রবিবার ,১৭ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 244

১৩ বছর পর মঞ্চে নতুন নাটকে সুইটি

টিভি নাটকের নিয়মিত মুখ হলেও মঞ্চেও রয়েছে তানভীন সুইটির সাফল্য গাঁথা। থিয়েটার নাট্যদলের হয়ে এর আগে বেশ কিছু মঞ্চ নাটকে অভিনয় করেছেন তিনি।

এই নাট্যদলের ‘মুক্তি’ নাটকটিতে নিয়মিত অভিনয় করছেন সুইটি। এটির পাশাপাশি ১ জুলাই ‘পোহালে শর্বরী’ নামের নাটকটি দিয়ে আবারও নতুনরূপে মঞ্চে আসছেন এই অভিনেত্রী।

নাটকটি নির্দেশনা দিয়েছেন রামেন্দু মজুমদার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় পর পর দুটি প্রদর্শনী হবে নাটকটির।

এতে অভিনয় প্রসঙ্গে সুইটি বলেন, ‘মঞ্চে কাজ করতে আমার সবসময়ই ভালো লাগে। এই নাটকটির প্রস্তুতি নিচ্ছিলাম অনেক দিন ধরেই। অবশেষে নাটকটি মঞ্চে আসছে। বেশ ভালো লাগছে।’

এটি ছাড়াও ‘গুলশান অ্যাভিনিউ-২’ নামের একটি দীর্ঘ টিভি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। কিছু দিন আগে ‘মাইক’ নামের একটি নতুন সিনেমাতেও অভিনয় করেছেন।

প্রেগনেন্সির খবরে মিডিয়ার ওপর চটেছেন আলিয়া

মা হচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সোমবার থেকে এ খবরেই সরগরম নেটদুনিয়া। রণবীর ও আলিয়াকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিউডের তারকাসহ অনুরাগীরা।

তবে পাশাপাশি আলিয়ার প্ল্যানিং থেকে শুরু করে সন্তানকে ঘিরে তার ইচ্ছ-অনিচ্ছা— এমনকি সেই সন্তানকে ঘিরে আলিয়া রণবীরের ভবিষ্যদ্বানীও উঠে এসেছে খবরের শিরোনামে। সে রকমই কিছু মিডিয়ার খবরে চটেছেন আলিয়া।

মা হওয়ার খবরটা মিডিয়া প্রকাশ করেছে ঠিকই, তবে সঙ্গে যুক্ত করেছে নানা বিশ্লেষণ। আলিয়ার প্ল্যানিং থেকে শুরু করে সন্তানকে ঘিরে তার ইচ্ছা-অনিচ্ছা, এমনকি সেই সন্তানকে নিয়ে আলিয়া-রণবীরের ভবিষ্যদ্বণীও উঠে এসেছে খবরের শিরোনামে। আর সে রকমই কিছু মিডিয়ার খবরে বেজায় চটেছেন আলিয়া।

এ অভিনেত্রী বর্তমানে আছেন লন্ডনে। চলছে তার ছবির কাজ। খবরে সেগুলো নিয়েও কথা উঠেছে।

বিশেষ করে এক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে তার মেজাজটা খারপ হয়ে গেছে। সেখানে লেখা হয়েছে— ‘জুলাইয়ে শুট থেকে ফিরে বিশ্রাম নেবেন আলিয়া। তাকে লন্ডন থেকে মুম্বাই নিয়ে আসবেন রণবীর নিজে। সেভাবেই নিজের প্রেগন্যান্সি প্ল্যান করেছেন আলিয়া, যাতে তার বাকি সব সিনেমার কাজ শেষ হয়ে যায়!’

