শুক্রবার ,৮ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 638

ক্যাটরিনার মোট সম্পদের পরিমাণ কত?

বলিউডে ক্যাটরিনা কাইফের অভিষেক ঘটে ২০০৩ সালে। ‘বুম’ সিনেমার মাধ্যমে অভিষেক ঘটার পর এ অভিনেত্রী ৪০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরিশ্রম এবং অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করে নিয়েছেন এ অভিনেত্রী। এ ছাড়া বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নায়িকাদের মধ্যে তিনি একজন।

ভারতীয় গণমাধ্যম ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ক্যাটরিনা কাইফের মোট সম্পদের পরিমাণ প্রায় ২২৪ কোটি রুপির মতো।

তার মুম্বাইয়ে রয়েছে ৪৫ কোটি রুপির বাংলো। লন্ডনে যে বাংলো রয়েছে তার মূল্য ৭ কোটি রুপি। এ অভিনেত্রীর গ্যারেজে রয়েছে অডি, রেঞ্জ রোভার ও মার্সিডিজের মতো বিলাসবহুল গাড়ি।

সম্প্রতি ক্যাটরিনা অভিনীত ‘সূর্যবংশী’ মুক্তি পেয়েছে। ইতোমধ্যে বক্স অফিসে ছবিটি আয় করেছে ১৫০ কোটি রুপি।

ক্যাটরিনার ঝুলিতে বক্স অফিসে হিট সিনেমা থাকায় তিনি সিনেমাপ্রতি পারিশ্রমিক নেন ১১ কোটি রুপি। বিজ্ঞাপনের জন্য তিনি নেন অন্তত ৬-৭ কোটি রুপি।

সম্প্রতি নতুন করে ‘টিপ টিপ বারসা পানি’ গানের মিউজিক ভিডিওতে বলিউড তারকা অক্ষয়ের সঙ্গে দেখা গেছে ক্যাটরিনাকে। এ আইকনিক গানের রিমেকে ক্যাট তার নাচের জন্য প্রশংসা কুড়াচ্ছেন।

এদিকে ক্যাটরিনার সঙ্গে ভিকি কৌশলের বিয়ের জোরেশোরে প্রস্তুতি চলছে বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো।

বিয়ের জন্যে ইতোমধ্যেই ৭০০ বছরের পুরনো রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেল পুরোপুরি বুকিং করে নেওয়া হয়েছে।

৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলবে বলে শোনা যাচ্ছে।

কতবার প্রেম এসেছিল ক্যাটরিনার জীবনে?

ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা কাইফের বিয়ের প্রস্তুতি চলছে জোরেশোরে।

এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিয়ের জন্যে ইতোমধ্যেই ৭০০ বছরের পুরনো রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেল পুরোপুরি বুকিং করে নেওয়া হয়েছে। কারণ, দুই পরিবারেরই একাধিক আত্মীয় নভেম্বরের শেষেই চলে আসবেন রাজস্থানে। তারা সেখানেই থাকবেন। একাধিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে নিযুক্ত করা হয়েছে এই বিয়ের অনুষ্ঠান করার জন্য।

শুধু তাই নয় শোনা যাচ্ছে অতিথিদের তালিকাও ঠিক করা হয়ে গেছে।

অতিথির তালিকায় রয়েছেন— করণ জোহর, আলি আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেটি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবাণী ও বরুণ ধাওয়ানের মতো তারকারা।

৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলবে বলে শোনা যাচ্ছে।

যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা।

ঢাকায় এলেন বাবর-মালিক

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় এসেছেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম ও সাবেক অধিনায়ক শোয়েব মালিক। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গিয়ে পাকিস্তান দলের বাকিরা ঢাকায় চলে এলেও দুবাইয়ে ছিলেন এই দুজন।

দলের সঙ্গে না এসে পৃথকভাবে ঢাকায় এসেছেন বাবর ও মালিক।

মঙ্গলবার সকালে বাবর ও মালিককে বহনকারী ফ্লাইট রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আজ তাদের কোভিড টেস্ট করা হবে। করোনা নেগেটিভ হলে তাদেরকে কোয়ারেন্টিন করতে হবে না। তারা সরাসরি দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়তে পারবেন।

১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আজ অনুশীলনে যোগ দিয়েছেন ওপেনার রিজওয়ান।

বাবর ও মালিকের বুধবার থেকে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দোহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।

পাকিস্তান টেস্ট স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গোলাম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।

