রবিবার ,৩ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 704

প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে

এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সার-সংক্ষেপ পাঠানো হয়। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে এ সংক্রান্ত বিস্তারিত প্রকাশ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিইসি বাতিল হলে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষাও বাতিল করা হবে। এর পরিবর্তে স্কুলে বার্ষিক পরীক্ষার আদলে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি মূল্যায়নের পরিকল্পনা আছে। ইতোমধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবারের জেএসসি এবং জেডিসি পরীক্ষাও বাতিলের ঘোষণা দিয়েছেন। এই দুই স্তরে প্রায় ৫৫ লাখ পরীক্ষার্থী আছে।

জানা গেছে, পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের মতো পর্যাপ্ত সময় না থাকায় মন্ত্রণালয় এই পরীক্ষা না নেওয়ার চিন্তা করছে। বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সার-সংক্ষেপেও উল্লে­খ করা হয়। পাশাপাশি বলা হয়, শিক্ষার্থীদের শিখনঘাটতি পূরণে ‘এক্সিলারেটেড রিম্যাডিয়াল লার্নিং’ পরিকল্পনা অনুযায়ী পাঠদান চলছে। এ ছাড়া গৃহিত অন্য পদক্ষেপও উল্লে­খ করা হয়েছে।

প্রায় দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর দেশের প্রথম থেকে দ্বাদশ শ্রেণির সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। প্রথমে সপ্তাহে একদিন ক্লাস হয়। করোনা পরিস্থিতি উন্নতির পর এখন সপ্তাহে দু’দিন করে ক্লাস হচ্ছে।

ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, জেএসসি ও জেডিসি পরীক্ষা না হলেও শিক্ষার্থীরা সনদ পাবে। তাতে গ্রেড উল্লেখ থাকবে না। একইভাবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদেরও সনদ দেওয়ার চিন্তা আছে বলে জানা গেছে। সেই সার্টিফিকেট নিয়ে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হবে। এ ছাড়া পিইসি না হলেও ডিসেম্বরের মধ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সিলেবাস ক্লাসে পাঠদানে শেষ করা হবে। এরপর ন্যূনতম পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে। মূলত অটোপাস না দেওয়ার জন্যই এই পদ্ধতি গ্রহণের চিন্তা চলছে।

জবিতে সশরীরে পরীক্ষা শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব ঘোষিত সিন্ডিকেট সভার তারিখ অনুযায়ী ৭ অক্টোবর থেকে বিভিন্ন বিভাগের পরীক্ষা শুরু হয়েছে।

সকাল সাড়ে আটটার পর থেকে শিক্ষার্থীদের বহনকারী বাসগুলো ক্যাম্পাসে এসে পৌঁছে। এরপর দুপুর ১২টা থেকে নির্ধারিত সময়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান। এ ছাড়াও তিনি বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের পরীক্ষার হল পরিদর্শন করেন এবং পরীক্ষা চলাকালীন করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় সব প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

পরিদর্শনকালে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহ, প্রক্টর এবং সহকারী প্রক্টরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে শিক্ষার্থীদের পদচারণায় পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে। দীর্ঘ ১৯ মাস পর সহপাঠীদের পেয়ে ক্যাম্পাসের শান্ত চত্বরে, ক্যান্টিন, কাঁঠাল তলা, বিজ্ঞান ভবন, বিবিএ ভবনের নিচে এবং কেন্দ্রীয় শহিদ মিনারসহ প্রতিটি স্থানে শিক্ষার্থীদের খোশগল্পে মেতে উঠতে দেখা গেছে। শিক্ষার্থীদের মধ্যে বেশ আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে।

এবার বৈশাখীর ফোক লাইভে প্রতীক হাসান

কিংবদন্তি সংগীত শিল্পী প্রয়াত খালিদ হাসান মিলুর বড় ছেলে প্রতীক হাসান বাবার মৃত্যুর পর সংগীতাঙ্গনে আসেন। নিজের মেধা ও শ্রুতিমধুর গায়কীর কল্যাণে বাংলা গানের শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অনেক আগেই।

