শনিবার ,১৩ জুন, ২০২৬
sbacbank
Home Blog Page 327

‘যদি সুযোগ পাই ভিডিও দেখার সুবিধা কাজে লাগাব’

মিরাজের চোটে জাতীয় দলে ভাগ্য খুলল নাঈম হাসানের। শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দলে ডাক পেয়েছেন নাঈম। এ সুযোগ কাজে লাগিয়ে জাতীয় দলে নিয়মিত হতে চান ডানহাতি এই অফস্পিনার।

তিনি বলেন, শ্রীলংকার ব্যাটসম্যানদের ভিডিও দেখেছি আমি। সেই অনুযায়ী পরিকল্পনা করা আছে। যদি সুযোগ পাই ভিডিও দেখার সুবিধা কাজে লাগতে পারব।

নাঈম আরও বলেন, ব্যাট হাতে নামলে নিজেকে ব্যাটার মনে করি, যতটা পারি অবদান রাখার চেষ্টা করি। চিন্তা করছি শতভাগ দেওয়ার ও নিজের প্রক্রিয়া ঠিক রাখার। খুব ভালো লাগছে, আবার সুযোগ পেয়েছি। বড় ভাইদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে খুব ভালো লাগে। তাদের থেকে অনেক কিছু শেখা যায়। এখানকার পরিবেশও খুব ভালো।

নাঈম আরও বলেন, সাকিব ভাই থাকলে তো দলে একজন বোলার ও ব্যাটার বেশি পাওয়া যায়। একই সঙ্গে তিনি অনেক সহায়তা করেন।

গুলির ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদ জেলহাজতে

সাবেক প্রতিমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৯ মে) রাত সাড়ে ৮টায় কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭ এর বিচারক আবু বকর রেদোয়ান আহমেদসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্যান্য আসামীরা হলেন- মহিচাইল গ্রামের রবিউল্লাহর ছেলে আলী (৩৭), হারং গ্রামের আব্দুল মবিনের ছেলে বাকি বিল্লাহ (৩৯) ও রেদোয়ান আহমেদের গাড়ি চালক সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার মেছড়া খামারখাতা গ্রামের আব্দুল হাই শেখের ছেলে রেজাউল করিম (৫৫)।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাহাব উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানান, থানায় নিয়মিত মামলা দায়ের করার পর আমরা আদালতে পাঠাই। বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, সোমবার (৯ মে) বিকাল ৪টায় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ আহমেদ ভবন এ কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন। দুপুর ১টার পর থেকে ছাত্রলীগের আয়োজনে স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে শুরু করে। দুপুর আড়াইটায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবকলীগ নেতাদের সঙ্গে কথা হয়।

এ সময় স্বেচ্ছাসেবকলীগের নেতারা একই স্থানে এলডিপি’র প্রোগ্রাম করতে নিষেধ করেন এবং ছাত্রলীগও প্রোগ্রাম করবেন না বলে জানান। এসময় তিনি গাড়ি নিয়ে ফিরে যাওয়ার সময় কোনো এক ছাত্রলীগ কর্মী রেদোয়ান আহমেদের গাড়িতে তরমুজ দিয়ে ঢিল ছুড়ে। এসময় রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুইটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন।

অবশেষে দৃষ্টিপ্রতিবন্ধী শাহিনের অনশন স্থগিত

ঝিনাইদহ জেলা প্রশাসকের আশ্বাসে আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী শাহিন আলম। তাকে আপাতত বেসরকারি এবং পরবর্তীতে সরকারি চাকরির আশ্বাস দেওয়া হয়েছে।

ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে আমরণ অনশন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা দৃষ্টিপ্রতিবন্ধী মোহাম্মদ শাহিন আলম। সোমবার সকাল ৯টা থেকে এ কর্মসূচি শুরু করেন তিনি। এ সময় তিনি বলেন, সরকারি চাকরির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অনশন ভঙ্গ করবেন না তিনি।

