বুধবার ,১৩ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 602

গরুর পরিচর্যায় পুলিশ সদস্যরা!

রাজবাড়ীর গোয়ালন্দে সম্প্রতি উদ্ধার হওয়া ৪টি গরু গত চার দিন ধরে পরিচর্যা করছেন পুলিশ সদস্যরা। চারটি গরুর মধ্যে কালো রংয়ের গরুটি দুধ দেওয়া গাভী এবং একটি আইড়া বাছুর ও একটি বকনা বাছুর রয়েছে।

পরিচর্যার পাশাপাশি মালিকবিহীন গরুগুলোর প্রকৃত মালিকের খোঁজে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া চর কর্ণেশনা কলাবাগান এলাকা থেকে ৪টি গরু উদ্ধার করা হয়। সেই সঙ্গে স্থানীয় মৃত সালাম শেখের দুই ছেলে জামাল শেখ (৩০) ও হারুন শেখকে ওই গরুগুলো চুরির অভিযোগে গ্রেফতার করা হয়। পরে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়।

 

সেই সঙ্গে চোর চক্রের মূলহোতা একই এলাকার গাজি কসাই ও চুন্নু কসাইকে ধরতে মাঠে নামে পুলিশ।

সরেজমিন শনিবার গোয়ালন্দ ঘাট থানা প্রাঙ্গণে দেখা যায়, পুলিশ কনস্টেবল নুরুজ্জামান মিয়া পুলিশের গ্যারেজ থেকে গরুগুলো বাইরে আনছেন। অন্যদিকে গরুর খাবার প্রস্তুত করছেন পুলিশের আরেক সদস্য রকিবুল ইসলাম। শীত-কুয়াশায় খোলা আকাশের নিচে গরুগুলো যাতে অসুস্থ না হয় সেজন্য থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর গরুগুলোকে গাড়ি রাখার গ্যারেজে রাখার নির্দেশ দিয়েছেন। তবে দিনের বেলায় থানা প্রাঙ্গণে খোলা আকাশের নিচে রেখে পরিচর্যা করা হচ্ছে। পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

গরু লালন-পালন করা পুলিশ সদস্য মো. নুরুজ্জামান বলেন, আমি গ্রামের ছেলে। গ্রাম থেকে এসে পুলিশের চাকরি করছি। গত চার দিন ধরে স্যারের নির্দেশে গরুগুলোকে লালন-পালন করছি। পুলিশি সেবার বাইরে গরুগুলো লালন-পালন করতে সত্যি ভালো লাগছে। এতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না।

গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, আমরা গরুগুলোকে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করতে চাই। সেই তৎপরতা অব্যাহত রয়েছে। যেহেতু গরুগুলো জব্দ করা রয়েছে। সেক্ষেত্রে আদালতের নির্দেশনা ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না।

রোববার আদালতে গরুর ব্যাপারে নির্দেশনা চাওয়ার পাশাপাশি গ্রেফতারকৃত দুই চোরের সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।

রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, গরুগুলোকে সুস্থ ও স্বাভাবিকভাবে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে পুলিশ কাজ করছে। গরুগুলো উদ্ধারের মাধ্যমে পুলিশ যে জনগণের জানমালের অতন্দ্র প্রহরী সেটি আরও একবার প্রমাণ করেছে।

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

নারায়ণগঞ্জের বিলাসনগর এলাকার কাসেম মিয়ার বাড়ি সংলগ্ন বুলবুলের ৬ তলা ভবনের ৫ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার রাত ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাড়িতে থাকা ৪ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলিন্ডার বিস্ফোরণের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন মিলন হোসেন (২৬)। এ সময় তাকে বাঁচাতে গিয়ে পাশের বাসার একই পরিবারের আরও তিন জন আগুনে পুড়ে দগ্ধ হন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে।

দগ্ধরা হলেন— মিলন হোসেন (২৬), ওসমান গণি (২৫), সাহেদ মিয়া (৩০) ও চায়না বেগম (৩৭)।

