শুক্রবার ,১৪ আগ, ২০২৬
sbacbank
Home Blog Page 352

জবি নটরডেমিয়ান সোসাইটির সভাপতি ইমন, সম্পাদক আরাফাত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নটরডেমিয়ান সোসাইটির নির্বাচনে সভাপতি পদে রাফসান শরিফ ইমন ও সম্পাদক পদে মো. আরাফাত হোসেন খান নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদের ১৮টি পদের মধ্যে ১০টি পদের বিপরীতে অনলাইনে নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্য ৮টি পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

কার্যনির্বাহী পরিষদ ২০২২ নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন- সহ-সভাপতি ইয়াসির আরাথ, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় গোমেজ, সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান সাবা, দফতর সম্পাদক মো. মেহেদি হাসান, অর্থ সম্পাদক আলী ইবনে রেজা পাহলভী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিব আল আমিন, সাংস্কৃতিক সম্পাদক কে এম নাবিউল হাসান, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক নীলয় কুমার, ছাত্রকল্যাণ সম্পাদক জাহিদুল আবেদিন খান, ক্রীড়া সম্পাদক রাকিব খান রামিম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মো. রাফসান জামিল রাজু।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন- সাইফুল ইসলাম খান, সোহান মোল্লা, কাজী নুরুল ইসলাম বাঁধন ও আহাদুজ্জামান মুন্না।

রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বাইয়ের টানা ছয় হার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত ১৪ আসরের মধ্যে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ান্স। ফ্র্যাঞ্চাইজি এ জনপ্রিয় টুর্নামেন্টে সবচেয়ে বেশি শিরোপাধারী দলটি এবার প্রত্যাশিত ক্রিকেট খেলতে ব্যর্থ।

আইপিএল চলমান ১৫তম আসরের শুরু থেকেই পরাজয়ের বৃত্তে আটকে আছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।

নিজেদের ষষ্ঠ ম্যাচেও জয় ছিনিয়ে নিতে পারেনি মুম্বাই। লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দল লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে ২০০ রানের বিশাল টার্গেট তাড়ায় মুম্বাইয়ে হেরে যায় ১৮ রানে।

শনিবার মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে লোকেশ রাহুলের লড়াকু সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ১৯৯ রান করে লখনৌ। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে শেষ বল পর্যন্ত খেলে ৬০ বলে ৯টি চার আর ৫টি ছক্কায় দলীয় সর্বোচ্চ ১০৩ রান করেন রাহুল।

টার্গেট তাড়া করতে নেমে এক উইকেটে ৫৭ রান করা মুম্বাই এরপর শূন্যরানের ব্যবধানে হারায় ২ উইকেট। চতুর্থ উইকেটে সুরাইয়া কুমার যাদবের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন তিলক ভার্মা।

এরপর সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে শেষ দিকে আস্কিং রান রেট তাড়া করে জয় ছিনিয়ে নিতে পারেননি কায়রন পোলার্ড।

লখনৌর ১৮ রানের জয়ে সেঞ্চুরিময় ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন অধিনায়ক লোকেশ রাহুল।

লখনৌয়ের আগে মুম্বাই হারে পাঞ্জাব কিংস, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়েলস ও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।

মোস্তাফিজের এক ওভারেই ৪ বাউন্ডারি ২ ছক্কা

চলতি আইপিএলের শুরু থেকে দারুণ বোলিং করে প্রশংসা কুড়িয়েছিলেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

কিন্তু শনিবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৮তম ওভারে বোলিংয়ে এসে দীনেশ কার্তিকের হাতে পুরোদমে মার খান কাটার মাস্টার। ওই ওভারের প্রথম তিন বলে তিনটি বাউন্ডারি হাঁকান কার্তিক। চতুর্থ ও পঞ্চম বলে হাঁকান ছক্কা। আর শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ২৮ রান তুলে নেওয়ার মধ্য দিয়ে মাত্র ২৬ বলে ফিফটি পূর্ণ করেন কার্তিক।

ইনিংসের প্রথম ওভারে মাত্র ৫ রান খরচ করেন মোস্তাফিজ। ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে দুই বাউন্ডারিতে খরচ করেন ১০ রান। ১৬তম ওভারে এসে খরচ করেন মাত্র ৫ রান। ৩ ওভারে ২০ রান খরচ করা মোস্তাফিজ নিজের শেষ ওভারে খরচ করেন ২৮ রান। ৪ ওভারে ৪৮ রান খরচ করে কোনো উইকেট শিকার করতে পারেননি দিল্লি ক্যাপিটালসের এই তারকা পেসার।

শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন দীনেশ কার্তিক। ৩৪ বলে ৫৫ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল।

সিনেমার ‘মিষ্টি মেয়ে’ কবরী ছাড়া এক বছর

‘মিষ্টি মেয়ে’খ্যাত কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীকে হারানোর এক বছর পূর্ণ হলো আজ। গত বছরের এই দিনে ‘দুই জীবন’-এর নায়িকা পাড়ি জমান অনন্তলোকে।

২০২১ সালে এপ্রিলের প্রথম সপ্তাহে করোনায় আক্রান্ত হন ঢাকাই সিনেমার এই সারেং বউ। এর পর ভর্তি হয়েছিলেন হাসপাতালে। অবস্থার অবনতি হলে পরিবর্তন করা হয় হাসপাতাল। কিন্তু ফেরানো যায়নি এ কিংবদন্তিকে।

তার মৃত্যুতে শুধু শোবিজ অঙ্গন নয়, শোকের সাগরে ভাসে সারা দেশের মানুষ। যদিও চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের মানুষেরা এখনও বলেন, শারীরিকভাবে বাংলার কিংবদন্তি অভিনেত্রী কবরী দূরে চলে গেলেও তিনি আছেন বাঙালির হৃদয়ে। তার কর্মে। তার অভিনীত অসংখ্য চলচ্চিত্রে।

তারা মনে করেন, বহুকাল তিনি বেঁচে থাকবেন বাংলা ভাষাভাষি মানুষের মননে। সুতরাং এর জরিনা, রংবাজ এর চিনি, বধূ বিদায়ের মায়া কিংবা সারেং বউ হয়ে।

সাদামাটা বালিকা মিনা থেকে হয়ে উঠেছিলেন বাংলার কবরী। কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন শুধু অভিনয় গুণ দিয়ে। ১৯৬৪ সালে সবেমাত্র উচ্চমাধ্যমিকের ছাত্রী থাকাবস্থায় যুক্ত হয়েছিলেন সিনেমায়। তখন আর কত বয়স! স্কুল, পড়াশোনার বাইরে একটু-আধটু নাচ করেন! অথচ সেই সময়েই প্রখ্যাত পরিচালক সুভাষ দত্তের আবদার, তাকে অভিনয় করতে হবে চলচ্চিত্রে!

মায়ের অনিচ্ছা, কিন্তু বাবার আছে সমর্থন! সেই শুরু। ‘সুতরাং’ দিয়ে! আর পেছনে ফিরতে হয়নি। চলচ্চিত্রের রঙিন দুনিয়ায় পা রেখেই মিনা হয়ে উঠেন কবরী! নতুন নাম, নতুন কাজ, নতুন চ্যালেঞ্জ!

এর পর একে একে হীরামন, সুজন সখী, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়, আগন্তুকসহ জহির রায়হানের তৈরি উর্দু ছবি ‘বাহানা’ এবং ভারতের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের ছবি ‘তিতাস একটি নদীর নাম’ এ দুর্দান্ত অভিনয় করে একেবারের ঘরের মেয়ে হয়ে উঠেন কবরী। চলচ্চিত্রের মানুষের কাছে ‘মিষ্টি মেয়ে’!

ষাটের মাঝামাঝি থেকে সত্তর ও আশির দশক মাতিয়ে রেখেছেন তিনি। শুধু অভিনয় নয়, চলচ্চিত্র পরিচালনাতেও সুনাম কুড়িয়েছেন কবরী। রাজনীতিতে নাম লিখিয়েও পেয়েছেন সফলতা। একবার হয়েছেন সংসদ সদস্য।

অসুস্থ হওয়ার ঠিক কয়েক দিন আগেই কবরী শেষ করেন তার পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘এই তুমি সেই তুমি’র শুটিং। ডাবিং ও সম্পাদনার কাজ করছিলেন। ছবিতে কবরী নিজেও অভিনয় করেছেন। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন সাবিনা ইয়াসমিন। বর্তমানে ছবিটি আছে মুক্তির প্রতীক্ষায়।

