বৃহস্পতিবার ,৭ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 649

বিজয়ের মাসে আসছে আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’

গুণী নির্মাতা নুরুল আলম আতিক কয়েক বছর আগে সরকারি অনুদানে নির্মাণ করেছিলেন ছবি ‘লাল মোরগের ঝুঁটি’। এটি সম্প্রতি আনকাট সেন্সর পেয়েছে। আগামী ১০ নভেম্বর এটি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। ১৯৭১ সাল। বাংলাদেশ এক বন্দীশালা। বিহারী অধুষিত ছোট এক শহর। সেখানে ব্রিটিশদের গড়া বিমানবন্দরটি সচল করতে আর্মি আসে। পাকিস্তানি আর্মির উপস্থিতিতে জনপদে ঘটে যাওয়া কাহিনী নিয়ে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’।

পাণ্ডুলিপি কারখানার ব্যানারে নির্মিত এ ছবিটিতে অভিনয় করেছেন— লায়লা হাসান, আহমেদ রুবেল, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার অপু, ইলোরা গহর, জ্যোতিকা জ্যোতি, আশনা হাবিব ভাবনা, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, জোবায়ের, দীপক সুমন প্রমুখ।
ছবিটি নিয়ে নূরুল আলম আতিক বলেন, আমাদের সিনেমায় মহান মুক্তিযুদ্ধ একরৈখিকভাবে উপস্থাপিত হয়, এর বাইরেও অসংখ্য প্রেক্ষাপট রয়েছে, ‘লাল মোরগের ঝুঁটি’ তেমন একটি প্রচেষ্টা।

যে কারণে ইংল্যান্ডকে নিয়ে চিন্তিত উইলিয়ামসন

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে জোড়া টাই-নাটকের পর বেশি বাউন্ডারি মারার অদ্ভুত নিয়মে নিউজিল্যান্ডের স্বপ্ন ভেঙে শিরোপা উৎসব করেছিল ইংল্যান্ড।

দুই বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আবারও মুখোমুখি সেই ইংল্যান্ড-নিউজিল্যান্ড।

কিউইদের মধ্যে পুরোনো হিসাব চুকানোর তাড়না থাকলেও আবুধাবিতে মঙ্গলবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে প্রতিশোধ শব্দটি মুখেই আনেননি নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। উল্টো তিনি জানালেন ইংল্যান্ডকে নিয়ে তার দল বরং চিন্তিত। এর কারণও রয়েছে যথেষ্ট। মরগানের দলের প্রায় সবাই রয়েছেন ফর্মে। এমন পরিস্থিতিতে এ দলকে নিয়ে যে কেউ চিন্তায় থাকবে এটিই তো স্বাভাবিক বিষয়।

যদিও চোটের কারণে জেসন রয় ও টাইমাল মিলস ছিটকে গেছেন ইংল্যান্ড দল থেকে।

কিন্তু তা নিয়ে খুব একটা ভাবছেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কেননা, এ দুজন না থাকলে ইংল্যান্ডের শক্তি যে কমবে তা কিন্তু নয়।

নিউজিল্যান্ডের অধিনায়ক বলেন, ইনজুরি কখনোই কাম্য নয়। ইংল্যান্ডের জন্য ব্যাপারটা দুর্ভাগ্যজনক হলেও তাদের শক্তির জায়গা হলো দলের গভীরতা। দীর্ঘদিন ধরে একের পর এক প্রতিভা উপহার দিয়ে যাচ্ছে তারা। সব পজিশনেই তাদের ভালো বিকল্প আছে। ইংল্যান্ড খুবই শক্তিশালী দল, যারা দুর্দান্ত ক্রিকেট খেলছে। দলটির প্রায় সবাই ম্যাচ জেতানো খেলোয়াড়। ব্যাটিং লাইনআপ অনেক দীর্ঘ।

ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে নিজের দলের বোলিং সম্পর্কে বলতে গিয়ে উইলিয়ামসন বলেন, সব সংস্করণেই দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছে বোল্ট ও সাউদি। তাদের অভিজ্ঞতা নিউজিল্যান্ড দলের জন্য অমূল্য। জুটি বেঁধে অসাধারণ বোলিং করে যাচ্ছে তারা। সামনে থেকে আমাদের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছে। ভিন্ন কন্ডিশনেও খুব ভালোভাবে নিজেদের মানিয়ে নিয়েছে তারা। দলের অন্যতম স্তম্ভ এ দুজন।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের স্মৃতি নিয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক বলেন, অসাধারণ এক ম্যাচ ছিল সেটি। শেষটা যেমনই হোক, অভিজ্ঞতাটা কখনো ভোলার নয়। সেবার যেভাবে বিজয়ী নির্ধারণ করা হয়েছিল, সেটি কারও বোধগম্য নয়। কিন্তু নিয়ম তো নিয়মই। আমরা সেটি পেছনে ফেলে পরের চ্যালেঞ্জের দিকে তাকিয়ে। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভিন্ন ম্যাচ, ভিন্ন চ্যালেঞ্জ। অতীত ভুলে আপনাকে এগিয়ে যেতে হবে।

সেমিফাইনালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের প্রথম ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাত ৮টায় অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ ম্যাচটি।

গ্রুপ পর্বে দুই দলই হেরেছে একটি করে ম্যাচ। তবে দুই দলের খেলোয়াড়রা রয়েছেন দুর্দান্ত ফর্মে।

নিউজিল্যান্ডের সেরা পারফরমার যারা

গাপটিল রয়েছেন সেরা ফর্মে। পাঁচ ম্যাচে তার সংগ্রহ ১৭৬ রান। এরপর কেন উইলিয়ামসনের ১২৬, জোসেপ মিচেলের রান ১২৫ ও ফিলিপসের রান ৮৫। বোলিংয়ে দুর্দান্ত করছেন ট্রেন্ট বোল্ট। তার শিকার ১১ উইকেট। এরপর রয়েছেন ইশ সোধি। তার শিকার ৮ উইকেট। টিম সাউদি শিকার করেছেন ৭ উইকেট।

ইংল্যান্ডের সেরা পারফরমার যারা

সেরা রান সংগ্রাহক জস বাটলার। তিনি পাঁচ ম্যাচে করেছেন ২৪০ রান। তার ওপরে রয়েছেন শুধু পাকিস্তানের বাবর আজম। আদিল রশিদ নিয়েছেন ৮ উইকেট। মঈন আলী পেয়েছেন ৭ উইকেট। টিএস মিলস শিকার করেছেন ৭ উইকেট ও ক্রিস জর্দানের উইকেট সংখ্যা ৬।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

জস বাটলার, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, ইয়ন মরগান, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম বিলিংস/ডেভিড উইলি, ক্রিস উকস, ক্রিস জর্দান, আদিল রশিদ ও মার্ক উড।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সৌধি ও ট্রেন্ট বোল্ট

শপিংব্যাগে এক কেজি ‘আইস’, ২ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় শপিংব্যাগ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ সময় দুই রোহিঙ্গা নারী ও পুরুষকে আটক করা হয়।

মঙ্গলবার বিকালে টেকনাফ পৌর এলাকার পুরনো বাসস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা জাদিমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তবে তাদের নাম জানা যায়নি।

রাতে কক্সবাজার র‌্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) এএসপি মো. আবু সালাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব -১৫ জানায়, মঙ্গলবার বিকালে কক্সবাজার র‌্যাব ১৫-এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফ পৌর এলাকার পুরনো বাসস্টেশন এলাকায় অভিযানে যায়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ওই দুই রোহিঙ্গা নারী ও পুরুষকে আটক করা হয়। এ সময় তাদের হাতে থাকা শপিংব্যাগ তল্লাশি করে ওই ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়।

আটক মাদক কারবারি ও উদ্ধার হওয়া আইস আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ময়মনসিংহে ট্রাকচাপায় ২ অটোরিকশাযাত্রী নিহত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বালুভর্তি ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হয়েছেন।

