তিনমাস আগে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব নেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বাংলাদেশ পুলিশের ৩১তম আইজিপি। তার চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১১ জানুয়ারি। ফলে মাত্র সাড়ে তিনমাসেরও কম সময়ের ব্যবধানে ৩২তম আইজিপি পেতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। আগামীতে কে হচ্ছেন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীর প্রধান, তা নিয়ে জল্পনার শেষ নেই। নতুন কোনো কর্মকর্তা এ পদে আসছেন নাকি বর্তমান আইজিপিকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মেয়াদ বাড়ানো হবে, তা নিয়ে চলছে আলোচনা।
সংশ্লিষ্টরা বলছেন, দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গন এ বছর অস্থির থাকতে পারে। রাজনৈতিক সহিংসতার আশঙ্কাও করছেন বিভিন্ন মহল। রাজনীতির মাঠের সহিংসতা মোকাবিলায় প্রধান ভূমিকা রাখে পুলিশ। ঠিক এমন সময়ে পুলিশপ্রধানের দায়িত্বে কে আসছেন, তা নিয়ে হিসাব-নিকাশ চলছে। চাপের মধ্যেও দায়িত্ব সঠিকভাবে পালনে সক্ষম এমন কর্মকর্তাকে দায়িত্বে রাখতে চাইছে সরকার।
খোঁজ নিয়ে জানা গেছে, আইজিপি হওয়ার দৌড়ে বর্তমান পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ বেশ কয়েকজন আলোচনায় রয়েছেন। তবে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগের নজির না থাকায় বর্তমান আইজিপির মেয়াদ বাড়ানো হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সেক্ষেত্রে জ্যেষ্ঠতা ও দক্ষতা বিবেচনায় নতুন আইজিপি পদে আসতে পারেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. কামরুল আহসান। অথবা অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন।
তবে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে বর্তমান আইজিপির মেয়াদ বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা। যদি তাই হয়, সেক্ষেত্রে পুলিশ বাহিনীতে নতুন রেকর্ড গড়বেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচন ও নানা ধরনের সংকট মোকাবিলায় দক্ষতার সঙ্গে ভূমিকা রাখতে পারবেন- এমন কর্মকর্তাই নতুন আইজিপি পদে নিয়োগ পাবেন। সার্বিক পরিস্থিতি ও প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বর্তমান আইজিপির চুক্তিভিত্তিক মেয়াদ বাড়ানোসহ যোগ্য ও দক্ষ কয়েকজনের নাম প্রস্তাব করে একটি ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।
এদিকে, আলোচনায় থাকা পুলিশ কর্মকর্তারা সরকারের বিভিন্ন মহলে যোগাযোগও রাখছেন। দেশের ৩২তম পুলিশপ্রধান পদের জন্য শেষ মুহূর্তে চলছে দৌড়ঝাঁপ। তবে সরকার সংকট মোকাবিলায় দক্ষতা ও জ্যেষ্ঠতা দেখে নতুন আইজিপি নিয়োগের দিকে হাঁটতে পারে।
পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, আইজিপি পদে সুনির্দিষ্ট কোনো মেয়াদকাল নেই। সরকারি চাকরির বিধি অনুযায়ী ৫৯ বছর বয়স হলে অবসরে যান কর্মকর্তারা। আগামী ১১ জানুয়ারি সরকারি চাকরির বিধি অনুযায়ী ৫৯ বছর বয়স পূর্ণ হওয়ায় বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চাকরির মেয়াদ শেষ হবে। বিধি অনুযায়ী মাত্র তিন মাস ১১ দিন আইজিপি পদে দায়িত্ব পালন করছেন তিনি।
তবে বাংলাদেশ পুলিশের ইতিহাসে সর্বোচ্চ চারবছর সময় ধরে আইজিপি ছিলেন হাসান মাহমুদ খন্দকার। ২০১০ সালের ৩১ আগস্ট থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আইজিপির দায়িত্বে ছিলেন তিনি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
ফায়ার সেফটি প্ল্যান না থাকায় চট্টগ্রামে ২ প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
