শুক্রবার ,৮ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 588

আমিরাত সফরে আসছেন ইসরাইলি প্রধানমন্ত্রী

সম্পর্ক স্বাভাবিকের পর প্রথমবার সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

রোববার উপসাগরীয় এই দেশটির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রীর দফতর বিষয়টি নিশ্চিত করলেও আমিরাত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু বলেনি।

এই সফরে দুই দেশের অর্থনৈতিক ও সামরিক খাতে সম্পর্ক জোরদারের আশা করছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। পাশাপাশি ইরানের পারমাণবিক স্থাপনার বিষয়েও আলাপের কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত বছর সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। এই চার দেশের প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসাবে রোববার আমিরাত সফরে যাচ্ছেন বেনেট।

তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করতে চায় কেজরিওয়ালের দল

ভারতের গোয়া রাজ্যে সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এ সফরের ঠিক আগ মুহুর্তে গোয়ায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। ফলে রাজ্যটির নির্বাচনী সমীকরণ পাল্টে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

যদিও এ বিষয় এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তৃণমূল কংগ্রেস। এরমধ্যেই দু’দলের মধ্যে এক দফা আলোচনা হয়েছে বলেও খবর বেরিয়েছে।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, গোয়ায় এই সফরে অনেকেই তৃণমূলে যোগ দিতে পারেন। তবে এখনও সেভাবে নাম প্রকাশ করা হয়নি। ইতোমধ্যেই এমজিপি’‌র সঙ্গে একপ্রকার জোট হয়ে গেছে। তাই গোয়া সফরে গিয়ে তাদের নেতাদের সঙ্গেও কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী ১৫ ডিসেম্বর গোয়া প্রদেশ কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, কংগ্রেসের সঙ্গে জোটের প্রশ্নে তৃণমূল কংগ্রেস আর আগ্রহ দেখাচ্ছে না। যদিও সম্প্রতি রাজ্যটির দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেছেন, কংগ্রেস–তৃণমূল কংগ্রেস জোট হলে তা দেশের পক্ষে মঙ্গলজনক।

এই মন্তব্যের পর তৃণমূল প্রধানের গোয়া সফর বেশ তাৎপর্যপূর্ণ। গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের সফরে বিজেপির পাশাপাশি আক্রমণ করেছিলেন কংগ্রেসকেও। এখন কংগ্রেসের নেতা–কর্মীরা যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে।

1
Shares
facebook sharing buttonmessenger sharing button

সূচকের বড় পতনে শেষ হলো লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র পাওয়া গেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯২০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৮ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করে ২৬০৪ ও ১৪৬৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে কোম্পানির শেয়ার লেনদেনে দর বেড়েছে ৯৯টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের লেনদেন শেষ হয়েছে বড় পতনে। সিএসই সার্বিক সূচক ১৯৬ পয়েন্ট কমে ২০ হাজার ২৬৫ পয়েন্টে অবস্থান করছে।

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন ঝুলে আছে: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একাত্তরের গৌরবময় মুক্তিযুদ্ধ এবং ৭৫’র বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন ঝুলে আছে। তবুও বন্ধুত্বের প্রশ্নে স্পর্শকাতর এ বিষয়গুলোকে বাধা হয়ে দাঁড়াতে দিইনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দ্বিপাক্ষিক এবং অভিন্ন ইস্যুসহ বহুপাক্ষিক ইস্যুতে দুদেশ নিজ নিজ অবস্থান থেকে কাজ করছে।

তিনি রোববার সকালে সচিবালয়ে তার দফতরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র‌্যাবের সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে সরকার।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে সপ্তম নৌবহর পাঠিয়েছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে খাদ্য সংকটের সময় ১৯৭৪ সালে কিউবার কাছে পাট বিক্রির অজুহাতে খাদ্যবাহী জাহাজ মাঝপথ থেকে ফিরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে আজ মানবাধিকার নিয়ে কথা বলছে, আমরা তাদের দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আগে পর্যবেক্ষণের অনুরোধ করছি।

