শুক্রবার ,৮ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 587

শীতকালে বারবার শিশুর সর্দি-কাশি, কী করবেন?

শীতকালে ঘরে ঘরে শিশুদের সর্দি-কাশি লেগে থাকতে দেখা যায়। অনেক শিশু বারবার সর্দিতে আক্রান্ত হয়। কারও কারও ক্ষেত্রে সর্দি হলেই শ্বাসকষ্ট দেখা দেয়।
সর্দি হলেই আমরা নিউমোনিয়া ভেবে ভয় পেয়ে যাই। শিশুকে অহেতুক এন্টিবায়োটিক খাওয়ানো শুরু করি। এতে শিশুর স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।

শীতকালে শিশুর শ্বাসকষ্টের প্রধান কারণ ব্রঙ্কিওলাইটিস। ব্রঙ্কিওলাইটিস একটি ভাইরাসজনিত রোগ। এ ভাইরাসটি নাকের শ্লেষ্মা পরীক্ষা করে পাওয়া যায়।

ভাইরাসটির নাম রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস (আরএসভি), আমাদের দেশে এ পরীক্ষার ব্যবস্থা নেই। তবে রোগ নির্ণয়ের জন্য মনে রাখতে হবে, দুই বছরের নিচের শিশুর নাকে সর্দির পরে কাশি ও শ্বাসকষ্ট হলে ব্রঙ্কিওলাইটিস হয়েছে বলে ধরে নিতে হবে। এ শিশুরা দ্রুত সুস্থ হয় ও হাসতে থাকে। তাই হাসি, কাশি এবং বুকের বাঁশি-ই ব্রঙ্কিওলাইটিস।

শীতকালে বারবার শিশুদের সর্দি-কাশিতে আক্রান্ত হওয়ার কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত জানিয়েছেন শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা।
সারা দেশের ৪৩ হাসপাতালে পাঁচ হাজারের বেশি পাঁচ বছরের কম বয়সের শিশুর মধ্যে গবেষণা করে দেখা গেছে, শতকরা ২১ ভাগ শিশু ব্রঙ্কিওলাইটিসে আক্রান্ত হয় এবং ১১ ভাগ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়। এ থেকে প্রমাণিত হয়, ছোট্ট শিশুদের শ্বাসকষ্টের প্রধান কারণ ব্রঙ্কিওলাইটিস— নিউমোনিয়া নয়।

আমাদের শরীরের বুকের মধ্যে দুদিকে দুটি ফুসফুস আছে, যা একটি উল্টানো গাছের মতো। গাছের কাণ্ড থেকে শাখা-প্রশাখা বিস্তারিত হয়ে পাতায় শেষ হয়। এ গাছের কাজ হচ্ছে— আমাদের জন্য অতিপ্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা। পাতার বোঁটায় প্রদাহ হলে (ভাইরাসের কারণে) এটাকে বলে ব্রঙ্কিওলাইটিস এবং পাতায় প্রদাহ হলে নিউমোনিয়া। সুতরাং দুটি এক অসুখ নয়।

ব্রঙ্কিওলাইটিস ছোট্ট শিশুদের হয়ে থাকে, নাক দিয়ে পানি পড়ার পর কাশি ও শ্বাসকষ্ট হয়, জ্বরের মাত্রা কম থাকে, বুকে বাঁশির মতো আওয়াজ হয় এবং শিশু তিন-চার দিনের মধ্যে সুস্থ হয়; কিন্তু ভবিষ্যতে আবারও আক্রান্ত হতে পারে।

নিউমোনিয়া যে কোনো বয়সে হতে পারে। শিশুর খুব জ্বর হয়, অসুস্থতা চেহারায় প্রতিফলিত হয়, কাশি, শ্বাসকষ্ট হয় ও বুকে স্টেথোস্কোপ দিয়ে বিশেষ আওয়াজ পাওয়া যায়। বুকের এক্স-রে করলে কালো ফুসফুসে বিভিন্ন আকৃতির সাদা সাদা দাগ দেখা যায়। রক্ত পরীক্ষায় শ্বেতকণিকার মাত্রা বেড়ে যায়। সেরে উঠতে সময় লাগে এবং একবার ভালো হলে সাধারণত আর হয় না।

