রবিবার ,১৭ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 245

ছাত্রদল নেতা সাইফুলকে অবিলম্বে জনসমক্ষে হাজির করুন: মির্জা ফখরুল

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফকে অবিলম্বে জনসমক্ষে হাজির করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণকারী চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ সোমবার চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে যান। সেখান থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাকে তুলে নিয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, সবার নিকট দৃশ্যমান যে, সাইফুল ইসলাম সাইফকে পাঁচলাইশ থানা পুলিশ তুলে নিয়ে যায়। সে পুলিশের নিকটই আছে। তাকে এভাবে নিখোঁজ করে রাখায় দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও তার পরিবার গভীরভাবে উদ্বিগ্ন। অবিলম্বে সাইফুল ইসলামকে জনসমক্ষে হাজির করার দাবি জানান বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, এই ঘটনা আতঙ্কজনক। এভাবে আটক ও গুম করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সঙ্কেত। এর আগেও তাকে হত্যার উদ্দেশ্যে পুলিশ উঠিয়ে নিয়ে গিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে দুই রাউন্ড গুলি করে। তাতে সাইফুল ইসলাম চিরতরে পঙ্গু হয়ে যায়। আবারো তাকে একই কায়দায় আটক এবং তার কোন সন্ধান না পাওয়া গভীর উদ্বেগজনক।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী দুঃশাসন টিকিয়ে রাখতে সরকার বিরোধী দল ও মতকে দমনে এখন আরও হিংস্র রুপ ধারণ করেছে। স্বৈরাচারী সরকারের ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে দেশের মানুষ সর্বদা পিষ্ট হচ্ছে। অজানা আতংক আর ভয়াল পরিবেশ মানুষের স্বাভাবিক জীবন-যাপনকে করে তুলেছে বিপর্যস্ত।

এদিকে সাইফুল ইসলাম সাইফের সন্ধান ও জনসম্মুখে হাজিরের দাবি জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, দেশপ্রেমে উদ্ভুদ্ধ ছাত্রদলের আদর্শিক রাজনীতির প্রতি সরকার ও তার পেটোয়া বাহিনীর এলার্জি দিন দিন বেড়েই চলেছে। যে সাইফুলকে তারা গত কিছু দিন আগে গুলি করে পঙ্গু বানিয়েছে তাকে এখন আবারো গুম করে চিরতরে গায়েব করে দেওয়ার পায়তারায় লিপ্ত হয়েছে।

ছাত্রদলের দুই শীর্ষ নেতা অচিরেই সাইফুল ইসলামকে জনসম্মুখে হাজির করে গুমের অপচেষ্টা থেকে সরে আসার দাবি জানান। তারা বলেন, অন্যথায় এই চরম বর্বর ও রাষ্ট্র বিরোধী ঘৃণিত অপতৎপরতার বিরুদ্ধে দেশের ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন দানাবাঁধলে ও কোন অপ্রীতিকর কিছু ঘটলে এর পুরোপুরি দায়ভার সরকারকেই নিতে হবে।

অর্থ পাচারকারীদের খেলাপি ঋণ পুনঃতফসিল, খতিয়ে দেখার নির্দেশ আদালতের

অর্থ পাচারকারীদের খেলাপি ঋণ পুনঃতফসিলের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দেওয়া সুবিধা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) খতিয়ে দেখতে বলেছেন আদালত। মঙ্গলবার (২৮ জুন) একটি জাতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে এলে স্বপ্রনোদিত হয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ বিষয়টি খতিয়ে দেখতে বলেন।

মঙ্গলবার দুদক আইনজীবীকে উদ্দেশ্য করে আদালত বলেন, আমরা এখনই কোনো আদেশ দিচ্ছি না। তবে এটি আইনের লঙ্ঘন কি না আপনারা খতিয়ে দেখেন।

তখন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আমি রিপোর্টটি পড়েছি। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত মানিলন্ডারিংকে উৎসাহিত করবে।

১ জুলাই থেকে পোস্তগোলা ব্রিজে টোল দিতে হবে না

আগামী ১ জুলাই থেকে পোস্তগোলা ব্রিজে কোনো যানবাহনের টোল নেওয়া হবে না বলে হাইকোর্টকে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

তিনি বলেন, বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত প্রতিবেদন এফিডেভিট আকারে দাখিল করা হবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান বলেন, টেন্ডারের মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও পোস্তগোলা ব্রিজ থেকে টোল আদায় করা হচ্ছিল। এ কারণে রাষ্ট্রপক্ষ থেকে টোল আদায় বন্ধে হাইকোর্টে আবেদন করা হয়।