মাদ্রাসাছাত্রকে নিপীড়ন, সুপার গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে কোরআনের হাফেজ এক মাদ্রাসাছাত্রকে (১৬) শারীরিক নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে জয়নারায়ণপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান জানান, বলাৎকারের শিকার ওই ছাত্র নিজে বেগমগঞ্জ থানায় অভিযোগ করে। তার অভিযোগ সূত্রে বেগমগঞ্জ থানা পুলিশ শনিবার গভীর রাতে মাদ্রাসা সুপার মাওলানা মিজানুর রহমানকে গ্রেফতার করে।

এলাকাবাসী জানান, এই মিজানুর রহমান ‘৭১-এর রাজাকার আবু তাহের হাজির ছেলে। সে মাদ্রাসার জুনিয়র শিক্ষক থেকে কমিটির মাধ্যমে কয়েকজন সিনিয়র শিক্ষককে ডিঙিয়ে বেআইনিভাবে তাকে সুপার পদে নিয়োগ নেয়।

বেতনের পুরোটা কৃষক সন্তানদের দিলেন হরভজন

রাজনীতিতে নাম লিখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর নিজের প্রাপ্য বেতনের পুরোটাই তিনি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকদের কন্যাসন্তানদের শিক্ষার জন্য।

এক টুইটবার্তায় হরভজন লিখেছেন— ‘রাজ্যসভার সদস্য হিসেবে আমার বরাদ্দ বেতন কৃষকদের কন্যাসন্তানদের জন্য দিয়ে দিতে চাই। যাতে ওরা শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে উন্নতির সুযোগ পায়। দেশের উন্নয়নের জন্যই আমার এ উদ্যোগ। তার জন্য প্রয়োজনীয় সব কিছুই করব। জয় হিন্দ।’

গত বছর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হরভজন। বাইশ গজের পার্ট চুকিয়ে আম আদমি পার্টিতে নাম লিখিয়েছেন তিনি। রাজনীতিতে নেমেই রাজ্যসভার প্রার্থী হন ৪১ বছর বয়সি সাবেক এ অফস্পিনার। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হওয়ার পর ভাজ্জি জানিয়ে দিলেন, তিনি পাঞ্জাবের মেয়েদের উন্নতি ও নারীকল্যাণে পাশে দাঁড়াতে চান।

পাশাপাশি পাঞ্জাবের খেলার সার্বিক উন্নয়নের দিকটিতেও বিশেষ নজর দিচ্ছেন হরভজন। তিনি বলেন, তাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে, তা তিনি পূরণ করার চেষ্টা করবেন।

হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার ৫৯

হেরোইন, ইয়াবা এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার ভোর ৬টা থেকে রোববার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৪৫৮ পিস ইয়াবা বড়ি, ২৮ কেজি ৩৮২ গ্রাম গাঁজা, ৬৩ গ্রাম ১০ পুরিয়া হেরোইন ও ৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০ মামলা রুজু হয়েছে।

আল আকসায় ইসরাইলি হামলাকে ‘যুদ্ধের ঘোষণা’ বলছে হামাস

দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। আল-আকসা প্রাঙ্গণে ইসরাইলি পুলিশের হামলাকে ‘যুদ্ধের ঘোষণা’ হিসেবে দেখছে ফিলিস্তিনিরা।

শুক্রবার দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর অভিযানে ১৫২ জন আহত হয়েছেন, এই ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও ৩০০ ফিলিস্তিনি।

হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেন, ফিলিস্তিনি জনগণ যে কোনো মূল্যে আল-আকসা মসজিদকে রক্ষা করবে। জেরুজালেমে ‘অনুপ্রবেশকারী’দের জায়গা নেই।

জেরুজালেম ও আল-আকসা মসজিদের সমর্থনে ঐক্যবদ্ধ হতে ফিলিস্তিনি ও ইসরাইলিদের প্রতিও আহ্বান জানিয়েছে হামাস।

হামাসের বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি দখলদার বাহিনী এবং ইহুদি সম্প্রদায় পবিত্র এই স্থানটি দখলের চেষ্টায় মত্ত। এই আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

