বুধবার ,১৩ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 563

যক্ষ্মার ঝুঁকি কাদের বেশি, কী করবেন?

আমাদের দেশে যক্ষ্মা এখনও বড় স্বাস্থ্য সমস্যা। এতে শুধু গরিব লোকজনই যে আক্রান্ত হচ্ছে, তা নয়- বরং এ রোগ যে কারোরই হতে পারে।

যক্ষ্মার ঝুকি কাদের বেশি, প্রতিকার পাওয়ার উপায় কী এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আজিজুর রহমান।

কারা বেশি ঝুঁকিতে আছেন

যক্ষ্মা রোগীর কাছাকাছি থাকেন- এমন লোকজন, যেমন: পরিবারের সদস্য, ডাক্তার, নার্স বা সেবা-শুশ্রূষাকারীর আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। ধূমপান, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, মাদকাসক্তি, বার্ধক্য, অপুষ্টি ইত্যাদি ক্ষেত্রে যক্ষ্মার ঝুঁকি থাকে। আবার যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, যেমন: এইডস রোগী, দীর্ঘ মেয়াদে স্টেরয়েডজাতীয় ওষুধসেবী লোকজনের যক্ষ্মায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

যক্ষ্মা কেবল ফুসফুসে হয় না

৮৫ শতাংশ যক্ষ্মা ফুসফুসকে আক্রান্ত করে। তবে ফুসফুসের আবরণী, লসিকাগ্রন্থি, মস্তিষ্কের আবরণী, অন্ত্র, হাড়, ত্বক ইত্যাদিতেও যক্ষ্মা হতে পারে। তবে হৃৎপিণ্ড, নখ ও চুল এ রোগের আওতামুক্ত।

জীবাণু প্রবেশ করলেই যক্ষ্মা হয় না। শরীরের রোগ প্রতিরোধক্ষমতা যক্ষ্মার জীবাণুকে ধ্বংস করতে পারে। এ জীবাণু সাধারণত কাশির মাধ্যমেই ছড়ায়। অনেক সময় যক্ষ্মা সুপ্ত অবস্থায় থাকতে পারে এবং পরে রোগ প্রতিরোধক্ষমতা কমে গেলে প্রকাশ পেতে পারে। আবার অনেক সময় যক্ষ্মার জীবাণু দ্রুত শরীরের সর্বত্র ছড়িয়ে যায় ও জটিল আকার নেয়।

কখন সতর্ক হবেন

তিন সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি, জ্বর, অরুচি, কাশির সঙ্গে রক্ত যেতেও পারে নাও যেতে পারে, ওজন হ্রাস, অবসাদ ইত্যাদি দেখা দিলে অবশ্যই যক্ষ্মা পরীক্ষা করা উচিত। এর বাইরে দীর্ঘক্ষণ ধরে লসিকাগ্রন্থির স্ফীতি, মলত্যাগের অভ্যাসে আকস্মিক পরিবর্তন, কখনও কোষ্ঠকাঠিন্য কখনও ডায়রিয়া, বুকে বা পেটে পানি জমা ইত্যাদিও উপসর্গ হিসেবে বিবেচ্য।

যক্ষ্মা নিয়ে ভয় নেই

যক্ষ্মা হলেও আতঙ্কিত হবেন না। এ রোগের সুচিকিৎসা আছে। তবে পূর্ণ মেয়াদে ওষুধ সেবন করতে হবে। দু’ধরনের ক্যাটাগরিতে ওষুধ দেয়া হয়, ছয় মাস ও আট মাসের মেয়াদে। ওষুধ অনিয়মিত খেলে পরবর্তী সময়ে ওষুধ প্রতিরোধী যক্ষ্মা হতে পারে, যা সারানো খুব জটিল। সারা দেশে ডটস সেন্টারে বিনা মূল্যে যক্ষ্মার ওষুধ দেয়া হয়। তাই রোগের লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।

শহীদুল্লাহ হল অ্যালামনাইয়ের মিলনমেলা ২২ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ২২ জানুয়ারি ‘শতবর্ষের মিলমেলার’ আয়োজন করা হয়েছে।

উদযাপন কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানটি দিনব্যাপী হল প্রাঙ্গণ ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশ নিতে হল প্রাঙ্গণে অ্যালামনাই অফিস এবং অনলাইনে (https://www.dushaa.org) নিবন্ধন করা যাবে।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ৫ জানুয়ারি

