সোমবার ,১৮ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 515

কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়ে যা বললেন আফ্রিদি

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ হারের পর গত রোববার হঠাৎ করেই ভারতের টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি।

বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটারের নেতৃত্ব ছাড়া নিয়ে সারা বিশ্বেই আলোচনা হচ্ছে। কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি।

সামা টিভিতে আফ্রিদি বলেন, আমার মতে এটা সঠিক সিদ্ধান্ত। বিরাট অনেক ক্রিকেট খেলেছে এবং দলকে ভালো নেতৃত্ব দিয়েছে, আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত। সবার ক্যারিয়ারেই এমন একটি পর্যায় আসে যখন আপনি চাপ সামলাতে সক্ষম হন না, এ কারণেই আপনার নিজের কর্মক্ষমতাকেও প্রভাবিত করে। আমি মনে করি, তিনি দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করেছেন। ব্যাটসম্যান হিসেবে তার ব্যাটিং উপভোগ করার সময় এসেছে।

তবে পাকিস্তানের সাবেক আরেক অধিনায়ক রশিদ লতিফ বলছেন ভিন্নকথা। তিনি বলেন, আমি খেলোয়াড়দের মানসিকতা ঠিক বুঝতে পারিনি। আমি সবার প্রতিক্রিয়া দেখলাম। লোকেশ রাহুল, রোহিত শর্মা সবাই কোহলির অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি মেনে নিয়েছে। যদি তোমরা মনে কর যে কোহলি এতই ভালো, তাহলে কেন তোমরা তার পদত্যাগ মেনে নিলে? দেখে মনে হচ্ছে যেন তোমরা অপেক্ষা করছিলে কোহলি কখন পদত্যাগ করবে।

কোহলি টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর ভারতীয় দলের নতুন অধিনায়ক হওয়ার প্রধান দুই দাবিদার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। তাই বিরাট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় রোহিতরা বেশি খুশি হয়েছেন বলে মনে করেন পাকিস্তানের সাবেক তারকা।

শানাকার সেঞ্চুরির পরও হেরে গেল শ্রীলংকা

দাসুন শানাকার সেঞ্চুরির পরও হার এড়াতে পারেনি শ্রীলংকা। মঙ্গলবার পাল্লেকেলে স্টেডিয়ামে ৩০২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ২২ রানের জয় পায় জিম্বাবুয়ে ক্রিকেট দল।

এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৯৬/৯ রান করেও হেরে যায় সফরকারীরা। মঙ্গলবারের জয়ে সিরিজে সমতায় ফিরল জিম্বাবুয়ে।

শুক্রবার শেষ ম্যাচে যারাই নিজেদের সেরাটা উজার করে দিতে পারবে তাদের সামনেই সুযোগ থাকবে সিরিজ জয়ের।

মঙ্গলবার পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজ বাঁচাতে দৃঢ় পরিকল্পনা নিয়েই মাঠে নামে জিম্বাবুয়ে। অধিনায়ক ক্রেক আরভিন, সিকান্দার রাজা, শেন উইলিয়ামস ও রাগিস চাকাভার দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ৩০২ রানের পাহাড় গড়ে জিম্বাবুয়ে।

দলের হয়ে ৯৮ বলে ১০ চারের সাহায্যে সর্বোচ্চ ৯১ রান করেন আরভিন। ৪৬ বলে চারটি বাউন্ডারি আর এক ছক্কায় ৫৬ রান করেন সিকান্দার রাজা। ৫৬ বলে ৪৮ রান করেন শেন উইলিয়ামস। ৫০ বলে ৪৭ রান করেন রাগিজ চাকাভা।

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় স্বাগতিক শ্রীলংকা। ১৪.৩ ওভারে প্রথমসারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে শ্রীলংকা।

সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরান অধিনায়ক দাসুন শানাকা ও কামিন্দু মেন্ডিস। পঞ্চম উইকেটে তারা গড়েন ১২০ বলে ১১৮ রানের জুটি। তাদের এই জুটিতেই জয়ের স্বপ্ন দেখতে থাকে শ্রীলংকা। ৮২ বলে ৫৭ রান করে ফেরেন মেন্ডিস।

এরপর চামিকা করুনারত্নেকে সঙ্গে নিয়ে ৬১ বলে ৬৬ রানের দায়িত্বশীল জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন দাসুন শানাকা। এই জুটিতেই ক্যারিয়ারের ৩৬তম ম্যাচে মেইডেন সেঞ্চুরি হাঁকান শানাকা। ৯৩ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করে পরের বলেই ক্যাচ তুলে নিয়ে দলীয় ২৪৭ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরেন তিনি।

জয়ের জন্য শেষ ৩২ বলে শ্রীলংকার প্রয়োজন ৫৬ রান। দাসুন শানাকা আউট হওয়ার পর আসা-যাওয়ার মিছিলেন অংশ নেন লংকার লেজের ব্যাটসম্যানরা।

শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে কাঙ্খিত জয় তুলে নিতে পারেনি শ্রীলংকা। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৮০ রানে ইনিংস গুটায় স্বাগতিকরা।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৯.৭

ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় দিনাজপুরে অনুভূত হচ্ছে কনকনে শীত।

বুধবার সকাল ৬টার দিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সেখানে শীতের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি কর্মজীবী ও খেটে খাওয়া নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে চরমে।

লোকজন জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে খুব একটা বের হচ্ছেন না। আর জরুরি প্রয়োজনে যারা ঘরের বাইরে যাচ্ছেন, শীতের তীব্রতার তারও পড়ছেন বিপাকে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বুধবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ; বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

এ ছাড়া সৈয়দপুর ১১ দশমিক ২; তেঁতুলিয়া ১০ দশমিক ২ ; রংপুর ১২ দশমিক ৩; রাজারহাট (কুড়িগ্রাম) ১২; বদলগাছি (নওগাঁ) ১০ দশমিক ২; রাজশাহী ১১; যশোর ১২ দশমিক ৪; চুয়াডাঙ্গা ১০ দশমিক ৭; বগুড়া ১২; শ্রীমঙ্গল ১৩ দশমিক ৪।

রাজশাহীতে করোনা কেড়ে নিল আরও ২ জনের প্রাণ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বুধবার সকাল সাড়ে ৮টায় হাসপাতালের ২৯-৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে দুই রোগী মারা গেছেন। করোনায় মারা যাওয়া রোগী রাজশাহী জেলার বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া রোগীর বাড়ি নওগাঁয়। স্বাস্থ্যবিধি মেনে মৃতদের লাশ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৩ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৩০ জন। বর্তমানে রাজশাহীর ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, নওগাঁর চারজন, নাটোরের একজন, পাবনার তিনজন এবং কুষ্টিয়ার দুই রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৪ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি সাতজনের।

তুরস্ক সফরে আসছেন ইসরাইলের প্রধানমন্ত্রী: এরদোগান

ইসরাইলের প্রেসিডেন্ট আইজেক হারজগ শিগগিরই তুরস্ক সফরে আসছেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এরদোগান এ কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

তিনি বলেন, ইসরাইলে প্রধানমন্ত্রী নাফতালি বেনেতও চান তুরস্কের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং তুরস্কের সঙ্গে জ্বালানি নিয়ে বিষয়ে আলোচনার জন্যই ইসরাইলের প্রেসিডেন্ট আঙ্কারা সফরে আসছেন।

২০১০ সালে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পাঠানো একটি তুর্কি জাহাজে হামলা করে ১০ স্বেচ্ছাসেবীকে হত্যার পর থেকে ইহুদিবাদী দেশটির সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। পরে ২০১৬ সালে দুই দেশ আবার রাষ্ট্রদূতদের ফেরত পাঠায়।

সেই সম্পর্ক নতুন করে জোড়া লাগাতেই ইসরাইলি প্রেসিডেন্ট যাচ্ছেন তুরস্কে।

ফিলিস্তিনকে সমর্থন করায় ইসরাইলের তোপের মুখে এমা ওয়াটসন

ইসরাইলের বর্বতার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিদের পক্ষ্যে সহমর্মিতা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন হ্যারি পটারখ্যাত ব্রিটিশ অভিনেত্রী এমি ওয়াটসন।

তার ওই স্ট্যাটাসের পর হলিউড তারকাসহ অনেক সেলিব্রেটি ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। খবর ডেইলি সাবাহর।

আর এ ঘটনায় ব্রিটিশ অভিনেত্রী এমি ওয়াটসনের ওপর বেজায় চটেছেন ইহুাদিবাদী দেশ ইসরাইলের রাজনৈতিক নেতারা।

চার্লস ডেন্স, মার্ক রাফেলো, সুসান স্যারানডন ও পিটার ক্যাপেলডির মতো দর্শত নন্দিত হলিউড তারকারা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

এতে তারা লেখেন, আমরা এমা ওয়াটশনের সঙ্গে একমত। এ কারণে আমরা মানবাধিকারের জন্য আন্দোলনরত ফিলিস্তিনিদের পক্ষ্যে আমাদের সর্মথন জানাচ্ছি।

এদিকে, ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে মুখ খোলায় এমা ওয়াটসনের কঠোর সমালোচনা করেছেন ইহুদিবাদী দেশটির সাবেক মন্ত্রী ড্যানি ডেননসহ অনেক রাজনীতিক।

তারা হ্যারি পটার সিরিজের এ বিশ্বনন্দিত অভিনেত্রীকে বর্ণবাদী বলেও সমালোচনা করেছেন।

আবারও সিটি ব্যাংকের এমডি হলেন মাসরুর আরেফিন

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে পুনর্নিয়োগ পেয়েছেন মাসরুর আরেফিন। সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদ অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংক পরবর্তী তিন বছরের জন্য তার পুনর্নিয়োগে সম্মতি প্রদান করেছে।

 

সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের বরাত দিয়ে মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাসরুর আরেফিন ২০১৯ সালের জানুয়ারি মাসে সিটি ব্যাংকের এমডি ও সিইও হিসেবে প্রথমবারের মতো দায়িত্বপ্রাপ্ত হন। গত তিন বছরে তিনি ব্যাংকটিকে ভিন্নতর উচ্চতায় নিয়ে যান। এই সময়ে ব্যাংকটির বার্ষিক আয় ৩৫ শতাংশ বেড়ে ২ হাজার কোটি টাকা অতিক্রম করে এবং পরিচালন মুনাফা ৬১ শতাংশ বেড়ে ১ হাজার কোটি টাকা মুনাফার ক্লাবে প্রবেশ করে।

একইসঙ্গে গত তিন বছরে ব্যাংকটির আয় ও ব্যয়ের অনুপাত ৫৯ শতাংশ থেকে ৫০.৫% শতাংশ নেমে আসে এবং বৈদেশিক বাণিজ্য বার্ষিক ৩.৬ বিলিয়ন ডলার থেকে ৬.৬ বিলিয়ন ডলারে উন্নীত হয়। তার নেতৃত্বে সিটি ব্যাংক মূলত আর্থিক অন্তর্ভুক্তির এজেন্ডা মাথায় নিয়ে একটি শহরভিত্তিক ব্যাংক থেকে গণমানুষের ব্যাংক হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। তিনি ব্যাংকে ডিজিটাল ন্যানো লোন এবং প্রথাগত ক্ষুদ্র ও মাইক্রো ফাইন্যান্সের সূচনা করেন।

মাসরুর আরেফিন এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ১৯৯৫ সালে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগদান করেন। ২৭ বছরের কর্মজীবনে তিনি এএনজেড ব্যাংক মেলবোর্ন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাতার, সিটি ব্যাংক এনএ, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন।

মাসরুর আরেফিন তার ব্যাংকার পরিচয়ের পাশাপাশি একজন স্বনামধন্য ঔপন্যাসিক, কবি ও অনুবাদক হিসেবেও পরিচিত।

পর্যাপ্ত সরবরাহের পরও অস্থির চালের বাজার

পর্যাপ্ত সরবরাহের পরও চালের বাজারে অস্থিরতা কাটছে না। বরং আমন মৌসুমে হু হু করে বাড়ছে দাম। গত এক মাসের ব্যবধানে বস্তাপ্রতি (৫০ কেজি) চালের দাম বেড়েছে সর্বোচ্চ ৪০০ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, মিলার ও মৌসুমি ধান ব্যবসায়ীদের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই বাড়তি দর পাইকারি ও খুচরা বিক্রেতারা সমন্বয় করছেন। ফলে চাল কিনতে বেশি টাকা খরচ হওয়ায় ক্রেতাসাধারণ দিশেহারা হয়ে পড়ছে।

 

মঙ্গলবার সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজার পণ্য মূল্য তালিকায় এই দর লক্ষ্য করা গেছে। এখন রাজধানীর খুচরা বাজারে একজন ক্রেতাকে প্রতিকেজি চাল (মোটা জাতের) কিনতে ৫০ টাকা গুনতে হচ্ছে। টিসিবি বলছে, মাসের ব্যবধানে প্রতিকেজি মোটা চাল ২ দশমিক ১৫ শতাংশ বাড়তি দরে বিক্রি হচ্ছে। আর গত বছর একই সময়ের তুলনায় বিক্রি হচ্ছে ৫ দশমিক ৫৬ শতাংশ বেশি দরে। পাশাপাশি মাঝারি আকারের প্রতিকেজি চাল মাসের ব্যবধানে ৪ দশমিক ৮৫ শতাংশ ও গত বছর একই সময়ের তুলনায় ১ দশমিক ৮৯ শতাংশ বেশি দরে বিক্রি হচ্ছে। আর সরু চাল মাসের ব্যবধানে ১ দশমিক ৫৯ ও গত বছর একই সময়ের তুলনায় ৭ দশমিক ৫৬ শতাংশ বেশি দরে বিক্রি হচ্ছে।

জানতে চাইলে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান যুগান্তরকে বলেন, ‘গত বছর থেকেই চালের দাম বাড়তি। সবার ধারণা ছিল আমন মৌসুমে দাম স্বাভাবিক হবে। কিন্তু তা হয়নি। বরং বাড়তি দরে বিক্রি হচ্ছে চাল। তাই ক্রেতা তথা নিম্ন আয়ের মানুষের আরও ভোগান্তিতে পড়তে হচ্ছে। চাল কিনতে অতিরিক্ত এই ব্যয়ের প্রভাব অন্যান্য চাহিদার ওপর পড়ছে। তাই চালের দাম কমাতে এখনই উদ্যোগ নিতে হবে। তদারকি জোরদার করতে হবে। অনিয়ম পেলে শাস্তির আওতায় আনতে হবে।’

মঙ্গলবার নওগাঁ ও কুষ্টিয়ার মিল মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মিল পর্যায়ে প্রতি বস্তা মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৩০০০ টাকা, যা এক মাস আগেও ২৭০০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া বিআর-২৮ চাল প্রতিবস্তা বিক্রি হচ্ছে ২৫৫০-২৬০০ টাকা, যা এক মাস আগে ২২০০ টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ বস্তায় এই জাতের চালের দাম ৪০০ টাকা বেড়েছে। রাজধানীর কাওরান বাজারের আল্লাহর দান রাইস এজেন্সির মালিক ও পাইকারি চাল ব্যবসায়ী মো. সিদ্দিকুর রহমান যুগান্তরকে বলেন, মিলারদের কারসাজিতে পুরো বছর ধরে চালের দাম বাড়তি। নানা অজুহাতে তারা দাম বাড়িয়েছে। কখনো সরবরাহ সংকট, আবার কখনো ধানের দাম বেশি বলে চালের দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ আমন মৌসুমে সংকটের কথা বলে আবারও চালের দাম বস্তায় সর্বোচ্চ ৪০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়। ফলে বেশি দামে কিনে পাইকারি পর্যায়ে বেশি টাকায় বিক্রি করতে হচ্ছে। তিনি জানান, যে মিনিকেট চালের বস্তা এক মাস আগে ২৮০০ টাকায় বিক্রি করতাম, তা এখন ৩১০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি বিআর-২৮ চাল পাইকারি পর্যায়ে বিক্রি করতাম ২২০০ টাকা, যা এখন ২৪০০-২৪৫০ টাকায় বিক্রি করছি। ফলে খুচরা বাজারে চালের দাম বেড়েছে।

তিনি আরও জানান, এতদিন শুধু মিলারদের কারণে চালের দাম বেড়েছে। এবার যুক্ত হয়েছে মৌসুমি ধান বিক্রেতা। তারা করোনাকালে অন্যান্য ব্যবসায় ধরা খেয়ে ধান ব্যবসায় ঝুঁকেছে। কৃষকের কাছে কম দামে ধান কিনে বাসাবাড়িতে এমনকি গোপনে গোডাউন ভাড়া নিয়ে ধান মজুদ করে রেখেছে। কারণ চাল মজুদ করা যায় না। নষ্ট হয়ে যায়। আর ধান নষ্ট না হওয়ায় মজুদ করে রাখা যায়। যে কারণে মজুদকৃত ধান বিক্রি করছে বাড়তি দরে। ফলে এই বাড়তি দরের প্রভাব চালের বাজারে গিয়ে পড়ছে।

বাংলাদেশ মেজর ও অটো মেজর হাসকিং মিল মালিক সমিতির সহ-সভাপতি ও মিল মালিক শহীদুর রহমান পাটোয়ারী মোহন জানান, চালের দাম বাড়লেই আমাদের দোষ হয়। কিন্তু এখন ধানের দাম বাড়তি থাকায় চাল প্রসেসিংয়ে বেশি টাকা খরচ হচ্ছে। যে কারণে মিল পর্যায় থেকে চালের দাম বাড়ানো হয়েছে। তিনি জানান, কৃষকদের পাশাপাশি ধানের মৌসুমি ব্যবসায়ী এখন ধান মজুদ করছে। দাম বেশি না হলে তারা বাজারে ছাড়ছেন না। এ কারণে বাজারে ধানের দাম বেড়েছে। তার প্রভাব পড়েছে চালের বাজারে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, চালের উৎপাদন প্রতিবছর বাড়ছে। বাজারে পর্যাপ্ত চাল রয়েছে। কিন্তু মনে রাখতে হবে বর্তমানে বিশ্ববাজারে গমের দাম বেড়েছে। গমের দাম বাড়লে চালেরও দাম বাড়ে। তিনি জানান, দেশে ১০ লাখ রোহিঙ্গা রয়েছে। প্রতিবছর ২২-২৪ লাখ নতুন মুখ যোগ হচ্ছে। এ ছাড়া অ্যানিমেল ফিড হিসাবেও চালের কিছু ব্যবহার হচ্ছে। এসব বিষয় ও কিছুটা মুদ্রাস্ফীতির ফলে চালের দাম বেশি। কিন্তু বাজারে গেলে চাল পাওয়া যায় না বা মানুষ কিনতে পারে না এমন পরিস্থিতি নেই। এই মুহূর্তে দেশে খাদ্যসংকট নেই।

রাজধানীর খুচরা বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিকেজি সরু চাল বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। বিআর-২৮ চাল প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা। মোটা জাতের মধ্যে স্বর্ণা চাল প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা। রাজধানীর কাওরান বাজারে নিত্যপণ্য কিনতে আসা হাবিবুল্লাহ যুগান্তরকে বলেন, চালের দাম বাড়ায় অন্যান্য তরিতরকারি কিনতে টানাটানি পড়ছে। কিন্তু বাজারে কোনো ধরনের চালের সংকট নেই। দোকানগুলোতে থরে থরে সাজানো চালের বস্তা। কিন্তু কিনতে হচ্ছে বাড়তি দরে।

জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার যুগান্তরকে বলেন, মিল থেকে পাইকারি ও খুচরা পর্যায়ে তদারকি হচ্ছে। কোনো অনিয়ম পেলে কঠোর আইনের আওতায় আনা হবে।

না.গঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদককে বহিষ্কার

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কার করা হয়।

এদিকে এটিএম কামালের বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ দেখা গেছে। তারা বলছেন, নির্বাচনে তৈমুর আলম খন্দকার জয়ী হলে এই বিএনপি ডেকে নিয়ে তাকে ও কামালকে ফুল দিয়ে সম্মান করত। কেন্দ্রীয় এসব সিদ্ধান্তের কারণেই নারায়ণগঞ্জে আজ বিএনপির সাংগঠনিক অবস্থান নি:শেষ হতে চলেছে।

নাম প্রকাশ না করার শর্তে মহানগর বিএনপির কয়েকজন নেতা জানান, তৈমুরের নির্বাচনকে ঘিরে পুরো ২৭টি ওয়ার্ডে বিএনপির হামলা-মামলা খাওয়া কর্মীরা জেগে উঠেছিল। বিএনপি সাংগঠনিকভাবে শক্তির পরিচয়ও দিয়েছে। কিন্তু এ বহিষ্কারের সিদ্ধান্ত আর কোনো কর্মীকে রাজপথে টেনেও নামানো যাবে না।

এদিকে এ ব্যাপারে এটিএম কামালের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমি অবাক বিস্মিত। আমার নামে চিঠি অথচ এর আগেই কোনো মহল গণমাধ্যমে সেই চিঠি পাঠিয়ে দিল। আমি নিজেকে সব সময় শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কর্মী। সেখান থেকে আমাকে কেউ বিচ্যুত করতে পারবে না। যেহেতু দল করি তাই দলের যদি এমন কোনো সিদ্ধান্ত আসে আমি সেটা মাথা পেতে নেব।

উল্লেখ্য, এটিএম কামাল ছিলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট। তিনি রীতিমতো নিজের দল ও প্রশাসনের চাপের মুখেও শেষ অবধি তৈমুরের পাশেই ছিলেন।

এদিকে কেন্দ্র থেকে ইস্যু হওয়া ওই চিঠিতে এটিএম কামালকে উদ্দেশ্য করে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

তৈমুর ও কামালকে বিএনপি থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

একই সঙ্গে তৈমুর আলমের নির্বাচনি প্রধান এজেন্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকেও প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার স্থলে মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুস সবুর খান সেন্টুকে।

সোমবার দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ায় চেয়ারপারসনের উপদেষ্টা, জেলার আহ্বায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।