শুক্রবার ,৮ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 631

মনে হচ্ছে পাকিস্তানেই ম্যাচ হচ্ছে: ফখর জামান

করোনা বিধিনিষেধের কারণে দেড় বছরের বেশি সময় ধরে বাংলাদেশের স্টেডিয়ামের গ্যালারি ছিল দর্শকশূন্য।

গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে দুর্দান্তভাবে হারানোর সিরিজে বাংলাদেশের হয়ে গ্যালারিতে চিৎকার করতে পারেননি সমর্থকরা।

এবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সেই সুযোগ মিলেছে। কিন্তু তাতে সুফলের চাইতে বিতর্কই বাড়ল।

প্রথম দুই ম্যাচে অস্বস্তি উপহার দিয়েছেন বাংলাদেশের দর্শকরা।

গ্যালারি উড়ল পাকিস্তানের পতাকা, দুয়ো ধ্বনি শোনা গেল টাইগারদের উদ্দেশ্য করে। বাবর আজমদের চার-ছক্কায় হর্ষধ্বনিতে কেঁপে উঠল মিরপুর।

অনেককে পাকিস্তানের জার্সি ও চাঁনতারা টুপি পরেও আসতে দেখা গেছে।

এরা কি সবই পাকিস্তানের নাগরিক? না, গণমাধ্যমের প্রতিবেদন আর সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করে নিশ্চিত হওয়া গেছে, এদের অনেকেই বাংলাদেশি।

যেই দেশেরই হোক, বাংলাদেশে এসে মাঠে পাকিস্তানের পক্ষে এত সমর্থন পেয়ে উচ্ছ্বসিত বাবর-রিজওয়ান-ফখররা।

শনিবারের ম্যাচের পর ফখর বলেই বসলেন, মিরপুরে এত সমর্থন তাদেরও বিস্মিত করেছে। তার মনে হচ্ছে পাকিস্তানেই খেলছেন তিনি।

শনিবার ম্যাচসেরার পুরস্কার নেওয়ার পর ফখর জামান বলেন, ‘আমি বুঝতে পারছি না (এত সমর্থনের কারণ)। ২০১৮ সালেও এখানে এসেছিলাম, তখন এত মানুষকে আমাদের সমর্থন করতে দেখিনি। সবাইকে ধন্যবাদ। মনে হচ্ছে, পাকিস্তানেই ম্যাচ হচ্ছে। উইকেট পেলে বা ভালো শট খেললে বেশ সমর্থন পাচ্ছি। বাংলাদেশের সমর্থকরাও আমাদের সমর্থন করছেন। বেশ ভালো লাগছে।’

বাবা-দুলাভাইয়ের মাথায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টা

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বাবা ও দুলাভাইয়ের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছ। এ সময় পাঁচ যুবককে আটক করেছেন স্থানীয়রা।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দক্ষিণ নুরুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলো— রাসেল সদরের চরশাহী ইউনিয়নের বসুদুহিতা গ্রামের মো. আলির ছেলে, রবিউল চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের শামসুল হুদার ছেলে, আরিফ নোয়াখালীর বেগমগঞ্জ থানার মোহাম্মদপুর গ্রামের মাহফুজুর রহমানের ছেলে, শাওন একই গ্রামের মো. হায়দারের ছেলে ও মোরশেদ আলম ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে। এর মধ্যে রাসেলের নামে বেগমগঞ্জ থানায় মাদক মামলা ও চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটকদের কাছ থেকে একটি দেশীয় এলজি, একটি চাইনিজ কুড়াল ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসায় আসা-যাওয়ার পথে রাসেল ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত। নুরুল্লাপুর গ্রামে ছাত্রীদের বাড়ির কাছাকাছি বসতি (বাড়িঘর) কম। শনিবার রাতে তাকে তুলে নেওয়ার উদ্দেশ্যে রাসেল লোকজন নিয়ে ওঁৎ পেতে তাদের বাড়ির পাশে লুকিয়ে থাকে।