এবার এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ৫ জানুয়ারি। আবেদন প্রক্রিয়া চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।আগামী ২ মার্চ একাদশ শ্রেণির ক্লাস শুরু করা হবে।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরুর আগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এখন পর্যন্ত ফল প্রকাশের তারিখ নির্ধারিত হয়নি। শিক্ষা বোর্ডগুলো ২৯ বা ৩১ ডিসেম্বরে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে। এ সংক্রান্ত একটি ফাইল অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তারিখ নির্ধারিত হতে পারে। তিনি বর্তমানে মালদ্বীপ সফরে আছেন। তার ২৭ ডিসেম্বর দেশে ফেরার কথা আছে।

এবার শিক্ষার্থীরা www.xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। নগদ, সোনালী ব্যাংক, টেলিটক, বিকাশ, শিওর ক্যাশ ও রকেটের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়েও শুক্রবার থেকে www.btebadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। ভর্তিকালে শিক্ষার্থীরা রেড ক্রিসেন্ট বাবদ যে ফি দেবে, তার ৪০ শতাংশ বোর্ড এবং ৬০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান রাখবে।

এদিকে আগের বছরগুলোর মতোই চার্চ পরিচালিত নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ এবার পরীক্ষার মাধ্যমে ভর্তি করবে। এ কলেজগুলোও ইতোমধ্যে শিক্ষা বোর্ড থেকে অনুমতির জন্য আবেদন করেছে বলে জানা গেছে।

বড়দিনে দুরন্ত টিভির বিশেষ আয়োজন

বড়দিন উপলক্ষে বিশেষ আয়োজনে দুরন্ত টেলিভিশনে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘আজি শুভদিনে’। অনুষ্ঠানটি পরিচালনা করছেন তোফায়েল সরকার।

নাচের এ বিশেষ অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবে নৃত্য সংগঠন ‘কল্পতরু’র নৃত্যশিল্পী- রুদমিলা প্রিয়ন্তি চৌধুরী, নোহলী ইসলাস শ্রেয়া, সুমাইয়া আক্তার শোভা, আমিরা মাহমুদ, আনুদিয়া আনুভ, আবেয়া আকন্দ, মধুরিমা রয়সহ অনেকে।

নাচের এ বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়। এছাড়া বড়দিন উপলক্ষে এই টিভিতে মজার সিনেমা প্রচার হবে।

থাকছে মজার সিনেমা ‘লুই অ্যান্ড লুকা অ্যান্ড দ্য স্নো মেশিন। এটি প্রচার সকাল ১০টায়। এছাড়া বড়দিন উপলক্ষে ডোরা দি এক্সপ্লোরারের বিশেষ পর্ব প্রচার হবে ২৬ ডিসেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে।

আমি কোনোদিন মুসলিম ছেলে বিয়ে করব না: উর্ফি জাভেদ

ভারতের বিতর্কিত অভিনেত্রী উর্ফি জাভেদ বলেছেন, আমি কোনোদিন মুসলিম ছেলে বিয়ে করব না। আমি ইসলামে বিশ্বাস করি না। আমি কোনও ধর্মই অনুসরণ করি না। কে আমার প্রেমে পড়ল আর কে পড়ল না, তা আমি পাত্তা দিই না। যাকে আমার ইচ্ছে হবে তাঁকেই আমি বিয়ে করব।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী উর্ফি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে তিনি মুসলিমদের ওপর ক্ষোভ উগড়ে দেন।

বিগ বস ওটিটিতে নজর কেড়েছিলেন অভিনেত্রী উর্ফি। তবে তার সিনেমা বা অভিনয়ের থেকে বেশি তিনি খবরে থাকেন আপত্তিকর পোশাক ও অশ্লীল মন্তব্যের জন্য। চরম অশ্লীলতার জন্য বিভিন্ন সময় নানা বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী উর্ফি জাভেদ। ব্রা ছাড়া পোশাক পরাসহ খোলামেলা দৃশ্যে ছবি পোজ দিয়ে সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন তিনি।

বলিউডে এখন বিয়ের মওসুম। একের পর এক তারকা বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন এরই মাঝে নিজের বিয়ের পরিকল্পনা জানান উর্ফি। কী ধরনের ছেলে তিনি পছন্দ করেন উর্ফি?

