শুক্রবার ,৮ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 614

বেলারুশ সীমান্ত থেকে ফিরেছেন ১৮৭০ ইরাকি

নভেম্বরের শুরু থেকে বেলারুশ-পোল্যান্ড সীমান্তে আটকেপড়া ১ হাজার ৮৭০ ইরাকি অভিবাসনপ্রত্যাশীকে ফিরিয়ে নিয়েছে দেশটির সরকার।

দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা রোববার পর্যন্ত বেলারুশের রাজধানী মিনস্ক থেকে তাদের বাগদাদে নিয়ে আসে। খবর আনাদোলুর।

ইরাকি এয়ারওয়েজ বোরবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সোমবারও বেলারুশ থেকে ইরাকি অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফেরত আনবে ইরাকি এয়ারওয়েজ।

মিনস্ক এয়ারপোর্টের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ইরাকি এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭০-৪৪০ বিমান অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফিরত আনার কাজ করছে। এই মডেলের প্লেনটিতে সাধারণত ৪১২টি সিট থাকে।

তীব্র শীতে মানবিক সাহায্যের অভাবে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীরা মানবেতর জীবনযাপন করছেন। এখনও ইরাকসহ বিভিন্ন দেশের ৪ হাজার শরণার্থী ইউরোপে ঢুকার চেষ্টায় সীমান্তে হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রায় অপেক্ষা করছে। এ পর্যন্ত নারী ও শিশুসহ কমপক্ষে ১১ জন মারা গেছেন।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ পোল্যান্ড এসব অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। শীতের তীব্রতা বাড়ায় পরিস্থিতি খারাপ হওয়ায় বাকিদের নিরাপত্তা নিয়েও ঝুঁকি তৈরি হয়েছে।

ওমিক্রন ঠেকাতে ৭ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকাতে আফ্রিকার ৭ টি দেশের নাগরিকদের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। এদেশের দেশ থেকে কোনো ফ্লাইট সৌদিতে প্রবেশ করতে পারবে না। আবার সৌদির কোনো ফ্লাইটও ওইসব দেশে যাত্রী নিয়ে যাবে না।

ওই সাতটি দেশ হচ্ছে-মালাউই, জাম্বিয়া, মাদাগাসকার, অ্যাঙ্গোলা, কমোরোস, মৌরিতানিয়া, সিচেলিস। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এসপিএ।

সূচকের ইতিবাচক ধারায় চলছে পুঁজিবাজারে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ইতিবাচক ধারায় চলছে লেনদেন।

এ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ১০টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইয়ের সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৮১৯ পয়েন্টে। তবে ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৩৭ পয়েন্টে। এ ছাড়া ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৫৮২ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫০টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৩১টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৮টির।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৫২ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৮৯২ পয়েন্টে অবস্থান করছে।

বিনামূল্যে পরামর্শ দেবে ভ্যাট ফোরাম

ব্যবসায়ীদের আগামী ১ ডিসেম্বর থেকে বিনামূল্যে ভ্যাটের পরামর্শ দেবে বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরাম (ভ্যাট ফোরাম)।

এ জন্য সেবাপ্রার্থীকে সাপ্তাহিক কর্মদিবসে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত হটলাইন (০৯৬৭৮২০৮২০৮) নম্বরে ফোন করতে হবে।

এ বিষয়ে ভ্যাট ফোরামের সহ-সভাপতি হাফিজুর রহমান বলেন, ভ্যাটের আইন-বিধি জটিল হওয়ায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা প্রায়ই বিপাকে পড়েন। এ সুযোগে একটি পক্ষ ফুলেফেঁপে উঠলেও রাষ্ট্র তার প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাই ভ্যাটের বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করতে ভ্যাট ফোরাম কল সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে। এ কল সেন্টারে ভ্যাটবিষয়ক যাবতীয় প্রশ্নের উত্তর পাওয়া যাবে। প্রাথমিকভাবে ২ মাস বিনামূল্যে সেবাপ্রার্থীদের ভ্যাট সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া হবে।

