তারকাবহুল দল নিয়েও টুর্নামেন্টের শুরুটা হয় হতাশায়। তবে দ্বিতীয় ম্যাচে আর ভুল করেনি ফরচুন বরিশাল। ব্যাটে-বলের দাপটে রংপুর রাইডার্সকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে সাকিব আল হাসানের দল।
আজ মঙ্গলবার (১০ জানুুয়ারি) বিপিএলে দিনের প্রথম ম্যাচে রংপুরকে ৬ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। প্রথম ম্যাচে কুমিল্লাকে হারিয়ে আসর শুরু করা রংপুর দেখল প্রথম হার।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ৭ উইকেটে ১৫৮ রান তুলেছে রংপুর। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেছেন শোয়েব মালিক।
জবাব দিতে নেমে ৪ বল হাতে রেখে জয় তুলে নেয় ফরচুন বরিশাল। রান তাড়ায় ১৬২ করে জয় তুলে নেয় সাকিব আল হাসানের দল। দলের জয়ের ম্যাচে সর্বোচ্চ ৫২ রান করেন বরিশালের বিদেশি তারকা ইব্রাহিম জাদরান। ৪২ বলে ৫ বাউন্ডারি ও দুই ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। এ ছাড়াও ৫ বাউন্ডারিতে ২৯ বলে ৪৩ রান করেন মেহেদী হাসান মিরাজ। ১৮ বলে ২৫ রান করেন ইফতেখার। করিম জান্নাতের ব্যাট থেকে আসে ২১ রান।
দলের জয়ের ম্যাচে বরিশালের ইনিংস শুরু হতে কিছুটা বিলম্ব হয়। স্ট্রাইক নিয়ে ঝামেলা সৃষ্টি হওয়াতে মাঠে ঢুকে প্রবেশ করেন সাকিব আল হাসান। পরে আম্পায়াররা বুঝিয়ে শুনিয়ে সাকিবকে শান্ত করেন। তবে সব ঝামেলা এড়িয়ে শেষ পর্যন্ত জয়ে ফিরেছে সাকিব আল হাসানের দল।
বরিশালের প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজের। অভিজ্ঞ এই অফ স্পিনারের অধীনে সেদিন সিলেটের সামনে দাঁড়াতে পারেনি দলটি। প্রথম হারের তিক্ততার পর পাকাপাকিভাবে নেতৃত্ব দেওয়া হয় দলের আইকন ক্রিকেটার সাকিব আল হাসানের হাতে। নেতৃত্ব পাওয়ার পর প্রথম ম্যাচেই জয় উপহার দিলেন সাকিব।
এর আগে টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠান সাকিব। আগে ব্যাট করতে নামা রংপুরকে ইনিংসের প্রথম বলেই ধাক্কা দেন বরিশাল অধিনায়ক। বোলিং ওপেন করা সাকিব প্রথম বলেই তুলে নেন মোহাম্মদ নাঈম শেখের উইকেট। সাকিবের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে ফেরেন নাঈম।
মেরে খেলার আভাস দিয়ে টিকতে পারেনি রংপুরের দ্বিতীয় জুটি। তৃতীয় ওভারেই ইবাদত এসে ভাঙেন জুটি। বোল্ড করে ফেরান শেখ মেহেদী হাসান। ২৩ রানে ভাঙে দ্বিতীয় জুটি, ৬ রানে ফেরেন মেহেদী। মাঝে চারে নামা সিকান্দার রাজাও থিতু হতে পারেননি। ২ রানের মাথায় তিনি পড়েন ডি সিলভার ফাঁদে।
হাল ধরার চেষ্টায় ছিলেন রনি তালুকদার। আগের ম্যাচ রংপুরকে পথ দেখানো রনি আজও ঝড়ের আভাস দেন। কিন্তু মাঝপথে সেই ঝড়ও থামান সিলভা। ২৮ বলে ৪০ রানে ফেরেন রনি। এরপর শুধু হতাশাই দেখেছে রংপুর। উইকেটে এসে কেউই থিতু হতে পারেননি। তবে কিছুটা রান তুলে দলকে কোনোমতে ১৫৮ রানের পুঁজি এনে দেন শোয়েব মালিক। ৩৬ বলে ৫ বাউন্ডারি ও দুই ছক্কায় ৫৪ রান করেন পাকিস্তান তারকা। শেষ দিকে রবিউল হক করেন ১৮ রান।
বরিশালের হয়ে বল হাতে ৪ ওভারে সমান দুটি করে উইকেট নেন ডি সিলভা ও মেহেদী হাসান মিরাজ। ১৯ রান দিয়ে এক উইকেট নেন সাকিব। ২৪ রান দিয়েন একটি নিয়েছেন করিম জান্নাত।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
