মঙ্গলবার ,৫ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 670

মেগাস্টার রজনীকান্ত হাসপাতালে

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের মেগাস্টার রজনীকান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ তারকাকে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়। খবর এনডিটিভির।

রজনীকান্তের ব্যক্তিগত সহকারী রিয়াজ কে আহমেদ বলেন, স্যারকে রুটিন চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। দ্রুতই তিনি বাসায় ফিরবেন।

চেন্নাইয়ের দ্য কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭০ বছর বয়সি এ মেগাস্টারকে। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বিবৃতি দেয়নি।

মাত্র কয়দিন আগে দক্ষিণী সিনেমার এ তারকা দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। দিল্লিতে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করে চেন্নাই ফিরেছেন তিনি।

প্রবীণ এ অভিনেতা চলচ্চিত্র অঙ্গনে আসার আগে বাসচালকের সহকারী হিসেবে কাজ করতেন। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার তার পুরনো দিনের ড্রাইভার বন্ধুদের জন্য উৎসর্গ করেন, যারা তাকে সিনেমায় আসার জন্য অনুপ্রেরণা জুগিয়েছিলেন।

রজনীকান্তের নতুন সিনেমা ‘আন্নাথে’ দীপাবলিতে মুক্তি পাবে।

বাংলাদেশ কি সেমিফাইনালে যেতে পারবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম খেলায় স্কটল্যান্ডের বিপক্ষে হেরে দুশ্চিন্তায় পড়ে যায় বাংলাদেশ। এরপর টানা দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।

বাছাই পর্বের শেষ দুই ম্যাচে টানা জয়ে মূলপর্বে উঠে টাইগারদের প্রত্যাশা ছিল জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখা। কিন্তু তারা সেটি করতে পারেনি।

বাছাইপর্ব থেকে ওঠা শ্রীলংকার বিপক্ষে পরাজয় দিয়েই বিশ্বকাপের মূলপর্বের লড়াই শুরু হয় টাইগারদের। চূড়ান্ত পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি মাহমুদউল্লাহ রিয়াদরা।

শুক্রবার বাংলাদেশ খেলবে ওয়স্ট ইন্ডিজের বিপক্ষে। বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়ন এ দলটি চলতি বিশ্বকাপে নিজেদের দুই ম্যাচেই হেরেছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ক্রিস গেইলদের বাংলাদেশ, শ্রীলংকা ও অস্ট্রেলিয়াকে হারাতেই হবে।

ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে এই তিন দলের বিপক্ষে টানা জয় পেতে হবে টাইগারদের।

শ্রীলংকা ও ইংল্যান্ডের বিপক্ষে টানা পরাজয়ের কারণে সামনের তিন ম্যাচে উইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগাদের জয়ের সম্ভাবনা ক্ষীণ। বলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

তিনি বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আর একটি ম্যাচও আমরা জিতব না, দলের অবস্থা ভালো না। মানসিকভাবে ভয়ংকর অবস্থায় আছে। প্রথম দিন থেকেই দলের খেলোয়াড়রা মানসিক চাপ অনুভব করছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কোনো ম্যাচ জেতার বাস্তবসম্মত সম্ভাবনা নেই বললেই চলে। গ্রুপের প্রতিটি দলই আমাদের চেয়ে অনেক এগিয়ে। অন্যদের চেয়ে এভাবে এতটা পিছিয়ে থাকার দায় আমি শুধু খেলোয়াড়দের দেব না। এটা আমাদের অবকাঠামো আর ম্যানেজমেন্টেরই সমস্যা।

বাংলাদেশ দলের প্রথম ওয়ানডে অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এ টুর্নামেন্টে বাংলাদেশ সেমিফাইনালের যে স্বপ্ন নিয়ে সুপার টুয়েলভ শুরু করেছিল, সেটা প্রায় ধূলিসাৎ হয়ে গেছে। পরিস্থিতিটাই এমন, বাংলাদেশ এখন বিচ্ছিন্ন কিছু জয়ের কথা ভাবতে পারে। ব্যক্তিগতভাবে কিছু অর্জনের কথা চিন্তা করতে পারে।

