বৃহস্পতিবার ,১১ জুন, ২০২৬
sbacbank
Home Blog Page 291

কালো তালিকায় নয় বরং অগ্রাধিকার পাবে কুবি

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস (ইউসিএ) কখনো কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করে নাই; বরং অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সম্প্রতি যুক্তরাজ্যের কমিউনিটিভিত্তিক কিছু গণমাধ্যমে ইউসিএ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করা হয়েছে এমন সংবাদ প্রচার করে। বিষয়টি নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন ইউসিএ কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ইউসিএ কর্তৃপক্ষ জানায়, ইউসিএ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করে নাই। বরং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউসিএতে ভর্তি হতে ইচ্ছুক হলে তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে থাকে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে সংবাদ প্রকাশের পর থেকে আমি অক্লান্ত পরিশ্রম করেছি, চেষ্টা করেছি, অনবরত যোগাযোগ করেছি ইউসিএ কর্তৃপক্ষের সঙ্গে। আমি ফোন করেছি, মেইল করেছি, সর্বশেষ মঙ্গলবার মেইল এসেছে। সেখানে বলা হয়েছে- তারা কখনই আমাদের সাসপেন্ড করে নাই। এখান থেকে বুঝাই যায় যে, সংবাদটি ফেক। যারা বিশ্ববিদ্যালয়ের সম্মান নষ্ট করতে চেয়েছে তারা ব্যর্থ হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের মানসম্মান নষ্ট করতে যে দুষ্টচক্র কাজ করছিল তারা পারেনি। আমরা আমাদের মানটি ফিরে পেলাম। মানটি অক্ষুন্ন থাকল।

তিনি আরও বলেন, দেশের যে সংবাদমাধ্যমটি সংবাদ প্রচার করেছে সেটি যে মিথ্যা তা তো প্রমাণিত হয়েছে। আমরা এতদিন এ ব্যাপারে সব ডকুমেন্টস না থাকায় ব্যবস্থা নিতে পারেনি। আমরা তাদের সঙ্গে কথা বলব এবং ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।

উল্লেখ্য, ব্রিটেনের ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস (ইউসিএ) নামের একটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ৫টি বিশ্ববিদ্যালয়কে ‘কালো তালিকাভুক্ত করেছে’ এমন সংবাদ প্রকাশ করে যুক্তরাজ্যের কমিউনিটিভিত্তিক একটি গণমাধ্যম। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের একটি বেসরকারি গণমাধ্যমও সংবাদ প্রচার করে। সেখানে দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নামও রয়েছে এমন দাবি করা হয়। তবে ইংরেজি নামে ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে মিল থাকায় বিতর্কের সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে সমালোচনা করেন এবং বিষয়টি স্পষ্ট করার দাবি জানান।

২০২৬ সালের বিশ্বকাপে মেসিকে দেখা যাবে?

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রেশ কাটতে না কাটতে হাজির আরেক মহারণ। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আজ ‘লা ফিনালিসিমা’ নামের মর্যাদার লড়াইয়ে মুখোমুখি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোজয়ী ইতালি।

দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন দলকে নিয়ে এমন আয়োজন আগেও দুবার হয়েছে। ১৯৮৫ সালে প্রথম আসরে উরুগুয়ের বিপক্ষে জিতেছিল মিশেল প্লাতিনির ফ্রান্স। ১৯৯৩ সালে ইউরো চ্যাম্পিয়ন ডেনমার্ককে হারায় দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা।

এবার ইতালির বিপক্ষে মহারণের আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সমসাময়িক প্রসঙ্গে কথা বললেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

প্রশ্ন : ইতালির বিপক্ষে ‘ফিনালিসিমা’ ম্যাচ নিয়ে আপনার ভাবনা কী?

