শনিবার ,১৬ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 219

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা আবু আহমেদ মান্নাফীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সকাল সাড়ে ৯টায় মিছিলটি কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন ঢাকা মেডিকেলের বহির্বিভাগের গেটে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা প্রদক্ষিণ করে বক্সিবাজার মোড়ে শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেনের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আমান উল্লাহ আমান, যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন, জহির উদ্দিন আহমেদ, এইচ এম আবু জাফর প্রমুখ।

থাইরয়েড হরমোনে মুখের যেসব সমস্যা হয়ে থাকে

থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন উৎপাদন হয় তাতে শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা দেয়। থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোনগুলোর একটি থাইরক্সিন স্বাভাবিক গঠন ও বৃদ্ধির জন্য প্রয়োজন।

হাইপারথাইরয়ডিজমে ঘুমের সমস্যা, দ্রুত হৃদস্পন্দন হয়ে থাকে। যার কারণে রোগীর মনে দুশ্চিন্তা, বিরক্তিভাব ও অস্থিরতা বিরাজ করে থাকে।

এর ফলে মুখের অভ্যন্তরে ঘা বা ক্ষত দেখা দিতে পারে। থাইরয়েড হরমোনের পরিমাণ বৃদ্ধি পেলে অর্থাৎ হাইপারথাইরয়ডিজমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে এবং পালপিটেসন হতে পারে।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডা. মো. ফারুক হোসেন।

হরমোনে দীর্ঘমেয়াদে বার্নিং মাউথ সিনড্রোম বা মুখে জ্বালাপোড়া হতে পারে। কখনও কখনও হাইপারথাইরয়ডিজমে জগ্রেনস সিনড্রোম দেখা দিয়ে থাকে, যার কারণে শুষ্ক মুখের সৃষ্টি হয়। শুষ্ক মুখের প্রভাবে দন্তক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পায় যেহেতু লালার প্রবাহ স্বাভাবিকের চেয়ে কম থাকে।

হাইপারথাইরয়ডিজমে পেরিওডন্টাল রোগ, ম্যাক্সিলারি বা ম্যান্ডিবুলার অস্টিওপরোসিস এবং দাঁত তাড়াতাড়ি উঠে। এক্সরে করার সময় থাইরয়েড গ্রন্থিকে রক্ষা করার জন্য থাইরয়েড কলার ব্যবহার করা উচিত। থাইরয়েড গ্রন্থি রেডিয়েশনের প্রতি অত্যন্ত সংবেদনশীল।

অতিরিক্ত এক্সরে বা রেডিয়েশন থাইরয়েড গ্রন্থির জন্য একটি রিস্ক ফ্যাক্টর। হাইপারথাইরয়ডিজমের ক্ষেত্রে অতিরিক্ত ঘাম হতে পারে এবং গরম সহ্য করতে সমস্যা হয়। কনজেনিটাল হাইপোথাইরয়ডিজম ক্রেটিনিজম নামে পরিচিত।

এ কারণে ঠোঁট পুরু, ম্যাক্রোগ্লসিয়া বা জিহ্বা বড় হওয়া, ম্যালঅকলুশন অর্থাৎ ওপরের এবং নিচের চোয়ালের কামড় দিলে স্বাভাবিক রিলেশন ব্যাহত হওয়া এবং দেরিতে দাঁত উঠে থাকে। পেরিওডন্টাল অবস্থা ভালো থাকে না।

কোনো ক্ষতস্থান ভালো হতে দেরি হয়। লম্বা সময় ধরে হাইপোথাইরয়ডিজমের প্রতিক্রিয়া স্বরূপ ক্রেনিওফেসিলয়াল গ্রোথ এবং ডেন্টাল ডেভেলপমেন্টের ওপর প্রভাব ফেলতে পারে। ডেন্টাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ম্যান্ডিবুলার বা নিচের চোয়ালের দ্বিতীয় মোলার বা সাত নম্বর দাঁতের ইমপ্যাকশন বা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে।