‘আমাদের অবস্থাও বাংলাদেশের মতোই’

সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হেরে সেমিফাইনালের পথ কঠিন করে ফেলেছে বাংলাদেশ। তবু স্বপ্ন দেখছেন মাহমুদউল্লাহ-সাকিবরা।

শুধু ঘুরে দাঁড়াতে একটা জয়ের অপেক্ষায় তারা। আর সেই জয়টা আসতে হবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ক্যারিবীয় দলটির অবস্থাও ঠিক বাংলাদেশের মতোই। ইংল্যান্ডের কাছে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় তারা। এর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ উইকেটে গো হারা হারে।
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দুদলের সামনেই জয়ের কোনো বিকল্প নেই।

আজ শুক্রবার ‘গ্রুপ-১’-এর ২৩তম ম্যাচে বিকাল ৪টায় শারজায় মুখোমুখি হচ্ছে দুদল।

ম্যাচকে সামনে রেখে উইন্ডিজ দলের অন্যতম তারকা নিকোলাস পুরানের সরল স্বীকারোক্তি, ‘আমাদের অবস্থাও বাংলাদেশের মতোই।’
যে কারণে বাংলাদেশের বিপক্ষে জয়কে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। তবে বাংলাদেশ দলের খেলোয়াড়দের যোগ্যতা, দক্ষতা সবই তার নখদর্পণে বলে জানালেন পুরান।
কারণ আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর আগে বিপিএলে খেলেই পরিচিতি পেয়েছেন পুরান।

বৃহস্পতিবার ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে পুরান বলেন, ‘বাংলাদেশে আমি অনেক সময় কাটিয়েছি। শুধু আমিই নই, আমাদের দলের আরও অনেকেই। আমাদের খুব ভালো বন্ধুত্ব আছে, ওদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। ওদের ভালোভাবে জানি। ওদের কাছ থেকে শিখিও অনেক, বিশেষ করে বিভিন্ন কন্ডিশনে খেলা নিয়ে। এসব অনেক কাজে লাগে। ওরা তাই কী করতে পারে, কিসে অভ্যস্ত, এসব জেনে খেলতে নামাটা ব্যাটিং-বোলিং দুদিক থেকেই সাহায্য করবে।’

এ উইকেটকিপার-ব্যাটার বলেন, ‘টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের অবস্থাও আমাদের মতো। আমাদের জন্য চ্যালেঞ্জই অপেক্ষা করছে। শারজায় ভালো ক্রিকেট খেলে জয় পেতে চাই। বাংলাদেশের একাধিক স্পিনার আমাদের জন্য চ্যালেঞ্জ।’

ভ্যানচালক পারভেজ হত্যায় গ্রেফতার ৪

মাদারীপুরের শিবচরের ভ্যানচালক পারভেজ হত্যাকাণ্ডের ১৫ দিন পর খুনের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ।

তারা হলেন— শিবচর থানার চর শরীফাবাদ কান্দির গ্রামের আব্দুস সালাম মাদবরের ছেলে হৃদয় মাদবর (২৩), উৎরাইল গবিন্দ্রকান্দি গ্রামের নুরু মুন্সীর ছেলে আজিজুল মুন্সী (২৮), ভাঙ্গার আতাদি গ্রামের সামচু শেখের ছেলে ফজলে শেখ (৪০) ও কাপুড়িয়া সদরদী গ্রামের আব্দুল মোল্লা (৩৫)।

নিহত পারভেজের ভ্যানটি ভাঙ্গা থেকে ও শিবচরের একটি পুকুর থেকে তার মোবাইল উদ্ধার করা হয়েছে।

গত ১৩ অক্টোবর নাসিরাবাদ ইউনিয়নের গজারিয়া গ্রামের আড়িয়াল খাঁ নদীর পাড়ে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্বার করে পুলিশ। লাশের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

১৫ অক্টোবর শিবচর উপজেলার ফকিরের কান্দি গ্রামের অজ্ঞাত যুবক পারভেজ ফকিরের বলে তার বাবা বাবুল ফকির শনাক্ত করেন। ওই দিন বাবুল ফকির বাদী হয়ে অজ্ঞাতদের নামে আসামি করে মামলা করেন।