দরজা বন্ধ থাকায় তারা ঘরে ঢোকেনি। রাত সাড়ে ৯টার দিকে ছাত্রীর বড় দুলাভাই বাড়িতে আসে। এ সময় ঘরের দরজা খোলা হয়। তাৎক্ষণিক আড়াল থেকে বের হয়ে রাসেলসহ তার লোকজন ঘরে ঢুকে ছাত্রীর দুলাভাই ও বাবাকে অস্ত্র ঠেকিয়ে ভয় দেখায়।

একপর্যায়ে জোরপূর্বক ওই ছাত্রীকে নিয়ে ঘর থেকে বের হয়ে তিনটি সিএনজিচালিত অটোরিকশায় তারা পালানোর চেষ্টা করে। এ সময় চিৎকার শুনে একটি অটোরিকশাকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেন। অন্য দুটি অটোরিকশা আটক করা সম্ভব হয়নি।

ওই ছাত্রীর দুলাভাই বলেন, আমাদের অস্ত্র ঠেকিয়ে আমার বোনকে (শালি) ১৫-২০ জনের মুখোশধারী একদল সন্ত্রাসী অপহরণের চেষ্টা করে। স্থানীয়রা এগিয়ে আসায় তাকে অপহরণ করতে পারেনি। এ ঘটনায় আমরা মামলা করব।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেল্লাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এর মধ্যে রাসেলের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ ও বেগমগঞ্জ থানায় অস্ত্র ও মাদক মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে অস্ত্র ও অপহরণ মামলা করা হবে। তাদের গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে লক্ষ্মীপুর আদালতের সোপর্দ করা হবে। জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

বিনাটিকিটে ট্রেনে ভ্রমণ, ৪৬০ যাত্রীকে জরিমানা

রেলওয়ের চলমান অভিযানের অংশ হিসেবে বিনাটিকিটে ট্রেনে ভ্রমণের অপরাধে ৪৬০ যাত্রীকে জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ভাড়াসহ ৮৩ হাজার ২৮০ টাকা জরিমানা আদায় করেছে রেলওয়ের পাকশী বিভাগীয় কর্তৃপক্ষ।

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ঢাকা-খুলনা ও ঢাকা-রাজশাহী রুটে চলাচল করা চিত্রা এক্সপ্রেস ও পদ্মা এক্সপ্রেস ট্রেন থেকে এসব জরিমানা আদায় করা হয়।

পাকশী রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী (আপ) ও ঢাকা থেকে ছেড়ে আসা (ডাউন) ৭৬৩-৭৬৪ নম্বর চিত্রা এক্সপ্রেস ট্রেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী (আপ) এবং ঢাকা থেকে ছেড়ে আসা (ডাউন) পদ্মা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়।

বিনাটিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৪৬০ যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ৫৫ হাজার ৫৮০ টাকা ও জরিমানা ২৭ হাজার ৭০০ টাকা আদায় করা হয়।

এ সময় স্টেশনে ব্লক চেকিং করে ট্রেনে ভ্রমণকারীদের টিকিট চেক করা হয়। ভবঘুরেদের জন্য মুচলেকা নেওয়া হয়। বিনাটিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রেমিকের ওপর দুই সন্তানের জননীর অ্যাসিড নিক্ষেপ!

প্রেম প্রত্যাখ্যানের ‘প্রতিশোধ’ নিতে এবার প্রেমিকের ওপর অ্যাসিড নিক্ষেপ করলেন দুই সন্তানের জননী এক গৃহবধূ!

