শুক্রবার ,৮ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 591

জয়ার নতুন ছবি দেখে চোখ কপালে অনুরাগীদের

জয়া আহসান সফল মডেল ও অভিনেত্রী। দেশের পাশাপাশি ভারতেও সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করছেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আরও অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ভক্ত সংখ্যা গুণে শেষ হবে না। অভিনেত্রী নতুন কোনো ছবি দিলেই তাতে নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েন।

এই গুণী অভিনেত্রী সম্প্রতি ভারতীয় এক বাংলা ফ্যাশন ম্যাগাজিনের হয়ে ফটোশুট করেছেন। সেই ছবিই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আর তা দেখে অনুরাগীদের চোখ কপালে। জয়ার থেকে যেন চোখ ফেরানোই দায়।

গোলাপি সিল্কের শাড়িতে চওড়া হলুদ পাড়। সামনে আচল দিয়ে শাড়িতে বাঙ্গালিয়ানার ছাপ স্পষ্ট। তবে ব্লাউজ পরেননি জয়া। আদুর গায়েই জড়িয়েছেন শাড়ি। গলায় ভারি গয়না, কোমর বন্ধনী। টানটান করে খোঁপা বেঁধে তাতে সাদা ফুলের মালা লাগিয়েছেন নায়িকা।

সামনে আচল দিয়ে শাড়িতে বাঙ্গালিয়ানার ছাপ স্পষ্ট
সামনে আচল দিয়ে শাড়িতে বাঙ্গালিয়ানার ছাপ স্পষ্ট

জয়ার এই ছবি দেখে নেটিজেনদের মাথা নষ্ট অবস্থা। তারা মন্তব্য করেছেন- ‘তোমাকে কী যে দারুণ লাগছে বলে বোঝাতে পারব না’, ‘পুরো আগুন তুমি’, ‘এত সুন্দরী যে তুমি কীভাবে দিন দিন হয়ে যাচ্ছ।

ভারতে জয়ার অভিনীত প্রথম ছবির নাম ‘বিসর্জন’। এরপর ‘বিজয়া’, ‘কণ্ঠ’, ‘ক্রিসক্রস’ এর মতো একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। বছরের অনেকটা সময় এখন ভারতেই থাকেন জয়া । এরপর তাকে দেখা যাবে ‘বিনি সুতো’য় ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে। ইতিমধ্যেই ছবির ট্রেলার প্রশংসিত হয়েছে।

অস্ট্রেলিয়া বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা জানালেন মাহমুদউল্লাহ

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর বসবে অস্ট্রেলিয়ায়। যেখানকার কন্ডিশনে খেলা এশিয়ার দলগুলোর জন্য খুবই কঠিন। তবে কন্ডিশন নিয়ে দুশ্চিন্তায় নেই বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনি বলেন, আমি মনে করি খেলার জন্য অস্ট্রেলিয়ায় বেশ ভালো কন্ডিশন হবে। ট্রু বাউন্স থাকে, ট্রু পেস থাকে। প্রস্তুতি আমাদের ওপর নির্ভর করছে, আমাদের মনোভাব কেমন হবে তার ওপর।

শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রিয়াদ বলেন, বিশ্বকাপে পরিকল্পনা তো অবশ্যই ভালো খেলা। ভালো ফলাফল করলে আত্মবিশ্বাস ভালো থাকবে। আমাদের ব্যাটিং ইউনিটকে আরও ভালো করতে হবে। বোলাররা ধারাবাহিকভাবে ভালো করছে। ছোটখাটো কিছু টিউনিং ম্যাচ বাই ম্যাচ ঠিক করতে থাকলে আমরা ভালো কিছু অর্জন করতে পারব।

এক প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের এই টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, এটা তো আমার অংশ না। যারা ডেভেলপমেন্ট, সিলেকশন প্যানেলে আছে বা ম্যানেজমেন্ট ভালো বলতে পারবেন। খেলোয়াড় হিসেবে আমি বলতে পারি-পরেরবার কীভাবে ভালো করতে পারি এ জিনিস যেন খেয়ালে থাকে এবং ভালো পারফর্ম করতে পারি।

‘দেশের জন্য সবকিছু করতে প্রস্তুত, দোয়া করবেন’

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ দল। শুক্রবার ভোর ৪টা ৪৫ মিনিটে অকল্যান্ডে পৌঁছায় টাইগাররা।