পুলিশ জানায়, ১২ অক্টোবর রাত ৮টার সময় হৃদয় ও আজিজুল ভ্যানচালক পারভেজকে নিয়ে বিচারগান শুনতে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ এলাকার নদীর পাড়ে যায়। সেখানে রাত ১২টার সময় তারা পারভেজকে গাঁজা সেবন করায়। এর পর ভ্যানের রশি তার গলায় পেঁচিয়ে হত্যা করে।

পরে হৃদয় ও আজিজুল ভাঙ্গা এলাকার ফজলে শেখ ও আব্দুল মোল্লার কাছে ১০ হাজার টাকায় ভ্যানটি বিক্রি করে পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের মূলহোতা হৃদয় ও আজিজুল একজন মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী। টাকার জন্য পারভেজকে হত্যা করে তারা ভ্যান বিক্রি করে।

ভাঙ্গা থানার ওসি বিকাশ মণ্ডল জানান, ১৫ দিন পর হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি। ভাঙ্গা ও শিবচর এলাকায় অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছি।

শুক্রবার আদালতের মাধ্যমে আসামিদের ১৬৪ ধারা জবানবন্দি দেওয়ার পর তাদের জেলহাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

ভাঙ্গায় গৃহবধূর লাশ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় শম্পা বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার পৌর এলাকার মধ্যপাড়া আতাদি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

শম্পা দুই সন্তানের জননী আতাদি গ্রামের কামরুল মাতবরের স্ত্রী।

নিহতের ছেলে রিফাত জানান, বাবা ও মা কয়েক দিন ধরে ঝগড়া করছে। এ জন্য তারা দুজন ভাত খায় না। ৪-৫ দিন ধরে মা ভাত রান্নাও করে না। সন্ধ্যায় আমি মাছ ধরে এসে মাকে ঘরের বারান্দার আড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখে চিৎকার দিই। রাতে পুলিশ এসে আমার মায়ের লাশ নিয়ে যায়।

পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমকিভাবে ধারণা করছে পুলিশ।

ভাঙ্গা থানার এসআই সহিদুল্লাহ যুগান্তরকে জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূ শম্পা আত্মহত্যা করতে পারে। লাশ উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সৌদি আরবে বাড়ছে সিনেমার চাহিদা

সৌদি আরবে সিনেমার চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে আরও সিনেমা হল নির্মাণের পরিকল্পনা করেছে সৌদি আরব।

বৃহস্পতিবার ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলনে এই পরিকল্পনা জানায় সংশ্লিষ্টরা।

অবশ্য সৌদি আরবে সিনেমা থেকে রাজস্ব আদায়ের হার ২০২০ সালে আগের বছরের তুলনায় ৭১ দশমিক পাঁচ শতাংশ কমে গেছে বলে সম্প্রতি মিডিয়া ও টেক রিসার্চ ফার্ম অমদিয়া জানিয়েছে।

মাজিদ আল-ফুত্তাইম গ্রুপের সিইও ইগনেস লাহাউদ অমদিয়াকে জানান, সৌদি আরবে সিনেমার চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। মাজিদ আল-ফুত্তাইম গ্রুপই ওই অঞ্চলে চলচ্চিত্রের প্ল্যাটফর্ম ভক্স সিনেমার তত্ত্বাবধায়ন করে।

তিনি বলেন, করোনা মহামারির প্রভাব বিশ্বের সব দেশের মতো এখানেও পড়েছে। কিন্তু তারপরও লোকে সিনেমা দেখছে। সদ্য মুক্তিপ্রাপ্ত ভেনম কিংবা জেমস বন্ডের নতুন সিনেমাগুলো মহামারির আগের সময়ের মতোই দর্শক টানতে পেরেছে।

তিনি বলেন, গত কয়েকবছরে সৌদি আরবে সিনেমার চাহিদা বেড়েছে। ২০২২ সালের শেষে আরও ১০টি শহরে ভক্স সিনেমা হল নির্মাণ করা হবে বলে জানান তিনি।

