বিবাহবিচ্ছেদের মামলায় আদালতে শ্রাবন্তী মিথ্যা সাক্ষ্য দিয়েছেন- এমন অভিযোগ এনে রোশন মামলাটি করেছেন বলে রোববার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে। মামলা চলাকালীন কেউ যদি মিথ্যা সাক্ষ্য দেন, তাহলে তার বিরুদ্ধে এ ধরনের মামলা করা যায়। তবে হঠাৎ করে সাবেক স্ত্রীর বিরুদ্ধে কেন এ অভিযোগ তুললেন রোশন?
জানা গেছে, বিবাহবিচ্ছেদ মামলাটি করেন অভিনেত্রী শ্রাবন্তী। মাসিক সাত লাখ টাকা খোরপোষের দাবি জানিয়ে মামলা করার সময় নিজের আয়-ব্যয়ের খতিয়ান নথিভুক্ত করেন নায়িকা। আর তাতেই ধরা পড়ছে অসঙ্গতি।
রোশনের অভিযোগ, শ্রাবন্তী নির্বাচনে দাঁড়ানোর সময় যে আয়-ব্যয়ের হিসাব দিয়েছিলেন, তার সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলায় দেওয়া তথ্যের অসঙ্গতি রয়েছে।
এ প্রসঙ্গে অভিনেত্রী শ্রাবন্তী বলেন, এ বিষয়ে আইনজীবীর সঙ্গে কথা না বলে কিছুই বলতে পারব না।
রোশনের আইনজীবী জানান, ১৬ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানি হবে আলিপুর কোর্টে। শ্রাবন্তীর বিরুদ্ধে এ অভিযোগ প্রমাণিত হলে জেলও হতে পারে এই অভিনেত্রীর।
২০২০ সালে রোশন সিংহের সঙ্গে বিয়ে হয় শ্রাবন্তীর। এটি ছিল অভিনেত্রীর তৃতীয় বিয়ে; কিন্তু বছর না ঘুরতেই বিচ্ছেদ হয় তাদের। এরপর ২০২১ সালে বিবাহবিচ্ছেদের মামলা করেন এই অভিনেত্রী।
আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত ও বেদনার দিন। জাতীয় শোক দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী।
১৯৭৫ সালের এই দিন জাতি হারিয়েছে তার গর্ব, আবহমান বাংলা ও বাঙালির আরাধ্য পুরুষ, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এ দিনে বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী কর্মকর্তা আর ক্ষমতালিপ্সু কতিপয় রাজনীতিক। রাজনীতির সঙ্গে সামান্যতম সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু পরিবারের নারী-শিশুরাও সেদিন রেহাই পায়নি ঘৃণ্য কাপুরুষ এ ঘাতকচক্রের হাত থেকে।
সেদিন বঙ্গবন্ধুর সঙ্গে আরও প্রাণ হারান তাঁর সহধর্মিণী, তিন ছেলেসহ পরিবারের ১৮ জন সদস্য। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করে দিনটি। তবে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে এবারও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হবে।
রাষ্ট্রীয় মর্যাদায় দিনটি পালনে সারা দেশে আজ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ সরকারি ছুটি। জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি তাঁরা শ্রদ্ধা জানিয়েছেন। আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ও ঢাকায় ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করবে তার স্বাধীনতার মহান স্থপতিকে। রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটি পালনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, প্রতিষ্ঠান ও সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ডের দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে কুখ্যাত ইনডেমনিটি আইন বাতিল করে। এরপর জাতির পিতা ও তাঁর পরিবারবর্গের নিষ্ঠুর বর্বরোচিত হত্যাকান্ডের বিচারকার্য শুরু হয়। ২০১০ সালের ২৭ জানুয়ারি দীর্ঘ ৩৪ বছর পর সেই কলঙ্ক থেকে জাতির দায়মুক্তি ঘটে। বঙ্গবন্ধু হত্যার চূড়ান্ত বিচারের রায় অনুযায়ী ওইদিন মধ্যরাতের পর পাঁচ খুনির ফাঁসি কার্যকর হয়। এর মধ্য দিয়ে জাতির জনককে হত্যা, ষড়যন্ত্র এবং অবৈধ ক্ষমতা দখলের ঘৃণ্য ও তমসাচ্ছন্ন অধ্যায়ের অবসান ঘটে। আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে বাঙালির বিজয়ের অভিযাত্রাও আরেক ধাপ এগিয়েছে। বিদেশে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ আদালতের রায় কার্যকরের প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।