হাইপোথাইরয়ডিজমের রোগীদের ক্ষত বা ঘা দেরিতে শুকায়, কারণ মেটাবলিজমের কার্যকারিতা কমে যায়। দেরিতে ঘা বা ক্ষত সারার জন্য সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। তাই দাঁত তোলা বা সার্জারির সময় সতর্কতার সঙ্গে সবকিছু করতে হবে। হাইপোথাইরয়ডিজমের কারণে হার্ট বিট ধীরে ধীরে হতে পারে।

এছাড়া রোগীর কনস্টিপেসন দেখা দিতে পারে। কনস্টিপেসন হলে মুখে আলসার হতে পারে। হাইপোথাইরয়ডিজমের ক্ষেত্রে রোগী প্রায়ই ঠাণ্ডা অনুভব করার কথা বলে থাকেন।

রোগীর ওজন বৃদ্ধি পেতে পারে। হাইপোথাইরয়ডিজম এবং হাইপারথাইরয়ডিজম উভয় ক্ষেত্রেই রোগীর চুল পড়ে যেতে পারে। হাইপোথাইরয়ডিজমের কারণে বিষণ্ণতা, ক্লান্তিভাব এবং অলসতার অনুভূতির মতো লক্ষণসমূহ সৃষ্টি হতে পারে। বিষণ্ণতার কারণে মুখের আলসারসহ নানাবিধ রোগ সৃষ্টি হতে পারে।

মুখের জ্বালাপোড়ার ক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাওয়া না গেলে তখন অবশ্যই একজন রোগীর সার্বিক শারীরিক ইতিহাস সম্পর্কে জানতে হবে।

থাইরয়েড গ্রন্থির কোনো কিছু সন্দেহজনক হলে অবশ্যই রক্ত পরীক্ষা করে দেখতে হবে থাইরয়েড হরমোনের মাত্রা জানার জন্য। অতএব মুখের যে কোনো রোগের চিকিৎসায় রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান করতে হবে।

আলিয়া কি যমজ সন্তানের মা হচ্ছেন?

বলিউড সেনসেশন আলিয়া ভাট বিয়ের আড়াই মাসের মাথায়ই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছেন। তার মা হওয়ার খবরে আলোচনা-সমালোচনার রেশ এখনও কাটেনি। এরইমধ্যে নতুন গুঞ্জন এক সন্তান নয়, একসঙ্গে দুই সন্তান জন্ম দিতে যাচ্ছেন নায়িকা!রণবীর কাপুরের এক মন্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

রণবীর এখন ‘শামশেরা’র প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এক সাক্ষাৎকারে পিতৃত্ব প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা। রণবীরের একটি মন্তব্যে তাদের যমজ সন্তান হওয়ার ইঙ্গিত মিলেছে।

ফিল্ম কম্প্যানিয়নকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা রণবীর কাপুরকে দুটি সত্য ও একটি মিথ্যার খেলা খেলতে বলা হয়েছিল। কয়েক সেকেন্ড ভাবার পর ‘শামশেরা’ অভিনেতা বলেন, ‘আমার যমজ সন্তান হবে। আমি একটি খুব বড় পৌরাণিক ছবির অংশ হতে যাচ্ছি। আমি কাজ থেকে দীর্ঘ বিরতি নিচ্ছি।’

ভক্তরা তড়িঘড়ি সোশ্যাল মিডিয়ায় রণবীরের কমেন্ট নিয়ে অনুমান করার খেলা শুরু করেন। একটি বড় পৌরাণিক ছবি ব্রহ্মাস্ত্র’য়ে রণবীরের উপস্থিতি কারও অজানা নয়। যমজ সন্তান হওয়ার দাবি এবং কাজ থেকে দীর্ঘ বিরতি নেওয়ার মধ্যে একটি মিথ্যে বেছে নিতে হয়েছিল ভক্তদের। ফলে অনুরাগীদের অনুমান, কাজ থেকে বিরতি নেওয়াটা মিথ্যে হতে পারে। সেক্ষেত্রে অন্য দুটি সত্য।

