শনিবার ,১৬ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 224

বিয়ে নিয়ে বেকায়দায় মোশাররফ করিম

কমেডি ঘরানার অভিনেতা হিসাবেই মোশাররফ করিমের জনপ্রিয়তা। তবে নিজেকে সেই ধারা থেকে বের করে নিয়ে এসেছেন বেশ আগেই। বিভিন্ন চরিত্রে অভিনয় করে নিজেকে ভেঙেছেন। এবারের ঈদেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। ঈদের জন্য নির্মিত ‘কব্জা’ নামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি।

এটি পরিচালনা করেছেন রাকেশ বসু। নাটকের গল্পে দেখা যাবে, মইদুল একজন সফল ব্যবসায়ী। ব্যবসার দিকে নজর দিতে গিয়ে বিয়ের বয়স হারিয়ে ফেলেছে সে। কেউ মুখে বলার সাহস যদিও না পায়। কিন্তু মইদুলের মায়ের মুখ বন্ধ থাকে না। বিয়ে এবার করতেই হবে, না হলে মা গ্রামে চলে যাবে। কিন্তু এদিকে সমস্যা হলো বিয়ে করতে গেলে মইদুলের কাউকেই পছন্দ হয় না।

এক সময় চোখে পড়ে তরুণী, সুন্দরী ও প্রতিবাদী মেয়ে নীলাকে। পথশিশুদের নিয়ে নীলা ছোট্ট একটা স্কুল চালায়। ছেলেমেয়েগুলোকে নিজ উদ্যোগে খাবার খাওয়ায়।

ব্যাপারটা মইদুলের খুব ভালো লাগে। সেও তাদের সাহায্য করতে চায়। কিন্তু নীলা সাহায্য ফেরত দেয়। ধনী যে কাউকেই তার সন্দেহ হয়। এতে ব্যবসায়ী মইদুলের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। নাটকটি আজ রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।

এ নাটক প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘ঈদে ভিন্ন ধরনের বেশ কিছু নাটকে অভিনয় করেছি। তার মধ্যে এ নাটকটি অন্যতম। শুটিং করেও বেশ ভালো লেগেছে। আশা করছি দর্শকদের পছন্দ হবে।’

‘হোটেল নিরিবিলি’ সিনেমায় শবনম ফারিয়া

ঈদে নির্মিত হয়েছে অন্তর্জাল সিনেমা ‘হোটেল নিরিবিলি’। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে রানু চরিত্রে অভিনয় করেছেন শবনম। আর নাসির চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান।

বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিট থেকে আরটিভিতে সিনেমাটি দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শরাফ আহমেদ জীবন প্রমুখ।

নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানান, সিনেমাটির গল্পে অনেক লেয়ার আছে। আশা করছি দর্শকরা থ্রিলার ঘরানার এ সিনেমাটি উপভোগ করবেন।

‘নতুন এক বাঘ আসছে’

টি-টোয়েন্টিতে দারুণ পারফরমার নাসুম আহমেদ। ঘরের মাঠে তার স্পিনজাদুতে দিশাহারা হয়েছিল ক্রিকেটের দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

এবার ওয়েস্ট ইন্ডিজে সাকিবের অনুপস্থিতিতে ওয়ানডেতে সুযোগ মিলল তার। ৫০ ওভারের ম্যাচে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন। প্রথম ওয়ানডেতে উইকেটশূন্য থাকলেও দারুণ বোলিং করলেন। প্রথম ৩২ বলের ৩১টিই ডট দেন তিনি।

৮ ওভারে ৩ মেইডেনসহ মাত্র ১৬ রান দেন বাঁহাতি এই স্পিনার।

আর ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে এসে উইকেটের দেখা পেলেন নাসুম। টপ অর্ডারের ৫ ব্যাটারের তিনজনকেই ফেরান নাসুম। এদের মধ্যে দুজনকে সরাসরি বোল্ড করে দেন।

তার ১০ ওভারে ৪টি মেইডেনসহ মাত্র ১৯ রানে ৩ উইকেট শিকার করেন নাসুম।

মূলত নাসুমের এই দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১০৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

যথারীতি ম্যাচসেরার পুরস্কারই গেল নাসুম আহমেদের ঝুলিতেই। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই এমন কীর্তি গড়ে দেখালেন, ধারাভাষ্যকার ড্যারেন গঙ্গা জিজ্ঞেস করলেন কেমন অনুভূতি হচ্ছে?

