং সামনে দাঁড়িয়ে ছিলো । তার গাড়িতে করে তার ব্যাবসা প্রতিষ্ঠান “কারি হাইসে” যাওয়ার পর খাসির কারি দিয়ে নান রুটির আপ্যায়ন আর খোশগল্পে বাজলো রাত ১২টার বেশি। দোকানের কাছাকাছি তার আবাসন।

পরম আত্নীয়তায় মুগ্ধ করলো মামুন হাসান ও তার সহধর্মিণী আর তাদের পরীর মতো লক্ষ্মী মেয়ে মুন। সকালে নাস্তার টেবিলে মজাদার খাবারের পাশাপাশি যে জিনিসটি বেশি ভালো লেগেছে তা হলো নাস্তা খাওয়ার সময় তার সহধর্মিণী খাদিজা সুলতানা মুন্নী জানালার কাছে খোলা আকাশের মুক্ত বিহংগের কবুতরকেও নাস্তা দিল। প্রতিদিনই এই কবুতর আসে খেতে, আবার উড়ে যায় দূরে কোথাও। ঘুঘু পাখিও আসে মাঝে মাঝে। শুধু তাই নয়, পরিপাটি ছবির মতো সাজানো বাসায় মধ্যে টবে লাগিয়েছেন লেবুগাছ, বোম্বাই মরিচ গাছ। তাড়াতাড়ি বের হতে হলো কারণ যে জন্য প্রাগে, তা হলো ক্রিকেট টুর্নামেন্ট। সবাই মিলে ভিনর ক্রিকেট গ্রাউন্ডে গেলাম। শরতের সোনালি রৌদ্রজ্জল দিনে খেলা চললো প্রাগ টারগারস, হামবুর্গ রয়েলস ও টাইগারস আম মাইনের মধ্যে। সন্ধ্যায় মেট্রো ট্রেনে মামুন হাসান নিয়ে গেল প্রাগের ওল্ড টাউন দেখাতে। মজার ব্যাপার প্রাগে সপ্তাহের সাত দিনই সব দোকানপাট খোলা থাকে। আর এই চত্বরকে চেকের ভাষায় বলে স্টারে মেসতো Stare Mesto.এখানে রয়েছে Astronomical ঘড়ি। এই ঘড়িটি দেখার জন্য প্রতিদিন লাখো দর্শনার্থী ভীড় করে এখানে। এমনকি এই করোনা মহামারির মধ্যেই এখানে মনে হলো না মহামারি আছে। দুই-একজন ছাড়া কারো মুখে মাক্স ছিল না। এই ঘড়িটি ৬শ বছরের পুরনো। অন্যান্য জ্যোতির্বিজ্ঞান ঘড়ির মতো, বিখ্যাত প্রাগের ঘড়িটি কার্যকরভাবে জ্যোতির্বিজ্ঞান তথ্য প্রদর্শন করার জন্য একটি বিশেষভাবে পরিকল্পিত প্রক্রিয়া। অরলোজের মতো অনেকেই সূর্য, চন্দ্র, রাশি রাশি এবং কখনো কখনো অন্যান্য গ্রহের আপেক্ষিক অবস্থান দেখানোর প্রবণতা দেখান।

প্রাগের জ্যোতির্বিজ্ঞান ঘড়িটি Orloj নামেও পরিচিত, এটি সময় বলে, তারিখ প্রদান করে, জ্যোতির্বিজ্ঞান এবং রাশিচক্রের তথ্য দেখায় এবং সবচেয়ে ভালো। প্রতি ঘণ্টায় তার দর্শকদের জন্য কিছু চমক দেখায়। পর দিন ছিল ক্রিকেটের ফাইনাল, চেকের জাতীয় ক্রিকেট টিমের নিও মি, Teri O Onor ছিলেন প্রধান অতিথি। ফাইনালে ফ্রাঙ্কফুর্ট টিম প্রাগ কে হোয়াইটওয়াশ করে শিরোপা লাভ করে।