নিয়মিত নতুন গানে কণ্ঠ দিয়ে যাচ্ছেন তিনি। অডিওর পাশাপাশি টিভি চ্যানেলের সংগীতবিষয়ক অনুষ্ঠানে নিয়মিত গান গেয়ে যাচ্ছেন প্রতীক। সেই ধারাবাহিকতায় এবার তিনি বৈশাখী টিভির ফোন গানের জনপ্রিয় অনুষ্ঠান ‘ফোক লাইভ’-এ গাইবেন।

অনুষ্ঠানটি ৮ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে। আফরিন অথৈয়ের উপস্থাপনায় এটি প্রযোজনা করেছেন সোলায়মান লিটু।

এতে গান গাওয়া প্রসঙ্গে প্রতিক হাসান বলেন, এ অনুষ্ঠানটির কথা কিছুদিন থেকেই শুনছি। এবার এতে গাইবার সুযোগ পেয়েছি। আশা করছি প্রত্যাশা অনুযায়ীই গাইতে পারব অনুষ্ঠানটিতে। সবাই দোয়া করবেন আমার জন্য।

অন্যদিকে শিগগিরই স্টেজ অনুষ্ঠানেও ফিরছেন এই শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী।

অনন্য ইমনের সেঞ্চুরি

নাটক নিয়ে স্বপ্ন দেখেন ছোটবেলা থেকেই। যার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ভর্তি হন নাট্য নির্মাতা অনন্য ইমন। বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়াকালেই তার পরিচালিত নাটক ‘অবাক যোগসূত্র’ প্রচার হয় এনটিভিতে।

প্রথম নাটকের মাধ্যমেই শিক্ষক, সহপাঠী এবং নাট্যাবোদ্ধাদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হন এই তরুণ নাট্য পরিচালক। পড়ালেখা শেষ করার পর পুরো সময়টাই নাটক নির্মাণে আত্মনিয়োগ করেন তিনি।
তার পরিচালিত উল্লেখযোগ্য নাটক হলো ‘দ্বিতীয় মৃত্যু আগে’, ‘অটো বায়োগ্রাফি’, ‘ক্যামিস্ট্রি’, ‘রিভার্স সুইং’, ‘ব্ল-বার্ড, ‘লোনলি টাচ্’, ‘কাঠ পুতুলের গল্প’, ‘সী লাভস মি’, ‘বিষক্ষয়’, ব্ল্যাঙ্ক ভার্স, ‘এ ব্লাইন্ড ম্যান’। শতাধিক নাটক এবং ২০টির মতো টেলিফিল্ম দর্শকদের উপহার দেন।

বর্তমানে অনন্য ইমনের পরিচালনায় দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ফ্যান্টাসি’ প্রচার হচ্ছে দেশ টিভিতে।

এর আগে তিনি গানের গল্প নিয়ে নির্মাণ করেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘রেইন ফরেস্ট’। গল্পনির্ভর ক্ল্যাসিক, রক, আধুনিক, ওয়েস্টার্ন ক্ল্যাসিক এবং রবীন্দ্র সংগীত নিয়ে নির্মিত এই দীর্ঘ ধারাবাহিকটি ব্যাপকভাবে প্রশংসিত হয়। নাট্য নির্মাতার পরিচয়ের পাশাপাশি এখন তিনি একজন প্রযোজকও।

এ প্রসঙ্গে অনন্য ইমন বলেন, অনেক পরিচালক ভালো গল্প সিলেক্ট করেও তা নির্মাণের জন্য প্রডিউসার পান না। তাদের নির্মাণ যেন বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্যই আমি সেসব পরিচালকের নাটক প্রডিউস করছি। যেহেতু আমি নিজে পরিচালক তাই আমার কলিগদের পাশে দাঁড়ানোর জন্যই প্রযোজনার এ উদ্যোগ নিয়েছি।

