শুক্রবার ,১২ জুন, ২০২৬
sbacbank
Home Blog Page 470

‘বিএনপি আস্তে আস্তে আবার উঁকি দিচ্ছে’

‘এখন বিএনপি আস্তে আস্তে উঁকি দিচ্ছে, বিএনপি এলাকায় আসার চেষ্টা করছে। কিন্তু এতদিন তাদের খবর ছিল না। গত নির্বাচনের সময় তাদের ধানের শীষের ক্যাম্পেইন করতে আমরা দেখেছি। কিন্তু গত ৩ বছর ধরে তাদের আর দেখা যায়নি। তারা বন্যার সময় ছিল না, ঘূর্ণিঝড়ের সময় ছিল না, গত দুই বছর করোনার সময়ও তাদের দেখা যায়নি। এখন আস্তে আস্তে তারা আবার উঁকি দিচ্ছে। বিএনপি জনপদে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের কঠোর হস্তে দমন করা হবে।’

শুক্রবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচু বাগান এলাকার একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুন সওদাগরের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদার।

প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন- উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক পৌরমেয়র মো. শাহজাহান সিকদার, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আলী শাহ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক চেয়ারম্যান ইদ্রিছ আজগর, সদস্য আকতার হোসেন খাঁন, উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মাস্টার আসলাম খাঁন, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, আবু তাহের, আরিফুল ইসলাম চৌধুরী, এমরুল করিম রাশেদ, শেখর বিশ্বাস, ইলিয়াছ কাঞ্চন চৌধুরী, আবু মনছুর, উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু প্রমুখ।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের প্রাণ হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা। তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগকে সমস্ত প্রতিকূলতার মধ্যেও ঠিকিয়ে রেখেছেন। আওয়ামী লীগের ইতিহাস লড়াই সংগ্রামের ইতিহাস। বাঙালির সমস্ত অর্জনের পেছনে জড়িয়ে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম। আওয়ামী লীগের নেতৃত্বে আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি, বঙ্গবন্ধুর হাত ধরে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি। বাংলাদেশ সৃষ্টির পর বঙ্গবন্ধু যখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠিত করে দেশকে যখন সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। তাকে হত্যার পর বাংলাদেশকে দীর্ঘ ২১ বছর পিছিয়ে দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর বাংলাদেশ আবার অগ্রগতি অর্জন করা শুরু করল।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের নেতাদের অনুরোধ জানাব- আপনারা মানুষের ঘরে ঘরে যান, আওয়ামী লীগের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে পরিবর্তনগুলো হয়েছে, সেই পরিবর্তনের কথাগুলো জনগণকে জানান। দলে মাদকাসক্তদের কোনো ঠাঁই হবে না, আমাদের দলে যারা ইয়াবা ব্যবসার সঙ্গে যুক্ত, যারা জায়গা দখলের সঙ্গে যুক্ত, চাঁদাবাজির সঙ্গে যুক্ত তাদের কোনো ঠাঁই হবে না। দলের নাম ব্যবহার করে কেউ যেন অপকর্ম করতে না পারে সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। নতুন কমিটিতেও তাদের জায়গা দেওয়া যাবে না। যেই নেতৃত্বের কোনো বদনাম কিংবা দুর্নাম নাই, তাদেরকেই দলে জায়গা দিতে হবে।’

শৃঙ্খলা ফেরাতে কঠোর বার্তা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংগঠনে শৃঙ্খলা ফেরাতে মনোযোগ দিয়েছে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্প্রতি কয়েকটি ঘটনায় বহিষ্কার ও কমিটি বিলুপ্তের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে অন্যদের কঠোর বার্তা দেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কোন্দল এবং দীর্ঘদিন সম্মেলন না হওয়াসহ নানা কারণে তৃণমূলে বিপর্যস্ত হয়ে পড়েছিল সংগঠনগুলো।

