শুক্রবার ,৮ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 640

আদালতে পরীমনি

মাদক মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানিতে অংশ নিতে আদালতে গেছেন চিত্রনায়িকা পরীমনি।

সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে হাজির হন তিনি।

এই আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নেওয়া সংক্রান্ত শুনানি হবে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম গত অক্টোবার এ দিন ঠিক করে দেন।

এ মামলার অপর দুই আসামি হলেন— আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

ওইদিন মাদক মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি।

গত ৪ অক্টোবর এ মামলায় পরীমনিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেয় সিআইডি।

১৩ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিতে ২৬ অক্টোবর দিন ধার্য করেন।

এর আগে ১০ অক্টোবর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। এর পর আদালত মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।

৪ আগস্ট বিকালে রাজধানীর বনানীর বাসায় অভিযান চালানোর পর পরীমনিকে বাসা থেকে গ্রেফতার করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করলে পর দিন ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ চিত্রনায়িকা।

ফিরছেন আরিফুল ইসলাম মিঠু

দীর্ঘদিন পর কোনো টেলিভিশন প্রোগ্রামে অংশ নিলেন বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী আরিফুল ইসলাম মিঠু। তার প্রাণবন্ত গায়কী শ্রোতাদের মুগ্ধ করে সব সময়। বিশেষ করে তার গজল সংগীত উপমহাদেশের প্রখ্যাত গায়ক মেহেদী হাসানের সঙ্গে তুলনা করা হয়। কিন্তু মিডিয়ার কাছে তিনি যেন অবহেলিতই থেকে গেলেন। এজন্য মিঠুও কম দায়ী নয়। তিনি নিভৃতচারী। সব সময় তিনি নিজেকে আড়াল করে নীরবে নিভৃতে থাকতেই ভালোবাসেন।

এ প্রসঙ্গে আরিফুল ইসলাম মিঠু বলেন, নীরবে এসেছি একদিন নীরবেই চলে যেতে চাই। এত ঢাকঢোল পেটানোর প্রয়োজন কী? তাছাড়া আকাশে চাঁদ উঠলে সবাই তা দেখবেই। আমি এখনো হয়তো তেমন কেউ হতে পারিনি। এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। মানুষের ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রাখবে আজীবন, স্রষ্টার কাছে এটাই আমার প্রার্থনা।

এই গুণী শিল্পী বৈশাখী টিভির ‘গোল্ডেন সং’ অনুষ্ঠানে গান গাইবেন। তাসনোভা মোহনার উপস্থাপনা এবং লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ১৫ নভেম্বর।

বিশ্বকাপে কোন দল কত টাকা পেল

সফল সমাপ্তি ঘটল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের। জানা গেল, ক্রিকেটের এই ক্ষুদে সংস্করণের চ্যাম্পিয়ন।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রোববার নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো টি-২০ শিরোপা জয় করেছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের দেওয়া ১৭৩ রানের টার্গেটে খেলতে নেমে ৭ বল হাতে রেখেই ৮ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়।

টি-টোয়েন্টি ফরম্যাটে তেমন একটা উজ্জ্বল ছিল না অস্ট্রেলিয়া। বিশ্বকাপে ফেভারিট হিসেবে আসেনি তারা। আসরের আগে বাংলাদেশের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছে দলটি।

আর সেই দলই স্বাদ নিল শিরোপার। গায়ে লাগাল চ্যাম্পিয়ন তকমা।

বিশ্ব চ্যাম্পিয়নদের অহংকার ও সম্মানকে যদিও টাকার অংকে পরিমাপ করা যায় না, তবুও প্রাইজমানি বলে একটা বিষয় তো থাকছেই।

টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত পেল অ্যারন ফিঞ্চের দল?

মোট ৫৬ লাখ ডলার প্রাইজমানি দেওয়া হয়েছে এবারের বিশ্বকাপে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি ৮৯ লাখ টাকা!