মেসি : ম্যাচটা দারুণ হবে। তারা ইউরোপের চ্যাম্পিয়ন। বিশ্বকাপে থাকলে ইতালিকে ফেভারিট ধরা হতো। দুর্ভাগ্যজনকভাবে তারা বিশ্বকাপে নেই। ফুটবলীয় কারণেই বাদ পড়েছে। ইতালি থাকলে নিশ্চিতভাবেই বিশ্বকাপের ড্রয়ে কেউ তাদের মুখোমুখি হতে চাইত না। লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে এই ম্যাচ আমাদের জন্য পরীক্ষা। জেতার জন্যই আমরা মাঠে নামব।

প্রশ্ন : বিশ্বকাপে ইতালির অনুপস্থিতি কতটা বিস্ময়কর?

মেসি : এটা অবিশ্বাস্য যে, ইউরো জিতলেও তারা বিশ্বকাপে নেই। তাদের না থাকা পীড়াদায়ক; কিন্তু এটাই বাস্তবতা। পিএসজিতে আমার সতীর্থ ও বন্ধু আছে ইতালি দলের। তারা আমাকে অনেক সাহায্য করেছে, বিশেষ করে মার্কো ভেরাত্তি। ওর জন্য আমার কষ্ট লাগছে।

প্রশ্ন : বর্তমান আর্জেন্টিনা দল ও তাদের সাফল্য নিয়ে বলুন।

মেসি : এই দল প্রতিটি ম্যাচ খেলে ‘ফাইনাল’ ভেবে। সবাই জানে তাদের কীভাবে খেলতে হবে। ম্যাচের প্রতিটি মুহূর্তে তাদের কী করতে হবে। তরুণ একটি দলে যা সহজ নয়; কিন্তু এই দলের সবার নিজের করণীয় সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে। আর্জেন্টিনার এই দলটা যে কারও সঙ্গে লড়াই করতে পারে। তবে এর অর্থ এই নয় যে, আমরা বিশ্বকাপের দাবিদার। বলতে চাইছি, আমরা এখন যে কোনো দলের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত।

প্রশ্ন : সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচের প্রতিপক্ষকে কীভাবে দেখছেন?

মেসি: বিশ্বকাপের প্রথম ম্যাচ সব সময় অন্যরকম। প্রতিপক্ষ যে-ই হোক না কেন, প্রথম ম্যাচে জড়তা থাকে। আমাদের দলের অনেকেরই এটা প্রথম বিশ্বকাপ। তাদের চাওয়া যেমনই থাকুক, জেতার চাপ তারা অনুভব করবে। কারণ, প্রথম ম্যাচ জেতাটা পরের পথচলার জন্য আত্মবিশ্বাস জোগায়। অভিজ্ঞতা থেকে আমরা জানি, কোনো প্রতিপক্ষই সহজ নয়। আমাদের গ্রুপটা কঠিন। পুরো বিশ্বকাপই কঠিন হতে যাচ্ছে।

প্রশ্ন : ২০২৬ সালের বিশ্বকাপে কি মেসিকে দেখা যাবে?

মেসি : আগেও বলেছি, কাতার বিশ্বকাপের পর অনেক বিষয় নিয়ে আমাকে নতুন করে ভাবতে হবে। আসলে, আমি জানি না দেখা যাক কী হয়। একসময় যেমন কল্পনায়ও ছিল না, আমি বার্সেলোনা ছাড়া অন্য কোথাও খেলব। কিন্তু হঠাৎ একদিন আমাকে চলে যেতে হলো। আগামীতে অনেক কিছু ঘটতে পারে, ফুটবল পরিবর্তনশীল।

প্রশ্ন : বার্সেলোনা থেকে পিএসজিতে এসে কোন পরিবর্তনগুলো অনুভব করছেন?

মেসি : আমাকে খেলার নতুন ধরনের সঙ্গে অভ্যস্ত হতে হয়েছে। আগে আমি এক ঘরানার খেলায় অভ্যস্ত ছিলাম। নতুন জায়গায় আসাও ছিল অন্যরকম। ফুটবলকে ভিন্ন দৃষ্টিতে দেখা, নতুন সতীর্থ, সবকিছুই আমার জন্য নতুন ছিল। মনে পড়ে, প্রথমদিন বাচ্চাদের স্কুলে রেখে ফেরার সময় আমি ও আন্তোনেল্লা কেঁদেছিলাম। পরস্পরকে বলেছিলাম, এখানে কী করছি আমরা।

প্রশ্ন : চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে পিএসজির বিদায় কতটা পোড়ায়?

