শুক্রবার ,১২ জুন, ২০২৬
sbacbank
Home Blog Page 461

স্তন ক্যান্সারের ঝুঁকি কাদের বেশি

স্তন ক্যান্সার রোগীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বে প্রতি আটজন নারীর মধ্যে একজনের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে। হিসাবটি অবিশ্বাস্য মনে হলেও নানা সমীক্ষায় এই চিত্র উঠে এসেছে।

স্তন ক্যান্সার সম্পর্কে আগে থেকে সতর্ক না হলে বিপদ। বিশ্বব্যাপী প্রতি বছর ১০ লাখেরও বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। এদের মধ্যে প্রায় অর্ধেক রোগীই মারা যায়।

স্তন ক্যান্সারের ঝুঁকি নিয়ে বিস্তারিত জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের আবাসিক চিকিৎসক কাজী ইফতেখার উদ্দিন আহমেদ।

ঝুঁকিপূর্ণ কারা

* পারিবারিক ইতিহাস: যদি কারও মা, খালা, মেয়ে বা বোনের স্তন ক্যান্সার থাকে, তবে তারও স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে।

* বয়স: বেশিরভাগ স্তন ক্যান্সারই ৫০ বছরের পরে হয়ে থাকে।

* দেরিতে প্রথম সন্তান: যেসব নারী ৩৫ বছরের পর প্রথম গর্ভ ধারণ করে তাদের সাধারণত স্তন ক্যান্সারের ঝুঁকি থাকে।

* দীর্ঘদিন ইস্ট্রোজেন হরমোনের সংস্পর্শ : অল্প বয়সে মাসিক শুরু হওয়া, বেশি বয়সে মাসিক বন্ধ হওয়া বা মাসিক বন্ধ হওয়ার পর হরমোন থেরাপি নেওয়া স্তন ক্যান্সারের একটি সম্ভাব্য কারণ।

* স্থূলতা বা চর্বিজাতীয় খাদ্যাভ্যাস : অধিক ওজন এবং চর্বি জাতীয় খাবার, অ্যালকোহল ইত্যাদি এবং কায়িক পরিশ্রম না করা স্তন ক্যান্সারের কারণ হতে পারে।

স্তন ক্যান্সারের উপসর্গ

* স্তনের আকার অথবা আকৃতির পরিবর্তন হওয়া।

* স্তনে বা বগল তলায় শক্ত চাকা হওয়া যা সাধারণত ব্যথাবিহীন হয়।

* চামড়ার পরিবর্তন যেমন : চামড়া শক্ত হয়ে যাওয়া, চামড়ায় গর্ত হওয়া, চামড়া লাল হওয়া বা গরম হওয়া। অথবা চামড়া কমলার খোসার প্রকৃতি ধারণ করা।

* স্তনের বোঁটায় কোনো পরিবর্তন যেমন : বোঁটা ভেতর দিকে চলে যাওয়া, বোঁটা দিয়ে অস্বাভাবিক রক্ত বা পুঁজজাতীয় পদার্থ বের হওয়া।

চিকিৎসা

অপারেশন

ছোট অবস্থায় ধরা পড়লে সাধারণত শুরুতেই অপারেশন করে পুরো স্তন ফেলে দিতে হয়। তবে আংশিক স্তন ফেলেও চিকিৎসা সম্ভব, যদি ক্যান্সারের অন্যান্য চিকিৎসার ব্যবস্থা দেওয়া সহজতর হয়।

চাকা যদি বড় হয়ে যায় অথবা বগলের তলায়ও চাকার অস্তিত্ব ধরা পড়ে, তখন শুরুতেই অপারেশন করা হয় না। সেই ক্ষেত্রে কেমোথেরাপির মাধ্যমে চাকাকে ছোট করে সফল অপারেশনের জন্য যোগ্য করে তোলা হয়।

কেমোথেরাপি

রোগের শুরুতেই স্তন ক্যান্সার শুধু স্তনেই সীমাবদ্ধ থাকে না বলে ধারণা করা হয়। সে জন্য প্রায় প্রতিটি স্তন ক্যান্সারের রোগীর কেমোথেরাপি বা ওষুধের চিকিৎসার প্রয়োজন হয়।

অতিমাত্রায় হরমোন সংবেদনশীল টিউমার, অধিক বয়সে সব ক্ষেত্রে কেমোথেরাপির পরিবর্তে হরমোনথেরাপি দেওয়া যেতে পারে।