ট্রফির পাশাপাশি অস্ট্রেলিয়া পাচ্ছে ১৬ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি ৬৮ লাখ টাকা)

তিনবার ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হলো না কেইন উইলিয়ামসনদের। এবারও রানার্সআপ হয়েই ভগ্ন হৃদয়ে দেশে ফিরতে হচ্ছে কিউইদের।

তবে ফাইনালে ওঠায় নিউজিল্যান্ড পাচ্ছে ৮ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৮৪ লাখ টাকা)

সেমিফাইনালে হেরে যাওয়া দুদল পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা পাচ্ছে ৪ লাখ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা।

নিরাশ হতে হবে না সুপার টুয়েলভ থেকে বিদায় নেওয়া বাকি দলগুলোকে।

সুপার টুয়েলভে অংশ নেওয়া খেলা ১২ দলের প্রত্যেকেই পেল ৭০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯ লাখ ৮৬ হাজার টাকা)।

প্রথম রাউন্ডে দলগুলোও প্রাইজমানি পেয়েছে। প্রতিটি দলই পেয়েছে ৪০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা)

এছাড়া প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভে প্রতিটি জয়ে দল পেয়েছে ৪০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা।)

বাবরের চেয়ে কম রান করেও ম্যান অব দ্য সিরিজ ওয়ার্নার

এবারের বিশ্বকাপ আসরে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের চেয়ে কম রান করেও ম্যান অব দ্য সিরিজ হয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। এ পুরস্কারকে পাকিস্তানের সমর্থকরা আইসিসির বিরুদ্ধে পক্ষপাতমূলক হিসেবে দেখছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তারা সমালোচনামুখর হয়েছে।

বাবর আজম ৬ ইনিংসে ৩০৩ রান করেন। আর ডেভিড ওয়ার্নার ৭ ইনিংসে করেন ২৮৯ রান। বাবর আজমের গড় রান ছিল ৬০.৬০ রান, আর ওয়ার্নারের গড় হলো মাত্র ৪৮.১৬ রান। বাবর আজম এবারের বিশ্বকাপে ৪টি হাফসেঞ্চুরি করেন। আর ওয়ার্নার এবারের বিশ্বকাপে মাত্র ৩টি হাফসেঞ্চুরি করেন। দুজনই ওপেনিং করেন আর দুজনই পুরো আসরে একবার করে অপরাজিত ইনিংস খেলেছেন।

আর এবারের আসরে ফিল্ডিংয়েও বাবর আজম ছিলেন ওয়ার্নারের দিক দিয়ে এগিয়ে। বাবর আজম ৬ ম্যাচে ক্যাচ ধরেছেন ৪টি আর ওয়ার্নার ৭ ম্যাচ খেলে ক্যাচ নিয়েছেন মাত্র ৩টি।

এসব দিক বিবেচনা করে স্বাভাবিকভাবেই ম্যান অব সিরিজের দাবিদার ছিলেন পাকিস্তানের ওপেনার বাবর আজম। কারণ ট্রফি যেই জিতুক ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পরাজিত দলের খেলোয়াড়দের দেওয়ার রেওয়াজও বিগত বিশ্বকাপগুলোতে দেখা গেছে।

বাবর আজম ম্যান অব দ্য সিরিজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে টুইট করেছেন পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতার। তিনি বলেন, বাবর আজমকে ম্যান অব দ্যা টুর্নামেন্ট পুরস্কার না দেওয়া (আইসিসির) অগ্রহণযোগ্য।

ওয়াকাস আমজাদ নামে পাকিস্তানের এক কর্মকর্তা টুইটারে বলেন, বিসিসিআইয়ের প্রভাবে বাবর আজম এগিয়ে থেকেও ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার থেকে বঞ্চিত হয়েছেন।

সাদ আরসালান সাদিক নামের একজন টুইটবার্তায় পরিসংখ্যান তুলে ধরেন-২০১৬ সালে ভারত সেমিফাইনাল থেকে বিদায় নিলেও বিরাট কোহলি ২৭৩ রান করে সর্বোচ্চ স্কোরার হিসেবে ম্যান অব দ্য সিরিজ পুরস্কার পেয়েছিল। কিন্তু ২০২১ সালে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া পাকিস্তানের বাবর আজম ৩০৩ রান করে সর্বোচ্চ স্কোরার হয়েও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হতে পারেননি। এই সিদ্ধান্ত অবশ্যই গ্রহণযোগ্য নয়।

নির্বাচনি সহিংসতা: দুই ইউনিয়নে সংঘর্ষে আহত ৫, ভাঙচুর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দুই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে এক অন্তঃসত্ত্বা নারীসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় কুমারী ইউনিয়নে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও সাত মোটরসাইকেল।