একজন ভক্ত লিখেছেন, ‘দীর্ঘ বিরতি, এটি একটি মিথ্যা’, অন্য একজন মন্তব্য করেছেন, ‘ওএমজি তাদের যমজ সন্তান হবে হয়তো এটাই সত্যি।’

তৃতীয় একজন বলেছেন, ‘কাজ থেকে দীর্ঘ বিরতি মিথ্যা বলে মনে হচ্ছে কারণ সে সবে ফিরে এসেছে। তাছাড়া তার কাছে ব্রহ্মাস্ত্র, পরে আরও ২টি সিনেমা রয়েছে। তাছাড়া ব্রহ্মাস্ত্র ২ এবং ৩-ও লাইনে রয়েছে।’

আলিয়ার যমজ সন্তান হওয়ার রণবীরের ইঙ্গিতে শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা!

পরিবার নিয়ে জুনের শেষেই লন্ডন গেছেন বলিউড নায়িকা কারিনা কাপুর খান। সেখানে পরিবারের সবাইকে নিয়ে সময় কাটাচ্ছেন তিনি। বর্তমান সাইফ-কারিনা দুজনই ফ্রি আছেন। আনন্দে আছে তাদের দুই ছেলে তৈমুর আর জাহাঙ্গীর।

এরই মধ্যে লন্ডনে তোলা বেবি বাম্পের বেশ কিছু ছবি নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে কি আবার সুখবর আসছে? তৃতীয়বার অন্তঃসত্ত্বা হয়েছেন ‘ওমকারা’-র নায়িকা?

যদিও সাইফ-কারিনা তাদের সন্তান আগমন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তাদের মুখ থেকে সঠিক খবর শোনার অপেক্ষায় অনুরাগীরাও।

কিছু দিন আগেই রান্নাঘরে ব্যস্ত সাইফের ছবি ছড়িয়ে পড়েছিল। লন্ডনের বাড়িতে সেদিন নিমন্ত্রিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরাও। সবার জন্য রান্না করেছিলেন ‘রেস’-এর নায়ক। সেই অভূতপূর্ব মুহূর্ত ক্যামেরাবন্দি করে পোস্ট করেছিলেন কারিনা। তিনি অন্তঃসত্ত্বা বলেই কি সাইফ বিশেষভাবে যত্নবান হচ্ছেন? সে প্রশ্নও কিন্তু তুলছেন অনেকে।

ছবিতে কারিনা লিখেছিলেন— শেফ সাইফ রান্নাঘরে ঝড় তুললেন, সুস্বাদু এক রোববার ছিল বটে!

তথ্যসূত্র: বলিউড লাইফ

আর্জেন্টিনাকে কাঁদিয়ে প্রতিশোধ নিল নেদারল্যান্ডস

পুরো আসরে দুর্দান্ত খেলল আর্জেন্টিনা নারী হকি দল।

কিন্তু ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ধরাশায়ী হয়ে শিরোপা জেতার স্বপ্ন মাটি হয়ে গেল আলবিসেলেস্তেদের। বিশ্বকাপ জেতা হলো না লিওনেল মেসির দেশ।
রোববার রাতে নারী হকি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ফাইনালে আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারিয়েছে ডাচরা।

টানা তৃতীয় ও সব মিলিয়ে নবম বিশ্বকাপ জিতে নিয়েছেন নেদারল্যান্ডসের মেয়েরা। জয়টা আর্জেন্টিনার পক্ষে গেলে তারাও তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে পারত।
কিন্তু তা হতে দিল না নেদারল্যান্ডস। প্রায় এক যুগ পর ২০১০ সালের ফাইনালের প্রতিশোধই যেনো নিল ডাচরা।

২০০২ ও ২০১০ সালের আসরে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয় নেদারল্যান্ডস। দুবারই নেদারল্যান্ডসকে কাঁদিয়ে হাসে আর্জেন্টিনা।