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, যা নিয়ে মার্কিন প্রশাসনকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের, সেখানে দৃশ্যমান বর্ণবাদ বিরাজ করছে বলে অনেকেই মত প্রকাশ করেছিলেন।

কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্য এবং নিপীড়ন প্রশ্নে খোদ জাতিসংঘের উদ্বেগ প্রকাশিত হয়েছে জানিয়ে তিনি প্রশ্ন করে বলেন, মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে কতজন মারা গেছেন? যেখানে বন্দুক হামলায় প্রতি বছর লাখো মানুষ মারা যায়, নির্বাচনে হেরে যেদেশের ক্যাপিটাল হিল দখল করতে গিয়ে পাঁচজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। বিশ্ববাসী দেখেছে মার্কিন গণতান্ত্রের স্বরূপ ও তাদের মানবাধিকারের চেহেরা।

অভ্যন্তরীণ গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার সূচকগুলোতে যুক্তরাষ্ট্রের দুর্বলতার কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বারবার উল্লেখ করেছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, খোদ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিনিধিকে যুক্তরাষ্ট্র সফরে বাধা দেওয়া হয়।

বঙ্গবন্ধুর কোনো কোনো খুনি এখনও যুক্তরাষ্ট্রে লুকিয়ে আছে, যুদ্ধাপরাধীরাও সেদেশে পালিয়ে আছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর অব লেবার রবার্ট রেইচ এক টুইট বার্তায় বিশ্বকে জানিয়েছিলেন শুধু ২০২০ সালে সেদেশে বিচারবহির্ভূত হত্যাকান্ড ঘটেছে ৯৮৪টি।

২০১৫ সালের পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলাবাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে ৬ হাজার ৬০০ জন। প্রতিবছর সেখানে প্রায় ১ হাজার মানুষ বিনা বিচারে মারা যান, যা বিভিন্ন তথ্য থেকে জানা যায় বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, যাদের দেশে বিচারবহির্ভূত হত্যাকান্ড নিয়ে সাধারণ মানুষ দিনের পর দিন বিভিন্ন সিটিতে রাস্তায় নামে, তাদের অন্যদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কোনো ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়।

ওবায়দুল কাদের বলেন, আমরা নিশ্চিত এ সিদ্ধান্তের গভীরে বাংলাদেশবিরোধী কিছু ব্যক্তি ও অপশক্তির রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি পারস্পরিক আস্থা এবং বিশ্বাস উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আশা করে দুদেশের জনগণের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে এগিয়ে নিতে মার্কিন প্রশাসন সিদ্ধান্ত নিতে অধিকতর তথ্যনির্ভর এবং যত্নবান থাকবে।

আশরাফ-মুঈনুদ্দীনকে ফেরাতে আনুষ্ঠানিক দাবি জানাবে বাংলাদেশ

বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দুই হোতা আলবদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনকে ফেরাতে ‘আনুষ্ঠানিক দাবি’ জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, গত দুই দিন আগে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে আমার একটা সাক্ষাৎ হয়েছে। সেখানে আমি এই দুই জনকে দেশে ফিরিয়ে আনার জন্য দাবি করেছি। তিনি আমাকে বলেছেন, আমরা যেন ফর্মালি (আনুষ্ঠানিক) এই দাবি করি। আমি তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য ফর্মালি দাবি করব।

একাত্তরে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রসংঘের দুই কেন্দ্রীয় নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষক, ছয়জন সাংবাদিক ও তিনজন চিকিৎসকসহ ১৮ বুদ্ধিজীবীকে অপহরণের পর হত্যা করেন।

সেই মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ৩ নভেম্বর এই দুই বদর নেতার মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

কানাডা-দুবাই ঢুকতে ব্যর্থ হয়ে দেশে ফিরলেন ডা. মুরাদ

বিতর্কিত রাজনীতিক সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কানাডার পর দুবাইয়ের দরজাও তার জন্য বন্ধ থাকায় উপায় না পেয়ে দেশেই ফিরেছেন।

রোববার বিকাল ৪টা ৫৪ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, মুরাদ এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৬ ফ্লাইটে দেশে ফিরেছেন।