বিষয়টি নিয়ে প্রত্যুত্তর দিয়েছেন আলিয়া। তিনি লিখেছেন, ‘এখনো আমরা কিছু মানুষের মাথায় এভাবেই রয়ে গেছি। এখনো আমরা সেই পিতৃতান্ত্রিক দুনিয়াতেই বাস করছি। কোনো কিছুই পিছিয়ে যাবে না। কেউ কাউকে তুলতে আসবে না। আমি একজন নারী, পার্সেল নই। আমার বিশ্রাম নেওয়ার কোনো দরকার নেই; কিন্তু জেনে ভালো লাগল যে আপনারা সবাই চিকিৎসকের সার্টিফিকেট প্রাপ্ত। এটা ২০২২ সাল। আমরা এ ধরনের ধারণা থেকে দয়া করে বের হতে পারি? এবার আমাকে যদি অব্যাহতি দেন, আমার শট রেডি।’

সোমবার আলিয়া ভাট তার ইনস্টাগ্রাম আইডিতে মা হচ্ছেন জানিয়ে ছবি প্রকাশ করেন। এতে দেখা যায়, এ অভিনেত্রী হাসপাতালের বেডে শারীরিক চেকআপ করাচ্ছেন। তার হাত পেটের ওপর। তাকিয়ে রয়েছেন মনিটরের দিকে। ছবি বলে দিচ্ছে, অনাগত সন্তানের হার্টবিট দেখে খুশিতে আত্মহারা এ বলিউড নায়িকা। এর পরই কাপুর পরিবার জুনিয়র কাপুরকে বরণের প্রস্তুতি নেওয়া শুরু করে।

সূত্র: জিনিউজ

টেস্ট ম্যাচ জিততে হলে যা করতে হবে জানালেন সাকিব

অভিজ্ঞতা, শক্তি-সামর্থ্যে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সমানে সমান। তারপরও অ্যান্টিগা ও সেন্ট লুসিয়ায় ৭ ও ১০ উইকেটের ব্যবধানে হারে বাংলাদেশ।

টেস্টে ২২ বছরের পথচলায় উন্নতির তেমন ছাপ রাখতে পারেনি বাংলাদেশ। ক্রিকেটের এই আদি ফরম্যাটে নিজেদের উন্নতি নিয়ে কথা বলেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

উইন্ডিজে হারের পর সাকিব বলেন, উন্নতি আসলে সব বিভাগেই করতে হবে। আমরা যদি টেস্ট ম্যাচ জিততে চাই, সব বিভাগেই উন্নতি করতে হবে। ভালো দিক হলো, এখন অনেক বড় একটা বিরতি আছে। যারা টেস্ট খেলতে আগ্রহী তারা হয়তো যার যার জায়গা থেকে উন্নতি করার চেষ্টা করবে। উন্নতি ছাড়া আর কোনো পথ নেই ভালো করার।

সাকিব আরও বলেন, আমাদের এমন কোনো সেট অব প্লেয়ারও নেই যাদের আনলে তারাও ভালো করে ফেলবে। যারা আছি বা বাইরে আর যে দুই-চারজন আছে, সবাই মিলে যদি একসঙ্গে পরিকল্পনা করে এগোতে পারি, তাহলেই ভালো কিছু সম্ভব হবে। তা না হলে এতদিন ধরে যা হয়ে আসছে তা থেকে খুব বেশি একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

টেস্টে ভালো করার জন্য ক্রিকেটারদের মানসিকতার পরিবর্তনও খুব করে দরকার জানিয়ে সাকিব বলেন, আমাদের নিজেদের চিন্তার পরিবর্তনটা খুব জরুরি। এ জায়গায় কাজ করার আছে। এখন পাঁচ মাসের মতো একটা সময় আছে। সবাই বসে, কথা বলে, চিন্তা-ভাবনা করে সিদ্ধান্তগুলো নেওয়া যাবে বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, একজনকে ছাড়া আরেকজনকে নিয়ে পরিকল্পনা করে আসলে সফল হওয়া সম্ভব নয়। সবাই মিলে বসে যদি আমরা একটা পরিকল্পনা ধরে এগিয়ে যাই তাহলে অন্তত এক-দেড় বছর পর ধারাবাহিক পারফর্ম করা সম্ভব।

স্বামীকে ছক্কা মারলেন পাকিস্তানের তারকা

পাকিস্তানের নারী ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার কাইনাত ইমতিয়াজ বর্তমানে স্বামী ওয়াকারের সাথে উত্তরাঞ্চলে ছুটি কাটাচ্ছেন।

সম্প্রতি কাইনাত নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছেন। সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় পাহাড়ের পাদদেশে ব্যাট করছেন কাইনাত। তার স্বামী ওয়াকার তাকে বল করছেন, আর সেই বলে ছক্কা হাঁকাচ্ছেন কাইনাত। আবার কাইনাত নিজে বল করলে ব্যাটসম্যান স্বামী বোল্ড হয়ে যান।