এ অসুখে শিশু দ্রুত সুস্থ হয়। ব্রঙ্কিওলাইটিস রোগ নির্ণয়ের জন্য সাধারণত কোনো পরীক্ষার প্রয়োজন নেই। রক্তের শ্বেতকণিকার মাত্রা স্বাভাবিক থাকে। বুকের এক্স-রে করা যেতে পারে যেখানে ফুসফুসে বেশি বাতাস আটকে থাকার লক্ষণ যেমন— বেশি বড় এবং বেশি কালো ফুসফুস আমরা দেখতে পাই।

ব্রঙ্কিওলাইটিসের চিকিৎসা

ব্রঙ্কিওলাইটিসে কিন্তু বেশিরভাগ শিশুকে বাড়িতে রেখেই চিকিৎসা করা যায়। তবে সুস্থ শিশুদের ব্রঙ্কিওলাইটিসে আক্রান্ত শিশু থেকে সরিয়ে রাখতে হবে। দিনের বেলায় রোদ উঠলে বাচ্চাকে খোলামেলা জায়গাতে রাখুন। জ্বরের জন্য প্যারাসিটামল আর নাক বন্ধ হয়ে গেলে নরমাল স্যালাইন (লবণপানি) ব্যবহার করা যেতে পারে।

ভাইরাসজনিত এই রোগে অ্যান্টিবায়োটিক লাগে না। শ্বাসকষ্ট খুব বেশি হলে, বাচ্চা অজ্ঞান হয়ে গেলে, খিঁচুনি হলে, ঠোঁট নীল বা কালো হয়ে গেলে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি নিশ্চিত করা গেলে এবং সেই সঙ্গে ৩ শতাংশ সোডিয়াম ক্লোরাইড দিয়ে নেবুলাইজ করলে বেশিরভাগ শিশুই ভালো হয়ে যায়। এ ক্ষেত্রে সালবিউটামল বা স্টেরয়েড দিলে খুব একটা উপকার পাওয়া যায় না।

প্রতিরোধ : বাচ্চার বুকে বা মাথায় ভিক্স, বাম দেওয়া যাবে না। অহেতুক নেবুলাইজার কিংবা যন্ত্রের সাহায্যে কফ পরিষ্কারের নামে সাকশান দেওয়ারও প্রয়োজন নেই। এ সময় তরল খাবার, বিশেষ করে বুকের দুধ ঘন ঘন খাওয়াতে হবে। খুব বেশি কাশি না হলে সপ্তাহে ২-১ বার গোসল করাতে পারবেন, অন্য সময় কুসুম গরম পানিতে পাতলা কাপড় ভিজিয়ে শরীর মুছে দিন।

জনবল নিয়োগ দেবে সিটি ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেড। ‘অ্যাসোসিয়েট রিস্ক ম্যানেজার/রিস্ক ম্যানেজার’ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

পদের নাম: অ্যাসোসিয়েট রিস্ক ম্যানেজার/রিস্ক ম্যানেজার
পদ সংখ্যা: অনির্দিষ্ট
যোগ্যতা: যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও মাস্টার্স পাস হতে হবে
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম

এতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন, https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1013455&fcatId=2&ln=1

আবেদনের শেষ তারিখ: আগ্রহীরা আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

ঢাবির ইংরেজি বিভাগে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত চাঁদনীর

শৈশবকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা। সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছে। সাফল্যও এসেছে। ভর্তির সুযোগ পেয়েছে দেশের অন্যতম এই বিদ্যাপীঠে পড়ার। কিন্তু অর্থাভাবে কুড়িগ্রামের চিলমারী উপজেলার সুমাইয়া আক্তার চাঁদনীর শৈশব কালের সেই ইচ্ছা ভেস্তে যেতে বসেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং পরের কয়েক বছর পড়ার খরচ জোগানোই এখন তার মূল চিন্তা।

কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মৌজাথানা থানাহাট বাজার এলাকায় বেড়ে ওঠে সুমাইয়া আক্তার চাঁদনীর বাবা মো. চাঁদ মিয়া সামান্য চায়ের দোকান করে যা আয় হয় তাই দিয়ে কোনোরকমে সংসার চালান। পিতার অভাবী সংসারে সংগ্রাম করে কোনোরকমে পড়াশোনা চালিয়ে যায় চাঁদনী। ভর্তির সুযোগ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