তিনি বলেন,’আমি একজন মুসলিম নারী। তবে আমি ইসলামে বিশ্বাস করি না। বেশিরভাগ বিদ্বেষমূলক মন্তব্য আমি পাই মুসলিম ছেলেদের থেকে। সেই সব মুসলিম ছেলেরা আমাকে ঘৃণা করে। তারা বলে থাকে যে আমি মুসলিমদের ইমেজ নষ্ট করছি। তারা আমায় ঘৃণা করেন কারণ মুসলিম ছেলেরা তাদের বাড়ির মেয়েদের নিয়ন্ত্রণ করে। এমনকি তারা গোটা সম্প্রদায়ের মেয়েদেরই কন্ট্রোলে রাখতে চায়। এই কারণেই আমার ইসলামের ওপর আমার আস্থা নেই। আমাকে তারা বারংবার ট্রোল করে কারণ তাদের ধর্মের রীতিনীতি, গোঁড়ামি আমি মানি না, আমি ওদের কথা মতো আচরণ করি না।’

নিজের পরিবার ও ধর্ম প্রসঙ্গে অভিনেত্রী উর্ফি বলেন, ‘আমার বাবা খুবই রক্ষণশীল ছিলেন। আমার যখন সতেরো বছর বয়স তখন তিনি আমার ভাইবোনসহ আমাকে আর মাকে ছেড়ে চলে যান। আমার মা খুবই ধার্মিক; কিন্তু কখনো আমাকে ধর্ম নিয়ে জোর করেননি। জোর করে কাউকে ধর্মের অন্তর্গত করা যায় না। ধর্ম মন থেকে মানতে হয়। নইলে আল্লাহ বা তুমি কেউই খুশি হবে না’।

২০৬ কোটি টাকায় পাকিস্তান লিগের টিভি স্বত্ত্ব বিক্রি

আগামী ২১ জানুয়ারিতে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল। একই সময়ে পাকিস্তানে শুরু হবে তাদের ফ্রাঞ্জাইজি লিগ পিএসএলের ৭ম আসর।

এরই মধ্যে দল গুছিয়ে ফেলেছে ফ্রাঞ্জাইজিরা। এদিকে পাকিস্তান সুপার লিগের দুই বছরের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২৪ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০৬ কোটি টাকা) স্থানীয় দুটি স্পোর্টস চ্যানেল ‘এ’ স্পোর্টস এবং পিটিভি স্পোর্টস এই স্বত্ত্ব কিনে নিয়েছে।

পিসিবির এক মুখপাত্র ক্রিকইনফোকে এ বিষয়ে জানিয়েছে, পিএসএলের সম্প্রচার স্বত্ত্ব কেনার দৌড়ে ছিল মোট তিনটি পক্ষ। যাছাই-বাছাই শেষে ‘এ’ স্পোর্টস এবং পিটিভি স্পোর্টস চ্যানেলকেই দেয়া হয় স্বম্প্রচার স্বত্ত্ব। সম্প্রচার স্বত্ত্ব বিক্রিতে তারা এবার ৫০ ভাগ বেশি মূল্য পেয়েছেন আগেরবারের তুলনায়।

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন শোয়েব মালিকের জাফনা

সমাপ্তি ঘটল লংকান প্রিমিয়ার লিগের (এলপিএল)। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো জাফনা কিংস।

হাম্বানতোতার মাহিন্দা রাজাপাকসে স্টেডিয়ামে ফাইনালে গল গ্ল্যাডিয়েটর্সকে ২৩ রানে পরাজিত করে জাফনা।

ফাইনালের ক্রিকেটপ্রেমীরা উপভোগ করেছেন রানবন্যা।

দানুস্কা গুনাথিলাকার মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরির রেকর্ডের পরও শিরোপা ঘরে তুলতে পারল না গল গ্ল্যাডিয়েটর্স। ২১ বলে ৫৪ রান করে আউট হন তিনি।

কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের ফাইনালে এটিই কোনো ব্যাটারের করা দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেটে ২০১ রানের বিশাল স্কোর গড়ে তোলে জাফনা কিংস। জবাবে গল গ্ল্যাডিয়েটর্স ৯ উইকেট হারিয়ে ১৭৮ রানে থামে।

প্রথম কোয়ালিফায়ারে জাফনাকে হারিয়েছিল গল গ্ল্যাডিয়েটর্স। কিন্তু ফাইনালে আর পারল না তারা।

এবারের আসরে একমাত্র গ্ল্যাডিয়েটর্সের কাছেই হার মানে কিংস। তাই ফাইনালে ফেভারিট হিসেবে গ্ল্যাডিয়েটর্সকে ধরা হয়েছিল। কিন্তু বাজিমাত করল থিসারা পেরেরার জাফনা।

এদিন আভিসকা ফার্নান্দোর হাফসেঞ্চুরির পর আফগান তারকা রহমানুল্লাহ গুরবাজ করেন ১৮ বলে ৩৫ রান। ৪১ বলে অপরাজিত ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন টম কোহলার-ক্যাডমোর। পাক তারকা শোয়েব মালিকের ১১ বলে ২৩ রানের কার্যকরী ইনিংসের পর ২০১ রানের বিশাল সংগ্রহ গড়ে জাফনা কিংস।