শুক্রবার ফজরের নামাজের সময় কয়েক হাজার মুসল্লি আল-আকসা মসজিদে যান। ইহুদি দর্শনার্থীদের চলাচলের পথ করে দিতে সে সময় মুসল্লিদের বেধড়ক পেটায় ইসরাইলি পুলিশ। এতে আহত হন অন্তত ১৫৮ জন, আটক হন ৩০০ ফিলিস্তিনি।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের যেতেও বাধা দেয় ইসরাইলি বাহিনী। ৬৭ জনকে উদ্ধার করে হাসপাতলে নেওয়া হয়েছে।

চালের মজুতে স্বস্তি, দামে অস্বস্তি

চালের মজুতের দিক থেকে স্বস্তির সময় পার করছে বাংলাদেশ। কিন্তু দামের ক্ষেত্রে অস্বস্তি কাটছে না। গত বছরের তুলনায় এবার প্রায় ১১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য বেশি মজুত আছে। এর মধ্যে চাল পৌনে ১০ লাখ ও গম পৌনে এক লাখ মেট্রিক টন। শুধু তাই নয়, যে পরিমাণ খাদ্যশস্য মজুত থাকা নিরাপদ মনে করা হয়, তার চেয়ে এই মুহূর্তে বেশি খাদ্য সরকারের হাতে আছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

‘জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি-২০২০’ অনুযায়ী, সাড়ে ১০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত থাকা দেশের জন্য নিরাপদ। বর্তমানে মজুত আছে ১৫ লাখ পাঁচ হাজার মেট্রিক টন। যার মধ্যে চাল ১৩ লাখ মেট্রিক টন ও গম এক লাখ ৬৬ হাজার মেট্রিক টন।

অর্থাৎ নিরাপদ মানদণ্ডের চেয়ে পাঁচ লাখ মেট্রিক টন খাদ্যশস্য বেশি আছে। এর পরও চালের দাম লাগামহীন। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় সব বিষয়ে স্বাভাবিক পরিস্থিতি থাকলেও চালের দাম নিয়ন্ত্রণে না থাকা অস্বাভাবিক। এর পেছনে মন্ত্রণালয়ের ব্যবস্থাপনার ব্যর্থতা রয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে খাদ্য সচিব ড. নাজমানারা খানুম বুধবার যুগান্তরকে বলেন, ‘করোনা মহামারি, পরিবহণ ব্যয় ও শ্রমিকের খরচ বেড়ে যাওয়ার কারণে খাদ্যশস্যের দাম বেড়েছে।

তিনি বলেন, বিশ্বের যেখানেই যা হচ্ছে সব দেশের ব্যবসায়ীরা সেটা জানতে পারছেন। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যতিক্রম, বৈশ্বিক পরিস্থিতির সুযোগে আগের কেনা পণ্যের দামও নির্মমভাবে বাড়িয়ে দেওয়া হয়।’

এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সরকারের দায়িত্ব কিনা, এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘হ্যাঁ এই জায়গায় সরকার ভূমিকা পালন করছে, তবে আরও জোরালো ভূমিকা নেওয়া দরকার। পর্যায়ক্রমে আমরা সেইদিকেই যাচ্ছি।’

অপর এক প্রশ্নের জবাবে নাজমানারা খানুম বলেন, ‘আমনের উৎপাদন ভালো হওয়ায় আমরা খুবই সুন্দর অবস্থানে আছি। এবার হাওড়ে বড় সমস্যা না হলে আশা করি সামনের বছরটাও ভালো যাবে।’

গত বছর চালের মজুত অস্বাভাবিক কমে যাওয়ায় অস্বস্তিতে পড়েছিল সরকার। এ ছাড়া ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত খাদ্যশস্য মজুত ও আমদানিতে মোটামুটি স্বস্তির ধারায় ছিল।

খাদ্য মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৩ এপ্রিল পর্যন্ত দেশে মোট খাদ্যশস্য মজুতের পরিমাণ ১৫ লাখ পাঁচ হাজার মেট্রিক টন। এর মধ্যে চাল ১৩ লাখ ৩৫ হাজার মেট্রিক টন, গম এক লাখ ৬৬ হাজার মেট্রিক টন ও ধান ৭২ লাখ মেট্রিক টন।