ভারতের কেরালায় ইদুক্কি এলাকায় ঘটে এ ব্যতিক্রমী ঘটনা। পুলিশ পরে ওই দুই সন্তানের জননীকে গ্রেফতার করেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

ইদু্ক্কির বাসিন্দা শিবা (৩৫) দুই সন্তানের মা। তার প্রেমিক অরুণ কুমারের বয়স ২৮।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার শিবা অ্যাসিড ছোড়েন অরুণের মুখে। তাতে গুরুতর আহত হয়ে অরুণ এখন তিরুঅনন্তপুরমের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে।

শিবা ও অরুণের আলাপ ফেসবুকে। সেখান থেকেই প্রেম। তবে শিবা যে বিবাহিত এবং দুই সন্তানের মা, তা জানতেন না অরুণ।

বিষয়টি সম্ভবত গোপন করে গিয়েছিলেন শিবা নিজেই। প্রকাশ্যে আসতেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার কথা জানিয়ে দেন অরুণ। শিবার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। আর তাতেই বাধে বিপত্তি।

শিবা প্রথমে অরুণকে হুমকি দিতে শুরু করেন। পরে সম্পর্ক শেষ করার মূল্য হিসেবে টাকাও দাবি করেন অরুণের কাছ থেকে। গত মঙ্গলবার সেই টাকা দিতেই অরুণ শিবার সঙ্গে দেখা করতে আসেন আদিমালীর একটি গির্জায়। সেখানেই অ্যাসিড ছুড়ে হামলা করেন শিবা।

ঘটনাটির একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে রোববার। তাতে দেখা গেছে, গির্জা চত্বরে এক বন্ধু এবং ভগ্নিপতির সঙ্গে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অরুণ। আচমকাই পেছন থেকে অরুণকে অ্যাসিড নিক্ষেপ করেন শিবা।

পুলিশ বাদী হয়ে শিবার বিরুদ্ধে মামলা করেছে। পরে রোববার শিবাকে গ্রেফতার করা হয়েছে।

মসজিদে নববী উন্মুক্ত করে দিল সৌদি সরকার

মুসুল্লিদের জন্য মসজিদে নববী খুলে দিল সৌদি আরব। করোনা মহামারির পরিপ্রেক্ষিতে এতদিন মদিনার মসজিদটিতে ইবাদত বন্দেগি ও সফর দেশ-বিদেশের মুসুল্লিদের জন্য সীমিত ছিল।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, এখন থেকে মসজিদে নববী সফরের জন্য বিদেশিদের আর পূর্বানুমতির প্রয়োজন হবে না। এখন থেকে মদিনার মসজিদে মুনাওয়ারাহ সবার জন্য উন্মুক্ত, যে কোনো মুসলমান এখানে ইবাদত করতে পারবেন। খবর গালফ নিউজ ও আল আরাবিয়্যাহর।

সৌদির কর্মকর্তাদের বরাত দিয়ে সৌদির সংবাদপত্র ওকাজের প্রতিবেদন বলছে, মসজিদে নববী সফরকারীদের এখন থেকে ইটমারনা অ্যাপে আবেদন করতে হবে না। তবে সফরকারী ব্যক্তি যে টিকার দুই ডোজ নিয়েছেন এবং টিকা নেওয়ার পর ১৪ দিন পার করেছেন সেটি প্রমাণে তাওয়াক্কালনা অ্যাপে আবেদন করতে হবে।

করোনা সংক্রমণ কমে আসায় সতর্কতামূলক ব্যবস্থা সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিথিল করার পর মসজিদে নববী খুলে দেওয়া হলো। মক্কার বাইতুল্লাহও এখন সবার জন্য উন্মুক্ত।

এই সপ্তাহের শুরুর দিকে সৌদি প্রেস এজেন্সি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডাটা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কর্তৃপক্ষের সহযোগিতায় সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এমন একটি সেবা চালুর ঘোষণা দিয়েছে, যাতে আবেদন করে বিদেশিরা ওমরাহ ও মক্কা-মদিনায় নামাজ আদায়ের অনুমতি চাইতে পারবেন। ইটমারনা ও তাওয়াক্কালনা নামে দুটি অ্যাপস ব্যবহার করে বিদেশিরা রাসুল (স.)-এর রওজাও দেখতে পারবেন।

