শুক্রবার ,১৪ আগ, ২০২৬
sbacbank
Home Blog Page 336

ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ ছাত্রীর, নিয়োগ স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অধ্যাপকের বিরুদ্ধে নিয়োগপ্রার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ অভিযোগ পাওয়ার পর ওই বিভাগের প্রভাষক পদে নিয়োগ স্থগিত করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষকের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আকরাম হোসেন। নিজ বিভাগের এক ছাত্রী তার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন, যিনি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন। তবে ছাত্রীর অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আকরাম হোসেন।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হয়। সভা সূত্র জানা যায়, সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের দুজন সহকারী অধ্যাপক এবং দুজন লেকচারার নিয়োগের সিলেকশন বোর্ডের সুপারিশ উপস্থাপন করা হয়। সিলেকশন বোর্ডের সহকারী অধ্যাপক পদের সুপারিশ গ্রহণ করেছে সিন্ডিকেট। কিন্তু লেকচারার (প্রভাষক) পদের নিয়োগ স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, লেকচারার পদের মধ্যে একজন আবেদনকারীর বিবিএ এবং এমবিএ দুটোতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট। তিনি তার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আকরাম হোসেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন। তার কাছে যৌন নিপীড়নের অডিও রেকর্ডসহ সব কিছু আছে বলেও জানিয়েছেন ওই ছাত্রী। পরে এ বিষয়ে সিন্ডিকেটের সভাপতি ও সব সিন্ডিকেট মেম্বারকে তিনি চিঠিও দিয়েছেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে লেকচারার পদের নিয়োগ স্থগিত করা হয়েছে।

সূত্র আরও জানায়, অধ্যাপক ড. মো. আকরাম হোসেনের যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখতে এদিনই বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে পাঠানো হয়েছে। এখন যৌন নিপীড়ন সেল তদন্ত করে সিন্ডিকেটকে রিপোর্ট দিলে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে ভুক্তভোগী শিক্ষার্থীর মুঠোফোনে ফোন দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া গেছে।
অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড. মো. আকরাম হোসেন যুগান্তরকে বলেন, ওই শিক্ষার্থী দুটি অভিযোগ দিয়েছিলেন। একটি ২০১৯ সালে আর অন্যটি নিয়োগের সুপারিশের পরের দিন। কিন্তু তার দুটি অভিযোগপত্রের মধ্যে মিল নেই। শিক্ষার্থীর অভিযোগের কপি দুটি পড়লে বোঝা যায় যে, ওই শিক্ষার্থী বিচার চান না, চাকরি চান। তার চাকরি হলে আর অভিযোগ থাকবে না। এসব অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। শিক্ষকদের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার বলেও অভিযোগ করেন অধ্যাপক আকরাম।

জানতে চাইলে নিয়োগ বোর্ডের সভাপতি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল যুগান্তরকে বলেন, নিয়োগে কোনো বৈষম্য হয়নি। সর্বোচ্চ সিজিপিএধারী দুজনকে নিয়োগ বোর্ড সম্মতিক্রমে নিয়োগের সুপারিশ করেছে। সুপারিশ করার পর দিন এসে একজন প্রার্থী অভিযোগটি করেছেন। সিন্ডিকেট সে জন্য নিয়োগটি আপাতত স্থগিত রেখেছে।

বিশ্বসেরা গবেষকের তালিকায় রাবির ৯৭ শিক্ষক

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ৯৭ জন শিক্ষক। সম্প্রতি এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের সাত লাখ ২৯ হাজার গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন। আন্তর্জাতিক মানের এ সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। এডি সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২২ এর তালিকায় বাংলাদেশের দুই হাজার ৭৭১ জন গবেষক স্থান পেয়েছেন। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন রাবির বিভিন্ন বিভাগের ৯৭ জন শিক্ষক।

তালিকায় রাবি গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশের মধ্যে ২০ স্থানে রয়েছেন ফলিত গণিত বিভাগের অধ্যাপক মো. আলি আকবর, দ্বিতীয় ও ২৮তম স্থানে রয়েছে ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. ইয়ামিন হোসাইন তৃতীয় ও ৩১তম স্থানে রয়েছেন জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ.এইচ.এম মাহবুবর রহমান, চতুর্থ ও ৪০ তম স্থানে রয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আশিক মোসাদ্দেক, পঞ্চম ও ৪২তম স্থানে রয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. খালেদ হোসাইন।

সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে।

কোথায় ঈদ করছেন শাকিব খান?

ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান ছয় মাস ধরে দেশের বাইরে। মার্চে ৪৩তম জন্মদিনটাও যুক্তরাষ্ট্রে পালন করেছেন। ঈদুল ফিতর সামনে রেখে তার ভক্ত-শুভানুধ্যায়ীদের প্রশ্ন— ঈদটাও কি বিদেশের মাটিতেই কাটাবেন দেশসেরা নায়ক?

যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডের আবেদন করেছেন শাকিব। এর আগে একাধিকবার দেশে ফেরার কথাও জানিয়েছেন। সবশেষ ঈদ করতে ও সিনেমায় প্রচারে অংশ নিতে ২৫ এপ্রিল দেশে ফেরার কথা ছিল এ নায়কের।

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিবের ‘গলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু সেই খবর জানিয়েছিলেন।

কিন্তু সম্প্রতি জানা গেছে, শাকিব ঈদুল ফিতর আমেরিকায় করবেন।

জানা গেছে, নতুন সিনেমা ‘রাজকুমার’র শুট দ্রুতই শুরু করতে যাচ্ছেন শাকিব। গানের শুট দিয়ে দৃশ্যধারণ শুরু হবে, এরই মধ্যে লোকেশন দেখা শেষ। ছবিটি নিজেই প্রযোজনা করছেন এ নায়ক।

৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন শাকিব। নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়।

একটি সূত্র জানিয়েছে, ঈদের আগে দেশে এসে শাকিবের উদযাপনের কথাটা কৌশলগত কারণে ছড়ানো হয়েছিল। কারণ ‘আগুন’, ‘আমি নেতা হবো’সহ বেশ কিছু কাজ আটকে আছে শাকিবের জন্য।

জানা যায়, ঈদের পর জুলাইয়ের প্রথম সপ্তাহে আমেরিকার বঙ্গ সম্মেলনে অংশ নেবেন শাকিব খান। এর পর শুরু করবেন ‘রাজকুমার’ ছবির শুটিং, যা চলবে আগস্ট পর্যন্ত। এর পর ডাবিংসহ সম্পাদনায় শাকিব নিজে উপস্থিত থাকবেন। আর হিমেল আশরাফ পরিচালিত এ ছবিটি মুক্তি পাবে বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর।

গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। তার শিগগিরই দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ।

আসছে ‘অ্যাভাটার ২’, মুক্তির তারিখ জানালেন জেমস ক্যামেরন

২০০৯ সালে বিশ্ব সিনেমায় সুনামি তোলা ‘অ্যাভাটার’ সিনেমার সিকুয়েল আসছে। যাকে শুরু থেকেই ‘অ্যাভাটার ২’ বলা হচ্ছে।

তবে এবার নতুন পর্ব আসছে জানিয়ে সিনেমার নাম ঘোষণা করলেন পরিচালক জেমস ক্যামেরন।

হলিউডের খবর, কল্পবিজ্ঞানভিত্তিক এই সিনেমার নাম দেওয়া হয়েছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। এটি মুক্তি পাবে আগামী ১৪ ডিসেম্বর। বৃহস্পতিবার লাস ভেগাসের সিনেমাকন কনভেশন হলে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির নাম, লোগো ও মুক্তির তারিখ প্রকাশ করা হয়েছে।

