নির্বাচন পরবর্তী সহিংসতায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে নবনির্বাচিত চেয়ারম্যান ডালিমসহ ১২ জন আহত হয়েছেন। তাদের সবাইকে সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় গদাইপুর গ্রামে তুয়ারডাঙ্গা ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭-৮ রাউন্ড গুলি ছোড়ে।
জানা গেছে, আওয়ামী লীগ থেকে নির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম তার সহযোগী কয়েকজন ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে গদাইপুর গ্রামে অসুস্থ এক কর্মীকে দেখতে যাচ্ছিলেন। এ সময় নির্বাচনে পরাজিত প্রার্থী অহিদুল ইসলামের বাড়ির ছাদের ওপর থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কমপক্ষে ১২ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন রাসেল, সালাম মোল্লা, আসলাম, টুকু, ইমাম গাজী, মোল্লা সিরাজুল, আফসার আলী, হান্নান মোল্লা। তাদেরকে সাতক্ষীরা হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহনেওয়াজ ডালিম ও তার সহযোগীরা অভিযোগ করে বলেন, পরাজিত প্রার্থী অহিদুল ইসলাম নিজেই তার বাড়ির ছাদের ওপর থেকে গুলি করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
উত্তেজনা থামাতে ৭-৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে বলে আশাশুনি থানার ওসি গোলাম কবির জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
ওসি আরো বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কাউকে এখনও গ্রেফতার করা যায়নি। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত টানা দুই ঘণ্টার সহিংসতায় ৮ জন আহত হয়েছে। পুলিশ অহিদুলের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু ধারালো অস্ত্র ও লাঠিসোটা জব্দ করেছে।