সেই কালরাতে যারা শহীদ হয়েছিলেন : সেদিন ছিল শুক্রবার। শ্রাবণের শেষ দিন। বাতাস ভেজা। ঘড়ির কাঁটা তখনো ভোর ৫টার ঘর ছোঁয়নি। দূরে মসজিদ থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আজানের সুমধুর ধ্বনি। ধানমন্ডির ৩২ নম্বরের ৬৭৭ নম্বর বাড়িটির চারপাশে তখন ভোরের আলো ফোটার অপেক্ষায়। বাড়িটি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের। বাড়ির শীর্ষে তখন বিউগলের সুরে জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছে। এমন মায়াবী, মোহময় ও ছিমছাম পরিবেশের মধ্যে ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড ঘটাতে বাড়িটি লক্ষ্য করে দক্ষিণ দিক থেকে শুরু হয় ভয়াল আক্রমণ। ঘাতকের নির্দয় বুলেটে সপরিবারে শহীদ হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একাত্তরের পরাজিত শক্তি মুজিব দর্শন ও তাঁর আদর্শে এতটাই ভীত ছিল যে কাপুরুষোচিত আক্রমণ থেকে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরাও রেহাই পাননি। বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামে যিনি ছায়ার মতো পাশে থেকে মনোবল দিয়েছেন, সেই সাহসিনী বঙ্গমাতা বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিবও ঘাতকদের কাছে প্রাণভিক্ষা চাননি। বরং মাথা উঁচু করে বঙ্গবন্ধুর সঙ্গী হয়ে চলে গেলেন দেশের তরে। ঘাতকের বুলেট থেকে বঙ্গবন্ধুর তিন ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামাল, শেখ জামাল ও নিষ্পাপ শিশু শেখ রাসেলও রেহাই পাননি। বঙ্গবন্ধুর পুত্রবধূ সুলতানা কামাল দেশের একজন খ্যাতিমান ক্রীড়াবিদ এবং আরেক পুত্রবধূ রোজী জামালও শহীদ হয়েছেন। বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের পায়ের সমস্যা নিয়েও মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। তাঁর মতো শান্ত ও বিচক্ষণ প্রগতিশীল মানুষকেও ঘাতকরা হত্যা করে ওই রাতে। বঙ্গবন্ধুর ফোন পেয়ে তাঁর জীবন বাঁচাতে ছুটে আসা রাষ্ট্রপতির সামরিক সচিব কর্নেল জামিল আহমেদ, এসবি অফিসার সিদ্দিকুর রহমান, সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককেও ধানমন্ডির বাড়িতে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর ভাগনে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির বাসায় হামলা চালিয়ে তাকে এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি কৃষিমন্ত্রী আবদুর রব সেরনিয়াবাতের বাসায় হামলা করে সেরনিয়াবাত ও তাঁর কন্যা বেবী, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, আবদুর রব সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় রেন্টু খানকে হত্যা করে ঘাতকরা। ঘাতকদের মূল টার্গেট ছিল তারা বঙ্গবন্ধুসহ তাঁর পুরো পরিবার ও নিকটাত্মীয় কাউকেই পৃথিবীতে জীবিত রাখবে না। সে অনুযায়ী সেদিন ওই ঘাতকরা ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে হত্যার এক জঘন্য উল্লাসে মেতে উঠেছিল। হত্যা করেছিল বিভিন্ন ঘরে ও একাধিক বাড়ি থেকে বঙ্গবন্ধু, তাঁর পরিবার, নিকটাত্মীয়সহ মোট ২৬ জনকে। জানা যায়, ১৫ আগস্ট কালরাতে খুনি মেজর ডালিম ও রিসালদার মোসলেম উদ্দিনের নেতৃত্বে প্রথমেই আক্রমণ করা হয় বঙ্গবন্ধুর ভগ্নিপতি কৃষিমন্ত্রী আবদুর রব সেরনিয়াবাত ও ভাগনে শেখ ফজলুল হক মণির বাসায়। এরপর আক্রমণ করা হয় বঙ্গবন্ধুর বাড়িতে। প্রথমেই খুনি বজলুল হুদা ব্রাশফায়ার করে হত্যা করে বঙ্গবন্ধুর ছেলে শেখ কামালকে।