মেসি : আমাদের জন্য সেটি ছিল বড় ধাক্কা। রিয়াল আমাদের শেষ করে দিয়েছিল। রিয়ালের সঙ্গে অনেক দিনের চেনাজানার ফলে আমি জানতাম, এমন কিছু হতে পারে। যে কোনো পরিস্থিতিতে গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে তারা। রিয়াল মাদ্রিদ এবার সেরা দল ছিল না। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে তারা চ্যাম্পিয়ন দল। সে কারণেই সেরা দল না হয়েও তারা শিরোপা জিতেছে।

প্রশ্ন : করিম বেনজেমার ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা কতটুকু?

মেসি : এখানে দ্বিধার কোনো অবকাশ নেই। বেনজেমা দুর্দান্ত একটি বছর কাটিয়েছে। শেষটা করেছে চ্যাম্পিয়ন্স লিগ জিতে। ব্যালন ডি’অর এবার বেনজেমাই জিতবে।

আর্জেন্টিনাকে হারিয়ে দুঃখ ভুলতে চায় ইতালি

দীর্ঘ ২৯ বছর পর ফের অনুষ্ঠিত হচ্ছে এই আন্তঃমহাদেশীয় মহারণ। আরতেমিও ফ্রাঞ্চি ট্রফি থেকে এখন এই শিরোপার নাম কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়নস, সংক্ষেপে যাকে ফিনালিসিমা বলা হচ্ছে। ১৯৮৫ ও ১৯৯৩ সালে দুবার অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচটি, তখন এটি আরতেমিও ফ্রাঞ্চি ট্রফি নামে পরিচিত ছিল। প্রথমবার ফ্রান্স এবং দ্বিতীয় আসরে আর্জেন্টিনা শিরোপা জয় করেছিল।

আজ রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে এই শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ইউরো চ্যাম্পিয়ন ইতালি এবং কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা।

২০২১ সালে দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে কোপা আমেরিকা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এর আগে সবশেষ ১৯৯৩ সালে কোপার শিরোপা ঘরে তুলেছিল আলবিসেলেস্তেরা। আর সেই বছরই এই আন্তঃমহাদেশীয় ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল তারা, প্রথমবারের মতো শিরোপাও জিতে নিয়েছিল। এর পর আর্জেন্টিনারও আর কোপা জেতা হয়নি, এই ফাইনালও আর মাঠে গড়ায়নি। কাকতালীয়ভাবে গত বছর আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পরই ফের অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ফাইনাল। ম্যাচটি ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। শুরুর কয়েক দিনের মধ্যেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

১৯৯৩ সালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল তখনকার ইউরোজয়ী ডেনমার্ক, এবার তাদের সামনে চারবারের বিশ্বকাপজয়ী ইতালি। সবাইকে তাক লাগিয়ে দিয়ে ফিনালিসিমার ভেন্যু ওয়েম্বলি স্টেডিয়ামেই স্বাগতিক ইংল্যান্ডকে হতাশ করে ইউরো জিতেছিল তারা। তবে এর পর ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্ব পার হতে না পেরে নিজেরাই হতাশায় ডুবেছে রবার্তো মানচিনির দল। আর্জেন্টিনার বিপক্ষে ফিনালিসিমার ম্যাচটি দিয়ে বিশ্বকাপ খেলতে না পারার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে চায় ইতালি।