এবার ঘরে মানে ফ্রাংকফোর্ট ফেরার পালা। মাত্র ত্রিশ সেকেন্ড বাকি ছিল ট্রেন ছাড়ার, ১৬:৪৩ মিনিটের ট্রেনে উঠতে পারলাম। আমার পথে খাবারের জন্য মুন্নী ভাবি এক প্যাকেট মুরগির বিরিয়ানি ও পানি দিয়েছিল। খেতে গিয়ে দেখি ভিতরে চামচ নাই খাবার জন্য। অনেকক্ষণ ভেবেচিন্তে পানি দিয়ে হাত ধুয়ে হাত দিয়েই ট্রেনের মধ্যে বিরিয়ানি খেলাম। ভাবলাম যদি হাত দিয়ে অন্য সব খাবার খাওয়া যায় তবে বিরিয়ানি বা ভাত কেন নয়। অন্য রকমের অভিজ্ঞতা হলো। রাত দেড়টায় বাসায় পৌঁছলাম। সেই বাহির থেকেই দরজা খুলে ঘরে ঢুকতে হলো, কেউ খুললো না ভিতর থেকে।

আমিরাতে গোল্ডেন ভিসা পেলেন ভারতের গ্র্যান্ড মুফতি

ভারতের গ্র্যান্ড মুফতি এবং ইসলামিক স্কলার শেখ আবুবকর আহমদ তার মানবিক কাজের জন্য সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেয়েছেন।

শেখ জায়েদ আন্তর্জাতিক শান্তি সম্মেলনের চেয়ারম্যান শেখ আবুবকর একজন শিক্ষাবিদ, সমাজকর্মী এবং সমাজসেবী। দক্ষিণ রাজ্য কেরালা থেকে একজন প্রভাবশালী নেতা, তিনি কোজিকোড জেলার একটি ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া মারকাজের চ্যান্সেলর।

সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা আবুধাবিতে ৫ শতাধিক চিকিৎসকের জন্য জারি করা হয়েছিল।

দুবাইতে রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্সের (জিডিআরএফএ) জেনারেল ডিরেক্টর মেজর জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারি তাকে সোনালি ভিসা উপহার দেন। সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেয়ে গর্বিত। আমি যখন সংযুক্ত আরব আমিরাতে থাকি তখন আমি সবসময় বাড়িতে থাকি। এটি লাখ লাখ ভারতীয়র দ্বিতীয় বাড়ি। আমি দেশের নেতৃত্বের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি।

যে ৭ জুসে মিলবে উজ্জ্বল ত্বক

খাবারের প্রভাব সম্পূর্ণটাই আমাদের শরীরের ওপরে পড়ে। আর সেই প্রভাব প্রকাশ পায় শরীরের অভ্যন্তরে ও বাইরেও। তাই সুস্বাস্থ্য ও সুন্দর চেহারা পেতে বিভিন্ন খাবারকেই চিকিৎসা হিসেবে বেছে নেওয়ার জুড়ি নেই।

স্বাভাবিকভাবেই আমাদের নিয়মিত খাবারের তালিকায় প্রাকৃতিক খাদ্য উপাদান হিসেবে ফল ও সবজি রাখা উচিত। আর পুষ্টি পাওয়ার সবচেয়ে সহজ ও সর্বোত্তম উপায় হচ্ছে জুস বানিয়ে পান করা।

আমরা সবাই চাই উজ্জ্বল ত্বক পেতে। এর জন্য বিভিন্ন পণ্যও ব্যবহার করে থাকেন অনেকেই। কিন্তু এসব পণ্যের নানান ক্ষতিকারক দিক বিবেচনা করেন কি? সেটি না করে থাকলে আপনার বেছে নেওয়া উচিত প্রকৃতিক উপায় যার কোনো ক্ষতিকারক দিক নেই। আর সেটি যদি সুস্বাদু হয়, তা হলে তো কথাই নেই।

তাই আজ জানুন এমন কিছু সুস্বাদু জুস সম্পর্কে যেগুলো খেলে মিলবে উজ্জ্বল ত্বক—

১. বিটরুট জুস
ত্বক ও স্বস্থ্যের জন্য অনেক উপকারী একটি সবজি হচ্ছে বিটরুট। এটি ত্বক উজ্জ্বল করে এবং ত্বকের দাগ দূর করে। এ ছাড়া বিটরুটের জুসে ভিটামিন এ, সি, কে, ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, তামা, জিংকের মতো উপাদানের পাশাপাশি এতে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে। আর বিটরুটে থাকা আয়রন ও পটাশিয়াম উপাদান রক্তকে বিশুদ্ধ করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।

