শনিবার ,১৬ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 568

রাজশাহীতে অপহরণ নাটক সাজিয়ে ধরা পড়লেন ইমাম!

রাজশাহীতে অপহরণের নাটক সাজিয়ে পুলিশের কাছে ধরা পড়েছেন মিজানুর রহমান (২৬) নামে এক ইমাম।

মিজানুর জেলার গোদাগাড়ী উপজেলার কাজিহাটা ধরমপুর গ্রামের বাসিন্দা। বাবার নাম এমারত আলী। তিনি গোদাগাড়ীর একটি মসজিদে জুমার নামাজ পড়াতেন। এ ছাড়া মিজানুর মহানগরীর টুলটুলি পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মঙ্গলবার ঢাকার গাবতলী থেকে মিজানুরকে ধরে আনে। এরপর মঙ্গলবার সকালে মহানগর ডিবি পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে মহানগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, মিজানুর ২০১৪ সাল থেকে ‘ফরেক্স ফ্যাক্টরি’ নামের একটি বিদেশি প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে বিনিয়োগ করেন। প্রথমদিকে ভালো লাভ করলেও ধীরে ধীরে তার লোকসান হতে থাকে। তিনি বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার করে ৩১ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। একপর্যায়ে সব টাকাই তিনি হারিয়ে ফেলেন।

এই ঋণ পরিশোধের জন্য মিজানুর অপহরণ নাটক সাজান। গত ১৩ ডিসেম্বর তিনি আত্মগোপন করেন। তারপর বাড়িতে ফোন করে জানান, তাকে অপহরণ করা হয়েছে।

২০ লাখ টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে। পরবর্তীতে ১০ লাখ এবং সবশেষ ৫ লাখ টাকা দাবি করেন। তবে টাকা না দিয়ে মিজানুরের মা মনিরা বেগম মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এই জিডির পরিপ্রেক্ষিতেই ডিবি পুলিশ মিজানুরের অবস্থান শনাক্ত করতে কাজ শুরু করে।

আরেফিন জুয়েল জানান, মিজানুর হরদম নিজের অবস্থান পরিবর্তন করছিলেন। অবশেষে তাকে ধরা সম্ভব হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে মিজানুর সাংবাদিকদের জানান, ঋণের টাকা পরিশোধের জন্য তিনি নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন।

মিজানুর বলেন, আমার একটা ভুলের কারণে প্রায় ৩০ লাখ টাকা ঋণ হয়ে গেছে। এ জন্য আমাকে এই কৌশল নিতে হয়েছিল।

৩ জানুয়ারি থেকে সারা দেশে ট্যাংক-লরি ধর্মঘট

এবার ভাড়া বাড়ানোর দাবিতে সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার রাতে অ্যাসোসিয়েশনের এক সভায় এ সিদ্ধান্ত হয়। আগামী ৩ জানুয়ারি থেকে সারা দেশে লাগাতার এ ধর্মঘট হবে।
অ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৪ নভেম্বর ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে। কিন্তু ট্যাংক-লরির ভাড়া বাড়ানো হয়নি। অথচ তেলের মূল্য বাড়ানোর আগে থেকেই
চ্যাসিস, ট্যাংকার, খুচরা যন্ত্রাংশ, আয়কর, শ্রমিকদের বেতন বাবদ ট্যাংক-লরিতে বিনিয়োগ কয়েকগুণ বেড়েছে।
লোকসানের মাত্রা কয়েকগুণ বেড়ে যাওয়ায় ৩ জানুয়ারি থেকে ট্যাংক-লরি বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক গভর্নরের কার্যালয়ে গেলেন সাকিব

ব্রোকারেজ হাউজ, স্বর্ণ আমদানিকারক ও কাকড়া চাষের পর এবার ব্যাংক খাতের সঙ্গে যুক্ত হতে চলেছেন সাকিব আল হাসান।

সেই পরিকল্পনা এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশসেরা এই অলরাউন্ডার ।

মঙ্গলবার দুপুরে গভর্নর কার্যালয়ে যান তিনি।

এদিন নতুন একটি ব্যাংকের মালিকানায় আসা সংক্রান্ত বিষয় নিয়ে গভর্নর ফজলে কবিরের সঙ্গে আলোচনা করেন সাকিব।

সাকিবের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সম্মতিপত্র (এলওআই) পাওয়া ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান আবুল কাশেম ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাসের।

তবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন না।

তবে বিষয়টি শুনেছেন জানিয়ে তিনি বলেছেন, ‘সাকিব আল হাসান দুপুরের দিকে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে আমি শুনেছি। তবে ঠিক কী কারণে সাক্ষাৎ করেছেন, সেটি আমাকে অবহিত করা হয়নি।’

এদিকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে একটি ব্যাগ ও মাস্ক হাতে হাস্যজ্জ্বল দাঁড়িয়ে সাকিব।

উল্লেখ্য, নতুন ব্যাংকের লাইসেন্স পাওয়ার শর্ত হিসেবে উদ্যোক্তাদের ৪০০ কোটি টাকার পরিশোধিত মূলধন জোগানের কথা বলা হয়েছিল। আর কার্যক্রম শুরুর এক বছরের মধ্যে তা ৫০০ কোটি টাকায় উন্নীত করতে হবে। অন্যদিকে উদ্যোক্তা হিসেবে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হতে হলে প্রয়োজন হয় সর্বনিম্ন ২ শতাংশ শেয়ারের। পিপলস ব্যাংকের প্রতিটি পরিচালক পদের জন্য সর্বনিম্ন ১০ কোটি টাকা মূলধন জোগান দিতে হবে।

জানা গেছে, ব্যাংকটির মালিকানায় আসতে ২৫ কোটি টাকারও বেশি মূলধন জোগান দিচ্ছেন সাকিব ।

 

বরিশালে পরিবহণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে জখম

বরিশালে এক পরিবহণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে জখম করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টায় বরিশাল নগরের পুলিশ লাইন্স রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম শামীম মুন্সি (৪৫)। তিনি নগরের আলেকান্দা কাজিপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় অভিযুক্ত জলিল হাওলাদারকে আটক করেছে পুলিশ। আটক জলিল বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার কাদের হাওলাদারের ছেলে ও বর্তমানে নগরের সিঅ্যান্ডবি রোড থানা কাউন্সিলসংলগ্ন মিয়াবাড়ির পুল এলাকার বাসিন্দা।

বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন জানান, সকালে পুলিশ লাইন্স রোড থেকে মোটরসাইকেলে যাওয়ার পথে জলিল হাওলাদার তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এ সময় স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ জলিলকে আটক করে এবং আহত হওয়া শামীম মুন্সিকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, অভিযুক্ত জলিলের কথাবার্তায় মনে হচ্ছে, তার মানসিক কোনো সমস্যা রয়েছে। তিনি নিজেকে মেজর জলিল বলেও পরিচয় দিচ্ছেন। তার পরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

আহতের ভাই সাবেক সেনাসদস্য পারভেজ জানান, সকালে মোটরসাইকেলে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান নগরের ৩০ গোডাউন এলাকায় যাওয়ার সময় নগরের পুলিশ লাইন্সের সামনে পৌঁছলে অজ্ঞাত এক ব্যক্তি তার গতিরোধ করে। পরে আকস্মিকভাবে শামীমের পেটে ছুরিকাঘাত করে ওই ব্যক্তি। তাৎক্ষণিকভাবে পাশের পুলিশ লাইন্সের সদস্যরা হামলাকারীকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করে। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।

 

ভূ‌মিহীনদের উচ্ছেদের প্রতিবা‌দে ব‌রিশা‌লে বি‌ক্ষোভ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বরিশালের রসুলপুর বস্তিতে ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বুধবার দুপু‌রে বাংলাদেশ কৃষক ফেডারেশনের উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশ হয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক হারুন ভান্ডারীর সভাপতিত্বে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রসুলপুর বস্তিতে কোস্টগার্ড উন্নয়নের নামে ভূমিহীনদের উচ্ছেদ চলছে। পুনর্বাসন ছাড়া ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করা যাবে না বলে দাবি করেন তারা।

এ সময় তারা আরও অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে নিম্ন আয়ের মানুষ দিশেহারা।

বিক্ষোভ সমাবেশে সংগঠনের জেলা সাধারণ সম্পাদক হালিম মোহরিসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নিজস্ব প্রযুক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতি জানিয়েছে, একই মডেলের ক্ষেপণাস্ত্র আগে পরীক্ষা করা হয়েছিল। তবে এবার নতুন ক্ষেপণাস্ত্রের পাল্লা দ্বিগুণ করা হয়েছে।

সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হয়েছে এবং এর নাম দেওয়া হয়েছে বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র-ওয়ান বি। প্রথমে যে বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছিল, তার পাল্লা ছিল ৪৫০ কিলোমিটার।

নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা চালানোর জন্য পাক সামরিক বাহিনীর স্ট্রাটেজিক প্ল্যান্স ডিভিশন বা এসপিডির মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল নাদিম জাকি মাঞ্জ দেশের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন।

এ পরীক্ষার মাধ্যমে পাক সামরিক বাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলে তিনি আশা করেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি, প্রধানমন্ত্রী ইমরান খান, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রেজা দেশের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন।

ইসলাম প্রচারের অভিযোগে দুই তুর্কি সাংবাদিক রাশিয়ায় গ্রেফতার

তুরস্কের সংবাদমাধ্যম জিজেডটির দুই সাংবাদিককে ইসলাম প্রচার ও গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে রাশিয়া।

রাশিয়ার খাকাসিয়া প্রজাতন্ত্র থেকে ১৬ ডিসেম্বর তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।

জিজেডটির এক প্রতিবেদনের বরাতে খবরে বলা হয়, নাজগুল কেনঝেতে এবং এমিন কারাকাকের জিনিসপত্র জব্দ করা হয়েছে এবং জোরপূর্বক তথ্য মুছে ফেলতে বাধ্য করেছে রুশ কর্তৃপক্ষ।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই দুই সাংবাদিক তুর্কি জনগোষ্ঠীর লাইফস্টাইল ও সংস্কৃতি নিয়ে তথ্যচিত্র নির্মাণের জন্য রাশিয়ায় ছিলেন।

জিজেডটি বলছে, রাশিয়া তাদের যে প্রত্যাবাসন কেন্দ্রে রেখেছে সেখানে তাদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। সেখানে সারাক্ষণ এসি চালু থাকে যা তাদের অসুস্থ করে ফেলছে। এ ছাড়া দুই সাংবাদিকদকে সবসময় নজরদারির মধ্যে রাখা হচ্ছে ও তাদের মোবাইল বারবার পরীক্ষা করা হয়, যা গোপনীয়তার লঙ্ঘন।

অপরদিকে ক্রেমলিনপন্থি সংবাদমাধ্যম বলছে, ওই দুই সাংবাদিক রাশিয়া বিরোধী অপপ্রচার চালানোর পাশাপাশি গোয়েন্দাগিরি করছিল। তারা দেখানোর চেষ্টা করছিল যে, তুর্কি জাতিভুক্ত মানুষ রাশিয়ায় খুবই কঠিন পরিস্থিতিতে রয়েছে। ওই দুই সাংবাদিক ইসলাম প্রচারের চেষ্টাও করছিলেন।

এর আগে আরও দুই তুর্কি সাংবাদিককে গ্রেফতার করেছিল রাশিয়া।

 

সূচকের মিশ্র প্রবণতায় চলছে পুঁজিবাজার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন।

এ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিন বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৭৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১৪৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করে ২৫৩৯ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৬ কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১০৫টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৮০টির।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৭০৪ পয়েন্টে অবস্থান করছে।

ব্যয় বাড়ল ৬২ ভাগ সময় ৩ বছর

৩ হাজার ৫৬৭ কোটি টাকা ব্যয়ে ‘আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ক চার লেন’ প্রকল্পের কাজ নির্ধারিত চার বছরে সম্পন্ন হয়েছে মাত্র ৩১ শতাংশ। ব্যয় করা হয়েছে ১ হাজার ১১৭ কোটি ৪৪ লাখ টাকা। ফলে প্রকল্পের কাজ শেষ করার জন্য ৩ বছর মেয়াদ বাড়ানো হচ্ছে। ব্যয় বাড়ছে ২ হাজার ২২৪ কোটি টাকা। এ সংক্রান্ত সংশোধনী প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। ভারতীয় ঋণের আওতায় (এলওসি) প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

সূত্র জানায়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাওয়ার পর ২৫ আগস্ট পিইসি প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা হয়। ওই সভায় দেওয়া সুপারিশগুলো প্রতিপালন করায় প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। এটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

প্রতিবাদ নয় প্রতিরোধ হবে: অ্যাড. তৈমুর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘নির্বাচনের দিন যদি একজন এজেন্টকে বের করে দেওয়া হয় তাহলে ৫জন এজেন্টকে জনগণ বের করে দেবে। জনগণের জোয়ার শুরু হয়ে গেছে। মানুষ এখন প্রতিবাদী। কোন ধরণের অন্যায়, বৈষম্য, দ্বিমুখী আচরণ সহ্য করা হবে না। প্রতিবাদ নয়, প্রতিরোধ শুরু হয়ে যাবে।’

মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের নেতাদের সঙ্গে আলোচনায় সময় এসব কথা বলেন তিনি।