এদের মধ্যে মিলন হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

পাঁচ মিনিট ‘নিষিদ্ধ’ সিনেমায় দেখায় কিশোরের ১৪ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার নির্মিত একটি সিনেমা মাত্র পাঁচ মিনিট দেখায় উত্তর কোরিয়ার এক কিশোরকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার অনলাইন সংবাদমাধ্যম ডেইলি এনকে’র বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার ও ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস এ খবর নিশ্চিত করেছে।

ওই প্রতিবেদনে বলায় হয়েছে, দক্ষিণ কোরিয়ার কিম হিউং-জিন পরিচালিত ‘দ্য আঙ্কেল’ সিনেমাটি মাত্র পাঁচ মিনিট দেখেছিলেন ইয়াঙগান প্রদেশের হাইসান শহরের এলিমেন্টারি ও মিডল স্কুলের ১৪ বছরের এক শিক্ষার্থী। উত্তর কোরিয়ায় নিষিদ্ধ ওই সিনেমা দেখার অভিযোগে চলতি বছরের ৭ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ওই ছাত্র মাত্র পাঁচ মিনিট সিনেমাটি দেখেছিল তবে সংশ্লিষ্ট একটি সূত্র ডেইলি এনকেকে নিশ্চিত করেছে।

ডেইলি এনকে জানায়, এই ঘটনায় ওই ছাত্রের মা-বাবাকেও শাস্তি দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট মহল উদ্বেগ প্রকাশ করেছে।

তবে উত্তর কোরিয়ায় সংবাদমাধ্যমের অবাধ প্রবেশের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকায় বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রচলিত রক্ষণশীল সংস্কৃতিক রীতি লঙ্ঘনকারীদের কঠোর শাস্তি দেওয়ার জন্য উত্তর কোরিয়ার কুখ্যাতি আছে। বিশেষ করে উত্তর কোরিয়ার কাছে ‘শত্রুভাবাপন্ন দেশ’ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কোনো সংস্কৃতিক বিষয়বস্তু দেশটিতে আনা কিংবা দেখা নিষিদ্ধ।

কয়েকদিন আগেই দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিরিজ স্কুইড গেমের কপি দেশে আনা ও বিক্রির দায়ে একজন উত্তর কোরিয়ান হাইস্কুল ছাত্রকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সরকার।

‘জাওয়াদের’ প্রভাবে উত্তাল সমুদ্র

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাগুলিতেও দমকা হাওয়ার তেজ বাড়ছে।

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। রোববার দুপুর বা বিকালের দিকে ওড়িশ্যার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা জাওয়াদের। খবর আনন্দবাজার পত্রিকার।

ভারতের পশ্চিমবঙ্গে দিঘা, মন্দারমণিসহ পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায় শনিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে ।

ঘন কালো মেঘ আরও ঘনীভূত হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে। পাশাপাশি, বাতাশের গতিবেগও সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্রও।

এক দিকে জাওয়াদের প্রভাব, অন্য দিকে ভরা কটাল— এই দুইয়ের প্রভাবে পরিস্থিতি ভয়াবহ পারে তারই আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। তাই আগেভাগেই দ্রুত খালি করা হয়েছে দিঘার সমুদ্রতট।

মাইকিং করে দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা সমুদ্র সৈকতে টহলদারি চালাচ্ছেন। দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সর্বত্রই সমুদ্রতট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে পর্যটকদের।

দিঘার হোটেল ব্যবসায়ীদের দাবি, সাপ্তাহিক ছুটির মুখে এমন দুর্যোগের খবর পর্যটকরা দিঘায় আগাম বুকিং বাতিল করেছেন। অনেকেই আবার দিঘা ছেড়ে বাড়িমুখো হচ্ছেন।

এদিকে, ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে রোববার ভোর থেকে চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদী বন্দরকে ১ নম্বর নৌ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ সময় উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২ থেকে ১৫ কিলোমিটার, অস্থায়ী বা ঝড়ো হাওয়ার আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবারো ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি

রোববার থেকে চার পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাজারে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারি এই সংস্থার পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পণ্যগুলো হচ্ছে- চিনি, মশুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ।

শনিবার টিসিবির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ষষ্ঠ কিস্তিতে সারা দেশে ৪০০-৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি হবে। করোনাকালে মানুষের সহায়তায় ২৮ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত এই বিক্রি কার্যক্রম চলবে। আর এই বিক্রি কার্যক্রম শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিন চলমান থাকবে।

সূত্র জানায়, ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা প্রতি কেজি চিনি ৫৫ টাকা করে সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। পাশাপাশি প্রতি কেজি মসুর ডাল ৫৬ টাকায় সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। এ ছাড়া সয়াবিন তেল ১১০ টাকা লিটারে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার এবং পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ চার কেজি করে কিনতে পারবেন।

বিশ্ববাজারে টানা ৬ সপ্তাহ জ্বালানি তেলের দরপতন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা ছয় সপ্তাহ ধরে কমছে। যা ২০১৮ সালের পর সবচেয়ে বেশি সময় ধরে দরপতনের ঘটনা। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আতঙ্কের মধ্যেই এ ঘটনা ঘটল। বিশ্ববাজারে চলতি সপ্তাহেও জ্বালানি তেলের দাম কমেছে। গত সপ্তাহে ওমিক্রন আতঙ্কে একদিনেই জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ১০ মার্কিন ডলার। তারও পাঁচ সপ্তাহ আগে থেকে বিশ্ববাজারে তেলের দাম ছিল নিম্নমুখী। খবর ব্লুমবার্গ ও রয়টার্স।

বাজার বিশ্লেষকরা বলছেন, করোনার নতুন ধরন ওমিক্রনের ধাক্কায় তেলের বাজারে মন্দাভাব সৃষ্টি হয়েছে। মূল্য হ্রাসে বড় প্রভাব রয়েছে ওমিক্রন আতঙ্কের। বিনিয়োগকারীদের আশঙ্কা, করোনার নতুন এই ধরন ব্যাপক হারে ছড়িয়ে পড়লে জ্বালানি তেলে চাহিদায় আবারও ধস নামতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের চাপে নতি স্বীকার করে ২০২২ সালের জানুয়ারিতে বিশ্ববাজারে দৈনিক আরও চার লাখ ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে ওপেক ও তার মিত্ররা। এতে করে তেলের চাহিদা কমে যাওয়ার শঙ্কার মধ্যে তেলের সরবরাহ বাড়লে বিশ্ববাজারে দাম আরও কমে যেতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে অন্তত ২ দশমিক ৮ শতাংশ। গতকাল বিশ্ববাজারে ডব্লিউটিআই তেলের দর শূন্য দশমিক ৩৬ শতাংশ পড়েছে। অর্থাৎ শূন্য দশমিক ২৪ ডলার কমে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৬৬ দশমিক ২৬ ডলারে। অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম শূন্য দশমিক ৩০ শতাংশ হ্রাস পেয়েছে। অর্থাৎ শূন্য দশমিক ২১ ডলার কমে ব্যারেলপ্রতি ৬৯ দশমিক ৮৮ ডলারে বিক্রি হচ্ছে। এছাড়া হিটিং অয়েলের দাম শূন্য দশমিক ২৪ শতাংশ পতন হয়েছে। অর্থাৎ ২ দশমিক ০৯৮ ডলার কমে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে। গত নভেম্বরে বিভিন্ন বাজার আদর্শে পণ্যটির গড় দরপতন হয়েছে প্রায় ২০ শতাংশ। ওন্ডা করপোরেশনের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক এড ময়া বলেন, এমনিতে স্বল্পমেয়াদি চাহিদা পরিস্থিতি খুবই নড়বড়ে, তার ওপর যুক্তরাষ্ট্র যদি নতুন বিধিনিষেধ দেয়, তাহলে চলতি মাসের শেষের দিকে বাজারে অতিরিক্ত তেল সরবরাহ দেখা যেতে পারে।

