বৃহস্পতিবার ,৪ জুন, ২০২৬
sbacbank
Home Blog Page 501

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক আছে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন।

তিনি জানান, বুধবার ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে সে দেশে সরকারি ছুটি। ফলে দুই দেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আবারও ওই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

অন্যদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সেকেন্দার আলী জানান, প্রতিদিনের মতো হিলি ইমিগ্রেশন দিয়ে ভারত হতে পাসপোর্ট যাত্রী আসা স্বাভাবিক রয়েছে।

‘৭৫-এ মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনে বিশেষ দিন আজ। আজকের এই দিনে পৃথিবীর আলো দেখেছেন এ রাজনীতিক। আজ তার ৭৫তম জন্মদিন। তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন দলের নেতারা।

বিএনপির মহাসচিব কখনই আড়ম্বরপূর্ণভাবে জন্মদিন পালন করেন না। এদিন দলীয় নেতারা শুধু তাকে শুভেচ্ছা জানান।

মির্জা ফখরুল দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। পরবর্তী সময়ে তিনি রাজনীতির সঙ্গে জড়িত হন। বর্তমানে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মহাসচিব পদে আছেন। বাংলাদেশের রাজনীতিতে একজন সজ্জন ব্যক্তি হিসেবে সব মহলে তার পরিচিতি রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জন্মগ্রহণ করেন।

মির্জা ফখরুলের বাবার নাম মির্জা রুহুল আমিন। তিনি ছিলেন সাবেক মন্ত্রী। তার চাচা মির্জা গোলাম হাফিজ সাবেক স্পিকার ও মন্ত্রী। তিনি বিএনপির প্রতিষ্ঠার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময়েই ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়েন। ’৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় ছিলেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।

মির্জা ফখরুল দেশ স্বাধীন হওয়ার পর বিসিএস পরীক্ষা দিয়ে হয়ে যান সরকারি চাকুরে। অর্থনীতির প্রভাষক হিসেবে ঢাকা কলেজে শিক্ষকতা জীবন শুরু করলেও কয়েকটি কলেজ ঘুরে পরে সরকারের পরিদর্শন ও আয়-ব্যয় পরীক্ষণ অধিদপ্তরে নিরীক্ষক হিসেবে কাজ করেন। তবে সাত বছরের মধ্যে রাজনীতিতে আবারও ফিরে আসেন।

তিনি জিয়াউর রহমান সরকারের উপপ্রধানমন্ত্রী এসএ বারীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নিজ জেলায় ফিরে আবারও শিক্ষকতা পেশা শুরু করেন। ১৯৮৮ সালে আবারও শিক্ষকতা ছেড়ে সার্বক্ষণিক রাজনীতিতে ফেরার প্রস্তুতি নেন। নির্বাচিত হন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান। এক বছর পরে যোগ দেন বিএনপিতে।

১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপির টিকিটে জাতীয় সংসদে নির্বাচন করে জয় না পেলেও সংসদ সদস্য নির্বাচিত হন ২০০১ সালে। চারদলীয় জোট সরকারের শাসনামলে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন ফখরুল।

মির্জা ফখরুল বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও এরপর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে বিএনপির সবশেষ কাউন্সিলে তাকে মহাসচিব করা হয়।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার একটি আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেও সংসদে যোগ দেননি ফখরুল।

ব্যক্তিগত জীবনে মির্জা ফখরুল দুই মেয়ের বাবা। বড় মেয়ে মির্জা শামারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষে সেখানেই শিক্ষকতা করেছেন। বর্তমানে অস্ট্রেলিয়ায় পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কর্মরত আছেন। ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষে রাজধানীর একটি স্কুলে শিক্ষকতা করছেন। তার স্ত্রী রাহাত আরা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী। বর্তমানে বেসরকারি একটি প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

‘তাড়াহুড়ো’ করে ইসি আইন আরেকটি পাতানো নির্বাচনের ‘নীল নকশা’

