শুক্রবার ,১৯ জুন, ২০২৬
sbacbank
Home Blog Page 334

হিমেলের মায়ের হাতে ৫ লাখ টাকার চেক দিল রাবি প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ট্রাকচাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের মাকে ৫ লাখ টাকার একটি চেক ও মাসহ পরিবারের অন্য সদস্যদের জন্য ঈদসামগ্রী উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার হিমেলের নানার বাড়িতে নাটোরের কাপুরিয়াপট্টিতে হিমেলের মা মনিরা আক্তারের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। চেক ও ঈদসামগ্রী গ্রহণের সময় হিমেলের মা ছাড়াও তার নানা খন্দকার মনির উদ্দিন আহমেদ, মামা খন্দকার আবু বক্কর মুন্নাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক তারেক নূর, পরিবহণ প্রশাসক মোকসিদুল হক ও সহকারী প্রক্টর আরিফুল ইসলাম প্রমুখ। চেক ও ঈদসামগ্রী প্রদান শেষে নিহত হিমেলের কবর জিয়ারত করেন তারা।

গত ১ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনের রাস্তায় ট্রাকচাপায় মাহমুদ হাবিব হিমেল নিহত হন। হিমেল রাবির গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আহত হন রায়হান প্রামাণিক রিমেল নামের আরেক শিক্ষার্থী। তার চিকিৎসারও সার্বিক তত্ত্বাবধায়ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আহত রিমেলের এক বছরের পড়াশুনার জন্য তাকেও ১ লাখ টাকার একটি চেক প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রিমেলের হাতে চেকটি হস্তান্তর করা হয়। এর আগে হিমেলের দাফনের দিন ৫ লাখ টাকা দিয়েছিল রাবি প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম আস্তে আস্তে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছি। আমরা হিমেলকে ফিরে পাব না; কিন্তু তার মা এবং পরিবারের অন্য সদস্যদের যথাসম্ভব সাহায্যের চেষ্টা করতে তো সমস্যা নাই। এটা আমাদের দায়িত্ব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আজকে আমরা সামান্য কিছু ঈদসামগ্রী পাঠিয়েছিলাম, ৫ লাখ টাকার একটা চেকও দেওয়া হয়েছে। যেভাবে পারছি হিমেলের মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আহত ছাত্র রায়হান প্রামাণিক রিমেলকেও আর্থিকভাবে সহায়তা করা হয়েছে।

তিনি আরও বলেন, হিমেলের মাকে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছেও আবেদন করেছি। আশা করছি, সেখান থেকেও ভালো একটা ফান্ড গঠন করে হিমেলের মাকে দিতে পারব।

বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেলেন শাবির ৮৫ শিক্ষক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ৮৫ জন শিক্ষক ও গবেষক।

আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং- ২০২২ এ সম্প্রতি প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন তারা।

গত ২৩ এপ্রিল এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। বিশ্বের মোট ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের সাত লাখ ২৯ হাজার গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন বলে জানা যায়।

তালিকায় শাবির গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশের মধ্যে ৩৬তম স্থানে রয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, দ্বিতীয় স্থানে রয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. নুরশাদ আলী, তৃতীয় স্থানে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাসনাত, চতুর্থ স্থানে রয়েছেন সিইপি বিভাগের অধ্যাপক ড. মো. তামেজ উদ্দিন ও পঞ্চম স্থানে রয়েছেন একই বিভাগের অধ্যাপক ড. আবু ইউসুফ।

সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ র‌্যাংকিং প্রকাশ করা হয়।

ভাইরালদের নিয়ে অনুষ্ঠান ‘ভাইরাল ভাইরাস’

ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে বিনোদনমূলক অনুষ্ঠান ‘ভাইরাল ভাইরাস’। চলমান জীবনের ঘটমান চমকপ্রদ বিষয় নিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

এটি উপস্থাপন করেছেন সালাহ খানম নাদিয়া ও সায়েম সালেক। নূর আনোয়ার রনজুর পরিকল্পনা ও প্রযোজনায় এটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