আন্দোলন-সংগ্রামের শক্তির উৎস এই সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজাতে আওয়ামী লীগের নীতিনির্ধারণী মহল থেকেও ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বলছেন, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যন্ত সংগঠনগুলোকে সুশৃঙ্খল করে ঢেলে সাজাতে চান তারা।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বৃহস্পতিবার বিকালে যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ সংগঠনের সম্মেলনের কাজ আমরা আগেই শুরু করেছিলাম। কিন্তু করোনার কারণে তা স্থগিত রাখতে হয়েছে। ২১ ফেব্রুয়ারির পরে যদি দেশের করোনা পরিস্থিতি উন্নতি হয় এবং সরকারি বিধিনিষেধ তুলে দেওয়া হয় তখন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের মেয়াদোত্তীর্ণ সংগঠনের পাশাপাশি সহযোগী সংগঠনগুলোকেও সম্মেলনের মাধ্যমে ঢেলে সাজানো হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই তা শেষ করা হবে।

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ২০২২ সালের মধ্যেই আমাদের সংগঠনকে নতুন করে ঢেলে সাজিয়ে শক্তিশালী করব। সেসঙ্গে তৃণমূল পর্যায়ে যেসব ছোটখাটো দ্বন্দ্ব বিভেদ আছে সেগুলো দূর করে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেব।

সহযোগী সংগঠনগুলোও তাদের কাজ এগিয়ে নিচ্ছে জানিয়ে তিনি বলেন, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ তাদের তৃণমূল গোছানোর কাজ করছে। ছাত্রলীগও তাদের মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলার কমিটি করছে। শিগগিরই ছাত্রলীগের কাউন্সিল হচ্ছে বলেও শোনা যাচ্ছে।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী মহিলা লীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, তাঁতিলীগ, যুব মহিলা লীগ ও মৎস্যজীবী লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন। এছাড়া জাতীয় শ্রমিক লীগ ও ছাত্রলীগ দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠন। আওয়ামী লীগের এই সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর প্রায় সবই অগোছালো।

এর মধ্যে যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতিলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ। ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের বর্তমান কমিটিরও মেয়াদ শেষ। দীর্ঘদিন আহ্বায়ক কমিটি দিয়েই চলছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

পালটাপালটি বহিষ্কারের পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে এক সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় শ্রমিক লীগের শীর্ষ দুই নেতা। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির মেয়াদ থাকলেও সারা দেশের বেশির ভাগ জেলা-উপজেলা এবং ওয়ার্ড ইউনিয়ন কমিটিরই মেয়াদ নেই।

সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা, নেতৃত্বদানে অযোগ্যতা এবং অদক্ষতার পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলা যুবলীগের কমিটি বৃহস্পতিবার বিলুপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেনের সিদ্ধান্তে সিরাজগঞ্জ জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়। এর আগে ৯ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হককে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

এ ছাড়া ৭ জানুয়ারি একই অভিযোগে পৌর ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান মতিন এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে সিটি নির্বাচন কেন্দ্র করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৮ জানুয়ারি বিলুপ্ত করা হয় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ কমিটি। সিটি নির্বাচনের দিন ১৬ জানুয়ারি বিকালেই বিলুপ্ত ঘোষণা করা হয় জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি। ১৮ জানুয়ারি বিলুপ্ত করা হয় মহানগর শ্রমিক লীগের কমিটি।

নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগে এই সংগঠনের নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং বিদ্রোহীদের পক্ষে কাজ করার অভিযোগে অনেকের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে কেন্দ্রীয়ভাবেও যেসব সংগঠনে শীর্ষ নেতাদের মধ্যে বিরোধ রয়েছে তাও দূর করতে চায় আওয়ামী লীগ। জাতীয় শ্রমিক লীগের শীর্ষ দুই নেতা সভাপতি নুর কুতুব আলম মান্নান ও সাধারণ সম্পাদক আজম খসরুর মধ্যে দীর্ঘদিন বিরোধ ছিল। একসঙ্গে বসে এতদিন কোনো অনুষ্ঠান করেননি তারা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কয়েকবার হুঁশিয়ারি দিলেও তারা চলছিলেন আগের মতোই।

সম্প্রতি সভাপতি-সাধারণ সম্পাদক দুজন দুজনকে পালটাপালটি বহিষ্কারও করেন। এই ঘটনার পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হলে ওই দুই নেতাকে ডেকে নিয়ে এক টেবিলে বসান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি দুই নেতার কাছে তাদের সমস্যার কথা শোনেন। পরে তিনি কঠোরভাবে সতর্ক করে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন। পরে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে যৌথ বিবৃতি দেন তারা।