লাজুক হাসিতে এই স্পিনার বলেন, ‘আ নিউ টাইগার ইজ কামিং (নতুন এক বাঘ আসছে)’।

নাসুমের পাশে থাকা লজিস্টিকস ম্যানেজার ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেন গঙ্গাকে।

তিনি যোগ করেন, ‘উদযাপনের মানে হলো ‘আ নিউ টাইগার ইজ কামিং’… এটা হলো ‘T’ (হাত দিয়ে দেখিয়ে), টি-তে টাইগার, এটিই ওই উদযাপন।’

পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে নাসুম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি খুব রোমাঞ্চিত ছিলাম। প্রথম ওয়ানডেতে উইকেট পাইনি। পরের ম্যাচে যেন উইকেট পাই। ওরকমভাবেই আমি জায়গায় বল রাখার চেষ্টা করছি। উইকেটে যে সুবিধা ছিল, তা কাজে লাগানোর চেষ্টা করেছি।’

চার সিনিয়রের বিদায়ের ইঙ্গিত দিলেন তামিম

বাংলাদেশ ক্রিকেটে ‘পঞ্চপাণ্ডব’ নামে একটি বহুল পরিচিত শব্দ রয়েছে। এই পঞ্চপাণ্ডব হলেন— মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

যদিও পঞ্চপাণ্ডবকে এখন আর মাঠে একসঙ্গে দেখা যায় না। কারণ অবসর না নিলেও জাতীয় দল থেকে বহুদূরে মাশরাফি। ক্রিকেটের মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে সক্রিয় তিনি।

বাকি চারজন খেলে গেলেও টেস্টে খেলছেন না মাহমুদউল্লাহ রিয়াদ, টি-টোয়েন্টি থেকে বিশ্রামে তামিম। মাঝেমধ্যে ইনজুরি ও ছুটির কারণে সাকিবও মাঠে অনুপস্থিত থাকেন।

পবিত্র হজ পালনে চলমান উইন্ডিজ সিরিজে নেই মুশফিকুর রহিম। সাকিবও ছুটি নিয়েছেন ওয়ানডে সিরিজে।

এক কথায় ওয়ানডে সিরিজে সুযোগ থাকলেও চার সিনিয়রকে দলে একসঙ্গে পাওয়া অনেকটাই মুশকিল এখন।

একসঙ্গে না পাওয়া গেলেও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এ চারজনই জাতীয় দলের প্রধান পারফরমার হয়ে থাকবেন, বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। সেই সঙ্গে ইঙ্গিত দিলেন বিদায়ের।

তামিম জানিয়ে দিলেন, ২০২৩ বিশ্বকাপে সম্ভাব্য সেরা দলে এই চার পাণ্ডবকে দেখা যাবে। আর ২০২৩ বিশ্বকাপেই হবে চারজনের শেষ বিশ্বকাপ।

তবে সেই বিদায়টা আন্তর্জাতিক ক্রিকেট থেকেই নাকি শুধু ওয়ানডে সংস্করণে, তা বিস্তারিত কিছু বলেননি দেশসেরা এ ব্যাটার।

তামিম বলেন, ‘খুব সম্ভবত (ভারতে হতে যাওয়া) ২০২৩ সালের বিশ্বকাপটি আমাদের সবার জন্য অনেক বড় আসর হতে চলেছে। বিশেষ করে আমাদের চারজনের জন্য, যাদের এটিই শেষ বিশ্বকাপ। তাই আমরা সম্ভাব্য সেরা দল ও কম্বিনেশন নিয়ে এগোনোর পরিকল্পনাই করেছি। এখনো অনেক জায়গা আছে, যেগুলো আমাদের ঠিক করতে হবে। ’

অবশ্য এ চার তারকার ক্রিকেট থেকে বিদায়ের সময় ঘনিয়ে আসছে। চারজনই ক্যারিয়ারের পড়ন্ত বিকালে অবস্থান করছেন।