সৌদির ওমরাহ ও হজ মন্ত্রণালয় মোবাইল ব্যবহারকারীদের দুটি অ্যাপ্লিকেশন নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করে রাখার অনুরোধ জানিয়েছিল। মোবাইল অ্যাপ স্টোরে গিয়ে নতুন অ্যাপস দুটি পাওয়া যাবে।

সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

এদিন বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ১৩২ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৮২ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক কোনো পয়েন্ট না বেড়ে অবস্থান করে ২৬৯৫ পয়েন্টে।

এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৮টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১৮০টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ২২টির।

অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৫৯ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৮৮২ পয়েন্টে অবস্থান করছে।

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। এক দিনের ব্যবধানে অপরিশোধিত তেলের দর ব্যারেলপ্রতি ৭৬.১০ ডলারে নেমে এসেছে। এ দর গত দুই মাসের মধ্যে সবচেয়ে কম।

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও চীন সংরক্ষিত তেল বাজারে ছাড়ায় বিশ্ববাজারে পণ্যটির দামে পতন লক্ষ করা যাচ্ছে। শনিবার অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ব্যারেলপ্রতি ৭৬ ডলার ১০ সেন্টে বিক্রি হয়েছে। আর ব্রেন্ট ক্রুড তেলের দাম একই হারে কমে ৭৮ ডলার ৪৬ সেন্টে বিক্রি হয়েছে।

শুক্রবার রয়টার্স ও সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও চীন সংরক্ষিত তেল বাজারে ছাড়ায় বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। এদিন জ্বালানি তেলের দর ব্যারেলপ্রতি ৮০ ডলারে নেমে এসেছিল। এর আগে ব্যারেলপ্রতি দাম ৮৫ ডলার ছাড়িয়ে গিয়েছিল।

বর্তমানে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ও ব্রেন্ট অপরিশোধিত তেলের দর গত ছয় সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। জ্বালানি তেলের দাম কমার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ দেওয়া হচ্ছে।

জ্বালানিবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান রিস্ট্যাড এনার্জির বিজোরনার টনহাউজেন বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র ও চীন। দেশ দুটি সংরক্ষিত তেল বাজারে ছাড়ায় দাম কমতে শুরু করেছে।

জানা যায়, কয়েকদিন আগে জো বাইডেন ও শি জিনপিংয়ের ভার্চুয়াল বৈঠকে বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বাইডেন সংরক্ষণ করা তেল বাজারে ছাড়তে চীনের প্রেসিডেন্টকে অনুরোধ জানান। এরপরই দেশ দুটির সমন্বিত পদক্ষেপের পর লাখো ব্যারেল তেল বাজারে আসে।

তবে যুক্তরাষ্ট্র যে কেবল চীনকেই সংরক্ষিত রাখা তেলের ব্যবহার বাড়াতে বলেছে তা নয়, একই অনুরোধ করা হয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতের মতো বৃহৎ তেল ব্যবহারকারী দেশগুলোকেও। এর মধ্যে শুরুতেই চীন অনুরোধ রক্ষা করেছে।

টনহাউজেন বলেন, বিনিয়োগকারীরা আশা করছেন ডিসেম্বরে ২০ থেকে ৩০ মিলিয়ন ব্যারেল তেল আসতে পারে। এটা হতে পারে যুক্তরাষ্ট্র ও চীন থেকে কিংবা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার বৃহত্তর সমন্বিত পদক্ষেপের মাধ্যমে। তবে সংরক্ষিত তেল ছাড়ে দীর্ঘ সময়ের জন্য সামগ্রিক চিত্র পরিবর্তন নাও করতে পারে।

চীন-যুক্তরাষ্ট্রের চেষ্টাকে ‘অনর্থক’ বলছে ভারত : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমাতে চীন-যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে অনর্থক বলে দাবি করেছে ভারত। তাদের মতে, দেশের মজুত থেকে তেল ব্যবহার বিশ্ববাজারে দামের ওপর খুব সামান্যই প্রভাব ফেলবে।