রোমাঞ্চকর বিশ্বকাপ চমৎকার অস্ট্রেলিয়া

বাতিলের খাতায় যাদের নাম লেখা হয়েছিল, সেই অস্ট্রেলিয়াই হাসল শেষ হাসি। গত পরশু রাতে দুবাইয়ে শেষ মহারণে নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। কেমন হলো এবারের টি ২০ বিশ্বকাপ? সাবেক অধিনায়ক রকিবুল হাসান ও অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরান চুলচেরা বিশ্লেষণ করেছেন।

রকিবুল হাসান : টি ২০ বিশ্বকাপের শুরুতে অস্ট্রেলিয়াকে কেউ এগিয়ে রাখেনি। ফেভারিট মনে করা হয়েছিল ভারত ও ইংল্যান্ডকে। ভারত শুরুর ধাক্কা সামলাতে না সামলাতেই তাদের বিশ্বকাপ শেষ হয়ে যায়। ভালো খেলে ফাইনালে এসে হারল নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ঠিক সময়ে ঘুরে দাঁড়িয়েছে। পাকিস্তান খেলেছে অসাধারণ। কিন্তু হোঁচট খেয়েছে আসল সময়ে। রোমাঞ্চ ছড়িয়েছে এবারের টুর্নামেন্ট। এই বিশ্বকাপে সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল টস। শিশিরের কারণে পরে ব্যাট করা দলের সুবিধা হয়েছে। পাকিস্তানের ফাইনাল খেলা উচিত ছিল হয়তো। তারা নিজেদের আলাদাভাবে চিনিয়েছে। নিউজিল্যান্ড বারবার ফাইনালের মঞ্চ থেকে ফিরছে। কেইন উইলিয়ামসনের দলটা অসাধারণ। তারা মানসিকভাবে অনেক শক্ত। ফাইনালেও তারা পরে ব্যাট করলে অন্যরকম ফল হতে পারত। এশিয়ায় বিশ্বকাপ হলো, অথচ ফাইনালে এশিয়ার কেউ থাকল না।

প্রথমদিকে বিশ্বকাপের উইকেট নিয়ে আলোচনা হয়েছে। পরে ভালো উইকেটে খেলা হয়। বোলিংয়ে সেরা পাঁচজনের মধ্যে তিনজনই স্পিনার, সেরা দুজন লেগ-স্পিনার। অভিজ্ঞরা এই বিশ্বকাপে প্রভাব ফেলেছে। ব্যাটিংয়েও পরীক্ষিতরাই ভালো করেছে।

এই বিশ্বকাপ থেকে বাংলাদেশের অনেক কিছু নেওয়ার আছে। কীভাবে উইকেট বুঝতে হবে, উইকেট বুঝে ব্যাটিং-বোলিং করতে হবে, এই বিশ্বকাপ অনেকটাই তা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বোলার ও ব্যাটার বুঝে পরিকল্পনা সাজাতে হয় কীভাবে, সেটাও দেখিয়েছে।

সারোয়ার ইমরান : বিশ্বকাপে এবার যে ধরনের উইকেটে খেলা হয়েছে, তাতে প্রথমদিকে ইংল্যান্ড ও পাকিস্তান ফেভারিট ছিল। ভারত তো প্রথম দুটি ম্যাচে খুবই খারাপ করল। এই বিশ্বকাপে পাকিস্তানকে খুবই ভালো খেলতে দেখা গেছে। অথচ, সেমিফাইনাল থেকে পাকিস্তান ও ইংল্যান্ড বিদায় নিল। শুরুটা অগোছালো মনে হলেও শেষের দিকে অস্ট্রেলিয়া ভালো খেলেছে। নিউজিল্যান্ড ছিল ধারাবাহিক। ইংল্যান্ড ও পাকিস্তান গ্রুপপর্বে যেভাবে খেলেছে, সেভাবে এগোলে তারা আরও সামনে যেতে পারত। অস্ট্রেলিয়া শেষের দিকে চমৎকার ক্রিকেট খেলেছে।

নিউজিল্যান্ড বারবার ফাইনালে হারছে, এতে ওদের দোষ নেই। ফাইনালে খেলাই বিরাট ব্যাপার। এবার বিশ্বকাপে টস গুরুত্বপূর্ণ ছিল। যারাই টস জিতেছে তারাই পরে ব্যাট করার সুবিধা পেয়েছে। তারাই বেশি ম্যাচ জিতেছে। ফাইনালেও সেই সুযোগটা নিয়েছে অস্ট্রেলিয়া। এই বিশ্বকাপে পাকিস্তান অনেক ভালো খেলেছে। অনেকদিন ধরে তারা ঘরের মাঠে প্রাণ খুলে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারে না। এবার তারা দারুণ ক্রিকেট খেলেছে।

