মঙ্গলবার ,২৫ আগ, ২০২৬
sbacbank
Home Blog Page 637

সূচকের মিশ্র প্রবণতায় চলছে পুঁজিবাজার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন।

এ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিন বেলা ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক কোনো পয়েন্ট না বেড়ে ১৪৮৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করে ২৬৮১ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৩ কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৯২টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৮ পয়েন্ট কমে ২০ হাজার ৬২৯ পয়েন্টে অবস্থান করছে।

বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে সিসিইউতে মির্জা আব্বাস

বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালের সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার রাত দেড়টায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম যুগান্তরকে এ তথ্য জানিয়ে বলেন, ‘বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে দ্রুত কিছু পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিয়েছেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপির এ নেতা।’

 

সীমান্তে হত্যার প্রতিবাদে বিএনপির কর্মসূচি

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি ৪ নাগরিক হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সীমান্তবর্তী দুই জেলায় মানববন্ধন করবে বিএনপি।

আগামী ১৮ নভেম্বর লালমনিরহাটের কালীগঞ্জে, ১৯ নভেম্বর সিলেটের কানাইঘাটে এবং ২০ নভেম্বর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হবে।

মঙ্গলবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি লালমনিরহাটের কালীগঞ্জ ও সিলেটের কানাইঘাটে সীমান্তে বিএসএফের গুলিতে ৪ বাংলাদেশি হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলা হয়, জাতীয় স্থায়ী কমিটি মনে করে সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণেই সীমান্তে ভারত কর্তৃক বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যার ঘটনা ঘটছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের বক্তব্যেরও সমালোচনা করে বলা হয়, সীমান্তে চোরা-চালান বন্ধ করার জন্য গুলি করে মানুষ হত্যা কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

সোমবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপক সহিংসতা, প্রাণহানি, কারচুপি ও জালিয়াতির ঘটনায় নিন্দা জানিয়ে বলা হয়, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তকে দেশের গণতন্ত্রের জন্য এবং তৃণমূল পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার প্রশ্নে চরম হুমকি স্বরুপ।

বিএনপি এই আইন করার সময়ে তীব্র আপত্তি জানিয়ে ছিল এবং এই আইন সামাজিক বিভাজন ও সহিংসতা বৃদ্ধি করবে বলেও মত প্রকাশ করেছিল।এই নির্বাচনে চলমান সহিংসতার ঘটনাবলীর মধ্য দিয়ে বিএনপির বক্তব্যের সত্যতা প্রতিষ্ঠিত হল।

বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে যোগ্য নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচনের দাবিও জানানো হয় স্থায়ী কমিটির বৈঠকে।
জনদুর্ভোগের কথা বিবেচনা করে জ্বালানি তেল ডিজেল, কেরোসিন ও এলপিজি গ্যাসের মূল্য কমানোর দাবি জানানো হয় বৈঠকে।

৮ লাখ ২৭ হাজার ভ্যাকসিন দেওয়া হয়েছে মঙ্গলবার

দেশব্যাপী মঙ্গলবার আট লাখ ২৭ হাজার ৬১৪ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে মঙ্গলবার আট লাখ ২৭ হাজার ৬১৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে চার লাখ ৯৮ হাজার ১৪৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে তিন লাখ ২৯ হাজার ৪৬৯ জনকে।

এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে পাঁচ কোটি ২৫ লাখ সাত হাজার ২৪৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন তিন কোটি ৩৭ লাখ ৩৫ হাজার ৭৬৩ জন। অর্থাৎ আট কোটি ৬২ লাখ ৪৩ হাজার ১১ ডোজ টিকা দেওয়া শেষ হয়েছে।

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকাল ৪টায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও ফ্রান্সে তার সদ্য সমাপ্ত সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করার জন্য আজ সংবাদ সম্মেলনে বক্তৃতা করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, তার সরকারি বাসভবন গণভবনে বিকাল ৪টায় এ সাংবাদিক সম্মেলন শুরু হবে।

প্রধানমন্ত্রী ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগো, লন্ডন ও প্যারিসে সরকারি সফরকালে কপ২৬-এ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলন, বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২১, ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠান, ইউনেস্কোর ৪১তম সাধারণ সম্মেলন, প্যারিস শান্তি ফোরাম, ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন।

ফ্রান্সে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি দিবস পালন

যুদ্ধ মানব জাতির জন্য এক কালো অধ্যায়ের নাম। যে নামকে কেন্দ্র করে পৃথিবীকে রক্তাক্ত করে তোলে। প্রাণ বিসর্জন দেয় মুক্তি ও স্বাধীনতা পাগল জাতির বীর সৈনিক ও সন্তান।