২০২১ সালের ১৩ এপ্রিল দেশে সরকারি খাদ্য মজুতের পরিমাণ ছিল চার লাখ ৭২ হাজার মেট্রিক টন। ২০২০ সালের এপ্রিল মাসে দেশে খাদ্য মজুতের পরিমাণ ছিল ১৩ লাখ ৮২ হাজার মেট্রিক টন। যা গত বছরের তুলনায় পৌনে ১১ লাখ টন বেশি। এ ছাড়া ২০১৯ সালে একই সময়ে খাদ্যশস্যের মজুত ছিল ১৩ লাখ ৮২ হাজার মেট্রিক টন।

এদিকে চলতি অর্থবছরের গত নয় মাসের বেশি সময়ে মোট ৪২ লাখ ৪৪ হাজার মেট্রিক টন খাদ্যশস্য আমদানি হয়েছে। এর মধ্যে সরকারি খাতে চাল আমদানি হয়েছে ছয় লাখ ৫৩ হাজার মেট্রিক টন, বেসরকারি খাতে চাল আমদানি হয়েছে তিন লাখ ছয় হাজার মেট্রিক টন। একই সময়ে সরকারি এবং বেসরকারি খাতে গম আমাদানি হয়েছে যথাক্রমে চার লাখ ৪২ হাজার ও ২৮ লাখ ৪৩ হাজার মেট্রিক টন।

দেশে উৎপাদন ও আন্তর্জাতিক বাজার থেকে খাদ্যশস্য সংগ্রহের দিক থেকে এক ধরনের স্থিতিশীলতা থাকলেও চলতি বছরে দামের দিক থেকে সেটার প্রতিফলন নেই। ২০১৭ সালে হঠাৎ বন্যায় ধান উৎপাদনে বড় ক্ষতি হওয়ার পরিপ্রেক্ষিতে চালের দাম উঠেছিল ৫০ টাকা পর্যন্ত। পরের দুই বছর ভালো ফসল হওয়ার সুবাদে সেটা কমেও গিয়েছিল। কিন্তু ২০২০ সাল থেকে পর্যায়ক্রমে চালের দামের ঊর্ধ্বগতি অস্বস্তির পর্যায়ে পৌঁছে।

খাদ্য মন্ত্রণালয়ের মাসিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের এপ্রিল মাসে খুচরা পর্যায়ে দেশে চালের গড় দাম ছিল কেজিতে ৩০ টাকা ৬৯ পয়সা। ২০২০ সালে একই সময়ে সেটা এক লাফে বেড়ে দাঁড়ায় ৩৯ টাকা ৮৯ পয়সা। ২০২১ সালে প্রতি কেজি ৪৪ টাকা ৪৬ পয়সা পর্যন্ত ছিল। আর চলতি বছর ঢাকার বাজারে চালের দাম ৫০ টাকার কম-বেশি হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) চলতি বছর বাংলাদেশে খাদ্যশস্যে উৎপাদন, চাহিদা, আমদানি ও মূল্য পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, গত বছরের তুলনায় চলতি বছর চালের উপাদন ১ দশমিক ৩ শতাংশ বেড়ে তিন কোটি ৬৩ লাখ ২০ হাজার টনে দাঁড়াতে পারে।

সাবেক খাদ্য সচিব আবদুল লতিফ মন্ডল যুগান্তরকে বলেন, ‘গত দুই বছরে চালের দাম ৪৭ শতাংশ বেড়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশে খাদ্য ও আমদানি পরিস্থিতি বিবেচনায় নিলে বিষয়টি খুবই বেমানান। খাদ্যশস্য ব্যবস্থাপনার দুর্বলতার কারণে এই সমস্যা হয়েছে বলে আমি মনে করি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চালকল মালিকদের একটি শক্তিশালী সিন্ডিকেট ও নব্য করপোরেট চাল ব্যবসায়ীরা এই ক্ষেত্রে ভূমিকা রাখছে বলে মনে হয়। এদের মধ্যে অনেকে রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ায় মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর ঠিক ভূমিকা রাখতে পারছে কিনা সন্দেহ আছে। এছাড়া দেশে জনসংখ্যার পরিসংখ্যানগত ত্রুটির বিষয়টি নিয়ে সরকারের মন্ত্রিরাও একমত।’ এসব বিষয়ে উপযুক্ত সমাধান না আনতে পারলে এই সমস্যা থেকে বের হওয়ার সুযোগ নেই বলে মনে করেন তিনি।

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ. লীগের শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। রোববার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে ধানমন্ডি ৩২ নম্বরে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় দলটির প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মুজিব নগর দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।