অপরদিকে আর্জেন্টিনার হয়ে নিজের দ্বিতীয় শিরোপা জিততে উন্মুখ লিওনেল মেসি। শিরোপার কাছ থেকে বারবার খালি হাতে ফেরা মেসির আর্জেন্টিনা গত বছর ব্রাজিলের মাটিতে স্বাগতিকদের হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে। ২০১৯ সালের পর থেকে টানা ৩১ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা বিশ্বকাপের আগে আরেকটি শিরোপা জিততে মুখিয়ে আছে। ২০১৮ বিশ্বকাপের পর সময় নিয়ে, পরিশ্রম করে একটি দারুণ উদ্যমী দল দাঁড় করিয়ে ফেলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কোপা আমেরিকা জয়ের মাধ্যমে সেই পরিশ্রমের প্রথম ফল কুড়িয়েছেন। লক্ষ্য এবার অনেক বড় (বিশ্বকাপ), তবে তার আগে ইউরোপীয় চ্যাম্পিয়নদের হারিয়ে ফিনালিসিমার শিরোপা জয় করতে পারলে সেটা নিশ্চয়ই সামনের মিশনগুলোতে বাড়তি অনুপ্রেরণা দেবে।

এদিকে ফিনালিসিমা হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে ইতালির অধিনায়ক জর্জিও কিয়েলিনির শেষ ম্যাচ। প্রায় দেড় যুগ জাতীয় দলের জার্সি গায়ে মাঠ মাতিয়ে এবার বুটজোড়া তুলে রাখতে যাচ্ছেন এই বর্ষীয়ান ডিফেন্ডার।

ইতালি-আর্জেন্টিনার এই মহারণ আজ বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি টেন ওয়ানের পর্দায়।

দুদলের সম্ভাব্য একাদশ

ইতালি: ডন্নারুম্মা, ডি লরেঞ্জো, বনুচ্চি, কিয়েলিনি, এমারসন, বারেল্লা, জর্জিনহো, ভেরাত্তি, জানিয়োলো, স্কামাচ্চা ও ইনসিনিয়ে।

আর্জেন্টিনা: এমি মার্টিনেজ, মলিনা, রোমেরো, ওটামেন্ডি, আকুনিয়া, ডি পল, রদ্রিগেজ, লো সেলসো, মেসি, লাউতারো মার্টিনেজ ও ডি মারিয়া।

দীপ্ত টিভিতে ক্ষুদে বিজ্ঞানী অ্যাওয়ার্ড

দীপ্ত টিভি আয়োজন করতে যাচ্ছে ‘ক্ষুদে বিজ্ঞানী অ্যাওয়ার্ড- ২০২২’।

১৮ বছরের নিচে প্রাথমিক ও মাধ্যমিক শাখার আগ্রহী শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবেন। দুটি গ্রুপে বিজ্ঞানের বিভিন্ন শাখাতে আবেদন করা যাবে। প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ‘ক’ গ্রুপ এবং সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘খ’ গ্রুপ।

অ্যাওয়ার্ড ক্যাটাগরির গ্রুপ ‘ক’ (প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি) বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট, আইসিটি উদ্ভাবন, রোবটিক্স, কৃষি প্রযুক্তি, সমাজ ও পরিবেশ বিজ্ঞান । গ্রুপ ‘খ’ (সপ্তম থেকে দশম শ্রেণি) বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট, আইসিটি উদ্ভাবন, রোবটিক্স, কৃষি প্রযুক্তি ও গেমস কোডিং।

ব্যক্তিগতভাবে অথবা গ্রুপের মাধ্যমেও প্রজেক্ট জমা দিতে পারবে। দুই গ্রুপের প্রথম তিনজনের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। দেশের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানকে আরও জনপ্রিয় করে তোলা এবং তাদের উদ্ভাবনী ক্ষমতাকে সবার সামনে হাজির করার লক্ষ্যে এ আয়োজনটি করা হচ্ছে।

দীপ্ত টিভিতে ১ জুলাই প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে অনুষ্ঠানটি সরাসরি প্রচার হবে।

আমি রণবীরের হৃদয়ে আছি, তাকে অনেক মিস করছি: আলিয়া

লন্ডনে নিজের ডেবিউ ছবির শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী আলিয়া। ব্রহ্মাস্ত্রের প্রচারে রণবীরের পাশে নেই তার স্ত্রী, তবে ভিডিওবার্তায় আলিয়া বললেন, আমি ওর হৃদয়ে ওখানেই আছি।