ইসি গঠনে আইন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোপনীয়তার সঙ্গে তাড়াহুড়ো করে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন আরেকটি পাতানো নির্বাচনের নীল নকশা মাত্র। বিএনপি মনে করে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো নির্বাচন কমিশনেই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সফল হবে না। যদি না নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সোমবার অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন করা হয়।

স্থায়ী কমিটির সভা নিয়ে মির্জা ফখরুল বলেন, সংসদে নির্বাচন কমিশন বিল ২০২২ উত্থাপন বিষয়ে আলোচনা হয়। বিএনপি মনে করে, যেহেতু এই সংসদ জনগণের ভোটে বৈধভাবে নির্বাচিত নয়, তাই এই সংসদের কোনো নৈতিক এখতিয়ার নেই কোনো আইন প্রণয়নের। ২০১৪ এবং ২০১৮ সালের একতরফা সাজানো ভোটারবিহীন ও মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচনের মধ্য দিয়ে সে সত্য প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের পরিচালনায় একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ। এর কোনো বিকল্প নেই। এই লক্ষে সব রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি ও জনগণের ঐক্য গড়ে তুলে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে এই পরিবর্তন আনতে হবে। সভায় বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানায়।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১২টি শীর্ষ মানবাধিকার সংগঠন জাতিসংঘ মিশনে র‌্যাবের প্রতি নিষেধাজ্ঞার দাবি জানিয়ে চিঠি দিয়েছে। সভা মনে করে আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা, খুন, গুম, বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের জন্য র‌্যাবসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে। বাংলাদেশকে ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলেছে। যার সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব বাংলাদেশের নিরাপত্তা, স্থিতিশীলতা, অর্থনীতিতে পড়বে বলে সভা মনে করে। এই পরিস্থিতি সৃষ্টির সব দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

মির্জা ফখরুল জানান, সভায় করোনা পরিস্থিতি এবং টিকা প্রদানের বিষয়ে সঠিক চিত্র জনগণের সামনে প্রকাশ করার আহ্বান জানানো হয়। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের হামলার ঘটনার নিন্দা জানানো হয়। পরবর্তীতে ন্যায়সঙ্গত দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন ও সব প্রকার আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানানো হয়। অবিলম্বে ভিসিসহ দায়ী সব সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ছাত্রলীগ ও পুলিশের দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানায় স্থায়ী কমিটি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় আরও অংশ নেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান।

প্রশ্নফাঁসের মূল হোতা নোমান সিদ্দীকি

প্রতিরক্ষা মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের অধীন ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের অডিটর পদে নিয়োগের প্রশ্নফাঁসের মূল হোতা নোমান সিদ্দীকি। ৮ বছর ধরে তিনি বিভিন্ন সরকারি পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত ছিলেন।

সেই ফাঁসের প্রশ্ন দিয়ে তার নিকটাত্মীয়স্বজনের চাকরিরও ব্যবস্থা করিয়েছেন। আবার বিক্রি করে উপার্জন করেছেন কাঁড়ি কাঁড়ি টাকা। গড়ে তুলেছেন বাড়িগাড়ি। তার চক্রে রয়েছেন জনপ্রতিনিধিসহ একাধিক রাঘববোয়াল। এ ঘটনায় দায়ের করা দুই মামলার তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এমন পরিস্থিতিতে আরও একাধিক ব্যক্তির সন্ধানে নেমেছেন গোয়েন্দারা। এদিকে প্রশ্নপত্র ফাঁসের তদন্ত চলাকালেই তড়িঘড়ি করে এরই মধ্যে (২৩ জানুয়ারি) অডিটর পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে।

জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান যুগান্তরকে বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় মাস্টারমাইন্ড নোমান সিদ্দীকি। তিনি একসময় সরকারি চাকরি করতেন। ২০১৪ সালে তিনি স্বেচ্ছায় অবসর নেওয়ার পর প্রশ্নফাঁসে জড়িয়ে পড়েন। সেখান থেকে তিনি মোটা অঙ্কের টাকা উপার্জন করেছেন। একই সঙ্গে তার আত্মীয়স্বজনকেও চাকরির ব্যবস্থা করেছেন ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে।