ভিন্নধর্মী এ অনুষ্ঠান প্রসঙ্গে প্রযোজক বলেন, আমাদের যাপিত জীবনে ভাইরাল শব্দটি অতি পরিচিত একটি শব্দ। এই সময়ে ভাইরাল ভাইরাসে আক্রান্ত নয় এমন মানুষ খুব কমই আছে। সোশ্যাল মিডিয়ায় আলোচিত ও দর্শকদের কাছে দারুণভাবে সমাদৃত কয়েকজন ব্যক্তিকে নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি।

তারা তাদের বিভিন্ন পারফরমেন্সের মাধ্যমে দর্শকদেরকে আনন্দ দিবেন। তাদের পাশাপাশি এ অনুষ্ঠানে দর্শকরা দেখতে পাবেন চিত্রতারকা ইমন ও দিঘীর নাচ। সব মিলিয়ে আশা করছি, ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে

ঈদে প্রতীকের ‘প্রতারণা’

ঈদের নতুন একটি গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান। গানের শিরোনাম ‘প্রতারণা’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। আর সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ।

সম্প্রতি এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ঈদের আগেই জি-সিরিজের ব্যানারে প্রকাশ হবে এ গানটি। এর ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

এ প্রসঙ্গে প্রতীক হাসান বলেন, এবার ঈদে কম সংখ্যক কাজই করেছি। এরমধ্যে ‘প্রতারণা’ গানটি অন্যতম। এর কথা-সুর আমার খুব মনে ধরেছে। আশা করছি গানটি ঈদে শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।

গানটির গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, এবার ঈদে যে কয়টি গান করলাম তার মধ্যে প্রতীক হাসানের ‘প্রতারণা’ গানটি অন্যতম। গানটি নিয়ে প্রত্যাশাও অনেক। প্রতীক হাসান বরাবরের মতো গেয়েছেও অসাধারণ। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।

কলকাতার বিপক্ষে দুর্দান্ত মোস্তাফিজ, শেষ ওভারে ২ রানে ৩ উইকেট

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন কুলদীপ যাদব ও মোস্তাফিজুর রহমান। ইনিংসের শেষ ওভারে যেখানে বলে বলে ছক্কা হাঁকান ব্যাটসম্যানরা সেখানে মাত্র ২ রানে ৩ উইকেট শিকারের কীর্তি গড়লেন দিল্লি ক্যাপিটালসের তারকা পেসার মোস্তাফিজ।

আগের তিন ওভারে ১৬ রান খরচ করে কোনো উইকেট পাননি মোস্তাফিজ। শেষ ওভারে তাকে বল তুলে দেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। শেষ ওভারের প্রথম বলে ৬৫ রানে ব্যাটিংয় থাকা কেকেআরের তারকা ব্যাটার নিথিশ রানা সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন।

দ্বিতীয় বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আগের ১৫ বলে ২৩ রান করা রিংকু সিং। তৃতীয় বল থেকে লেগ বাই সূত্রে এক রান নেন নতুন ব্যাটার উমেশ যাদব। চতুর্থ বলে আউট কেকেআরের হয়ে এদিন সবচেয়ে বেশি রান করা রানা। পঞ্চম বলে বোল্ড হয়ে যান টিম সাউদি। শেষ বলে রানই নিতে পারেননি হারসিত।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে আইপিএল ১৫তম আসরের ৪১তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান করে কলকাতা নাইট রাইডার্স। দিল্লির হয়ে ৪ ওভারে মাত্র ১৪ রানে ৪ উইকেট নেন কুলদিপ যাদব। ৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট নেন মোস্তাফিজ।

৩ ম্যাচে তামিমের ২ সেঞ্চুরি

ঢাকা লিগের সদ্য শেষ হওয়া আসরের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন এনামুল হক বিজয়। লিগের ইতিহাসে এক আসরে রেকর্ড সর্বোচ্চ ১ হাজার ১৩৮ রান করেছেন প্রাইম ব্যাংকের এই তারকা ওপেনার।