রোববার রাত ১০টার দিকে উপজেলার কুমারী ও ডাউকি ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় কুমারী ইউনিয়নের নৌকা প্রতীকের সেলিম (২৫) ও স্বতন্ত্র প্রার্থীর হিরণ নামে দুই কর্মীকে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। ঘটনার পর থেকে দুই ইউনিয়নে চরম আতঙ্ক বিরাজ করছে।

কুমারী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক বলেন, রোববার রাতে আমি নির্বাচনি পথসভা শেষ করে আমার অফিসে যাই। এ সময় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ পিন্টুর কর্মীরা হঠাৎ আমার নির্বাচনি অফিসে ভাঙচুর চালায় এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করে তারা। এ সময় আইয়ুব আলী (৩০) নামে আমার এক কর্মীকে ব্যাপক মারধর করে।

তিনি আরও বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীরা তাদের নিজেদের অফিস ভাঙচুর করে আমাদের নামে দোষ চাপানোর পাঁয়তারা করছে।

কুমারী ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) আবু সাইদ পিন্টু বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অফিস আমার কোনো কর্মী ভাঙচুর করেনি। উল্টো তারাই আমার একটি অফিস ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। এ সময় রিপন ও লাভলু নামে দুজন কর্মীকে মারধর করে তারা।

অন্যদিকে একই উপজেলার ডাউকি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজমুল হোসাইন বলেন, ইউনিয়নে ২নং ওয়ার্ডের পোয়ামারী গ্রামে আমার একটি অফিস ভাঙচুর করেছে নৌকা প্রতীকের চেয়ারম্যান (বর্তমান) প্রার্থী তরিকুল ইসলামের কর্মীরা। এ সময় আমার কর্মী আলী হোসেনকে (৪০) মারধর ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মিনি খাতুনের পেটে লাথি মেরে আহত করে। স্থানীয়ভাবে তাদের দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি।

নৌকা প্রতীকের অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী তরিকুল ইসলাম বলেন, ওটা বিএনপি নাকি জামায়াতের অফিস কেউ কিছুই জানে না। কোনো পোস্টারও ছিল না ওই অফিসে। ছোট একটা টঙ অফিস ছিল। ধাক্কাধাক্কির সময় হয়তো ভেঙে গেছে। আমার কর্মীরা কাউকে মারধর করেনি। উল্টো তারাই আমার এক কর্মীকে গালাগাল করেছে।

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, কুমারী ইউনিয়নে নৌকার প্রার্থীর দুই কর্মী আহত হয়েছে বলে জেনেছি। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে কে বা কারা। এ ঘটনায় পুলিশ উভয়পক্ষের দুজনকে আটক করেছে।

আর ডাউকি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাঙচুরের খবর জেনেছি। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত আগামী ২৮ নভেম্বর আলমডাঙ্গার সবকটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো আগ্নেয়াস্ত্র

বরিশালে মাটি খুঁড়তে গিয়ে অকেজো একটি রিভলভার পাওয়া গেছে।

রোববার দুপুরে সদর উপজেলার কাশিপুরের মগড়পারা গ্রামের খানবাড়ির পাশের ধানক্ষেত থেকে রিভলভারটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, সেন্টু হাওলাদার ও তার ছেলে সাইফুল ইসলাম খানবাড়ির পাশে ধানক্ষেতে চাষাবাদ করার জন্য মাটি খুঁড়তে থাকেন। এ সময় সেখানে থাকা আকাশমনিগাছের শিকড়ের পাশ থেকে পলিথিনে পেঁচানো অবস্থায় একটি রিভলভার দেখতে পান।

পরে এয়ারপোর্ট থানা পুলিশকে খবর দিলে তারা এসে রিভলভারটি উদ্ধার করে।

এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, পরিত্যক্ত অবস্থায় পুরনো, জং ধরা, অকেজো একটি রিভলভার উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

৪ দেশে ফ্লাইট স্থগিত করল তুরস্ক

চার দেশে ফ্লাইট স্থগিত করেছে তুরস্কের রাষ্ট্রীয় পতাকাবাহী তার্কিশ এয়ারলাইন্স (টিএইচওয়াই)। করোনা মহামারি থেকে সুরক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়।