সম্প্রতি তিনি তার চক্রে আরও একাধিক সদস্যকে যুক্ত করেন। এর মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিবন্ধিত ফারুক নামে এক ব্যক্তিও রয়েছেন। তাকেসহ আরও একাধিক ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের অডিটর পদে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি প্রাথমিকভাবে আমাদের কাছে প্রমাণিত। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানোও হয়েছে। এরপরও যেহেতু ফল প্রকাশ করা হয়েছে, তাই এ বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না।

ডিসি মশিউর রহমান জানান, ৮ বছরে নোমান একাধিক ব্যক্তিকে ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে চাকরির ব্যবস্থা করেছেন। তাদের একটি তালিকা পাওয়া গেছে। এছাড়া তিনি আরও চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন। তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, নোমান সিদ্দীকি এবং বগুড়ার ধুপচাঁচিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরীন রূপাসহ ১০ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদের দুই দিনের রিমান্ড শেষ হয়েছে। রিমান্ডে তারা অনেক গডফাদারের নাম বলেছেন। এনটিআরসি-এ নিবন্ধিত ফারুকসহ যাদের নাম এসেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ডিবি সূত্র জানায়, ফারুকের সঙ্গে পূর্বপরিচয় ছিল মাহবুবা নাসরীন রূপার। রূপা ইডেন কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী। তদবির বাণিজ্য করেও কামিয়েছেন মোটা অঙ্কের টাকা। সম্প্রতি তিনি সরকারি চাকরির জন্য বিভিন্ন স্থানে দৌড়ঝাঁপ শুরু করেন। একপর্যায়ে ফারুকের মাধ্যমে পরিচয় নোমান সিদ্দীকির সঙ্গে। সেই সূত্র ধরে কিছু পরীক্ষার্থী সংগ্রহ করেন রূপা। ওইসব পরীক্ষার্থীর কাছ থেকে নেওয়া হয় ১২ থেকে ১৫ লাখ টাকা করে। ১

৮ জন পরীক্ষার্থীর কাছ থেকে নেওয়া টাকা বিকাশ ও রকেটে লেনদেনের বিষয়টি অস্বাভাবিক হওয়ায় নজরে আসে গোয়েন্দাদের। এরপর তারা নজরদারি শুরু করলে প্রশ্নফাঁসের বিষয়টি বেরিয়ে আসে। এ পরিপ্রেক্ষিতে ২১ জানুয়ারি কাফরুল থানার শেনপাড়া পর্বতার ৪৯৮/৪ ভবনের এ/২ ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে নোমান সিদ্দীকিকে গ্রেফতার করা হয়। তার বাসা ও দেহ তল্লাশি করে ৪টি মোবাইল ফোন সেট ও একটি ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়। পরে সেখান থেকে ৬ পাতা অডিটর নিয়োগ পরীক্ষার পার্ট-১-এর এমসিকিউ প্রশ্নপত্রের ফটোকপি পাওয়া যায়।

একই সঙ্গে ওই পরীক্ষার ৮ জন প্রার্থীর নামের তালিকা উদ্ধার করা হয়। ওই প্রার্থীরা হচ্ছেন ফারদিন ইসলাম, লুৎফর রহমান, আমিনুল ইসলাম, সেলিম মাতবর, আহাদ খান, পারুল বালা, আকলিমা খাতুন ও মোরশেদ।

ডিবি সূত্র জানায়, মাহমুদুল হাসান আজাদের দেহ তল্লাশি করে মফিজুর রহমান, পল্লব কুমার, হাসিবুল হাসান, সুরুজ আহম্মেদ নামে ৪ জনের প্রবেশপত্র ও হাতে লেখা উত্তরপত্র উদ্ধার করা হয়। একই অভিযানে গ্রেফতার নাইমুর রহমান তানজীর ও শহিদুল্লার কাছ থেকেও ফাঁস হওয়া প্রশ্নের উত্তরপত্র ও বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে একাধিক বিকাশ ও রকেটের নম্বরও উদ্ধার করা হয়।