যাদের রোগ স্তন বা বগল তলা ছাড়াও দেহের অন্যান্য অঙ্গ যেমন— ফুসফুস, লিভার ইত্যাদিতে ছড়িয়ে পড়েছে, তাদের চিকিৎসা কেবল কেমোথেরাপি বা অন্যান্য ওষুধের চিকিৎসা।

রেডিওথেরাপি

উচ্চমাত্রায় এক্স-রে দ্বারা ক্যান্সার কোষকে ধ্বংস করাকে রেডিওথেরাপি বলে। স্তন ক্যান্সারে আক্রান্ত অধিকাংশ রোগীরই রেডিওথেরাপির প্রয়োজন হয়। যাদের রোগ কোথাও ছড়ায়নি তাদের আরোগ্য করার জন্য রেডিওথেরাপি দেওয়া হয়। আর যাদের রোগ ব্রেইন বা হাড়ে ছড়িয়ে পড়েছে, তাদের উপশম করার জন্য রেডিওথেরাপি দেওয়া হয়।

অন্যান্য চিকিৎসা

হরমোনথেরাপি

হরমোন সংবেদনশীল টিউমারকে চিকিৎসার জন্য শরীরে সংশ্লিষ্ট হরমোনের নিঃসরণ বন্ধ করে দেওয়া হয়।

ইমিউনোথেরাপি

কোনো কোনো স্তন ক্যান্সার রোগীর টিউমারে কোনো কোনো প্রোটিনের উপস্থিতি অতিমাত্রায় দেখা যায়, যেমন— (HER-2)। সে ক্ষেত্রে ওই প্রোটিনের বিপরীতে ওষুধ প্রদান করলে ভালো ফল পাওয়া যায়।

স্তনে ব্যথা হওয়ার কারণ ও প্রতিকার

নারীরা মাঝেমধ্যেই স্তনে ব্যথা অনুভব করেন। স্তনে ব্যথা করলে অনেক নারীই ভাবেন তার হয়তো স্তন ক্যান্সার হয়েছে। স্তন ব্যথা অধিকাংশ ক্ষেত্রে এ রোগের সঙ্গে সম্পর্কিত নয়। স্তন ব্যথার সঠিক কারণ জানা থাকলে অহেতুক আতঙ্ক দূর হবে।

স্তন ব্যথা হরমোনের পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট। আবার কিশোরীদের মাসিকের সময়ও এই ব্যথা হতে পারে। স্তন ব্যথার কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত জানিয়েছেন ইবনেসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আজিজুর রহমান।

স্তনে ব্যথা আঘাতের কারণে হতে পারে কিংবা অন্য কোনো কারণেও হতে পারে। দেহে হরমোনের পরিবর্তনে কিশোরী মেয়েদের যখন পিরিয়ড হয় প্রকৃতিগতভাবেই তারা তাদের স্তনে হালকা ব্যথা অনুভব করে থাকেন। অনেক সময় পিরিয়ড হওয়ার আগেও স্তনে ব্যথা হয়। পিরিয়ড হওয়ার আগে ও পরে দেহে হরমোনের পরিবর্তনের কারণেই এ ব্যথা হয়ে থাকে। তাই ভয়ের কোনো কারণ নেই। পিরিয়ড শেষ হয়ে গেলে এ ব্যথা থাকে না।

গর্ভকালীন গর্ভধারণের সময় নারীরা স্তনে ব্যথা অনুভব করেন। সাধারণত গর্ভবতীর গর্ভাবস্থা তিন মাস চলাকালীন স্তনে ব্যথা হওয়া শুরু হয়। তখন স্তনের আকার বৃদ্ধি পায় এবং অনেক সময় স্তনের ওপর দিয়ে নীলশিরা দেখা যায়, এর কারণ তখন দেহে অনেক বেশি পরিমাণে রক্ত প্রবাহ হতে থাকে ও হরমোনের পরিবর্তন ঘটে। অনেক সময় নারীদের স্তনে প্রদাহজনিত সমস্যা হয়। এটি ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাসের আক্রমণে হয়ে থাকে। এ সময় অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এ ব্যথা থেকে জ্বরও আসতে পারে। ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।