তারই ধারাবাহিকতায় ১১ নভেম্বর একটি ঐতিহাসিক দিন। ফ্রান্সে সরকারি ছুটির দিন। প্রতি বছর এই দিনকে কেন্দ্র করে ফ্রান্সসহ বেশ কিছু দেশে ছুটির দিন পালন করা হয়। কিন্তু কেন ছুটির দিন? এখানে এই দিনের বিশেষ গুরত্ব বা তাৎপর্য রয়েছে। ২৮ জুলাই ১৯১৪ সালে শুরু হওয়া প্রথম বিশ্ব যুদ্ধ। আর এই যুদ্ধ ১৯১৮ সালের ১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।

এই সময় সেন্ট্রাল পাওয়ার বা কেন্দ্রীয় শক্তি পরাজিত হয়। কী পরিমাণ মানুষ মারা গেছে এ নিয়ে নানা সংখ্যা পাওয়া যায়। তবে এটুকু বলা যায় কয়েক কোটি মানুষ নিহত হয়। কয়েক কোটি মানুষ আহত হয় ও অসংখ্য মানুষ নিখোঁজ হয়। এ যুদ্ধের শেষে রাশিয়ান, জার্মান, অস্ট্রো-হাঙ্গেরি সাম্রাজ্য ও উসমানি খেলাফত ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়। এর মধ্যে কিছু যায় নতুন সাম্রাজ্যের অধীনে আর অস্ট্রিয়া, চেক স্লোভাকিয়া, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুনিয়া এবং তুরস্ক স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। তিনটি বড় সাম্রাজ্যের পতন হয়। এক উসমানি সাম্রাজ্য ও তুরস্ক ছাড়া বাকি সকল এলাকা ফ্রান্স ও ব্রিটেন ভাগ করে নিয়ে যায়।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয় লীগ অব নেশন্স। যার বর্তমান রূপ জাতিসংঘ। যুদ্ধে পরাজিত জার্মানিকে অস্ত্রহীন করে ২৬৯ বিলিয়ন গোল্ড মার্ক জরিমানা করা হয় এবং ১৮৭২ এর যুদ্ধে জার্মান কর্তৃক দখলকৃত আলসাক লরেন ফ্রান্সকে ফেরত দেয়া হয়। এ যুদ্ধের সুযোগে রাশিয়ায় বলশেভিক বিপ্লবের মাধ্যমে জার সম্রাটের পতন হয়ে ক্ষমতায় আসে লেনিনের সমাজতন্ত্র। বিশ্ব পরিস্থিতি ও বিশ্ব মানচিত্রে আসে বিপুল পরিবর্তন। এ যুদ্ধ ছিল পৃথিবীর জন্য এক ভয়াবহ দুর্দিনের কাল। এর আগে এমন আতংক আর দুর্যোগ পৃথিবী প্রত্যক্ষ করেনি। ইতিমধ্যে গুরুত্বের সঙ্গে ফ্রান্স ১১ নভেম্বর প্রথম বিশ্ব যুদ্ধের সমাপ্তি -স্মৃতিচারণার ১০৩তম দিবস পালন করেছে। এই দিনে ফ্রান্স সরকার অধিকাংশ যাত্রায় বাস ও মেট্রো রেল সংক্ষিপ্ত করে দেয়। সরকারি ও আধা সরকারি এবং প্রশাসনের উদ্দ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

শিশু রক্তশূন্যতায় ভোগে কেন, প্রতিকার

অ্যানিমিয়া বা রক্তাল্পতা। শিশুর শরীরে আরবিসি বা লোহিতকণিকার সংখ্যা কমে যায়। এই লোহিতকণিকা ব্রেনে এবং শিশুর সারা অঙ্গ-প্রত্যঙ্গে অক্সিজেন সরবরাহ করে। অস্থিমজ্জায় নতুন নতুন লোহিতকণিকা উৎপন্ন হয় এবং তা রক্তপ্রবাহ স্রোতে ছড়িয়ে পড়ে, যেখানে তাদের আয়ুষ্কাল হবে ১২০ দিনের।

শিশুর রক্তশূন্যতায় ভোগার কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী।
শিশু রক্তাল্পতায় ভোগে প্রধানত তিন কারণে-