জানতে চাইলে আ ফ ম বাহাউদ্দিন নাছিম যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। কোনো কোনো জায়গায় কারো কারো সঙ্গে কিছু বিরোধ রয়েছে। আমরা এগুলো দূর করার চেষ্টা করছি। জাতীয় শ্রমিক লীগ অনেক বড় সংগঠন। এখানে সভাপতি-সম্পাদকদের মধ্যে কিছু সমস্যা ছিল। পরে আমরা তাদের নিয়ে বসে তাদের কথা শুনেছি। তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছি।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক নেতা যুগান্তরকে বলেন, একসময় আওয়ামী লীগের আন্দোলন-সংগ্রামে শক্তির অন্যতম উৎস ছিল অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। কেন্দ্রের পাশাপাশি তারা সংগঠিত ছিল। আওয়ামী লীগের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে থাকত। কিন্তু এখন সেগুলো যেন আওয়ামী লীগের জন্য একটা দায় হয়ে পড়েছে। তারা আলাদা আলাদা বলয় তৈরি করছে। বিশেষ করে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই শুধু এ ধরনের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নাম আসছে।

জানা গেছে, আওয়ামী লীগের বিগত জাতীয় সম্মেলনের আগে মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন এবং দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দ্রুততম সময়ের মধ্যেই এ সংগঠনগুলোর সম্মেলনের আয়োজন করা হবে। একই সঙ্গে এসব সংগঠনের নিজেদের মধ্যকার এবং আওয়ামী লীগ বা দলের সহযোগী সংগঠনের সঙ্গে বিরোধ থাকলেও সেগুলো দূর করা হবে।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু যুগান্তরকে বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগ গঠন করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে কাজ করার জন্য। পাশাপাশি তারা রাজনৈতিক সংগঠন হিসাবে কর্মসূচিও পালন করবে। এখানে যদি সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজ কেউ করে তাহলে তো সেটা সংগঠনের নীতিবিরোধী হয়ে যায়। এ কারণে আমরা শৃঙ্খলার বিষয়গুলো সব সময় গুরুত্ব দিয়ে দেখি।

বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি যুগান্তরকে বলেন, আগামী নির্বাচন সামনে রেখে আমরা সারা দেশে কৃষক লীগকে সুশৃঙ্খল করে ঢেলে সাজানোর চেষ্টা করছি। আমরা দেশকে ১০টা জোনে ভাগ করে সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব দিয়ে কমিটি করে দিয়েছি। তিনি আরও বলেন, কৃষক লীগে আমরা চেষ্টা করেছি একেবারে ওয়ার্ড পর্যায় থেকে সম্মেলনগুলো করতে।

সার্চ কমিটির সঙ্গে প্রথম বৈঠকে যাচ্ছেন ২১ বিশিষ্ট ব্যক্তি

নির্বাচন কমিশন গঠনের অংশ হিসাবে বিশিষ্টজনদের পরামর্শ নিতে আজ দুদফা বৈঠকে বসতে যাচ্ছে সার্চ কমিটি। সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে প্রথম দফায় বৈঠক বসবে বেলা ১১টায়।

এতে বিশিষ্ট আইনজীবী, প্রশাসনের সাবেক শীর্ষ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্যে ২১ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রথম বৈঠকে আমন্ত্রণ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আব্দুল আজিজ ও আলী ইমাম মজুমদার, সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী এএফ হাসান আরিফ, ফিদা এম. কামাল, আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, মুনসুরুল হক চৌধুরী, ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, এমকে রহমান, ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান ও ড. আসিফ নজরুল, সাবেক অ্যাটর্নি জেনারেল এজি মাহমুদ আলী, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতা অধ্যাপক মাকসুদ কামাল, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ ও ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের (ফেমা) সভাপতি মুনিরা খান।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সম্প্রতি আইন পাশ করেছে জাতীয় সংসদ। আইনে বর্ণিত যোগ্যতা অনুযায়ী ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির নির্দেশনায় ৫ ফেব্রুয়ারি অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন হয়েছে।