১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে পদচারণা মুশফিকের, সাকিব খেলছেন ১৬ বছর ধরে। ক্রিকেটে তামিমের বয়স ১৫ বছর আর মাহমুদউল্লাহর ১৫ বছর পূর্ণ হবে ১০ দিন পরই।

মধুপুরের সেই আলোচিত ইউনিয়নে নির্বাচন আজ

টাঙ্গাইলের মধুপুরের স্থগিত হওয়া দুই ইউনিয়নের অন্যতম অরণখোলা ইউনিয়নের নির্বাচন আজ (বুধবার) অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে নৌকার প্রার্থীসহ তিনজন চেয়ারম্যানপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ কেন্দ্রে এ ভোটগ্রহণ হবে। রিটার্নিং কর্মকর্তা ও ধনবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা করুণাসিন্ধু চাকলাদার জানান, সুষ্ঠু নির্বাচন করতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য নিয়োজিত থাকবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, টাঙ্গাইলের মধুপুরের ৮ ইউনিয়নের অন্যতম অরণখোলা ইউনিয়নে ১৫ জুন নির্বাচন হওয়ার কথা ছিল।

কিন্তু নৌকায় ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে আসতে নিষেধ করেন মধুপুর উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক। তার বক্তব্যের জেরে নির্বাচনি পরিবেশ নষ্ট হওয়ায় অরণখোলা ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিতর্কিত বক্তব্য দেওয়া নেতার বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশে সংশ্লিষ্ট আইনে (জিআর) মামলা হয়েছে।

ওই নেতার বক্তব্যের কারণে নৌকার প্রার্থী মো. আব্দুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যেই আব্দুর রহিম নোটিশের জবাব দেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে। এর পরই আবার ভোটগ্রহণের জন্য নতুন তারিখ ঘোষণা হয়।

এএসআইয়ের বাসা থেকে ছিনতাই হওয়া ৪০ ভরি স্বর্ণ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা বাজারে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই করা ৪০ ভরি স্বর্ণ পুলিশের এএসআইয়ের বাসা থেকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বুধবার বিকালে ভাঙ্গা থানার এএসআই বাবুলসহ দুজনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

পরে পুলিশের বিশেষ অভিযানে এএসআই বাবুলের ভাড়া বাসা থেকে ৪০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

স্বর্ণ ব্যবসায়ী কাছ থেকে পুলিশের ছিনতাইয়ের ঘটনা ভাঙ্গায় টক অব দা টাউনে পরিণত হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, নড়াইল জেলার লোহাগড়া থানার কামঠানা গ্রামের অজিত বিশ্বাসের পুত্র পাপ্পু বিশ্বাসের জুয়েলারির দোকান রয়েছে যশোর সদর মার্কেটে। তার কাছ থেকেই এ স্বর্ণ ছিনতাই হয় গত ৯ জুলাই।

ভাঙ্গা থানার ওসি সেলিম রেজা যুগান্তরকে জানান, এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা হয়েছে। এএসআই বাবুল হোসেন ও তার সোর্স মেহেদী হাসানকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এএসআই বাবুল হোসেনের বাসা থেকে ৪০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কায় এক তরুণের মৃত্যু

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে বুধবার সরকারবিরোধী বিক্ষোভে এক তরুণের মৃত্যু হয়েছে।

রাজধানী কলম্বোয় মারা যাওয়া আন্দোলনকারী ওই তরুণের বয়স ২৬ বছর। খবর হিন্দুস্থান টাইমসের।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে বুধবার বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছুড়লে ওই যুবকের শ্বাসকষ্ট দেখা দেয়।

পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণআন্দোলনের মধ্যে গত মঙ্গলবার রাতে সামরিক বিমানে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

পরদিন বুধবার দেশটির স্পিকার শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের নাম ঘোষণা করেন। এই ঘোষণায় রাজধানী কলম্বোসহ দেশজুড়ে বিক্ষোভ আরও জোরালো হয়।

পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়। এ ছাড়া সারা দেশে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কারফিউ জারি করা হয়।