এবারের ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিটে ১৫৮৭তম স্থান অধিকার করে ইংরেজি ভাষাতত্ত্ব বিভাগে ভর্তির সুযোগ পেয়েও শুধুমাত্র অর্থাভাবে স্বপ্নের বিদ্যাপীঠ ঢাবিতে ভর্তি হতে পারছে না চাঁদনী। ২৬ ডিসেম্বর ঢাবিতে ভর্তির শেষ দিন। ভর্তির শেষ তারিখ যতই ঘনিয়ে আসছে ততই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে চাঁদনীর পরিবার।

তিন বোন এক ভাইয়ের মধ্যে চাঁদনী তৃতীয়। বড়ভাই ফরহাদ জামান সাদ্দাম বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করে বাড়িতে রয়েছেন। বড়বোন সুরাইয়া আক্তার চায়নার বিয়ে হয়ে গেছে। ছোট বোন নুসরাত জাহান সুমি এসএসসি পরীক্ষা দিয়েছে।

উপজেলার থানাহাট বাজার এলাকার সামান্য চা দোকানি মো. চাঁদ মিয়া ও গৃহিণী মোছা. নুরিমা বেগমের ৩য় কন্যা সুমাইয়া আক্তার চাঁদনী অনেকের সহায়তায় জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ অর্জন করে। পরবর্তীতে সরকারিভাবে পাওয়া শিক্ষাবৃত্তি ও আমেরিকার দেলোয়ার দিলরুবা ফাউন্ডেশনের সহায়তা নিয়ে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে মানবিক শাখায় জিপিএ-৫ অর্জন করে। বর্তমানে দুই বোনের লেখাপড়ার খরচ জোগান দেওয়া পিতা চাঁদ মিয়ার পক্ষে অসম্ভব প্রায়।

২০২০-২১ শিক্ষাবর্ষে চাঁদনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খ ইউনিটে ইংরেজি ভাষাতত্ত্ব বিভাগে ভর্তির সুযোগ পায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও চাঁদনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খ ইউনিটে মেধাতালিকায় ৫০তম স্থান অধিকার করে এবং গুচ্ছভর্তিতে তার স্কোর ৭৩.৭৫। ভর্তির জন্য চিলমারী থেকে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে প্রায় ৩০ হাজার টাকা প্রয়োজন। এছাড়াও ভর্তি হয়ে শিক্ষাজীবনে বাকি পথ কীভাবে পাড়ি দেবে তা তার জানা নেই। চাঁদনীর মা নুরিমা বেগম মেয়ের উচ্চশিক্ষার জন্য সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগী ব্যক্তিদের সাহায্য সহযোগিতা কামনা করেছেন।

সাহায্য পাঠাতে: সঞ্চয়ী হিসাব নম্বর- ৯২০০০০৭২২১০২৫ অগ্রণী ব্যাংক লিমিটেড, চিলমারী শাখা, চিলমারী, কুড়িগ্রাম।

রাবি ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক ড. সনৎ কুমার সাহা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মনোনীত হয়েছেন রবীন্দ্র গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার সাহা। বাংলাদেশ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলা সাহিত্য নিয়ে গবেষণায় বিশেষ অবদান রাখায় আগামী দুই বছরের জন্য তাকে এ পদে মনোনীত করা হয়েছে।

শনিবার রাতে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫০৯তম সিন্ডিকেট সভায় তাকে এই পদে মনোনীত করা হয়। অধ্যাপক সনদ কুমার সাহাকে বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মনোনীত করার বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।

তিনি বলেন, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মনোনীত করার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির সদস্যরা বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক নীতিমালা অনুসারে বিশিষ্ট গবেষক অধ্যাপক সনৎ কুমার সাহার নাম প্রস্তাব করেন; যা ৫০৯তম সিন্ডিকেট সভায় পাশ হয়।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক চালু হলো। প্রথম ব্যক্তি হিসেবে মনোনীত হলেন অধ্যাপক সনৎ কুমার সাহা।

জীবনসঙ্গী হিসেবে ভিকিকেই কেন বেছে নিলেন ক্যাটরিনা?