বিয়ের পর ‘রণবীর-আলিয়ার প্রেম যেন আর বেশি প্রকাশ পাচ্ছে! স্বামীকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারছেন না রণবীর ঘরণী।

মঙ্গলবার ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারে যোগ দিতে পারেননি আলিয়া। এদিন বিশাখাপত্তনমে ছবির প্রচার সারেন রণবীর, পরিচালক অয়ন মুখোপাধ্যায় এবং বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন এসএস রাজামৌলী। এ মুহূর্তে দেশের বাইরে রয়েছেন আলিয়া, নিজের ডেবিউ হলিউড প্রজেক্টের শুটিংয়ে ব্যস্ত নায়িকা। তবে সশরীরে হাজির না থাকলেও ভার্চুয়ালি অনুষ্ঠানের অংশ হলেন আলিয়া।

এক ভিডিওবার্তায় টিম ‘ব্রহ্মাস্ত্র’-এর সঙ্গ দিলেন অভিনেত্রী। বিশাখাপত্তনমে পা রাখা মাত্রই পুষ্পবৃষ্টির জোয়ারে ভেসেছেন রণবীর-অয়ন। রণবীরকে দুচোখ ভরে দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছিলেন।

এদিন প্রকাশ্যে এসেছে ছবির নতুন টিজার। পাশাপাশি ঘোষিত হয়েছে ছবির ট্রেলার মুক্তির তারিখও। ১৫ জুন মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’র ট্রেলার। এদিন ফ্যানেদের উদ্দেশে ভিডিওবার্তায় আলিয়া বলেন, ‘আমি সত্যি খুব এক্সাইটেড যে অবশেষে এই ছবিটা আপনাদের সামনে তুলে ধরতে পারব। আমি দুর্ভাগ্যবশত আজ ওখানে হাজির নেই, না দুর্ভাগ্যবশত বলা যাবে না কারণ এ মুহূর্তে আমি লন্ডনে একটা ছবির শুটিং সারছি। এটিও একটা বিরাট প্রজেক্ট, তবে আমার অর্ধেকটা অংশ আজ ওখানেই থাকবে। আমি ওখানে রয়েছি, রণবীরের হৃদয়ে’।

তিনটি পার্টে তৈরি হবে ‘ব্রহ্মাস্ত্র’, গত ৮ বছর ধরে এই ছবির ওপর কাজ করছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। ছবিতে শিবা ও ইশার চরিত্রে দেখা যাবে রণবীর-আলিয়াকে। এই ছবির সেটে বন্ধুত্ব, তার পর প্রেম আর ছবির মুক্তির আগেই মিস্টার অ্যান্ড মিসেস কাপুর হয়ে গেছেন তারা। ছবির ‘কেশরিয়া’ গানের ঝলকও ইতেমধ্যে সুপারহিট। ঝলকেই মাতিয়ে দিচ্ছেন রালিয়া। এখন অপেক্ষা আগামী ৯ সেপ্টেম্বর ছবি মুক্তির।

রণবীর-আলিয়া ছাড়াও এই ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুন আক্কিনেনি। ছবিতে ক্যামিও চরিত্রে থাকছেন ডিম্পল কাপাডিয়াও। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম ভাষাতেও মুক্তি পাবে রণবীর-আলিয়ার এই ছবি।

সিগন্যাল বুস্টার দিয়েও মিলছে না মোবাইল নেটওয়ার্ক

রফ্যাশন ও মনপুরা উপজেলার চার ইউনিয়নের বেশিরভাগ চরে নেই মোবাইল টাওয়ার।

এ কারণে সিগন্যাল বুস্টার ব্যবহার করেও মোবাইল নেটওয়ার্ক সেবা পাওয়া যাচ্ছে না চরফ্যাশনের পয়ষ্টীরচর, আশিরচর, তীলচর, শিবচর, লালচর, বয়ারচর, রাস্তারচর, রানিরচর, পাঙ্গাশিয়ারচর।