প্রয়োজনমাফিক আরবিসি উৎপন্ন না হয়ে থাকলে

* নবজাতক শিশু উচ্চমাত্রার হিমোগ্লোবিন ও লোহিতকণিকা নিয়ে ভূমিষ্ঠ হয়। তবে দুই মাস বয়সে এসে তা নিচু মাত্রায় চলে আসে। এরপর সিগন্যাল পেয়ে বেশি আরবিসি উৎপাদনের প্রক্রিয়া চলে। এই সময়ের নির্দোষ অ্যানিমিয়া ক্ষতিকর নয়। কোনো ওষুধের চিকিৎসা লাগে না, শুধু মায়ের দুধপানই যথেষ্ট।

* দেহে যখন সুস্থ আরবিসি তৈরি হয় না, তখনও এ সংকট সৃষ্টি হয়; যেমন- আয়রন বা অন্যান্য উপাদানের ঘাটতিজনিত কারণে। দুই বছরের কম বয়সী শিশু এবং বয়ঃসন্ধিকালে শিশু অ্যানিমিয়ার প্রধানত আয়রন ঘাটতিজনিত কারণে হয়ে থাকে। বিশেষ করে কন্যাশিশুর যখন মাসিক শুরু হয়।

* ফলিক এসিড ও বি-১২ ভিটামিনের অভাবে অ্যানিমিয়া হয়। শিশু বয়সের আন্ত্রিক অসুখ সিলিয়াক ডিজিজে ভোগা রোগী এ অবস্থায় পতিত হয়।

* অস্থিমজ্জা যখন রক্তকণিকা তৈরি করতে পারে না, রক্তাল্পতার লক্ষণ নিয়ে সূচিত হয়। এ এক ভয়াবহ অসুখ। এর নাম অ্যাপ্লাসটিক অ্যানিমিয়া। ক্রাইসিস নিয়েও প্রকাশ পেতে পারে। ফ্যানকোনি ও টিইসি- এগুলোও এর অন্য রূপ।

* দীর্ঘমেয়াদি অসুখে ভোগা শিশু রক্তস্বল্পতায় পড়ে। ক্রোনিক কিডনি, হাইপোথাইরয়ডিজম, এডিসনস ডিজিজ, পিটুইটারি গ্রন্থির সমস্যা, যেখানে আরবিসি উৎপাদনের জন্য প্রয়োজনীয় হরমোন মেলে না, এই অসুবিধা নিয়ে আসে। সিসা পয়জনিংয়ের শিকার হলে শিশু রক্তশূন্যতায় ভোগে। হিমোগ্লোবিনের আয়রন অংশজাত হিম তৈরিতে বিষাক্ত সিসা বাধা দেয়।

লোহিতকণিকা যদি ভেঙ্গে যায়

অন্য নাম হিমোলাইটিক অ্যানিমিয়া। নানাবিধ কারণে উৎপন্ন হওয়ার অল্প সময়ের মধ্যে লোহিতকণিকা নষ্ট হয়ে যায়।

* ইনফেকশন, ড্রাগস, সর্প দংশন, বার্ন।

* ক্রোনিক লিভার ডিজিজ। মা বা বাচ্চার ব্লাড গ্রুপে গরমিল আর এইচ রক্ত গ্রুপের প্রতিক্রিয়াজনিত।

* সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, জি সিক্স পিডির অভাব।

* উচ্চ রক্তচাপ, প্লীহা স্ফীতি।

রক্তপাতজনিত কারণে

* ইনজুরি, বেশি রক্তস্রাব, পাকস্থলী-আন্ত্রিক রক্তপাত।

* কৃমির সংক্রমণ, বিশেষ করে বক্র কৃমি।

* রক্তপাতজনিত অসুখ-হিমোফাইলিয়া।

রোগচিহ্ন

* ফ্যাকাশে ভাব ত্বকে, ঠোঁটে, হাতে-পায়ের তালুতে।

* খিটখিটে মেজাজ, অতিশয় ক্লান্তি, মাথা ঘোরা, বুক ধড়ফড় করা।

কারণ অনুযায়ী অন্যান্য লক্ষণ

আয়রন ঘাটতিজনিত অ্যানিমিয়ায় শিশুর অমনোযোগিতা ও দৈহিক বাড়ন ঠিকমতো না হওয়া লক্ষণ নিয়ে আসতে পারে।