বাংলাদশ এই বিশ্বকাপ থেকে কী নিতে পারে, একথা বলার আগে নিজেদের ঘর আগে ঠিক করতে হবে। কিছু নেওয়ার আগে ঘর গোছাতে হবে। তা না হলে জোর করে কিছুই নিতে পারবে না। দলের মধ্যে কোন্দল, বিশৃঙ্খলা থাকা কোনো ভালো খবর নয়। বিশৃঙ্খলার সুযোগ নিয়ে যারা নতুন দায়িত্বে আসছে তারাও কিছু করতে পারবে না। বরং আরও খারাপ হবে। তাই ভালো কিছুর জন্য সঠিক লোককে খুঁজে নিতে হবে।

একটা কথা বলা উচিত, সেই নদীতেই মাছ ভালো হয়, যেখানে কোনো বাধা থাকে না। তৃতীয়, দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগ কিংবা জাতীয় লিগ কীভাবে চলছে? জাতীয় লিগের কোনো মান নেই। ১০০ রান তাড়া করতে পারছে না কোনো দল। দেশের এই ক্রিকেট দেখার জন্য অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের কোচ হওয়ার কোনো প্রয়োজন নেই। ক্রিকেটারদের যেটা বেশি প্রয়োজন, সেই অনুশীলনের সুযোগ কী আছে এদেশে? ঢাকায় এক মিরপুরই ভরসা। বিভাগীয় শহরে কিছুই নেই। অথচ, আমাদের সমকক্ষ যাদের মনে করা হয়, সেই শ্রীলংকার অনুশীলন, জিম ও ক্রিকেটারদের সুযোগ-সুবিধা আমাদের চেয়ে শতগুণ ভালো। পাকিস্তানের প্রতিটি প্রথম শ্রেণির ক্লাবের আলাদা মাঠ, অনুশীলন ও খেলার সুবিধা আছে। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া তো অনেক দূরে। তাই বিশ্বকাপ থেকে ভালো কিছু নেওয়ার আগে নিজের ঘর ঠিক করে গোছান।

বিদেশি জাহাজের ধাক্কায় বাল্কহেডডুবি, ৫ নাবিক নিখোঁজ

বাগেরহাটে মোংলা বন্দরের পশুর নদে বিদেশি জাহাজের ধাক্কায় কয়লাবোঝাই একটি বাল্কহেডডুবির ঘটনা ঘটেছে। এসময় পাঁচ নাবিক নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে বন্দরের পশুর নদের হারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকরউদ্দিন এ তথ্য নিশ্চত করেছেন।

তিনি জানান, প্রায় সাড়ে ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পথে একটি বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ওই বাল্কহেডটি ডুবে যায়। এতে অন্তত পাঁচ নাবিক নিখোঁজ হয়।

নিখোঁজদের সন্ধানে বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ড তল্লাশি চালাচ্ছে বলে জানান ওই হারবার মাস্টার কমান্ডার।

হঠাৎ কলেজ হোস্টেলের ফ্লোর দেবে সাত ফিট গভীরে, আহত ৯

পটুয়াখালী সরকারি কলেজ হোস্টেলের ফ্লোর দেবে গিয়ে ৯ ছাত্র আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত ১২টার দিকে পটুয়াখালী সরকারি কলেজ শেখ কামাল ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রাবাসে অ্যালার্ড মিটিং শেষ করে বের হয়ে বারান্দায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে হঠাৎ করে ফ্লোরের নিচ ভেঙে প্রায় সাত ফিট গভীরে চলে যায়। ওই ফাঁকায় পড়েন ছাত্রাবাসের শিক্ষার্থীরা।

এ সময় ৯ ছাত্র আহত হন। তাদের পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটুয়াখালী সদর হাসপাতালের চিকিৎসক সেলিম মাতব্বর জানান, রাতে আহত ৯ ছাত্রকে হাসপাতালে আনা হয়। তাদের চিকিৎসা চলছে। ওই ছাত্ররা সবাই আশঙ্কামুক্ত।

যেসব শর্তে বিদেশিদের নাগরিকত্ব দেবে সৌদি আরব

বিদেশিদের নাগরিকত্ব দিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। বৃহস্পতিবার এক রাজকীয় ফরমানে এই অনুমোদন দেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। খবর সৌদি গেজেটের।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী বিদেশিদের নাগরিকত্ব দেবে সৌদি আরব। আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা ও প্রযুক্তিবিদ্যায় বিশেষ দক্ষতাসম্পন্ন ও মেধাবীদের এই নাগরিকত্ব দেওয়া হবে।