এর আগে আজ (রোববার) সকালেই দুবাই থেকে তার ঢাকায় পৌঁছার কথা, কিন্তু সেই ফ্লাইটে তিনি আসেননি।একাধিক সূত্র জানায়, ডা. মুরাদ দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২) বিমানে দেশে ফিরছেন সকাল ৭টা ৫৬ মিনিটের ফ্লাইটে এমন খবরে সাংবাদিকরা ভোর থেকেই ভিড় করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।কিন্তু বিমানবন্দরের একটি সূত্র যুগান্তরকে নিশ্চিত করে, নির্ধারিত বিমানটি ল্যান্ড করলেও এই ফ্লাইটে ডা. মুরাদ হাসান আসেননি।

সূত্র জানায়, কানাডায় প্রবেশে ব্যর্থ হওয়ার পর দুবাইয়ের ভিসা পাওয়ার চেষ্টায় করছিলেন ডা. মুরাদ।কিন্তু সেই চেষ্টায়ও ব্যর্থ তিনি।দুবাইয়ের ভিসা পাওয়ার সম্ভাবনা নেই তার।শেষমেশ আজই (রোববার) দেশে ফেরার সিদ্ধান্ত নেন মুরাদ।

গত ৯ ডিসেম্বর দিবাগত রাতে কানাডার উদ্দেশে দেশত্যাগ করেছিলেন তিনি। এরপর কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলেও তাকে সে দেশে ঢুকতে দেওয়া হয়নি।সেখান থেকে তাকে দুবাইগামী একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়।কিন্তু দুবাইও তাকে ঢুকতে দেওয়া হয়নি বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। কিন্তু আনুষ্ঠানিক কোনো সূত্রে ডা. মুরাদের অবস্থানের কথা নিশ্চিত হওয়া যায়নি।

করোনাকালীন চাহিদা অনুযায়ী কাগজপত্র না দেখাতে পারায় তাকে কানাডার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে কানাডার বর্ডার সিকিউরিটি ফোর্স। দেশটির স্থানীয় বাংলা অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, কানাডায় বসবাসরত তার ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছে। তবে কানাডার সরকারি সূত্র থেকে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। কানাডা বর্ডার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি।

জানা যায়, মুরাদ হাসান একটি ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ৩১ মিনিটে টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। দীর্ঘ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে তাকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয়। পরে তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশের বিমানে তুলে দেওয়া হয়। বিপুলসংখ্যক কানাডিয়ান নাগরিক কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন বলেও তাকে জানানো হয়।

মুরাদ হাসানের কানাডা সফর নিয়ে সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খলিলুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, বাংলাদেশ সরকার তার সফর সম্পর্কে দূতাবাসকে কিছু জানায়নি। এর আগে তিনি প্রতিমন্ত্রী হিসেবে কানাডা সফরকালে আমাদের অবহিত করা হয়েছিল। মুরাদ হাসান এখন সংসদ সদস্য। অনেক সময় সংসদ সদস্যরা কানাডা সফর করলে আমাদের জানান বিভিন্ন ধরনের প্রটোকল সুবিধার জন্য। কিন্তু মুরাদ হাসান তার সফর সম্পর্কে আমাদের কিছু জানাননি।

একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত কানাডীয় হাইকমিশনার বেনোই প্রেফনটেইন জানিয়েছিলেন, এ বিষয়ে তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তবে করোনাকালীন ভ্রমণের বিষয়ে বেশকিছু বিধিনিষেধ আছে, যা দেশটিতে ভ্যালিড (বৈধ) ভিসা থাকা সব ভ্রমণকারীর জন্য প্রযোজ্য। তবে কোনো ব্যক্তির ভিসা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে দেশটির ইমিগ্রেশন ও বর্ডার এজেন্সি।

