চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩ সমাবর্তন। দীর্ঘ ৬-৭ বছরের শিক্ষাজীবনের ইতি ঘটছে আজ। আর হবে না ক্যাম্পাসজুড়ে পায়চারি, ক্লাস শেষে আড্ডা, গান, কবিতা। মধুর ক্যান্টিনে চায়ের কাপে ঝড় তোলা কিংবা টিএসসিতে কাটানো মুহূর্তগুলোও আর ফিরবে না।
স্নাতক সম্পন্ন করার ফলে একদিকে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ বিরাজ করছে, সেইসঙ্গে বাজছে বিদায়ের করুণ সুরও। এই ক্যাম্পাস, বন্ধুবান্ধব, পরিচিতদের ছেড়ে যাওয়ার ব্যাকুলতা যেন প্রকাশ পাচ্ছিল চাহনিতেই।
শনিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে এসে স্মৃতিচারণ করেন শিক্ষার্থীরা। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাদিয়া জান্নাত বলেন, সময়টা যে কীভাবে চলে গেল, টের পেলাম না। ভালো-খারাপ সব স্মৃতি মিলিয়ে জীবনের একটা অংশ আজ শেষ হয়ে যাচ্ছে। ভালোও লাগছে, খারাপ লাগাও আছে। এতদিনের বন্ধুবান্ধব, পরিচিত মানুষগুলোকে ছেড়ে চলে যেতে হবে, সামনের জীবনে এগিয়ে যেতে হবে। ভালো কিছু যেন করতে পারি এটাই চাওয়া।
শিক্ষার্থী রাকিব মাহমুদ বলেন, বিদায় জানাতে হচ্ছে প্রিয় ক্যাম্পাসকে। তবে ইচ্ছে করছে আরও কিছুদিন থাকতে। এসব স্মৃতি, ভালোবাসা, হল জীবন সবমিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন একটা শ্রেষ্ঠ জার্নি ছিল আমার জন্য। অনেক কিছু শিখেছি, জেনেছি। সেগুলোকে অবলম্বন করে সামনের দিনে এগিয়ে যেতে চাই।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণ কেন্দ্র সাতকানিয়া উপজেলার কেরানীহাট স্টেশনে নির্মিত হতে যাচ্ছে অর্কিট হক স্কয়ার” নামে ১০তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন শপিং মল, সম্পুর্ণ সাব কবলায় দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে।
(১৮ নভেম্বর) শুক্রবার সকাল ১২টায় কেরানীহাটের বান্দরবান রাস্তার মাথায় দৃষ্টিনন্দন এ ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবুরেজা মোহাম্মদ নিজাম উদ্দীন নদভী।
বিশিষ্ট শিল্পপতি ও ল্যান্ড ওনার অ্যাসোসিয়েশন এর সভাপতি নেজাম উদ্দিনের সভাপতিত্বে ও উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ শান-এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি, নরসিংদী জেলার রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন সোহেল, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন, অর্কিড প্রোপ্রার্টিজ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু সাঈদ,প্রকল্প ব্যবস্থাপনা পরিচালক সাহাবউদ্দীন রাশেদ,প্রধান নির্বাহী ও সিইও ডাইরেক্টর ফিনান্স শেখ সালাহ উদ্দিন দিনার, প্রকল্প পরিচালক মো. ফোরকান, মো. জাহাঙ্গীর আলম সজিব, মিজানুর রহমান রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আবদুল মান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেরানীহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মিজবাহ উদ্দীন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
‘আগামী নির্বাচনেও আওয়ামী লীগ আবারও বিজয় লাভ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি । ইতিমধ্যে আওয়ামী লীগ জেলা ও উপজেলায় সম্মেলনের মধ্যে দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে ।
বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে উন্নয়নের যে জোঁয়ার বইছে। এমনকি, পদ্মা সেতু নির্মানে মানুষ যে সুযোগ-সুবিধা ভোগ করছে, মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করায়, তা দেখেই আওয়ামী লীগকে আবারো ভোট দিবে দেশের জনগণ। ‘
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় ২ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ‘আহ্মাদিয়া কামিল মাদ্রাসা’র ৪ তলা নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ সব কথা বলেন তিনি।
এসময় শাজাহান খান বলেন, ‘আগামী ১৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে বেশকিছু জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে। যেসব জেলা ও উপজেলায় সম্মেলন বাকি আছে, তা ১৪ ডিসেম্বরের আগে সমাপ্ত হবে। ‘
তিনি আরও বলেন, ‘সম্মেলনের প্রস্তুতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কমিটি গঠন করে দিয়েছেন। এই কমিটি সম্মেলনকে জাকজমকপূর্ণ করতে কাজ শুরু করেছে। এই সম্মেলনকে মহাসমাবেশে পরিনত করার জন্য আওয়ামী লীগ সার্বিক প্রস্তুতি নিয়েছে। ‘
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, চেম্বর অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র মাদারীপুরের সভাপতি হাফিজুর রহমান খান, মাদ্রাসাটির দাতা সদস্য এসএম আরাফাত হোসেনসহ অন্যরা। ‘
বিজনেস বাংলাদেশ/ হাবিব