এ ব্যাপারে কাইনাত সংবাদমাধ্যমকে বলেন, আমরা যেখানে ব্যাট করছিলাম সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে আড়াই হাজার মিটার উপরে অবস্থিত একটি মাঠ ছিল, যা ক্রিকেট খেলার জন্য ভালো। আমার স্বামীর করা বলে ছক্কা মারা সহজ ছিল।

পাকিস্তানের হয়ে ১৫টি ওয়ানডে আর ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন কাইনাত। গত বছর ওয়াকারকে বিয়ে করেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার।

জমি উদ্ধারে ১৮ বছর ধরে হয়রানির শিকার ইমেরিটাস অধ্যাপক অরুণ বসাক

অধ্যাপক অরুণ কুমার বসাক বাংলাদেশের একজন খ্যাতিমান পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক তিনি।

অভিযোগ উঠেছে, ৮২ বছর বয়সি খ্যাতিমান এই শিক্ষাবিদের সম্পত্তি দখল করে বিগত ১৮ বছর ধরে হয়রানি করছেন তার প্রতিবেশী। সেই প্রতিবেশী অধ্যাপক বসাকের সম্পত্তি দখল করে রেখেছেন। দীর্ঘ আইনি লড়াইয়ে জিতলেও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অবহেলায় সেই জমিকে তিনি দখলমুক্ত করতে পারছেন না। প্রতিবেশী কোনোভাবেই দখলে নেওয়া জমি ছাড়ছেন না। জীবনের শেষপ্রান্তে এসে এসব যন্ত্রণায় তিনি মানসিক পীড়া ও অনিরাপদ বোধ করছেন।

অভিযোগে জানা গেছে, রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকায় অধ্যাপক বসাকের নিবাস। বাড়ি ভিটার জমিটি বসাকের স্ত্রী দেবিকা বসাকের নামে ছিল। ২০২০ সালের নভেম্বরে স্ত্রী দেবিকা বসাকের মৃত্যুর পর নিঃসন্তান বসাকই প্রাচীন এ বাড়িটির মালিক হন।

অরুণ কুমার বসাক জানান, তিনি জীবনভর পড়াশোনা ও গবেষণা নিয়েই থেকেছেন। নিজের সম্পদ সম্পত্তির খোঁজখবর রাখতে পারেননি। ২০০৩ সালে তার প্রতিবেশী ইয়াহিয়া ফেরদৌস নিজের জমিতে দুই তলা বাড়ি তৈরি করেন। ইয়াহিয়া ফেরদৌস সাগরপাড়া ওয়াকফ এস্টেট নামের একটি এস্টেটের মোতোয়াল্লি বা তত্ত্বাবধায়ক। বাড়ি তৈরির সময় ইয়াহিয়া ফেরদৌস প্রতিবেশী বসাকের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দুই ফুটের বেশি জায়গা দখল করে নিজের বাড়িটি নির্মাণ করেন।

প্রবীণ এই শিক্ষাবিদ বলেন, প্রতিবেশী ফেরদৌস যখন আমাদের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে বাড়ি নির্মাণ শুরু করেন, তখনই আমার স্ত্রী দেবিকা বসাক নির্মাণ ও ইমারত বিধি লঙ্ঘনের অভিযোগ দেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে। কিন্তু আরডিএ কর্তৃপক্ষ দখলদারকে শোকজ নোটিশ পাঠাতে সাত মাস সময় পার করে। ফলে এই সময়ে দখলদার ইয়াহিয়া ফেরদৌস সহজেই তার বাড়ি নির্মাণকাজ সম্পন্ন করে ফেলেন। এর পর আরও এক বছর পর ২০০৮ সালে আরডিএ ফেরদৌসকে অবৈধ নির্মাণ অংশ অপসারণের নোটিশ জারি করে।