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের দেওয়া তথ্যানুযায়ী, বলিউডের হার্টথ্রব অভিনেতাদের সঙ্গে বাস্তবের সম্পর্কে জড়িয়েছেন তিনি। সালমান খানের সঙ্গে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন। তারা বিয়ের পথে এগোচ্ছিলেন। সেই আলোচনার মধ্যেই ক্যাটরিনা প্রেমিক হিসেবে বেছে নেন রণবীর কাপুরকে।

সেই সম্পর্কও পরিণতি পায়নি। অবশেষে রণবীর বেছে নেন আলিয়াকে। ক্যাটরিনা দীর্ঘদিন সিঙ্গেল থেকে ভিকিকেই বেছে নেন ।

বয়সে ৫ বছরের ছোট ভিকির সঙ্গে বলিউড সুদর্শনীর প্রেম মাত্র দেড় বছরের। এর মধ্যেই তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। যেটি অবাক করেছেন ক্যাটরিনার সাবেক প্রেমিকসহ ভক্তদের।

১৯৮৩ সালের ১৬ জুলাই হংকংয়ে জন্ম নেওয়া ক্যাটরিনা বলিউড সিনেমায় বহুদিন ধরে দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। আর ১৯৮৮ সালের ১৬ মে জন্ম নেওয়া উরিখ্যাত অভিনেতা ভিকি কৌশল বলিউড সিনেমায় ততটা জনপ্রিয় নয়। আয়ের দিক থেকে ক্যাটরিনার ধারেকাছেও নেই ভিকি। তবুও তার গলায় ৯ ডিসেম্বর মালা পড়িয়েছেন ক্যাট।

ক্যাটরিনা যে কারণে ভিকিকেই বেছে নেন

ভারতের চলচ্চিত্রবিষয়ক প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, ক্যাটরিনার জীবনে প্রেমের অভাব হয়নি। কিন্তু যোগ্য জীবনসঙ্গী হওয়ার মতো পাত্রের অভাব ছিল। ভিকির মধ্যেই সেটিই খুঁজে পেয়েছেন।

ক্যাটরিনার সঙ্গে সম্পর্ককে অনেক সম্মান ও গুরুত্ব দিয়েছেন ভিকি। যে কারণে তাকে যোগ্য জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।

ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্র বলছে, ভিকিকে বিয়ে করা নিয়ে ক্যাটরিনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু ক্যাট ভিকির ভালোবাসাকেই মূল্য দিয়েছেন। ভিকি তাকে সুখী করতে পারবেন এই বিশ্বাস থেকেই এ সিদ্ধান্ত ক্যাটরিনার।

ভিকি ক্যাটরিনাকে রানির মতো মূল্য দিতেন, যেটি অন্য কারও কাছ থেকে পাননি ক্যাটরিনা। তার চাওয়া ছিল প্রেমিক তাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। ভিকির মধ্যে সেটিই পেয়েছেন ক্যাট।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বিয়ের আসরে দুজনের সম্পর্ক নিয়ে কথা বলেছেন ভিকি। সেটি শোনে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্যাট।
এদিকে বিয়েতে পাশে থাকায় সহকর্মীদের ধন্যবাদ দিয়েছেন ক্যাট।

এদিকে বিয়ের ছবি দিয়ে ভি-ক্যাট টুইটারে লিখেছেন, জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের পাশে থাকায় সবাইকে অন্তর থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমাদের নতুন অভিযাত্রায় ভালোবাসা ও আশীর্বাদ কামনা করি।

ক্যাটরিনার টুইটের নিচে বহু বলিউড তারকা কমেন্ট করেছেন। আনুশকা শর্মা, দীপিড়া পাড়ুকোন, আলিয়া ভাট, অভিষেক বচ্চন, শহীদ কাপুরসহ অন্যরা নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।

আগাম জামিন চেয়ে হাইকোর্টে মিথিলা ও শবনম ফারিয়ার আবেদন

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে হওয়া মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া।

রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদন জানানো হয়েছে।

মিথিলার আইনজীবী নিয়াজ মোর্শেদ জানিয়েছেন, আগামীকাল (সোমবার) তার জামিন আবেদন শুনানির জন্য কার্যতালিকায় আসবে।

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে হওয়া মামলায় অভিনেতা ও গায়ক তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত ৪ ডিসেম্বর ধানমণ্ডি থানায় মামলাটি করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক।

এসব তারকা যে কোনো সময় গ্রেফতার হতে পারেন বলে গত শুক্রবার জানান ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।