২. গাজরের জুস
গাজরে থাকা ভিটামিন এ আমাদের চোখের জন্য উপকারী হওয়ার পাশাপাশি এটি ব্রণ ও সূর্যের ক্ষতি থেকেও রক্ষা করে। এ ছাড়া গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল করার পাশাপাশি শরীরের ফ্রি র‌্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দেয়।

৩. টমেটো জুস
ত্বকের তারুণ্য ধরে রাখতে ও উজ্জ্বল করতে অনেক উপকারী টমেটোর জুস। এতে থাকা ভিটামিন সি, এ এবং লাইকোপেন নামের উপাদান ত্বকের জারণ সুরক্ষা প্রদান করে। এ কারণে এটি ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি বিবর্ণতা, দাগ ও ব্রণ কমায়।

৪. কমলার জুস
কমলার রস আপনার ত্বকের শুষ্কতা, ঝলসানো ভাব এবং ফাটা ভাব থেকে সুরক্ষিত রাখতে পারে। আর এতে থাকা সাইট্রিক অ্যাসিড ইলাস্টিন এবং কোলাজেন গঠনে সহায়তা করে ত্বককে উজ্জ্বল রাখে ও অকাল বার্ধক্য নিয়ন্ত্রণ করে।

৫. অ্যালোভেরা জুস
ত্বকের জন্য উপকারী উপাদানের মধ্যে অন্যতম পরিচিত একটি উপাদান হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরার রসে থাকা খনিজ এবং পুষ্টি উপাদান আপনার ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় রাখতে পারে। এ ছাড়া এতে থাকা গিবেরেলিন এবং অক্সিন নামক হরমোন আপনার ত্বককে সুস্থ করতে সহায়তা করে।

৬. শসার জুস
শসার রস আপনার ত্বককে হাইড্রেট ও পুষ্ট রাখার পাশাপাশি ত্বক থেকে টকসিন বের করে দেয়। আর এতে থাকা সিলিকা আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে প্রাকৃতিক রঙ বাড়িয়ে তুলতেও অনেক কার্যকরী ভূমিকা পালন করে।

৭. ডালিমের জুস
ডালিমের রস ভিটামিন সি ও কে সমৃদ্ধ হওয়ায় এটি ত্বকের কোষ ভালো রাখতে এবং বার্ধক্য প্রক্রিয়া ধীর করতে সাহায্য করে। এ ছাড়া এতে রক্ত পরিশোধক বৈশিষ্ট্য থাকার কারণে এটি আপনার ত্বককে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা প্রদান করতে পারে। পাশাপাশি এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং পিউনিকিক অ্যাসিড আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ত্বককে হাইড্রেটেড রাখে।

তথ্যসূত্র: ফাস্টক্রাই প্যারেন্টিং ডটকম

জ্বর-সর্দি-কাশিতে করণীয়

প্রকৃতি শরৎ সাজে সেজেছে। তবে বৃষ্টি তার মায়া এখনো কাটিয়ে উঠতে পারেনি। হুটহাট করেই চলে আসছে। এদিকে রোদও তার কড়া মেজাজ দেখিয়ে যাচ্ছে যখন-তখন। এভাবে দিনে তাপমাত্রা যখন তখন বাড়ছে-কমছে। আবার ভোরের দিকে ঠান্ডা লাগছে। আবহাওয়ার এমন খেয়ালিপনায় অনেকেই এখন জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছেন। করোনার সময় এ উপসর্গ আতঙ্কের হলেও, পরীক্ষা-নিরীক্ষায় তাদের কারও কারও করোনা ও ডেঙ্গি ধরা পড়লেও অধিকাংশই ভাইরাল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত। প্রায় ঘরে ঘরে এখন এমন রোগী।

চিকিৎসকদের মতে, হঠাৎ বৃষ্টি, ভ্যাপসা গরম আবার কিছুটা শীতল বাতাস এ সময়ের এমন আবহাওয়ায় শ্বাসতন্ত্র সহজেই সংক্রমিত হয়ে সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এ ছাড়া ঘামেভেজা জামাকাপড় পরে থাকা, দীর্ঘক্ষণ গোসল করা, রাতে একটানা দীর্ঘসময় এসি চালানো, ফ্রিজের ঠান্ডা পানি বা আইসক্রিম খাওয়ার কারণে ঠান্ডা লেগেও এখন সর্দি-কাশি দেখা দিচ্ছে।