ক্ষুব্ধ বিক্ষোভকারীরা বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে হানা দেন। সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তাবেষ্টনী ভেঙে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়েন।

এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ।

কিন্তু বিক্ষোভকারীদের দমানো সম্ভব হয়নি। তারা একপর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয় দখলে নেন। অবিলম্বে রনিল বিক্রমাসিংহের পদত্যাগ দাবি করছেন তারা।

ইসরাইলে গিয়ে ইরানে হামলার হুমকি বাইডেনের

মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণের পর প্রথম মধ্যপ্রাচ্য সফরে বুধবার ইসরাইলে পৌঁছেছেন জো বাইডেন।

বুধবার তেলআবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে অবতরণ করালে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে লাল গালিচা সংবর্ধনা দেয় ইসরাইল।

দেশটির একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, প্রয়োজনে ইরানে সামরিক অভিযান চালাবে মার্কিন সেনাবাহিনী, তবু দেশটিকে পারমাণবিক অস্ত্র বানাতে দেবে না ওয়াশিংটন।

ইসরাইলের এন-১২ চ্যানেলকে দেওয়া ওই সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, ইরানের রিপাবলিকান গার্ডকে সন্ত্রাসী তালিকা থেকে সরাবে না যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, এশিয়া সফরের প্রথম দুদিন বাইডেন ইসরাইল কাটাবেন। সেখানে দখলদার ইহুদিবাদী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি তিনি ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।

রাশিয়া বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চলমান পশ্চিম এশিয়া সফরের মূল লক্ষ্য— এ অঞ্চলে ইরানবিরোধী একটি জোট গঠন করা।

ইসরাইল সফর শেষে বাইডেন সৌদি আরব সফর করবেন এবং সেখানে আরব নেতাদের সঙ্গে তার একটি বৈঠক হবে বলে কথা রয়েছে।

মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস বাইডেনের পশ্চিম এশিয়া সফরকে তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ বলে বর্ণনা করেছে।

দৈনিকটি লিখেছে, চলতি সফরে বাইডেন একদিকে ওয়াশিংটনের কৌশলগত পররাষ্ট্রনীতি সফল করতে চান এবং অন্যদিকে নিজের রাজনৈতিক ভবিষ্যতের ওপর এ সফরের গুরুত্বপূর্ণ প্রভাব তাকে মাথায় রাখতে হচ্ছে।

রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে, এটা একটা সতর্কবার্তা

হঠাৎ রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসায় কিছুটা উদ্বেগ এবং শঙ্কা দেখা দিয়েছে। যদিও এ শঙ্কা খুবই প্রাথমিক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবুও দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। কারণ এটা একটা সতর্কবার্তা। তাদের মতে, ভয় না হলেও অভয়ে থাকারও সুযোগ নেই। রিজার্ভ বাড়াতে সুদ ও বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিতে হবে। অপ্রয়োজনীয় আমদানি বন্ধ করতে হবে। তা না হলে উদ্ভ‚ত সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

জানতে চাইলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) অব বাংলাদেশের নির্বাহী পরিচালক ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর যুগান্তরকে বলেন, উদ্বেগের বিষয় হলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারও নেই। প্রকৃত রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার হতে পারে, যা দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো যেতে পারে। অথচ এটা কিছু দিন আগেও ছিল আট মাসের।

তিনি বলেন, রফতানি উন্নয়ন ফান্ডে (ইডিএফ) যা বিনিয়োগ করা হয়েছে তা কেন রিজার্ভ হিসাবে ধরব? এছাড়া শ্রীলংকাকে যা দেওয়া হয়েছে তা আর ফেরত আসার আশা নেই। সব মিলিয়ে রিজার্ভের বর্তমান অঙ্ক কোনো অবস্থায় সন্তোষজনক অবস্থানে নেই। আর নীতি সহায়তা যা আছে তাও এই সংকট উত্তরণে কাজ করছে না। যদি উত্তরণ চায় তবে অবশ্যই সুদ ও বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিতে হবে। আমদানির ওপর শক্ত নিয়ন্ত্রণ আনতে হবে। কিছুতেই বিলাসি পণ্য আমদানি করা যাবে না। তা না হলে রিজার্ভ সংকট উত্তরণ সম্ভব নয়।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) আমদানির অর্থ পরিশোধের পর রিজার্ভ কমে এসেছে। এদিকে আমদানির অর্থ ব্যাংকগুলো নিয়মিত কেন্দ্রীয় ব্যাংকে জমা করে, এর দুই মাস পরপর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে বিল পরিশোধ করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ গত সপ্তাহে ১ দশমিক ৯৯ বিলিয়ন ডলার মূল্যের আমদানি দায় শোধ করেছে।