বুধবার সকালে বালিপাড়া সড়কের রামপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ত্রিশাল থানার ওসি মাইনদ্দিন জানান, ট্রাকটি বালু নিয়ে ত্রিশাল উপজেলা থেকে ঢাকায় যাচ্ছিল। পথে বালিপাড়া সড়কের রামপুরা এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশাকে ওই ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন তিনজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

ইসরাইলের প্রধানমন্ত্রীকে ধমকালেন ইথিওপিয়ার আবি আহমেদ

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে টেলিফোন করে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি নাফতালি বেনেতকে বলেছেন, ইথিওপিয়া থেকে সম্প্রতি ইসরাইল সংখ্যালঘু ইহুদি নামধারী যেসব মানুষকে সরিয়ে নিয়েছে তারা আসলে টাইগ্রে বিদ্রোহী এবং যুদ্ধাপরাধী।খবর টাইমস অব ইসরাইলের।

ফোনালাপকালে আবি আহমেদ প্রচণ্ড উত্তেজিত হয়ে যান এবং বেনেতের সঙ্গে ধমকের সুরে কথা বলেন।

তিনি বলেন, যাদেরকে অভিবাসনের নামে ইসরাইলে নিয়ে যাওয়া হয়েছে তারা টাইগ্রে গণহত্যায় জড়িত ছিল এবং ইথিওপিয়ার আদালতে তাদের বিচার হওয়ার কথা রয়েছে। এ ধরনের যুদ্ধাপরাধীদের ইসরাইলে আশ্রয় দেয়ার জন্য তিনি ইহুদিবাদী প্রধানমন্ত্রীর তীব্র নিন্দা জানান।

ইসরাইলের চ্যানেল-১৩ জানিয়েছে, গত বছর ইথিওপিয়ার যেসব ইহুদিকে ইসরাইলে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে অন্তত চারজন টাইগ্রে গণহত্যায় জড়িত বিদ্রোহী কর্মকর্তা।

এর আগে ইসরাইলি দৈনিক হারেৎজ জানিয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনামলে যাদেরকে টাইগ্রে অঞ্চল থেকে গোপনে ইসরাইলে আনা হয় তাদের অনেকে ইহুদি ধর্মাবলম্বীই নয়।

ইসরাইলে ইথিওপিয়া থেকে আগত এ ধরনের এক লাখ ৪০ হাজার ইহুদি অভিবাসী রয়েছে। এদের মধ্যে ৮০ হাজারকে আনা হয় ১৯৮৪ থেকে ১৯৯১ সালের মধ্যে।

দোহা থেকে কাবুলে ফিরলেন মোল্লা স্তানিকজাই

আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই গত সোমবার রাজধানী কাবুলে প্রবেশ করেছেন।

তালেবানের গণমাধ্যম অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ জালাল এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন। খবর আফগান ইসলামিক প্রেসের।

তিনি বলেন, তালেবান আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর এই প্রথম মোল্লা স্তানিকজাই কাবুলে প্রবেশ করলেন। গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে।

এর আগে স্তানিকজাই তালেবানের আলোচক প্রতিনিধিদলের প্রধান এবং কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরে উপপ্রধানের দায়িত্ব পালন করেছেন।

এর আগে অসমর্থিত খবরে জানা গিয়েছিল যে, শের মোহাম্মদ স্তানিকজাই আফগানিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়ে নাখোশ হয়েছেন। তিনি এর চেয়ে উঁচু পদমর্যাদার কোনো পদ কামনা করেছিলেন।

আমেরিকার সঙ্গে তালেবানের যে সংলাপের মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ক্ষেত্র সৃষ্টি হয় আব্বাস স্তানিকজাই তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্য দেশের সঙ্গে তালেবানের আলোচনায়ও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।

এক প্রশ্নের দামই ১৫ লাখ টাকা

অবশেষে রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সত্যতা পেয়েছেন গোয়েন্দারা। ফাঁস চক্রের সদস্যরা প্রথম ব্যক্তির কাছে একটি প্রশ্ন বিক্রি করে ১৫ লাখ টাকায়। সেই প্রশ্ন হাত বদল করে কোটি কোটি টাকা পকেটে তুলেছে চক্রের সদস্যরা।