রোববার তার্কিশ এয়ারলাইন্সের মিডিয়া বিভাগের জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াহইয়া উসতুন এ তথ্য জানান। খবর ডেইলি সাবাহর।

খবরে বলা হয়, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও শ্রীলঙ্কায় ফ্লাইট স্থগিত করেছে টার্কিশ এয়ারলাইন্স।

টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে উসতুন বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দেশে ফ্লাইট স্থগিত করা হয়েছে। টার্কিশ এয়ারলাইন্স নিরাপত্তাকে সবার আগে অগ্রাধিকার দেয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার ব্রাজিলে ৭৩১ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের পর লাতিন আমেরিকার এ দেশে করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। ব্রাজিলে এ পর্যন্ত মারা গেছেন ছয় লাখ ১১ হাজার মানুষ।

চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বজুড়ে মারা গেছেন ৫১ লাখ ১৫ হাজার মানুষ।

ইসরাইলি কারাগারে ৪ মাস ধরে অনশনে ফিলিস্তিনি বন্দি

ইসরাইলের কারাগারে ১২০ দিনেরও বেশি সময় ধরে অনশনরত এক ফিলিস্তিনি বন্দির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরাইলি চিকিৎসকরা। আরও চার ফিলিস্তিনি বন্দি ইসরাইলি বাহিনীর অবৈধ আটকাদেশের বিরুদ্ধে অনশন করছেন।

ইসরাইলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন পলিসি বা বিনাবিচারে আটক রাখার নীতির প্রতিবাদে ফিলিস্তিনি যুবক কাইদ আল-ফাসফুস গত চার মাসেরও বেশি সময় ধরে অনশন করে যাচ্ছেন। খবর ফিলিস্তিনি সংবাদ সংস্থা-ওয়াফার।

ইসরাইলের বারজিলাই মেডিকেল সেন্টারে বর্তমানে ফাসফুসের চিকিৎসা চলছে। তার এক ভাইয়ের বরাত দিয়ে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র জানিয়েছে, চিকিৎসকরা জানিয়েছেন— কাইদের রক্ত জমাট বেঁধে যাওয়ার উপক্রম হয়েছে, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হতে পারে।

এ ছাড়া অনশনরত এই ফিলিস্তিনি বন্দি অনিয়মিত হার্টবিট, কিডনি সমস্যা ও লো ব্লাড প্রেসারে ভুগছেন এবং তার শরীরে ভিটামিন ও তরল পদার্থের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে।

ফিলিস্তিনের বন্দিবিষয়ক কমিশন এরই মধ্যে সতর্ক করে দিয়ে বলেছে, ফাসফুসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং তিনি যে কোনো সময় মারা যেতে পারেন।

৩৪ বছর বয়সি ফাসফুস গত ১২৪ দিন ধরে অনশন করছেন। ইসরাইলি কারাগারে বছরের পর বছর ধরে বিনাবিচারে ফিলিস্তিনি বন্দিদের আটক রাখার প্রতিবাদে তিনি এই অনশন শুরু করেছেন।

একই রকম প্রতিবাদ জানিয়ে আরও চার ফিলিস্তিনি বন্দি বর্তমানে অনশন চালিয়ে যাচ্ছেন। এই পাঁচজনের মধ্যে ফাসফুস সবচেয়ে বেশি সময় ধরে অনশনে আছেন।

অপর চার অনশনরত ফিলিস্তিনি বন্দি হচ্ছেন— আলা’ আরাজ (৯৮ দিন), হিশাম আবু হাউয়াশ (৮৯ দিন), আইয়াদ হুরেইমি (৫২ দিন) এবং লুয়ায়ি আল-আসগর (৩৪ দিন)।

সূচকের মিশ্র প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিন বেলা ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৯৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১৪৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬৬০ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৫ কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১৩৬টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৩২ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৩২৬ পয়েন্টে অবস্থান করছে।

