শনিবার ,১৬ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 519

নারীর গোপন ছবি ফেসবুকে ছড়ানোয় যুবক গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। ওই যুবকের নাম রবিউল আউয়াল (২৮)।

রোববার রাতে বাঁশখালীর উপজেলার সাধনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রবিউল আওয়াল উপজেলা সাধানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দিদারুল আলম ঝুন্টুর ছেলে।

র‌্যাব-৭ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল আলম স্বীকার করেছেন যে, তিনি ওই নারীর সঙ্গে পূর্বপরিচিত। পরিচয় থাকার সুবাদে কৌশলে ওই নারীর কিছু ছবি তুলে তা তার মোবাইল ফোনে সংরক্ষণ করেন। পরে স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট করার জন্য তিনি ওই ছবি ফেসবুকে ছড়িয়ে দেন।

এ ব্যাপারে ওই গৃহবধূর স্বামী লিখিত অভিযোগ দেন। এই অভিযোগের ভিত্তিতে রোববার রাতে বাঁশখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, গৃহবধূর পূর্বপরিচিত ছিলেন আসামি। তার সুবাদে কৌশলে গৃহবধূর সঙ্গে কিছু ছবি তোলেন। সে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি।

বাঁশখালী থানার উপপরিদর্শক আক্তার হোসেন বলেন, রবিউল আলমকে রোববার রাতে র্যা বের পক্ষে থেকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

৭ মণের শাপলাপাতার দাম ১ লাখ ১২ হাজার টাকা

বরগুনার গভীর সাগরে জেলের জালে ধরা পড়া সাত মণ ওজনের শাপলাপাতা মাছটি নিলামে বিক্রি করা হয়েছে। মাছটি ১৬ হাজার টাকা মণ দরে এক লাখ ১২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার সকালে বৃহত্তম পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ওই মাছটি বিক্রি করা হয়। মাছটি ক্রয় করেন পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার মো. সোহরাব হোসেন নামে এক পাইকার।

জানা যায়, গভীর সাগরে অন্য মাছের সঙ্গে একটি শাপলাপাতা মাছ জালে ধরা পড়ে। পরে ওই মাছটি পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে এসে প্রকাশ্যে নিলামে ডাকা হয়।

এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি মো. ওসমানের বরাত দিয়ে আড়তদার মো. টিপু জানান, নিলামে সোহরাব হোসেন ১৬ হাজার টাকা কেজি দরে মোট এক লাখ ১২ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।

স্থানীয় জেলেরা জানান, গভীর সমুদ্রে বাস করে শাপলাপাতা মাছ। তবে কখনও কখনও খাদ্যের খোঁজে উপকূলে চলে আসে।

চীনে ৩ সন্তান নীতির পরও বাড়ছে না জন্মহার

জন্মহার কমে যাওয়ায় চীনা দম্পতিদের তিনটি পর্যন্ত সন্তান নেওয়ার অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবু বাড়ছে না জন্মহার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২১ সালে চীনে জন্মহার বেড়েছে মাত্র ৭.৫২ শতাংশ।

১৯৪৯ সাল থেকে চীন জন্মহার পরিমাপ করে আসছে। এ বছর এ হার সর্বনিম্ন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশ করা বার্ষিক প্রতিবেদন থেকে এমনটিই জানা যায়।

২০২০ সালেও চীনে জন্মহার ছিল ৮.৫২ শতাংশ। সংখ্যার দিক থেকে চীনে ২০২১ সালে জন্মেছে ১ কোটি ৬ লাখ ২০ হাজার শিশু। অথচ ২০২০ সালে সংখ্যাটি ছিল ১ কোটি ২০ লাখ।

এছাড়া ২০২১-এ চীনের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ০.০৩৪ শতাংশ। ১৯৬০-এর পর এ হার সর্বনিম্ন।