এর পরিপ্রেক্ষিতে সড়ক ও জনপথ বিভাগ থেকে জানিয়েছে ১ জুলাই থেকে পোস্তগোলা ব্রিজের জন্য আলাদা করে টোল দিতে হবে না। শুধু এক্সপ্রেস হাইওয়ের জন্য টোল দিতে হবে।

এদিকে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে আগামী ১ জুলাই থেকে টোল আদায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নিউইয়র্কের ‘নিরাপদ স্কুল’ সংক্রান্ত নতুন আইন

নিউইয়র্কের স্কুলগুলোকে নিরাপদ করার আশায় একটি বিল পাশ হয়েছে। সাম্প্রতি গণগুলিবর্ষণের ঘটনায় উদ্বিগ্ন হয়ে নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা এ সিদ্ধান্ত নেন। সৌভাগ্যবশত রাজ্যজুড়ে ছাত্র, শিক্ষক এবং বাসিন্দাদের নিরাপদ রাখার কাজ চলছে। অ্যালিসার আইন জরুরি পরিস্থিতিতে আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ সহজ করে তুলবে।

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির তথ্য অনুসারে, এই নতুন আইন অনুযায়ী প্রতিটি স্কুলকে অন্তত একটি করে ‘প্যানিক বোতাম’ ইনস্টল করার বিষয় বিবেচনা করতে হবে। এই বোতামটি স্কুলকে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সাথে তাৎক্ষণিকভাবে সরাসরি যোগাযোগ করতে সহায়তা করবে। জরুরি পরিস্থিতিতে সরাসরি সাহায্য পেতে এটি একটি দ্রুত এবং সহজ উপায় হবে। এটি স্কুল থেকে প্রথম সাড়াদানকারীদের সহজে যোগাযোগের সুযোগ করে দেবে। নিউইয়র্ক এই বিলে স্বাক্ষর করেলে এটি হবে তৃতীয় রাজ্য। অ্যালিসার আইন ২০১৯ সালে নিউজার্সিতে প্রথম পাশ হয়। এরপর ২০২০ সালে ফ্লোরিডা এই বিলটি পাশ করে। এটি জরুরি চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন শিক্ষার্থীদেরও সাহায্য করতে পারে।

টেক্সাসের উভালদে স্কুলে গণগুলিবর্ষণের ঘটনা সাম্প্রতিক দুঃখজনক ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটি। ওই ঘটনার সমসাময়িক কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে বেশ কয়েকটি হৃদয়বিদারক গণগুলিবর্ষণের ঘটনা ঘটে। এরপর দেশব্যাপী অভিভাবকদের মধ্যে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে। এসব ঘটনার পর অভিভাবকদের উদ্বেগ ও উৎকণ্ঠা হ্রাস করতে নিউইয়র্কের আইনপ্রণেতারা নতুন আইনের উদ্যোগ নিলেন।

চরমপন্থা ঠেকাতে বাংলাদেশে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছে ফেসবুক

বাংলাদেশে সন্ত্রাসী কনটেন্ট শনাক্তে ফেসবুকে একদল বাংলাদেশি বিশেষজ্ঞ কাজ করছেন বলে জানিয়েছেন এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মেটার কাউন্টার টেররিজম অ্যান্ড ডেঞ্জারাস অর্গানাইজেশন বিভাগের প্রধান নওয়াব ওসমান।

তিনি বলেছেন, মেটার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোনো সন্ত্রাসী কার্যক্রম সমর্থন করা হয় না। এ ধরনের কাজের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি বা সংগঠনকে ফেসবুকে অ্যাকাউন্ট বা পেজ খুলতে দেওয়া হয় না। শুধু তা–ই নয়, ঘৃণ্য বক্তব্য বা সহিংসতা ছড়ায়—এমন পোস্টও দ্রুত সরিয়ে ফেলা হয়। যেকোনো ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে আক্রমণাত্মক বা অবমাননাকর পোস্ট দিলেও সেগুলো মুছে ফেলা হয়। বাংলাদেশে সন্ত্রাসী কনটেন্ট শনাক্তে একদল বাংলাদেশি বিশেষজ্ঞ কাজ করছেন ফেসবুকে।

সোমবার ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা আয়োজিত ‘ফাইটিং টেররিজম অ্যান্ড অর্গানাইজড হেট অ্যান্ড মেটাস অ্যাপ্রোচ’ শীর্ষক এক ওয়েবিনারে এসব তথ্য জানানো হয়।