তারই ধারাবাহিকতায় সার্চ কমিটি আজ বিশিষ্টজনদের সঙ্গে দুদফা বৈঠক করবে।

আকাশে রোদের ঝিলিক, দিনের তাপমাত্রা বাড়বে

সারা দেশে আকাশে রোদের ঝিলিক দেখা গেছে। দিনের বেলায় আগামী ৫-৬ দিন এমন আবহাওয়া বজায় থাকতে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শুক্রবার সীতাকুণ্ডে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ ছাড়া টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শিক্ষামন্ত্রীর সফরের আগে শাবি প্রক্টরকে অব্যাহতি

অবশেষে সরিয়ে দেওয়া হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) প্রক্টর আলমগীর কবিরকে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষামন্ত্রী সফরের একদিন আগে তাকে অব্যাহতি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন সাক্ষরিত এক অফিস আদেশে আলমগীর কবিরকে অব্যাহতি দেওয়ার তথ্য জানা গেছে। এই পদে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্যক্তিগত ও পারিবারিক কারণে প্রক্টরের পদ থেকে আলমগীর কবীরকে অব্যাহতি দেয়া হয়েছে উল্লেখ করে দেওয়া অফিস আদেশে বলা হয়েছে, এ পদে দায়িত্ব পালনের জন্য মো. ইশরাত ইবনে ইসমাইল বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। উপাচার্যের পাশাপাশি ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং প্রক্টরের পদত্যাগের দাবিও তোলেন তারা।

এদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে শাবি ক্যাম্পাসে যাচ্ছেন মন্ত্রী।

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মুজিবর রহমান শিক্ষামন্ত্রীর এই সফরের তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রী শুক্রবার সকাল ৮টার দিকে সিলেটের উদ্দেশে রওনা হবেন। বিশ্ববিদ্যালয়ে পৌঁছে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন তিনি।

আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ জানান, অধ্যাপক জাফর ইকবালের মাধ্যমে তারা মন্ত্রীর সফরের কথা জেনেছেন। এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকেও মন্ত্রীর আসার কথা জানানো হয়েছে। মন্ত্রীর এই সফরে বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের অপসারণের ইস্যু নিয়ে আলোচনা হবে বলে তারা আশা করছেন।

পাবিপ্রবিতে নিয়োগ বিতর্কে রিজেন্ট বোর্ড সভা পণ্ড

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নিয়োগ বিতর্কে ৬০তম রিজেন্ট বোর্ডের সভা পণ্ড হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১১টার দিকে এ সভার আয়োজন করা হয়। পরে সভা শুরু হলে নিয়োগসহ বেশ কিছু বিষয়ে জটিলতা দেখা দিলে উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী সভা স্থগিত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপাচার্যকে তার কক্ষে আটকে রাখেন। এমতাবস্থায় আগামী ২৪ ফেব্রুয়ারি রিজেন্ট বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টায় উপাচার্যের কক্ষে ৬০তম রিজেন্ট বোর্ডের সভা শুরু হয়। এ সভায় কিছু রুটিন বিষয় ছাড়াও ২০-৩০ জন নতুন নিয়োগ পাওয়া শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর অনুমোদনসহ প্রায় একই সংখ্যক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর আপগ্রেডেশন অনুমোদন হওয়ার কথা ছিল। কিন্ত নতুন নিয়োগ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় উপাচার্য দুপুর ১২টার দিকে সভা বাতিল ঘোষণা করেন।

বাংলা বিভাগের শিক্ষক ড. আ. আলিম গণমাধ্যমকে বলেন, সভা বাতিল হওয়ায় শিক্ষক ও কর্মকর্তারা উপাচার্যকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন।