স্তনের ভেতর এক ধরনের সিস্ট হতে পারে, এর ভেতর তরল জাতীয় পদার্থ থাকে এবং এর নাম ব্রিজসিস্ট। স্তনের গ্রন্থি যখন বৃদ্ধি পায় তখন অনেক সময় এ সিস্ট দেখা দেয়। সিস্টের কারণে স্তনে ব্যথা হয়। যখন সিস্টের আকার বৃদ্ধি পায় তখন আপনি নিজেও বুকে হাত দিয়ে এ সিস্ট অনুভব করতে পারবেন। সিস্ট অনুভব করতে পারলে অতি শিগগির স্তন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত।

মা হওয়ার পর সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময়ও অনেক নারী স্তনে ব্যথা পেয়ে থাকেন। বাচ্চাকে দুধ খাওয়ানোর আগে ও পরে সব সময় স্তন পরিষ্কার করে নেয়া ভালো। এতে ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাস হওয়ার আশঙ্কা থাকে না। অনেক সময় স্তনে ঘা হয়ে থাকে যার কারণে স্তনে ব্যথা হয়। এ সমস্যাটি হয় যখন স্তনের নিপলে ব্যাকটেরিয়া দেখা দেয় এবং বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় যখন ভাইরাস আক্রমণ করে।

এ সমস্যায় অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত। বুকে ব্যথা হওয়ার মারাত্মক কারণ হল স্তন ক্যান্সার। স্তনে ব্যথা অবিরত তখন হবে যখন আপনি দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারে ভুগবেন।

কী করবেন

জীবন চর্চায় কিছুটা পরিবর্তন এনে স্তনে ব্যথা হওয়ার প্রবণতা কমে আসতে পারে। যেমন-

* স্তনের মাপ অনুযায়ী ব্রা পরুন। ছোট মাপের ব্রা এড়িয়ে চলুন।

* স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন যাতে চর্বি কম ও পুষ্টি বেশি থাকে।

* দেহের ওজন নিয়ন্ত্রণে রাখুন তাহলে আপনার দেহে হরমোন পরিবর্তনের সমস্যা দূর হবে।

* ভিটামিন বি৬, ভিটামিন বি১ (থায়ামিন) এবং ভিটামিন ই এসব উপাদান দেহের জন্য দরকার। এ উপাদানসমৃদ্ধ খাদ্য গ্রহণ করা উচিত।

এইচএসসিতেও উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে প্রতিবন্ধী দীপা

২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলাকে একমাত্র জিপিএ-৫ উপহার দিয়েছিল শারীরিক ও মানসিক প্রতিবন্ধী দীপা নন্দী। পিইসি এবং জেএসসি পরীক্ষাতেও তার ঝুলিতে জমা পড়েছিল জিপিএ-৫। ২০১৯ সালে পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয় সে।

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও ফের ঈর্ষান্বিত সাফল্য পেয়েছে শারীরিক প্রতিবন্ধী দীপা নন্দী। সব বাধা ছাপিয়ে আবারো বাজিমাৎ করেছে শারীরিক প্রতিবন্ধী দীপা নন্দী। সে ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের ব্যবসায়িক শিক্ষা শাখা থেকে জিপিএ-৫ পেয়েছে। উপজেলায় সেই একমাত্র জিপিএ-৫ পেয়েছে।

শারীরিক প্রতিবন্ধকতা আর অভাব যেন কোনোভাবেই দমাতে পারেনি দীপা নন্দীকে। মামা-মামির অভাবের সংসারে আবারো জিপিএ-৫ এনে দিয়েছে অদম্য এ তরুণী। এসএসসির পর এবারো পুরো উপজেলায় এইচএসসিতেও জিপিএ-৫ পাওয়া একমাত্র শিক্ষার্থী দীপা নন্দী।

খোঁজ নিয়ে জানা গেছে, মা মানসিক ভারসাম্যহীন। জন্মদাতা বাবা থেকেও না থাকার মতো। রাখেন না কোনো খোঁজখবর। ছোটবেলা থেকেই মামা-মামির অভাবের সংসারে বড় হয়েছেন। তাদের অনুপ্রেরণা ও উৎসাহে এ পর্যন্ত এসেছেন দীপা। সব বাধা ঠেলে স্বপ্নের পথ ধরেই ছুটে চলেছেন শারীরিক প্রতিবন্ধী দীপা নন্দী। অভাবে পিছুটান থাকলেও চালিয়ে গেছেন পড়ালেখা। আর অধ্যবসায়ের ফলে বারবার ঈর্ষান্বিত সাফল্যও পেয়েছেন অদম্য এ শিক্ষার্থী।

