শুক্রবার ,১৫ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 222

পদ্মা সেতুর টোল আদায় অর্ধশত কোটি টাকা ছাড়াল

পদ্মা সেতু দিয়ে গত ২৬ জুন আনুষ্ঠানিক ভাবে গাড়ি পারাপার শুরুর পর অর্ধশত কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। ২৬ জুন থেকে ১৫ জুলাই শুক্রবার পর্যন্ত ২০ দিনে টোল আদায় হয়েছে ৫২ কোটি ৫৫ লাখ ৩৫ হাজার ৬৫০ টাকা।

এ সময় মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে যানবাহন পারাপার হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৩১২টি গাড়ি।

এদিকে স্বপ্নের পদ্মা সেতুতে প্রথম দিনে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা। প্রথম দিনে দুই প্রান্ত থেকে যান পারাপার হয়েছে ৬১ হাজার ৮৩১টি। এর মধ্যে মাওয়া প্রান্ত থেকে ৩১ হাজার ১৯৭টি যানবাহন, আর জাজিরা প্রান্ত থেকে ৩০ হাজার ৬৩৯টি যানবাহন সেতু অতিক্রম করে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, সেতু চালু হওয়ার পর দিন অর্থাৎ ২৭ জুন টোল আদায় হয় ২ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা, ২৮ জুন টোল আদায় হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, ২৯ জুন আদায় হয়েছে ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা, ৩০ জুন টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ৯২ হাজার ৪৫০ টাকা। জুলাই মাসের ১ তারিখে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা, ২ জুলাই টোল আদায় হয়েছে ২ কোটি ৩২ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা, ৩ জুলাই টোল আদায় হয়েছে ১ কোটি ৯১ লাখ ৯৬ হাজার ৩৫০ টাকা, ৪ জুলাই টোল আদায় হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা, ৫ জুলাই টোল আদায় হয়েছে ২ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা, ৬ জুলাই টোল আদায় হয়েছে ২ কোটি ৪২ লাখ ৩হাজার ৭৫০ টাকা, ৭ জুলাই টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা, ৮ জুলাই টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা, ৯ জুলাই টোল আদায় হয়েছে ২ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা, ১০ জুলাই টোল আদায় হয়েছে ১ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৮৫০ টাকা, ১১ জুলাই টোল আদায় হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা, ১২ জুলাই টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৩ লাখ ৬৩৪ হাজার ৪৫০ টাকা, ১৩ জুলাই টোল আদায় হয়েছে ৩ কোটি ৪ লাখ ২৮ হাজার ৪৫০ টাকা, ১৪ জুলাই টোল আদায় হয়েছে ২ কোটি ৯১ লাখ ৪৮ হাজার ৫০ টাকা এবং ১৫ জুলাই ৩ কোটি ৬৫ লাখ ৮১ হাজার ৫০ টাকা টোল আদায় করা হয়েছে।

তবে ৮ জুলাই সর্বোচ্চ রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। এদিকে ওই দিন গাড়ি পারাপার হয়েছে ৩১ হাজার ৭২৩টি। সব থেকে কম টোল আদায় হয়েছে ঈদের দিন ১০ জুলাই। মোট ১ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৮৫০ টাকা। ওই দিন গাড়ি পারাপার হয়েছে মোট ১১ হাজার ৯৫৪টি।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে মাওয়া টোল প্লাজায় দায়িত্বে থাকা পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, ঈদের সময় চাপ ছিল, তবে সে চাপ আমরা সফলভাবে সামলাতে পেরেছি।

ট্রেনে কাটা পড়ে বাকৃবি অধ্যাপকের ছেলের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে সোয়াইব নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে অবস্থিত রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোয়াইব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশু পুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুনের বড় ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন।

তিনি জানান, সোয়াইবের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি দাফনের ব্যবস্থা করা হবে।