এদিকে প্রতিবন্ধী শাহিন আলমকে জেলা প্রশাসকের কার্যালয় নিয়ে যাওয়ার জন্য এনডিসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঝিনাইদহ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আসেন। বিকাল ৪টার দিকে তিনি শাহিন আলমকে জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন।

এ সময় শাহিন আলম স্পষ্টভাবে জানিয়ে দেন সরকারি চাকরির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অনশন ভঙ্গ করবেন না। এতে তার মৃত্যু হলেও অনশন চালিয়ে যাবেন।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে শাহিন আলম খোলা আকাশের নিচেই অবস্থান নেন। মাঝে মধ্যে মাইকে তিনি তার একমাত্র দাবির কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

পরে রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ জেলা প্রশাসকের আশ্বাসে আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেন শাহিন আলম।

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ওডেসায় হোটেল ও শপিংমল বিধ্বস্ত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওডেসায় রাশিয়ার সামরিক হামলায় একটি শপিংমল এবং দুটি হোটেল বিধ্বস্ত হয়ে পড়েছে।

সোমবার রুশ বাহিনী এ রাসায়নিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। খবর সিএনএনের।

ইউক্রেনের ওডেসা আঞ্চলিক সামরিক প্রশাসনের মুখপাত্র সের্গেই ব্রাচুক বলেন, তিনটি কিনঝাল ক্ষেপণাস্ত্র, রাশিয়ার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, একটি বিমান থেকে ছোঁড়া হয়েছিল। একটি পর্যটন অবকাঠামো লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল।

তিনি বলেন, ক্ষেপণাস্ত্র হামলার পর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে সিএনএনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত দুটি ভিডিও ভৌগলিক অবস্থান এবং সত্যতা যাচাই করেছে, যা জাটোকা গ্রামের একটি হোটেলে উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত অবস্থা দেখায়। ভিডিওগুলোর মধ্যে একটি প্রথম ওডেসা সিটি কাউন্সিল প্রকাশিত।

এটি ওডেসা অঞ্চলের দ্বিতীয় হোটেল যা সোমবার লক্ষ্যবস্তু করা হয়েছিল। কেন দুটি হোটেল, বা কারা তাদের মধ্যে থাকতে পারে, তাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল তা স্পষ্ট নয় বলে আঞ্চলিক সামরিক প্রশাসনের মুখপাত্র সের্গেই ব্রাচুক জানান।

ইউক্রেনের আর্মড ফোর্সেস সাউদার্ন অপারেশনাল কমান্ডের তথ্য মতে, একটি শপিংমলেও সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে বলা হয়, পাঁচজন আহত হয়েছেন এবং ধর্মঘটে একজন মারা গেছেন।

শাহরুখের বাড়ির সামনে বহুতল ভবনে আগুন

ভারতের মুম্বাইয়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের বাংলো মান্নতের অদূরে একটি ২১তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যায় লাগা ওই আগুনে নেভাতে কাজ করে দমকল বাহিনীর ৮টি ইউনিট। এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আনন্দবাজার পত্রিকার।

শাহরুখের বাংলোর কাছে ওই বহুতলটির ১৪তলায় সোমবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে আগুন দেখতে পাওয়া যায়।

এ সময় বহুত ভবনটির ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকলবাহিনীর কর্মীরা।

পশ্চিম বান্দ্রায় বলিউড তারকার বাংলোর কাছেই ওই বহুতলে আগুন নেভাতে দমকল বাহিনীর আটটি ইউনিটের পাশাপাশি সাতটি বিশাল ট্যাঙ্কারও পৌঁছায়।

রপ্তানিতে ১০ মাসেই আগের বছরের আয় ছাড়াল

পণ্য রপ্তানিতে সুবাতাস বইছে। ধারাবাহিকভাবে আয় ও প্রকৃদ্ধি দুটোই বাড়ছে। সর্বশেষ এপ্রিল মাসে ৪৭৩ কোটি ৮৬ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