লক্ষণ

-জ্বর

-শরীর, মাথা ও গলা ব্যথা

-চোখ লাল হওয়া

-নাক দিয়ে পানি পড়া

-হাঁচি-কাশি

-শরীর ম্যাজ ম্যাজ করা

-খাওয়ার অরুচি

প্রতিকারের উপায়

* ঘুম মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কাজেই ঠান্ডা বা সর্দিজ্বরের সময় বিশ্রাম নিলে বা বেশি ঘুমালে দ্রুত আরোগ্য লাভ সম্ভব।

* ঘরোয়া দাওয়াই হিসাবে এ সময় আদা-লেবুমিশ্রিত রং চা, আদা ও লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খেতে পারেন। আরামবোধ করবেন। আঙুরের রসও কাশি দ্রুত কমাতে সাহায্য করে।

* ফ্রিজের ঠান্ডা পানি একেবারেই খাবেন না। গলাব্যথা হলে গরম পানিতে লবণ মিশিয়ে গড়গড়া করুন।

* ঋতু পরিবর্তনের এ সময় শরীরে প্রচুর পানি প্রয়োজন। শরীর ডিহাইড্রেটেড হলেই গায়ে ব্যথা, মাথাধরা শুরু হয়। সুস্থ-অসুস্থ সবাইকেই তাই এ সময় বেশি বেশি পানি পান করতে হবে। সেইসঙ্গে খেতে হবে তাজা ফলের জুস।

* বিটা-ক্যারোটিন ও ভিটামিন ‘সি’ এবং ‘ই’ যুক্ত খাবার ঠান্ডা কমাতে সহায্য করে। লেবু, কমলা, জাম্বুরা, আমড়াসহ বিভিন্ন টকজাতীয় ফল জ্বর-সর্দি-কাশিতে উপকারী।

শিশুর বাড়তি যত্ন

বড়দের মতো শিশুদেরও এখন জ্বর-সর্দি-কাশির উপসর্গগুলো বেশি দেখা দিচ্ছে। শিশু জ্বরে আক্রান্ত হলে জ্বর কমানোর জন্য মাথায় পানি ঢালুন। পাশাপাশি শরীর স্পঞ্জ করে দিন। মাথায় পানি দেওয়ার পর শুকনো তোয়ালে দিয়ে ভালো করে মাথা মুছে দিন, নইলে সর্দি-কাশি বাড়তে পারে। জ্বর হলে শিশুকে অতিরিক্ত জামাকাপড় পরিয়ে রাখা উচিত নয়। এতে শরীরের তাপ আরও বেড়ে যায়। শিশু ঘামতে শুরু করে। এ ঘাম থেকে ঠান্ডা লেগে যেতে পারে। তাই ঘরের দরজা জানালা খুলে আলো বাতাস চলাচলের ব্যবস্থা করুন। শিশুকে ভিটামিন ‘সি’ যুক্ত খাবারের পাশাপাশি মুরগির স্যুপ, দুধ, সুজির মতো হালকা এবং পুষ্টিকর খাবার খেতে দিন। বুকের দুধ শিশুকে দ্রুত সুস্থ করে তোলে। এ কারণে বুকের দুধ খাওয়া শিশু সর্দি-জ্বরে আক্রান্ত হলে মায়ের বুকের দুধ খাওয়া চালিয়ে যেতে হবে। ভাইরাস জ্বর সাধারণত তিন থেকে পাঁচ দিন থাকে এবং ঘরোয়া চিকিৎসায়ই শিশু সুস্থ হয়ে ওঠে। তাই এ সময়টাতে কোনো এন্টিবায়োটিক খাওয়ানো উচিত নয়। বাজারে প্রচলিত কাশির সিরাপ সব সময় শিশুদের জন্য নিরাপদ নয়। এ ব্যাপারে সতর্ক থাকুন। শিশুর ঠান্ডা লেগে বুকের ভেরত আওয়াজ হলে, শ্বাস-প্রশ্বাসে কষ্ট হলে, শরীরের রং নীল হয়ে গেলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

মেনে চলুন

* হালকা জ্বর বা গায়ে ব্যথা হলে প্যারাসিটামল খেতে পারেন। তবে নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া একেবারেই ঠিক হবে না। এতে সমস্যা বাড়তে পারে।