যত শিগগির সম্ভব ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্পটি অনুমোদন করানো হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, ‘আমরা নিয়ম-কানুনের মধ্যেই ইভিএম নিয়ে কথা বলছি। নির্বাচন কমিশনের সব প্রয়োজন আইনের আলোকে বিচার করা হবে। যত শিগগির সম্ভব ইভিএম কেনার প্রকল্প অনুমোদন করা হবে। দ্রুত আমরা এটি করানোর চেষ্টা করবো।’
মঙ্গলবার (১০ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ডের সঙ্গে সাক্ষাৎ শেষে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
জানা গেছে, আরও দুই লাখ ইভিএম কেনার জন্য আট হাজার ৭১১ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তবে প্রকল্পটি এখনও অনুমোদন দেওয়া হয়নি। বর্তমানে প্রকল্পের ব্যয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে পরিকল্পনা মন্ত্রণালয়।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ‘জাতীয় নির্বাচনে কত আসনে ইভিএমে ভোট হবে, তা বাজেটের ওপর নির্ভর করবে। তবে এ বিষয়ে জানুয়ারির মধ্যেই সিদ্ধান্ত হবে। এখন যে পরিমাণ ইভিএম আছে, তা দিয়ে ৭০ আসনে ভোট করা যাবে। বাকিটা নির্ভর করবে কী পরিমাণ বাজেট পেলাম তার ওপর। জানুয়ারিতে পর্যাপ্ত বাজেট পেলে ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। কিন্তু ফেব্রুয়ারিতে বাজেট পেলে সেটা আর সম্ভব হবে না।’
ইসি আলমগীরের এ বক্তব্যের বিষয়টি পরিকল্পনামন্ত্রীকে জানিয়ে ১৫ জানুয়ারির মধ্যে ইভিএম প্রকল্প পাস হবে কি না, তা জানতে চান সাংবাদিকরা। জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘তাদের (নির্বাচন কমিশন) অবস্থান আমরা জানি না। তবে পেপারে আমরা পড়েছি, ১৫ জানুয়ারির মধ্যে ইভিএম কেনার প্রকল্পটি পাস হতে হবে।’
এম এ মান্নান বলেন, ‘শুধু একনেক সভায় এগুলো অনুমোদন হয়, ব্যাপারটি তা নয়। তাদের (নির্বাচন কমিশন) সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তাদের সচিব আমাদের সচিবের মধ্যে কথাবার্তা চলছে। ১৫ জানুয়ারি কোনো রেড লাইন (লাল রেখা) নয়, এটা ১৮ জানুয়ারিও হতে পারে, ২০ জানুয়ারিও হতে পারে। এমনকি আগামীকালও ইভিএম প্রকল্প অনুমোদন হতে পারে।’
ইভিএম প্রকল্পের প্রস্তাব প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা কতগুলো ইভিএম দেবো একনেক সভার আগে পিইসি সভায় সেটা আলোচনা হয়। এখানে আমরা উপস্থিত থাকি। নির্বাচন কমিশনের লোকজনও উপস্থিত থাকেন। সবাই আলোচনা করেই এটা অনুমোদন দেবো।’
মন্ত্রী আরও বলেন, ‘পৃথিবীর যেকোনো সরকার টাকা হিসাব করে খরচ করে। সেটা সুইজারল্যান্ড হোক আর মার্কিন যুক্তরাষ্ট্র হোক। যখনই কোনো প্রস্তাব আমাদের কাছে আসে, তখনই আমরা এগুলো আইন ও নিয়ম-কানুনের আওতায় দেখভাল করি। নির্বাচন করতেই হবে। সাংবিধানিকভাবে বলা আছে, ইসিকে সার্বিক সহযোগিতা দিতে হবে। আমরাও কিন্তু সেই পথে আছি, যা কিছু করি দুপক্ষ আলোচনা করে করি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। শিশু শিল্পী