এদিকে, ভেনম কিংবা জেমস বন্ড সিরিজের মতো বিশ্বমানের চলচ্চিত্রের পাশাপাশি সৌদি আরবে রয়েছে স্থানীয় কনটেন্টে নির্মিত চলচ্চিত্রের চাহিদা।

এ ব্যাপারে লাহাউদ জানান, স্থানীয় কনটেন্টের প্রতি চাহিদা বেড়ে যাওয়ায় সৌদি চলচ্চিত্র নির্মাতাদের প্রভিতার বিকাশ ঘটানোর সুযোগ তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, স্থানীয় কনটেন্টের ব্যাপক চাহিদা রয়েছে। সৌদি আরবে তরুণ ও সৃজনশীল মেধাবী প্রজন্ম রয়েছে। স্থানীয় মেধার পৃষ্টপোষকতা করে আমরা এই শিল্পের উন্নয়ন করতে চাই।

সিনেমার কাহিনী ও দৃশ্যপট দিয়ে সৌদি চলচ্চিত্র বিশ্ব দরবারে সুনাম কুড়াবে বলে মনে করেছেন বিশ্বের চলচ্চিত্র পরিবেশকরা।

২০১৬ সালে প্রিন্স মোহাম্মদ বিন সালমান ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেন। সামাজিক-অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে দেশকে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে নেওয়ার গতিপথ নির্ধারণের সেই ঘোষণার আওতায় চলচ্চিত্র শিল্পকেও গুরুত্ব দেওয়া হয়।

ইউটিউব দেখে নিজে নিজেই সন্তান জন্ম দিলেন কিশোরী!

সন্তান সম্ভবা কিশোরী আর তার দৃষ্টি প্রতিবন্ধী মা ছাড়া বাড়িতে কেউ ছিল না। এমন সময় মেয়েটির প্রসব যন্ত্রণা ওঠে। এরপর ইউটিউবের ভিডিও দেখে নিজে নিজেই একটি পুত্র সন্তানের জন্ম দেয় মেয়েটি। এমনকি ভিডিও দেখে আম্বিলিক্যাল কর্ডও নিজে নিজেই কাটে সে।

বুধবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই কিশোরীর বাবা রাতের শিফটে কাজ করেন। ঘটনা সময় তিনি বাড়ি ছিলেন না। এমনকি মেয়ের গর্ভধারণের ব্যাপারে তার বাবামা জানতেনই না।

সন্তান জন্ম দেওয়ার দুইদিন পর মেয়েটি কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় ভারতের কেরালার মালাপ্পুরম জেলার এই ঘটনা সামনে আসে।

পুলিশ জানিয়েছে, মেয়েটির প্রতিবেশী এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।  দুজনের পরিবারই তাদের সম্পর্কের ব্যাপারে জানতেন। এমনকি মেয়েটি প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের বিয়ের ব্যাপারেও সম্মত ছিল দুই পরিবার। কিন্তু এক পর্যায়ে মেয়েটি অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েন। ওই যুগল খবরটি দুই পরিবারের কাছেই লুকিয়ে রেখেছিলেন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেয়েটি অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ার পর অনলাইনে ক্লাস করার অজুহাতে নিজেকে একটি কক্ষে আটকে ফেলেছিল। কারো সামনে বের হতো না সে।

মেয়েটির বড় বোন শ্বশুরবাড়িতে আর ভাই পড়াশোনার জন্য বাইরে থাকায় মেয়েটির ওই অবস্থা প্রকাশ হয়নি।  মেয়েটির মাও দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় বিষয়টি তার অগোচরেই ছিল। বাবার সামনেও আসত না মেয়েটি।

গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিশুর কান্নার আওয়াজ শোনার পর মেয়েটির বাবামা বিষয়টি জানতে পারেন। পরে মেয়েটির প্রসব পরবর্তী জটিলতা দেখা দেওয়ায় তাকে নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যায় মেয়েটির মা। বর্তমানে মেয়েটি সুস্থ হয়ে উঠছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি মালাপ্পুরম জেলা শিশু কল্যাণ কমিটিকে (সিডাব্লিউসি) জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ অপ্রাপ্তবয়স্ক মেয়েটির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে পকসো আইনের আওতায় ওই যুবককে গ্রেফতার করেছে।