ডিবি গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রেজাউল হক জানান, সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের আশঙ্কা থেকেই পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়। অনেকটা ফাঁদ পেতে চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতার নোমানসহ কয়েকজনের নামে কাফরুল থানায় মামলা করা হয়েছে। চক্রের প্রধান আসামি নোমানের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি থানার চর আলগিয়া গ্রামে। তার বাবার নাম মো. আবু তাহের মিয়া। প্রশ্নফাঁসের টাকায় তিনি ঢাকায় ও তার গ্রামের বাড়িতে অঢেল সম্পত্তির মালিক বনে গেছেন। প্রশ্নফাঁসে ছাপাখানার কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেফতা ব্যক্তিদের কাছ থেকেও কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

ডিবি সূত্র জানায়, নোমান সিদ্দীকির বাসায় অভিযান শেষে পুলিশ অডিটর পদের পরীক্ষাকেন্দ্র বিজি প্রেস স্কুলে অভিযান চালায়। সেখান থেকে পরীক্ষারত অবস্থায় ভাইস চেয়ারম্যান রূপাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনের মেসেঞ্জার থেকে হিরণ খান নামে এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের প্রমাণ পাওয়া যায়। সেখানে প্রশ্নফাঁস নিয়ে তাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়। এমনকি ফাঁস হওয়া প্রশ্নের কিছু উত্তরও পাওয়া যায়। রূপার দেওয়া তথ্য অনুযায়ী, রমনা থানাধীন ৫৫/১ নিউ শাহীন হোটেলের ২৪ নম্বর রুমে অভিযান চালায় ডিবি। সেখান থেকে মো. আল আমীন আজাদ রনি, মো. রাকিবুল হাসান, মো. হাসিবুল হাসান ও নাহিদ হাসানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অত্যাধুনিক ডিভাইস উদ্ধার করা হয়। ওই ডিভাইসের মাধ্যমে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের কাছে ফাঁস হওয়া প্রশ্নের সমাধান পাঠানো হচ্ছিল।

ডিবি গুলশান জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার খলিলুর রহমান জানান, রমনার হোটেল থেকে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় আসামি পাঁচজন। এছাড়া পলাতক আরও একাধিক ব্যক্তির নাম এজাহারে আছে। তদন্তের স্বার্থেই ওইসব নাম এখন বলা যাচ্ছে না।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কমবে রাতের তাপমাত্রা

রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এতে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা বাড়তে পারে।

মঙ্গলবার সকাল থেকে পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে সর্বোচ্চ ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া টেকনাফে ৭ মিলিমিটার এবং সীতাকুণ্ড ও কক্সবাজারে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকাতে সামান্য বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

তেঁতুলিয়ায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮, ময়মনসিংহে ১৪ দশমিক ৫, চট্টগ্রামে ১৭ দশমিক ৩, সিলেটে ১৬ দশমিক ৩, রাজশাহী ১৪, রংপুরে ১৪ দশমিক ৫, খুলনায় ১৫ দশমিক ৫ এবং বরিশালে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মহামারি করোনার কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়ার দাবিতে রাজধানীর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রাসেল স্কয়ারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার এসআই নিয়ামুল হক বলেন, একদল শিক্ষার্থী মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রাসেল স্কয়ারে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বেলা পৌনে ১টার দিকে পরীক্ষার রুটিন জানতে পেরে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যান।

করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় দেশের সব স্কুল-কলেজ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলোকেও একই ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শীতের সবজি পালংশাক

শীতকালীন সবজির মধ্যে অন্যতম হল পালংশাক; যা কিনা উচ্চমানের পুষ্টিগুণ সমৃদ্ধ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি শীতকালীন সবজি।

প্রাপ্ত উপাদান: পালংশাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন এবং ফলিক অ্যাসিড।

উপকার: পালংশাক আমাদের শরীরে আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস প্রতিরোধ করা ছাড়াও এটা হৃদরোগ এবং কোলন ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে।