এ সফরে কিউইদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে অংশ নেবে বাংলাদেশ দল। তার আগে ৮ দিনের কোয়ারেন্টিন করতে হবে মুমিনুলদের। সাত দিন পর করোনা পরীক্ষায় নেগেটিভ এলেই অনুশীলন করতে পারবেন টাইগাররা।

নিউজিল্যান্ডে পৌঁছে দলের প্রতিনিধি হয়ে কথা বলেছেন তাসকিন আহমেদ। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই তারকা পেসার।

তাসকিন বলেন, ঢাকা থেকে আমরা এখন নিউজিল্যান্ডে এসে পৌঁছলাম। অনেক লম্বা ফ্লাইট ছিল। এখন আমাদের কোয়ারেন্টিন পর্ব শুরু হবে। সাত দিন রুম কোয়ারেন্টিন হবে আমাদের। জিনিসটা অনেক কঠিন। দেশের জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নিজেদের সেরাটা দিয়ে ভালো করতে পারি।

১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।

সিলেটে ভ্যাট দিবস ও সপ্তাহের আলোচনা সভা

সিলেটে জাতীয় ভ্যাট দিবস-২০২১ এবং ১০-১৫ ডিসেম্বর জাতীয় ভ্যাট সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের উদ্যোগে নগরীর একটি অভিজাত হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারো ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর জাতীয় ভ্যাট সপ্তাহ দেশব্যাপী একই সঙ্গে পালিত হচ্ছে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আহসানুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহীন আক্তার।

সিলেট বিভাগে যারা সর্বোচ্চ মূসক প্রদানের জন্য পুরস্কৃত হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও দেশের নাগরিক হিসেবে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহবান জানান প্রধান অতিথি শাহীন আক্তার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. সাইফুল হক, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়সহ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আহসানুল হক বলেন, ১৯৯১ সালের ১ জুলাই থেকে বাংলাদেশে ভ্যাট ব্যবস্থা সূচিত হয়। সরকার এ দিনটির গুরুত্ব বিবেচনা করে ২০১৩ সালে প্রতি বছরের ১০ ডিসেম্বর ‘ভ্যাট দিবস’ এবং ১০-১৫ ডিসেম্বর ‘ভ্যাট সপ্তাহ’ উদযাপন করে আসছে।

তিনি জানান, করোনাকালেও বিগত বছরের মতো এবার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের উচ্চতর প্রবৃদ্ধির মূসক আদায় হয়েছে। সিলেটের ব্যবসায়ী এবং মূসক কর্মকর্তাদের সদিচ্ছার ফলে বিগত বছরগুলোর চেয়ে মূসক আদায় বৃদ্ধি পেয়েছে।

আলোচনা সভায় সিলেট বিভাগের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ৮ জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো- শ্রীমঙ্গলের রহমান ম্যানশনের মেসার্স সাদেক স্টোর, কুলাউড়ার উচলাপাড়ার খানম প্লাজার সাউথ সিলেট এন্টারপ্রাইজ, গোলাপগঞ্জের টিকরবাড়ির এলপি গ্যাস লিমিটেড, বিয়ানীবাজারের হাজী সোরাব আলী মার্কেটের আলিসা মটরস, সিলেটের পশ্চিম সুবিদবাজারের আনন্দ নিকেতন লিমিটেড, মাধবপুরের শাহজিবাজার মানিকপুরের চারু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হবিগঞ্জের কমার্সিয়াল এরিয়ার মেসার্স শরীফ ইলেকট্রনিক্স, সুনামগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ডের পানসী রেস্টুরেন্ট।

পরাজিত হয়ে মসজিদ ভেঙে নিলেন ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলের সখীপুরে ইউপি নির্বাচনে পরাজিত হয়ে তিন বছর আগে নির্মিত টিনশেডের একটি মসজিদ ভেঙে নেওয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিমের নির্বাচনে পরাজিত হওয়ার পর ইউনিয়ন কমপ্লেক্সের জমিতে টিনের তৈরি একটি মসজিদ ভেঙে নিয়ে গেছেন চেয়ারম্যান।

গত ১১ নভেম্বর ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া সেলিম পরাজিত হন। এতে বিজয়ী হন বিদ্রোহী প্রার্থী নুরে আলম মুক্তা। গোলাম কিবরিয়া সেলিম উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিনের ছেলে।