ভার্চুয়াল ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি সাম্প্রদায়িক হামলার ঘটনায় ফেসবুকের ভূমিকা নিয়ে সংবাদকর্মীদের প্রশ্নের মুখে পড়েন ওসমান। এ ক্ষেত্রে ফেসবুক বিদ্বেষমূলক বক্তব্য ও ঘৃণা প্রচারের সুযোগ করে দিচ্ছে কি না, এমন প্রশ্নও উঠেছে প্ল্যাটফর্মটিকে ঘিরে।

এ বিষয়ে নওয়াব ওসমান বলেন, বাংলাদেশ নিয়ে কাজ করার জন্য মেটার একাধিক দল কাজ করছে। এসব কর্মী স্থানীয় বাজার ও ভাষা বিশেষজ্ঞ। তারা সবাই বাংলাদেশি। এ ছাড়া আমাদের প্রযুক্তি আছে। আমাদের অ্যালগরিদম অনেক পোস্ট ধরতে পারে। বিতর্কিত পোস্ট বিষয়ে ব্যবহারকারীরাও রিপোর্ট করতে পারেন। বাংলাদেশের সাংবাদিকসহ বিভিন্ন ব্যবহারকারীর রিপোর্ট বিবেচনা করা হয়।

বাজার বিশ্লেষক সংস্থা স্ট্যাটিস্টার হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় সাড়ে চার কোটি ব্যবহারকারী রয়েছে ফেসবুকের।

মেটার পক্ষ থেকে জানানো হয়, তাদের নিরাপত্তা ও সুরক্ষা টিমে ৩৫ হাজার মানুষ কাজ করেন। তাদের ১৫ হাজার কনটেন্ট রিভিউয়ার আছেন।

হাসি যেন থেমে না যায়

আমি পদ্মা ঘাটের দিনমজুরের কথা ভাবছি,
আমি পদ্মার ফেরির কথা বলছি।
পুরনো ফেরিগুলো আগের মতো চলবে না,
ফেরিওয়ালা আগের মতো ফেরি পথে ঘুরবে না।
লঞ্চের ভরাডুবির দৃশ্য আর দেখা যাবে না,
পদ্মার বুক চিরে ভডভড শব্দে লঞ্চ চলবে না।
ইলিশ মাছের পাতলা ঝোলে
এক থালা ভাত আর খাওয়া হবে না।
বাউলিয়ার একতারা সুর বাজবে না,
আবেগী সুরে কেউ বলবে না
লাগবে ঝাল মুড়ি!
হয়তবা পদ্মার মাছ, রকমারি পণ্য, হারিয়ে যাবে।
হাজারও মানুষের মন কিছুক্ষণের জন্য ভেঙে যাবে।
তারপরও কোটি কোটি মানুষের মুখে ফুটবে হাসি,
দক্ষিণ-পশ্চিমে সূর্য ঠিক আগের মতোই উঠবে।
দিন শেষে সন্ধা নেমে সবকিছু মলিন হবে,
খুশির মেলায় ভেসে যাবে সব আবেগ।
এমন একটি সময়
হাসি যদি না আসে ভাই
আগের মতো করে
কি করে হাসবে তারা?
বল না আমারে।
এরা হেসেছিলো বহু আগে
মনের মতো করে,
সে হাসি ফাঁকি দিয়ে
চলে গেছে সরে।
ভুলে গেছে হাসতে তারা
হাসবে কেমন করে?
যা কিছু ছিল ভালো
সব গেছে আজ সরে,
হাসি এখন আসে না আর
আগের মতো করে।
মনে বড় কষ্ট তাদের
বোঝাবে কি করে।
হাসিতো যে মানুষগুলো পদ্মা নদীর ধারে,
ধরিয়া রাখিও তাদের হাসিটুকু,
যেন তারা অকালে ঝরে না পড়ে!
পদ্মার পাড়ে বাস করছে যারা
ভালো কি আছে তারা?
জানতে মন চায়!
কি লাভ হবে জেনে?
বিবেকে তা কয়।
বাস্তবতা, সবকিছু ভুলিয়ে বিলিয়ে দেবে নিজেকে,
হয়তবা এসব কথা কেউ মনে রাখবে না,
হয়তবা বাকি সব হবে ইতিহাস।
আশায় আশায় তবু এই আমি থাকি
যদি আসে কোনোদিন
সেই মেহনতি মানুষের মুখে হাসি!