ফাইনালে দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের ১৭ মিনিটের মাথায় মারিয়া ভার্সকুরের স্টিক থেকে প্রথম গোল পান ডাচরা। মিনিট সাতেক পর ব্যবধান দ্বিগুণ করেন সেমিফাইনালে জয়ের কারিগর ফ্রেডরিক মাতলা।

তৃতীয় কোয়ার্টারে ব্যবধান কমাবে কি উল্টো আরও এক গোল হজম করে আর্জেন্টিনা। ম্যাচের ৩৬ মিনিটে তৃতীয় গোল করেন ফেলিস আলবারস।

ম্যাচের ৪৬ মিনিটে অবশ্য অগাস্টিনা গোরজেলানির গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা।

কিন্তু শেষ পর্যন্ত বাকি ২ গোল শোধ করতে না পারলে ৩-১ ব্যবধানে জয় পায় নেদারল্যান্ডস।

চ্যাম্পিয়ন হতে না পারলেও ব্যক্তিগত পুরস্কারে আর্জেন্টিনা সেরা তিন পুরষ্কারই জিতেছে আর্জেন্টিনা। সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন তারকা মারিয়া গ্রানাত্তো, সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন বেলেন সুচ্চি এবং সর্বোচ্চ গোলস্কোরার (৮টি) হয়েছেন অগাস্টিনা গোরজেলানি।

যে কারণে আরব আমিরাতে হতে পারে এশিয়া কাপ

গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ ও দেশ ছেড়ে পলায়নের পরও শ্রীলংকায় অস্থির অবস্থা কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। উল্টো দিন যতই গড়াচ্ছে, ততই খারাপের দিকে যাচ্ছে। দেশটির সংকটময় অবস্থার অবসান না ঘটলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও কম।

সবচেয়ে বেশি সংকট জ্বালালি তেলের। পেট্রলের অভাবে গাড়ি নিয়ে লংকান ক্রিকেটাররা মাঠে অনুশীলনেই যেতে পারছেন না।
এদিকে সোমবার থেকে দেশটিতে জরুরি অবস্থা চলছে।

এমতাবস্থায় ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ শ্রীলংকায় না হয়ে সংযুক্ত আরব আমিরাতে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাল শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে, এশিয়া কাপের খেলা হবে আরব আমিরাতের দুবাই ও শারজায়।
রাজনৈতিক অস্থিরতা ছাড়াও এর পেছনে অন্যতম বড় কারণ হিসেবে দেখানো হয়েছে শ্রীলংকার জ্বালানি তেলের সংকটকে।

এদিকে দুটি টেস্ট খেলতে শ্রীলংকা সফরে গেছে পাকিস্তান। ইতোমধ্যে গলে প্রথম টেস্টের তৃতীয় দিন মাঠে গড়াচ্ছে। এর আগে অস্ট্রেলিয়া খেলে গেছে শ্রীলংকা।

এ বিষয়ে এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ম্যাথিউ ডি সিলভা বলেছেন, ‘দুই দলকে স্বাগত জানানো এবং দশ দলকে স্বাগত জানানো এক নয়। দশটি আলাদা আলাদা (টিম) বাসে আপনাকে জ্বালানি দিতে হবে। প্রতিটি দলের লাগেজ ভ্যানেও জ্বালানি দিতে হবে। ফ্লাডলাইটের জেনারেটরের জন্যও জ্বালানির ব্যবস্থা করতে হবে।’

এ ছাড়া শ্রীলংকার বর্তমান পরিস্থিতিতে বিপুলসংখ্যক বিদেশি দর্শককে নিরাপত্তা দেওয়াও কঠিন চ্যালেঞ্জ।

তাই প্রধান কারণ জ্বালানি সংকটসহ সব কিছু বিবেচনা করে আরব আমিরাতে এশিয়া কাপ খেলানো হবে এবার। যার ফলে পাঁচ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো আমিরাতে হবে এশিয়া কাপ।

এর ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটের সবশেষ এশিয়া কাপও হয়েছিল আমিরাতে।

