শনিবার ,১৬ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 517

আইপিএলকে ‘না’ বলে দুই ইংলিশ তারকার দেশপ্রেম

জাতীয় দলের খেলা ছেড়ে আইপিএল খেলতে মুখিয়ে থাকেন ক্রিকেটাররা। গত কয়েক বছরে এমন চিত্রের দেখা মেলেছে বহুবার।

কিন্তু এবার উল্টোটাই ঘটালেন দুই ইংলিশ তারকা। জাতীয় দলে সময় দিতে আইপিএলকে না করে দিলেন ইংল্যান্ড দলের অধিনায়ক জো রুট ও অলরাউন্ডার বেন স্টোকস। তাদের এই দেশপ্রেম নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বইয়ে গেছে।

আইপিএল-২০২২ এর নিলাম হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি। এই নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন জো রুট।

অ্যাশেজে ইংল্যান্ডের ভরাডুবির পর রুট জাতীয় দলকে নিজের পুরোটা সময় দিতে চান।

এবার অধিনায়কের পথেই হাঁটলেন বেন স্টোকস। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ক্রিকেটার জানিয়েছে, চলতি বছরের আইপিএলে খেলবেন না স্টোকট। রুটের মতো তিনিও জাতীয় দলের খেলায় মনযোগী হতে চান।

কারণ মানসিক অবসাদের কারণে গত বছর অনেকদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন ইংলিশ অলরাউন্ডার। অ্যাশেজে ফিরেও নিজের জাত চেনাতে পারেননি।

মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড। এরপর জুনের শুরুতে ইংলিশদের মিশন নিউজিল্যান্ডে।

জানা গেছে, জাতীয় দলের হয়ে এ দুটি সফরে ভালো করতে চান স্টোকস। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে ঘরোয়া ক্রিকেটে ডারহামে খেলবেন তিনি। সেখানেই নিজেকে প্রস্তুত করবেন। তাই আইপিএলে আগ্রহ নেই এই ক্রিকেটারের।

পূবাইলে রেললাইনে যুবকের বিচ্ছিন্ন লাশ

গাজীপুরের পূবাইলে রেললাইন থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) যুবকের বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে পূবাইলের তালটিয়া রেলগেটের পশ্চিম পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার পরনে ছিল কালো গেঞ্জি ও ব্লু কালারের জিন্স পেন্ট।
তালটিয়ায় দায়িত্বরত গেইটম্যান সানোয়ার হোসেন জানান, কমলাপুর টু চট্টগ্রামগামী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। লাশের দুই পা দুই হাত ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির এসআই ইমায়েদুল জানান, তালটিয়া এলাকায় যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা রেলওয়ে পুলিশে খবর দেন।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আবাসিক হোটেলে যুবকের ঝুলন্ত লাশ

দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন এলাকার রজনীগন্ধা আবাসিক হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার উপজেলার রেলস্টেশন এলাকার রজনীগন্ধা আবাসিক হোটেল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত তারিন (৪০) পাবনা জেলার সাথিয়া উপজেলার পাঠাথিয়া গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে। তিনি বেসরকারি টাওয়ার কোম্পানিতে চাকরি করতেন।

আবাসিক হোটেলের মালিক আকাশ চন্দ্র জানান, ওই আবাসিক হোটেলে মাঝে মধ্যে অবস্থান করতেন তারিন। গত ৮ জানুয়ারি থেকে তারিন ওই হোটেলে ১০নং কক্ষে অবস্থান করছিলেন। সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তারিন হোটেল কক্ষ থেকে বের না হওয়ায় তিনি পুলিশে সংবাদ দেন।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, পুলিশ কক্ষের দরজা ভেঙে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত তারিনের লাশ উদ্ধার করে। মঙ্গলবার লাশ মর্গে পাঠানো হয়েছে।

মদের নেশায় মানুষকে ছাগল ভেবে কোপ!