পালংশাকের প্রয়োজনীয় উপাদানসমূহ যেমন- ক্যারোটিনয়েডস ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রস্টেট ক্যান্সার ও ওভারিয়ান ক্যান্সার প্রতিরোধ করে।

বিশেষ করে আমাদের ত্বকের ক্যান্সার প্রতিরোধ করে। তাছাড়া পালংশাকে প্রচুর পরিমাণে ভিটামিন-সি থাকার কারণে হাড়কে মজবুত করে তুলে, আমাদের শরীরের কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

শাবিপ্রবির আন্দোলনকারীদের মেডিকেল সাপোর্ট বন্ধ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের মেডিকেল সেবা দেওয়া বন্ধ করে দিয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের টিম।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এ সময় শিক্ষার্থীরা অনশনকারীদের জীবন ঝুঁকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং আন্দোলন বিষয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন।

আন্দোলনকারীদের এক মুখপাত্র আরিফুল ইসলাম চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, অনশনরত শিক্ষার্থীদের সবার অবস্থার অবনতি হচ্ছে এবং তারা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। তারা সবাই খিঁচুনি, ব্লাডে অক্সিজেন ও সুগার লেভেল কমে যাওয়া, ব্লাড প্রেশারসহ নানা শারীরিক জটিলতায় পড়ছেন। তারা অর্গান ড্যামেজের ঝুঁকিতে আছেন।

এদিকে সোমবার সন্ধ্যায় অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, শাবিপ্রবির যে কোনো কর্মসূচিতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা যৌথ উদ্যোগে তহবিল গঠন করে থাকেন। এ আন্দোলনেও সেভাবেই অর্থ সংগ্রহ চলছিল। তবে সোমবার সন্ধ্যার পর থেকে এসব নম্বরে আর কোনো লেনদেন করা যাচ্ছে না।

রকেট, নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টসহ মোট ছয়টি অ্যাকাউন্ট থেকে তারা কোনো লেনদেন করতে পারছেন না।

এর আগে রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই বাসভবনের বিদ্যুতের তার কেটে দেন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

প্রসঙ্গত ১৩ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে ছাত্রীরা। পরে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের শিক্ষার্থীরা।

কোলন ক্যান্সার কি পুরোপুরি নিরাময় হয়?

কোলন অথবা বৃহদন্ত্রের ক্যান্সার একটি জটিল রোগ। সঠিক চিকিৎসা না নিলে স্বাভাবিক জীবন ধারন কঠিন হয়ে পড়ে। দিন দিন মৃত্যুর অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

কোলন ক্যান্সারের একটি প্রচলিত চিকিৎসা পদ্ধতি হচ্ছে কোলন কেটে ফেলা দেওয়া এবং রোগীকে বিকল্প পথে মলত্যাগের ব্যবস্থা করা। ল্যাপারস্কপি পদ্ধতিতে অপারেশন এক্ষেত্রে নতুন দিগন্ত তৈরি করেছে। এই পদ্ধতিতে বেশিরভাগ ক্ষেত্রে পেট না কেটে ও মলদ্বার অপসারণ না করে ক্যান্সারটি সম্পূর্ণরূপে ব্যবচ্ছেদ করে আরোগ্য লাভ করা সম্ভব হয়।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ইডেন মাল্টিকেয়ার হাসপাতালের ল্যাপারোস্কপিক ও কলোরেক্টাল সার্জন অধ্যাপক ডা. একেএম ফজলুল হক।

মলাশয়ের ক্যান্সার সাধারণত পায়ুপথে রক্তক্ষরণ এবং মলত্যাগের অভ্যাসের পরিবর্তনের মধ্য দিয়ে শুরু হয়। মলত্যাগের বেগ এলে রোগী তড়িঘড়ি করে টয়লেটে যায় ও শ্লেষ্মাযুক্ত রক্ত মলদ্বার দিয়ে বেরিয়ে আসে। প্রথম দিকে যেহেতু উপসর্গ তত মারাত্মক নয় রোগী নিজ থেকেই অনেক সময় চিন্তা করে যে হয়তো বা আমাশয় আক্রান্ত হয়েছে অথবা তার পাইলস হতে রক্তক্ষরণ হচ্ছে।