পাবিপ্রবির প্রক্টর ড. হাসিবুর রহমান বলেন, কিছু বিষয় নিয়ে জটিলতা দেখা দেওয়ায় সভা বাতিল করা হয়। উপাচার্য অবরুদ্ধ হওয়ার মত কোনো ঘটনা ঘটেনি। একটি চক্র আগে থেকেই উপাচার্যের বিরুদ্ধে লেগে আছে। তারা এটিকে অতিরঞ্জিত করছে। আগামী ২৪ ফেব্রুয়ারি পুনারায় সভার তারিখ নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. বিজন কুমার বহ্ম জানান, অর্ধশতাধিক নিয়োগ, আপগ্রেডেশন ও শিক্ষকদের এমফিল পিএইচডি অনুমোদনের দাবি ছিল কর্মকর্তা-কর্মচারিদের। উপাচার্য নিয়োগ বোর্ডের সভাপতি। সভা স্থগিত হওয়ায় আপগ্রেডেশন প্রত্যাশি কিছু শিক্ষক-কর্মচারী ক্ষুব্ধ হয়ে উঠেন। তারা দাবি আদায়ের জন্য উপাচার্য কক্ষের সামনে সমবেত হন।

তিনি জানান, বিকাল সাড়ে ৩টা পর্যন্ত আলাপ আলোচনা চলছিল।

রিজেন্ট বোর্ড সদস্য ও পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু জানান, রিজেন্ট বোর্ড সভায় বেশ কয়েকজন সদস্য ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। উপাচার্য সভা বাতিল ঘোষণার পর তিনি সভাস্থল থেকে চলে আসেন। কিন্ত পরে হট্টগোলের খবর পেয়ে ক্যাস্পাসে যান এবং উপাচার্য সঙ্গে আলোচনা করার পর ২৪ ফেব্রুয়ারি রিজেন্ট বোর্ডের নতুন সভার তারিখ নির্ধারণ করা হয়।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) উপাচার্য ড.এম রোস্তম আলী জানান, রিজেন্ট বোর্ডের ৬০তম এ সভায় মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক তিনি রুটিন কাজ করেছেন। নিয়োগ বা অন্যান্য কোনো বিষয়ে আলাপ আলোচনা হয়নি।

তিনি আরও জানান, তাকে অবরুদ্ধ করা হয়নি। স্বাভাবিকভাবেই কাজকর্ম করছেন।

বিচারকের আসনে মেহজাবীন!

বর্তমান সময়ে নাটকের শীর্ষ অভিনেত্রীদের একজন হলেন মেহজাবিন। তবে নাটকে অভিনয় করার পাশাপাশি ভিন্নধর্মী নানা মাধ্যমে তার উপস্থিতি রয়েছে। এই অভিনেত্রী এবার আসছেন গানের প্রতিযোগিতার বিচারক হয়ে।

স্কয়ার গ্রুপের কর্মীদের নিয়ে আয়োজিত ‘সুরের সেরা’য় ১১ ফেব্রুয়ারি থাকছে ভালোবাসার গানের পর্ব। আর মেহজাবীন এই বিশেষ পর্বে অতিথি বিচারকের আসন অলংকৃত করবেন। তার সঙ্গে প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে সুরকার, সংগীতশিল্পী এস আই টুটুল, সংগীতশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম এবং সংগীত পরিচালক, সংগীতশিল্পী পিন্টু ঘোষ থাকছেন।

মেহজাবীন গানের মানুষ নন। তবে গান ভীষণভাবে ভালোবাসেন। মূল বিচারকেরা প্রতিযোগীদের গানের চুলচেরা বিশ্লেষণ করলেও মেহজাবীন দেখেছেন সবার আত্মবিশ্বাস, গানের উপস্থাপন, সর্বোপরি এক্স ফ্যাক্টর।

এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, একটি গ্রুপ অব কোম্পানিজের কর্মীদের নিয়ে একটি গানের রিয়েলিটি শো’র ভাবনাটিই অভিনব। আমি নিজেও যেহেতু রিয়েলিটি শো’য়ের আবিষ্কার, সে কারণেই প্রতিযোগীদের অনুপ্রেরণা দেয়া ও সাহস জোগানোর জন্য একটি বিশেষ পর্বের অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছি। এত ভালো প্রতিযোগী একটি কোম্পানিতে রয়েছেন, ভাবা যায় না। পুরো আয়োজনটি আমাকে মুগ্ধ করেছে।