কথা ছিল সংক্রান্তির উৎসবে ঈশ্বরকে উৎসর্গ করা হবে ছাগল। সেই অনুযায়ী, ছাগলকে ধরে বেঁধে দেওয়া হয়েছিল হাড়িকাঠে।

কিন্তু মদের নেশায় ছাগলকে কোপ না দিয়ে দিয়েছেন ছাগলটিকে ধরে রাখা এক ব্যক্তির ঘাড়ে। ছাগল বলির জায়গায় হলো নরবলি!খবর আনন্দবাজার পত্রিকার।

এ কাণ্ডটি গত রোববার ভারতের হায়দরাবাদের চিত্তুর জেলায় ঘটেছে। নেশাগ্রস্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পৌষ সংক্রান্তির দিন দেবতাকে ছাগল উৎসর্গ করা চিত্তুর জেলার ভালাসাপল্লির বহু দিনের রীতি। রোববার তেমনই পুজোপাঠ চলছিল। বলির জন্য উৎসর্গ করা ছাগলটিকে স্নান করিয়ে সিঁদুর মেখে হাড়িকাঠে এনে রেখেছিলেন সুরেশ।

আসন্ন মৃত্যু টের পেয়েছিল ছাগলটিও। তারস্বরে চিৎকার করছিল। বাজনা বাজছিল চারদিকে। এই অবস্থায় মদের ঘোর ভেঙে জেগে ওঠেন চালাপতি। হাতে বিশাল খাঁড়া নিয়ে উঠে দাঁড়ান।

বাজনার জোর আরও বাড়ে, পাল্লা দিয়ে বাড়ে ছাগলের চিৎকার। ছাগলটি যেন হাড়িকাঠ থেকে বেরিয়ে না যায়, তা নিশ্চিত করতে সুরেশ তার চার পা ভাল করে ধরে রেখেছিলেন।

বিশাল দা বিদ্যুৎগতিতে নেমে আসে সোজা সুরেশের গলায়। প্রাণ বাঁচানোর আর সময় পাননি সুরেশ। ভারী ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে পড়ে চারদিকে। আরও প্রবল হয় ছাগলের চিৎকার, কিন্তু এই দফায় বেঁচে যায় সেটি।

মুহূর্তে আশেপাশের সবাই বুঝতে পারেন, গন্ডগোল হয়েছে বিরাট। দ্রুত সুরেশকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চালাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়দের দাবি, চালাপতি মদের নেশায় এতটাই আচ্ছন্ন ছিলেন যে ছাগল আর মানুষের তফাৎ করতে পারেননি। ছাগলের গলায় কোপ বসাতে গিয়ে তার দা নেমে আসে সুরেশের ঘাড়ে।

আয়াতুল্লা খামেনির ভাতিজি গ্রেফতার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির ভাতিজি ফারিদা মোরাদখানিকে দেশটির রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে।

তবে কী কারণে তাকে রোববার গ্রেফতার করা হয়েছে, তা জানা যায়নি। খবর আরব নিউজের।

ফারিদার ভাই মাহমুদ মোরাদখানি বোনের গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মাহমুদ ফ্রান্সে নির্বাসনে আছেন।

তিনি যুক্তরাজ্যভিত্তিক মিডিয়াবিষয়ক একটি সংগঠন ইরান ইন্টারন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে তার বোনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহমুদ বলেন, ইরানের বর্তমান শাসকগোষ্ঠী নিপীড়ক। ফারিদা কোনো রাজনৈতিক কর্মী নন। ইরানে কোনো রাজনৈতিক ও অধিকারকর্মী হওয়ার স্বাধীনতা নেই।

মাহমুদ আরও বলেন, বর্তমান শাসকগোষ্ঠীর বিরোধী আমরা। এটি আমার চাচা আয়াতুল্লা খামেনি অবশ্যই ভালোভাবে জানেন।

ফারিদা মোরাদখানি ইরানে মৃত্যুদণ্ড বাতিল ও বন্দিদের অধিকারের দাবিতে প্রচার চালিয়ে আসছেন।

রহস্যজনক কারণে জমা পড়েনি পিসিআর

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের তিন মাসের মধ্যে সমাপ্ত প্রতিবেদন (পিসিআর) দেওয়ার বিধান থাকলেও রহস্যজনক কারণে তা দেয়নি ১৩৬টি প্রকল্পের সংশ্লিষ্টরা। এর মধ্যে বেশ কয়েকটি শেষ হয়েছে আড়াই থেকে তিন বছর আগে। ফলে বাধাগ্রস্ত হচ্ছে প্রান্তিক মূল্যায়নের কাজ। সংশ্লিষ্টদের মতে, প্রকল্প বাস্তবায়নের সময় কোনো অনিয়ম-দুর্নীতি হয়েছে কিনা, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য কতটুকু পূরণ হয়েছে-এ ধরনের নানা বিষয় সরেজমিন পরিদর্শন করে খতিয়ে দেখা হয়। পিসিআর না পেলে সেটি করা সম্ভব হয় না। দীর্ঘদিন এই প্রতিবেদন না দেওয়ায় প্রকল্পগুলোতে নানা অনিয়ম থাকতে পারে-এমন আশঙ্কা করছেন তারা।