ইতোমধ্যেই আমি ৫০টিরও বেশি নাটক প্রযোজনা করেছি। তাছাড়া আমার পরিচালিত নাটক নির্মাণ সংখ্যা শতকের ঘর পূরণ হওয়াও একটি মাইলফলক আমার জন্য। আশা করছি আগামীতেও যেন আমার কাজ অব্যাহত থাকে, এই কামনাই করছি।

এই নির্মাতা ২০২২ সালে সিনেমা নির্মাণেরও ঘোষণা দিয়েছেন; যার প্রস্তুতি নিচ্ছেন এখন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তিনি পড়াশোনার পাশাপাশি ভাস্কর্য এবং মুখোশ নির্মাণ করতেন। তার বানানো ভাস্কর্য এবং মুখোশের একাধিক প্রদর্শনী তখনকার সময়ে আলোচনার তুঙ্গে ছিল।

সাকিবের দুর্দান্ত ১ ওভার, মোস্তাফিজদের গুঁড়িয়ে প্লে-অফে কলকাতা

আইপিএলের সংযুক্ত আরব আমিরাত পর্বে অবহেলিত ছিলেন সাকিব। একাদশে সুযোগই দেওয়া হচ্ছিল না তাকে।

অবশেষে সুযোগ পেলেন। দেখালেন নিজের ভেলকি। দ্বিতীয় ভাগে নিজের দ্বিতীয় ম্যাচ খেললেন মোস্তাফিজের দল রাজস্থান রয়ালসের বিপক্ষে।

১ ওভার বল করে দিলেন মাত্র ১ রান। উইকেটও নিলেন ১টি। তার এমন দুর্দান্ত বোলিং ম্যাচ পার্থক্য গড়ে দেয়। মোস্তাফিজের রাজস্থানকে বিধ্বস্ত করে প্লে-অফ নিশ্চিত করল কলকাতা নাইট রাইডার্স।

৮৬ রানের বিশাল জয় পেয়েছে সাকিবের কলকাতা।

শারজায় নিজেদের লিগ পর্বের শেষ ম্যাচে টস জিতে কেকেআরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ রাজস্থান রয়্যালস।

কেকেআর ব্যাটাররা মোস্তাফিজদের তুলোধোনো করে ৪ উইকেটে ১৭১ রান তোলে। ওপেনার শুভমান গিল করেন ৫৬ রান। ভেঙ্কটেশ আয়ার ৩৮ ও রাহুল তেওয়াতিয়া করেন ২১ রান।মোস্তাফিজুর রহমান ৪ ওভারে দেন ৩১ রান।

জবাবে ব্যাট করতে নেমে ১৬.১ ওভার টিকে ৮৫ রানে অলআউট হয়ে গেছে রাজস্থান। দলটির পক্ষে মাত্র দুজন দুই অংকের ঘরে পৌঁছুতে পেরেছেন। মিডল অর্ডারে রাহুল তেওয়াতিয়া ৩৬ বলে খেলে করেছেন ৪৪ রান। ১৮ রান করেন শিভাম দুবে।

শুরুতেই সাকিবের তোপের মুখে পড়ে রাজস্থান। দলটির ওপেনার জসস্বি জশওয়াল ওভারের তৃতীয় বলেই সাকিবের বলে সরাসরি বোল্ড হন। শূন্য রানে ফেরেন।

এররপর শিভাম মাভি এবং লকি ফার্গুসনের অসাধারণ বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে রাজস্থান। শিভাম মাভি নেন ৪ উইকেট এবং লকি ফার্গুসন নেন ৩ উইকেট। বরুন চক্রবর্তী নেন ১ উইকেট।

এ জয়ের পর ১৪ ম্যাচে কেকেআরের পয়েন্ট এখন ১৪। প্লে-অফ প্রায় নিশ্চিত। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে রোহিত শর্মার মুম্বাই। বড় ব্যবধানে জিতে কেকেআরের সঙ্গে পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকবে সাকিবের কলকাতা ।

 