সম্প্রতি এক চিত্রনায়িকার সঙ্গে ডা. মুরাদের অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের এই সংসদ সদস্যকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৭ ডিসেম্বর তিনি পদত্যাগ করলে ওইদিন রাতেই তার পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। একইদিনে জামালপুর জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় মুরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় বুধবার তাকে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বৃহস্পতিবার মুরাদ হাসানকে তার নিজ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।এ ছাড়া মুরাদের আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ বাতিলের বিষয়েও দলের পরবর্তী কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর রাত ৯টার দিকে ডা. মুরাদ হাসান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রাত ১১টা ২০ মিনিটের দিকে এমিরেটসের ফ্লাইটে যাওয়ার কথা থাকলেও ফ্লাইটটি ছেড়ে যায় রাত ১টার দিকে। দুবাই হয়ে কানাডার পথে রওনা দেন তিনি। সংসদ সদস্য হিসেবে মুরাদ কূটনৈতিক পাসপোর্টের অধিকারী। ওই পাসপোর্ট ব্যবহার করে ভিসা আবেদন করার পরে গত সেপ্টেম্বরে তিনি ব্যক্তিগত সফরে কানাডায় গিয়েছিলেন বলেও জানা গেছে।

কওমি মাদ্রাসায় এসএসসি-এইচএসসি চালু করে মান প্রদানের দাবি

কওমি মাদ্রাসার বোর্ডগুলোর নিজস্ব তত্ত্বাবধানে পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি ও অনার্স লেভেল চালু করে কওমি সনদকে সত্যিকারের মাস্টার্সের মান দেওয়ার আহ্বান জানিয়েছেন আলেমরা।

রোববার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নিজেদের পরিচালিত মাদ্রাসাগুলোতে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্তকরণ ও জাতীয় ও কারিগরি শিক্ষার সমম্বয়ে কওমি সিলেবাস প্রণয়ন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নতুন এ কওমি শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতি উসামা ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ৫০ বছর বছর পরে দেশের কওমি মাদ্রাসায় মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমরা পাঠ্য করেছি বেসরকারি উদ্যেগে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে লক্ষাধিক কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ পাঠ্যবই তুলে দেব। জাতি হিসেবে আমাদের দুভার্গ্য যে, এই অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়ের জন্য আমাদের দীর্ঘ ৫০ বছর অপেক্ষা করতে হলো। এমন একটি মাহেন্দ্রক্ষণের জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছিল।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপদেষ্টা বর্ষীয়ান আলেমেদ্বীন শায়খুল হাদীস আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী, মুফতী এয়াহিয়া মাহমুদ কাসেমী, শিক্ষা সিলেবাস ও গবেষনা পরিচালক বিশিষ্ট লেখক মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ, তথ্য প্রচার ও প্রকাশনা বিভাগের পরিচালক মাওলানা মুআজ বিন নূর, জাতীয় ফিকহী বোর্ড বাংলাদেশের মহাপরিচালক মুফতি আজীমুদ্দীন, বোর্ডের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জিয়াউর রহমান, প্রশিক্ষণ বিভাগের পরিচাল সৈয়দ মাসুম আহমদ প্রমুখ।

জাতীয় ও কারিগরি শিক্ষার সমন্বিত কওমি সিলেবাস চালু করার কথা বোর্ডটি জানিয়ে মহাসচিব মুফতি উসামা ইসলাম বলেন, কোন একটি বৃহত্তর জনগোষ্ঠীকে বাস্তবমুখী কর্মবান্ধব যুগোপযোগী শিক্ষা থেকে বঞ্চিত রেখে একটি দেশের টেকসই ও লাগসই ফলপ্রসূ উন্নয়ন আদৌ সম্ভব নয়। তারা দাবি করেন, এদেশে আমরাই প্রথম কওমি মাদ্রাসা শিক্ষাকে তথ্য প্রযুক্তি ও ডিজিটালকরণের আওতায় এনেছি।

আমরা চাচ্ছি, দেশের কওমি মাদ্রাসাগুলোও তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সমৃদ্ধ হোক। আগামী দিনে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিজেদের জীবনযাত্রা ও কর্মপ্রদ্ধতির মানকে আরো উন্নতি করতে পারবে।

জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের নেতারা উল্লেখ করেন, বর্তমানে দেশের প্রতিটি কওমি বোর্ড ভিন্নভিন্ন পদ্ধতিতে শিক্ষা কারিকুলাম পরিচালনা করে আসছে। সিলেবাসে স্বতন্ত্র বৈশিষ্ট রেখেও মৌলিক কিছু বিষয়ে একমুখী প্রদ্ধতিতে দেশের সব শিক্ষা ব্যাবস্থা পরিচালিত হওয়া সময়ের দাবি; যাতে জাতীয় সাধারণ শিক্ষায় কওমির শিক্ষার্থীরা অংশগ্রহণ নিশ্চিত করতে পারে।

বোর্ডটির মহাসচিব মুফতি উসামা ইসলাম আরো বলেন, সাধারণ শিক্ষার সঙ্গে কওমি সনদের পড়ালেখার ধারাবাহিক মান ও সাটিফিকেটে উন্নিত করা সময়ের দাবি।

দেশের ৩০ লক্ষ কওমি শিক্ষার্থীদের মনের ভাষা ও চাহিদা এটি। বোর্ডটি এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তাদের বৈঠকের কথাও জানায়।

শীতে যে চার বিষয়ে নজর দেওয়া জরুরি

টের পাওয়া যাচ্ছে শীতকাল এসে গিয়েছে। একটু একটু করে হিমেল চাদরে তাই মুড়ে যাচ্ছে পৃথিবী। সেই সঙ্গে দফা-রফা হচ্ছে অনেক কিছুর। খুচখাচ সর্দি-কাশি বারোটা বাজাচ্ছে স্বাস্থ্যের। সে না হয় সামলে নেওয়া যায়, দিনদুয়েক ওষুধ খেলেই!

কিন্তু তার পর? সর্দি-কাশি সেরে যাওয়ার পরেও এমন বেশ কয়েকটা ব্যাপার রয়েছে যার দিকে নজর না দিলে এই শীতে পস্তাতে হতে পারে। কীরকম?

পানি জীবন:
ছোট থেকে পাঠ্যবইতে পড়তে পড়তে কথাটা বেশ একঘেয়ে হয়ে এসেছে। কিন্তু শীত এলেই কথাটা কতটা সত্যি, তা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। আসলে হয় কী, শীতে আবহাওয়া শুকনো হয়ে থাকে বলে তার প্রভাবে শুকিয়ে যেতে থাকে আমাদের শরীরও।

শুধু ত্বকেই ভাঁজ পড়ে না, পাশাপাশি শরীর ভিতর থেকেও শুকিয়ে যায়। তাই শীতে ভালো থাকতে হলে ভিতরে-বাইরে, জল ছাড়া গতি নেই! তেষ্টা না পেলেও দিনে লিটার দুয়েক জল আপনাকে খেতেই হবে! অন্যথায় অসুস্থতা ছাড়া আর কিছু পাওনা হবে না!

রূপটান:
শীতের ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় ত্বকের উপরে। একেবারে হাতেনাতে বোঝা যায়, কতটা দুর্দশা হয়েছে ত্বকের। ফলে এই সময় ত্বক এমনিতেই খুব সংবেদনশীল একটা পর্যায়ে থাকে। তাতে হয় কী, সামান্য অনিয়মেও ব়্যাশ, অ্যালার্জি দেখা দেয়।

তাই এই শীতে মেকাপ, ক্রিম- এসব রূপটানের জিনিস খুব সাবধানে বাছুন! কম দামি কিছু ব্যবহার না করাই ভালো! কেন না, পারদ-যুক্ত কম দামের প্রসাধনী শুধু শীতে কেন, বছরের যে কোনও সময় ত্বকের বারোটা বাজাবার পক্ষে আদর্শ। শীতে ক্ষতিটা একটু তাড়াতাড়ি হয়, এই যা! পাশাপাশি, খুব হালকা ঘরোয়া কোনো ফেস-প্যাক ব্যবহার করতে পারেন ত্বককে কোমল রাখার জন্য।