আয়ের লক্ষমাত্র ধরা হয়েছিলো ৩৩৬ কোটি ৯০ লাখ ডলার। সে তুলনায় আয় বেশি হয়েছে ৪০ দশমিক ৬৬ শতাংশ। এছাড়া গত বছর একই সময় আয় হয়েছে ৩১৩ কেটি ৪৩ লাখ ডলার। সেক্ষেত্রে গত বছরের একই সময়ের তুলনায় আয় ৫১ দশমিক ১৮ শতাংশ বেশি রপ্তানি হয়েছে।

এদিকে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রপ্তানি আয়ের লক্ষমাত্র ধরা হয়েছিল ৩৫৯৬ কোটি ৩০ লাখ ডলার। এর বিপরীতে আয় হয়েছে ৪৩৩৪ কোটি ৪৩ লাখ ডলার। সেক্ষেত্রে লক্ষমাত্রার তুলনায় আয় ২০ দশমিক ৫২ শতাংশ বেশি হয়েছে।

এছাড়া গত অর্থবছরের একই সময় আয় হয়েছিল ৩২০৭ কোটি ২৭ লাখ ডলার। গত বছর একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি বেশি হয়েছে ৩৫ দশমিক ১৪ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সংস্থাটির তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, তৈরি পোশাকের পাশাপাশি হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য, হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, প্রকৌশল ও রাসায়নিক পণ্যের রপ্তানি বেড়েছে। বড় খাতের মধ্যে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি কমেছে।

ইপিবি বলছে, চলতি অর্থবছরের প্রথম দশ মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ হাজার ৯০৫ কোটি ডলার। আয় হয়েছে ৩ হাজার ৫৩৬ কোটি ডলার। লক্ষ্যমাত্রার তুলনায় আয় ২১ দশমিক ৭১ শতাংশ বেড়েছে।

এছাড়া গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৩৫ দশমিক শূন্য ৯৮ শতাংশ। হিমায়িত খাদ্য খাতে আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪১ কোটি ডলার। আয় হয়েছে ৪৬ কোটি ডলার। আয় বেড়েছে ১০ দশমিক ৩৯ শতাংশ।

গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে ১৭ দশমিক ৪৫ শতাংশ। কৃষি পণ্য রপ্তানিতে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৯১ কোটি ডলার। আয় হয়েছে ১০৪ কোটি ডলার। আয় বেড়েছে ১৩ দশমিক ৫৬ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে ২৬ দশমিক ২৯ শতাংশ।

উৎপাদিত পণ্য খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ হাজার ৪৬২ কোটি ডলার। আয় হয়েছে ৪ হাজার ১৮৩ কোটি ডলার। এ খাতে আয় বেড়েছে ২০ দশমিক ৮৩ শতাংশ। গত বছর একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে ৩৫ দশমিক ৬১ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্যে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৫ কোটি ২৩ লাখ ডলার। আয় হয়েছে ১০১ কোটি ১৭ লাখ ডলার। আয় বেশি হয়েছে ১৮ শতাংশ। প্রবৃদ্ধি বেড়েছে ৩২ দশমিক ৯৭ শতাংশ।

অন্যদিকে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয়ের লক্ষমাত্র অর্জন হয়নি। এ খাতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১১৭ কোটি ৩৯ লাখ ডলার। আয় হয়েছে ৯৬ কোটি ৬৫ লাখ ডলার। আয় কম হয়েছে ১৭ দশমিক ৬৭ শতাংশ। পাশাপাশি গত বছরের তুলনায় ৬ দশমিক ৬৮ শতাংশ প্রবৃদ্ধি কম হয়েছে।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, কিন্তু নিউজ হচ্ছে না: বাণিজ্যমন্ত্রী

তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার কথা স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাবে এমনটা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বাণিজ্যমন্ত্রীর দাবি, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার বিষয়ে দেশের গণমাধ্যমে সেভাবে খবর প্রকাশ হচ্ছে না।