মালদ্বীপকে আটকে রাখতে পারল না বাংলাদেশ

র‌্যাংকিংয়ে বাংলাদেশ থেকে ৩১ ধাপ এগিয়ে মালদ্বীপ ফুটবল দল। মাঠটাও তাদের। যে কারণে দুই পাশের গ্যালারিতে মালদ্বীপের সমর্থনেই হইচই, চিৎকার।

এমন প্রতিকূল পরিবেশেও প্রথমার্ধে স্বাগতিকদের ঠেকিয়ে রাখে জামাল ভূঁইয়ারা। লাল-সবুজের প্রাচীর ভেঙে আর গোলপোস্টের অতন্দ্র প্রহরী জিকোকে পরাস্ত করে একবারও জালে বল জড়াতে পারেনি মালদ্বীপের স্ট্রাইকাররা।

কিন্তু দ্বিতীয়ার্ধে মালদ্বীপকে আর ঠেকিয়ে রাখতে পারেনি বাংলাদেশ। দুটি গোল হজম করতে হয়েছে।

মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। দুটি গোলের একটি করেছেন হাজমা মোহাম্মদ। অন্যটি সফল পেনাল্টি কিকে করে ব্যবধান বাড়ান আলী আশফাক।

প্রথমার্ধে বাংলাদেশ রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল বেশি। জাল সুরক্ষিত রাখতে ডি-বক্সের আশপাশে বেশ কয়েকটি ফাউল করেছে বাংলাদেশ, যার ফলে কয়েকটি ফ্রি কিক পায় মালদ্বীপ। তবে তারা সুযোগ কাজে লাগাতে পারেনি।

ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ফরোয়ার্ডরাও। প্রতি আক্রমণে কয়েক বার উঠেছে মতিন-বিপুলরা। কিন্তু সেসব আক্রমণ ভীতি ছড়াতে পারেনি মালদ্বীপ শিবিরে।

মতিন মিয়া ও বিপলু কয়েক বার বল নিয়ে বক্সের মধ্যে প্রবেশ করলেও লক্ষ্যে ভালো শট নিতে পারেননি।

তবে ২৯ মিনিটে বিপদ ঘটতে পারত বাংলাদেশের। দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফুটবলার আলী আশফাক দুর্দান্ত স্কয়ার পাস দিয়েছিলেন বাঁ দিকে থাকা নিহান হোসেনের উদ্দেশে। সাদউদ্দিন পথ আগলে দাঁড়ানোয় ঠিকঠাক শট নিতে পারেননি নিহান। বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে।

এর আগে ২১ মিনিটে ম্যাচের প্রথম কর্নার পায় বাংলাদেশ। জামাল ভূঁইয়ার নেওয়া কর্নার কিকে বলার মতো কিছুই ছিল না। ডিফেন্ডাররা ফেরানোর পর মোহাম্মদ ইব্রাহিমের দূরপাল্লার ভলি উড়ে যায় ক্রসবারের অনেক উপর দিয়ে।

এদিকে মালদ্বীপের এক ডিফেন্ডার আহত হওয়ায় তারা প্রথমার্ধেই একজন খেলোয়াড় বদল করে। বাংলাদেশ প্রথমার্ধে কোনো খেলোয়াড় বদল করেনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে আশফাকের বাঁকানো ফ্রি কিক ঝাঁপিয়ে পড়ে জাল সুরক্ষিত রাখেন বাংলাদেশের ত্রাতা জিকো।

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।

দ্বিতীয়ার্ধে নেমে ৫৫তম মিনিটেই দুর্দান্ত এক গোল করে মালদ্বীপকে লিড এনে দেন হামজা মোহাম্মদ। ৭৪তম মিনিটে সফল স্পটকিকে ব্যবধান দ্বিগুণ করে আলী আশফাক।