বিজয়ের সঙ্গে পাল্লা দিয়ে লিগের শেষদিকে রান তুলেছেন প্রাইম ব্যাংকের আরেক তারকা ওপেনার তামিম ইকবাল। লিগের শেষ তিন ম্যাচে দেশসেরা এই ওপেনার সংগ্রহ করেন যথাক্রমে- ৯০, ১০৯ ও ১৩৭ রান।

শেখ জামালের বিপক্ষে ৮৫ বলে ১০টি চার আর ৪ ছক্কায় করেন ৯০ রান। পরের ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৮১ বলে ৯টি চার আর ৭টি ছক্কায় তামিম খেলেন ১০৯* রানের ঝলমলে এক ইনিংস।

বৃহস্পতিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে লিগের শেষ ম্যাচে ১৩১ বলে ১৩টি চার আর ৬টি ছক্কায় তামিম করেন ১৩৭ রান।

এদিন উদ্বোধনীতে এনামুল হক বিজয়ের সঙ্গে ২১৫ রানের জুটি গড়েন তামিম। ৯০ রানে ফেরেন বিজয়। তামিম-বিজয়ের অনবদ্য ব্যাটিংয়ে ৭ উইকেটে ৩৫৫ রান করে ৭৮ রানের দাপুটে জয় পায় প্রাইম ব্যাংক।

এদিন সেঞ্চুরি করার মধ্য দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের হয়ে সবচেয়ে বেশি ২১টি শতকের সাহায্যে সর্বোচ্চ ১০ হাজার ১৪৯ রান করেন তামিম।

মির্জাপুরে বেতন বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বেতন বোনাসের দাবিতে কারখানা শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে।

এ সময় পুলিশ ও কারখানা শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ টিয়ারসেল নিক্ষেপ করা হয়।

টিয়ার সেল ও ইট পাটকেলের আঘাতে ওসি, পুলিশ ও আনসারসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

এদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলের নাহিদ কটন মিলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কারখানা কর্তৃপক্ষ তাদের এপ্রিল মাসের ১৫ দিনের বেতন ভাতা দিয়ে ঈদের ছুটি ঘোষণা করেন।এ নিয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

মির্জাপুর থানার ওসি মো. আলম চাঁদ বলেন, কারখানার শ্রমিকরা কারখানায় হামলা ও ভাংচুর করে মহাসড়ক অবরোধ করে রাখে। তাদের শান্ত করতে গেলে হামলা ও ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশ ও আনসার সদস্যদের আহত করেন। তাদের চিকিৎসা চলছে।

স্থানীয় এমপি, সহকারী পুলিশ সুপার, কারখানার মালিক ও কর্মকর্তা এবং শ্রমিকদের সঙ্গে জরুরি সভা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দ্বীন ইসলাম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার মা এলপিজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দ্বীন ইসলাম রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের পারসাদীপুর গ্রামের হাসেম মন্ডলের ছেলে। সে পেশায় একজন ট্রাকের হেলপার ।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ছেলেটি নিমতলার দিক থেকে গোয়ালন্দ মোড়ের দিকে আসছিল। দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ করে সে সামনের হাইড্রলিক ব্রেকে চাপ দেয়।

এতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝখানে ছিটকে পড়ে কপালে ও মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশের গাড়িতে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

ওসি আরও জানান, মোটরসাইকেলটি একদম অক্ষত রয়েছে। ছেলেটির মাথায় হেলমেট ছিলনা। মাথায় হেলমেট থাকলে হয়তো সে বেঁচে যেতে পারতো। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরির গেজেট প্রকাশ

মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরির গেজেট প্রকাশ করা হয়েছে। ১ মে থেকে প্রতি মাসে ন্যূনতম মজুরি ১৫০০ রিঙ্গিত কার্যকর করা হয়েছে। ২৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান। ন্যূনতম মজুরির আদেশ ফেডারেল গভর্নমেন্ট গেজেটে প্রকাশিত হওয়ার পর ২৮ এপ্রিল বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল চেম্বার্সের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