টিপু মুনশি বলেন, গত কয়েকদিন ধরে তেলের দাম নিয়ে বিভিন্ন মিডিয়ায় খবর ছাপা হচ্ছে। কিন্তু কোথাও বলা হচ্ছে না, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলংকাসহ প্রায় সব দেশেই তেলের দাম বেড়েছে। গত এক বা দেড় মাসে গ্লোবাল মার্কেটে দামের কেমন তারতম্য সেটা নিয়ে কোনো নিউজ করা হচ্ছে না।

সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের উৎপাদকদের সঙ্গে বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতে এসব কথা বলেন মন্ত্রী।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী প্রতিনিধি ও ভোক্তা অধিকার সংরক্ষণসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, তেলের দাম সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এটাও সত্যি। আমরা মাত্র ১০ শতাংশ তেল উৎপাদন করি, কিন্তু ৯০ শতাংশই বাইরে থেকে আসে। তেল নিয়ে কোথায় কোথায় সমস্যা হয়েছে সেটা চিহ্নিত করেছি। আমরা তা প্রকাশ করব।

প্রসঙ্গত, সরকারের নানা উদ্যোগের পরও ভোজ্যতেলের দাম বাড়ছে। বাণিজ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৯৮ টাকা নির্ধারণ করে দিয়েছে। একই ভাবে খোলা তেলের দাম প্রতি লিটার ধরা হয়েছে ১৮০ টাকা। সুপার পাম তেলের দাম ১৭২ টাকা বেঁধে দেওয়া হয়। এর আগে বেঁধে দেওয়া দামের চেয়ে খোলা তেল প্রতি লিটারে ৪৪ টাকা এবং বোতলজাত তেলের দাম বাড়ল ৩৮ টাকা।

গত শুক্রবার থেকে এ নতুন মূল্য কার্যকর হয়েছে।

এরপরও দেশের প্রত্যন্ত অঞ্চলে ভোজ্যতেলের কৃত্রিম সংকট চলছে। উপজেলা পর্যায় ও গ্রামাঞ্চলে খুচরা দোকানে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত সয়াবিন তেল। এমন সংকটে একশ্রেণির অসাধু ব্যবসায়ী ‘অবৈধভাবে’ তেল মজুত করে বাড়তি দামে সেগুলো বিক্রি করছে।

দেশে ফ্যাসিবাদি শাসন চলছে: মির্জা ফখরুল

২০ দলীয় জোটের অন্যতম শরিক এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের ওপর হামলা ও তাকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এলডিপি মহাসচিবের গাড়িতে বর্বরোচিত হামলা ও গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী সন্ত্রাসীরা। এমনকি তার বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের সঙ্গেও অশোভন আচরণ করেছে। হামলার পর আত্মরক্ষার্থে থানায় আশ্রয় নেওয়ার পর পুলিশ রেদোয়ান আহমেদকে গ্রেফতার দেখিয়েছে, যা কাপুরুষোচিত কাজ। তার ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় আবারো প্রমাণিত হলো দেশে এখন ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসন চলছে।

তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার তাদের বক্তৃতা-বিবৃতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ চাইলেও সরকারদলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী দলের সভা-সমাবেশ ও নেতৃবৃন্দের ওপর হামলায় সরকারের স্ববিরোধীতাই ফুটে ওঠে। বর্তমান আওয়ামী সরকার যে সন্ত্রাসনির্ভর তা এধরণের হামলায় স্পষ্ট হচ্ছে। এধরণের হামলা বর্তমান অবৈধ সরকারের আমলে ঘৃন্য দৃষ্টান্ত সমূহেরই ধারাবাহিকতা।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারী দলের সন্ত্রাসীরা সমগ্র দেশটাকে রক্তাক্ত জনপদে পরিণত করেছে। নিজেদের অস্তিত্বের প্রশ্নে সরকার আরও লাগামহীন ও বেপরোয়া হয়ে উঠেছে। আগামী দিনে আওয়ামী ফ্যাসিবাদ আরও কতটা ভয়ঙ্কর রুপ ধারণ করবে তা এধরণের হামলার মধ্য দিয়ে বহি:প্রকাশ ঘটানো হচ্ছে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব দাবি করেন, ড. রেদোয়ান আহমেদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা পূর্ব-পরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই ইন্ধন যোগানো হয়েছে বলে জনগণ বিশ্বাস করে।