নির্বাচনে পরাজিত হয়ে মসজিদ ভেঙে নেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয়রা জানান, ২০১৬ সালে উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে গোলাম কিবরিয়া সেলিম নির্বাচিত হন। ২০১৮ সালের দিকে ওই ইউনিয়ন কমপ্লেক্সের জমিতে টিন দিয়ে একটি মসজিদ তৈরি করেন চেয়ারম্যান। গত ১১ নভেম্বর নির্বাচনে তিনি বিদ্রোহী প্রার্থী নুরে আলম মুক্তার কাছে হেরে যান। হেরে যাওয়ার ক্ষোভে গত মঙ্গলবার তিনি টিনের তৈরি মসজিদটি ভেঙে ট্রাকে করে নিয়ে যান বলে অভিযোগ করেন গ্রামবাসী।

মসজিদের পাশের বাসিন্দা সরোয়ার আলম বলেন, মসজিদটি ভেঙে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এতে ইউনিয়নবাসীর সম্মান ক্ষুণ্ন হয়েছে। তিনি কাজটি ভালো করেননি। ওই স্থানে আমরা গ্রামবাসী মিলে একটি পাকা মসজিদ স্থাপন করব।

নবনির্বাচিত চেয়ারম্যান নুরে আলম বলেন, বিজয়ী হওয়ার পর আমি এখনো শপথ নেইনি। ইউনিয়ন কমপ্লেক্সের ওয়াকফ করা জমিতে যেহেতু এ মসজিদটি নির্মাণ করা হয়েছিল অতএব ওই মসজিদ ভেঙে নেওয়ার অধিকার ওই চেয়ারম্যান সাহেবের নেই। আমরা ওই স্থানে একটি পাকা মসজিদ নির্মাণ করব।

জানতে চাইলে গোলাম কিবরিয়া সেলিম বলেন, আমার খালাতো ভাই ইব্রাহিম হোসেনের ব্যক্তিগত টাকায় ওই নামাজখানাটি টিন দিয়ে তৈরি করা হয়েছিল। গত কয়েক মাস ধরে ওই স্থানে কেউ নামাজ আদায় করছেন না। খালাতো ভাইয়ের অনুমতি নিয়েই ওই নামাজখানাটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বলেন, নামাজখানা হলেও তিনি তা ভেঙে নিয়ে যেতে পারেন না। কাজটি তিনি ভালো করেননি। এ ধরনের কাজ ইসলাম সমর্থন করে না।

পাক সরকারের সঙ্গে তালেবানের অস্ত্রবিরতি শেষ, এখন যা হতে পারে

পাকিস্তান তালেবান একতরফাভাবে সরকারের সঙ্গে অস্ত্রবিরতি সমাপ্ত ঘোষণা করেছে। এর মাধ্যমে সরকারি বাহিনীর সঙ্গে তাদের ফের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, পাকিস্তান তালেবান যারা টিটিপি নামে পারিচিত এক বিবৃতিতে শুক্রবার পাক সরকারের সঙ্গে যুদ্ধবিরতি সমাপ্তের ঘোষণা দিয়েছে। বিবৃতিতে টিটিপি অভিযোগ করেছে, পাক সরকার তাদের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি।

এর আগে গত ৮ নভেম্বর সরকারের সঙ্গে তেহরিক-ই তালেবান এক মাসের অস্ত্রবিরতি চুক্তি করে যা গত ৯ ডিসেম্বর শেষ হয়। এরপর তারা এই যুদ্ধবিরতি সমাপ্তের ঘোষণা দিল।

পাকিস্তানি তালেবান যারা তেহরিক-ই-তালেবান (টিটিপি) নামে পরিচিত। সশস্ত্র গোষ্ঠীটির আফগানিস্তানের তালেবান থেকে আলাদাভাবে কার্যক্রম পরিচালনা করে। বেশ কয়েক বছর ধরেই তারা পাকিস্তানে সক্রিয়। তারা মূলত পাকিস্তানের ক্ষমতা দখল করে সেখানে ইসলামি শরিয়া আইন চালু করতে চাইছে।

নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে হত্যাচেষ্টার মাধ্যমে পশ্চিমা বিশ্বে পরিচিতি পায় টিটিপি। রয়টার্সের তথ্যমতে, টিটিপির একের পর এক আত্মঘাতী হামলা ও বোমা হামলায় এরই মধ্যে পাকিস্তানের কয়েক হাজার সামরিক-বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