মনপুরা উপজেলার কলাতলী, চরডেম্পিয়া (ঢালচর) ও কাজীরচরে কৃষি, গবাদিপশু ও মৎস্যসম্পদে ভরপুর। এসব চরে নেটওয়ার্ক না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন খামারি, আড়তদার, জেলেসহ ব্যবসায়ীরা।

সরেজমিন দেখা যায়, চরফ্যাশনের ঢালচর, চরকুকরিমুকরি ইউনিয়ন ও মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের কলাতলীচর, ঢালচর ও কাজীরচরের চারপাশে মেঘনা নদী। কাজীরচরের পাশেই হাতিয়ার অংশ। এসব চরে ৪০-৫০ হাজার মানুষের বাস। সেখানে ২০টি মাছের ঘাট, বাজার, পুলিশ তদন্তকেন্দ্র, বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র ও কয়েকটি বেসরকারি সংস্থা রয়েছে।

এসব চরে প্রতিদিন কয়েক কোটি টাকার লেনদেন হলেও কোনো মোবাইল টাওয়ার নেই। পুলিশ তদন্তকেন্দ্র, ব্যবসায়ী, বেসরকারি সংস্থা ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীরা মোবাইলের সিগন্যাল বুস্টার ব্যবহার করেও সঠিক সেবা পাচ্ছেন না। কোনো রকমে কাজ চালাচ্ছেন। নেটওয়ার্ক যায় আর আসে। একাধিকবার চেষ্টা করে তাদের কাজ চালাতে হচ্ছে।

কলাতলীচরের মনিরবাজারের ওষুধ ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী আল আমিন বলেন, সিগন্যাল বুস্টার ব্যবহার করে দিনে এক বা আধাঘণ্টা নেটওয়ার্ক পাওয়া যায়। একটি বুস্টারের দাম ১৫-১৬ হাজার টাকা। কিন্তু এর পরও সমস্যার সমাধান হচ্ছে না।

কলাতলী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই বলেন, অফিসের ভেতরে একটি সিগন্যাল বুস্টার বসানো আছে। সেটির সঙ্গে লাগানো মোবাইলে কথা বলা যায়। তাও নেটওয়ার্ক যায় আর আসে। ল্যান্ডফোনের মতো বুস্টারের নিচ থেকে চলে গেলে আর সংযোগ পাওয়া যায় না। এখানে একটি মোবাইল টাওয়ার বসানো দরকার।

কলাতলীর কবিরবাজার মাছের ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. কামাল হোসেন বলেন, জেলেরা প্রতিনিয়ত জলদস্যুর কবলে পড়ছেন। নেটওয়ার্ক না থাকায় চরের বাসিন্দা ও জেলেরা বিপদে পড়লেও তাৎক্ষণিকভাবে মোবাইলে কাউকে জানাতে পারেন না। ঢাকাসহ মাছ বিক্রির মোকামগুলোতে সেভাবে যোগাযোগ করা যায় না। এতে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, এই আধুনিক যুগে মোবাইলের নেটওয়ার্ক না থাকায় সাগর মোহনায় মাছ ধরতে আসা জেলেরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। ব্যবসায়ীরাও খুব সমস্যার মধ্যে আছেন।

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাক, প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।

বুধবার সকাল ৯টার দিকে কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফায়ার সার্ভিস স্টেশনের পাশে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো, জুয়েল রানা।

তিনি জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ী অভিমুখী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আহতদের উদ্ধার কালুখালী উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও তিনজেনর মৃত্যু হয়।

চীনের হুমকির মুখে তাইওয়ান সফরে মার্কিন সিনেটর

চীনা হুমকির মধ্যে তাইওয়ান সফরে গেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর ট্যামি ডাকওয়ার্থ।

মঙ্গলবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে দেখা করেন ডাকওয়ার্থ। তিনি তাইপে এবং ওয়াশিংটনের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্কের ওপর জোর দেন।