বক্সের মধ্যে মিডফিল্ডার সোহেল রানা মালদ্বীপের ফরোয়ার্ডকে পেছন থেকে ধাক্কা দেন। চতুর ফরোয়ার্ড পড়ে গিয়ে পেনাল্টি আবেদন করার সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়েছেন সৌদি রেফারি। আলী আশফাক আলতো শটে ডান পাশ দিয়ে জিকোকে পরাস্ত করেন।

শেষ দিকে যোগ করা ৩ মিনিট সময়ে বাংলাদেশ গোলে পেতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। মাঝমাঠ ছেড়ে উপরে উঠে আসে জামাল ভূঁইয়া, তপু বর্মণও। শেষ মিনিটে জুয়েল রানার দুর্দান্ত এক চেষ্টা ছিল দেখার মতো।

কিন্তু মালদ্বীপের জালে আর বল জড়ানো গেলে না। ফলে ২-০ গোলে জয় নিয়ে এবারের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ৩ পয়েন্ট পেল মালদ্বীপ।

এ ফলাফলের পর বাংলাদেশ ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নেপাল।

নেপালের কাছে ১-০ গোলে হেরে মুকুট ধরে রাখার মিশন শুরু করা মালদ্বীপের দুই ম্যাচে পয়েন্ট ৩। দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সাফের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারত। তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানিতে শ্রীলঙ্কা।

 

আধা ঘণ্টা পর ডাক্তার এসে শিশুকে মৃত ঘোষণা করলেন!

ভোলার মনপুরায় পুকুরের পানিতে পড়ে যাওয়া এক মেয়েশিশুকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু আধা ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও জরুরি বিভাগসহ হাসপাতালের কোথাও ডাক্তার না পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞাকে ফোন করেন শিশুটির স্বজনরা।

আধা ঘণ্টা পর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাইম হাসনাত শিশুটিকে মৃত ঘোষণা করলে শিশুটির স্বজনদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় শিশুটির স্বজনরা উপজেলা নির্বাহী অফিসারের সামনেই ডাক্তারের অবহেলা ও সময়মতো চিকিৎসার অভাবে শিশুটির মৃত্যু হয়েছে বলে দাবি করেন।

উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে শিশুটির স্বজনরা ডাক্তার নেই বলে ফোন দিলে আমি হাসপাতালে যাই। পরে আবাসিক ডা. নাইম হাসনাত শিশুটিকে মৃত ঘোষণা করেন। তখন স্বজনরা উত্তেজিত হয়ে পড়েন। স্বজনরা লিখিত অভিযোগ করলে স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে আলাপ করে, তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার ৫০ শয্যা হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত শিশুটি উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের বাসিন্দা আলী সিকদারের তিন বছরের মেয়ে হামিদা।

শিশুটির চাচা আবদুল হাই সিকদার অভিযোগ করে জানান, শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে ৪টা ২০ মিনিটে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু জরুরি বিভাগসহ হাসপাতালে খোঁজ করে ডাক্তার না পাওয়ায় ইউএনও স্যারকে ফোন করি। পরে ৪টা ৫৫ মিনিটে ডাক্তার এসে ভাতিজিকে মৃত ঘোষণা করেন। ডাক্তারের অবহেলায় আমার ভাতিজির মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৈয়বুর রহমান অভিযোগ অস্বীকার করে জানান, শিশুটির স্বজনদের অভিযোগ ভিত্তিহীন। সময়মতো ডাক্তার এসেছেন। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়।

নির্বাচনী প্রচারণার মাঠে আ.লীগ নেতার মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচনী প্রচারণার মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম নূরুর (৫৭) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে টাঙ্গাইলের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলার বাইশকাইল পূর্বপাড়ার মৃত ওয়াহেদ আলীর ছেলে নূরুল ইসলাম নূরু নগদাশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তিনি দীর্ঘদিন ধরে দিনরাত জনসেবা ও গণসংযোগ নিয়ে ব্যস্ত ছিলেন। ইউনিয়নের প্রতিটি বাড়ী বা সড়কে তার পা পড়েছে। নিজস্ব অর্থায়নে রাস্তা-ঘাট সংস্কার, মসজিদ-মাদ্রাসায় অনুদান, মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রী প্রদান, করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারে আর্থিক সাহায্য, মেধাবী শিক্ষার্থীদের নিজ খরচে লেখাপড়ার দায়িত্ব নেওয়াসহ সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য সমাজসেবক হিসাবে বেশ সুনাম অর্জন করেছিলেন।