* বড়দের ৭ দিনের বেশি জ্বর থাকলে চিকিৎসকের শরণাপন্ন হোন।

‘ডিমের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার পরিকল্পনা হচ্ছে’

সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে ডিমের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শুক্রবার দুপু‌রে রাজধানীর একটি হোটেলে বিশ্ব ডিম ‍দিবস উপলক্ষ্যে আয়োজিত অলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, খাবারের শ্রেষ্ঠতম একটা উপকরণ ডিম। এই খাদ্য উপাদান যেন ব্যয়বহুল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যতটুকু ব্যয় হয় সেটা কীভাবে কমানো যায় সেজন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে যৌথ পরিকল্পনা নেওয়া হবে। লক্ষ্য রাখতে হবে, ব্যয়ের কারণে ডিম যেন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে না যায়। ডিমের উৎপাদন বৃদ্ধি ও সহজলভ্য করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, উদ্যোক্তা তৈরি করতে হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক এই মন্ত্রী বলেন,পুষ্টি চাহিদা মেটাতে বেশি বেশি ডিম খেতে হবে। ডিম খাওয়া নিয়ে বিভ্রান্তির বেড়াজাল থেকে বেরিয়ে এসে মানুষকে সচেতন করতে হবে। পুষ্টি চাহিদা পূরণের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারলে আমাদের আয়ুষ্কাল বাড়বে। বর্তমান দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার অনেক কমে গেছে। এটা এমনি এমনি আসেনি। রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও বেসরকারি উদ্যোক্তাদের সম্মিলিত প্রয়াসে চাহিদা অনুযায়ী খাদ্যের যোগান ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের কারণে এটা সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুণগত উন্নয়নে বিশ্বাস করেন উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি (প্রধানমন্ত্রী) দেশের সকল কিছুতে টেকসই উন্নয়নের কথা বলেন। প্রতিবেশী দেশসমূহের তুলনায় বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের এগিয়ে যাওয়া বিস্ময়কর। শেখ হাসিনা সরকার এ খাতের উন্নয়নে ব্যাপক পৃষ্ঠপোষকতা দিয়েছে।

পোল্ট্রি খাতের সমস্যা বিষয়ে মন্ত্রী বলেন, পোল্ট্রি খাতের সমস্যা সমাধানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় তৎপর রয়েছে। করোনার সময় পোল্ট্রি ও ডেইরি খাতের বিপর্যস্ত অবস্থা কাটিয়ে উঠার জন্য তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধান করা হয়েছে। বার্ড ফ্লু সংক্রমণ থেকে পোল্ট্রি খাতকে রক্ষার জন্য শেখ হাসিনা সরকার যেভাবে কঠোর পদক্ষেপ নিয়েছে, সে ধারা বজায় রেখে এ খাতকে উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

বিপিআইসিসি’র সভাপতি মসিউর রহমানের সভাপতিত্বে অলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ। এতে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. শেখ আজিজুর রহমান, এফএও’র বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিপিআইসিসি’র সহসভাপতি শামসুল আরেফিন খালেদ, প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী এবং বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ মহুয়া।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএলআরআই ও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তাবৃন্দ এবং পোল্ট্রি খাতের বিশেষজ্ঞ, বিপিআইসিসি, ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা ও এফএও’র প্রতিনিধিবৃন্দ

 

চলন্ত বাসে ট্রাকের ধাক্কা, হাত হারালেন বিশ্ববিদ্যালয় শিক্ষক

ময়মনসিংহের ফুলপুরে চলন্ত বাসে ট্রাকের ধাক্কায় হাত হারালেন বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ মোর্শেদ।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বাশাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

হাসান মোর্শেদ বাকৃবির পশুপালন অনুষদের সহকারী অধ্যাপক।

জানা গেছে, স্ত্রীর সঙ্গে দেখা করতে ময়মনসিংহ থেকে শেরপুরে যাচ্ছিলেন হাসান মোর্শেদ। যাওয়ার সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের ধাক্কায় তার হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসান মোর্শেদ বাকৃবি থেকে আদিল পরিবহণে বাসে করে শেরপুর যাচ্ছিলেন। অসাবধানতাবশত ডান হাতটি তিনি জানালার বাইরে রেখেছিলেন। ফুলপুরের বাশাটি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক বাসের জানালায় ধাক্কা দিয়ে চলে যায়। এতে হাসান মোর্শেদের হাতের যে অংশটি জানালার বাইরে ছিল সেটি কেটে পড়ে যায় রাস্তায়। পরে বাসটি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গেলে চালক পালিয়ে যায়।