খোঁজ নিয়ে জানা গেছে, দখলদার ফেরদৌস রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অবৈধ ইমারত অপসারণ নোটিশের কার্যকারিতা বন্ধে কৌশলে রাজশাহীর একটি আদালতে মামলা করেন। অভিযোগকারী দেবিকা বসাককে হয়রানি করার জন্য দখলদার ফেরদৌস এস্টেটের জমি দখলের উল্টো অভিযোগ আনেন তার বিরুদ্ধে।

শুনানির পর আদালত ফেরদৌসের মামলা খারিজ করে দেন। ২০১৪ সালে ফেরদৌস নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন জেলা ও দায়রা জজ আদালতে। তবে মিথ্যা মামলা করার দায়ে আদালত ফেরদৌসকেই ২৫ হাজার টাকা জরিমানা করেন। ২০১৭ সালে ফেরদৌস উচ্চ আদালতে আপিল করেন নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে। ২০২০ সালের জানুয়ারিতে রায় দেন উচ্চ আদালত। সেখানেও হেরে যায় ফেরদৌস।

প্রফেসর অরুণ বসাক বলেন, ২০২০ সালের জানুয়ারি উচ্চ আদালত নিম্ন আদালতের রায় বহাল রেখে আদেশ দেন। একই রায়ে উচ্চ আদালত ইয়াহিয়া ফেরদৌসকে নির্দেশ দেন দেবিকা বসাকের কাছে ক্ষমা চাইতে এবং তাকে ও তার পরিবারকে হয়রানি না করার অঙ্গীকারনামাও দিতে।

জানা গেছে, উচ্চ আদালতের আদেশ অনুযায়ী ২০২০ সালের অক্টোবর ফেরদৌস তার অবৈধ অংশ ভেঙে ফেললেও এখনও জমির ওই অংশের দখল ছাড়েননি। তিনি জায়গাটির চারপাশে ধাতব গ্রিল দিয়ে ঘিরে রেখে গাছ লাগিয়েছেন। এটা নিয়ে বসাক রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে প্রতিকার চেয়ে একাধিকবার অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাননি। ফলে অধ্যাপক বসাক তার জমি উদ্ধারে কারও সহযোগিতা না পাওয়ার কথা বলেছেন।

অন্যদিকে উচ্চ আদালতের রায় ও নির্দেশনা অনুযায়ী দখলি জমি ছেড়ে না দেওয়া প্রসঙ্গে প্রতিবেশী ফেরদৌস বলেন, আদালত আমাকে বলেছেন— আমি যেন অধ্যাপক বসাককে সন্তষ্ঠ করি। আমি জায়গাটি থেকে গাছগুলো কেটে ফেলব। প্রাচীরটি কবে অপসারণ করবেন জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। তবে তিনি দাবি করেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শেই তিনি ওই মামলা করেছিলেন।

এ বিষয়ে জানতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অথরাইজড্ অফিসার আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মঙ্গলবার দুপুরে যুগান্তরকে বলেন, ইমারত বিধি লঙ্ঘন করায় আমরা ইয়াহিয়া ফেরদৌসকে তার অবৈধ অবকাঠামো অপসারণের নোটিশ দিয়েছিলাম। আমাদের আদেশের বিরুদ্ধে তিনি মামলা মোকদ্দমা করে ১৮ বছর পার করেছেন। উচ্চ আদালতের রায়ের পর সম্প্রতি ইয়াহিয়া ফেরদৌস বাড়ির নির্মিত অবৈধ অংশ অপসারণ করেছেন। এখন প্রফেসর বসাক যদি মনে করেন তিনি তার বেদখল হয়ে যাওয়া জায়গা পাচ্ছেন না, সে ক্ষেত্রে তিনি আদালতে উচ্ছেদের মামলা করতে পারেন। বিষয়টি এখন আরডিএর কর্তৃত্বে নেই। আদালত আদেশ দিলে আইনি প্রক্রিয়ায় আমরা উচ্ছেদের পদক্ষেপ নিতে পারব। এখন প্রফেসর বসাকের জমি উদ্ধারের বিষয়টি ভূমি প্রশাসনের এখতিয়ার বলে অভিমত দেন আরডিএর এ কর্মকর্তা।