দাফন : পরদিন ঢাকার স্টেশন কমান্ডার আবদুল হামিদ বঙ্গবন্ধুর লাশ ছাড়া ১৫ আগস্টে নিহতদের লাশ দাফন করেন। আবদুল হামিদ ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবন থেকে কফিনে নিহতদের লাশ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে শেখ মণি ও আবদুর রব সেরনিয়াবাতের পরিবারের সদস্যদের লাশ সংগ্রহ করে বনানী কবরস্থানে দাফনের ব্যবস্থা করেন। বনানী কবরস্থানে সারিবদ্ধ কবরের মধ্যে প্রথমটি বেগম মুজিবের, দ্বিতীয়টি শেখ নাসেরের, এরপর শেখ কামাল, সুলতানা কামাল, শেখ জামাল, রোজী জামাল, শেখ রাসেল, ১৩ নম্বরটি শেখ মণির, ১৪ নম্বরটি আরজু মণির, ১৭ নম্বরটি সেরনিয়াবাতের আর বাকি কবরগুলো সেদিন এই তিন বাড়িতে যারা মারা গিয়েছিলেন তাদের। ১৬ আগস্ট বিমানবাহিনীর হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর লাশ নিয়ে যাওয়া হয় টুঙ্গিপাড়ায়। সেখানে তাঁর লাশ দাফন করা হয় তাঁর বাবার কবরের পাশে। দাফনের আগে যে ধর্মীয় বিধিবিধান তা পালন না করেই লাশের সঙ্গে যাওয়া সেনা সদস্যরা জাতির পিতাকে কবরস্থ করতে আদেশ দেয়। কিন্তু স্থানীয় ইমাম সাহেব ও অন্য সবাই লাশ কবর দিতে অস্বীকৃতি জানালে বাধ্য হয়েই ঘাতকদের প্রতিনিধিরা মাত্র ১০ মিনিট সময় বেঁধে দেয়। ফলে একজন দৌড়ে গিয়ে পাশের মুদি দোকান থেকে একটা কাপড়কাচা সাবান নিয়ে এলে তা দিয়েই লাশের গোসল করানো হয়, সাদা পুরনো কাপড় দিয়ে কাফন বানানোর পর বঙ্গবন্ধুর লাশ সমাহিত করা হয়েছিল।
রাষ্ট্রীয় কর্মসূচি : আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবনসহ বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং আলোচনা সভার আয়োজন করা হবে। বিশেষ মুনাজাত ও কোরআন তিলাওয়াত করা হবে। প্রধানমন্ত্রী সকালে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বনানীতে ১৫ আগস্ট ঘাতকের হাতে নিহত শহীদদের কবরে শ্রদ্ধা জানানো হবে। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর পক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এ সময় ফাতিহা পাঠ ও সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদানসহ বিশেষ মুনাজাত ও দোয়া মাহফিল হবে। বাদ জোহর সারা দেশে মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মুনাজাত ও প্রার্থনা করা হবে। বেতার ও টেলিভিশন শোক দিবসের অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচার করবে। প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।
দলীয় কর্মসূচি : জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের দুই দিনের কর্মসূচিতে রয়েছে : আজ সূর্যোদয়ের সময় বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয়সহ দলের সর্বস্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে এবং সাড়ে ৭টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, ফাতিহা পাঠ, মুনাজাত ও দোয়া মাহফিল। সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতিহা পাঠ, মুনাজাত এবং ১১টায় বিশেষ দোয়া মাহফিল। দুপুরে অসচ্ছল-দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ, বাদ আসর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে দোয়া মাহফিল। এ ছাড়া আওয়ামী লীগের সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করবে।