দুর্নীতিসহ রেড জোনে রেকর্ড

মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যায়নে এবার লাল তালিকায় রেকর্ড করেছে বাংলাদেশ। দেশটির ‘মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশনের’(এমসিসি) মূল্যায়নে দুর্নীতি নিয়ন্ত্রণসহ ২০ সূচকের মধ্যে ১৬টিতেই বাংলাদেশ রেড জোনে পড়েছে। গত ১৮ বছরের মধ্যে এই প্রথম এত বেশি লাল সূচকভুক্ত হলো দেশ। গ্রিন বা সবুজ জোনে রয়েছে মাত্র ৪টি সূচক। এবার নতুন করে অবনতি ঘটেছে চারটি সূচকে। আর উন্নতি ঘটেছে একটিতে। গত বছর ১৩টি সূচক ছিল রেড জোনে। প্রতিবছর ‘রেড’ এবং ‘গ্রিন’ রং দিয়ে সূচকের মান প্রকাশ করে এমসিসি। সম্প্রতি ২০২২ সালের জন্য বাংলাদেশের মূল্যায়ন প্রতিবেদনটি প্রকাশ করেছে মার্কিন এ সংস্থা (এমসিসি)।

লালসূচক বেশি পাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ডের (এমসিএফ) মোটা অঙ্কের অনুদান পাওয়া ফের অনিশ্চিত হয়ে পড়ল। স্কোর কার্ডের উন্নতির ভিত্তিতে সাধারণত কোনো দেশকে এই ফান্ডে যুক্ত করা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) পক্ষ থেকে দীর্ঘ কয়েক বছর চেষ্টা করেও এই ফান্ডে যুক্ত হতে পারছে না বাংলাদেশ। এবারও হলো না। এটাকে ব্যর্থতা হিসাবেই দেখছেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে জানতে চাইলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এবং আমেরিকা ও জাপান ইউং-এর প্রধান শাহরিয়ার কাদের সিদ্দিকী কোনো মন্তব্য করেননি। পরে কথা বলব বলে জানান। তবে ইআরডির অপর এক কর্মকর্তা বলেন, স্কোরের উন্নতি করাটা অত্যন্ত চ্যালেঞ্জিং। এমসিসি তৃতীয় পক্ষের মাধ্যমে এই মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করে। তারা আমাদের তথ্য খুব বেশি গ্রহণ করতে চায় না। ফলে এক্ষেত্রে উন্নতি করাটা প্রায় দুরূহ হয়ে পড়েছে।

প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, রেড জোনের সূচকগুলো হচ্ছে, কন্ট্রোল অব করাপশন (দুর্নীতি নিয়ন্ত্রণ), রাজনৈতিক অধিকার, সরকারের কার্যকারিতা, জমির অধিকার ও প্রাপ্যতা, নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকারিতা, বাণিজ্য নীতিমালা, ফ্রিডম অব ইনফরমেশন (তথ্যের স্বাধীনতা), অর্থনীতিতে নারী ও পুরুষের সমতা, স্বাস্থ্য খাতে সরকারি ব্যয়, প্রাথমিক শিক্ষায় সরকারি ব্যয় এবং প্রাকৃতিক সম্পদ রক্ষা সূচক। এছাড়া আরও রয়েছে বেসামরিক লোকের স্বাধীনতা, আইনের কার্যকারিতা, ঋণপ্রাপ্তির সহজলভ্যতা, ফিসক্যাল পলিসি (রাজস্বনীতি) এবং শিশু স্বাস্থ্য।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান যুগান্তরকে বলেন, এই প্রতিবেদনে বাস্তব অবস্থার প্রতিফলন ঘটেছে। এটা অত্যন্ত উদ্বেগজনক। বারবার একই ধরনের প্রতিবেদন প্রকাশ হলেও দুর্নীতি প্রতিরোধে কার্যকর কিছুই হয়নি। সেজন্য এই সূচক থাকছে লাল তালিকায়। সরকার হয়তো একটা ব্যাখ্যা দেবে। কিন্তু এ রকম যেসব প্রতিবেদন প্রকাশ হচ্ছে সেগুলো অস্বীকার করার সুযোগ নেই। কেননা সুশাসন প্রতিষ্ঠা না হলে দুর্নীতি কমবে না। সরকারের উচিত এসব মূল্যায়ন আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা।