জানা যায়, সোয়াইব কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলের ৯ম শ্রেণির একজন মেধাবী ছাত্র ছিল। তার মা আহমেদ শিমু একজন লেখিকা।

জাবিতে ভর্তি পরীক্ষা ৩১ জুলাই শুরু, এবারো ‘বিতর্কিত পদ্ধতি’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই শুরু হবে, চলবে ৪ আগস্ট পর্যন্ত।তবে এবারো পরীক্ষা হবে ‘বিতর্কিত শিফট পদ্ধতিতে’।

শুক্রবার দুপুরে জাবির কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিগত কয়েক বছর ধরে জাবিতে একই ইউনিটে একাধিক শিফটে ভিন্ন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে মেধার সঠিক মূল্যায়ন ও মেধাবী বছাইয়ের সঠিক প্রক্রিয়া অনুসরণ হচ্ছে না বলে অভিযোগ বিশ্লেষকদের। এ ছাড়া এই পদ্ধতিতে বরাবরই আপত্তি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।শিফট পদ্ধতিতে গত কয়েক বছরের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে ব্যাপক বৈষম্যের চিত্র দেখা গেছে। কোনো এক শিফটের ভর্তি পরীক্ষার্থীরা মেধা তালিকায় বেশি স্থান পায়। পিছিয়ে থাকেন অন্য শিফটের পরীক্ষার্থীরা।

জাবির অর্থনীতি বিভাগের সদ্য সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ গণমাধ্যমকে বলেছিলেন, বিদ্যমান শিফট পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন সম্ভব নয়। আমরা অনেকবার বলেছি, শিফট পদ্ধতি বাদ দিয়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা নিতে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমএ মতিন বলেছিলেন, ‘চলমান শিফট পদ্ধতিতে একজন শিক্ষককে মোট শিফটের কয়েকগুণ প্রশ্নপত্র তৈরি করতে হয়, যা একজন মানুষের পক্ষে একই মানসম্পন্ন ভিন্ন প্রশ্নপত্র তৈরি করা সম্ভব নয়। ফলে বৈষম্য তৈরি হয়েছে।’

তবে এ বৈষম্য ও বিতর্ক এড়াতে বিকল্প রাস্তায় যেতে দৃশ্যমান পদক্ষেপ নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

আলিয়ার পর মা হওয়ার গুঞ্জন ক্যাটরিনার

বিয়ের আড়াই মাসের মাথায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন আলিয়া ভাট। এবার বলিউডের আরেক কুইন ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

২০২১ সালের ৯ ডিসেম্বরে বিয়ে করেন ক্যাটরিনা আর ভিকি। তবে কি সত্যিই সুখবর আসতে চলেছে তারকা দম্পতির পক্ষ থেকে?

বি-টাউনে এই গুঞ্জন ঢালপালা মেলার কারণ হচ্ছে—ক্যাটরিনার অন্তরালে চলে যাওয়া। অনেক দিন ধরেই জনসম্মুখে আসছেন না ক্যাট। বন্ধু করণ জোহরের জন্মদিনের পার্টিতেও তিনি আসেননি।

ভিকির সিনেমা ‘ভূত পুলিশ’ নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এক সপ্তাহ আগে। হঠাৎ কোথায় চলে গেলেন?

অথচ ইনস্টাগ্রামে নিজেকে সক্রিয় রাখেন ক্যাটরিনা। আর তাই তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ধারণা করছেন নায়িকা মা হচ্ছেন।
ইনস্টাগ্রামে দিন কয়েক ধরেই চর্চা হচ্ছে যে, ‘ক্যাটরিনা কি মা হতে চলেছেন?’, ‘মনে হচ্ছে আরও একটা সুখবর আসবে’-র মতো নানা গুঞ্জন।

কেউ কেউ আবার আগ বাড়িয়ে বলছেন, নিজের জন্মদিন ১৬ জুলাইয়ে প্রেগন্যান্সির খবর দেবেন ক্যাটরিনা।