আহত শিক্ষককে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে রাতেই তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। হাতের বিচ্ছিন্ন অংশ সংগ্রহ করে হাসপাতালে যাওয়ার সময় শিক্ষকের সঙ্গে দেওয়ার ব্যবস্থা করে দেয় পুলিশ।

হাসান মোর্শেদের সর্বশেষ অবস্থা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেইরি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আবিদ হাসান বলেন, রাত সোয়া ৩টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল থেকে ঢাকার ল্যাবএইডে স্থানান্তর করা হয়। হাতের অস্ত্রোপচার শেষে তিনি আইসিইউতে রয়েছেন। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় এখনও বিরতিহীনভাবে রক্ত সরবরাহ করা হচ্ছে।

এর আগে রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেলে হাতের একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। তবে তার ডান হাতটি জোড়া লাগানো সম্ভব হয়নি।

১৬ বিশ্ববিদ্যালয়ে তদন্তে নেমেছে ইউজিসি

দেশের সরকারি-বেসরকারি ১৬ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ওঠা নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এগুলোর মধ্যে ৮টি সরকারি; বাকিগুলো বেসরকারি। সরকারি বিশ্ববিদ্যালয়ের কোনোটির উপাচার্যের বিরুদ্ধে নিয়োগসহ আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে।

এছাড়া আছে যৌন হয়রানি এবং গবেষণা জালিয়াতি সম্পর্কিত অভিযোগ। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আর্থিক, প্রশাসনিক অনিয়ম থেকে শুরু করে বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) সদস্যদের বিভিন্ন উপায়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ লোপাট, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অবৈধভাবে ক্যাম্পাস ও প্রোগ্রাম পরিচালনা এবং সনদ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ আছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এক বছরে আরও অন্তত ৮টি সরকারি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে ইউজিসি প্রতিবেদন পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। একইভাবে এক ডজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে প্রতিবেদনও পাঠানো হয়েছে।

এছাড়া ইউজিসি সম্প্রতি ২৬টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরমধ্যে ১৭টির বিরুদ্ধে বিভিন্ন অবৈধ কার্যকলাপে লিপ্ত ও অবৈধ ক্যাম্পাস পরিচালনার তথ্য পেয়েছে ইউজিসি।

জানতে চাইলে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ যুগান্তরকে বলেন, সাধারণত সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আর বেসরকারি বিওটিই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকেন। যে কারণে যে কোনো অভিযোগের তির তাদের দিকেই থাকে। বিভিন্ন সূত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ইউজিসিতে অভিযোগ আসে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিযোগ সাধারণত শিক্ষা মন্ত্রণালয়কে খতিয়ে দেখতে বলা হয়, যা আমরা তদন্ত করি। দুদকের অনুরোধেও আমরা অনেক সময়ে তদন্ত করে দেখি। কেননা, আমরা বিশ্ববিদ্যালয়ে সুশাসন চাই। তবে কখনো কখনো অভিযোগের সত্যতা মেলে না।

ইউজিসি কর্মকর্তারা জানান, বর্তমানে যেসব সরকারি বিশ্ববিদ্যালয়ে তদন্ত চলছে সেগুলোর মধ্যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিদায়ি উপাচার্যের ব্যাপারেই আছে দুটি। বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও কর্মকর্তারা তার ব্যাপারে বিভিন্ন সময়ে অভিযোগ করেছিলেন। এরমধ্যে একটিতে ৭ শিক্ষক মোট ৪৫টি অভিযোগ করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ইউজিসি তিন সদস্যের কমিটি গঠন করে। কমিটি মে মাসে কাজ করে। উত্থাপিত অভিযোগের মধ্যে আছে-ইউজিসির নির্দেশনা অমান্য করে জনবল নিয়োগ, শিক্ষক ও জনবল নিয়োগে দুর্নীতি ও অনিয়ম, নিয়োগ বোর্ডের সভাপতি (ভিসি) হয়েও অনুপস্থিত থাকা, ইচ্ছেমতো পদোন্নতি, আইন লঙ্ঘন করে একাডেমিক ও প্রশাসনিক পদ দখল, ক্রয়প্রক্রিয়ায় নীতিমালা লঙ্ঘন, ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনা ধামাচাপা দেওয়া এবং ক্যাম্পাসে ধারাবাহিক অনুপস্থিতি।