জন্মহার বাড়াতে ২০১৬ সালে চীন ‘এক সন্তান নীতি’ থেকে বের হয়ে আসে। দেশটির সরকার ঘোষণা করেছিল এখন থেকে পরিবারগুলো চাইলে দুটি সন্তান নিতে পারবে। গত বছরে চীন পরিবারগুলোকে তিন সন্তান নেওয়ারও অনুমতি দেয়।

তবে পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চীনের নেওয়া পদক্ষেপগুলোতে জন্মহার বাড়ছে না। এর প্রধান কারণ হলো নগর জীবন ব্যয়বহুল হওয়ার কারণে চীনা দম্পতিরা বেশি সন্তান নিতে চাচ্ছেন না।

আলবেনিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গত বছর করোনা মহামারির মধ্যেই ১৪টি দেশে সরকারি সফরে গিয়েছিলেন। এ বছরের প্রথম বিদেশ সফরে তিনি আলবেনিয়ায় যাচ্ছেন। এ সফরে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। খবর ডেইলি সাবাহর।

আলবেনিয়ান পার্লামেন্টে তুরস্কের প্রেসিডেন্টের ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই সফরে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিআইকেএ) অর্থায়নে পুনর্নির্মাণ করা এথেম বে মসজিদেরও উদ্বোধন করবেন এরদোগান।

এরদোগান ল্যাকপ্রদেশে তুরস্ক নির্মিত কমপ্লেক্সগুলোরও উদ্বোধন করবেন, যা ২০১৯ সালের শেষের দিকে ৬.৩ মাত্রার ভূমিকম্পের পর এলাকায় অনেক ক্ষতি হয়েছিল। ওই ঘটনায় ৫১ জন নিহত হন, ৯০০ জনেরও বেশি আহত হন এবং প্রায় ১৭ হাজার লোক বাস্তুচ্যুত হন।

২০২০ সালের ডিসেম্বরে তুরস্কের হাউজিং ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (টিওকেআই)আলবেনিয়ান শহর ৫২২টি বাসস্থান নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর এবং নভেম্বরে দুটি ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়েছেন এমন লোকের জন্য বাসস্থান বরাদ্দ করা হবে।

সূচকের ইতিবাচক ধারায় চলছে পুঁজিবাজারে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ইতিবাচক ধারায় চলছে লেনদেন।

 

এ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ১০টা ৫৫ মিনিট পর্যন্ত ডিএসইয়ের সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৫৮ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬১৮ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬২টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৫৪টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১০২ পয়েন্ট কমে ২০ হাজার ৬৪৮ পয়েন্টে অবস্থান করছে।

গণতন্ত্রের বিজয় হয়েছে: ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখরতা সুস্পষ্টভাবে গণতন্ত্রের বিজয় বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক অভিযাত্রার বিজয় এটি।

সোমবার সকালে নিজ বাসভবনে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নেতিবাচক ও উন্নয়নবিমুখ রাজনীতির চরম ভরাডুবি হয়েছে। ষড়যন্ত্র ও অপপ্রচারের সংস্কৃতিতে যারা বিশ্বাসী তাদের ঘটেছে বিপর্যয়।

ওবায়দুল কাদের বলেন, ইভিএমে ভোট প্রদান এবং নির্বাচন কমিশনের যারা সমালোচনা করেছিল, তারা গতকাল অনুষ্ঠিত নির্বাচনকে সেরা নির্বাচন বলে মনে করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বছরের শুরুতেই একটি বড় নির্বাচন ছিল নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য জনগণ ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।

রাষ্ট্রপতির সঙ্গে আ.লীগের সংলাপ বিকালে

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অংশ হিসেবে আজ বঙ্গভবনে যাবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল বিকাল ৪টায় বঙ্গভবনে এই সংলাপে অংশ নেবে।

বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলের যারা থাকছেন— আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

৯ জানুয়ারি রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (জন বিভাগ) সম্পদ বড়ুয়ার পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ১৭ জানুয়ারি সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বোচ্চ ১০ জনকে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করা হয়।

এর আগে জাতীয় পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ বেশ কয়েকটি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণে যায়। তবে বিএনপি এই সংলাপে যোগ দেয়নি।