 

২০২০-২১ অর্থবছরের এসব প্রকল্পের প্রজেক্ট কমপ্লিশন রিপোর্ট (পিসিআর) সংক্রান্ত আইএমইডির সাম্প্রতিক এক প্রতিবেদন ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেছে উল্লিখিত সব তথ্য।

এ প্রসঙ্গে আইএমইডির সাবেক সচিব ও বর্তমান পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী সোমবার যুগান্তরকে বলেন, প্রকল্প শেষ হওয়ার তিন মাসের মধ্যে পিসিআর জমা দেওয়া প্রকল্পসংশ্লিষ্টদের জন্য বাধ্যতামূলক। ২০১৬ সালের সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন পদ্ধতি সংক্রান্ত পরিপত্রে এ বিষয়ে স্পষ্টভাবে বলা হয়েছে। কিন্তু অনেকেই সেটি দিতে অনিয়মের আশ্রয় নেন। আমি দায়িত্বে থাকার সময় পিসিআর দিতে একাধিকবার ডিও (আধা সরকারি পত্র) দিয়েছি। এমনটি সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি তুলে ধরেছিলাম। এতে অনেকে উষ্মা প্রকাশ করে বলেছিলেন, এসব কেন তুলে ধরেন? কিন্তু আমি চেষ্টার ত্রুটি করিনি। কিছু কিছু পিসিআর এলেও অধিকাংশ আসেনি। এ বিষয়ে আইএমইডি কঠোর হতে পারে। কেননা এটা পরিকল্পনা শৃঙ্খলারপরিপন্থি কাজ।

আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০-২১ অর্থবছরে ২২৩টি প্রকল্পের পিসিআর পাওয়া যায়। তবে প্রতিবেদন চূড়ান্ত করার সময় পর্যন্ত ১৩৬টি প্রকল্পের পিসিআর পাওয়া যায়নি। এসব প্রকল্পের মধ্যে ‘মীরসরাই-ফেনী অর্থনৈতিক অঞ্চলে রেললাইন নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা বিশদ ডিজাইন শীর্ষক প্রকল্পটি শেষ হয় ২০১৮ সালের ডিসেম্বরে। কিন্তু গত অক্টোবর মাসে প্রতিবেদনটি চূড়ান্ত হওয়ার সময় পর্যন্ত এর পিসিআর পাওয়া যায়নি। অথচ পেরিয়ে গেছে প্রায় তিন বছর। একই অবস্থা ‘বরিশাল সিটি করপোরেশনের অবকাঠামো নির্মাণ ও সৌন্দর্য বর্ধন’ প্রকল্পে। এটি ২০১৫ থেকে শুরু হয়ে ২০১৮ সালের জুনে শেষ হয়। কিন্তু তিন বছরের বেশি সময় পার হলেও পিসিআর পাওয়া যায়নি। রাজশাহী মহানগরীতে পানি সরবরাহ ব্যবস্থার পুনঃসংস্কার প্রকল্পটি ২০১৬ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ২০১৮ সালের ডিসেম্বরে শেষ হয়। কিন্তু পিসিআর জমা পড়েনি। ‘সামাজিক সাংস্কৃতিক পরিবেশ এবং প্রত্নতত্ত্ব অবকাঠামোর উন্নতি সাধন ও সংরক্ষণের মাধ্যমে রাজশাহী মহানগরীর টেকসই উন্নয়ন (সংশোধিত)’ প্রকল্পটিও শেষ হয় ২০১৮ সালের জুন মাসে। পিসিআরও পায়নি আইএমইডি। ‘বরিশাল সিটি করপোরেশেনের বিভিন্ন স্থানে সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ ব্রিজ-কালভার্ট নির্মাণ’ প্রকল্পটি ২০১৬ থেকে ২০১৮ সালের জুনে শেষ হয়। প্রায় সাড়ে তিন বছরেও পিসিআর জমা হয়নি। ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পটি শেষ হয় ২০১৯ সালের জুন মাসে। দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও পিসিআর জমা দেওয়া হয়নি।