বুধবার ভারতের তেলমন্ত্রী হরদ্বীপ সিং পুরি ব্লুমবার্গ টিভিকে বলেন, কৌশলগত তেল মজুত কখনোই এমন পরিস্থিতির জন্য ছিল না … যদি ভূমিকম্প হয়, বিশ্বজুড়ে যুদ্ধের প্রাদুর্ভাব হয় এবং তেল সরবরাহ বন্ধ থাকে, এটি তেমন কোনো দুর্যোগকালীন পরিস্থিতির জন্য।

টাইমস অব ইন্ডিয়ার দাবি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নিজ দেশে বেশ চাপের মুখে রয়েছেন বাইডেন। সেই চাপ কমানোর পাশাপাশি তেলের দাম কমানোর আহ্বানে সাড়া না দেওয়া ওপেক প্লাসকে (ওপেকভুক্ত ১৫ দেশ ও রাশিয়া) বিশেষ বার্তা পাঠানোর উদ্দেশে এশীয় দেশগুলোকে তেলের মজুত ব্যবহারের পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আমি কোনো পাপের সঙ্গে জড়িত নই: মেয়র জাহাঙ্গীর

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, আমার মা আমার অবিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি চাইলে যে কোনো সময় ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি। আমার প্রতিপক্ষরা আমাকে মারার ষড়যন্ত্র করেছে। যারা ঘরে ঢুকে অডিও করে তাদের বিচার হয়নি। আমি ভুল করতে পারি, আমার ভুল হতে পারে। কিন্তু আমি কোনো পাপের সঙ্গে জড়িত নই।

জাহাঙ্গীর আলম বলেন, আমাকে তিন বছরের জন্য পদ দেওয়া হয়েছে। আমাকে বহিষ্কার করে আমার, আমার পরিবারের এবং আমার অস্তিত্বের মধ্যে যে আঘাত দেওয়া হয়েছে সেটা আমি মানসিকভাবে মেনে নিতে পারছি না। আমার ভুল হতে পারে, কিন্তু আমি কোনো পাপ ও অন্যায়ের সঙ্গে জড়িত নই। মানুষের ভুল হয়।

গাজীপুর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে শুক্রবার বহিষ্কার হওয়ার পর শনিবার সকালে বোর্ডবাজার হারিকেন এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন জাহাঙ্গীর।

মেয়র জাহাঙ্গীর কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা যদি বলেন আমি বিনা কারণে ফাঁসিতে ঝুলব। আমাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে বহিষ্কার করলেও আমার আপত্তি নাই। আমি পদ-পদবি চাই না। আমি আওয়ামী লীগের সমর্থক হিসেবে বাঁচতে চাই। ’

জাহাঙ্গীর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী ও আমি যখন দেশের বাইরে ঠিক তখনই বিভিন্ন সময় যুক্তি তর্কের অডিও কাটছাঁট করে আংশিক ফেসবুকে প্রকাশ করে অপপ্রচার করা হয়েছে। আমি আবারও বলছি, আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে ক্ষমা করে অন্তত আওয়ামী লীগের সমর্থক হিসেবে থাকতে দিন।’

বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পুনর্বিবেচনা করতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়ে মেয়র বলেন, আমার সঙ্গে অবিচার করা হয়েছে। প্রধানমন্ত্রীকে ভুল বুঝানো হয়েছে। ছাত্রলীগের মাধ্যমেই আমার রাজনীতি শুরু। আমাকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে বাঁচতে দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই পুনর্বিবেচনা করবেন।

সংবাদ সম্মেলনে নিঃশর্ত ক্ষমা চেয়ে মেয়র জাহাঙ্গীর আরও বলেন, ‘আমি আওয়ামী লীগের জন্য, বঙ্গবন্ধুর জন্য, আমার মা সমতুল্য প্রধানমন্ত্রীর জন্য জীবন দিতে রাজি, তবু মিথ্যা অপবাদ নিয়ে মরতে চাই না। বিশ্বমানবতার মা, আমার মায়ের কাছে বলতে চাই- আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনর্বিবেচনা করুন।’