যারা প্রশ্ন ফাঁস করেছেন এবং যারা প্রশ্ন কিনে পরীক্ষা দিয়েছেন তাদের ১০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। এদের মধ্যে দুজন এর আগে ফাঁস হওয়া প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে ব্যাংকের চাকরি পান। তখন থেকেই প্রশ্ন ফাঁস চক্রে জড়িত তারা। এ চক্রে জড়িত তেজগাঁওয়ের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্পর্কেও খোঁজখবর নিচ্ছেন গোয়েন্দারা।

শনিবার নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার পরই প্রশ্ন ফাঁসের অভিযোগ করেন অনেক চাকরিপ্রত্যাশী। তাদের অভিযোগ ছিল, পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ১০০টি প্রশ্নের প্রিন্ট করা উত্তরপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার তদন্তে বের হয়েছে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগের সূত্র ধরে প্রাথমিক তদন্তে প্রশ্ন ফাঁসের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত পাওয়া গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার হারুন অর রশীদ যুগান্তরকে বলেন, রাষ্ট্রায়ত্ত ৫টি ব্যাংকের প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি সত্য। প্রশ্নপত্র যারা ফঁাঁস করেছেন এবং যারা ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়েছেন তাদের ১০ জনকে আটক করা হয়েছে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় টেন্ডারের মাধ্যমে এ প্রশ্নপত্র তৈরি ও পরীক্ষা নেওয়ার দায়িত্ব পালন করেন। সেখান থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়। প্রথম ব্যক্তি ১৫ লাখ টাকায় একটি প্রশ্নপত্র কিনেন। পর্যায়ক্রমে সবাইকে ধরা হবে।

এ প্রসঙ্গে শনিবার ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য ও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির বলেন, ‘পরীক্ষায় আবেদনকারীদের মধ্যে ৫৬ শতাংশ অংশ নিয়েছে। প্রশ্ন ফাঁস হওয়ার কোনো ঘটনা আমাদের নজরে আসেনি। এমন কিছু হলে পরীক্ষার আগেই শোনা যেত।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় শনিবার বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত। ১ হাজার ৫১১টি পদের বিপরীতে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন চাকরি প্রত্যাশী। একাধিক প্রার্থীর দাবি, পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ১০০টি প্রশ্নের প্রিন্ট করা উত্তরপত্র ফেসবুকে পাওয়া গেছে। ফেসবুকে উত্তরপত্র ছড়ানোর ঘটনায় চাকরিপ্রার্থীরা প্রশ্ন তোলেন, পরীক্ষা চারটায় শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ১০০টি প্রশ্নের ‘সঠিক উত্তর’ ফেসবুকে পাওয়া সম্ভব নয়। এটা প্রমাণ করে প্রশ্নপত্র ফাঁস হয়েছে।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগের সূত্র ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তদন্তে নামে। প্রযুক্তি কাজে লাগিয়ে তথ্য সংগ্রহের পর দুদিন টানা অভিযান চালায় দলটি। ঢাকা, সাভার ও উত্তরবঙ্গের ঠাকুরগাঁওয়ে অভিযানকালে গোয়েন্দা জালে আটক হয় ১০ জন। এদের মধ্যে জামালপুরের স্বপন, জাহিদ, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার ইমদাদুল হক খোকন, পূবালী ব্যাংকের কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র (চাকরি প্রার্থী) সাজ্জাদ হোসেন শিহাবের নাম জানা গেছে। এদের ঢাকা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি কর্মকর্তারা জানতে পেরেছেন, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। এদের মধ্যে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার ইমদাদুল হক খোকন প্রশ্ন ফাঁস চক্রে জড়িত থাকার কথা স্বীকার করে পুলিশকে জানিয়েছেন, তিনি নিজেও ফাঁস হওয়া প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে চাকরি নেন। এরপর থেকে ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িয়ে যান তিনি।