জানতে চাইলে ইনস্টিটিউট অব ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএমএম) নির্বাহী পরিচালক ড. মোস্তাফা কে. মুজেরী যুগান্তরকে বলেন, যে কোনো নিয়ম না মানলেই সেটিকে অনিয়ম বলা হয়। পিসিআর সময়মতো জমা না দেওয়াও একটি বড় অনিয়ম। কেননা এটি পেলেই কেবল আইএমইডি প্রকল্পটির সার্বিক অবস্থার মূল্যায়ন করতে পারে। এটি না দেওয়ার অর্থ এই দাঁড়ায় যে, প্রকল্পগুলো বাস্তবায়নে কোনো ঘাপলা থাকতে পারে। তিন মাসের নিয়ম থাকলেও সেখানে ৬ মাস সময় লাগতে পারে। কিন্তু এক বছর, দুই বছর, তিন বছর পর্যন্ত পিসিআর আসবে না, এটা কী করে হয়। এ বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে। জবাবদিহিতা করতে যারা ভয় পায় তারাই পিসিআর নিয়ে গড়িমসি করবে। এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।

আইএমইডির প্রতিবেদনে যেসব প্রকল্পের তালিকা যুক্ত করা হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে-মাগুরা জেলার সদর ও শ্রীপুর উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। ফরিদপুর জেলার ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় অবকাঠামো উন্নয়ন এবং পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণে সমীক্ষা প্রকল্প। এছাড়া ইন্ট্রোডাকশন অব মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) অ্যান্ড মেশিন রিডেবল ভিসা (এমআরভি) ইন বাংলাদেশ। পাসপোর্ট তথ্য সংরক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্প। ইমপ্রুভমেন্ট অব দ্য রিয়েল সিচুয়েশন অব ওভার ক্রাউডিং ইন প্রিজন্স ইন বাংলাদেশ। ১৫টি জেলা শিল্পকলা শিল্পকলা একাডেমি সংস্কার ও মেরামত। ইমপ্লিমেন্টেশন অব দ্য ন্যাশনাল এমপ্লয়মেন্ট ইনজুরি ইন্স্যুরেন্স স্কিম অব বাংলাদেশ। আরও রয়েছে আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের মাধ্যমে সমীক্ষা নিরাপত্তা শক্তিশালীকরণ প্রকল্প।

কথা হয় চাকরি জীবনে প্রকল্প পরিচালকের দায়িত্ব পালনকারী এবং পরে অতিরিক্ত সচিব হিসাবে অবসরে যাওয়া কর্মকর্তা প্রশান্ত কুমার চক্রবর্তীর সঙ্গে। তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে যুগান্তরকে জানান, অনেক সময় প্রকল্প পরিচালক নেওয়া হয় ভাড়াটে কিংবা অতিরিক্ত দায়িত্ব হিসেবে। এসব কারণে প্রকল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা অন্যত্র চলে যান। এমনকি কর্মকর্তারাও অস্থায়ী হওয়ায় চাকরি থেকে চলে যান। ফলে পরবর্তীকালে রেকর্ডপত্র আর খুঁজে পাওয়া যায় না। এর দায়-দায়িত্ব তখন বর্তায় প্রকল্প সংশ্লিষ্ট বিভাগ বা মন্ত্রণালয়ের ওপর। কিন্তু তারা তো আর পিসিআর দিতে পারে না। এ সমস্যা সমাধানে প্রকল্প শেষ হওয়ার তিন মাস আগে থেকেই পিসিআর তৈরির কাজ শুরু করা উচিত। অথবা পিডিসহ কর্মরতদের পিসিআর দিয়ে যাওয়া বাধ্যতামূলক করা দরকার। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোনো কোনো ক্ষেত্রে গড়িমসির ঘটনা যে ঘটে না সেটি বলা যায় না। তবে ঢালাওভাবে বলাটা ঠিক নয়।

সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

 

ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

এদিন বেলা ১০টা ৪৫ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ১০১ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫১১ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬২১ পয়েন্টে।

এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৫টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৬৪টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫০টির।

অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১০৫ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭৫৬ পয়েন্টে অবস্থান করছে।

‘দেশের মানুষ জাতীয় পার্টির দিকে চেয়ে আছে’

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের মানুষ পরিবর্তনের আশায় এক বুক আশা নিয়ে চেয়ে আছে জাতীয় পার্টি দিকে। বিএনপি ১২ বছর ক্ষমতার বাইরে থেকেই দিশেহারা হয়ে গেছে। আর জাতীয় পার্টির এরশাদ সৈনিকরা ৩১ বছর ক্ষমতার বাইরে থেকেও সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থানে আছে। দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচন হলে বুঝতে পারবেন জনসমর্থন কার কত আছে।

সোমবার বিকালে বনানীস্থ দলীয় চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মুজিবুল হক চুন্নু আরো বলেন, জাতীয় পার্টির রাজনীতি সাধারণ মানুষের জন্য। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কর্মমুখী শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা নিয়ে কাজ করা হবে।

তিনি বলেন, দেশের মানুষ পানির নিচ দিয়ে রেল লাইন আর মাথার উপর দিয়ে গাড়ির লাইন চায় না। দেশের মানুষ চায় প্রত্যেকটি উপজেলায় চিকিৎসাসেবা বিশেষায়িত হাসপাতাল। যেখানে বিনামূল্যে সাধারণ মানুষ চিকিৎসাসেবা পাবে।

জাপা মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সাংগঠকিভাবে প্রস্তুত হোন, জাতীয় পার্টি এককভাবেই আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করবে।

বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির মতবিনিময় সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মেজর (অব.) রানা মো. সোহেল এমপির সভাপতিত্বে এবং পার্টির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহাসিন উল ইসলাম হাবুল, সদস্য সচিব ও পার্টির যুগ্ম মহাসচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, বরিশাল মহানগর জাতীয় পার্টির সভাপতি ও পার্টির যুগ্ম মহাসচিব একেএম মর্তুজা আবেদিন ও সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ চুন্নু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মো. বেলাল হোসেন, দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, তিতাস মোস্তফা, যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এসএম রহমান পারভেজ, কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, জিএম শফিক, লিটন, রেজাউল করিম প্রমুখ।

এবার নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের কমিটি বিলুপ্ত

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ, এরপর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগসহ এর সব ইউনিটের পর এবার মহানগর শ্রমিক লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
সোমবার জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কেএম আজম খসরু স্বাক্ষরিত চিঠিতে কমিটি বিলুপ্ত করার কথা জানানো হয়। এ নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩টি ইউনিটের ৪টি কমিটি বিলুপ্ত করা হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ না করার অভিযোগে এসব কমিটি একের পর এক বিলুপ্ত করা হচ্ছে বলে জানা গেছে। তবে কমিটি বিলুপ্তির চিঠিতে ভোটে ভূমিকা বিষয়ে কোনো কথা উল্লেখ নেই।

নির্বাচনে প্রচার শুরুর পর গত ৯ জানুয়ারি সর্বপ্রথম মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়। চিঠিতে কমিটি মেয়াদোত্তীর্ণ বলে উল্লেখ করা হয়। এরপর সিটি নির্বাচনে ভোট গ্রহণের দিন রোববার বিলুপ্ত করে দেওয়া হয় স্বেচ্ছাসেবক লীগ জেলা ও মহানগর কমিটিসহ সব থানা ও ওয়ার্ড কমিটি। এর একদিন পর সোমবার বিলুপ্ত করা হলো মহানগর শ্রমিক লীগের কমিটি।

এদিকে এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে আতঙ্কের পাশাপাশি ক্ষোভও দেখা গেছে ।

সাবেক এমপি বদির বিরুদ্ধে দুদকের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের হওয়া মামলাটি বিচারিক আদালতকে দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে বদির করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।

প্রসঙ্গত ২০০৭ সালের ১৭ ডিসেম্বর ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদ গোপন ও ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলা করে দুদক। দীর্ঘদিন স্থগিত থাকার পর মামলাটির কার্যক্রম ২০১৭ সালে সচল হয়।

পরে ওই মামলায় ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর বাদীর অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন চট্টগ্রামের বিচারিক আদালত। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন করেন আব্দুর রহমান বদি।