চীন তাইওয়ানকে তার নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে এবং বলপ্রয়োগ করে দখল করতে চায়। সোমবার দ্বীপটির কাছাকাছি আকাশসীমায় ৩০টি সামরিক বিমান পাঠিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারাও পাল্টা বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে সতর্ক করে এবং রেডিওর মাধ্যমে সতর্কতা জারি করে এর প্রতিক্রিয়া জানায়।

ডাকওয়ার্থ বলেন, তিনি তাইওয়ানের নিরাপত্তার জন্য আমাদের সমর্থনের ওপর জোর দিতে চান।

একজন সাবেক আর্মি হেলিকপ্টার পাইলট এবং ন্যাশনাল গার্ডের লেফটেন্যান্ট কর্নেল ডাকওয়ার্থ সাইকে বলেছেন, আমি বলতে চাই যে, এটি নিছক সামরিক সম্পর্কের চেয়েও বেশি কিছু। এটি অর্থনীতিরও বিষয়।

ডাকওয়ার্থ তাইওয়ানের সশস্ত্র বাহিনী এবং ন্যাশনাল গার্ডের মধ্যে সহযোগিতার উদ্দেশে একটি বিলের জন্য জোরালো দ্বিপক্ষীয় সমর্থনের কথা উল্লেখ করেছেন।

সাই যুক্তরাষ্ট্র সরকার ও কংগ্রেসকে ‘তাইওয়ান প্রণালিজুড়ে শান্তি এবং স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেওয়ার জন্য’ ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে ডাকওয়ার্থকেও ধন্যবাদ দিয়েছেন ‘তাইওয়ান সম্পর্কিত নিরাপত্তা সমস্যাগুলোর ওপর নিবিড় নজর রাখার জন্য।’

সূত্র: ভয়েস অব আমেরিকা

ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র: রয়টার্স

ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর সেভেরোদনেৎস্কে নিজেদের পূর্ণ দখল প্রতিষ্ঠিত করতে আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। রুশ আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ অবসানে রাশিয়া যেন দ্রুত আলোচনায় বসতে বাধ্য হয় সে লক্ষ্যে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধের আরও অস্ত্র সরবরাহ করবে। যাতে যুদ্ধক্ষেত্রে সুনির্দিষ্টভাবে লক্ষ্যে আঘাত হানা যায়।

তিনি বলেন, আমরা ইউক্রেনকে জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক মিসাইল, স্টিংগার অ্যান্টিএয়ারক্রাফ্ট মিসাইল, শক্তিশালী আর্টিলারি এবং রকেট সিস্টেম, রাডার, মনুষ্যবিহীন আকাশযান, এমআই-১৭ হেলিকপ্টার এবং গোলাবারুদসহ উন্নত অস্ত্র সরবরাহ চালিয়ে যাব।

বাইডেন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মধ্যে এম ১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমও রয়েছে, যা রুশ হামলা মোকাবিলায় বেশ ‘গুরুত্বপূর্ণ’ বলে মাসখানেক আগে জানিয়েছিলেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান।

ইউক্রেনকে এমন অস্ত্র সহায়তা দেওয়ার ফলে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি দ্বন্দ্বে জড়াল কিনা এ প্রসঙ্গে জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এসব ক্ষেপণাস্ত্র শুধু রুশ আক্রমণ ঠেকাতে ব্যবহৃত হবে। এসব ক্ষেপণাস্ত্র রাশিয়াতে হামলা চালাতে ব্যবহার করা হবে না বলে আশ্বাস দিয়েছে ইউক্রেন।

এলসি খোলা কমছে বিলাসী পণ্য আমদানিতে

বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে অপ্রয়োজনীয় ও বিলাসী পণ্য আমদানি নিয়ন্ত্রণের ফলে এ খাতে নতুন এলসি খোলা কমছে। গত দেড় মাসে কমেছে ১২ শতাংশ। আগামী দিনে আরও কমবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে কিছু পণ্যের আমদানিও কমেছে। তবে সার্বিকভাবে আমদানি ও এলসি খোলা বেড়েছে।