গলের হয়ে মোহাম্মদ আমির, নুয়ান তুষারা ও সামিত প্যাটেল ১টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে গ্ল্যাডিয়েটস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১৭৮ রান।

গুনাথিলাকার হাফ-সেঞ্চুরি ছাড়াও কুশল মেন্ডিস করেন ৩৯। সামিত প্যাটেল ২২, ভানুকা রাজাপাকসে ১৪ এবং মোহাম্মদ হাফিজ ১০ রান করেন।

হাসারাঙ্গা ও চতুরঙ্গ ডি সিলভা ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন থিকসানা, জয়ডেন সিলস ও লাকমাল।

ফাইনালে ম্যাচসেরা হয়েছেন আভিসকা। ৩১২ রান করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কারও বগলদাবা করেছেন তিনি।

মাদারীপুরে আগুনে পুড়ল গোডাউনসহ ৬ দোকান

মাদারীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পুরানবাজারের করাচিবিড়ি রোড এলাকায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, রাতে করাচিবিড়ি রোডের একটি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ও শরিয়তপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে আল আমিন বেডিং স্টোর, আবদুর সাত্তার আকনের বেডিং স্টোর, সৈয়দ আশরাফের ব্যাটারির দোকান, সেরজন হাওলাদারের গোডাউন, শহিদ খলিফার দুটি বেডিং স্টোর পুড়ে গেছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোফাজ্জেল হোসেন জানান, তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ব্যবসায়ীর বাড়িতে আয়কর বিভাগের হানা, মিলল ১৫০ কোটি টাকা

ভারতের কানপুরে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ১৫০ কোটি টাকার নোট জব্দ করেছে আয়কর বিভাগ।

পীযূষ জৈন নামে কানপুরের ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ওই বিপুল পরিমান অর্থ উদ্ধার করা হয়। একইসঙ্গে তল্লাশি চালানো হয়েছে তার একাধিক প্রতিষ্ঠানেও।

কানপুরের আয়কর বিভাগের প্রকাশ করা এক ছবিতে দেখা গেছে, কর্মকর্তরা মাটিতে নোটের স্তূপের মধ্যে বসে মেশিনের সাহায্যে টাকা গুনছেন।খবর আনন্দবাজার পত্রিকার।

অন্য ছবিতে দেখা যায়, পীযূষের বাড়ির আলমারি ভর্তি টাকা। যে নোট রাখা হয়েছে ছোটছোট বাক্সে। হলুদ টেপ দিয়ে যে বাক্সের মুখ বন্ধ করা।

শুক্রবার সকালে ১৫০ কোটি টাকার নোট উদ্ধার করা হয়েছে। তবে গণনা সম্পূর্ণ হয়নি। কানপুরের সঙ্গে মুম্বাইয়েও পীযূষের অফিসে তল্লাশি চালানো হচ্ছে।

কর ফাঁকি দেওয়ার অভিযোগেই আয়কর বিভাগের কর্মকর্তারা তল্লাশি চালাচ্ছেন। কর্মকর্তরা জানান, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়া ইনভয়েস দিয়ে জিনিস পাঠানো, ই-ওয়ে বিল ছাড়া জিনিস পাঠানোর অভিযোগ উঠেছিল। ভুয়ো সংস্থার নামেও ইনভয়েস তৈরি করার অভিযোগ ছিল। ৫০ হাজার টাকার ২০০টি এমন ভুয়া ইনভয়েস পাওয়া গেছে পীযূষের সংস্থার বিরুদ্ধে।

ইরান-ইরাক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

ইরানের রাজধানী তেহরানে বৃহস্পতিবার ইরাকের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে বৈঠক হয়েছে।

বৈঠক শেষে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনা তদন্তের বিষয়ে ইরান এবং ইরাক একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। খবর ইরনার।

ইরানের বিচার বিভাগের প্রধানের আন্তর্জাতিকবিষয়ক সহকারী এবং মানবাধিকার উচ্চপরিষদের সচিব কাজেম গরিবাবাদি বৃহস্পতিবার এ বিবৃতি প্রকাশের কথা জানান।

তিনি বলেন, জেনারেল কাসেম সোলাইমানি হত্যার ঘটনা তদন্তে গঠিত ইরান ও ইরাকের যৌথ কমিটির বৈঠক থেকে এ বিবৃতি প্রকাশ করা হয়।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে জেনারেল কাসেম সোলাইমানিকে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন সেনারা হত্যা করেন।

ওই হামলায় ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল মুহান্দিস নিহত হন। দুই কমান্ডারই মধ্যপ্রাচ্যে মার্কিন মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এ ছাড়া ইরাক-ইরান যৌথ কমিটি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা করে।