আমাদের দেশে পাইলস অথবা পেট খারাপ বা আমাশয় আক্রান্ত হওয়া বেশ সাধারণ ব্যাপার। ভেজাল, নষ্ট হওয়া খাবার-দাবারে অথবা রেস্তোরাঁয় খেয়ে পেট খারাপ বা মলত্যাগের অভ্যাসের পরিবর্তনকে সহজভাবে গ্রহণ করা আমাদের রোগীদের জন্য স্বাভাবিক। সে কারণে পায়ুপথে রক্তক্ষরণ, মলত্যাগের অভ্যাসের পরিবর্তন, কোষ্ঠকাঠিন্য অথবা পাতলা পায়খানা উপসর্গগুলো যে ক্যান্সারেরও উপসর্গ সেটা অনুধাবন করতে রোগীর অনেক দেরি হয়ে যেতে পারে যদিও এর মাঝে ক্যান্সারটি বড় হয়ে মলাশয়/বৃহদন্ত্রের অকুস্থলের চারপাশে এবং পরবর্তী সময়ে ফুসফুস ও যকৃতে ছড়িয়ে যায়।

এ সময় পেটে ব্যথা হয়, মল আটকে গিয়ে কোষ্ঠকাঠিন্য ও পেট ফুলে ওঠে। অপারেশান ছাড়া রোগ মুক্তির জন্য রোগী হাতুড়ে ডাক্তারসহ বিভিন্ন পদ্ধতিতে চিকিৎসার শরণাপন্ন হয়ে প্রকৃত চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাওয়ার সুযোগ হারান।

ক্যান্সার মলাশয় এবং মলদ্বারের পাশের স্নায়ু ও মাংসপেশিতে ছড়িয়ে পায়ুপথে প্রচণ্ড ব্যথার জন্ম দেয়।

আগের দিনে সচরাচর পায়ুপথ বা মলদ্বার ফেলে দিয়ে পেটের ডান বা বাঁয়ের যে কোনো একপাশে কৃত্রিম মলদ্বার বানিয়ে সেখানে ব্যাগ লাগিয়ে দেওয়া হতো। মল ওই ব্যাগে জমা হতো এবং রোগীকে সময়মতো মাঝে মাঝে ব্যাগ পরিষ্কার করে নিতে হতো।

এ স্থায়ী ব্যাগ লাগানো অনেক রোগীর কাছে অগ্রহণযোগ্য, সামাজিকভাবে অমর্যাদাপূর্ণ, অরুচিসম্মত হিসেবে গণ্য করে এবং সে পরিপ্রেক্ষিতে যেভাবেই হোক রোগী স্থায়ী ব্যাগ পরিহার করার চেষ্টা করে। মলাশয় অথবা মলদ্বারের সাধারণ অসুখ যেগুলো ক্যান্সারের মতো মারাত্মক নয় যেমন- ফিশার, পাইলস, ইত্যাদির উপসর্গ এবং ক্যান্সারের উপসর্গ একই রকম হতে পারে।

রোগীর ইতিহাস, শারীরিক পরীক্ষা এবং কোলনস্কপি ও বায়োপসি করে রোগ নির্ণয়ের পর সিটি এবং এমআরআই দ্বারা স্টেজিং করার পরই চিকিৎসা প্রণালি নির্ধারণ করে চিকিৎসা শুরু করা হয়।

আগে প্রচলিত অথবা অত্যাধুনিক অস্ত্রোপচারেই মলাশয় এবং বৃহদন্ত্রের ক্যান্সারের চিকিৎসার মুখ্য পদ্ধতি। আধুনিক পদ্ধতিতে ল্যাপারস্কপি বা রোবটের মাধ্যমে অপারেশন করে আশপাশের গ্লান্ড যেখানে ক্যান্সার ছড়ানোর আশঙ্কা থাকে সেই গ্লান্ডসহ ক্যান্সারটিকে সম্পূর্ণ অপসারণ করা।
প্রায় নব্বই ভাগেরও বেশি ক্ষেত্রে পেট না কেটে ও মলদ্বার অপসারণ না করে ক্যান্সারটি সম্পূর্ণরূপে বাদ দেওয়া সম্ভব হয়। অপারেশানের আগে অথবা পরে কেমোথেরাপি অথবা/এবং রেডিওথেরাপির প্রয়োজন আছে কিংবা নেই সেটা নির্ভর করে ক্যান্সার স্টেজিংয়ের ওপর।