অস্ত্রবিরতি সমাপ্তের ঘোষণা দিয়ে টিটিপি বলেছে, বর্তমান অবস্থায় অস্ত্রবিরতি রক্ষা করা সম্ভব নয়। বর্তমান অবস্থা বলতে পাক তালেবান বুঝিয়েছে, সরকার তাদের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি পূরণ করেনি।

তবে টিটিপির অস্ত্রবিরতি সমাপ্তের বিষয়ে পাকিস্তান সরকার এখনো কোনো মন্তব্য করেনি।

এদিকে, নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন- অস্ত্রবিরতি সমাপ্তের ঘোষণা দিয়ে টিটিপি ফের পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও সরকারের স্বার্থে হামলা শুরু করবে।

ইসলামাবাদ-ভিত্তিক পাকিস্তান ইনস্টিটিউট অব পিস স্টাডিজের (পিআইপিএস) নিরাপত্তা বিশ্লেষক এবং পরিচালক আমির রানা বলেন, অস্ত্রবিরতির মতো পদক্ষেপের মাধ্যমে এ অঞ্চলে টিটিপির অবসান ঘটাবে না। টিটিপির এখনো উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এবং তারা মনে করে, এই অস্ত্রবিরতি ও আলোচনা একটি যুদ্ধ কৌশলের অংশ। টিটিপির কাছে, এটি যুদ্ধের সমাপ্তি নয়, যুদ্ধের একটি অংশ মাত্র।

দ. এশিয়ার স্কুল পুরোপুরি খুলে দেওয়ার আহ্বান জানাল ইউনিসেফ

করোনার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ৪০ কোটির বেশি শিশু। এই পরিস্থিতিতে ওই অঞ্চলের স্কুলগুলো পুরোপুরি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার জের কয়েক বছর ধরে বয়ে বেড়াতে হতে পারে বলে ইউনিসেফের এক শীর্ঘ কর্মকর্তা সতর্ক করেছেন। বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের এই শিশু বিষয়ক সংস্থাটি জানায়, করোনার কারণে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সময় স্কুল বন্ধ থাকার তালিকায় রয়েছে বাংলাদেশ। যেখানে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে ২০২০ সালের মার্চ থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত গড়ে ৩১ দশমিক ৫ সপ্তাহ স্কুল বন্ধ ছিল, সেখানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল প্রায় ১৮ মাস।

এ ব্যাপারে ইউনিসেফের দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক জর্জ লারইয়া-আজি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এমন এক অঞ্চলে স্কুল বন্ধ রয়েছে, যেখানে দূর থেকে শিক্ষা গ্রহণের শক্তিশালী কোনো ব্যবস্থা নেই। সেখানে মানুষের হাতের নাগালের অনেকটাই বাইরে ইন্টারনেট ও প্রযুক্তিগত ডিভাইসগুলোও। ফলে সেখানে শিক্ষার বড় ঘাটতি দেখা যাচ্ছে। এর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন দরিদ্র পরিবারের শিশু ও মেয়েশিশুরা। কারণ পুরুষরা প্রযুক্তি ব্যবহারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

এই পরিস্থিতিতে ক্লাসে শিক্ষার্থীদের সশরীর উপস্থিত থেকে পড়াশোনা চালু করার আহ্বান জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ। ক্লাসে শিক্ষার্থীদের পর্যাপ্ত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি তাদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপরও জোর দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক এই সংস্থাটি।

সিনেমা হল নির্মাণে মিলবে ১০ কোটি টাকা ঋণ

সিনেমা হল নির্মাণ করতে চাইলে উদ্যোক্তাকে সর্বোচ্চ ১০ কোটি টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক।

৫ শতাংশ সুদে এই ঋণ পাবেন মেট্রোপলিটন এলাকার হল মালিকরা। মেট্রোপলিটন এলাকার বাইরের হল মালিকরা ঋণ পাবেন সাড়ে ৪ শতাংশ সুদে।

এখন থেকে সুস্থধারার বিনোদনে আকৃষ্ট করতে দেশব্যাপী সিনেমা ও সংস্কারের লক্ষ্যে এ উদ্যোগ হাতে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, আগে এই ঋণসীমা ছিল সর্বোচ্চ ৫ কোটি টাকা।

দর্শকশূন্যতায় দেশে একে একে সিনেমাহলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এক জরিপ বলছে— ৮০ শতাংশ সিনেমা হলই বন্ধ হয়ে বিপণিবিতান, মেডিকেল সেন্টার বা অন্যান্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