আমিরাতে হলেও টুর্নামেন্টের আয়োজক শ্রীলংকাই থাকছে।

২০২২ সালের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা মূল পর্ব। এর আগে ২০ থেকে ২৬ আগস্ট হওয়ার কথা বাছাইপর্ব।

মূলপর্বে সরাসরি খেলবে পাঁচ টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা। বাছাই পর্বে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও আমিরাত থেকে একটি দল জায়গা করে নেবে মূল লড়াইয়ে।

বাড়িঘরে অগ্নিসংযোগে মামলা, আসামি ২৫০

নড়াইলের লোহাগড়ায় এক মুদি দোকানির বিতর্কিত পোস্ট দেওয়া নিয়ে এক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে পুলিশ।

রোববার রাতে লোহাগড়া থানার এসআই মাকরুফ রহমান বাদী হয়ে এ মামলাটি করেন।

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, মামলায় ২০০-২৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এ নিয়ে এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে। এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি মামলা করা হয়।

প্রবীর কুমার রায় আরও জানান, বাড়িঘর ও দোকান ভাঙচুর এবং দুটি মন্দিরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে। বাকি আসামিদেরও দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।

১০ বছরেও সংস্কার হয়নি হাছিরপাড়া সড়ক

চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বোয়ালিয়াখাল ব্রিজ থেকে হাছিরপাড়া গাবতল ও সাইরাপাড়া সড়ক সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গত ১০ বছরে কোনো সংস্কার না করায় সড়কের মাঝে মাঝে ইট খুলে গিয়ে ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল তো দূরের কথা হেঁটে চলাও দায় হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটি বোয়ালিয়াখাল ব্রিজ থেকে শুরু হয়ে হাছিরপাড়া গাবতল থেকে সাইরাপাড়া মসজিদ পর্যন্ত বিস্তৃত। প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ২০১২ সালে ব্রিক সলিং করা হয়। এর পর থেকে সড়কটি গত ১০ বছরে কোনো সংস্কার করা হয়নি।

সরেজমিন দেখা গেছে, সড়কটির বোয়ালিয়াখাল ব্রিজ থেকে হাছিরপাড়া গাবতল পর্যন্ত এক কিলোমিটার যেন এলাকাবাসীর গলার কাটা হয়ে পড়েছে। সেখানে মাঝে মাঝে ইট খুলে গিয়ে ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে জমে আছে বৃষ্টির পানি। সড়কে কাদা আর পানিতে মিলেমিশে একাকার। সড়কটি দিয়ে আমিরাবাদের হাছিরপাড়া, সাইরাপাড়া, বাইন্নাপাড়া, সুন্নিয়াপাড়া, কালীবাড়ি এলাকার প্রায় ৮ হাজার মানুষ চলাচল করে। এ ছাড়া সুখছড়ি রহমানিয়া দাখিল মাদ্রাসা, সুখছড়ি রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হযরত আবু বক্কর ছিদ্দিক (রা.) এবতেদায়ি মাদ্রাসা ও সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এ সড়ক দিয়ে যাতায়াত করে।

স্থানীয় ভুক্তভোগী মো. কায়সার জানান, মাটিবাহী অতিরিক্ত ট্রাক চলাচলের কারণে সড়কটির অবস্থা বেহাল। সড়ক খারাপ হওয়ায় রিকশা নিয়েও যাতায়াত করা যায় না। সড়কটি সংস্কার করা অতিজরুরি।

স্থানীয় ইউপি সদস্য এম মামুন উদ্দিন জানান, সড়কটির বোয়ালিয়াখাল ব্রিজ থেকে ৭০০ ফুট কার্পেটিং হওয়ার কথা ছিল। করোনার কারণে সড়কের কাজ আর হয়নি। আশা করি শিগগিরই সড়কের কাজ শুরু হবে।

উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) ইফরাদ বিন মুনির যুগান্তরকে জানান, সড়কটির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

গাড়িচাপায় ইসরাইলি পুলিশ নিহত, ফিলিস্তিনি কিশোর আটক

ইসরাইলের মধ্যাঞ্চলে এক পুলিশ কর্মকর্তাকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় ফিলিস্তিনের এক কিশোরকে আটক করা হয়েছে।