বৃহস্পতিবার জোহর নামাজ আদায় করে থানাব্রীজ সংলগ্ম চা স্টলে লোকজনের সঙ্গে নির্বাচনী আলোচনা করেন তিনি। বিকাল ৪টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে পাশেই নিজস্ব মালিকানায় পরিচালিত আলিফ ডিজিটাল ক্লিনিকে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল বিশেষজ্ঞ ডাক্তারের কাছে স্থানান্তর করেন। সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ছোট মনির বলেন, নুরুল ইসলাম ছিলেন একজন সৎ ও ভালো মনের মানুষ। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

ফের সেঞ্চুরির পথে পেঁয়াজ

দেশে নানা অজুহাতে ফের অস্থির পেঁয়াজের বাজার। সরবরাহ পর্যাপ্ত থাকার পরও গত শনিবার সকাল থেকেই বাড়ানো হচ্ছে পণ্যটির দাম।

প্রতি কেজি দেশি পেঁয়াজ শুক্রবার ৪৫ টাকা বিক্রি হয়েছে, বুধবার তা বিক্রি হয়েছে সর্বোচ্চ ৮০ টাকা। অর্থাৎ চার দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৩৫ টাকা পর্যন্ত। দফায় দফায় বৃদ্ধির কারণে গত বছরের মতো আবারও প্রতি কেজির দাম অচিরেই একশ টাকা অতিক্রম করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ী ও বাজারসংশ্লিষ্টরা জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে ভারত পেঁয়াজ রপ্তানি কমিয়েছে। বন্যার কারণে দেশটিতে কিছুটা বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম। আবার বেশি দামের আশায় আমদানিকারকরা আগ থেকেই পেঁয়াজ পর্যাপ্ত মজুত রেখেছে। মূলত এসব কারণে দেশের বাজারে হু-হু করে পণ্যটির দাম বাড়ছে।

রাজধানীর খুচরা বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ টাকা। শনিবার তা বেড়ে ৫৫-৬০ টাকা হয়। সোমবার বিক্রি হয় ৬০-৬৫ টাকা। মঙ্গলবার কেজিপ্রতি ৭০ টাকা বিক্রি হলেও সর্বশেষ বুধবার বিক্রি হয়েছে সর্বোচ্চ ৮০ টাকা।

বাজার তদারকি সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার যুগান্তরকে বলেন, পেঁয়াজসহ অন্যান্য পণ্যের দাম সহনীয় রাখতে প্রতিদিন বাজার তদারকি করা হচ্ছে। দাম বৃদ্ধির কারসাজি ধরতে মোকাম থেকে পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রির ও ক্রয়ের রসিদ দেখা হচ্ছে। কোনো অনিয়ম সামনে আসলেই শাস্তির আওতায় আনা হচ্ছে। আশা করি কয়েকদিনের মধ্যে দাম ভোক্তার ক্রয় ক্ষমতায় চলে আসবে।

কাওরান বাজারের খুচরা বিক্রেতা সোনাই আলী যুগান্তরকে বলেন, পাইকারি বাজারে দফায় দফায় পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে। যে কারণে বাড়তি দাম দিয়ে এনে বেশি দরে বিক্রি করতে হচ্ছে। ফলে ভোক্তার পণ্যটি কিনতে গত বছরের মতো বেশি টাকা খরচ করতে হচ্ছে। কিন্তু তাদের যা রাগ আমাদের মতো খুচরা বিক্রেতাদের ওপর ঝাড়ছে। আমাদের ক দোষ পাইকার ও আমদানিকারকরা যদি দাম বৃদ্ধি করে সেক্ষেত্রে আমাদেরও বাড়তি দামে কিনতে হয়। বিক্রিও করতে হয় বেশি দরে।