এ খবরের পর এক প্রতিক্রিয়ায় মিথিলা বলেন, ‘ইভ্যালির কারণে আমি নিজেও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এর কারণে আমার এত বড় সুনাম নষ্ট হলো। আমি এ বিষয়ে এখনও কোনো লিগ্যাল নোটিশ পাইনি। সুতরাং এ বিষয়ে কিছুই জানি না।’

মিথিলা ইভ্যালির সঙ্গে ‘ফেস অব ইভ্যালি লাইফস্টাইল’ হিসেবে যুক্ত ছিলেন। প্রতিষ্ঠানটিতে শুভেচ্ছাদূত হিসেবে যোগ দেন গত ১৫ মে। ওই দিন তাহসানসহ ইভ্যালির একটি বিশেষ লাইভেও অংশ নেন তিনি। এর দুই মাস পর তিনি চুক্তি বাতিল করেন।

‘কোহলিকে আরও একটু সম্মান দেওয়া উচিত ছিল’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বিরাট কোহলি ঘোষণা দেন বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেবেন। বিশ্বকাপ শেষে কোহলির অবর্তমানে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় তারকা ওপেনার রোহিত শর্মাকে।

টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দিয়ে আরও কিছু দিন ওয়ানডে ও টেস্টের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা ছিল কোহলির। কিন্তু তার সেই ইচ্ছা পূরণ হলো না। ওয়ানডে দলের নেতৃত্ব থেকেও বিশ্বের এ সময়ের সেরা এই ব্যাটসম্যানকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট বলেন, বিসিসিআই চায়নি কোহলি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ুক। কিন্তু তার মানে এই নয় সাদা বলের ক্রিকেটে দুইজন অধিনায়ক থাকতে পারবে না। সব থেকে ভালো হতো যদি কোহলিকে ওয়ানডের অধিনায়ক রেখে রোহিত শর্মাকে শুধু টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হতো।

নিজের ইউটিউব চ্যানেলে সালমান বাট আরও বলেন, কোহলিকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া থেকেই বোঝা যাচ্ছে বিসিসিআইয়ের হাতে কতটা ক্ষমতা রয়েছে। কেউ দেখলো না ভারতীয় ক্রিকেটের জন্য কোহলি কী করেছে। ওকে আরও একটু সম্মান দেওয়া উচিত ছিল। বিসিসিআইয়ের বোঝা উচিত ছিল কোহলি বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন।

প্রসঙ্গত, ২০১৭ সালের জানুয়ারি থেকে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলকে নেতৃত্ব দেন বিরাট কোহলি। এই সময়ে ৫০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩০টিতে জয় উপহার দেন কোহলি। আর ২০১৩ সালের জুলাই থেকে ভারতকে ৯৫টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে ৬৫টিতে জয় উপহার দেন তিনি।

বিসিএলের উদ্বোধনী ম্যাচে দারুণ ব্যাট করলেন আশরাফুল-ইমরুল

করোনার কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) গত মৌসুম মাঠে গড়ায়নি। তবে আজ রোববার থেকে শুরু হয়েছে ২০২১-২২ মৌসুমের খেলা।

নবম আসরের প্রথম রাউন্ডে দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়ছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোন। অন্যদিকে, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি বিসিবি সাউথ জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন।

আর বিসিএলের প্রথম দিনেই দুর্দান্ত ব্যাট করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েস।

শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে বিসিবি সাউথ জোন।

দলটির পক্ষে ইনিংস উদ্বোধন করতে নামেন মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েস। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের উদ্বোধনী জুটিতে আসে ১০১ রান।

৯৩ বলে ৪৬ রান করে ইমরুল কায়েস ফিরে গেলেও অর্ধশতক তুলে নেন আশরাফুল। আশরাফুলের ব্যাট থেকেই এলো এবারের বিসিএলের প্রথম অর্ধশতক। ১২০ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল আটটি চারে।

বিদ্যুতের আগুনে মারা গেল ঘুমিয়ে থাকা মুজাহিদ

কুমিল্লার মুরাদনগরে বসতঘরে অগ্নিকাণ্ডে মুজাহিদ সরকার (১৬) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার টনকি গ্রামের বড়বাড়িতে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