ফারহান আখতারের রোড ট্রিপ ড্রামা ‘জি লে জারা’-তে কাজ করবেন অভিনেত্রী। সঙ্গে থাকবেন আলিয়া ভাট আর প্রিয়াংকা চোপড়া। যাদের মধ্যে একজন মা হয়েছেন বছরের শুরুতে। আরেকজনের সন্তান আসতে পারে নভেম্বরে। এখন ক্যাটরিনার পালা।

উল্লেখ্য, আলিয়া-রণবীরের আগেই বিয়ে সারেন ভিকি ও ক্যাটরিনা। ২০২১ সালের ৯ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন দুজনে। একসময় রণবীর কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ক্যাটরিনা। সেই সময় আবার আলিয়ারও ভালো বন্ধু ছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের সমীকরণ পাল্টে যায়। এখন ভিকির সঙ্গে সুখে সংসার করছেন ক্যাটরিনা। আর আলিয়ার সন্তানের বাবা হচ্ছেন রণবীর।

বদহজম হলে কী করবেন?

অতিরিক্ত খাবার খাওয়ার কারণে অনেক সময় বদহজম হয়। আবার ভ্যাপসা গরমেও হজমে সমস্যা দেখা দিতে পারে।

উৎসব-পার্বণে বেশি ভারি ও তেল-মসলাযুক্ত খাবার খেলে শুরু হতে পারে পেটব্যথা, পেট ফাঁপা, ঢেকুর ওঠা, পায়ুপথে বাতাস নির্গমন বা ডায়রিয়ার মতো সমস্যা। এগুলোর বেশিরভাগই হজমে গণ্ডগোলের কারণে হয়ে থাকে।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন হারবাল গবেষক ও চিকিৎসক ডা. আলমগীর মতি।

বদহজম, অ্যাসিডিটি, পেটে অতিরিক্ত গ্যাস, ঢেকুর ও বাতাস নির্গমনের মতো বিরক্তিকর সমস্যা থেকে রেহাই পেতে কিছু পরামর্শ মেনে চলতে পারেন-

* খাওয়ার সময় তাড়াহুড়া করবেন না। সময় নিয়ে, ধীরে-সুস্থে ভালো করে চিবিয়ে খাওয়া শেষ করবেন। তাড়াহুড়া করে খেতে গিয়ে খাবার ঠিকমতো হজম হয় না। তা ছাড়া পেটে খানিকটা বাতাসও ঢুকে যায়।

* খাওয়ার সময় ও মাঝখানে বেশি পানি পান করলে পাকস্থলীর অ্যাসিড দুর্বল হয়ে পড়ে এবং ভালো করে খাবার ভাঙতে পারে না। তাই খাওয়ার অন্তত ৩০ মিনিট আগে এক গ্লাস পানি পান করুন। খাওয়ার সময় বেশি পানি নয়। খাওয়া শেষে আবার একটু সময় পর পানি পান করবেন।

* একেকজনের একেক ধরনের খাবার হজম করতে সমস্যা হয়। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স (Lactose Inltolerance) আছে, তারা দুধ ও দুধের তৈরি খাবার খেতে পারেন না। অনেকের মিষ্টিজাতীয় দ্রব্যে (যেমন : ফলের রস বা জুস, চকলেট ইত্যাদি) সমস্যা হয়। কারও সমস্যা হয় রুটি, যব বা ডালজাতীয় খাবারে। কার কোনটাতে সমস্যা, সেটা তিনিই ভালো ধরতে পারবেন। তাই বদহজমের রোগীর দুধ নিষেধ বা মিষ্টি নিষেধ-এ জাতীয় কথা ঢালাওভাবে বলা যায় না।

* ধূমপান, চুইংগাম চিবোনো ও স্ট্র দিয়ে জুসজাতীয় কিছু খেলে পেটে গ্যাস হওয়ার প্রবণতা বাড়ে। তাই এ ধরনের অভ্যাস বর্জন করুন।