এই বিশেষ পর্বে গানের লড়াইয়ে অংশ নেবেন স্কয়ার গ্রুপের আরিফুল, মুমু, হৃদয়, সুকান্ত, মুসা, মাসুদ রানা, শাহ আলম, রাহিমুল, শাখাওয়াত ও ফ্লোরেন্স। তাদের সঙ্গে মেহজাবীনকে নাচতে, এমনকি অভিনয় করতেও দেখা যাবে। পুরো আয়োজনের সঞ্চালকের দায়িত্বে থাকছেন উপস্থাপিকা মৌসুমী মৌ। প্রযোজনায় অজয় পোদ্দার। অনুষ্ঠানটি প্রচার হচ্ছে প্রতি শুক্র ও শনিবার, সন্ধ্যা সাড়ে ৭টায় মাছরাঙা টেলিভিশনে।

আমাকে নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে: নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা জারি করা হয়েছে। অর্থাৎ এর আগে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না জায়েদ খান বা নিপুণের কেউ।

১৩ ফেব্রুয়ারি শুনানি শেষে সিদ্ধান্ত আসবে কে হবেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। কিন্তু তার আগেই নাকি আদালতের আদেশ অমান্য করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন চিত্রনায়িকা নিপুণ। সরিয়ে দিয়েছেন আগের মেয়াদে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করা জায়েদ খানের নেমপ্লেট। এই পদে নিজের নামে নেমপ্লেটও বানিয়েছেন।

এফডিসিপাড়াসহ সিনেপ্রেমীদের মাঝে বৃহস্পতিবার থেকেই চলছে এই গুঞ্জন।

তবে এসব গুঞ্জনকে গুজব, মিথ্যা ও ভিত্তিহীন বলে জানালেন নিপুণ। আদালত অবমাননার প্রশ্নই উঠে না বলে জানালেন তিনি।

সব অভিযোগ অস্বীকার করে নিপুণ বললেন, ‘এগুলো মিথ্যে গুজব ছড়ানো হচ্ছে। আদালত অবমাননা করে ক্ষমতায় বসার কোনো কারণ নেই। বৃহস্পতিবার আমি কোনো দায়িত্ব পালন করিনি। সমিতির একজন সদস্য হিসেবে সারাদিন ছিলাম। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়েছি৷ কমিটির কেউ হিসেবে নয়। সমিতির একজন সদস্য হিসেবে গতকাল সাংগঠনিক সম্পাদক শাহনূরের জন্মদিন উদযাপন করেছি। কিন্তু একটা এজেন্ডা বাস্তবায়ন করতে আমাকে নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে।’

নিপুণ আরও বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আগামী ১৩ ফেব্রুয়ারি আদালত যে রায় দেবে তার দিকেই তাকিয়ে আছি।’

নেমপ্লেট বানানোর বিষয়ে নিপুণ বলেন, আমি যেদিন শপথ নেই সেদিনই আমার নেমপ্লেট তৈরি করা হয়েছিল।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হন জায়েদ খান।

কিন্তু নিপুণের অভিযোগের ভিত্তিতে জায়েদের প্রার্থিতা বাতিল করে শিল্পী সমিতির নির্বাচন সংশ্লিষ্ট আপিল বিভাগ। গত শনিবার সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভা শেষে নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন।

পরদিনই নিপুণসহ নতুন কমিটি শপথ নেয়। কিন্তু নিজের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন জায়েদ খান।

নিপুণের সাধারণ সম্পাদক পদ স্থগিত করে জায়েদের পদ বহাল রাখে হাইকোর্ট। সেই আদেশের বিপক্ষে আপিল করলে পদটিতে স্থগিতাদেশ দেন আদালত।

আগামী ১৩ ফেব্রুয়ারি নির্ধারিত হবে কে বসবেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে।

জাতীয় দলে ক্রিকেট খেলতে চাই: সাগর-রুনির ছেলে

সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি যখন নির্মম হত্যাকাণ্ডের শিকার হলে তাদের ছেলে মাহির সারোয়ার মেঘ মাত্র সাড়ে ৫ বছর বয়সে এতিম হয়ে যায়।