তিনি আরও বলেন, ভ্যাট ফোরামের বিশেষজ্ঞ দল কিছু প্রচলতি প্রশ্নের উত্তর তৈরি করেছে। কেউ এসব বিষয়ে জানতে চাইলে তত্ক্ষণাৎ কল সেন্টারের প্রতিনিধিরা জানিয়ে দেবেন। আর জটিল প্রশ্নের ক্ষেত্রে কল সেন্টারের প্রতিনিধিরা প্রশ্ন নোট নেবেন। এর একদিন পরই ভ্যাট ফোরামের বিশেষজ্ঞরা সেবাপ্রার্থীর হোয়াটসঅ্যাপ বা ই-মেইলে প্রশ্নের উত্তর পাঠিয়ে দেবেন।

প্রসঙ্গত, ভ্যাট ফোরাম হচ্ছে ভ্যাট নিয়ে কাজ করা পেশাজীবীদের একটি সংগঠন। এ সংগঠনে দেশের বড় বড় শিল্প গ্রুপ ও বহুজাতিক কোম্পানির ভ্যাট পরামর্শকরা রয়েছেন। সংগঠনটি ভ্যাট বিষয়ক সচেতনতা বাড়াতে প্রায়ই সেমিনারের আয়োজন করে থাকে।

‘খালেদার লিভার সিরোসিস, দেশে চিকিৎসা নেই

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিসের কারণে ব্লিডিং হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।

উন্নত চিকিৎসার জন্য বিএনপি নেত্রীকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা জার্মানির বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুপারিশ করেছেন তারা।

বিএনপি নেত্রীর যকৃত বা লিভারে রক্তক্ষরণ হচ্ছে বলে উল্লেখ করে চিকিৎসকরা জানান, একবার এই রক্তক্ষরণ সামাল দেওয়া গেছে। তবে এখন তার যে অবস্থা, সেটি দ্বিতীয়বার সামাল দেওয়া কঠিন হবে।

বাংলাদেশে দুই থেকে তিন বার রক্তক্ষরণ সামাল দেওয়ার কারিগরি সুযোগ নেই দাবি করে চিকিৎসকরা তাকে যত দ্রুত সম্ভব দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা বলেছেন।

গুলশানে বিএনপি নেত্রীর বাসভবন ফিরোজায় ব্রিফিংকরে বিএনপির নেত্রীর ব্যক্তিগত চিকিৎসকরা এসব তথ্য জানান।

বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও দলের গঠন করা মেডিক্যাল বোর্ডের প্রধান এফ এম সিদ্দিকী ব্রিফিংয়ে তার রোগ নিয়ে প্রাথমিক একটি বর্ণনা দেন।

সাবেক প্রধানমন্ত্রীর পেট থেকে চাকা চাকা রক্ত যাচ্ছে উল্লেখ করে এফ এম সিদ্দিকী জানান, ইউনাইটেড হাসপাতালে একবার রক্ত দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া গেছে। কিন্তু এই ধরনের রোগীকে বারবার রক্ত দেওয়া সম্ভব নয়।

আবার ব্লিডিং হলে বিএনপি নেত্রীর মৃত্যুঝুঁকি আরও বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লিটনের শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের নব-মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্য, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রোববার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য, জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু ও আখতার জাহান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান, রাজশাহীর সংরক্ষিত নারী আসনের এমপি আদিবা আঞ্জুম মিতাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শহিদ সদস্য ও জাতীয় তিন নেতার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদনের পর এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগ উপমহাদেশের অন্যতম ঐহিত্যবাহী ও বৃহত্তম দল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এ দলটির সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়া আমার জন্য সৌভাগ্যের। আমি অভিভূত ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। আমার প্রতি তিনি যে আস্থা রেখেছেন তা রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করব। দলকে সংগঠিত করতে সর্বোচ্চ ভূমিকা রাখব।

‘আবার রক্তক্ষরণ হলে খালেদার মৃত্যুঝুঁকি বাড়বে’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এরই মধ্যে কয়েকবার রক্তক্ষরণ হয়েছে। সামনে আবার রক্তক্ষরণ হলে খালেদা জিয়ার মৃত্যুঝুঁকি বেড়ে যাবে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।

রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি নেত্রীর বাসভবন ফিরোজায় ব্রিফিং করে বিএনপির নেত্রীর ব্যক্তিগত চিকিৎসকরা এসব তথ্য জানান।

বিএনপি নেত্রীর যকৃত বা লিভারে রক্তক্ষরণ হচ্ছে বলে উল্লেখ করে চিকিৎসকরা জানান, একবার এই রক্তক্ষরণ সামাল দেওয়া গেছে। তবে এখন তার যে অবস্থা, সেটি দ্বিতীয়বার সামাল দেওয়া কঠিন হবে।