এমসিসির প্রতিবেদনে সবুজ তালিকায় থাকা সূচকগুলো হচ্ছে-মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, টিকা দেওয়ার হার, বিজনেস স্টার্ট আপ (ব্যবসা শুরুর)। এছাড়া গত বছর রেড জোনে থাকলেও এবার গ্রিন জোনে উঠে এসেছে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় অন্তর্ভুক্তির সূচকটি। ইআরডির সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম যুগান্তরকে বলেন, অনেক বছর ধরে চেষ্টা করেও কোনো ফল হচ্ছে না। স্কোর উন্নতিতে ইআরডির তেমন কিছুই করার নেই। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নিতে পারে। তবে বিষয়টি অনেকটাই রাজনৈতিক। অর্থনৈতিক অংশ কম আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা মহামারির কারণে শিশুস্বাস্থ্যসহ কিছু সূচক নতুন করে রেড জোনে আসতে পারে। কেননা করোনা মোকাবিলা করতে গিয়ে এগুলোতে বেশি নজর দেওয়া সম্ভব হয়নি।

সূত্র জানায়, ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ সবচেয়ে বেশি সূচক রেড জোনভুক্ত হলো ২০২২ সালের প্রতিবেদনে। গত ১০ বছরের চিত্র হচ্ছে-২০২১ প্রতিবেদনে রেড জোনে ছিল ১৩টি সূচক। এছাড়া ২০২০ সালে ১২টি, ২০১৯ সালে ১১টি, ২০১৮ সালে ৭টি এবং ২০১৭ সালে ছিল ১০টি সূচক। এর আগে ২০১৬, ২০১৫ এবং ২০১৪ সালের প্রতিবেদনে ছিল ৯টি করে সূচক। ২০১৩ ও ২০১২ সালের প্রতিবেদনে রেড জোনে ছিল ১০টি করে সূচক।

সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, এটা দুর্ভাগ্যজনক। আমরা তো প্রতিনিয়তই দেখছি রাজনৈতিক স্বাধীনতা হরণ হচ্ছে। বিভিন্নভাবে রাজনৈতিক দমনপীড়ন চলছে। এরই প্রতিফলন ঘটেছে আন্তর্জাতিক মূল্যায়নে। এ ধরনের প্রতিবেদন সরকারকে জাগ্রত করার ক্ষেত্রে সহায়ক হবে।

ইআরডি সূত্র জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ড গঠন করে এবং এটি পরিচালনার জন্য ২০০৪ সালে প্রতিষ্ঠা করে মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন (এমসিসি)। ফান্ড গঠনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা। এমসিএফ’র আওতায় স্টেট ডিপার্টমেন্ট দুটি কর্মসূচির মাধ্যমে নির্বাচিত দেশগুলোকে সহায়তা করে থাকে। এর একটি হচ্ছে থ্রেসহোল্ড কান্ট্রি বা কম অঙ্কের সহায়তার দেশ। এই প্রোগ্রামের আওতায় সাধারণত ১০ কোটি থেকে ৪০ কোটি মার্কিন ডলার পর্যন্ত অনুদান দেওয়া হয়ে থাকে। অন্যটি হচ্ছে কমপ্যাক্ট অর্থাৎ বড় অঙ্কের সহায়তা। এর আওতায় ৫০ কোটি মার্কিন ডলার থেকে বিভিন্ন অঙ্কের অনুদান দেওয়া হয়। এই ফান্ডের সঙ্গে উন্নয়নশীল দেশগুলোকে যুক্ত করতে প্রতিবছর বৈঠক করে মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন (এমসিসি)। কোনো দেশকে মূল্যায়নের জন্য প্রথমদিকে ১৭টি নির্দেশক থাকলেও সর্বশেষ ২০১২ সালে নতুন নির্দেশকসহ মোট ২০টি নির্দেশক যুক্ত করা হয়। ওই বছরই প্রথমবারের মতো মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ডে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফর করেন। তখন ওই ফান্ডে অন্তর্ভুক্তির বিষয়ে তাকে অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে এ সংক্রান্ত এক বৈঠকে অংশ নিয়েছিল সরকারের প্রতিনিধিও। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিবছর বাংলাদেশের পার্টনারশিপ ডায়ালগ অনুষ্ঠিত হবে। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও হয়েছিল। এর মধ্যে এমসিএফ’র বিষয়ে বাংলাদেশ থেকে টেকনিক্যাল টিম পাঠাতে বলেছিল। কিন্তু টেকনিক্যাল টিম পাঠানো হলেও চ্যালেঞ্জ ফান্ডে যুক্ত হওয়ার বিষয়টি আর এগোয়নি।