ফলে প্রায় দুই বছরের মধ্যে এই প্রথম রিজার্ভ ৩৯ দশমিক ৮০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। আর বুধবার তা আরও কমে ৩৯ দশমিক ৭০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের ডিসেম্বরে রিজার্ভের অংক ছিল ৪৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আঞ্চলিক লেনদেনের জন্য আমদানি লেনদেন নিষ্পত্তি করে থাকে। বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা আকুর সদস্য। ইরানের রাজধানী তেহরানে এর সদর দপ্তর। এই ব্যবস্থায় দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোকে প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করতে হয়। রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহের তুলনায় আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় কয়েক মাস ধরে কেন্দ্রীয় ব্যাংকের ডলারের মজুতে চাপ আছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, রিজার্ভ কমে যাওয়ায় এখনই অনেক বেশি দুশ্চিন্তার কারণ নেই। আকু বিল পেমেন্টের পর কিছুটা কমে এসেছে। তবুও আগাম সতর্কতার অংশ হিসাবে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে অপ্রয়োজনীয় আমদানি ব্যয় বন্ধ করতে হবে। রপ্তানি ও প্রবাসী আয় বাড়াতে হবে। এ ছাড়া রিজার্ভ থেকে অন্য খাতে টাকা ব্যবহার করা যাবে না।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন যুগান্তরকে বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়নের নিচে যাওয়া একটা সতর্কবার্তা। যদিও এখানে একক কারও দায় নেই। করোনাপরবর্তী আমদানির ওপর চাপ সৃষ্টি হয়েছে। এরপর শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সার্বিক কারণে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বিরাজ করছে। এরই মধ্যে দেশের বাজারে চলছে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। মনে রাখতে হবে হুকুম দিয়ে আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করা যায় না। এতে অপ্রয়োজনীয় ঝুঁকি তৈরি হবে। সেজন্য স্বাধীন বাজার ব্যবস্থাপনা খুবই জরুরি। আংশিক বা পরোক্ষ নিয়ন্ত্রণ থাকতে পারে। তা যেন কোনো অবস্থায় পূর্ণ নিয়ন্ত্রণ না হয়। অর্থনীতিকে যতটা বাজারভিত্তিক করা যায় ততটা মঙ্গল। তিনি বলেন, আমদানি ব্যয় কমাতে ইতোমধ্যে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তার প্রভাব কিছুদিন পর দেখতে পাব। তার আগে বৈদেশিক বাজেট সহায়তা এলে রিজার্ভ কিছুটা বাড়বে। তখন শঙ্কাও কেটে যাবে।

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আবদুর রউফ তালুকদার যোগদান করে মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এমন একটা অবস্থানে নিয়ে যেতে চাই, যেন ছয় মাসের আমদানি ব্যয় মেটাতে পারি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী যুগান্তরকে বলেন, আন্তর্জাতিক বাজারে সবকিছুর দাম বেড়ে গেছে। আমদানি ব্যয়ের চাপও অনেক। তাই রিজার্ভে কিছুটা টান পড়েছে। তবে এটা সাময়িক, দ্রুত কেটে যাবে।

বাড়তি দরেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল

বিশ্ববাজারে দাম কমায় বাণিজ্য সচিবের বক্তব্যের কয়েক ঘণ্টা পর প্রতি লিটার সয়াবিন তেলের দাম সর্বোচ্চ ৬ টাকা কমানো হয়। ২৬ জুন এই দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। যা ২৭ জুন থেকে কার্যকরের কথা ছিল। তবে ঘোষণার ১৭ দিন পার হলেও লিটারে ৬ টাকা কমানো হয়নি। বিক্রি হচ্ছে সেই বাড়তি দরেই।