রাজধানীর পাইকারি আড়ত শ্যামবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী সংকর চন্দ্র ঘোষ যুগান্তরকে বলেন, গত বৃহস্পতিবার প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩৫ টাকায় বিক্রি হলেও বুধবার বিক্রি হয়েছে ৬৫ টাকা। কারণ মোকামে আমদানিকারকরা সরবরাহ কম থাকার অজুহাতে দাম বাড়িয়েছে। কিন্তু মূল বিষয় হচ্ছে, পূজার কারণে ভারত থেকে আমদানি কমেছে। আবার আমদানি করলেও আমদানিকারকরা আগে থেকেই পেঁয়াজ পর্যাপ্ত মজুত রেখেছে। কিন্তু এখন বাজারে কম ছাড়ছে। বিক্রিও করছে বেশি দরে। যে কারণে দেশের বাজারে দাম বেড়েছে।

চট্টগ্রামের পেঁয়াজ আমদানিকারক মো. আলী যুগান্তরকে বলেন, ভারতে বন্যাতে পেঁয়াজের দাম বেড়েছে। পাশাপাশি পূজার কারণে আমদানি কম হচ্ছে। তাই দাম বেড়েছে। তবে এই দাম বাড়ার চিত্র ক্ষণস্থায়ী। আমদানি বাড়লেই দাম আবার আগের মতো হয়ে যাবে।

বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল ব্রিটেন

বাংলাদেশসহ বিশ্বের ৩১টি দেশ ও অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে। করোনাভাইরাস মহামারি সংক্রান্ত ব্রিটেনের জনস্বাস্থ্যবিধির হালনাগাদ তথ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানানো হয়।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রুজ এ বিষয়ে বলেন, এই পরিবর্তনগুলো ভ্রমণকে আরও সহজ করে তুলবে। ব্যবসায় হবে অগ্রগতি। তাছাড়া পরিবার, প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে সহজেই দেখা করা সম্ভব হবে। আমরা মানুষকে নিরাপদ রাখার পাশাপাশি সঠিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছি। কারণ এটিই আমাদের অগ্রাধিকার।

বিবিসির খবরে বলা হয়েছে, যারা দুই ডোজ টিকা নিয়েছেন তারা সহজেই ভ্রমণ করতে পারবেন। নতুন এই সিদ্ধান্তের কারণে ব্রিটেনের মানুষ আরও সহজেই অধিক সংখ্যক গন্তব্যে ভ্রমণ করতে পারবে।

বিধি-নিষেধে পরিবর্তনের আগে পর্যন্ত এফসিডিও করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় বিশ্বের ১১৭টি দেশ ও অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

বুধবার যুক্তরাজ্য সরকারের ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) দেশটির আগের আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা ‌দেশগুলোর ‘রেড লিস্ট’ হালনাগাদ করেছে।

বাংলাদেশ এবং অন্যান্য ৩১টি দেশ ও অঞ্চলের সাম্প্রতিক করোনাভাইরাস পরিস্থিতি মূল্যায়নের পর এসব দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এফসিডিও।

যেসব দেশের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে সেগুলো হলো- বাংলাদেশ, টোকেলাউ ও নিউ, জিবুতি, গিনি, ফিজি, গাম্বিয়া, গায়ানা, কাজাখস্তান, কিরিবতী, কসোভো, লাইবেরিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, আলজেরিয়া, সাউ তোমি ও প্রিন্সিপে, সেনেগাল, সলোমন আইল্যান্ডস, টোগো, টোঙ্গা, আর্মেনিয়া, বেলারুশ, বেনিন, কমোরোস, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাউরু, টুভালু, ভানুয়াতু, কঙ্গো, আমেরিকা সামোয়া, ফ্রেঞ্চ পলিনেশিয়া ও ঘানা।