ইসরাইলি পুলিশ এক বিবৃতি দাবি করেছে, পশ্চিমতীরের রামাল্লা শহরের ১৭ বছর বয়সি ওই কিশোর পুলিশের সার্জেন্ট মেজর বারাক মেশুলামকে শনিবার রাতে হাইওয়ে ফোরের একটি চেকপয়েন্টে গাড়িচাপা দিয়ে হত্যা করে। খবর টাইমস অব ইসরাইলের।

ইসরাইলের ওই পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর মহাসড়কটি দুদিক দিয়ে বন্ধ করে দেয়া হয়।

বিবৃতিতে আরো দাবি করা হয়েছে, তেলআবিব এলাকা থেকে গাড়িটি চুরি করে তা পুলিশ কর্মকর্তা হত্যাকাণ্ডে ব্যবহার করে।

পুলিশ কর্মকর্তাকে হত্যার পর গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে ফিলিস্তিনি কিশোর।

এ সময় একটি হেলিকপ্টার ওই কিশোরকে শনাক্ত ও আটক করতে সহযোগিতা করে। আটকের পর ইসরাইলি পুলিশ ফিলিস্তিনি তরুণকে জিজ্ঞাসাবাদ করছে।

ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত করতে ভোট আজ

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। দেশটির সংবিধানের ৬২ অনুচ্ছেদ অনুযায়ী এ পদ পূরণ করতে সোমবার (১৮ জুলাই) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ভারতের প্রায় ৪৮০০ এমপি এবং বিধায়ক পরবর্তী রাষ্ট্রপতি বেছে নেওয়ার জন্য ভোট দিচ্ছেন আজ সোমবার। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এনডিএ মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু আজকের নির্বাচনে যশবন্ত সিনহার থেকে অনেকটাই এগিয়ে আছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজনৈতিক দলগুলির ঘোষণা মতে, প্রায় ৬০ শতাংশ ভোট পেতে পারেন দ্রৌপদী মুর্মু। প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে জিততে ন্যূনতম ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয়।

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টোরাল কলেজ পদ্ধতিতে ভোটগ্রহণ হয়ে থাকে।

সব রাজ্যের বিধায়ক, কেন্দ্রশাসিত দিল্লি ও পুদুচেরির বিধায়ক, লোকসভা ও রাজ্যসভার এমপিরা আজ ভোট দেবেন।

সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভারতের সব বিধানসভা এবং সংসদে ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশন নির্দিষ্ট পেন এবং ব্যালট বক্স দিয়েছে। এমপিসাংসদ এবং বিধায়কদের জন্য পৃথক রঙের ব্যালট পেপার দেওয়া হয়েছে।

সাধারণত এমপিরা সংসদে এবং বিধায়করা নিজ নিজ রাজ্যের বিধানসভায় ভোট দিয়ে থাকেন। তবে বিশেষ ক্ষেত্রে এমপিরা বিধানসভায় এবং বিধায়করা সংসদে গিয়ে ভোট দিতে পারেন।

এবার যেমন তৃণমূল কংগ্রেসের এমপিরা বিধানসভায় ভোট দেবেন। আগামী ২১ জুলাই ভোট গণনা হবে। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হলে ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, বিভিন্ন রাজ্যে বিধায়কদের ভোটের মূল্যায়ন একেক রকম হয়। উত্তরপ্রদেশে প্রতিটি বিধায়কের ভোটের মূল্যায়ন ২০৮, তার পরে ঝাড়খণ্ড এবং তামিলনাড়ুতে বিধায়কদের ভোটের মূল্যায়ন ১৭৬। মহারাষ্ট্রে, এটি ১৭৫, পশ্চিমবঙ্গে ১৫১। এদিকে সিকিমে প্রতি বিধায়কের ভোটের মূল্যায়ন সাত, নাগাল্যান্ডে এটি নয় এবং মিজোরামে আট।