ল্যাপারস্কপির মাধ্যমে অস্ত্রেপচারের পর মলদ্বার অক্ষত থাকে, রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে, ক্যান্সার থেকে আরোগ্য পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এবং দ্রুত স্বাভাবিক কাজকর্ম ফিরে যেতে পারে।

শোয়েবকে তুলোধোনা করলেন আনুশকার ভক্তরা

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও তার স্বামী ক্রিকেটার বিরাট কোহলি তাদের মেয়ে ভামিকার ছবি প্রকাশ করতে চাচ্ছিলেন না।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে— কিন্তু শেষ রক্ষা হলো না, ভামিকার ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। এর পরেই পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা শোয়েব আখতারের মন্তব্য— বিয়ে করে বিপদে কোহলি।

শোয়েব আখতারের ওই মন্তব্যে বেজায় খেপেছেন আনুশকার ভক্তরা। কোহলির মাঠের পারফরম্যান্সকে ইঙ্গিত করে শোয়েবের ওই মন্তব্য ভালোভাবে নেননি সোশ্যাল মিডিয়ার একাংশ।

তাদের দাবি— শোয়েবের ওই উক্তি ‘বোকা যুক্তি’ ছাড়া আর কিছু নয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে— আনুশকার ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শোয়েবের মন্তব্যকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।

তাদের দাবি, বিরাট কোহলির ব্যক্তিগত জীবন নিয়ে শোয়েব মন্তব্য করেছেন শুধু দৃষ্টি আকর্ষণের জন্য। তার উচিত, ক্ষমা চাওয়া।

একজন নেটিজেন শোয়েবের মন্তব্যকে হাস্যকর উল্লেখ করে লিখেছেন— আনুশকা-কোহলির সম্পর্ক ২০১৩ সালে, বিয়ে করেছেন ২০১৭ সালে। শোয়েবের উচিত বিরাটের ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের রেকর্ড দেখা। ২০১৮ সালে ক্যারিয়ারের সেরা ফর্মে ছিলেন কোহলি।

পুরনো উদাহরণ টেনে ওই কোহলি ভক্ত আরও লিখেছেন— কপিল দেব বিয়ের পর ১৯৮৩ সালে বিশ্বকাপ জেতেন। বিয়ের পর ২০১১ সালে বিশ্বকাপ জেতেন ধোনি। বিয়ের পর ২০১৯ সালে বিশ্বকাপ জেতেন বিরাট। তা হলে বিয়ের সঙ্গে ক্রিকেটীয় পারফরম্যান্সের সম্পর্ক কোথায়, প্রশ্ন অন্তর্জালবাসীর।

ভারতীয় পত্রিকা দৈনিক জাগরণকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন, ‘আমি বিরাট কোহলির জায়গায় থাকলে বিয়ে করতাম না। শুধু রান করতাম ও ক্রিকেটটা উপভোগ করতাম। ক্রিকেটে ১০-১২ বছর একটা সেরা সময় যায়। এটি আর ফিরে আসে না।’

সাবেক এই গতি তারকা আরও বলেন, ‘আমি বলছি না বিয়ে করা ভুল। কিন্তু ও যেভাবে ভারতের হয়ে ভালো খেলছিল, সেটি আরও একটু উপভোগ করতে পারত। ভক্তরা কোহলির জন্য উন্মাদ। ২০ বছর ধরে ও যে ভালোবাসা পাচ্ছে, সেটি ওকে ধরে রাখতে হবে।’

প্রসঙ্গত ২০১৭ সালে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মাকে বিয়ে করেন কোহলি। গত বছরের ১১ জানুয়ারি মা-বাবা হয়েছেন এই দম্পতি।