জমি নিয়ে দীর্ঘ ভোগান্তি হয়রানি প্রসঙ্গে অরুণ কুমার বসাক আরও বলেন, আরডিএ সময়মতো পদক্ষেপ নিলে বিষয়টি এতদূর গড়াত না। আমি পড়াশোনা ও গবেষণা নিয়েই ব্যস্ত থেকেছি আজীবন। সম্পত্তি দেখাশোনা করতে পারিনি। আর এ সুযোগটাই কাজে লাগিয়েছেন আমার প্রতিবেশী। আমি এখন নিজের বাড়িতেই অনিরাপদ বোধ করি। আমি এর সমাধান খুঁজতে দুয়ারে দুয়ারে গেছি। কিন্তু কেউ সহযোগিতা করতে এগিয়ে আসেননি।

উল্লেখ্য, কৃতি শিক্ষাবিদ প্রফেসর অরুণ কুমার বসাক ১৯৬৩ সালে রাবির পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষকতায় যুক্ত হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন, বিভাগের সভাপসিহ বিভিন্ন পদ অলংকৃত করেন। তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান। ফিরে এসে ২০০৮ সালে নিজ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন। পরে ২০০৯ সালে শিক্ষা মন্ত্রণালয় তাকে রাবির পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস (আজীবন) প্রফেসর নিয়োগ করেন। শিক্ষাজীবনে সর্বস্তরে স্বর্ণপদকপ্রাপ্ত এই কৃতী পদার্থবিজ্ঞানী ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে পাঠদান করেছেন। বাংলাদেশ বিজ্ঞান একাডেমি তাকে গোল্ড মেডেল দিয়ে সম্মানিত করেন। এখন তিনি চান তার বেদখল হওয়া জমিটি উদ্ধার করে দিক প্রশাসন।

সড়কে প্রাণ গেল নারীর

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় রছিলা বেগম (৫০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার রেজুর মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে পড়ে থাকাবস্থায় তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে রাতের যে কোনো সময় অজ্ঞাত পরিবহণের ধাক্কায় তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে। নিহত রছিলা বেগম উপজেলার মহিষভাঙা গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী।

বনপাড়া হাইওয়ে থানার এসআই ফিরোজ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় ১০-১২ দিন আগে মানসিক ভারসাম্যহীন ওই নারী বাড়ি থেকে নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খুঁজেও স্বজনরা তার সন্ধান পাননি।

বুধবার সকালে স্থানীয়রা মহাসড়কের পাশে তার লাশ দেখে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এ সময় নিহতের স্বামী ঘটনাস্থলে এসে লাশটি তার স্ত্রী রছিলা বেগমের বলে নিশ্চিত করেছেন।

ইউক্রেনের শপিংমলে হামলার কথা অস্বীকার রাশিয়ার

ইউক্রেনের ক্রেমেনচুকে একটি ব্যস্ত শপিংমলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা অস্বীকার করেছে রাশিয়া। জাতিসংঘের নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি নিরাপত্তা পরিষদকে বলেছেন, ওই শপিংমলে কোনো হামলা চালাননি রুশ সেনারা। যদিও অঞ্চলটির গভর্নর দিমিত্রো লুনিন সেখানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহতের কথা জানিয়েছেন।

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দিমিত্রি পলিয়ানস্কি বলেন, রাশিয়ার নির্ভুল অস্ত্রগুলো পূর্ব দোনবাসে ইউক্রেনীয় বাহিনীর একটি স্থাপনায় হামলা চালিয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে অস্ত্র ও গোলাবারুদের মজুত ছিল।

তিনি বলেন, ঘটনাস্থল শপিংমলে কিছুটা দূরে ছিল। কিন্তু গোলাবারুদের বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, যা পরে শপিংমলে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সময় সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে আক্রান্ত হয় অ্যামস্টোর নামের শপিংমলে। এটির অবস্থান ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় ৮১ মাইল দূরে। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শপিংমল থেকে ধোঁয়া উড়ছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে জড়ো হয়েছে অগ্নিনির্বাপক ট্রাক।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলার সময় শপিং সেন্টারটির ভেতরে সহস্রাধিক মানুষ ছিল। তিনি বলেন, রাশিয়ার কাছ থেকে শালীনতা ও মানবতা আশা করা ভুল। জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিচ বেসামরিক স্থাপনায় এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