অন্যদিকে জাতীয় পার্টি, সিপিবি, গণফোরাম, জাসদ, ন্যাপ ও গণতন্ত্রী পার্টি এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে। আগামীকাল বিকাল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেবেন। এতে জাতীয় নেতৃবৃন্দসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

বদলে গেল অধরা খান অভিনীত ‘বর্ডার’ ছবির নাম। ‘সুলতানপুর’ নামে ছবিটি মুক্তি পাবে। সেন্সর বোর্ডের আপত্তি অনুযায়ী নাম পরিবর্তন ও দৃশ্য সংশোধন করে ফের জমা দেওয়া হলে এবার আনকাট ছাড়পত্র পায় ছবিটি।
সৈকত নাসির জানান, বর্ডার-এর পরিবর্তিত নাম ‘সুলতানপুর’। ছবিটি আনকাট ছাড়পত্র পেয়েছে এবার। এমনকী সেন্সর বোর্ডের সদস্যরা ফোন করে ছবিটির প্রশংসা করেছেন।একই সঙ্গে নির্মাতা জানান, ছবিটি নতুন বছরের শুরুর দিকে অর্থাৎ আগামী জানুয়ারি মাসে মুক্তির পরিকল্পনা রয়েছে।
সুলতানপুর ছবির কাহিনি লিখেছেন আসাদ জামান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার। আরও আছেন সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১০ই ডিসেম্বর বিএনপির খুব প্রিয় তারিখ, এজন্যই তারা ওইদিন ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। ১০ ডিসেম্বর নাকি তারা ঢাকা অচল করে দেবে। ১০ ডিসেম্বর ১৯৭১ সালে এ দেশে বুদ্ধিজীবীদের হত্যার মিশন শুরু হয়েছিল। এ কারণেই এই তারিখ বিএনপির এত প্রিয়। তিনি বলেন, চুরি করে ক্ষমতায় এসেছিল বলেই ভোটে ভয় পায় বিএনপি। ভোট পাবে না বলে বিএনপি নির্বাচনে না গিয়ে সরকার উৎখাত করে ক্ষমতা দখল করতে চায়। দেশে আজকে গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। বিএনপির দুটি গুণ আছে। ভোট চুরি আর মানুষ খুন।
রোববার বিকালে চট্রগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভা মঞ্চে উঠে চট্টগ্রামের ২৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর দোয়া মোনাজাত শেষে মঞ্চে আসন গ্রহণ করেন। চট্টগ্রাম নগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। জনসভা সঞ্চালনা করেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। দীর্ঘ ১০ বছর পর চট্টগ্রামের পলোগ্রাউন্ডে জনসভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বিজয়ের মাসে আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। ২৯টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বিজয়ের মাসে এগুলো চট্টগ্রামবাসীর জন্য আমার উপহার। এসময় চট্টগ্রামে প্রয়াত আওয়ামী লীগের সিনিয়র নেতাদের স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন শেখ হাসিনা। এসময় তিনি বলেন, চট্টগ্রামের কথা সবসময় আমার মনে পড়ে। বাবা জেল থেকে বের হলেই চট্টগ্রামে নিয়ে আসতেন। করোনার কারণে দীর্ঘ সময় আসতে পারেনি তাই আজ হাজির হয়েছি। এই লালদিঘীর সামনে ১৯৮৮ সালে ২৪ জানুয়ারি আমাকে হত্যা করতে গুলি করা হয়। এ ঘটনার সঙ্গে খালেদা জিয়াও জড়িত ছিলেন। সেই হত্যা চেষ্টাকারী পুলিশ অফিসারকে প্রমোশন দেয়া হয়। বেশি দিন আগের কথা নয়, ২০০১ এর নির্বাচনে পর এই চট্টগ্রামে হিন্দু, বৌদ্ধরা কেউ রেহাই পায়নি, তাদের (বিএনপি) অত্যাচার থেকে।
তিনি বলেন, তারা (বিএনপি) মানুষের শান্তি চায় না, তারা ক্ষমতায় থেকে লুটপাট করেছে, জিয়াউর রহমান যখন মারা যান তখন ৪০ দিন পর্যন্ত শুনেছিলাম জিয়াউর রহমান নাকি কিছু দিয়ে যাননি। ভাঙা একটা সুটকেস ছাড়া। খালেদা জিয়া ক্ষমতায় এসেই হাওয়া ভবনের নামে এতো টাকা কই পেলেন? ভাঙা সুটকেসে কি জাদু ছিল?