থেকে নায়িকা হয়েছেন তিনি। এরপর দর্শকদের কয়েকটি হিট সিনেমা উপহার দেন এই নায়িকা। গত বছর সিনেমার চেয়ে ব্যাক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় ছিলেন তিনি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রীয় এই অভিনেত্রী। নতুন নতুন ছবি আপলোড করে ভক্তদের চমকে দেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে অভিনেত্রী ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন। যেখানে বধূ সাজে বাসর ঘরে দেখা গেছে তাকে।
চিত্রনায়িকাকে লাজুক হাসিতে দেখে মনে হচ্ছে জীবনের বিশেষ রাতটিতে প্রিয় মানুষের অপেক্ষায় বসে আছেন। ক্যাপশনে দিয়েছেন বিশেষ বার্তা। লিখেছেন, ‘সকালের একটি ভালো চিন্তা আপনার সারাদিন বদলে দিতে পারে।’ এরপরই জুড়ে দিয়েছেন দুটি লাল গোলাপের ইমোটিকন।
লাস্যময়ী সুন্দরী অভিনেত্রীর ছবিগুলো সোশ্যালে পোস্ট হতেই নজর কাড়ে নেটিজেনদের। সেখানে মাত্র কয়েক ঘণ্টায় আট হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। আর মন্তব্য পড়েছে হাজারেরও বেশি।
পূজার পোস্টে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। সেখানে অনেকে শুভ কামনা জানিয়েছেন তাকে।
সম্প্রতি একটি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। সেখানে বধূ সাজে বাসর ঘরে ছিলেন। সেসব ছবিই এখন সোশ্যালে পোস্ট করছেন চিত্রনায়িকা। যা ক্যাপশনে উল্লেখ করেছেন পূজা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
বরগুনা জেনারেল হাসপাতালের পুরাতন ভবন টি হাসপাতাল না বলে ভাগারখানা বলাই উত্তম হবে বলে মনে করেন রোগীদের পাশাপাশি বরগুনার সুশীল সমাজের প্রতিনিধিরাও। ব্যবহার বিধি না মেনে যত্রতত্র কফ, পানের পিক, থুথু ফেলে হাসপাতালটির পরিবেশ দুর্বিষহ করে তোলা হয়েছে। রোগীর সাথে আসা এটেনডেন্টরা মানছে না হাসপাতালের নিয়মকানুন। যত্রতত্র ময়লা ফেলে পুরো হাসপাতালটির পরিচ্ছন্ন ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে।
সরেজমিনে গুরে দেখা যায়, বরগুনার একমাত্র চিকিৎসাকেন্দ্র বরগুনা জেনারেল হাসপাতাল ঘুরে দেখা গেল চরম বিশৃঙ্খলা পরিবেশ। নীচতলা থেকে দ্বিতীয় তলা পর্যন্ত সিঁড়ি, জানালার গ্রিল, দেয়াল এতোটাই অপরিচ্ছন্ন যে গাঁ ঘিনঘিন করে ওঠে। সিঁড়ি দিয়ে উঠতে কোনাকাঞ্চিতে যত্রতত্র কফ, পানের পিক, ময়লা ও মরচের আস্তরণ। নীচ তলায় দুটি টয়লেট ব্যবহারের অনুপযোগী টয়লেট দুটি সিটকানিবিহীন এখানের সব টয়লেট দুর্গন্ধে ঠাসা । দ্বিতীয় তলায় পুরুষ ওয়ার্ডে প্রায় ২০০ এর মতো রোগী ও স্বজনদের জন্য একটি টয়লেট ও মহিলা ওয়ার্ডে ও একই অবস্থা। টয়লেটের মাথার উপর স্যানিটারি পাইপ ফেটে টুপুর টুপুর পানি পড়ছে। এইপানি পার হয়ে টয়লেটে ঢুকতে হয় রোগীদের।
রোগীদের স্বজনরা অভিযোগ করে বলেন, হাসপাতালটিতে মোট চারটি টয়লেট রয়েছে প্রায় ৩০০ রোগী ও তাদের স্বজনদের ব্যবহার করতে হচ্ছে। বেড নেই, এই শীতে ফ্লোরিং করতে হচ্ছে বেশিরভাগ রোগীদের। স্বজনদের দাবি, এখানের পরিবেশ এখন এমনই যে সুস্থ মানুষই আরও অসুস্থ হয়ে পড়ছি এখানে এসে। তাহলে অসুস্থদের কি অবস্থা ভাবুনতো?