তেলে ত্বক তাজা:
এই যে বলছি- শীতে ত্বকের ক্ষতি হয়, সে তো জানা কথাই! কিন্তু ক্ষতিটা ঠিক কীভাবে হয় বলুন তো? আসলে এই সময় ত্বকের অ্যাসিড লেভেল কমে যায়। ফলে, ত্বক তার আর্দ্রতা হারায়। খুব তাড়াতাড়ি শুকনো, অনুজ্জ্বল হয়ে পড়ে। ত্বককে তাই শীতে তরতাজা রাখার একমাত্র উপায় তেলের আদরে রাখা। রোজ স্নানের আগে নিয়ম করে তেল মাখুন! দেখবেন, রুক্ষ শীতেও ত্বক দিব্যি চকচকে থাকছে!

পায়ে পায়ে:
শীতে পা নিয়ে ভোগেন না- এমন মানুষ খুঁজে পাওয়া দুর্লভ! কিছু না কিছু একটা সমস্যায় পা-কে ফেলেই শীত ঋতু। হয় দুর্গন্ধের সমস্যা, নয় ফাটা গোড়ালির সমস্যা। এর হাত থেকে বাঁচতে পা পরিষ্কার রাখুন। রোজ বাইরে থেকে এসে ভালো করে সাবান দিয়ে ঘষে পা পরিষ্কার রাখুন। তাতে শুকনো, মরা কোষ বেরিয়ে যাবে, পায়ে দুর্গন্ধ হবে না।

এছাড়া শীতে পা ফাটার হাত থেকে বাঁচতে বাড়িতেও খালি পায়ে থাকা বন্ধ করুন। তাতে পায়ে সরাসরি ঠাণ্ডা লাগবে না। এছাড়া ঘুমোতে যাওয়ার আগে পায়ের পাতায়, গোড়ালিতে কোনো ক্রিম ম্যাসাজ করুন। সবার শেষে মোজা পরে নিন। তাতে ক্রিমের আস্তরণের উপরে ধুলো-বালি জমে পায়ের ক্ষতি করতে পারবে না!

জনবল নেবে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট

শূন্যপদে জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। রাজস্ব খাতের ছয় পদে ১৯ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগামী ১৩ ডিসেম্বর থেকে আবেদন করা যাবে অনলাইনে।

পদের নাম : ল্যাবরেটরি টেকনিশিয়ান (গ্রেড-১৩)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক পাস।

পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস।

পদের নাম : ল্যাবরেটরি টেকনিশিয়ান (গ্রেড-১৬)
পদ সংখ্যা: ৪ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিষয়ে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস।

পদের নাম : ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-১৬)
পদ সংখ্যা: ৩ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস।

পদের নাম : ইলেকট্রিশিয়ান (গ্রেড-১৮)
পদ সংখ্যা: ২ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস।

পদের নাম : অফিস সহায়ক (গ্রেড-২০)
পদ সংখ্যা: ৮ জন
আবেদনের যোগ্যতা: অস্টম শ্রেণি পাস।

এতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়স: আবেদনের সময়সীমা ২০২০ সালের ২৫ মার্চ হিসেবে সর্বোচ্চ ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://blri.teletalk.com.bd/ -এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি দেখুন এখানে—

আবেদনের শেষ সময়: ২ জানুয়ারী ২০২২ বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে গাড়িচালক নিয়োগ

জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সরকার বিভাগের অনুমোদনে এতে গাড়িচালক পদে ৩২ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করা যাবে ডাকযোগে।

পদের নাম: গাড়িচালক (ভারী)
পদ সংখ্যা: ৩২ জন
আবেদনের যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরিক্ষায় পাস হতে হবে।
গ্রেড-১৬
বেতন: ৯,৩০০/- থেকে ২২,৪৯০/-

বয়স: আগ্রহী প্রার্থীর বয়স ২০২০ সালের ২০ মার্চ হিসেবে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।

এ ছাড়া নিয়োগের বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি দেখুন এখানে—

আবেদনের ঠিকানা: অতিরিক্ত আইজিপি, সিআইডি হেড কোয়ার্টার্স, মালিবাগ, ঢাকা-১২১৭।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২১ বিকাল ৫টা পর্যন্ত।