করোনার প্রকোপের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছিল ২০২০ সালের নভেম্বর থেকেই। তবে ২০১৮ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো অপরিশোধিত তেলের ব্যারেল ৭৫ ডলারে উঠে আসে গত জুনে। এরপর অক্টোবরে এসে তেলের দাম বৃদ্ধির পেলে আবার নতুন করে হাওয়া লাগে। এতে অক্টোবরের শেষ সপ্তাহে এসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৮৪ ডলার ছাড়িয়ে যায়, যা ছিল গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমাতে নভেম্বরের শেষের দিকে চীন, যুক্তরাষ্ট্র, ভারতসহ বিশ্বের বৃহত্তম ভোক্তা দেশগুলো নিজেদের মজুত ব্যবহারের ঘোষণা দেয়। এতে কিছুটা প্রভাবিত হয় তেলবাজার। গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে করোনার নতুন আরেকটি ধরন (ওমিক্রন) শনাক্ত হওয়ার খবর জানায়। গতকাল পর্যন্ত ধরনটি বিশ্বের প্রায় ৪০ দেশে শনাক্ত হয়েছে। বিশ্বজুড়ে নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এর প্রভাবে কমতে শুরু করে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। তবে বিশ্ববাজারে কমলেও বাংলাদেশে কমছে না তেলের দাম। নেপথ্যে অনাহুত কারণ দেখাচ্ছে সংশ্লিষ্টরা। এতে হতাশ দেশের সাধারণ জনগণ। এ নিয়ে অসন্তোষ জানিয়েছেন ভোক্তা থেকে শুরু জ্বালানি বিশেষজ্ঞরাও।

আমাদের সঙ্গে প্রেম করে আ.লীগ তিনবার ক্ষমতায় গেছে

‘আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো প্রেম নেই। আমাদের সঙ্গে প্রেম করে আওয়ামী লীগ তিনবার রাষ্ট্রক্ষমতায় গেছে। এখন আমাদের ওপর নির্যাতন করছে।’

শনিবার বিকালে এক সভায় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এসব কথা বলেছেন।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত সভায় চুন্নু চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও কথা বলেন।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করছেন, প্রার্থীদের নির্বাচনের মাঠ থেকে উঠিয়ে দিতে চাইছেন।

তিনি আরও বলেন, ‘আর কোনো জোট নয়, জাতীয় পার্টি আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করবে।’

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেনের সভাপতিত্বে সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া, মীর আবদুস সবুর, সাইফুদ্দিন আহমেদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার, লিয়াকত হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

আনন্দ মোহন কলেজে ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ, ছাত্রাবাস বন্ধ ঘোষণা

কেন্দ্রীয় ছাত্রলীগের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে ময়মনসিংহে সরকারি আনন্দ মোহন কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, গুলি বিনিময় এবং হাতাহাতির ঘটনা ঘটে।

শনিবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।

এমন পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ শনিবার রাত সাড়ে আটটার মধ্যে ছাত্রদের এবং ছাত্রীদের রোববার সকাল আটটার মধ্যে ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিয়েছে।

জানা যায়, শুক্রবার রাত ১১টা ৪৩ মিনিটে ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের ইউনিটকে জেলা শাখা ছাত্রলীগের অন্তর্ভুক্ত ইউনিট হিসেবে ঘোষণা করে একটি প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হয়। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। রাতেই আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগ প্রতিবাদ জানিয়ে কলেজ গেটের সামনে মানববন্ধন করে। কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে শনিবার সকাল থেকেই কলেজ শাখা ছাত্রলীগের একটি অংশ ক্যাম্পাসে অবস্থান নেয় এবং ওই সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে। দুপুর একটার দিকে জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বহিরাগতদের নিয়ে কলেজে প্রবেশ করলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরে উত্তেজনা সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে। কলেজ ছাত্রলীগের অভিযোগ জেলা ছাত্রলীগের একটি গ্রুপ কলেজে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের ওপর হামলা চালায়।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন জানান, জেলা ছাত্রলীগের কেউ ঘটনার সঙ্গে জড়িত নয়। মহানগর শাখার কতিপয় নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমান উল্লাহ স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, অনিবার্য কারণে কলেজের আইন শৃঙ্খলা ও হোস্টেল স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক কলেজের আওতাধীন ছাত্র ও ছাত্রী নিবাস সমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অবস্থানরত ছাত্রদের শনিবার রাত সাড়ে আটটার মধ্যে এবং ছাত্রীদের রোববার সকাল আটটার মধ্যে ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা ও ময়মনসিংহ বিভাগে আ.লীগের প্রার্থী যারা