জানাযায়, বরগুনা সদর হাসপাতালে ২৫০ শয্যা সাততলা ভবন তৈরি হয়েছে চার বছর আগে কিন্তু জনবল সংকটের কারণে এখনো উদ্বোধন হয়নি। জনবল নিয়োগ না দেওয়ায় এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ না করায় ২৫০ শয্যার সেবা চালু করা সম্ভব হয়নি। উপরন্তু বিদ্যমান ১০০ শয্যার জনবলকাঠামো অনুযায়ীই এখানে চিকিৎসক নেই। এ কারণে এখানে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এ ছাড়া এখানে শয্যার চেয়ে দেড় থেকে দ্বিগুণ রোগী ভর্তি হন। ফলে অনেক রোগীকে মেঝে অথবা বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে।
বরগুনা সামাজিক আন্দোলনের নেতা হাসান জন্টু বলেন, এই হাসপাতাল আমাদের বরগুনার একমাত্র চিকিৎসাকেন্দ্র বলে আর বিশ্বাসই হয় না। দিন যত যাচ্ছে ততই এর শুধু অবনতিই ঘটছে। তিনি আরও বলেন, কঠোর প্রশাসক এবং দক্ষ জনবলের অভাবে এই বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. সোহরাব উদ্দিন খান বলেন,আমাদের হাসপাতালে দীর্ঘদিন ধরে জনবল সংকটের কারণে সবকিছু সামলানো সম্ভব নয়।নতুন ভবন চালুর বিষয় জানতে চাইলে বলেন,আমাদের জনবল ও সরঞ্জাম সংকটের কারণে আমরা ২৫০ শয্যার হাসপাতাটি ব্যবহার করতে পারছি না। ইতিমধ্যে আমরা নতুন ভবনের বহির্বিভাগের কার্যক্রম শুরু করেছি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় অভিযুক্ত আমাতুল্লাহ বুশরা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার ফারহানা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের কাগজপত্র কারাগারে এসে পৌঁছলে তা যাচাই-বাছাই করা হয়। পরে আমাতুল্লাহ বুশরাকে আজ দুপুর ২টার দিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর আমাতুল্লাহ বুশরাকে তার পিতা মঞ্জুরুল ইসলাম নিয়ে যান।
গত ৫ জানুয়ারি দুপুরে বুশরার পক্ষে জামিন শুনানি হয়। জামিন আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোখলেসুর রহমান বাদল ও আব্দুর রহমান হাওলাদার। ৮ জানুয়ারি সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসীন ইফতেখার তার জামিন মঞ্জুর করেন।
গত ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এ ঘটনায় আমাতুল্লাহ বুশরাসহ অজ্ঞাতদের বিরুদ্ধে রামপুরা থানায় ফারদিনের বাবা নূরউদ্দিন বাদী হয়ে মামলা করেন। মামলার পর গত ১০ নভেম্বর রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে ফারদিনের বান্ধবী বুশরাকে গ্রেপ্তার করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি (বুধবার) থেকে মেট্রোরেল চলবে সকাল সাড়ে ৮টা থেকে। এছাড়া এ দিন মেট্রোরেলের পল্লবী স্টেশন চালু হবে। ওইদিন থেকে তিনটি স্টেশনে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলাচল করবে। তবে টিকিট কাটার সুবিধার্থে যাত্রীদের জন্য গেট খোলা হবে সকাল ৮টা থেকে। ট্রেনগুলো আগের মতোই দশ মিনিট পরপর চলাচল করবে।
সোমবার রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভা কক্ষে এ তথ্য জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
তিনি বলেন, যাত্রী চাহিদার কথা বিবেচনা করে সময় পরিবর্তন করা হয়েছে। আমরা আগেই বলেছিলাম, ধীরে ধীরে নতুন স্টেশন বাড়ানো হবে। স্টেশন বাড়ানোর পাশাপাশি সময়ও বাড়ানো হচ্ছে। অনেক চিন্তা-ভাবনা করেই সকাল সাড়ে ৮টায় মেট্রোলের চলাচল শুরুর সময় নির্ধারণ করেছি।
গত ২৮ ডিসেম্বর দেশের ইতিহাসে প্রথম মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন দুপুর ১টা ৪০ মিনিটের দিকে রাজধানীর দিয়াবাড়ী (উত্তরা) স্টেশনে সবুজ পতাকা নাড়িয়ে মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। ওইদিনই দুই শতাধিক ভ্রমণসঙ্গী নিয়ে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত ভ্রমণ করেন তিনি।
গাজীপুরে লাইফ স্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো’র আয়োজনে সড়ক, ডুবন্ত ও নৌপথে দুর্ঘটনা রোধে জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১’টায় সিভিল সার্জন অফিসের কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব এবং প্রতিপাদ্য বিষয়ের উপর ভিডিও চিত্র প্রদর্শন করেন মেডিকেল অফিসার ডা. জাকিয়া সুলতানা। এ সময় চিকিৎসক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী ও স্বাস্থ্যকর্মী’রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, সাংবাদিক অধ্যাপক মুকুল কুমার মল্লিক, বীরমুক্তিযোদ্ধা হাতেম আলী, সাংবাদিক কাজী মোসাদ্দেক হোসেন, আবিদ হোসেন বুলবুল, শিক্ষক মোহাম্মদ নাজিবুল্লাহ আকন্দ স্বাস্থ্যকর্মী সাকিনা বিবি নীলা প্রমূখ।
কর্মশালায় বক্তারা বাংলাদেশের সড়কপথে ও নৌপথে দুর্ঘটনা রোধে বিভিন্ন সচেতনতা মূলক আলোচনা করেন। সড়ক নিরাপত্তা, পানিতে ডুবা এবং নৌপথ নিরাপত্তা বিষয়ের উপর দুর্ঘটনার কারণ, প্রতিকার এবং এসব সংক্রান্ত চিকিৎসা সেবাদান বিষয়ক সহ আলোকপাত করা হয়।