বাংলাদেশে দুই থেকে তিন বার রক্তক্ষরণ সামাল দেওয়ার কারিগরি সুযোগ নেই দাবি করে চিকিৎসকরা তাকে যত দ্রুত সম্ভব দেশের বাইরে নিয়ে যাওয়ার সুপারিশ করেছেন।

বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও দলের গঠন করা মেডিক্যাল বোর্ডের প্রধান এফ এম সিদ্দিকী ব্রিফিংয়ে তার রোগ নিয়ে প্রাথমিক একটি বর্ণনা দেন।

সাবেক প্রধানমন্ত্রীর পেট থেকে চাকা চাকা রক্ত যাচ্ছে উল্লেখ করে এফ এম সিদ্দিকী জানান, ইউনাইটেড হাসপাতালে একবার রক্ত দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া গেছে। কিন্তু এই ধরনের রোগীকে বারবার রক্ত দেওয়া সম্ভব নয়। আবার ব্লিডিং হলে বিএনপি নেত্রীর মৃত্যুঝুঁকি আরও বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ৩০ সৌদি কোম্পানি

সৌদি আরবের সরকারি ও বেসরকারি কোম্পানিগুলো বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, বন্দর, জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পরিবহন ও লজিস্টিক সেবা মন্ত্রী প্রকৌশলী সালেহ বিন নাসের আল-জাসের।

রোববার (২৮ নভেম্বর) গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে সৌদি মন্ত্রী এ কথা বলেন বলে প্রধানমন্ত্রী প্রেস উইং জানিয়েছে।

সাক্ষাতকালে সৌদি মন্ত্রী শেখ হাসিনাকে খাদেমুল হারামাইন শরিফাইন বাদশাহ সালমানের শুভেচ্ছা পৌঁছে দেন।এ সময় প্রধানমন্ত্রী সৌদি মন্ত্রীর বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান।

সৌদি মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতা দেখে তিনি অত্যন্ত মুগ্ধ হয়েছেন।বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে সৌদি আরবকে বাংলাদেশের সমর্থনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এ সময় শেখ হাসিনা বলেন, বাংলাদেশ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের জন্য বিনিয়োগের দুয়ার উন্মুক্ত করেছে।সাক্ষাতকালে বাংলাদেশ সরকারের নীতির প্রশংসা করেন সৌদি মন্ত্রী।

সৌদি মন্ত্রী বলেন, সৌদি আরবের কিছু প্রধান কোম্পানি নির্মাণ ও বিদ্যুৎ খাতে খুব ভালো কাজ করছে। ৩০টিরও বেশি সৌদি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়।

বাংলাদেশের উন্নয়নে গতিশীল ভূমিকার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সৌদি মন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

শেখ হাসিনা আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলন, বাংলাদেশে অংশগ্রহণের জন্য মন্ত্রী ও তার প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।আগামী দিনে উভয় দেশই তাদের পারস্পরিক উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

৪১ তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে।

প্রতিদিন একই সময়ে আটটি কেন্দ্রে পরীক্ষা শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা হচ্ছে। চাকরিপ্রত্যাশারীরা করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নিচ্ছেন। সরকারি কর্ম কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছে পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীদের বেশ কিছু শর্ত মেনে পরীক্ষায় বসতে হবে। যদি পরীক্ষাকেন্দ্রের মধ্যে কারও কাছে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়, তা হলে তাকে বহিষ্কারসহ পিএসসির সব নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ অযোগ্য বলে ঘোষণা করা হবে।

পিএসসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিজ্ঞপ্তি মোতাবেক পরীক্ষাকেন্দ্রের ফটকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ যাবতীয় সামগ্রী তল্লাশি করে প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করানো হয়।
এর আগে গত ১ আগস্ট ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ২১ হাজার ৫৬ চাকরিপ্রত্যাশী উত্তীর্ণ হন। ২০১৯ সালের নভেম্বরে এই পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী তিন দিনে দক্ষিণ আন্দামান সাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।

আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, সকালের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শ্রীমঙ্গলে রোববার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে শীতের আমেজ দেখা দিয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

গত শনিবার টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।