* পেটে গ্যাস সমস্যা তৈরি করতে পারে কৃত্রিম চিনি, অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবারও। তাই এগুলো খেতে হবে হিসাব করে।

* কোষ্ঠকাঠিন্য হলে পেট ফাঁপে। তাই কোষ্ঠকাঠিন্য এড়াতে আঁশযুক্ত খাবার খান, পর্যাপ্ত পানি পান করুন।

গায়ক ফেরদৌস ওয়াহিদের হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি

হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় পপ গায়ক ফেরদৌস ওয়াহিদ।বৃহস্পতিবার গভীর রাতে হার্ট অ্যাটাক হয় তার।

ফেরদৌস ওয়াহিদের পারিবারিক সূত্রে জানা গেছে, হার্ট অ্যাটাকের পর দ্রুত তাকে রাজধানীর বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসকদের অবজারভেশনে রাখা হয়।

ফেরদৌস ওয়াহিদের ঘনিষ্ঠ শিল্পী খন্দকার বাপ্পি গণমাধ্যমকে বলেন, ফেরদৌস ওয়াহিদ ভাইয়ের অবস্থা এখন বেশ ভালো।এখন বারডেমের কার্ডিওলজি বিভাগের তত্ত্বাবধানে কেবিনে ভর্তি আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।

৬৯ বছর বয়সী এই পপ গায়ক কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন বলে জানা গেছে।

পরীক্ষা-নিরীক্ষার ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ৩-০

দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বাংলাদেশের সামনে খুব কমই আসে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডে জিতে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ নিশ্চিত হওয়ায় পরীক্ষার একটা সুযোগ এবার মিলেছে। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেই সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ।

তাই বলে শেষ ম্যাচেও জয়ের লক্ষ্য থেকে নড়ছে না বাংলাদেশ। জয় পেলেই ছয়ে থাকা দক্ষিণ আফ্রিকার (৯৯) কাছে চলে যাবে বাংলাদেশ (৯৭)। জিতলে বাংলাদেশের এক রেটিং পয়েন্ট বাড়লেও হারলে কমবে তিন রেটিং পয়েন্ট। পরীক্ষা-নিরীক্ষার সঙ্গে তাই জয়ও চায় বাংলাদেশ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ।

আইসিসির র‌্যাংকিংয়ের চেয়ে এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সুপার লিগের পয়েন্টকে। আইসিসি সুপার লিগের অংশ থাকা যে কোনো সিরিজের সব ম্যাচই গুরুত্বপূর্ণ। এই সিরিজে সুপার লিগের পয়েন্ট হারানোর শঙ্কা নেই। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ সুপার লিগের অংশ নয়।

সেই সুযোগ নিতে চায় বাংলাদেশ। তবে পরীক্ষা করার মতো যথেষ্ট অপশনও বাংলাদেশের হাতে নেই। এনামুল হক বিজয়কে ওয়ানডে ফরম্যাটে দেখার ভালো সুযোগ। ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড রান করে জাতীয় দলে ফেরা এনামুল আজ সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবেন, এটা ধরে নেওয়া যায়। তাকে যে আশা নিয়ে ওয়েস্ট ইন্ডিজে নিয়ে যাওয়া হয়েছিল সেটা পূরণ করতে পারেননি তিনি। সুযোগ পেতে পারেন টেস্ট বোলার হিসাবে পরিচিতি পাওয়া ইবাদত হোসেনও।