পোলটাভা অঞ্চলের প্রশাসনিক প্রধান দিমিত্রো লুনিন এ আক্রমণকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

মধ্য ইউক্রেনে দনিপার নদীর তীরের এই শিল্পকারখানা সমৃদ্ধ শহরটিতে প্রায় দুই লাখ ২০ হাজার মানুষের বাস। এর আগেও শহরটির তেল শোধনাগার ও অন্যান্য স্থাপনার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।

চীন-রাশিয়ার সেই জোটে যোগ দিতে চায় ইরান

উদীয়মান পাঁচ অর্থনৈতিক শক্তি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট ব্রিকসে যোগ দিতে চায় ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছে।

তেহরানের সদস্যপদ প্রাপ্তিতে ইরান ও জোট উভয়েরই ব্যাপক লাভ হবে বলে মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এছাড়া কেবল ইরানই নয়, আর্জেন্টিনাও এ জোটে যোগ দিতে আবেদন করেছে বলে জানিয়েছে রাশিয়া।

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা জোট ইউক্রেনে হামলার দায়ে মস্কোকে একঘরে করার চেষ্টা করেছিল, তা যে সফল হয়নি ইরান ও আর্জেন্টিনার এই আবেদনকে তার প্রমাণ হিসেবে দেখাচ্ছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, হোয়াইট হাউস যখন বিশ্বের কোথায় আর কী কী বন্ধ করা যায়, নিষেধাজ্ঞা দেওয়া যায় বা নষ্ট করা যায় তা ভাবছে, ইরান ও আর্জেন্টিনা তখন ব্রিকসে যোগ দেওয়ার আবেদন করেছে।

যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতাচ্যুত করে ১৯৭৯ সালে হওয়া ইরানি বিপ্লবের পর থেকে পশ্চিমা দেশগুলো তেহরানকে একঘরে করে রেখেছে; মধ্যপ্রাচ্যের মোট তেলের রিজার্ভের এক চতুর্থাংশের মালিক হওয়ার পরও একের পর এক নিষেধাজ্ঞার কারণে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের অর্থনীতি বেশ সংকটেই আছে।

উদীয়মান পাঁচ অর্থনৈতিক শক্তি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট ব্রিকস বিশ্বের ৪১ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করছে। বৈশ্বিক জিডিপির এক-চতুর্থাংশ যোগানদাতা এ জোট মোট বৈশ্বিক বাণিজ্যের ১৬ শতাংশের অংশীদার। এ অবস্থায় জোটকে আরও শক্তিশালী করতে সদস্য বাড়াতে চায় রাশিয়া।

বৃহস্পতিবার চীন আয়োজিত ব্রিকস জোটের সম্মেলন বিষয়ে এক বিশ্লেষণে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন লিখেছে, ‘ব্রিকস সম্মেলনে অংশ নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন পশ্চিমাদের একটি বার্তা দিয়েছেন। আর তা হলো-ইউক্রেনে হামলার জেরে মস্কোর বিরুদ্ধে পশ্চিমাদের ব্যাপক নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া একা নয়।’ আর এরই মধ্যে আর্জেন্টিনা ও ইরানের জোটটিতে প্রবেশের ইচ্ছে প্রকাশ সেই মন্তব্যকেই সমর্থন করছে।

টাকার দাম আরও কমল

ডলারের দাম আরও ৫০ পয়সা বেড়েছে। মঙ্গলবার আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে প্রতি ডলার বেচাকেনা হয়েছে ৯৩ টাকা ৪৫ পয়সা দরে, যা আগের দিন ছিল ৯২ টাকা ৯৫ পয়সা।

মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংকগুলো আমদানির জন্য প্রতি ডলার বিক্রি করেছে ৯৩ টাকা ৫০ পয়সা দরে। আগের দিন এ খাতে প্রতি ডলার বিক্রি করেছিল ৯৩ টাকা করে। দুই খাতেই গড়ে ডলারের দাম ৫০ পয়সা বেড়েছে। ফলে ওই হারে টাকার মান কমেছে।