নগরের হালিশহর এবং আগ্রাবাদের বারেক বিল্ডিং এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আরোপ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, হালিশহরে ইসহাক কন্টেইনার ডিপোতে অভিযান চালানো হয়।এসময় ইসহাক ডিপোতে একটি লাইসেন্সবিহীন পেট্রোল পাম্প পাওয়া গেছে। এছাড়া ডিপোটি ২২ বছর ধরে ব্যবসা পরিচালনা করলেও ফায়ার সেফটি প্ল্যান অনুমোদন নেই। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং ৭ দিনের মধ্যে পেট্রোল পাম্পের আবেদন করার নির্দেশ দেওয়া হয়। তাছাড়া আরেক অভিযানে নগরের বাংলাবাজারে আদিলা অ্যাপারেলস নামে একটি পোশাক করাখানায় একই ধরণের অসঙ্গতি পাওয়া গেছে। তাই প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা আরোপ করা হয়।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জোট করাটা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
তিনি বলেন, আমি শয়তান নই, আমি মানুষ, আমি ভুল করি। শেখ হাসিনা আমাকে ভাইয়ের মর্যাদা দিয়েছেন। আমি আমার বোন শেখ হাসিনার জন্য জীবন দিতে পারি।
রবিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির (জেপি) ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। কাদের সিদ্দিকী আরও বলেন, আমার বড় বোন নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় বোনের সেই অভাব পূরণ করেছেন। বাংলাদেশ যতো দিন থাকবে, তত দিন মুক্তিযুদ্ধের চেতনা থাকতে হবে।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর রাতে সপরিবার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন কাদের সিদ্দিকী। এরপর থকে রাজনীতিতে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
বিশ্বের জনপ্রিয় জাপানি শিশুপণ্য কোদোমোতে যুক্ত হয়েছে নতুন ২ পণ্য। বাংলাদেশের বাজারে ১ জানুয়ারি থেকে পাওয়া যাচ্ছে কোদোমোর পণ্য দুইটি। গত এক যুগের বেশি সময় ধরে দেশের বাজারে কোদোমো পণ্য বাজারজাত করছে বাংলাদেশের একমাত্র পরিবেশক পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেড।
সম্প্রতি রাজধানীর একটি কনভেশন হলে ফিতা কেটে পণ্য দুইটির মোড়ক উম্মোচন করেন বিশিষ্ট সমাজসেবী ইয়্যুথ গ্লোবাল ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ড. সীমা হামিদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেড চেয়ারম্যান এম.এম জাহিদ মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অন্তু করিম এবং ডিরেক্টর মো. আনোয়ার হোসেন।
পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম বলেন, জাপানি শিশুপণ্য কোদোমোর প্রায় অর্ধশত প্রয়োজনীয় পণ্য নিয়মিতভাবে বাজারজাত করে আসছে পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেড। এই পণ্য বহরে যুক্ত হলো আরো দুইটি নতুন পণ্য। যার একটি ময়েশ্চারাইজিং ক্রিম এবং অন্যটি বেবি অয়েল। বাংলাদেশের বাজারে ১ জানুয়ারি থেকে বিভিন্ন স্থানে পাওয়া যাচ্ছে।
অন্তু করিম আরো বলেন, লায়ন কর্পোরেশনের বহরে কোদোমোর এই পণ্যগুলো ছিল না। দেশের ভোক্তাদের বিপুল চাহিদার কারণে জাপানের ল্যাবে পণ্য দুটি ডেভেলপ করা হয়; পরবর্তীতে থাইল্যান্ডে ম্যানুফ্যাকচারিং হয়। এরপর বাংলাদেশে এটি বাজারজাত শুরু হয়েছে চলতি মাস থেকে। আশা করছি নতুন পণ্যগুলো সারাদেশে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশে কোদোমো পণ্য বাজারজাতকারী হিসেবে একমাত্র অনুমোদিত প্রতিষ্ঠান। সারাবিশ্বের শিশুদের নানা ধরনের প্রসাধনী তৈরিতে অন্যতম সেরা ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে কোদোমো। খুব কম সময়ে কোদোমোর পণ্য বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা ও ক্রেতাদের আস্থা অর্জন করেছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