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক উপাচার্যদের বিরুদ্ধে চলছে নিয়োগসংক্রান্ত অভিযোগের তদন্ত।

এরমধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের বিরুদ্ধে এক নারী প্রভাষক প্রার্থী অভিযোগ করেছেন। একই ধরনের দুটি অভিযোগের তদন্ত চলছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, ছেলে ও মেয়েকে নিয়োগের পর এখন তিনি স্ত্রীকে অধ্যাপক পদে নিয়োগের চেষ্টা করছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ঊর্ধ্বতন এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত চলছে। আর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে।

ইতোমধ্যে শেষ হয়েছে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে উঠা একটি অভিযোগের তদন্ত। তবে ইউজিসির তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অভিযোগ প্রমাণিত হয়নি। অভিযোগটি ছিল ভুয়া। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েও শিক্ষক নিয়োগের অভিযোগ তদন্ত করা হয়। অভিযোগ ছিল সাবেক উপাচার্য আর কোষাধ্যক্ষের বিরুদ্ধে।

এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে পৃথক দুটি তদন্ত হয়। এরমধ্যে রেজিস্ট্রারের বিরুদ্ধে যৌন হয়রানি সম্পর্কিত অভিযোগ আর উপাচার্যের বিরুদ্ধে ভবন নির্মাণসংক্রান্ত অভিযোগের তদন্ত করা হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে। এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের বিরুদ্ধে ভর্তি ও সিটিং অ্যালাউন্স বাণিজ্য, কেনাকেনা ও গাড়িবিলাস, অননুমোদিত প্রোগ্রাম পরিচালনাসহ নানা অভিযোগ উত্থাপিত হয়েছে। ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি দিয়ে ইউজিসি এই বিশ্ববিদ্যালয়ের বিবিএ ও এমবিএ সংক্রান্ত দশটি প্রোগ্রামে ভর্তির ব্যাপারে শিক্ষার্থীদের সতর্ক করে।

জেডএইচএন সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিরুদ্ধে একইভাবে অনুমোদনবিহীন প্রোগ্রাম চালানোর কারণে ভর্তিতে সতর্ক করা হয় শিক্ষার্থীদের।

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিওটির এক সদস্য অভিযোগ করেছেন যে, তাকে না জানিয়ে একের পর এক সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটির কর্মচারী ইউনিয়ন, একটি সিকিউরিটিজ কোম্পানিও অভিযোগ করেছে। সে সবেরই তদন্ত চলছে।

চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তদন্ত চলছে। তাছাড়া আগে থেকে এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভ্যন্তরীণ দ্বন্দ্বসহ বেশকিছু অভিযোগ আছে। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিওটির কয়েক সদস্যের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে অনুমোদিত আসনের অতিরিক্ত শিক্ষার্থী ও সনদ বাণিজ্য, লিডিং ইউনিভার্সিটিতে বেপরোয়া আর্থিক দুর্নীতি, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিওটির চেয়ারম্যানের বিরুদ্ধে ক্যাম্পাসেই বসবাস, স্বেচ্ছাচারিতা ও শিক্ষকদের চাকরিচ্যুতি সংক্রান্ত অভিযোগের তদন্ত চলছে। আর পুন্ড্র ইউনিভার্সিটির সাবেক উপাচার্য তার বকেয়া বেতনভাতা না পাওয়ার ব্যাপারে অভিযোগ করেছেন।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর যুগান্তরকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই অভিযোগ তদন্ত করা হয়। ইউজিসি শুধু কোনো ব্যাপারে সুপারিশ করতে পারে। তাই তদন্ত প্রতিবেদনে তথ্যানুসন্ধান করে সুপারিশসহ তা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

দেশে বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১০৮টি। তবে এগুলোর মধ্যে ৯৯টিতে শিক্ষা কার্যক্রম চলছে।