কিংবদন্তি কথাসাহিত্যিক, বাংলা চলচ্চিত্র, টেলিভিশন নাটকের নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মদিন ১৩ নভেম্বর পালিত হলো। এই কিংবদন্তির জন্মদিন উপলক্ষে উৎসব মুখর পরিবেশে চ্যানেল আই প্রাঙ্গণের চেতনা চত্বরে প্রতি বারের মতো এবারও অনুষ্ঠিত হলো ঐক্যডটকমডটবিডি ‘হুমায়ূন মেলা’। পাওয়ার্ড বাই নতুন ধারা ইন অ্যাসোসিয়েশন উইথ মেট্রোসেম। ওইদিন ১১.০৫ মিনিটে শুরু হয় ‘চ্যানেল আই হুমায়ূন মেলা’। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ বক্তব্য রাখেন হুমায়ূন আহমেদের বন্ধু, স্বজনসহ গুণীজনরা। এ সময় স্বাগত বক্তব্যে ফরিদুর রেজা সাগর বলেন, ‘আজকের দিনে, হুমায়ূন আহমেদের জন্মদিনে তিনি কোথায় আছেন আমরা জানি না। তাকে শুভেচ্ছা জানিয়ে আমরা হুমায়ূন মেলা শুরু করছি। ঐক্য ডট কম ডট বিডি ‘হুমায়ূন মেলা’।’ এ প্রসঙ্গে অভিনেত্রী দিলারা জামান বলেন, ‘হুমায়ূন আহমেদ একটি তারার নাম, নক্ষত্রের নাম। যে মানুষটির জন্য আজকে আমি দিলারা জামান। আমার জনপ্রিয়তা, আমার অর্জন, তার পেছনে এই মানুষটি। তাকে স্যালুট জানাই।’
অন্যপ্রকাশের প্রকাশক ও প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, ‘চ্যানেল আইয়ের সাথে হুমায়ূন আহমেদের ছিল আত্মিক সম্পর্ক। তিনি সবসময় বলতেন আমরা একই পরিবারের মানুষ।’
ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীনা আক্তার রেনি জানান, ‘হুমায়ুন আহমেদের লেখা, উপন্যাস, গান, সুর সবই আছে। শুধু উনি নেই। তার পরেও উনি আমাদের মাঝে বিচরণ করছেন। তাঁকে জানাই শুভ জন্মদিন। হুমায়ূন আহমেদ আমাদের প্রাণে চিরজীবন থাকবেন।’
নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘শরৎচন্দ্রের পর বাঙালি মধ্যবিত্তের পাঠাভ্যাস চলে গিয়েছিল। সত্তর এবং আশির দশকে হুমায়ূন আহমেদ এই দায়িত্ব তুলে নিলেন। শুধু তুলে নিলেন বললে ভুল হবে। একেবারে বিপ্লব ঘটালেন। তার বই ছাড়া সেই সময়ে তরুণদের চলতোই না। তাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রকাশনা শিল্পের বড় উত্থান ঘটে।’
বক্তব্য শেষে বেলা সাড়ে ১১টায় হলুদ বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করা হয় হুমায়ূন মেলার। মেলা প্রাঙ্গণে এসময়ে হলুদ পাঞ্জাবী আর নীল শাড়ি পরে উপস্থিত ছিলেন অসংখ্য হিমু ও রূপা। ঢাকের শব্দে জমে ওঠে মেলা প্রাঙ্গণ। বিভিন্ন অঙ্গনের হুমায়ূন ভক্ত ও বিশিষ্টজনরা উপস্থিত হয়েছেন হুমায়ূন মেলায়। জন্মদিন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে স্থাপিত বিশেষ উন্মুক্ত মঞ্চে চলে হুমায়ূন আহমেদের লেখা গান ও গানের তালে নাচ। গান করেছেন রফিকুল ইসলাম, সেলিম চৌধুরী, অনিমা রায় প্রমুখ। তার স্মরণে স্মৃতিকথা বলেন অনুষ্ঠানে আগত বিশিষ্টজনরা। আরো ছিল হুমায়ূন আহমেদের লেখা থেকে আবৃত্তি পরিবেশনা। হুমায়ূন স্মরণে চিত্রাঙ্কন করেছেন প্রবীন শিল্পী মনিরুজ্জামান, আবদুল মান্নানের সাথে বিভিন্ন বয়সী শিশুশিল্পীরা।
মেলাতে হুমায়ূন আহমেদের বই, তার নির্মিত চলচ্চিত্র ও নাটকের ভিডিও সিডিসহ বিভিন্ন ধরণের পণ্য ও সেবার পসরা দিয়ে সাজানো হয়েছে স্টলগুলো। ছিল ঐক্য ডট কম ডট বিডির স্টল।
মেলা পরিচালনা করছেন আমীরুল ইসলাম। উপস্থাপনায় ছিলেন অপু মাহফুজ, সাফি আহমেদ, দিলরুবা সাথী ও মনামী মেহনাজ। মেলা সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।
বিজনেস বাংলাদেশ / bh

ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম (আইডিটিপি) হিসেবে যাত্রা শুরু করল ‘বিনিময়’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রোববার (১৩ নভেম্বর) এটি উদ্বোধন করেন।
দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সোমবার (১৪ নভেম্বর) থেকে ‘বিনিময়’-এর মাধ্যমে লেনদেন করা যাবে।