এই অনৈতিক কাজের মাধ্যমে তারা চাকরি প্রার্থীদের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন। তবে এবারের কৌশল একটু ভিন্ন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। এবার চক্রের সদস্যরা রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে পাওয়া প্রশ্নপত্র অনুযায়ী সঠিক উত্তর লিখে তা বিপুল টাকার বিনিময়ে চাকরি প্রার্থীদের কাছে বিক্রি করেন। আটককৃতদের কাছ থেকে পাওয়া তথ্য দু-এক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে তুলে ধরা হতে পারে।

গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের নিয়োগ পরীক্ষা ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে হয়। নিয়োগ কমিটি সাচিবিক দায়িত্ব পালন করেন। আর পরীক্ষা নেওয়ার জন্য তারা দরপত্র আহ্বান করে। এবার ৫টি রাষ্ট্রয়াত্ত ব্যাংকে নিয়োগের এ পরীক্ষা নেওয়ার কাজ পায় তেজগাঁওয়ের একটি বেরসরকারি বিশ্ববিদ্যালয়। সেখান থেকেই মূলত প্রথমে প্রশ্ন ফাঁস হয়।

ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত ১০ জনের মধ্যে ৮ জনই ব্যাংক কর্মকর্তা। আর ২ জন চাকরি প্রার্থী পরীক্ষার্থী। গ্রেফতারকৃতদের মধ্যে একজন প্রথম ১৫ লাখ টাকায় একটি প্রশ্ন কেনেন। এরপর তিনি একজন ব্যাংক কর্মকর্তার কাছে ওই প্রশ্ন বিক্রি করেন। তার মাধ্যমেই চক্রের অন্য সদস্যরা এ প্রশ্ন বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। সর্বনিম্ন ৩ লাখ টাকায় একটি প্রশ্ন বিক্রি হয় বলে গোয়েন্দারা জানতে পারেন।

২০১৭ সালের ১৯ মে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের বাছাইপর্বের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। পরে ওই পরীক্ষা বাতিল করা হয়। ২০১২ সালে জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ১৬ জনকে গ্রেফতার করেছিল র‌্যাব।

সূচকের বড় উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন

সূচকের বড় উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

এ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেন শুরু হয় ৬ হাজার ৮৬৮ পয়েন্ট থেকে। বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইএক্স সূচক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৯৩৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৭০ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬৪৪ পয়েন্টে।

এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৭টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৪৪টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৫৫ পয়েন্ট বেড়ে ২০ হাজার ২৫২ পয়েন্টে অবস্থান করছে।

ডিজেলের দাম একসঙ্গে ১৫ টাকা বাড়ানো ঠিক হয়নি: আমু

ডিজেলের দাম একসঙ্গে ১৫ টাকা বাড়ানো ঠিক হয়নি বলে মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলীয় জোট।

মঙ্গলবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর ইস্কাটনের বাসায় জোটের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, ‘ডিজেলের দাম এক সঙ্গে ১৫ টাকা বৃদ্ধি করা ঠিক হয়নি। যারা এটা করেছেন, তাদের উচিত ছিল ত্রি-পক্ষীয় একটা আলোচনা করে সবকিছু নির্ধারণ করা।’

ডিজেলের দাম বৃদ্ধির আগে বাস মালিক ও জনগণের প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসা ঠিক হতো বলেও জানান তিনি। এ সময় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘রাজস্ব কমিয়ে দিলেই হতো। ভারততো করেছে।’

বৈঠকে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ডিজেলের দাম বাড়ানো এবং সেটাকে কেন্দ্র করে বাস-লঞ্চ-ট্রাকসহ পরিবহণ ভাড়া যেভাবে বাড়ানো হয়েছে, সেটা অমানবিক বলেও মন্তব্য করেন জোট নেতারা। জোটের পক্ষ থেকে ভাড়া পুনঃনির্ধারণেরও আহ্বান জানানো হয়। একই সঙ্গে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সহিংসতামুক্ত এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের আহ্বান জানান তারা। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