দীপা নন্দীর এমন সাফল্যে উচ্ছ্বসিত তার মামি চুমকি বিশ্বাস বলেন, অদম্য অভিপ্রায় আর কঠোর অধ্যবসায়ই দীপার সাফল্যের নেপথ্য রহস্য। ভালো রেজাল্টের পর হতাশা বেড়েছে। যেখানে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা সেখানে তাকে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ানোর মতো সামর্থ্য আমাদের কোথায়। তবে দীপাকে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য বিত্তবানদের পাশে চান চুমকি বিশ্বাস।

কারো সহায়তা ছাড়া দীপার স্বপ্ন অধরাই রয়ে যাবে এমন শঙ্কা প্রকাশ করে মামা সঞ্জয় দাশ বলেন, স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে দীপা এখন বিশ্ববিদ্যালয়ে পা বাড়াবে। দীপার ইচ্ছে ব্যাংকার হওয়ার। তবে তার স্বপ্ন পূরণে বড় বাধা আর্থিক অনটন।

পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা জানান, দীপা নন্দী অত্যন্ত মেধাবী। শারীরিক প্রতিবন্ধী হলেও অত্যন্ত পরিশ্রমী। অদম্য ইচ্ছাশক্তি আর অধ্যবসায়ের ফলে সে বারবার সাফল্য ছুঁয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দীপার উচ্চশিক্ষার জন্য সমাজের সুহৃদদের এগিয়ে আসার আহবান জানান জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, দীপার এমন সাফল্য একইসাথে আনন্দের, অনুকরণীয় এবং ঈর্ষান্বিত। সহায়তা পেলে ভবিষ্যতে আরও ভালো করবে সে। আমরা সবসময় তার পাশে থাকব।

শাবিতে অনলাইনে ক্লাস শুরু

প্রায় একমাস বন্ধ থাকার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ফের অনলাইনে ক্লাস শুরু হয়েছে। এছাড়া স্নাতক প্রথম বষের্র পঞ্চম ধাপের ভর্তি বুধবার থেকে শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। এর আগে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়া হয়। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা আছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের পঞ্চম ধাপের ভর্তি বুধবার থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

এছাড়া এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত এ-১ ইউনিটে মেধাক্রম ৪১৫৬-৫৩৫৫ পর্যন্ত ও দুপুর ১টায় একই ইউনিটের ৫৩৫৬-৬১৫৫ পর্যন্ত মেধাক্রমে থাকা শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।

অন্যদিকে আগামীকাল বৃহস্পতিবার সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ থেকে সকাল ৯টায় ১১২১-১৬২০ পর্যন্ত, বাণিজ্য বিভাগের ৩৬৪-৪৬৩ পর্যন্ত, মানবিক বিভাগের ১২৭৫-১৪৭৪ পর্যন্ত মেধা তালিকায় অবস্থানকারী শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে। ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য এই ওয়েবসাইট admission.sust.edu.bd থেকে জানা যাবে।

একে একে সংগীতের ৩ নক্ষত্রের পতন

লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই এবার না ফেরার পথে যাত্রা করলেন উপমহাদেশের আরেক প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী।

মাত্র ১০ দিনের ব্যবধানে ভারতীয় সংগীত জগতের তিন নক্ষত্রের পতন হয়েছে।

‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’ রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাতে মুম্বাইয়ের ক্রিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

অসংখ্য বাংলা ও হিন্দি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া বাপ্পি লাহিড়ী একাধারে ছিলেন গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও গায়ক। সংগীতাঙ্গনে তিনি বাপ্পি-দা নামেও সমধিক পরিচিত ছিলেন।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ৯০ বছর বয়সে প্রবাদপ্রতিম সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর গত ৬ ফেব্রুয়ারি আরেক কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যু হয়।

আর এর মাধ্যমে মাত্র ১০ দিনের ব্যবধানে ভারতের সংগীতাঙ্গনে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়।

বাপ্পি লাহিড়ীর শেষ ইনস্টাগ্রাম পোস্টে যা ছিল

মৃত্যুর মাত্র দুদিন আগে ইনস্টাগ্রামে শেষ পোস্ট দিয়েছিলেন ভারতের কিংবদন্তি গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী। ৬৯ বছর বয়সে মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তার।