অর্থাৎ দীর্ঘ ১৩ বছর পর ‘অ্যাভাটার’ সিনেমার নতুন দ্বিতীয় পর্বটি উপভোগ করতে যাচ্ছে সিনেপ্রেমীরা।

এক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে নতুন পর্বটির কয়েকটি দৃশ্যও দেখিয়েছেন নির্মাতা জেমস ক্যামেরন। সেখানে উপস্থিত ছিলেন প্রযোজক জন ল্যান্ডউ।

জেমস ক্যামেরন বলেছন, ‘আমি চেয়েছিলাম প্যান্ডোরাতে আমাদের প্রত্যাবর্তন সত্যিই বিশেষ কিছু হোক। প্রতিটি শট সবচেয়ে বড় স্ক্রিন, সর্বোচ্চ রেজোলিউশন এবং থ্রি-ডি উপভোগের কথা মাথায় রেখে করা হয়েছে।’

‘অ্যাভাটার’-এর মতো এই সিনেমাতেও জ্যাক সুলি ও নাভি নেইতিরির ভূমিকায় থাকছেন স্যাম ওয়ার্থিংটন ও জো সালদানা। এবারের পর্বে যুক্ত হয়েছেন টাইটানিক খ্যাত তারকা কেট উইন্সলেট। এছাড়াও থাকছেন স্টিফেন ল্যাং, সিগার্নি ওয়েভার ও ভিন ডিজেলের মতো তারকারা।

ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাসেজ সিরিজ হারের পর থেকেই সমালোচনার মুখে পড়ে যান ইংলিশ অধিনায়ক জো রুট। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টেস্টে ১-০ হেরে যাওয়ার পর অধিনায়কত্ব টিকিয়ে রাখতে পারলেন না জো রুট। তার পরিবর্তে তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে নতুন অধিনায়কের দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

তামিমের টানা সেঞ্চুরির দিনে রেকর্ড গড়লেন বিজয়

প্রাইম ব্যাংকের ব্যাটিং অর্ডারের স্তম্ভে পরিণত হয়েছেন এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি মৌসুমের প্রায় ম্যাচেই ব্যাটে রান পেয়েছেন অভিজ্ঞ এ ব্যাটার।

বৃহস্পতিবার বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নেমে ৯৬ রানে আউট হয়েছেন এ ওপেনার। তবে তাতেই গড়েছেন আরও এক রেকর্ড।

সঙ্গে বিজয়ের সতীর্থ প্রাইম ব্যাংকের ওপেনার তামিম ইকবাল বেশ ছন্দে আছেন। গত ম্যাচের পর আজও সেঞ্চুরি করেছেন।

জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় ডিপিএলের লিগ পর্বের ম্যাচগুলো খেলতে পারেননি তামিম। সুপার লিগে দলের দ্বিতীয় ম্যাচ থেকে মাঠে নামেন এ বাঁহাতি ওপেনার। তবে নিজের প্রথম ম্যাচে থামেন মাত্র ৮ রান করে। এর পর ব্যাট হাতে রাজত্ব তামিমের।

শেখ জামালের বিপক্ষে সেঞ্চুরির পথে তামিম ছুটে আউট হন ৯০ রান করে। পরের ম্যাচে তুলে নেন শতক। অপরাজিত থাকেন ১০৯ রানে। আজ গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে টানা দ্বিতীয় শতক পেয়েছেন তামিম।

বিকেএসপির তিন নম্বর মাঠে তখন ৩০তম ওভারের খেলা চলছিল। প্রতিপক্ষ দলের বোলার আরাফাত সানির বলে প্রান্ত বদলে তামিম পেয়ে যান শতক। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের এটি বাঁহাতি ওপেনাতের ২১তম শতকটি এসেছে ১২২ বলে ৯টি চার ও ৩টি ছক্কায়। পরে অবশ্য তামিমের ইনিংস থামে ১৩৭ রানে। ১৩২ বলে ১৩টি চার ও ৬টি ছয় আসে তামিমের ব্যাট থেকে।