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে, বেড়েছে লেনদেনও।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৬২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমেছে।

ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৩টির, দর কমেছে ১৩১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৭২৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে ২২৭ কোটি ২২ লাখ টাকা বেশি লেনদেন হয়।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ২১৭ পয়েন্ট বেড়ে ২০ হাজার পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার।

ম্যানগ্রোভ সম্পদ মূল্য বৃদ্ধিতে বাংলাদেশ তৃতীয়

গত প্রায় দুই যুগে বাংলাদেশের ম্যানগ্রোভ (প্রাকৃতিক বন) সম্পদের মূল্য লাফিয়ে বেড়েছে। এ খাতে সম্পদ মূল্য বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ১৯টি দেশের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে। তালিকায় শীর্ষে চীন এবং ভিয়েতনাম দ্বিতীয়।

বিশ্বব্যাংকের বুধবার প্রকাশিত ‘দ্য চেঞ্জিং ওয়েলথ অব নেশন-২০২১’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বাংলাদেশের মোট সম্পদের একটা ধারণা দেওয়া হয়েছে।

১৯৯৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৪৬টি দেশের প্রাকৃতিক সম্পদ, মানবসম্পদ, উৎপাদিত সম্পদ ও বিদেশে থাকা সম্পদের তথ্য পর্যালোচনা করে বিশ্বব্যাংক এ প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে প্রথমবারের মতো ম্যানগ্রোভ এবং সমুদ্রের মৎস্যকে প্রাকৃতিক সম্পদে জন্য হিসাব করা হয়েছে।

বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশে বর্তমানে মাথাপিছু সম্পদের পরিমাণ ১৯ হাজার ২৬৫ মার্কিন ডলার। প্রতি ডলার ৮৫ টাকা দরে হিসাব করলে দেশীয় মুদ্রায় তা দাঁড়ায় ১৬ লাখ ৩৭ হাজার ৫২৫ টাকা।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে মাথাপিছু সম্পদের মধ্যে উৎপাদিত সম্পদের বাজারমূল্য ৫ হাজার ৩৪৬ ডলার এবং প্রাকৃতিক সম্পদের মূল্য ২ হাজার ১৬৭ ডলার। এ ছাড়া বাংলাদেশে যে পরিমাণ চাষযোগ্য জমি রয়েছে, তার মাথাপিছু আর্থিক মূল্য ১ হাজার ৫০১ ডলার ও মানবসম্পদের মূল্য মাথাপিছু ১২ হাজার ৯৩৪ ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ম্যানগ্রোভ সম্পদের মূল্য ১৯৯৫ সালে ২০৪ কোটি ডলার থেকে ২০১৮ সালে বেড়ে এক হাজার ২২৩ কোটি ৬০ লাখ ডলারে উন্নীত হয়েছে। অর্থাৎ ২৩ বছরে এ খাতে সম্পদমূল্য বেড়েছে ৪০২ শতাংশ। একই সময়ে চীনে ম্যানগ্রোভ সম্পদের মূল্য বেড়েছে সর্বোচ্চ ৭৬৭ শতাংশ।

আর ভিয়েতনামে ৫৯১ শতাংশ। এছাড়া জাপানে ৩১১ শতাংশ, তাইওয়ানে ২৬৭ শতাংশ, ভারতে ১৯৪ শতাংশ ও ইন্দোনেশিয়ায় ১৪৩ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ম্যানগ্রোভের মূল্য বৃদ্ধির পাশাপাশি এ খাতে সুরক্ষার থাকা অন্যান্য সম্পদের দামও বেড়েছে। হেক্টর প্রতি বার্ষিক ম্যানগ্রোভ সম্পদের মূল্য ২৩ বছরের মধ্যে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