অনুচ্ছেদ ৪(১) এর অধীন গেজেট অনুসারে- একজন কর্মচারী যাকে মৌলিক মজুরি দেওয়া হয় না, তবে পিস রেট, টনেজ, টাস্ক, ট্রিপ বা কমিশনের ভিত্তিতে দেওয়া হয়। ১ মে ২০২২ থেকে কর্মচারীকে প্রদেয় মাসিক মজুরি হার ১৫০০ রিঙ্গিতের কম হবে না।

ছয় কার্যদিবসের জন্য কর্মচারীকে প্রতিদিন ৫৭.৬৯, রিঙ্গিত, পাঁচ কার্যদিবসের জন্য ৬৯.২৩ রিঙ্গিত একটি দিন এবং ৭.২১ রিঙ্গিত প্রতি ঘণ্টার হারের সমান চার দিন কাজ করার জন্য ৮৬.৫৪ রিঙ্গিত দিতে হবে।

ন্যাশনাল ওয়েজ কনসালটেটিভ কাউন্সিল অ্যাক্ট ২০১১ ন্যূনতম মজুরি আদেশ ২০২২ শিরোনামের গেজেট অনুসারে “এই অনুচ্ছেদটি একজন নিয়োগকর্তা দ্বারা নিযুক্ত একজন কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে, যিনি পাঁচ বা ততোধিক কর্মচারী নিয়োগ করেন।”

এছাড়াও গেজেটে বলা হয়েছে- ১ মে ন্যূনতম মজুরি ১৫০০ রিঙ্গিত একজন নিয়োগকর্তার জন্য ছাড় দেওয়া হয়েছে; যারা পাঁচজনের কম কর্মচারী নিয়োগ করেন এবং বাস্তবায়ন শুধুমাত্র ১ জানুয়ারি ২০২৩ থেকে কার্যকর হবে।

এদিকে ১ মে থেকে ৩১ ডিসেম্বর সময়ের জন্য কর্মসংস্থানের স্থান অনুযায়ী বেতনপ্রাপ্ত একজন কর্মচারীর ক্ষেত্রে সিটি কাউন্সিল বা মিউনিসিপ্যাল কাউন্সিল এলাকায় মাসিক মজুরি ১২০০ রিঙ্গিত এবং সিটি কাউন্সিল বা ব্যতীত অন্য এলাকার জন্য ১১০০ রিঙ্গিত পৌরসভা এলাকায়। এর সঙ্গে ন্যূনতম মজুরি আদেশ ২০২০ এখন প্রত্যাহার করা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব ১ মে থেকে শুরু করে দেশব্যাপী প্রতি মাসে ১৫০০ রিঙ্গিত ন্যূনতম মজুরি হার ঘোষণা করেছিলেন।

জাতিসংঘ মহাসচিবের সফরের মধ্যে কিয়েভে হামলা

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ইউক্রেন সফরের মধ্যে রাজধানী কিয়েভে দুটি মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিতালি ক্লিৎসকো।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তোনিও গুতেরেস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার জন্য কিয়েভে অবস্থান করছেন। এর মধ্যে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটল। বৃহস্পতিবার সন্ধ্যার এ হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছেন মেয়র ভিতালি ক্লিৎসকো।

ভিতালি ক্লিৎসকো বলেছেন, ‘একটি ক্ষেপণাস্ত্র কিয়েভের একটি আবাসিক ভবনের নিচতলায় আঘাত হেনেছে। এতে তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

অন্যদিকে স্টেট ইমার্জেন্সি সার্ভিসের প্রেস সেক্রেটারি সভেৎতলানা ভোদোলাগা বলেছেন, ‘দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আবাসিক ভবনের কাছের একটি স্থাপনায় আঘাত হেনেছে। এতে কত জন হতাহত হয়েছেন তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।’

মঙ্গলবার তিন দিনের জন্য রাশিয়া ও ইউক্রেন সফরে বের হন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সফরের প্রথম দিনে তিনি রাশিয়া গিয়েছিলেন। বৃহস্পতিবার ছিল তার সফরের শেষ দিন।

সূত্র: বিবিসি