জন্ডিস কালো চা রঙের মূত্র, একটুতেই রক্তপাত সমস্যা প্রভৃতি।

পরীক্ষা-নিরীক্ষা

* সিবিসি, ব্লাড স্মিয়ার। ব্লাড আয়রন লেভেল।

* হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস-থ্যালাসেমিয়াতে।

* বোনম্যারো-অ্যাপ্লাসটিক অ্যানিমিয়া, লিউকেমিয়ায়।

চিকিৎসা

* কারণ অনুযায়ী। আয়রন ঘাটতিজনিত কারণে চিকিৎসক আয়রনসংবলিত ওষুধ লিখে থাকবেন। শিশুর খাবারে আয়রনসমৃদ্ধ আইটেম রাখার পরামর্শ দিতে পারেন। বেশি দুধপান বা দুগ্ধজাত ফর্মুলার ওপর নির্ভরশীল শিশু ফ্যাকাশে হয়ে যায়। তাই তার পরিমাণ কমিয়ে আনতে হবে। ফলিক এসিড বা বি-১২ ভিটামিনের অভাব থাকলে তা দেয়া যেতে পারে।

* গ্রামাঞ্চলে শিশু বয়সে অ্যানিমিয়ার প্রধান কারণ ঘন ঘন কৃমির সংক্রমণ। ১০০ বক্র কৃমি শিশু থেকে প্রতিদিন ৩০ সিসি রক্ত চুষে খায়। সুতরাং, নির্দিষ্ট সময় অন্তর কৃমির ওষুধ খাওয়ানো।

৭৬২ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে

জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে ‘পয়েন্টম্যান’ পদে ৭৬২ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। এ পদটির জন্য আবেদন করতে পারবেন আগামী ২৩ নভেম্বর সকাল ১০টা থেকেই। আবেদন করা যাবে অনলাইনে।

পদের নাম: পয়েন্টম্যান (গ্রেড-১৮)

পদ সংখ্যা: ৭৬২ জন

যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস।

বেতন: ৮,৮০০ থেকে ২১,৩১০

চাকরির ধরন: স্থায়ী

কাজের ধরন: ফুল টাইম

বয়স: আবেদনের সময়সীমা ১৮-৩০ বছর। তবে আগ্রহী প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ হিসাবে ৩০ বছরের মধ্যে হতে হবে। আবার এ বছরের ১৫ নভেম্বর যাদের বয়স ১৮ হয়েছে, তারাও আবেদন করতে পারেবেন। আর প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://br.teletalk.com.bd/ -এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

বাংলাদেশে বিশ্বব্যাংকের নিয়োগ

সম্প্রতি বাংলাদেশে জনবল নিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বব্যাংক। এতে ‘কনসালট্যান্ট (জিইএমএস)’ পদে লোক নেবে প্রতিষ্ঠানটি। যোগ্যতা অনুযায়ী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

পদের নাম: কনসালট্যান্ট (জিইএমএস)
পদ সংখ্যা: অনির্দিষ্ট
যোগ্যতা: যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম মাস্টার্স পাস হতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমঅ্যান্ডই, জিআইএস, ডাটা কালেকশন, ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে।
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম

আবেদনের ঠিকানা— আবেদনের জন্য sargemswb@gmail.com -এ ঠিকানায় সিভি মেইল করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২১

অফিসে গিয়ে জবি শিক্ষককে হত্যার হুমকি, থানায় জিডি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. রাইসুল ইসলামকে অফিসে এসে দুই ব্যক্তি হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় সোমবার (১৫ নভেম্বর) রাজধনীর কোতোয়ালী থানায় নিজের নিরাপত্তার চেয়ে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রাইসুল ইসলাম।

তিনি ডায়েরিতে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মো. আব্দুল গাফ্ফার ও মো. শাহজাহান নামের দুই ভাই কেরাণীগঞ্জে ওই শিক্ষকের বাসার এলাকায় অনেককে মারধর ও অসামাজিক কার্যক্রম করে আসছে। তিনি প্রতিবাদ করায় গত ১২ নভেম্বর কেরানীগঞ্জের তাকে হত্যার হুমকি দেন। পরেরদিন ১৩ নভেম্বর বেলা ২.৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটের সামনে আবারও অফিসে এসে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেন তারা।

জিডিতে তিনি আরও উল্লেখ করেন, এই দুই ভাইয়ের নামে বেশকিছু মামলা চলমান। তারা আমাকে অফিসে এসে মারার হুমকি দিয়েছে তাই কোতোয়ালী থানায় জিডি করেছি৷

এ বিষয়ে রাইসুল ইসলাম যুগান্তরকে বলেন, আমাকে নিজ কক্ষে এসে হুমকি দিয়ে গেছে। পরবর্তীতে আবারও বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটের সামনে হুমকি দিল। আমি আইনের কাছে নিরাপত্তা চাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল যুগান্তরকে বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রাইসুল ইসলাম নামে এক শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় থানায় জিডি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে যেকোনো প্রয়োজনে আমরা এই শিক্ষককে সহায়তা দেব।

তবে এ ব্যাপারে অভিযুক্ত মো. শাহজাহানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।