শর্তে বলা হয়েছে, মা বাবা উভয়েই যদি সৌদির নাগরিক হন তবে তাদের শিশু সৌদি বা বাইরের কোন দেশে জন্ম নিলে সে সৌদি নাগরিকত্ব পাবে।

এছাড়া দক্ষ ও চৌকস পেশাজীবীদের আকৃষ্ট করতে পেশাজীবীদের নাগরিকত্ব দিতে চায় দেশটি।

সৌদি গেজেটের খবরে বলা হয়, কর্তৃপক্ষের আশা নাগরিকত্ব পাওয়া দক্ষ পেশার মানুষজন সৌদি আরবের বিভিন্ন উন্নয়নে অবদান রাখবেন।

তবে খুব বেশি মানুষকে নয়, সীমিত সংখ্যক পেশাজীবীদের এই সুযোগ দেওয়া হবে।

হার্দিক পান্ডিয়ার ৫ কোটি টাকার দুটি ঘড়ি কাস্টমসে আটক

সামনে নিউজিল্যান্ড সিরিজে দলে জায়গা পাননি ভারতীয় অলরাউন্ডার ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। এ খবরের পর নতুন আরেক খারাপ পরিস্থিতির সামনে পড়লেন এ ক্রিকেটার। কাস্টমসে আটকা পড়ল তার শখের ৫ কোটি টাকার দুটি ঘড়ি।

বিশ্বকাপ খেলা শেষে দেশে ফেরার পথে বিমানবন্দরে আটকানো হয় এই অলরাউন্ডারকে। পরে সেখানে চেকিংয়ে আটক করা হয় তার সেই ৫ কোটি টাকার শখের ঘড়ি দুটি।

এ বিষয়ে এবিপি নিউজের বরাত দিয়ে একটি প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ খেলা শেষে আমিরশাহি থেকে দেশে ফেরার সময় বিমানবন্দরে হার্দিকের ঘড়ি দুটি আটক করে কাস্টমস বিভাগ। সেই ঘড়ি দুটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৫ কোটি বলে জানা যায়।

এমন ব্যয়বহুল ঘড়ির কোনো রশিদ দেখাতে পারেননি হার্দিক। আর ঘড়িগুলোর বিষয়ে সেখানে আসার আগে উল্লেখও করেননি বলেই তার ঘড়ি দুটি আটক করা হয় বলে সেই প্রতিবেদনে বলা হয়।

ব্যয়বহুল ঘড়ির প্রতি আগে থেকেই অনেক আগ্রহ আছে হার্দিক পান্ডিয়ার। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ঘড়ি সংগ্রহ দেখান তিনি। এমনকি অস্ত্রোপচারের পরে হাসপাতালের বেডে থাকা ছবিতেও তার হাতে পরে থাকতে দেখা যায় ব্যয়বহুল ঘড়ি।

মার্কিন চাপে তেল উত্তোলন বাড়াবে না ওপেক প্লাস

মার্কিন চাপের মুখে তেল উত্তোলন বৃদ্ধি করবেন না বলে জানিয়েছেন ওপেক প্লাসের নেতারা।

সোমবার সংস্থাটির নেতারা বৈঠক শেষে এ সিদ্ধান্ত নিয়েছেন। এতে উপস্থিত ছিলেন সৌদি আরব, আমিরাত ও রাশিয়াসহ ওপেক প্লাসের নেতারা। খবর আরব নিউজের।

ওপেক প্লাসের নেতারা বলেন, আমরা আগের নিয়মেই তেল উত্তোলন করব। কারও চাপে পড়ে অতিরিক্ত তেল উত্তোলন করব না।

আমিরাতের জ্বালানিমন্ত্রী সোহেল আল-মাজরুই বলেন, চাহিদা বাড়ায় ওপেক প্লাস প্রতি মাসে চার লাখ ব্যারেল তেলের উৎপাদন বাড়িয়েছে। এর চেয়ে বেশি তেল উত্তোলন তারা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, বিশ্বে ক্রমবর্ধমান চাহিদার কারণে সৌদি আরবসহ তেল উৎপাদনকারী দেশগুলোকে তেলের সরবরাহ বাড়াতে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

সূচকের বড় উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন

সূচকের বড় উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

এ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিন বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স সূচক ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ২৪ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৮০ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬৭৬ পয়েন্টে।

এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৬টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৫২টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ২৯টির।

অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৯৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫১৬ পয়েন্টে অবস্থান করছে।