সূত্র জানায়, গত বছরের আগস্ট থেকেই বাজারে ডলারের সংকট দেখা দেয়। ওই সময় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার ছেড়ে টাকার মান ধরে রাখছিল। কিন্তু গত মার্চ থেকে আর পারছিল না। তখন ডলারের দাম বাড়া শুরু করে। মে মাসে ডলার সংকট প্রকট হওয়ায় এর দামও বেড়েছে।

ডলারের সংকট প্রকট হওয়ার কারণে গত বছরের শেষদিক থেকেই কিছু পণ্যের আমদানির এলসি খোলা কমতে থাকে। এখন ওইসব পণ্যের আমদানি কমেছে। ১১ এপ্রিল অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বাকি সব পণ্য আমদানিতে ২৫ শতাংশ এলসি মার্জিন আরোপ করা হয়। ১০ মে বিলাসী পণ্যে ৭৫ শতাংশ এবং অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বাকি সব পণ্যে ৫০ শতাংশ মার্জিন আরোপ করা হয়। এর প্রভাব পড়ে এলসি খোলায়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত দেড় মাসে বিলাসী পণ্যের এলসি খোলা কমেছে ১২ শতাংশ। এর মধ্যে রয়েছে ফল, কোমল পানীয়, চকলেট, প্রসাধনসামগ্রী, আসবাবপত্র প্রভৃতি।

এদিকে চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে সার্বিকভাবে আমদানি বেড়েছে ৫০ শতাংশ এবং এলসি খোলা বেড়েছে ৪৬ শতাংশ। একই সময়ে পরিমাণগতভাবে পণ্যের আমদানি কমেছে ৮ শতাংশ। আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বাড়ায় ডলারের অঙ্কে এলসি খোলা ও আমদানি বেড়েছে।

আলোচ্য সময়ে চালের ৬১ শতাংশ, পেঁয়াজের ৫, ফলের সাড়ে ৬ ও ডালে সাড়ে ১১ শতাংশ এলসি খোলা কমেছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধিতে অপরিশোধিত ভোজ্যতেলের আমদানি কমেছে ১৯ শতাংশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি আমদানি কমেছে ৪ শতাংশ, ট্রাক্টর পাওয়ার টিলারের এলসি খোলা কমেছে ২৬ দশমিক ৪১ শতাংশ, আমদানি কমেছে ১৫ শতাংশ। একই সময়ে ইলেকট্রনিকসামগ্রীর এলসি কমেছে সাড়ে ৪ শতাংশ, আমদানি কমেছে ৫ দশমিক ১৮ শতাংশ, গাড়ির এলসি খোলা কমেছে ৩৩ শতাংশ, তবে আমদানি বেড়েছে ২০ শতাংশ, সামুদ্রিক ডিজেল ইঞ্জিনের এলসি খোলা কমেছে ৭৭ শতাংশ, আমদানি কমেছে ৮৫ শতাংশ, অন্যান্য যন্ত্রপাতির এলসি খোলা কমেছে ৬ শতাংশ, আমদানি কমেছে ২১ শতাংশ।

এদিকে গত অর্থবছরে ৮১ কোটি ৭০ লাখ ডলারের চাল, ৬৫ কোটি ৮০ লাখ ডলারের ডাল, ১৭৮ কোটি ৬০ লাখ ডলারের ভোজ্যতেল, ১২৮ কোটি ৭০ লাখ ডলারের তৈল বীজ, ৪০ কোটি ডলারের মসলা, ৩১ কোটি ডলারের দুধ ও আইসক্রিম, ১৫৫ কোটি ৮০ লাখ ডলারের গম, ১৭৩ কোটি ডলারের চা, কফি ও অন্যান্য উপকরণ, ৩৮ কোটি ডলারের মধু ও অন্যান্য উপকরণ, ৩১ কোটি ডলারের ডিম ও ডেইরি পণ্য আমদানি করা হয়েছে। ২৫ মে ১৩৫টি বিলাসী পণ্যের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়েছে। এতেও বিলাসী পণ্যের আমদানি কিছুটা কমবে।