বুস্টার ডোজের বয়সসীমা কমল

করোনাভাইরাস থেকে সুরক্ষায় বুস্টার ডোজের বয়সসীমা কমানো হয়েছে। এখন থেকে ৫০ বছর বয়সিদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় বুস্টার ডোজের বয়সসীমা কমানো হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের অনুমোদন দিয়েছেন। এখন থেকে ৫০ বছর বয়স হলেই বুস্টার ডোজ দেওয়া হবে।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত এক কোটি সাত লাখ শিক্ষার্থীকে টিকা দিয়েছি। এখনও প্রায় ৯ কোটি ৩০ লাখ ডোজ টিকা মজুদ রয়েছে। আমাদের টিকার কোনো ঘাটতি হবে না।

এদিকে রোববার দেশে নতুন করে আরও ২২ জনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। নতুন রোগীদের সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে ৫৫ জনের দেহে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেল।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা একদিনে ৫১ শতাংশের বেশি বেড়েছে। আর শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ হাজার ২২২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৮ জনের।

স্বাস্থ্যের ডিজির জরুরি সংবাদ সম্মেলন বিকালে

কোভিড ১৯-এর ঊর্ধ্বমুখী সংক্রমণের পরিস্থিতিতে বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ (এবিএম) খুরশীদ আলম।

সোমবার বিকাল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক করোনা সংক্রমণ পরিস্থিতি ও করণীয়, হাসপাতালের প্রস্তুতিসহ নানা বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলে জানা গেছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৩০৫ জনের দেহে নমুনা পরীক্ষায় পাঁচ হাজার ২২২ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৮ হাজার ১৪৪ জনে দাঁড়িয়েছে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় করোনায়। করোনার সংক্রমণ থেকে সুরক্ষায় ১১ দফা বিধিনিষেধ চলছে দেশে।

একাদশে আবেদনের সময় বাড়ল

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কলেজ ও মাদ্রাসায় আবেদনের সময় আরও দু’দিন বেড়েছে। কাল এবং পরশু শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে প্রথম দফার আবেদন নেওয়া শেষ হবে শনিবার মধ্যরাতে। কারিগরি কলেজ (বিএম) একাদশ শ্রেণিতে আগামী ১৪ ফেব্রুয়ারি আর বিভিন্ন পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন নেয়া হবে।

জানা গেছে, এগুলোর মধ্যে কলেজ ও মাদ্রাসায় শনিবার ৭টা ২২ মিনিট পর্যন্ত আবেদন পড়েছে ১৫ লাখ ১৭হাজার ৭৪৬টি। এসব শিক্ষার্থী ৮২ লাখ ৮৪ হাজার ১৫৪টি কলেজ ও মাদ্রাসা পছন্দ দিয়েছে।

এছাড়া ২১ হাজার শিক্ষার্থীর আবেদন অনুমোদনের অপেক্ষায় আছে। তারা আবেদন দাখিলের পাশাপাশি ফি জমা দিয়েছে। কিন্তু কারিগরি কারণে অনুমোদন পায়নি।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন যুগান্তরকে বলেন, প্রথম দফার আবেদনের সময় ছিল শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। কিন্তু শিক্ষার্থীদের সুবিধার্থে দুদিন বাড়ানো হয়েছে। ১৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত তারা আবেদন করতে পারবে। এরপর নীতিমালা অনুযায়ী আবেদন যাচাই শেষে শিক্ষার্থীদের মাঝে কলেজ বণ্টন করা হবে। শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কলেজ বণ্টনের ক্ষেত্রে একমাত্র মানদণ্ড হিসেবে কাজ করবে।

কলেজ ও মাদ্রাসায় ভর্তির ওয়েবসাইট xiclassadmission.gov.bd তে প্রবেশ করে আবেদন করতে পারছে।

আর www.btebadmission.gov.bd শীর্ষক ওয়েবসাইটে কারিগরি শিক্ষার শিক্ষার্থীরা আবেদন করতে পারছে।