সরকারবিরোধী বিক্ষোভকারীরা ইরানের ইসলামী বিপ্লবের নেতা ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে । সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে বাড়িটির একাংশে আগুন দিতে দেখা গেছে । তবে আঞ্চলিক কর্তৃপক্ষ এই দাবি অস্বীকার করেছে। খবর বিবিসির।
অ্যাক্টিভিস্টদের একটি নেটওয়ার্ক বলছে, এসব ভিডিও বৃহস্পতিবার সন্ধ্যার। খোমেনির বাড়িতে যে বিক্ষোভকারীরা আগুন দিয়েছে, একাধিক সংবাদ সংস্থাও সেটা নিশ্চিত করেছে।
খোমেইন কাউন্টি প্রেস অফিস দাবি করেছে, সেখানে কোনো হামলা হয়নি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম বলছে, ‘বাড়িটির বাইরে কয়েকজন মানুষ সমবেত হন। পরে বাড়ির একটি ভিডিও পোস্ট করেন। ইরানের মহান বিপ্লবের নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ খোমেনির বাড়ি জনসাধারণের জন্য উন্মুক্ত আছে।’
আয়াতুল্লাহ খোমেনির জন্ম ওই বাড়িতে বলে জানা যায়। বাড়িটি এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে খোমেনির জীবনের নানা স্মৃতি সংরক্ষিত আছে। ১৯৭৯ সালে ইরানে যে ইসলামী বিপ্লব হয়, তাতে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ খোমেনি। ওই বিপ্লবের মাধ্যমেই ইরানের তৎকালীন নেতা শাহ মোহাম্মদ রেজা পাহলাভি ক্ষমতাচ্যুত হন। রেজা পাহলাভি পশ্চিমপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন। বিপ্লবের মধ্য দিয়ে খোমেনি ইসলামী বিধানে রাষ্ট্র পরিচালনা শুরু করেন। ১৯৭৯ সালে তিনি ইরানের প্রথম সর্বোচ্চ নেতা হন। ১৯৮৯ সালে মৃত্যু পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর দিন প্রতি বছর ইরানে শোক দিবস পালিত হয়।
ইরানে নীতি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মাসা আমিনি নামে ২২ বছরের এক তরুণীর মৃত্যুর পর দুই মাস ধরে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি এবং তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব

পদে পদে বাধা, বাস, লঞ্চ বন্ধ। এ সবের তোয়াক্কা না করে বিকল্প যানবাহন ব্যবহার করে, ঝক্কিঝামেলা পেরিয়ে বিএনপির নেতাকর্মীরা সিলেটের গণসমাবেশে পৌঁছে গেছেন। যদিও পথে বাধা বিপত্তি পেরোতে হয়েছে বলে অভিযোগ অনেকের। গত তিন দিন ধরেই সমাবেশস্থলে আসতে থাকেন তাঁরা। আজ শুক্রবার সেখানে লোকে লোকারণ্য। এদিকে, রাত ১০টার দিকে ঢাকা থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা সেখানে পৌঁছাবেন বলে জানা গেছে।
সিলেট জেলায় আগামীকাল শনিবার ১২ ঘণ্টা এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ৩৬ ঘণ্টা বাস ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি। এ ছাড়া হবিগঞ্জে আজ শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে মোটর মালিক গ্রুপ।
এদিকে, এক দিন আগেই সমাবেশের আমেজ শুরু হয়েছে সিলেটে। শুক্রবার সূর্যাস্তের আগেই বিপুল নেতাকর্মীর শ্লোগানে মুখর ওই এলাকা। আগত নেতাকর্মীদের মধ্যে নারীরাও রয়েছেন।
বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীদের একের পর এক মিছিল ঢুকছে সমাবেশের মাঠে। ব্যানার-ফেস্টুনের পাশাপাশি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ স্থানীয় নেতাদের ছবি সম্বলিত প্লাকার্ড নিয়ে মিছিলে মিছিলে আসছেন তাঁরা। সব মিলিয়ে এক উৎসবের আমেজ বিরাজ করছে নগরীর চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে।
আগামীকাল শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান।
যেভাবে নেতাকর্মীরা পৌঁছান সিলেটে
বৃহস্পতিবার থেকে ছোট-বড় যান চলাচল বন্ধ হওয়ার আগেই বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সিলেট মহানগরীতে প্রবেশ করতে থাকে। এখানে আসতেও নেতাকর্মীদের পথে পথে নানা বাধা অতিক্রম করতে হয়েছে।
সমাবেশ মাঠে জুমার নামাজ আদায়
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের মাঠেই আজ দুপুরে জুমার নামাজ আদায় করেছেন সেখানে অবস্থান নেওয়া নেতাকর্মীরা। কেন্দ্রীয়, স্থানীয় ও সিলেটের বিভিন্ন জেলা-উপজেলার নেতারাও এ সময় উপস্থিত হয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে বিভাগীয় গণসমাবেশ সফল করতে দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেও দোয়া করা হয়।
সরেজমিনে দেখা যায়, নেতাকর্মী ও সাধারণ মানুষ পায়ে হেঁটে, সাইকেলে করেও গণসামবেশে যোগ দেওয়ার উদ্দেশে পৌঁছাচ্ছেন সমাবেশস্থলে।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর চট্টগ্রামে প্রথম গণসমাবেশ করে বিএনপি। এরপর ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায় গণসমাবেশ করে দলটি।
গত ২৯ অক্টোবর রংপুরে গণসমাবেশ করে দলটি। পরে ৫ নভেম্বর বরিশালে এরপর সবশেষ ১২ নভেম্বর ফরিদপুরে মহাগণসমাবেশ করে তারা।