মেঘ আর সেই ছোট্টটি নেই। তার বয়স এখন সাড়ে ১৫ বছর। উচ্চতায় ৫ ফুট ৭ ইঞ্চি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইয়ুথ টাইগার অনূর্ধ্ব-১৬ জোনাল ক্রিকেট টুর্নামেন্টে খেলছে সে।

মেঘের স্বপ্ন- একদিন জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করবে। অলরাউন্ডার হতে লড়াই চালিয়ে যাচ্ছে মেঘ। তার প্রিয় ক্রিকেটার বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান।

তবে সাকিবের মতো স্পিনার নয় সে। পেস বোলিং অলরাউন্ডার সে। ব্যাটিংটা ভালোই জানা তার। তবে বোলিংটা একটু বেশি পছন্দ তার। এই বিভাগে বেশি আত্মবিশ্বাসী সে।

নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে মেঘ জানিয়েছে, ‘আমাকে নিয়ে বাবা-মায়ের স্বপ্নের কথা আমি জানি না। তখন তো আমি ক্রিকেট খেলা শুরু করিনি। এখন আমি লেখাপড়ার পাশাপাশি ক্রিকেটও খেলছি। আমার স্বপ্ন একদিন জাতীয় দলে খেলব। আমি যদি টানা এক বছর অনুশীলন করতে পারি তাহলে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে তো খেলতে পারবই তারপর জাতীয় দলেও খেলতে পারব ইনশাআল্লাহ। জাতীয় দলে খেলার সুযোগ পেলে বাবা-মা ওপার থেকেও অনেক খুশি হবেন। আমি তাদের খুশির জন্য জাতীয় দলে ক্রিকেট খেলতে চাই।’

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নির্মমভাবে হত্যা করা হয় সাগর সারোয়ার ও মেহেরুন রুনিকে। দীর্ঘ ১০ বছরেও বিচার হয়নি এই হত্যাকাণ্ডের। ৪৮ ঘণ্টার সেই বেধে দেওয়া সময় এখনও শেষ হয়নি। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন সাংবাদিকরা।

ফিফা র‍্যাংকিংয়ে উন্নতি আর্জেন্টিনার

গত বছরটা দারুণ কাটিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হারাতে পারেনি কেউ। তাতে কাতার বিশ্বকাপে অংশ নেওয়ার টিকিটও নিশ্চিত হয়ে যায়।

এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলে ২৮ বছরে দুঃখ ঘুচায় মেসির দল।

নতুন বছরেও সাফল্যের ধারাবাহিকতা দেখিয়েছে দলটি। লিওনেল মেসিকে ছাড়া গেলেও গত জানুয়ারিতে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলে জিতেছে আর্জেন্টিনা।

আর এতেই র‍্যাংকিংয়ের সেরা চারে ফিরে এসেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।

বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে চলতি বছরের প্রথম র‍্যাংকিং।

সেখানে দেখা গেল, চিলিকে ২-১ এবং কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার পয়েন্ট বেড়েছে ১৬.৪৮। আকাশি-সাদাদের মোট পয়েন্ট এখন ১৭৬৬.৯৯। এতে সামনে থাকা ইংল্যান্ডকে (১৭৫৫.৫২) পেছনে ফেলে র‍্যাংকিংয়ের সেরা চারে চলে এসেছে লিওনেল মেসির দেশ।

দীর্ঘ চার বছর পর সেরা চারে ফিরল আর্জেন্টিনা। সবশেষ ২০১৮ সালে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দলটি অবস্থান সেরা চারে। তবে সেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেওয়ায় এক ধাক্কায় সেরা দশের বাইরে চলে যায় আর্জেন্টিনা।

২০২২ সালে প্রকাশি প্রথম র‌্যাংকিংয়েও প্রথম অবস্থানে আছে বেলজিয়াম। তাদের পয়েন্ট ১৮২৮.৪৫। এরপর ব্রাজিল (১৮২৩.৪২) ও ফ্রান্সের (১৭৮৬.২৫) অবস্থান। এক ধাপ নেমে ইংল্যান্ডের অবস্থান পাঁচে।

র‍্যাংকিংয়ে ছয় থেকে দশে আছে যথাক্রমে ইতালি, স্পেন, পর্তুগাল, ডেনমার্ক ও নেদারল্যান্ডস।