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির দুটি গুণ আছে। একটি হলো ভোট চুরি, অপরটি মানুষ খুন। ২০১৪ সালে বিএনপি ক্ষমতায় না গিয়ে অগ্নিসন্ত্রাস করেছে। তিন হাজারের বেশি মানুষ তখন আহত হয়েছে। ৫০০ এর বেশি মানুষ মারা গেছে। অনেক গাড়িতে আগুন দিয়েছে তারা। আওয়ামী লীগ সভাপতি বলেন,মানুষ পুড়িয়ে মারার হিসাব একদিন খালেদা জিয়া ও তারেক রহমানকে দিতে হবে। বিএনপি দেশের ক্ষতি করে। আর আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। এই চট্টগ্রামে আমরা ব্যাপক উন্নয়ন করেছি। সরকার প্রধান বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের অধিকার আছে, এই আইন জাতির পিতা করে গিয়েছেন। কিন্তু বিএনপি এই আইন ও অধিকার বাস্তবায়নের পদক্ষেপ নেয়নি। জিয়ার জন্ম কলকাতায় আর পড়াশোনা করেছে করাচিতে। এরপর সেনাবাহিনীতে আসে।
আমরা সেই সমুদ্র জয় করেছি। আজ সেগুলো আমাদের কাজে লাগছে। প্রধানমন্ত্রী বলেন,আমাদের বিদ্যুৎ নিয়ে কিছু দিন কষ্ট হয়েছিল। ভবিষ্যতে আর হবে না ইনশাল্লাহ। তবে আপনাদের কাছে অনুরোধ, সাশ্রয়ী হতে হবে। বিদ্যুৎ ব্যবহার সীমিত করতে হবে। আপনারা জানেন না, এই শীতকালে ইউরোপের ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের কী অবস্থা। তারা মানুষ গরম পানি পাচ্ছে না। তারা রুম হিট করতে পারছে না। এক রুমের মধ্যে সমস্ত পরিবার নিয়ে থাকতে হচ্ছে। দোকানে গেলে জিনিস কিনতে পারে না। হয়তো এক প্যাকেট জিনিসের বেশি একটি পরিবার কিনতে পারবে না। এমন অবস্থা তাদের। আমি বলতে চাই, বাংলাদেশে এই অবস্থা হবে না। আমরা মানুষের সবরকম সুযোগ-সুবিধা অব্যাহত রাখবো কিন্তু আপনাদের সহযোগিতা চাই।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের গড়া ডিজিটাল বাংলাদেশ করোনার সময় আমাদেরকে সহযোগিতা করেছে। কাজেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখনও পৃথিবীর অনেক দেশ থেকে মজবুত। সারা বিশ্বব্যাপী এখন খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি তেলের অভাব। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের দেশের মানুষ যাতে ভালো থাকে। আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। জামায়াত-বিএনপিকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। আপনারা ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন। আপনারা হাত তুলে ওয়াদা করেন। আপনারাই আমার পরিবার, আপনারাই আমার সব।
২০১৩, ১৪, ১৫ সালে বিএনপির আন্দোলনের কথা তুলে ধরে তিনি বলেন, অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা, মানুষকে অগ্নিদগ্ধ করার জবাব একদিন খালেদা জিয়া-তারেক জিয়াকে দিতে হবে, এর হিসেব একদিন জনগণ নেবে। রিজার্ভ এবং ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, একটা গুজব ছড়ানো হচ্ছে, ডিজিটাল বাংলাদেশ করেছি আমি, আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অপপ্রচার করছে। অথচ এই কয়েকদিনে যারা টাকা তুলতে গেছে তারা সবাই তো টাকা তুলতে পেরেছে। মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখানে আমার, একটা কথা আছে আপনি ব্যাংকে টাকা রাখবেন, না আপনি খাটের নিচে, বালিশের নিচে না আলমারিতে রাখবেন, চোরেও তো নিয়ে যেতে পারে। সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।
নির্বাহী পরিচালক মো. মেজবাউল হককে বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান মুখপাত্র জি এম আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হলেন।
রবিবার বাংলাদেশ ব্যাংক তাকে মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছে।
মেজবাউল হক ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। এ সময় তিনি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন, ভিজিলেন্স, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্ট ও সবশেষ পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করতে তিনি যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ইতালি, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশ সফর করেন।
এর আগে মুখপাত্রের দায়িত্বে ছিলেন নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম। তিনি গত ৪ অক্টোবর অবসরে গেলে ৬ অক্টোবর নতুন মুখপাত্র হন নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদ। এক মাস দুই দিনের মাথায় তাকে সরিয়ে মেজবাউল হককে দায়িত্ব দেওয়া হলো।