সবশেষ ইনস্টাগ্রাম পোস্টে নিজের সংগ্রহে থাকা পুরনো একটি ছবি শেয়ার করেন। ছবিতে সানগ্লাস আর স্বর্ণের চেইন পরা ওই ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন— ‘ওল্ড ইজ অলওয়েজ গোল্ড’।

তিনি ১৯৭০-৮০ দশকের শেষের দিকে চলতে চলতে, ডিস্কো ড্যান্সার এবং শারাবির মতো বেশ কয়েকটি ছবিতে আইকনিক গান পরিবেশনের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তার শেষ বলিউড গান ছিল ২০২০ সালের বাঘি ৩ ভঙ্কাস।

সংগীত জগতে একের পর এক তারকা পতন, লতা মঙ্গেশকরের পরই সন্ধ্যা মুখোপাধ্যায়, সেই শোক কাটতে না কাটতেই প্রয়াত সুরকার, গীতিকার বাপ্পি লাহিড়ী। হিন্দি গান থেকে শুরু করে বাংলা গানের জগতে একের পর এক হিট গান উপহার দিয়ে সাধারণের মনে যার সদা উপস্থিতি।

চিকিৎসারত ডা. দীপক নমজোশির বলেন, তিনি এক মাস হাসপাতালে চিকিৎসারত ছিলেন। সোমবারই দেওয়া হয়েছিল হাসপাতালের পক্ষ থেকে ছুটি। তবে মঙ্গলবারই শারীরিক অবস্থার অবনতি ঘটে, পরিবারের তরফ থেকে ডাক্তারকে বাড়িতেই ডেকে পাঠানো হয়। ডাক্তারের পরামর্শ তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করে পরিবার। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সমস্যা থাকায় দ্রুত চিকিৎসা শুরু করা হয়। অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়াতে মৃত্যু ঘটে বাপ্পি লাহিড়ীর। মধ্যরাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এমবাপ্পের গোলে রিয়ালকে হারাল পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। ম্যাচের অন্তিম সময়ে এমবাপ্পে জয়সূচক একমাত্র গোলটি করেন।

আলোচিত এ ম্যাচে মেসির পেনাল্টি মিস বাদে নজর কেড়েছেন এমবাপ্পে। দীর্ঘদিন পর যেন স্বরূপে ফিরলেন ফ্রেঞ্চ তারকা।

ম্যাচের ৬১ মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে দানি কারভাহাল ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে ভুল করেননি। সেটা নিতে দেওয়া হয় পিএসজির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে। আর্জেন্টাইন তারকার সেই পেনাল্টি ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। শুধু পেনাল্টিই না, এ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করছেন বেলজিয়ান এ তারকা। পিএসজির নেওয়া ছয়টি শটই পরাস্ত করেছেন তিনি।

শুরু থেকে পিএসজি বলের দখলে পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল। টনি ক্রুস, লুকা মদ্রিচ আর ক্যাসেমিরোকে নিয়ে গড়া রিয়াল মাদ্রিদের মাঝমাঠকে অনেকটাই শাসাচ্ছিলেন মার্কো ভেরাত্তি ও লিয়ান্দ্রো পারেদেসরা। তার সুফলটা ভোগ করছিল এমবাপ্পে। বাঁ পাশে শুরু থেকেই গতি দিয়ে ত্রাস ছড়িয়েছেন মাদ্রিদ রক্ষণে।

পঞ্চম মিনিটে পিএসজি প্রথম বড় সুযোগ পায় তার কল্যাণেই। তবে তার নিচু ক্রসটায় দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আনহেল ডি মারিয়া, লক্ষ্যভ্রষ্ট শটে গোল পাওয়া হয়নি তার।

এরপর বিরতির আগ পর্যন্ত পিএসজি এমন আক্রমণে উঠেছে বহুবার। তবে গোলমুখে গিয়েই বাধে যত বিপত্তি।

রিয়াল রক্ষণের কৃতিত্বও আছে বৈকি। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শেষ তিন অ্যাওয়ে ম্যাচে গোল হজম না করা রক্ষণভাগ এদিনও ছিল নিজেদের ছন্দে। গোলরক্ষক থিবো কোর্তোয়া তো ছিলেনই! ফলে বিরতির আগে আর গোলের দেখা পায়নি পিএসজি।