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান পদে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

শনিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়— সভায় ৪টি পৌরসভা এবং পঞ্চম ধাপের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।

পৌরসভা: রাজশাহী বিভাগের নাটোর জেলার বাগাতি পাড়া পৌরসভায় মোছা. শাহীদা খাতুন, খুলনা বিভাগের যশোর জেলার ঝিকরগাছা পৌরসভায় মোস্তফা আনোয়ার পাশা, চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার নোয়াখালী পৌরসভায় সহিদ উল্যাহ্ খান এবং চট্টগ্রাম জেলার বাঁশখালী পৌরসভায় তোফাইল বিন হোসাইন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচন

ঢাকা বিভাগ: ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকী ইউপিতে শাহীন তালুকদার, কাউলজানীতে আতাউল গনি হাবিব, হাবলায় খোরশেদ, কাঞ্চনপুরে রাকিব। মির্জাপুর উপজেলার মহেড়ায় বিভাস সরকার, জামুর্কীতে ইলিয়াছ মিয়া, বানাইলে আনিছুর রহমান, আনাইতারায় জাহাঙ্গীর আলম, ভাতগ্রামে মোবারক হোসেন সিদ্দিকী, উয়ার্শীতে মাহাবুব আলম মল্লিক, বাঁশতৈলে আতিকুর রহমান, গোড়াইয়ে হুমায়ুন কবীর। ঘাটাইল উপজলার জামুরিয়ায় শহিদুল ইসলাম খান মনোনয়ন পেয়েছেন। মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার চালায় কাজী আব্দুল মজিদ, আজিম নগরে বিল্লাল হোসেন, হারুকান্দিতে শেখ মোশারফ হোসেন, সুতালড়ীতে আব্দুস সালাম, ধূলশুড়ায় জায়েদ খান, গালায় রাজিবুল হাসান রাজিব, বাল্লায় বাচ্চু মিয়া, বলড়ায় মোসলেম উদ্দিন খান, কাঞ্চনপুরে গাজী বনি ইসলাম, গোপীনাথপুরে সোহরাব আলী আকন্দ, বয়ড়ায় মহিদুর রহমান, রামকৃষ্ণপুরে মো. ইদ্রিস, লেছড়াগঞ্জে মোয়াজ্জেম হোসেন।

দৌলতপুর উপজেলার চকমিরপুরে মুহাম্মদ মহিদুর রহমান, ধামশ্বরে ইদ্রিস আলী, খলশীতে আনোয়ার হোসোন, বাঘুটিয়ায় জাহাঙ্গীর আলম, জিয়নপুরে বেলায়েত হোসেন, বাচামারায় আব্দুর রশিদ, কলিয়ায় সিদ্দিকুর রহমান, চরকাটারীতে রফিকুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া ইউপিতে মোহাম্মদ শফিউল্লাহ, হোসেন্দীতে মনিরুল হকু, টেংগারচরে বোরহান উদ্দিন, বালুয়াকান্দিতে নাজমুল হোসেন, ভবেরচরে মুক্তার হোসেন, ইমামপুরে হাফিজুজ্জামান খান, গুয়াগাছিয়ায় আবুল খায়ের মোহাম্মদ আলী মনোনয়ন পেয়েছেন।

ঢাকা জেলার সাভার উপজেলার শিমুলিয়ায় আজাহারুল ইসলাম সুরুজ, ইয়ারপুরে সৈয়দ আহম্মদ ভূইয়া, আশুলিয়ায় শাহাব উদ্দিন, পাথালিয়ায় পারভেজ দেওয়ান, বিরুলিয়ায় সাঈদুর রহমান, সাভারে সোহেল রানা, তেতুলঝোড়ায় মোহাম্মদ ফখরুল আলম সমর, বনগাঁওয়ে সাইফুল ইসলাম, আমিন বাজারে রকিব আহম্মেদ, কাউন্দিয়ায় মেশের আলী, ভাকুর্তায় লিয়াকত হোসেন মনোনয়ন পেয়েছেন। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনায় জাহাঙ্গীর আলম, গাজীপুরে আজহার হোসেন, তেলিহাটিতে বাতেন সরকার, কাওরাইদে আজিজুল হক, বরমীতে আনোয়ার হোসেন সরকার, গোসিংগায় ছাইদুর রহমান, রাজাবাড়িতে হাসিনা মমতাজ, প্রহলাদপুরে নুরুল হক আকন্দ।
নরসিংদী জেলার শিবপুরে পুটিয়ায় খন্দকার হাসান উল সানী, বাঘাবে জহুরুল হক, যোশরে রাশেল আহম্মদ, জয়নগরে মোহাম্মদ মোক্তার হোসেন, আয়ুবপুরে মজিবুর রহমান, দুলালপুরে রোকছানা সরকার, সাধারচরে মাছিহুল গনি। বেলাব উপজেলার বেলাব ইউপিতে মোহাম্মদ আলী (শাফী), আমলাবে নূরুল হাসান, চরউজিলারে আক্তারুজ্জামান, সল্লাবাদে জাকির হোসেন, নারায়ণপুরে মোছলেহ উদ্দিন, বিন্নাবইদে গোলাম মোস্তফা, পাটুলীতে ইফরানুল হক ভূইয়া, বাজনাবে খন্দকার মোখলেছুর রহমান। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়ায় ইমান আলী সরদার, বাহাদুরপুরে হুমায়ুন কবীর, হাবাসপুরে আব্দুল আলিম, মাছপাড়ায় সাইফুল ইসলাম, কলিমহরে বিলকিছ বানু, সরিষায় আজমল আল বাহার, যশাইয়ে আবু হোসেন, মৌরাটে হাবিবুর রহমান, কসবা মাজাইলে শাহরিয়ার সুফল মাহমুদ, পাট্টায় আব্দুর রব বিশ্বাস।
ফরিদপুরে মধুখালী উপজেলার কামারখালীতে জাহিদুর রহমান বিশ্বাস, বাগাটে মতিয়ার রহমান, রায়পুরে মোতালেব হোসেন, জাহাপুরে সামছুল ইসলাম। সদরপুরে চরবিষ্ণুপুরে আবু বক্কার সিদ্দিক, আকোটেরচরে আছলাম বেপারী, নারিকেলবাড়ীয়ায় কুদ্দুস দেওয়ান, চরনাছিরপুরে মিরাজ বেপারী, ভাষানচরে মুঈদুল বাশার, কৃষ্ণপুরে আক্তারুজ্জামান তিতাস, সদরপুরে সুশীল চন্দ্র, চরমানাইরে বজলু মাতুব্বর, ঢেউখালীতে মিজানুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

ময়মনসিংহ বিভাগ: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরায় আজিজুর রহমান, চর আমখাওয়ায় নজরুল ইসলাম, হাতীভাংগায় মাহমুদা চৌধুরী, চুকাইবাড়ীতে সেলিম খান, দেওয়ানগঞ্জে ছাইদুজ্জামান খান, চিকাজানীতে আশরাফুল ইসলাম। বকশীগঞ্জ উপজেলার বগারচরে হোসেন আলী, নিলক্ষিয়ায় নজরুল ইসলাম, ধানুয়া কামালপুরে মশিউর রহমান, মেরুরচরে মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সাধুরপাড়ায় মাহমুদুল আলম। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশায় জহুরুল হক, ধানশাইলে তৌফিকুর রহমান, নলকুড়ায় আকতারুজ্জামান, গৌরীপুরে হাবিবুর রহমান, ঝিনাইগাতীতে শাহাদৎ হোসেন, হাতীবান্ধায় ওবাইদুল ইসলাম, মালিঝিকান্দায় মোজাম্মেল হক এবং শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজিরচরে দুলাল মিয়া মনোনয়ন পেয়েছেন।

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুরে ছাইফুল আলম, বারবাড়িয়ায় আবুল কাশেম, চরআলগীতে মাছুদুজ্জামান, সালটিয়ায় নাজমুল হক, যশরায় তারিকুল ইসলাম, রাওনায় শাহাবুল আলম, মশাখালীতে মোস্তফা কামাল, গফরগাঁওয়ে শামসুল আলম, পাঁচবাগে মাহবুবুল আলম, উস্থিতে নজরুল ইসলাম, লংগাইরে আবদুল্লাহ আল আমিন, পাইথলে আক্তারুজ্জামান, দত্তের বাজারে রোকসানা বেগম, নিগুয়ারীতে তাজুল ইসলাম, টাংগাবে মোফাজ্জল হোসেন। নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুরে তাছলিমা আক্তার, নান্দাইলে আনোয়ারুল হক, চন্ডীপাশায় এমদাদুল হক, গাংগাইলে সৈয়দ আশরাফুজ জামান, রাজগাতিতে শাহাদাত হোসেন, মুশুল্লীতে ইফতিকার উদ্দিন, সিংরইলে ছাইদুল ইসলাম, আচারগাঁওয়ে মোফাজ্জল হোসেন, শেরপুরে মোয়াজ্জেম হোসেন মিল্টন, খারুয়ায় মোহাম্মদ কামরুল হাসনাত, জাহাঙ্গীরপুরে কামাল উদ্দিন মনোনয়ন পেয়েছেন।

নেত্রকোনা জেলার মদন উপজেলার কাইটাইলে সাফায়াত উল্লাহ, চাঁনগাঁওয়ে মজিবুর রহমান, মদনে খায়রুল ইসলাম, গোবিন্দশ্রীতে নূরুল ইসলাম, মাঘানে শামছুল আলম চৌধুরী, তিয়শ্রীতে মজিবুর রহমান, নায়েকপুরে মোসলেম উদ্দিন ভূইয়া, ফতেপুরে জহিরুল ইসলাম চৌধুরী। কেন্দুয়া উপজেলার আশুজিয়ায় মঞ্জুর আলী, দলপায় শাহীন মিয়া, গড়াডোবায় মোহাম্মদ কামরুজ্জামান খান, গন্ডায় সনজু মিয়া, সান্দিকোণায় আজিজুল ইসলাম, মাসকায় আব্দুছ ছালাম বাঙ্গালী, বলাইশিমুলে আব্দুর রহিম আহম্মদ, নওপাড়ায় তাজুল ইসলাম, কান্দিউড়ায় তাপস ব্যানার্জী, চিরাংয়ে এনামুল কবীর খান, রোয়াইলবাড়ী আমতলায় শেখ নাজমুল হক, পাইকুড়ায় ইসলাম উদ্দিন ও মোজাফরপুরে মুহাম্মদ জাকির আলম ভূঁঞা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

সভায় মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ও রমেশ চন্দ্র সেন, উপদেষ্টা পরিষদের সদস্য রাশিদুল আলম, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

আকাশ মেঘলাসহ গুঁড়িগুঁড়ি বৃষ্টি চট্টগ্রামে

ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন দেখা যায়।

শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদী বন্দরকে ১ নম্বর নৌ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও আশপাশের এলাকাসমূহে আকাশ আংশিক মেঘলাসহ সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিভিন্নস্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময় উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২ থেকে ১৫ কিলোমিটার, অস্থায়ী বা ঝড়ো হাওয়ার আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

শনিবার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ১ ডিগ্রি সেন্টিগ্রেড যা স্বাভাবিকের চেয়ে ৫ দশমিক ৫ ডিগ্রি বেশি।