ম্যানগ্রোভ সম্পদের মূল্য চীন, ভিয়েতনাম, বাংলাদেশ ও তাইওয়ানে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাংক বলেছে, এসব দেশে ম্যানগ্রোভের আয়তন বৃদ্ধি পেয়েছে এবং প্রতি বর্গকিলোমিটার সংরক্ষিত সম্পদের মূল্য বেড়েছে।

বিশ্বব্যাংক বলছে, বন্যা সুরক্ষার জন্য ম্যানগ্রোভের মূল্য সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে। মূল্য পরিবর্তন নির্ভর করে ম্যানগ্রোভের পরিমাণ, বন্যার ঝুঁকি এবং বন্যার কারণে ক্ষতির ঝুঁকিতে উৎপাদিত সম্পদহ বিভিন্ন কারণের ওপর।

যেমন-একটি দেশে বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন থাকতে পারে, কিন্তু যদি সেই বন বন্যার ঝুঁকি থেকে অনেক বেশি সম্পদ রক্ষা না করে, তবে সেটির মূল্য একটি ছোট ম্যানগ্রোভ বনের চেয়ে কম হবে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, উপকূলীয় সুরক্ষার জন্য সামগ্রিকভাবে ম্যানগ্রোভ সম্পদের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে ম্যানগ্রোভ বনগুলো উপকূলীয় উন্নয়নের জন্য হুমকির সম্মুখীন।

তেলের দাম বাড়ালেন শ্রমজীবীদের বেতন বাড়ালেন না কেন?: নজরুল ইসলাম খান

ব্যবসায়ীদের স্বার্থে সরকার জনগণের পকেট কাটছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, করোনাকালে ব্যবসায়ীদের লোকসান হয়েছে বলে তেলের দাম বাড়ালেন; কিন্তু এ সময় শ্রমজীবী মানুষের যে লোকসান হলো, তাদের বেতন বাড়ালেন না কেন? সরকারি প্রতিষ্ঠান টিসিবির হিসাবে গত এক বছরে দ্রব্যমূল্য গড়ে ৩৫ শতাংশ বেড়েছে। কিন্তু শ্রমজীবীদের কারও বেতনভাতা বাড়েনি।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও শ্রমজীবী মানুষের ভোগান্তির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকমীরাও উপস্থিত ছিলেন।

বিএনপি অসাম্প্রদায়িক দল মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, আমরা সাম্প্রদায়িক হামলার নিন্দা জানাই। যারা জড়িত, তাদের শাস্তির দাবি জানাচ্ছি। কিন্তু রাজনৈতিকভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করতে আমরা বাধা দিই। দেশ নিয়ে দেশি ও আন্তর্জাতিক যড়যন্ত্র চলছে। যেখানে বিএনপির একটা ছোট কর্মসূচিতে এত পুলিশ থাকে, আর কুমিল্লার মন্দিরে কেন দুজন আনসার সদস্য রাখা হলো না!

রুহুল কবির রিজভী বলেন, পেঁয়াজের দাম, মরিচের দাম, চালের দাম, তেলের দাম বাড়লে এই সরকারের কী যায় আসে? বাংলাদেশের নিু ও মধ্যম আয়ের মানুষ বাঁচল না মরল, তাতে তো তাদের কিছু যায় আসে না। সয়াবিন তেলের দাম এক লাফে সাত টাকা বেড়েছে। পৃথিবীর অন্য কোনো দেশে এক লাফে তেলের দাম সাত টাকা বৃদ্ধি অসম্ভব ব্যাপার। কিন্তু এ দেশে সম্ভব। কে এর প্রতিবাদ করবে? প্রতিবাদ করলে তো আপনাকে যেতে হবে শ্রীঘরে অথবা লালঘরে। এটাই হলো বাস্তব অবস্থা।

রিজভী বলেন, ভয়ংকর পরিস্থিতির একটি দেশে আমরা বাস করছি। আমাকে অনেকেই বলেছে, পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে আইডি কার্ড চাচ্ছে, ব্যবসায়িক লাইসেন্সসহ অন্যান্য সার্টিফিকেট চাচ্ছে। এর কারণ বিএনপির নেতাকর্মীদের ভয় দেখানো। কিন্তু এতে কোনো লাভ হবে না।