এদিকে ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বিজয়। লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর সাইফ হাসানের ৮১৪ রানের রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ রানের মালিক বনে গেছেন আগেই। এর পর এক মৌসুমে ছুঁয়েছেন এক হাজার রানের গণ্ডি, যা বাংলাদেশ তো বটেই, বিশ্বের কোনো ব্যাটসম্যানের এক মৌসুমে চার অঙ্কের রান ছোঁয়ার রেকর্ড নেই।

সেই বিজয় আজ ফিরেছেন ৯৬ রানে। তবু রেকর্ড বইতে নাম তুলেছেন তিনি। ডিপিএলের এক আসরে সবচেয়ে বেশি অর্থাৎ ৯টি হাফ-সেঞ্চুরির রেকর্ড এখন বিজয়ের। এর আগে ৮টা করে ছিল নাঈম ইসলাম (২০১৪-১৫) আর রকিবুল হাসানের (১৮-১৯ মৌসুমে)।

আইস ও ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের টেকনাফে নাফ নদে অভিযান চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

বুধবার মধ্যরাতে টেকনাফের জালিয়ারদ্বীপে অভিযান চালান টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি সদস্যরা। এ সময় টেকনাফ রোহিঙ্গা শিবিরে বসবাসকারী মো. সিরাজুল ইসলাম (২৮) ও সৈয়দ সালাম (৩৮) নামে দুই মিয়ানমার নাগরিককে আটক করা হয়।

উদ্ধার হওয়া মাদকের মূল্য অন্তত ৬ কোটি ৪০ লাখ ৩৫ হাজার টাকা বলে নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে লে. কর্নেল ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে রাত ১টার দিকে একজন ব্যক্তিকে জালিয়ারদ্বীপের পার্শ্বে নাফ নদে কৌশলে কাঠের নৌকায় করে জাল দিয়ে মাছ শিকারে দেখতে পায়।

এ সময় মিয়ানমার থেকে একজন চোরাকারবারি সাঁতরিয়ে নাফ নদ পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ারদ্বীপে মাছ শিকাররত ওই জেলের কাছে এসে একটি বস্তা হস্তান্তর করেন। আগে থেকেই অবস্থানে থাকা বিজিবি টহল দল তাৎক্ষণিক স্পিডবোটের সাহায্যে ঘেরাও করে উভয়কে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে একটি বস্তা জব্দ করা হয়। পরে বস্তার ভেতর থেকে এক কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস ও ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া আটক ব্যক্তিদের কাছ থেকে ১টি কাঠের নৌকা, ১টি মোবাইল ফোন এবং মাছ ধরার জাল জব্দ করা হয়।

দৌলতদিয়ায় ফেরির নাগাল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

ঈদের ছুটি শুরু না হলেও রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকে। ভোগান্তি এড়াতে আগেই কর্মজীবীরা তাদের পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দিচ্ছেন। তবে ঘাটে ২-৩ ঘণ্টা অপেক্ষা করে পেতে হচ্ছে ফেরির নাগাল।

এ কারণে বৃহস্পতিবার সকাল থেকে যাত্রী ও ব্যক্তিগত যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে।

বৃহস্পতিবার সকালে দৌলতদিয়াঘাট ঘুরে দেখা যায়, সকাল থেকেই রাজধানী থেকে আসা ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। বড় গাড়ির তুলনায় ব্যক্তিগত ছোট গাড়ি,প্রাইভেটকার ও মাইক্রোবাসের চাপ ছিল বেশি।

এদিকে দৌলতদিয়া ফেরিঘাটে নদী পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। যাত্রীবাহী বাসগুলোকে ২-৩ ঘণ্টা অপেক্ষা করে পেতে হচ্ছে ফেরির নাগাল।

দৌলতদিয়ার ৭নং ঘাট দিয়ে প্রাইভেটকারে পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন মধুখালীর গার্মেন্টস ব্যবসায়ী রফিকুল ইসলাম।