এমনটি হওয়ার অন্যতম কারণ— আধুনিকায়নের অভাবে নির্মিত সিনেমাগুলো দর্শক টানতে পারছে না।

এই পরিস্থিতিতে সিনেমা হলগুলোর আধুনিকায়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের ঋণসীমা বাড়িয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়, নতুন সিনেমা হল নির্মাণ এবং বিদ্যমান সিনেমা হল সংস্কার ও আধুনিকায়নের ক্ষেত্রে এই স্কিমের আওতায় সর্বোচ্চ ১০ কোটি টাকা ঋণ সুবিধা পাওয়া যাবে।

একই ভবনে একটি কোম্পানি বা ব্যক্তিমালিকানাধীন (একক বা যৌথভাবে) সিনেপ্লেক্স যতসংখ্যক স্ক্রিনবিশিষ্ট হোক না কেন তা আলোচ্য পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণপ্রাপ্তির ক্ষেত্রে একটি ইউনিট হিসেবে বিবেচিত হবে।

এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব উৎস থেকে ১ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। গত ২৬ জানুয়ারি এই তহবিলের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ১ দশমিক ৫ শতাংশ সুদে এই ঋণ দেবে। ব্যাংকগুলো আবার গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে এই ঋণ বিতরণ করতে পারবে।

‘শেখ হাসিনার কাছে বিএনপির অনেক কিছু শিক্ষণীয়’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর জিয়া ও খালেদা জিয়া চরম অমানবিক আচরণ করার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রতি যে মহানুভবতা দেখিয়ে চলেছেন- তা থেকে বিএনপির অনেক কিছু শিক্ষণীয়।

৭৩তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মানবাধিকার নিয়ে বিএনপির নানা বিরূপ মন্তব্যের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘১৯৮১ সালে আওয়ামী লীগ নেত্রী দেশে ফিরে ধানমন্ডি ৩২ নম্বরে তাদের বাড়িতে একটা মিলাদ পড়াতে চেয়েছিলেন। জিয়াউর রহমান তাকে সে বাড়িতে ঢুকতে দেননি, রাস্তায় বসে মিলাদ পড়াতে হয়েছিল। ২০০৪ সালে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২২ জন নেতাকর্মীসহ ২৪ জন নিহতের পর সংসদে আনা শোক প্রস্তাবের প্রতি হাস্যরস করে বিএনপি নেতারা যখন বলেছেন- শেখ হাসিনা নিজেই গ্রেনেড নিয়ে গিয়েছিলেন, তখনো খালেদা জিয়া হেসেছেন এবং নিজের জন্মের তারিখ বদলে দিয়ে খালেদা জিয়া ১৫ আগস্ট যখন সহাস্যে কেক কাটেন- সে সময় তাদের মানবাধিকারের কথা মনে ছিল না, মনে থাকে না?’

হাছান মাহমুদ এ সময় গৃহকর্মীদের অধিকার রক্ষার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলেন, নিজেদের ঘর থেকে শুরু করে আশেপাশে ও সমাজের মানুষের অধিকার রক্ষায় যদি আমরা পদক্ষেপ নিতে পারি, তবেই রাষ্ট্রে মানবাধিকার রক্ষা হবে।

সেই সঙ্গে মানবাধিকার রক্ষায় যেসব দেশের কণ্ঠ উচ্চকিত, সেসব দেশে যখন মানুষের অধিকার রক্ষিত হবে, তখনই বিশ্ব পরিমণ্ডলে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। অন্যথায় মানবাধিকার শুধু একটি শ্লোগান হয়েই থেকে যাবে, বলেন তথ্যমন্ত্রী।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সভাটি উদ্বোধন করেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়ার সভাপতিত্বে ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিল জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সভাপতি কাজী রিয়াজুল হক এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

আলালের বক্তব্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের ঝাড়ু মিছিল

আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ‘অশ্লীল, কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

শুক্রবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা মোয়াজ্জেম হোসেন আলালকে অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। তিনি বলেন, মোয়াজ্জেম হোসেন আলাল যে কটূক্তি করেছে- তা ক্ষমার অযোগ্য। তার বক্তব্য বাংলার ১৭ কোটি মানুষের হৃদয়ে চরম আঘাত করেছে। তার আস্ফালন ও ধৃষ্টতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় অবিলম্বে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট সালমা হাই টুনি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম প্রমুখ।