দ্বিতীয় ওয়ানডেতে একাদশে ফেরা মোসাদ্দেক হোসেনও টিকে যেতে পারেন। ফিরতে পারেন তাসকিন আহমেদ। ২০২৩ বিশ্বকাপের কথা মাথায় রেখে এমন চিন্তাভাবনা। অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘বেঞ্চের শক্তি আমাদের পরীক্ষা করে দেখা উচিত। এই একটা জিনিস বাংলাদেশের ক্রিকেটে আমরা খুব কম করি। সব ম্যাচ আমরা অবশ্যই জিততে চাই।’ তামিম আজ না-ও খেলতে পারেন। সেক্ষেত্রে অধিনায়ক কে হবেন এ নিয়েও ভাবতে হতে পারে। এই তালিকায় নাজমুল হোসেন উপরে থাকলেও লিটন দাস বা মেহেদী হাসান মিরাজও ভাবনায় থাকছেন।

প্রথম দুটি ওডিআই স্পিন সহায়ক উইকেটে খেলেছে বাংলাদেশ। ক্যারিবীয়রা যেন না চাইতেই সফরকারীদের জন্য সুযোগ তৈরি করে দিয়েছে। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এমন উইকেট থেকে সরে আসার চেষ্টা করবে। টানা দুই হারের পর ক্যারিবীয়রাও শেষ ম্যাচ জিততে মরিয়া। প্রথম ম্যাচে ছয় উইকেট ও দ্বিতীয় ম্যাচে নয় উইকেটের বড় জয় বাংলাদেশের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।

শেষ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ব্যবধানে হারে। তবে ওয়ানডেতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে টাইগাররা।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে।

দ্বিতীয় ওয়ানডেতে জয়ের পর অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, সিরিজের শেষ ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকা ক্রিকেটারদের সুযোগ করে দেওয়া হবে। যাতে করে সাইড বেঞ্চের শক্তি পরখ করা যায়।

তামিম ইকবালের কথায় স্পষ্ট শেষ ম্যাচে একাদশে সুযোগ পেতে পারেন সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড রান করে জাতীয় দলে ফেরা ওপেনার এনামুল হক বিজয়।
সিরিজের প্রথম ম্যাচে খেললেও দ্বিতীয় ম্যাচে বাদ পড়েন দেশের অন্যতম তারকা পেসার তাসকিন আহমেদ। তৃতীয় ম্যাচে তাকে খেলানো হতে পারে। শেষ ম্যাচে সুযোগ পেতে পারেন পেসার এবাদত হোসেনও।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

জয়পুরহাটে ট্রেন লাইনচ্যুত, সারা দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত। জয়পুরহাটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ।

শনিবার (১৬ জুলাই) ভোর ৫টার দিকে তিলকপুর আউট সিগনালের আগে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই জয়পুরহাটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

এখন পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি।

ট্রেনের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও যাত্রীরা জানান, অতিরক্ত যাত্রীর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ত্রাণ দিয়ে ফেরার পথে মোটরসাইকেল-অটোবাইক সংঘর্ষে আহত ৩

নেত্রকোনার কলমাকান্দায় ত্রাণ দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও আটোবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিন যুবক আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্যায় ক্ষতিগ্রস্ত লেংগুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় লোকজনের মধ্যে ত্রাণ দিয়ে বাড়ি ফেরার পথে রহিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. লুৎফর রহমান প্রাথমিক চিকিৎসা শেষে আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহতরা হলেন ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার শফিকুল ইসলামের ছেলে শাওন (১৮), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন মিয়া (২০) ও মৃত মঞ্জুরুল ইসলামের ছেলে জাহিদ হাসান (২২)।

আহতরা জানান, শুক্রবার সকালে ময়মনসিংহ থেকে ‘রক্তদানে আমার দেশ’ সংগঠনের ১২ সদস্যে একটি দল কলমাকান্দা উপজেলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য ত্রাণসামগ্রী বিতরণ করতে আসেন। লেংগুরা ইউনিয়নের বিভিন্ন এলাকার ত্রাণ দিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে পিকআপভ্যানে করে আটজন ও মোটরসাইকেল করে তিনজন রওনা হয়।

পথে রহিমপুর এলাকায় মোটরসাইকেলটির সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি অটোবাইকের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিন যুবক গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।