গত ২২ সেপ্টেম্বর বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের একটি ঘরোয়া আলোচনার রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের একটি অংশ মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে বিক্ষোভে নামে। এরপর গত ৩ অক্টোবর মেয়র জাহাঙ্গীরের ব্যাখ্যা চায় আওয়ামী লীগ। এতে তাকে ১৫ দিন সময় দেয়া হয়। ১৮ অক্টোবর সময়সীমা শেষ হওয়ার আগেই মেয়র তার ব্যাখ্যা দেন।

বঙ্গবন্ধু ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে শুক্রবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় জাহাঙ্গীর আলমকে। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় উপস্থিত সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক একটি গণমাধ্যমকে বলেন, ‘মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।’

জাহাঙ্গীরের রাজনীতিতে হাতেখড়ি ছাত্রলীগের মাধ্যমে। সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতিও ছিলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ২০-দলীয় জোট নেতারা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন ২০-দলীয় জোটের নেতারা।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জোটের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে দুপুর সাড়ে ১২টায় আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব, ইনশাআল্লাহ।

২০-দলীয় জোটের প্রতিনিধিদলে আরও থাকবেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারি এমএ তাহের, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

বাংলা একাডেমির মহাপরিচালকের ছেলেকে মারধর, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার ছেলে রিশাদ হুদাকে মারধর করার ঘটনায় ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।রিশাদ হুদা ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র স্টাফ করেসপনডেন্ট।

শনিবার বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানা এলাকায় রিশাদ হুদাকে মারধর করা হয়। এ ঘটনায় ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম আহমেদকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।পরে রিশাদ শাহবাগ থানায় মামলা করলে তাকে গ্রেফতার দেখায় পুলিশ। মামলায় সাবেক এ ছাত্রলীগ নেতাকে প্রধান আসামি করা হয়েছে।

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) কামরুজ্জামান রাতে গণমাধ্যমকে বলেন, কাঁটাবনে গাড়ির হর্ন দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে মারধরের ঘটনা ঘটে। পুলিশ একজনকে আটক করেছে।

শাহবাগ থানায় দায়ের করা মামলা থেকে জানা যায়, বিকাল ৪টার দিকে কাঁটাবন এলাকায় মোটরসাইকেলের হর্ন দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে।

রিশাদের এক সহকর্মী জানান, বিকালে কাঁটাবন থেকে শাহবাগের দিকে আসছিলেন রিশাদ। তার সামনে একটি ব্যক্তিগত গাড়ি ছিল। হর্ন দিয়ে ওই গাড়িটিকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতেই রিশাদকে গালাগাল করেন চালক। এ নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে গাড়িতে থাকা তিন–চারজন রিশাদকে মারধর করে। সেখানে উপস্থিত লোকজন এগিয়ে এসে রিশাদকে রক্ষা করেন।

তিনি জানান, কাঁটাবন থেকে রিশাদ মোটরসাইকেলে করে শাহবাগে আসার পর আবারও তার ওপর হামলা চালানো হয়। রিশাদের পরিচয় পেয়ে সাবেক ছাত্রলীগ নেতা নাজিম আহমেদ সমঝোতা করতে আজিজ সুপার মার্কেটে নিয়ে যান। সেখানে একটি কক্ষে আলোচনার সময় বাইরে থেকে কয়েকজন এসে তার ওপর আবারও হামলা চালায়।

পুলিশ ঘটনাস্থলে আসার পর এক পুলিশকেও আহত করে তারা। পরে সহকর্মীরা ঘটনাস্থলে এসে রিশাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা নিয়ে শাহবাগ থানায় আসেন রিশাদ।পরে রাতে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়।