সূত্র জানায়, বাজারে ডলারের চাহিদার তুলনায় সরবরাহ কম। যে কারণে ডলারের দাম বেড়েই চলেছে। গত দুই সপ্তাহ ধরে ব্যাংকগুলো আমদানির জন্য প্রতি ডলার ৯৩ টাকা করে বিক্রি করে আসছিল। মঙ্গলবার তা ৫০ পয়সা বাড়িয়ে ৯৩ টাকা ৫০ পয়সা দরে বিক্রি শুরু হয়।

এদিকে বাজারের চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্যাংক ৪ কোটি ২০ লাখ ডলার জোগান দিয়েছে ৯৩ টাকা ৪৫ পয়সা দরে। ফলে চলতি অর্থবছরের এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে বাজারে ছেড়েছে ৭২০ কোটি ডলার। ওই সময়ে বাজার থেকে কোনো ডলার কিনেনি। অথচ আগের অর্থবছরে বাজারে ছেড়েছিল কম। বাজার থেকে কিনেছিল বেশি। কেননা ব্যাংকগুলোর কাছে কোটার অতিরিক্ত ডলার থাকলে তা অন্য ব্যাংকের কাছে বিক্রি করতে হয়। অন্য ব্যাংক না কিনলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রি করতে হয়।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ হাজার ১৬০ কোটি ডলারে নেমে এসেছে। গত আগস্টে রিজার্ভ ছিল ৪ হাজার ৭০০ কোটি ডলার। রেমিটেন্স প্রবাহ কমায় ও আমদানি ব্যয় বাড়ায় রিজার্ভ বাড়ছে না। অথচ গত বছরের আগস্ট পর্যন্ত রিজার্ভ বেড়েই চলেছিল।

গত বছরের ৩০ জুন আন্তঃব্যাংকে প্রতি ডলারের দাম ছিল ৮৪ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৯৩ টাকা ৪৫ পয়সা। আলোচ্য সময়ে প্রতি ডলারের দাম বেড়েছে ৯ টাকা ৪৫ পয়সা।

ব্যাংকগুলো রপ্তানি বিল কিনছে ৯২ টাকা ২৫ পয়সা থেকে ৯২ টাকা ৫০ পয়সা দরে। রেমিটেন্স কিনছে ৯২ টাকা ৪০ থেকে ৭০ পয়সা দরে। তবে কোনো কোনো ব্যাংক রপ্তানি বিল ও রেমিটেন্স আরও বেশি দামে কিনছে। এ ছাড়া আমদানির দেনা পরিশোধে আগাম ডলার বিক্রি হচ্ছে আরও বেশি দামে। তিন মাস মেয়াদে ৯৫ থেকে ৯৬ টাকা দরে বিক্রি হচ্ছে। নগদ ডলার বিক্রি হচ্ছে ৯৬ থেকে ৯৭ টাকা দরে। কেননা নগদ ডলারের তীব্র সংকট রয়েছে। অপরদিকে কার্ব মার্কেটে প্রতি ডলার গড়ে ৯৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে চাহিদা অনুযায়ী ডলার মিলছে না। করোনা পরবর্তীতে হঠাৎ করে চাহিদা বাড়ার কারণে ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে পণ্যের দামও লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এর ফলে আমদানি ব্যয়ও বেড়েছে। কিন্তু যে হারে আমদানি ব্যয় বেড়েছে সে হারে রপ্তানি আয় ও রেমিটেন্স বাড়েনি। এ ছাড়া করোনার সময়ে বৈদেশিক ঋণ ও এলসির স্থগিত দেনা এখন শোধ করতে হচ্ছে যে কারণে ডলারের চাহিদা বেশি।

চলতি অর্থবছরের জুলাই এপ্রিলে রেমিটেন্স কমেছে ১৬ দশমিক ২৫ শতাংশ। আমদানি বেড়েছে ৫০ শতাংশ। রপ্তানি আয় বেড়েছে ৩৪ শতাংশ। দেশের মোট আমদানি ব্যয়ের ৬০ শতাংশ রপ্তানি আয় দিয়ে মেটানো হয়। বাকি ৪০ শতাংশ রেমিটেন্স দিয়ে। গত নভেম্বর থেকে রেমিটেন্স কমছে। এতে এখন আর রেমিটেন্স দিয়ে ঘাটতি মেটানো যাচ্ছে না। ফলে সংকট বেড়েই চলেছে।