তিনি বলেন, ঈদের দুদিন আগে তো ব্যাপক চাপ পড়বে। সে জন্য আগেই হয়রানি থেকে মুক্তি পেতে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছি।

৫নং ফেরিঘাটে কথা হয় গাজীপুর থেকে আসা যশোরের শারমিন আক্তারের সঙ্গে। তিনি বলেন, আমার স্বামী একটি কারখানায় চাকরি করেন। ঈদের ছুটি পেতে আরও দুদিন লাগবে। সে জন্য আমি আমার দুই সন্তানকে নিয়ে ভিড় শুরুর আগেই বাড়ি যাচ্ছি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে। অনেক পরিবারই আজ থেকেই বাড়ি ফিরতে শুরু করেছে। যাত্রীবাহী বাসের চেয়ে ছোট গাড়ির চাপ বেশি। তবে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা নদী পার হতে পারছেন। বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট-বড় ২০টি ফেরি চলাচল করছে।

কাকে ‘যুদ্ধ শয়তান’ বললেন জাতিসংঘ মহাসচিব

রাশিয়া সফরের পর আজ ইউক্রেনে গেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের কিছু স্থান পরিদর্শন করেছেন তিনি।

কিয়েভের উত্তরাঞ্চলীয় বোরোদিয়াঙ্কায় গোলা ও বিমান হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন গুতেরেস।

এ সময় গুতেরেস বলেন, ‘আমি যখন বিধ্বস্ত ভবন দেখছি, সেই বিধ্বস্ত বাড়িতে আমি আমার পরিবারকে কল্পনা করলাম, সব অন্ধকার। আমি দেখছি, আমার নাতি-নাতনিরা আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে।’

এ সময় তিনি আরও বলেন, ‘২১ শতকে এসেও এমন যুদ্ধ অযৌক্তিক। যুদ্ধ খারাপ (শয়তান), যখন আপনি এ অবস্থা দেখবেন; আমাদের হৃদয় তাদের সঙ্গে আছে। তাদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা।’

সূত্র: বিবিসি

জম্মু-কাশ্মিরে এক স্কুলে হিজাব নিষিদ্ধ

হিজাব ইস্যুতে আবারও উত্তপ্ত ভারত। জম্মু-কাশ্মিরে শিক্ষিকারা হিজাব পরতে পারবেন না— এমন নির্দেশনা জারি করা হয়েছে একটি স্কুলে। সেটি ঘিরেই উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজনীতিতেও। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

জানা গেছে, এ নির্দেশিকা জারি করেছে ‘ডাগর পরিবার’ নামের একটি স্কুল। পুনের একটি এনজিও এবং ভারতীয় সেনাবাহিনী বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য স্কুলটি পরিচালনা করে। সেই স্কুল কর্তৃপক্ষই শিক্ষিকাদের উদ্দেশে নতুন নির্দেশনা জারি করেছে। যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, স্কুলের মধ্যে শিক্ষিকারা হিজাব পরতে পারবেন না।

স্কুল কর্তৃপক্ষের দাবি, শিশুদের মনের মধ্যে যাতে ভয়ের সঞ্চার না হয়, তারা যাতে কোনো সংশয়ে না থাকে এবং অনেক বেশি নিরাপদ অনুভব করে, সে জন্যই এ নির্দেশনা দেওয়া হয়েছে। এর সমালোচনা করেছেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং উমর আবদুল্লা।

সোমবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবার ও স্কুল হলো আবেগ ও নৈতিকভাবে শেখার এবং বেড়ে ওঠার জায়গা। স্কুলের কর্মী হিসাবে, মূল উদ্দেশ্য হলো প্রতিটি শিক্ষার্থীর পূর্ণ সম্ভাব্য বিকাশের ব্যবস্থা করা। একই জন্য, শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বাস স্থাপন করতে হবে এবং তাদের স্বাগত, নিরাপদ এবং সুখী বোধ করতে হবে।