ইভিএম ক্ষমতা ধরে রাখার চক্রান্ত: আ স ম‌ রব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার সরকারের ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া নয় বরং ক্ষমতা ধরে রাখার সরকারের নতুন ফন্দি।

সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জেএসডি সভাপতি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনকে কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার উপায় হিসেবে ব্যবহার করার ফলে একদিকে রাষ্ট্রের মালিকানা থেকে জনগণকে অপসারিত করা হয়েছে অন্যদিকে বাংলাদেশকে গভীর সংকটে নিমজ্জিত করা হয়েছে। নির্বাচনহীনতার সংস্কৃতি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। কিন্তু বর্তমান সরকার এই বাস্তবতা উপলব্ধি করার সক্ষমতা হারিয়েছে।

আ স ম আবদুর রব আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারের ষড়যন্ত্র চক্রান্ত রাষ্ট্রকে নতুন করে বিপজ্জনক পর্যায়ে উপনীত করবে। শুধুমাত্র ক্ষমতাকে আঁকড়ে থাকার উম্মাদনা কোনক্রমেই গ্রহণীয় নয়। সরকারের উচিত দ্রুত পদত্যাগ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথকে প্রশস্ত করে রাষ্ট্রকে সংকট থেকে উদ্ধার করা।

মুখ ফেরাচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’, ভারি বৃষ্টির আভাস

ঘূর্ণিঝড় অশনি কেন্দ্রের ৬৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কি.মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ১১৭ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে মঙ্গলবার সকাল থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশে এর কতটা প্রভাব পড়বে, তা জানতে অপেক্ষা করতে হবে মঙ্গলবার দুপুর পর্যন্ত। গড়ে ১৫ থেকে ২০ কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় অশনি। তবে গতিপথ পরিবর্তন করে সেটি কোন দিকে আঘাত হানবে তা জানা যাবে মঙ্গলবার দুপুরের পর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় অশনি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি গত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৩০ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৮৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভারি বৃষ্টিপাত। কলকাতার বিভিন্ন শহরে তৈরি হয়েছে জলাবদ্ধতা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। ঘূর্ণিঝড় মোকাবিলায় নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য বলছে, ক্রমেই শক্তি সঞ্চয় করে ভারতের ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসছে ‘অশনি’।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে ওড়িশার দিকে ঘুরতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’র গতিপথ। পরে সন্ধ্যা নাগাদ পৌঁছাতে পারে উপকূলে।

অশনির প্রভাবে সোমবার রাত থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভারি বৃষ্টিপাত। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। কলকাতার বহু এলাকা পানিতে তলিয়ে গেছে। এরই মধ্যে পর্যটন এলাকা দীঘা, মন্দারমণি, তাজপুর, শংকরপুরসহ দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা।

কলকাতার আবহাওয়া বিভাগ জানিয়েছে, অশনি প্রথমে আঘাত হানতে পারে অন্ধ্রপ্রদেশ উপকূলে। এর পর তা বাঁক নিয়ে ঢুকতে পারে ওড়িশায়। পশ্চিমবঙ্গে তেমন জোরালোভাবে আঘাত না হানলেও এই রাজ্যেও যে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সে ‘অশনি সংকেত’ পাওয়া গেছে আগেই।

অশনি মোকাবিলায় পশ্চিমবঙ্গে খোলা হয়েছে কন্ট্রোল রুম। তৈরি রাখা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এনডিআরএফ। জেলা সদরে মজুত রাখা হয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানীয় জল, তাঁবুসহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। কলকাতা বিমানবন্দরে এরইমধ্যে জারি করা হয়েছে সতর্কতা।