রিয়াল বিরতির আগ পর্যন্ত তেমন আক্রমণই করতে পারেনি। ফলে অপরপ্রান্তে গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমাকে কাটাতে হয়েছে অলস সময়ই। বিরতির পর পিএসজি আক্রমণের ধার বেড়েছে। ৪৫ থেকে ৫২ মিনিটে দুটো সেভ দিয়ে দলকে রক্ষা করেছেন কোর্তোয়া।

৬০ মিনিটে পেনাল্টি মিসের কিছু পরে কোচ মরিসিও পচেত্তিনো নেইমারকে মাঠে আনেন। তাতে পিএসজির আক্রমণে বাড়ে আরও। শেষ মুহূর্তে তার ঝলকেই পিএসজি পায় গোল। তার ব্যাকহিল বক্সের ভেতর খুঁজে পায় এমবাপ্পেকে, ফরাসি তারকা এরপর দুটো চ্যালেঞ্জ এড়িয়ে এগিয়ে যান বাইলাইনের কাছে। সেখান থেকে নিচু এক শটেই পরাস্ত করেন রিয়াল গোলরক্ষককে। পুরো ম্যাচে ছড়ি ঘোরানো পিএসজি শেষ মুহূর্তের গোলে পায় দারুণ এক জয়।

হ্যাটট্রিক জয়ে সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া

শ্রীলংকার বিপক্ষে টানা তিন ম্যাচ জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া।

মঙ্গলবার ক্যানবেরায় তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪০ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে শ্রীলংকা। অধিনায়ক দাসুন শানাকার ৩৮ বলের অপরাজিত ৩৯ রানের সুবাদে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১২১ রান তুলে শ্রীলংকা।

টার্গেট তাড়া করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল ও অধিনায়ক অ্যারন ফিঞ্চের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৩৯ ও ৩৫ রান করেন ম্যাক্সওয়েল ও ফিঞ্চ।

দুর্দান্ত বোলিংয়ে ২১ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন অজি তারকা কেন রিচার্ডসন।

রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানচাপায় নানি-নাতি নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নানি-নাতি নিহত হয়েছেন। এসময় ছয়জন আহত হয়েছেন।

বুধবার সকাল ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহরাবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার কিষ্টবাজার এলাকার আব্দুল হামিদের স্ত্রী মুর্তুজা খাতুন (৬০) ও তা নাতি ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে জান্নাত (৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহরাবাড়ি নামকস্থানে পারাপারের সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ওই নানি-নাতিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নানি ও নাতির মৃত্যু হয়।

এদিকে দ্রুত বেগে অতিক্রম করার সময় একই পথগামী একটি পিকআপভ্যানকে চাপা দেয় অপর একটি বাস। এতে কাভার্ডভ্যানটি রাস্তার পাশে উল্টে যায়।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহে সিএমএইচে পাঠানো হয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি আলী হোসেন জানান, কাভার্ডভ্যানচাপায় দুজন নিহত হওয়ার পর পেছনের একটি বাস চাপা দেয়। এতে কাভার্ডভ্যানটি রাস্তার পাশে উল্টে গেলে ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. তুষার জানান, সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে এক চিকিৎসকের তত্ত্বাবধানে ময়মনসিংহ সিএমএইচে পাঠানো হয়েছে।

হিলিতে বৃষ্টির আভাস

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলাসহ আশপাশের এলাকাগুলোতে গত পাঁচ দিন থেকে বেড়েছে তাপমাত্রা। মধ্যরাত থেকে হালকা কুয়াশার দেখা মিললেও সকাল থেকেই সূর্যের দেখা মিলছে। সূর্যের তাপও রয়েছে বেশি। তবে আগামী সপ্তাহে আবারও বৃষ্টির আভাস রয়েছে।

বুধবার সকালে শীতের প্রকোপ ছিল অনেকটাই কম। তাই কাজে ফিরেছেন সব শ্রেণির মানুষ।

ইটভাটার শ্রমিক আনিসুর রহমান জানান, গেল সপ্তাহে অতিরিক্ত শীত এবং ঘন কুয়াশার কারণে ভালোভাবে কাজ করতে পারিনি। সংসারে পাঁচ সদস্য। গরিব মানুষ কাজ না করলে ভাত জোটে না। এখন শীত কম কাজে তেমন অসুবিধা হচ্ছে না।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, আগামী কয়েক দিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক এবং সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে। তবে আগামী সপ্তাহের শুরুতেই (২০ বা ২১ ফেব্রুয়ারি) আবারও দেশের কিছু কিছু স্থানে বৃষ্টির আভাস রয়েছে।