নিহত শিক্ষার্থী মুজাহিদ সরকার টনকি গ্রামের সৌদি আরব প্রবাসী ইব্রাহীম সরকারের ছেলে। সে টনকি হানিফ সরকার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের স্বজনরা জানান, নিহতের বাবা ইব্রাহিম সরকার দীর্ঘদিন যাবত আছেন। শনিবার দুপুরে বড় ছেলে মুজাহিদকে বাসায় রেখে তার মা ছোটভাই ও ছোটবোনকে নিয়ে মামার বাড়ি বেড়াতে যান। শনিবার গভীর রাতে হঠাৎ ইব্রাহীম সরকারের বসত ঘর থেকে আগুনের লেলিহান শিখা জ্বলে উঠে। তখন পাশের ঘর থেকে লোকজন আগুন দেখে চিৎকার শুরু করলে করলে এলাকাবাসী আগুন নেভাতে এগিয়ে আসে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর আগেই ততক্ষণে ঘরের মধ্যে একা ঘুমিয়ে থাকা মুজাহিদ ও বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় নিহত মুজাহিদ সরকারের সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নুরুল হুদা নয়ন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনের ধ্বংসাবশেষ থেকে একটি লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, খবর পেয়ে আমি ও বাঙ্গরাবাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা প্রশাসকের নির্দেশনায় অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তির লাশ দাফন সম্পূর্ণ করতে তার পরিবারে হাতে ২৫ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।

আইভীর বিরুদ্ধে বিএনপির ৪ প্রভাবশালী নেতা

আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শামীম ওসমানের সেই আলোচিত ডায়ালগ ‘খেলা হবে’ দেশের গণ্ডি পেরিয়ে ভারতের মাঠ দাবড়িয়ে এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দাবড়াচ্ছে।

আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে বিএনপির চার প্রভাবশালী নেতা সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ নিয়ে ‘খেলা হবে’ ডায়ালগটি এখন নারায়ণগঞ্জে ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে।

রোববার বিএনপি নেতা সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন মনোনয়নপত্র ক্রয় করেছেন। সোমবার জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার মনোনয়ন ক্রয় করবেন বলে জানা গেছে। এর আগে গত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক এটিএম কামাল মনোনয়নপত্র ক্রয় করেছেন।

জানা যায়, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে শহর ও শহরতলীতে মেয়র প্রার্থীদের নিয়ে আলোচনার ঝড় উঠেছে। বিএনপির প্রভাবশালী চার নেতা আওয়ামী লীগের এক প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মানেই শামীম ওসমানের সেই ডায়ালগটিই মনে করেন অনেকে। নির্বাচন প্রসঙ্গে কথা উঠলেই ‘খেলা হবে’ ডায়ালগ দিয়ে অনেকে আলোচনায় মেতে উঠেন।

ডা. সেলিনা হায়াত আইভী বলেন, দলের অনুমতিতে মনোনয়নপত্র ক্রয় করেছি। নৌকা প্রতীকের পক্ষে এমপি শামীম ওসমান কাজ করবেন। আমি আশাবাদী আবারো নৌকার জয় হবে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে কী কী প্রয়োজন এসব জানতে শনিবার নির্বাচন অফিসে গিয়ে খোঁজখবর নিয়েছি। মনোনয়নপত্র সংগ্রহ করব। দলীয় নির্দেশ পেলে অবশ্যই নৌকার বিরুদ্ধে খেলা হবে এবং জয় নিয়ে ঘরে ফিরব।

সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মনোনয়নপত্র ক্রয় করেছি। অবশ্যই নৌকার বিরুদ্ধে খেলা হবে এবং বিপুল ভোটে জয়ী হব ইনশাহআল্লাহ।

অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান বলেন, এবার অবশ্যই জয়ী হব। নৌকার বিরুদ্ধে সবাই আমাকে ভোট দেবেন।

এটিএম কামাল বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেছি। নির্বাচন করব, অবশ্যই নারায়ণগঞ্জবাসী আমাকে জয়যুক্ত করবেন। আমি সবসময় নারায়ণগঞ্জবাসীর পাশে থাকি। মানুষের অধিকার নিয়ে আন্দোলন করি। জনসাধারণ আমাকে চায়।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর। ২০ ডিসেম্বর বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। ভোটগ্রহণ ১৬ জানুয়ারি। নাসিকে মেয়র পদ ছাড়াও ২৭টি সাধারণ ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।