ইভিএম ব্যবহার বাড়াতে হবে, দিস ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার: ইসিকে আ.লীগ

কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মঙ্গলবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি আয়োজিত সংলাপে অংশ নিয়ে এ অবস্থানের কথা জানায় ক্ষমতাসীনরা।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘রাখঢাক করার কিছু নেই। দিস ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। উল্লেখযোগ্য হারে দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বাড়াতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন দলগুলোর সঙ্গে কারিগরি বিষয়ে ভোটদান নিয়ে আলোচনার আয়োজন করেছে। আমাদের আমন্ত্রণ জানানোয় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ মনে করে সুষ্ঠু, অবাধ নির্বাচনের জন্য ইসির গ্রহণযোগ্যতা, নিরপেক্ষতা ও সক্ষমতা গুরুত্বপূর্ণ। এ ছাড়া ইসির দায়িত্বশীল নিরপেক্ষ আচরণ, সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও ইভিএমে ভোটগ্রহণের পদ্ধতি বৃদ্ধি করতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের বক্তব্যটি লাউড অ্যান্ড ক্লিয়ার। আগেও আমরা ইসিকে বলেছিলাম। এখানে রাখঢাক করার কিছু নেই। আগামী নির্বাচনে ইভিএমের ব্যবহার বাড়াতে হবে।’

এ ছাড়া বিতর্কিত কাউকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দেওয়া, প্রজাতন্ত্রের কর্মচারীদের রিটার্নিং অফিসার থেকে পোলিং অফিসার নিয়োগসহ একগুচ্ছ দাবির কথা বলেন সেতুমন্ত্রী।

আজকের সংলাপের জন্য ১৩টি রাজনৈতিক দলকে আমন্ত্রণপত্র দেয় ইসি। এগুলো হলো- বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশের সাম্যবাদী দল-এমএল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।

বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১০টি রাজনৈতিক দলের সঙ্গে ইভিএম সংক্রান্ত সংলাপে বসে ইসি।

সংলাপের শুরুতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিপক্ষেই বেশি কথা হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সিইসি বলেন, ‘আগে আমরা দুই দফা সংলাপ করেছি। অনেকেই ইভিএমের পক্ষে বলেছেন। অনেকে সলিউশন দিয়ে বলেছেন, আরও উন্নত প্রযুক্তির ইভিএম যদি কেনা যায়, তাহলে আরও ভালো হয়। আবার অনেকে সরাসরি বলেছেন, তারা ইভিএমে ভোটগ্রহণ হলে নির্বাচনে যাবেন না। আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। তবে কোন পদ্ধতিতে নির্বাচন করব, সেটা আমাদেরই (ইসি) সিদ্ধান্ত নিতে হবে।’

হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা যখন দায়িত্ব নিই, কিছুদিন পর থেকেই ইভিএম নিয়ে কথাবার্তা পত্রপত্রিকায় চাউর হয়েছিল। এর বিপক্ষেই বেশি কথাবার্তা হয়েছে। শুরু থেকে ইভিএম সম্পর্কে তেমন ধারণা ছিল না। ব্যক্তিগত ধারণাও ছিল না। এরই মধ্যে ইভিএম নিয়ে অনেক কাজ করেছি। এখন মোটামুটি ধারণা আছে।’

তিনি বলেন, ‘আজ বড় দলের অনেকেই এসেছেন। মন্ত্রী (সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের) স্বয়ং নিজেই এসেছেন, যেটা আমি প্রত্যাশাও করিনি। আপনি এসেছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আজকের আলোচনাটা ইভিএমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আপনারা ইভিএমের পক্ষে-বিপক্ষে বলতে পারেন। আপনাদের কথা আমরা শুনব। আলোচনার মাধ্যমে পরবর্তী সময়ে বস্তুনিষ্ঠ সিদ্ধান্তে উপনীত হব।’

উল্লেখ্য, এর আগে ১৯ ও ২১ জুন দুই ধাপে ২৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিল আউয়াল কমিশন। এরমধ্যে ১৮টি দলের নেতারা ইসির সংলাপ অংশ নেন। তবে ইসির ডাকে সাড়া দেয়নি বিএনপিসহ আটি দল।