‘বিনিময়’ ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম, যা একটি সেবা হিসেবে ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সিস্টেম অপারেটরের নিজস্ব অ্যাপে যুক্ত হচ্ছে। প্ল্যাটফর্মটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি (আইডিয়া) প্রকল্প এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। এটি তৈরিতে সহযোগী হিসেবে কাজ করেছে ভেলওয়্যার লিমিটেড, মাইক্রোসফট বাংলাদেশ ও ওরিয়ন ইনফরমেটিকস লিমিটেড। ‘বিনিময়’ প্লাটফর্মটি রক্ষণাবেক্ষণ করবে ভেলওয়্যার লিমিটেড।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক বছরগুলোতে সরকার সব ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং পেমেন্ট সিস্টেম প্রোভাইডারদের সব অ্যাকাউন্ট ইন্টারঅপারেবল করার উদ্যোগ নিয়েছে। এটি গ্রাহক, ব্যবসায়ী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), ই-ওয়ালেট, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট সিস্টেম অপারেটর, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের সেতু বন্ধন হিসেবে কাজ করবে। ‘বিনিময়’ সব ধরনের আর্থিক লেনদেনকে সাশ্রয়ী, সহজ এবং স্বচ্ছ করে তুলবে, যার মধ্যে রয়েছে কর্মচারীদের বেতন প্রদান, রেমিট্যান্স পাঠানো, ট্যাক্স/ভ্যাট প্রদান, ইউটিলিটি বিল পরিশোধ এবং ই-কমার্স লেনদেন।
বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) এক প্রজ্ঞাপনে আইডিটিপি’র খরচ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। যেখানে উল্লেখ করা হয়েছে, বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে (প্রতি হাজারে) খরচ হবে ৫ টাকা। আর এমএফএস সেবা (বিকাশ, রকেট ইত্যাদি) থেকে ব্যাংকে টাকা পাঠাতে (প্রতি হাজারে) খরচ হবে ১০ টাকা। অপরদিকে এমএফএস থেকে পেমেন্টে সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) অ্যাকাউন্টে টাকা পাঠাতে খরচ হবে হাজারে ৫ টাকা।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
হজযাত্রীর ইমিগ্রেশন ও লাগেজ তল্লাশির কাজ ঢাকায় সম্পন্ন হবে।সৌদি আরবের সঙ্গে চুক্তি সই হয়েছে । একই সঙ্গে দু-দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে একটি চুক্তি সই হয়েছে।
বাংলাদেশ সফররত সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ চুক্তি হয়। রোববার (১৩ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক হয়। বাংলাদেশের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৈঠক শেষে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, ‘আলোচনার পর আমরা দুটি এমওইউ সই করেছি। একটি হলো নিরাপত্তা সহযোগিতা চুক্তি, আরেকটি হলো রুট-টু-মক্কা সার্ভিস এগ্রিমেন্ট।’
তিনি বলেন, ‘প্রথমটিতে দু-দেশের নিরাপত্তা আরও কীভাবে উন্নতি করা যায়, সেই বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় এর মধ্যে রয়েছে। রুট-টু-মক্কার মধ্যে রয়েছে, আমাদের হজযাত্রীদের আরও কীভাবে সহযোগিতা দেওয়া যায়। এখান থেকে ইমিগ্রেশন ও সবকিছু ঠিকঠাক করে করে তারা উড়োজাহাজে উঠে যাবে। এ সুবিধাগুলো আগে পরীক্ষামূলকভাবে ছিল।’
বিজনেস বাংলাদেশ/ হাবিব
‘সীমান্ত সম্মেলনে’ যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)’র ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল তিন দিনের সফরে ভারতে গেছেন। রবিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টার দিকে বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে দলটি ভারতের কলকাতা গেলেন।
বিজিবির ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ এহসান। সাথে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সেক্রেটারি নুসরাত জাহান সহ ১৪ জন কর্মকর্তা। এর মধ্যে ৪ জন স্পেসাল প্রতিনিধি ও রয়েছেন।

প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্স ল্যান্ডে পৌঁছলে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কোলকাতা সেক্টর কমান্ডার রাজেস কুমার ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান।পরে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে বিজিবি প্রতিনিধি দলকে গার্ড অফ অনার প্রদান করেন।
কলকাতায় বিজিবি-বিএসএফের সীমান্ত সমন্বয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইজিপি অতুল ফুলজেলে।বিজিবি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারতের কলকাতায় ১৩ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। ১৬ নভেম্বর আলোচনা শেষে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে দেশে ফিরে আসবেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে সম্মেলনে আলোচনা হবে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব