সোমবার ,১৮ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 510

মিয়ানমার ছাড়ছে শেভরন, টোটাল

মিয়ানমারে কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে বৈশ্বিক তেল-গ্যাস উত্তোলন ও বিপণনকারী প্রতিষ্ঠান টোটালএনারজিস ও শেভরন করপোরেশন। মিয়ানমারে অবনতিশীল পরিস্থিতির কারণ দেখিয়ে প্রতিষ্ঠান দুটি গতকাল শুক্রবার এ ঘোষণা দেয়।

এর আগে গত বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন দেশে রোহিঙ্গাদের ২১টি সংগঠন এক যৌথ চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে মিয়ানমারে তেল-গ্যাস উত্তোলন থেকে অর্জিত অর্থের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছিল।

ওই ২১ সংগঠনের অন্যতম বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন, ইউকের (ব্রুক) সভাপতি তুন খিন কালের কণ্ঠকে বলেন, তাঁরা গত বৃহস্পতিবারের চিঠিতে মিয়ানমারে যুক্তরাষ্ট্রের শেভরন ও ফ্রান্সের টোটালের তৎপরতার কথা তুলে ধরেছিলেন।

ওই দুই প্রতিষ্ঠান মিয়ানমারে গ্যাস উত্তোলন করছে।
আর এর মাধ্যমে মিয়ানমারের সামরিক বাহিনী প্রতিবছর কোটি কোটি ডলার আয় করছে। সেই অর্থ এখন মিয়ানমারে গ্রামগুলোর ওপর নির্বিচারে বোমা বর্ষণ, শিশুদের হত্যাসহ সামরিক বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যয় হচ্ছে।

এদিকে ব্রিটিশ বহুজাতিক তেল-গ্যাস কম্পানি শেল গতকাল প্রথমবারের মতো স্বীকার করেছে, মিয়ানমারে তারা কোনো খনিজ সম্পদ অনুসন্ধান করছে না।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, টোটালএনার্জিস, শেভরনসহ আরো কিছু প্রতিষ্ঠান যৌথভাবে মিয়ানমারের দক্ষিণপশ্চিম উপকূলে ইয়াদানা গ্যাস প্রকল্পে কাজ করছে। ‘মোয়াত্তামা গ্যাস ট্রান্সপোর্টেশন কম্পানি (এমজিটিসি)’ ওই গ্যাস মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তে পৌঁছে দেয়।

টোটালএনার্জিস এক বিবৃতিতে বলেছে, মিয়ানমারে মানবাধিকার ও আইনের শাসন পরিস্থিতি ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে ক্রমেই খারাপ হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে টোটালএনার্জিস মনে করছে, মিয়ানমারে যথেষ্ট ইতিবাচক ভূমিকা রাখার মতো সুযোগ তাদের নেই। এ কারণে কোনো ধরনের ক্ষতিপূরণ ছাড়াই ইয়াদানা গ্যাসক্ষেত্র ও এমজিটিসি থেকে ‘অপারেটর’ ও ‘শেয়ার’—দুটিই প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে টোটালএনার্জিস।

শেভরনের একজন মুখপাত্র বলেছেন, মিয়ানমারে বর্তমান পরিস্থিতির আলোকে আমরা ইয়াদানা প্রাকৃতিক গ্যাস প্রকল্পে আমাদের স্বার্থ পর্যালোচনা করেছি এবং এ দেশ থেকে নিজেদের প্রত্যাহারের পরিকল্পনা নিয়েছি। ’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াদানা প্রাকৃতিক গ্যাস প্রকল্পের ৩১.২৪ শতাংশ মালিকানা টোটালের এবং ২৮ শতাংশ শেভরনের। বাকি মালিকানা থাই কম্পানি পিটিটি ও মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস এন্টারপ্রাইজের।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ায় গতকাল প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়েছে, থাই কম্পানি পিটিটি এখন মিয়ানমারের প্রকল্পে তার সম্পৃক্ততার ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণ করছে।

শেলের মুখপাত্র রয়টার্সকে বলেছেন, গত বছরই তাঁরা ‘অফ শোর’ ব্লকের অনুসন্ধানের লাইসেন্স ছেড়ে দিয়েছেন। তাই এখন মিয়ানমারে তাঁদের গ্যাস, অনুসন্ধান, রাজস্ব ও সরকারকে অর্থ দেওয়ার কোনো সুযোগ নেই।

রোহিঙ্গা অধিকারকর্মীরা মিয়ানমার থেকে পশ্চিমা তেল-গ্যাস কম্পানিগুলোর প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁরা এখন মিয়ানমারের তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপে জোর দাবি জানিয়েছেন।v

ইউক্রেন ইস্যু : আপাতত কূটনীতির পথে থাকতে একমত লাভরভ ও ব্লিঙ্কেন

ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যে বৈঠক করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ ইস্যুতে সংঘাতে না গিয়ে আপাতত কূটনীতির পথেই হাঁটতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

রাশিয়া তার উদ্বেগগুলো শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রতিপক্ষকে জানিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তার জবাব দেবে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে এ সমঝোতা হয়। রাশিয়া অচিরেই প্রতিবেশী ইউক্রেনে হামলা চালিয়ে বসতে পারে- এ রকম ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে মুখোমুখি বসেন দুই প্রতিদ্বন্দ্বী দেশের পররাষ্ট্রমন্ত্রী। বলা হয়েছিল, এটাই ইউক্রেন নিয়ে রাশিয়া ও পাশ্চাত্যের মধ্যে সংঘাত এড়ানোর শেষ চেষ্টা।
জেনেভার হোটেল উইলসনে অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ওয়াশিংটন আগামী সপ্তাহে মস্কোকে তার নিরাপত্তাবিষয়ক দাবিগুলোর লিখিত জবাব দিতে সম্মত হয়েছে। লাভরভ বলেন, ‘দুই পক্ষের মধ্যে এ মতৈক্য হয়েছে যে, আমরা আগামী সপ্তাহে আমাদের সব প্রস্তাবের লিখিত জবাব পাব। ‘ ব্লিঙ্কেনের সঙ্গে তাঁর খোলামেলা আলোচনা হয়েছে জানিয়ে লাভরভ বলেন, ‘অ্যান্টনি ব্লিঙ্কেন এ মর্মে সম্মত হয়েছেন যে, আমাদের মধ্যে যুক্তিসংগত সংলাপ দরকার। আমি আশা করছি এ নিয়ে আবেগের প্রবণতা হ্রাস পাবে। ‘

বৈঠকের আগে প্রতাশার মাত্রা ছিল কম। শুরুতেই সতর্ক করে দিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, মস্কো এ আলোচনায় বড় অগ্রগতির আশা করছে না। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক সমাধানে আগ্রহী। তবে রাশিয়া ইউক্রেনে হামলা করলে তারা ‘ঐক্যবদ্ধ, ত্বরিত ও ভয়াবহ’ জবাব দেবে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও বুধবার এক সংবাদ সম্মেলনে রাশিয়াকে ইউক্রেনে হস্তক্ষেপের ব্যাপারে আবারও সাবধান করে দেন। এরই মধ্যে রাশিয়াকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অর্থনৈতিক অবরোধসহ গুরুতর শাস্তির হুমকি দিয়ে রেখেছে। তবে তাতে দৃশ্যত রাশিয়ার অবস্থান বদলায়নি।

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার প্রায় এক লাখ সেনা মোতায়েন করা হয়েছে। রাশিয়া দেশটিতে আক্রমণের পরিকল্পনার কথা অস্বীকার করেছে। তবে তারা প্রতিবেশী ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও তার পাশ্চাত্যের মিত্রদের ওপর চাপ দিয়ে আসছে।
সূত্র : বিবিসি ও এএফপি

রাস্তা নিয়ে সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের রামগঞ্জ গ্রামে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩০জন আহত হয়েছেন। শনিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ২২জনকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ গ্রামের হাকিম উল্লার ছেলে ছাইমউদ্দিন ও একই গ্রামের উস্তার উল্লার ছেলে আব্দুল হকের মধ্যে পারিবারিক রাস্তা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে।

শুক্রবার বিকেলে এ নিয়ে উভয়পক্ষের মাঝে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে অস্ত্র নিয়ে শুরু হয় পাল্টাপাল্টি সংঘর্ষ। উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, পারিবারিক রাস্তা নিয়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

জয়পুরহাটে ঘন কুয়াশায় দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

জয়পুরহাট-বগুড়া মহাসড়কের ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের সাথে বিপরীতমুখী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। এতে তার সহকারী আহত হয়েছেন। আজ (শনিবার) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপচালক মাছুদ আলী (৩৫) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বালু বাজারের মৃত নাজিম উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ নীরেন্দ্র নাথ মন্ডল জানান, প্রচণ্ড কুয়াশার মধ্যে আজ সকালে ঢাকাগামী হানিফ পরিবহনের সাথে ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় বগুড়া থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক মাছুদ আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনায় তার সহকারী একই এলাকার দুর্লভপুর গ্রামের মনোরঞ্জনকে (৩৬) গুরুতর আহত অবস্থায় বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

নানা মারা গেলেও অনশন ভাঙেনি শাবিপ্রবির রুবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিরোধী আন্দোলনরত মরিয়ম রুবি নামের এক শিক্ষার্থীর নানা মারা গেছেন। নানা মারা যাওয়ার খবর পেয়ে মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষার্থী। তবে নানা মারা গেলেও অনশন ভাঙবেন না বলে জানিয়েছেন তিনি। উপাচার্যের পদত্যাগ না হলে অনশন ভাঙবেন না তিনি।

বিজ্ঞাপন

অনশনরত অবস্থায় নানাকে দেখতে চান। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার বান্ধবীরা কালের কণ্ঠকে বলেন, রুবি এখন হাসপাতালে আছে। সেখানেই সে অনশন চালিয়ে যাচ্ছে। তার দৃঢ়চেতা মনোভাব আমাদের শক্তি জোগাচ্ছে। আন্দোলনের শক্তি পাচ্ছি আমরা। এই সব সেক্রিফাইস শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস, প্রশাসনের জন্য। যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ মনে করবে নিজেকে।

তারা আরো জানান, যে ভিসি পুলিশ ডেকে শিক্ষার্থীদের ওপর হামলা করাতে পারে, তার পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা সর্বোচ্চ ত্যাগ শিকার করতে প্রস্তুত।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান চলবে

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গতকাল শুক্রবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নতুন কারিকুলাম নিয়ে একটি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি কোনো প্রভাব ফেলবে না। যথাসময়েই ফল প্রকাশ করা হবে।

মনে পড়বে রিকশার রং, ঘুড়ির নাচন, নদী-নৌকা ও সন্ধ্যা পাখির স্মৃতি: মিলার

‘রিকশার রং, চালকের মুখের কথা, পুরান ঢাকার ছাদ, তারে বেঁধে যাওয়া ঘুড়ির নাচন এবং সন্ধ্যার আকাশে পাখি’—এসব স্মৃতি সঙ্গে নিয়ে দেশে ফিরে গেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গতকাল শুক্রবার ঢাকা ছাড়ার আগে তিনি লিখেছেন, ‘গত তিন বছর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা আমার জীবনে বড় সম্মান এবং আনন্দের। ’

কভিড মহামারি পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বিদায়ী সাক্ষাৎ হয়নি রাষ্ট্রদূত মিলারের। গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বিদায়ী সাক্ষাত্গুলোতে তিনি সুসম্পর্কের বার্তা দিয়েছেন।

বিজ্ঞাপন

একই সঙ্গে তিনি বলেছেন, বাইডেন প্রশাসন গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনকে গুরুত্ব দিচ্ছে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে গতকাল সন্ধ্যায় রাষ্ট্রদূত মিলারের একটি লেখা প্রকাশিত হয়েছে। মিলার লিখেছেন, ‘বাংলাদেশে আমার তিন বছরের প্রিয় স্মৃতি জানতে চাওয়া হয়েছে। সব স্মৃতি বর্ণনা করা অসম্ভব। কিন্তু আমি জানি, রিকশার রং আর চালকদের মুখের কথা মনে পড়বে। পুরান ঢাকার ছাদ আর তারে বেঁধে যাওয়া ঘুড়ির নাচানাচি, সন্ধ্যার আকাশের পাখিরা স্মৃতি হয়ে থাকবে। আরো মনে থাকবে স্কুল ইউনিফর্ম পরা শিশুদের গ্রামের রাস্তা ধরে বাড়ি যাওয়া, জাহাজভর্তি চট্টগ্রামের নদী, কক্সবাজারের চাঁদের মতো নৌকা—পৃথিবীর সবচেয়ে সুন্দর নৌকা। সিলেটের গাঢ় সবুজ পাহাড় আর বরিশালের উদ্দাম সবুজ, বান্দরবানের পাহাড় ও সুন্দরবনের ম্যানগ্রোভে সকালের কুয়াশা মনে পড়বে। ’

রাষ্ট্রদূত মিলার লিখেছেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক দিন দিন আরো শক্তিশালী হবে। সিনেটর অ্যাডওয়ার্ড কেনেডি যেমন ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের আসল পররাষ্ট্রনীতি হচ্ছে দুই দেশের নাগরিকদের, বন্ধুদের, মানুষের সম্পর্ক। তিনি লিখেছেন, ‘আশা করি, দুই দেশের জনগণের বন্ধনকে শক্তিশালী করতে আমি কিছুটা হলেও অবদান রেখেছি। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণাও আছে মিলারের লেখায়, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলাম, আমার প্রথম আট মাসে আমি বাংলাদেশের আটটি বিভাগ ঘুরে দেখব। এই মহান দেশের এত মানুষের সঙ্গে দেখা করতে পারা, তাদের অনন্য উষ্ণতা ও উদারতা অনুভব করতে পেরেছি। আমি সত্যিই ভাগ্যবান। ’

রাষ্ট্রদূত মিলার আরো লিখেছেন, ‘বাংলাদেশের জনগণের আবেগ-অনুভূতির স্মৃতি আমি ধারণ করব। এই অসাধারণ দেশে বিশেষ সুবিধা পাওয়া একজন অতিথি হওয়ার সুযোগের জন্য আমি কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি। ’

মিলার শেষ বার্তায় লিখেছেন, ‘আমার একটি আন্তরিক চাওয়া আছে। আপনারা আমাকে ও আমার পরিবারকে যে উষ্ণতা ও সহযোগিতা দেখিয়েছেন, রাষ্ট্রদূত পিটার ডি. হাস যখন আসবেন, তাঁকেও তা দেখাবেন। ’

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এর আগে গতকাল বিকেলে রাষ্ট্রদূত মিলারের সময়ের কয়েকটি ছবি, ভিডিও প্রকাশ করে এক টুইট বার্তায় লিখেছে, ‘বাংলাদেশ আপনার শূন্যতা অনুভব করবে। ’

ওই টুইট বার্তায় রাষ্ট্রদূত মিলারের একটি বক্তব্য ছিল। মিলার বলেছেন, ‘৩৫ বছর ধরে আমেরিকার কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করছি। এর আগে আমি এত চিন্তাশীল ও দয়ালু মানুষের দেশে দায়িত্ব পালন করিনি। ’

আর্ল রবার্ট মিলার ২০১৮ সালের ১৮ নভেম্বর বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। জানা গেছে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত পিটার ডি. হাস শিগগির ঢাকায় আসবেন।

ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনারের মায়ের মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রীর শোক

ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার হাযনাহ মো. হাশিমের মা মিদাহ বিনতি ওমার আজ সকালে মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মালয়েশিয়ার হাইকমিশনারের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

এক শোকবার্তায় তিনি মিদাহ বিনতি ওমারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ইউরো বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের বর্ধিত সভা

ফ্রান্সে ইউরো বাংলা প্রেস ক্লাবের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ফ্রান্সে ম্যারি দ্য অভারভিলায় একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. তাজ উদদীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহেল আহমদের পরিচালনায় বর্ধিত সভার শুভ উদ্বোধন ঘোষণা করেন মানবাধিকার নেতা, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সেলিম আহমদ।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউরো-বাংলা প্রেস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি, বঙ্গবীর ওসমানী স্বর্ণপদকপ্রাপ্ত, কলামিস্ট তাইজুল ইসলাম ফয়েজ। তিনি তার বক্তব্যে বলেন সাংবাদিকতা করতে বিভিন্ন ধরনের লেখালেখিতে অভ্যস্ত থাকা জরুরি।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত সিলেট জেলা পরিষদের সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, কমিউনিটি ব্যক্তিত্ব চৌধুরী সালেহ আহমদ, রাজনীতিবিদ গোলাম মাহমুদ আজম, জবরুল ইসলাম, সালেহ আহমদ, ইউরো-বাংলা প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ইউরো ফোকাস এর সিইও এম আলী চৌধুরী, সিলেট সদর উপজেলা কমিটির সভাপতি সাইদুল ইসলাম, যুবনেতা সোহেল আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ।

ইউরো-বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের বর্ধিত সভায় মাধ্যমে যারা স্থান পেয়েছেন কমিটিতে যথাক্রমে সহ-সভাপতি মাধ্যমে ছাড়া স্থাপন করেছেন কমিটিতে যথাক্রমে সহ-সভাপতি মুহিউদ্দিন সোহেল, মো. নাজমুল হক, মোহাম্মদ নাসিম আরেফিন, মোহাম্মদ ওয়াসিম আরিফিন, আব্দুল কুদ্দুস বেগ, রকি আহমদ। যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, মাজেদ আহমদ শামী, চুনু মিয়া, আতিকুর রহমান আক্তার, শাহেদ আহমদ, আনছার আহমেদ জুয়েল, শাকিবুর রহমান লাভলু। সাংগঠনিক সম্পাদক ময়নুল হক, শফিউল আলম সজল, সোহাগ হোসাইন, শাহজাহান আহমদ। কোষাধক্ষ্য রুবেল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈম আহমদ, আন্তর্জাতিক সম্পাদক জামিল আহমদ রায়হান, সমাজকল্যাণ সম্পাদক জহির আহমদ সোহান,মানবাধিকার বিষয়ক সম্পাদক সামাদ আহমদ, অভিবাসন বিষয়ক সম্পাদক ইবাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক ফখরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আজিজ তুহিন।

এছাড়া আগের দায়িত্বশীলরা আগের দায়িত্বেই থাকবেন। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ছাত্রনেতা আমিনুল ইসলাম আলীম, দেলোয়ার হোসেন, সাহেদ আহমদ, তানবির আহমদ প্রমুখ।

আওয়ামী লীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য জাহাঙ্গীর ফরাজী

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য হলেন ইতালি আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর ফরাজী। সম্প্রতি একটি চিঠি ইস্যুর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশেবন্দী এ সদস্য মনোনীত করেন। সদ্য সদস্য নির্বাচিত হওয়ার সংবাদটি ইতোমধ্যে ইতালিজুড়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

এ বিষয়ে জাহাঙ্গীর ফরাজী অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমি শরীয়তপুর জাজিরার সন্তান হিসেবে নিজেকে ধন্য মনে করছি। আমার প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার একজন খুদ্র কর্মী হিসেবে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয়ক উপকমিটিতে স্থান দিয়ে দলের কাজ করার সুযোগ করে দিয়েছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানীত সভাপতি দেশরত্ন শেখ হাসিনাসহ দলের সব নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এদিকে ইতালি আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জাহাঙ্গীর ফরাজীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এ নেতার ছবি দিয়ে পোস্টারে সয়লাব; যা ব্যাপক আলোচনা হচ্ছে রাজধানী রোমসহ ইতালির বিভিন্ন শহরে।