বুধবার রাজধানীর খুচরা বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি লিটার বোতল সয়াবিন বিক্রি হয়েছে ২০০-২০৫ টাকা। সরকারের নির্ধারিত দর ১৯৯ টাকা। পাশাপাশি খোলা সয়াবিন তেল প্রতি লিটারের দাম ১৮০ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে ১৮৫ টাকা।

রাজধানীর নয়াবাজারে পণ্য কিনতে আসা মো. শাকিল বলেন, তেলের দাম নাকি কমানো হয়েছে। কোথায় কমানো হয়েছে? দোকানে সেই আগের দরেই বিক্রি হচ্ছে। আমাদের সেই বাড়তি দরেই কিনতে হচ্ছে। দোকানদারদের কাছে জানতে চাইলে বলছেন-নিলে নেন, না নিলে চলে যান। দেখার যেন কেউ নেই।

একই বাজারে মুদি বিক্রেতা মো. তুহিন বলেন, ঈদের আগের সপ্তাহেও ২০৫ টাকা দরে তেল বিক্রি করতে দিয়েছে। কোম্পানির কাছে যে রেটে পণ্য পাব সেই দামেই বিক্রি করব। কারণ আমাদেরও টাকা দিয়ে তেল কিনে বিক্রি করতে হয়। তিনি বলেন, বেশি দামে কিনে কেন লস দিয়ে কম দামে বিক্রি করব। যখন কম দামে কোম্পানি তেল দেবে, তখন কম দামে বিক্রি করব। এদিকে কোম্পানি বা পরিবেশক পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, দাম কম বা বেশি যাই হোক খুচরা পর্যায়ে প্রভাব পড়তে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগে। উৎপাদনের পর ডিপোতে যায়। সেখান থেকে বিক্রয় কেন্দ্রে। পরে বিভিন্ন খুচরা দোকানে পৌঁছাতে সময় লাগে।

আন্তর্জাতিক বাজারে দাম কমার সুফল পেতে ক্রেতার প্রায় দেড় মাস অপেক্ষা করতে হবে। জানতে চাইলে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, যখনই আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে দেশে দাম বাড়ানো হয়, ঠিক তখনই সেই দোহাই দিয়ে বিক্রেতারা সঙ্গে সঙ্গে দাম বাড়িয়ে বিক্রি করে। কিন্তু যেদিন দাম কমানো হয়, ঠিক সেদিনই দাম কমানো হয় না। তখন বিক্রেতাদের অজুহাত বেশি দামে কেনা তাই বেশি দামে বিক্রি করতে হয়।

পাশাপাশি তারা আরও বলে, বিশ্ববাজারে দাম কমলেও সেই পণ্য আসতে অনেক দিন সময় লাগে তাই বাড়তি দরেই বিক্রি করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, যেদিন দাম বাড়ানো হয় সেদিন কেন বেশি দামে বিক্রেতারা পণ্য বিক্রি করে? এটা এক ধরনের প্রতারণা। আর এই প্রতারণার বিরুদ্ধে সরকারের কোনো সংস্থা যথাযথ ব্যবস্থা নেয় না। সে জন্যই ক্রেতারা সব সময় প্রতারিত হন। এ অবস্থা থেকে ক্রেতাদের বের করে আনতে হবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, তেলের দাম নতুন করে কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত সব স্থানে সেই নতুন দামে পণ্যটি বিক্রি হচ্ছে না। কেন হচ্ছে না তা আমরা খতিয়ে দেখছি। তদারকির মাধ্যমে মূল্য পরিস্থিতি ঠিক করা হচ্ছে।

২৬ জুন ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মোল­া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জুন থেকে প্রতি লিটার বোতল সয়াবিন তেল পাওয়া যাবে ১৯৯ টাকায়। যা আগের দাম ছিল ২০৫ টাকা। পাশাপাশি এক লিটার খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮০ টাকা। যার পূর্বের মূল্য ১৮৭ টাকা। এছাড়া ৫ লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হবে ৯৮০ টাকায়। যা আগের মূল্য ১০২৫ টাকা।