এছাড়া বৈঠকে সম-সাময়িক রাজনীতিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।

করোনাকালে জোটের সাবেক মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যু এবং সমন্বয়ক ও মুখপাত্র হিসেবে আমির হোসেন আমুর দায়িত্ব নেওয়ার পর এটি ছিল ১৪ দলের প্রথম আনুষ্ঠানিক কোনো সরাসরি বৈঠক। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত সরাসরি এ বৈঠকে দলগুলোর নেতারা ১৪ দলীয় জোটের প্রাসঙ্গিতা এখনো বিদ্যমান জানিয়ে জোটকে আরো সক্রিয় ও কার্যকর করার কথাও বলেন।

এর আগে বৈঠকের শুরুতে মোহাম্মদ নাসিমসহ সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরনে শোক প্রস্তাব গ্রহণ ও এক মিনিট নীরবতা পালনও করা হয়।

আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন,‘১৪ দল মনে করে হঠাৎ করে ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি যুক্তিযুক্ত ও সঠিক নয়। সরকারের উচিৎ ছিল মালিক, জনগণের প্রতিনিধি ও সরকারের প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।’

তিনি আরো বলেন, ‘বাস ভাড়া বাড়ায় জনগণের যে দুর্ভোগ হয়েছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পেক্ষাপটে যেভাবে বাসভাড়া বাড়ানো হলো, সেটাও অমানবিক ও অত্যন্ত বেশি। অধিকাংশ বাসই সিএনজি গ্যাসে চললেও সব ধরনের বাসের ভাড়ার বাড়ানো হয়েছে। হয় সব সিএনজিচালিত বাসকে ডিজেলে রূপান্ততর করা হোক, নয়তো জনগণের তীব্র দুর্ভোগ ও ভোগান্তি লাঘবে পরিবহন ভাড়া যুক্তিযুক্ত ও সহনীয় মাত্রায় পুনর্নিধারণ করা হোক।’

দ্রব্যমূল্য কমাতে সংশ্লিষ্টদের সঙ্গে সরকারের বৈঠক করার আহ্বান জানিয়ে আমির হোসেন আমি বলেন, ‘আমাদের দেশে সরবরাহ ও উৎপাদনে কোন ঘাটতি নেই। তারপরও অহেতুকভাবে দফায় দফায় যে পণ্যের দাম বাড়ানো হচ্ছে। সেইদিকে সরকারের দৃষ্টি দেওয়া উচিত ।’

ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বসে তা সুরাহা করার আহ্বান জানান তিনি।

ইউপি নির্বাচনে সহিংসতায় ১৪ দলীয় জোট উদ্বিগ্ন বলে জানান মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেন, ‘আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, যাতে সহিংসতা বন্ধ হয়। নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠুভাবে যাতে জনগণ ভোটে অংশগ্রহণ করতে পারে। আমরা বলছি না যে, নিরপেক্ষতা সরকারের পক্ষ থেকে নষ্ট হয়েছে। সহিংসতার কারণে মানুষ ভীত হবে। সহিংসতা বন্ধ করা হোক। যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ ও কঠোর হতে হবে।’

আমির হোসেন আমু বলেন, ‘সম্প্রদায়িকতার ঘটনায় সারাদেশে উদ্বিগ্নতা সৃষ্টি করেছে। আমরা লক্ষ্য করেছি, একটি সম্প্রদায়কে সামনে রেখে ঘটনাটি ঘটেছে। মূলত আমাদের রাষ্ট্র কাঠামোর মধ্যে যে অসাম্প্রদায়িকতা, সেই ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে নষ্ট করবার জন্য, দেশের সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এ কাজটি তারা করেছে। আমরা মনে করি সরকারকে তদন্ত স্বপেক্ষে এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। তিনি জানান, ১৪ দলের পক্ষ থেকে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে দেশের বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সসম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, গণআজাদী লীগের সভাপতি এস কে সিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান প্রমুখ।