যেসব কারণে পেপটিক আলসার হয়, চিকিৎসা

প্রত্যেকটি মানুষেরই গ্যাস্ট্রিক সমস্যা রয়েছে। কারো কারো আলসারও হয়। সাধারণ লোকজন গ্যাস্ট্রিক বা আলসার বলতে যা বুঝিয়ে থাকেন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে পেপটিক আলসার বলা হয়।

পেপটিক আলসার হওয়ার কারণ নিয়ে বিস্তারিত জানিয়েছেন বৃহদান্ত্র ও পায়ুপথ সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একেএম ফজলুল হক।

* বংশগত : নিকটতম আত্মীয়-স্বজন এ রোগে ভুগে থাকলে তাদের পেপটিক আলসার হবার ঝুঁকি বেশি থাকে। রক্তের গ্রুপ ‘ও’ তাদের মধ্যে এ রোগের প্রবণতা বেশি।

* রোগ-জীবাণু : হেলিকোবেক্টার পাইলোরি নামক এক প্রকার অনুজীব এ রোগের জন্য বহুলাংশে দায়ী।

* ওষুধ : ব্যথানাশক ও স্টেরয়েড জাতীয় ওষুধ বিশেষভাবে উল্লেখযোগ্য।

* ধূমপান : ধূমপায়ীদের মধ্যে এ রোগের প্রবণতা বেশি।

সাধারণত যে কথাটা প্রচলিত ভাজা-পোড়া কিংবা ঝাল জাতীয় খাবার খেলে পেপটিক আলসার হয় এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ চিকিৎসা বিজ্ঞানে মেলেনি। যারা নিয়মিত আহার গ্রহণ করেন না কিংবা দীর্ঘ সময় উপোস থাকেন তাদের মধ্যে পেপটিক আলসার দেখা দিতে পারে।

চিকিৎসা

শৃঙ্খলা : পেপটিক আলসারে আক্রান্ত রোগীদের অবশ্যই ধূমপান বন্ধ করতে হবে। ব্যথানাশক ওষুধ ও এসপিরিন জাতীয় ওষুধ সেবন থেকে যথা সম্ভব বিরত থাকতে হবে এবং নিয়মিত খাবার গ্রহণ করতে হবে।

ঔষধ : পেপটিক আলসারের রোগীরা সাধারণত এন্টাসিড, রেনিটিডিন, ফেমোটিডিন, ওমিপ্রাজল, লেনসো প্রাজল, পেনটো প্রাজল জাতীয় ওষুধ সেবনে উপকৃত হন।

কারণভিত্তিক চিকিৎসা : জীবাণু জনিত কারণে যদি এ রোগ হয়ে থাকে তবে বিভিন্ন ওষুধের সমন্বয়ে চিকিৎসা দেয়া হয়।

সুকেশের সঙ্গে ঘনিষ্ঠতা, ফের জেরার মুখে জ্যাকুলিন

আর্থিক দুর্নীতির মামলায় সোমবার ফের বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে বিতর্ক পিছু ছাড়ছে না অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। ২১৫ কোটির আর্থিক দুর্নীতির মামলায় ফের একবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার মুখে পড়লেন এ বলিউড সুন্দরী। আপাতত জেলে আছেন সুকেশ চন্দ্রশেখর। এই মামলায় ইডির নজরে ছিলেন জ্যাকুলিনও, সুকেশের সঙ্গে প্রেম সম্পর্কে ছিলেন অভিনেত্রী— এমন তথ্যই উঠে এসেছে সংবাদমাধ্যমে।

তবে এই নিয়ে কোনো মন্তব্য করেননি জ্যাকুলিন।

সোমবার দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দেন জ্যাকুলিন। কেন্দ্রীয় সংস্থার তরফে সমন পাঠানো হয়েছিল নায়িকাকে। প্রিভেনসন অব মানিলন্ডারিং অ্যাক্টের আওতায় গত এপ্রিলে অভিনেত্রীর ৭.২৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি।

দিল্লি পুলিশের ইকোনমিক উইংসের তরফে দায়ের এফআইআরের ভিত্তিতে আপাতত এ মামলার তদন্ত করছে ইডি। সরকারি আধিকারিক সেজে একাধিক ব্যক্তির থেকে টাকা হাতিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এ মামলায় ইডির হাতে গ্রেফতার হন সুকেশ এবং তার স্ত্রী লীনা মারিয়া পল।

গ্রেফতারের পর সুকেশের সঙ্গে জ্যাকুলিনের ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আসে। তদন্তকারীদের সুকেশ জানান, অভিনেত্রীকে ৫.৭১ কোটি টাকার উপহার দিয়েছে সে। বেআইনিভাবে অর্জিত টাকা থেকেই জ্যাকুলিনকে ওই দামি দামি উপহার দিয়েছেন সুকেশ। অভিনেত্রীর পরিবারের লোকজনকেও কোটি কোটি টাকা দিয়েছেন তিনি। জ্যাকুলিনের সঙ্গে সম্পর্কে থাকার কথা নিজের মুখে জানিয়েছে সুকেশ।

সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের একাধিক ছবি ফাঁস হওয়া নিয়ে জ্যাকুলিন একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট লেখেন। সেখানে নায়িকা জানান— ‘আমি এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তবে পরিবার ও অনুরাগীদের সহায়তায় এই পরিস্থিতি আমি কাটিয়ে উঠব’। সুকেশের সঙ্গে তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে না দেওয়ার অনুরোধ জানান নায়িকা।

ঢাকায় আসার জন্য উদগ্রীব শিল্পা শেঠি

বলিউড সেনসেশন শিল্পী শেঠি ঢাকায় আসছেন। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে তিনি বাংলাদেশ আসছেন।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে। মিরর ও ম্যাক্স শপারস আয়োজিত এবং বায়োজিন কসমেসিউটিক্যাল তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করছে।

আয়োজনের প্রথম দুই দিন আগামী ২৮ ও ২৯ জুলাই থাকছে ‘ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২’। ৩০ জুলাই অনুষ্ঠিত হবে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’।

দেশের বিভিন্ন শিল্প খাত থেকে নমিনেশনের মাধ্যমে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ দেওয়া হবে এই আয়োজনে। অনুষ্ঠানে থাকবে ফ্যাশন শো, গান, ড্যান্সসহ নানা আয়োজন।

জানা যায়, অনুষ্ঠানে অংশ নিতে ৩০ জুলাই দুপুরে ঢাকায় এসে পৌঁছানোর কথা শিল্পার। পরদিনই তিনি ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

এক ভিডিও বার্তায় ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করে এই অভিনেত্রী বলেন, ‘ঢাকার এ আয়োজনে যোগ দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি। আশা করছি, সবার সঙ্গে দেখা হবে। ’

এর আগে ২০১৬ সালে ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি। সে সময় ‘প্যাশন ফর ফ্যাশন’ নামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন তিনি। ৬ বছর পর বাংলাদেশে আসতে পেরে আনন্দিত শিল্পা।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রধান অতিথি হয়ে আসছি ঢাকায়। উদগ্রীব হয়ে আছি এই সফরের জন্য। কারণ, ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত আছেন। ’

শিল্পার পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীরা এই আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন মিররের প্রধান শাহজাহান ভূঁইয়া রাজু।

তাদের মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, তাহসান খান, মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মিম ও দীঘি প্রমুখ

বাংলাদেশ পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি ঘোষণা

বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের সময়সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

অক্টোবরে অস্ট্রেলিয়ায় হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বিশ্বকাপের প্রস্তুতির জন্য একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড। সেই সিরিজ খেলতে বাংলাদেশ এবং পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছিল দেশটি।

বাংলাদেশ আগেই সিরিজ খেলতে নিজেদের সম্মতি দিয়েছিল, তবে পাকিস্তান সেপ্টেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের সূচি নিশ্চিত হওয়ার অপেক্ষায় ছিল। সেটি হয়ে যাওয়ার পরই গত ২৬ জুন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান রমিজ রাজা ত্রিদেশীয় সিরিজে দেশটির অংশগ্রহণ নিশ্চিত করেন।

ত্রিদেশীয় সিরিজের সব পক্ষের সম্মতি পাওয়ার পর এবার সিরিজের সূচি ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজের ফরম্যাট হবে ডাবল হেডার, তথা প্রথম পর্বে তিন দেশই একে অন্যের বিপক্ষে দুবার করে খেলবে। এর পর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুদল মুখোমুখি হবে ফাইনালে।

৮ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৯টায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১০ অক্টোবর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন টাইগাররা। এর পর ১৩ ও ১৪ অক্টোবর যথাক্রমে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাইনাল হবে ১৫ অক্টোবর। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।

ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি

বাংলাদেশ-পাকিস্তান (৮ অক্টোবর, সকাল ৯টা)

নিউজিল্যান্ড-পাকিস্তান (৯ অক্টোবর, দুপুর ১টা)

নিউজিল্যান্ড-বাংলাদেশ (১০ অক্টোবর, দুপুর ১টা)

নিউজিল্যান্ড-পাকিস্তান (১২ অক্টোবর, সকাল ৯টা)

নিউজিল্যান্ড-বাংলাদেশ (১৩ অক্টোবর, সকাল ৯টা)

বাংলাদেশ-পাকিস্তান (১৪ অক্টোবর, সকাল ৯টা)

ফাইনাল (১৫ অক্টোবর, সকাল ৯টা)

* বাংলাদেশ সময় অনুযায়ী